Home Blog Page 2906

আমি আপনাদের দোয়ায় সুস্থ হয়ে ফিরে এসেছি : স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

0

করোনাভাইরাস (কভিড-১৯) জয় করে কাজে ফিরে সে অভিজ্ঞতার কথা জানালেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ । বৃহস্পতিবার ‘করোনা ট্রেসার বিডি’ নামে একটি অ্যাপের উদ্বোধনীতে অনলাইনে যুক্ত হয়ে তিনি নিজেই জানান, সেই করোনা জয়ের কথা। বলেন, ‘আমি কোভিড-১৯ আক্রান্ত রোগী ছিলাম। আমি আপনাদের দোয়ায় সুস্থ হয়ে ফিরে এসেছি।’

করোনায় আক্রান্ত হয়েছিলেন, জানিয়ে নিজেই বললেন, আমি কিন্তু রোগী ছিলাম। সাধারণত যারা সংক্রমিত হয় তাদের সবাইকে আমি রোগী বলি না, তারা কোভিড সংক্রমিত ব্যক্তি। কিন্তু আমি একজন রোগী ছিলাম এবং আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। একজন হাসপাতালে ভর্তি হওয়া কোভিড-১৯ আক্রান্ত রোগীর যে অভিজ্ঞতা হয় সেগুলোও আমি সঞ্চয় করেছি। মানুষকে ব্যক্তিগতভাবে সতর্ক হতে হবে। তবে এটা সত্য, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না কার কোভিড হবে আর কার হবে না।

স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতর থেকে এর আগে তাঁর অসুস্থতার বিষয়ে কিছু না বলা হলেও গুঞ্জন ছিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

গত ১২ মে সাময়িকভাবে দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে লেখা স্বাস্থ্য মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আমি নিম্নস্বাক্ষরকারী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, অসুস্থতাজনিত কারণে সাময়িক সময়ের জন্য অফিসে আসতে পারবো না। এই সাময়িক সময়ের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

তিন সপ্তাহ অসুস্থতার ছুটি কাটিয়ে সোমবার কাজে যোগদান করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

দেশে চালু হলো অ্যাপ, করোনা রোগী কাছে এলেই জানান দেবে

0

কভিড-১৯ মহামারির বিস্তার রোধে সারা দেশের নাগরিকেদের জন্য পরীক্ষামূলকভাবে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ব্লুটুথ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে দুজন ব্যবহারকারীর কাছাকাছি থাকার সময় এবং ব্যবহারকারীদের অবস্থান সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখবে। যখনই অন্যকোনো অ্যাপ ব্যবহারকারী একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবে তখনই অ্যাপ দুটি নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ করে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করবে।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে অনলাইনে অ্যাপটির উদ্বোধন করেন। আইসিটি বিভাগের উদ্যোগে অ্যাপটি তৈরিতে কাজ করেছে স্বাস্থ্য অধদিপ্তর, আইইডিসিআর, এটুআই, এসডিএমজিএ এবং সহজ। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে অ্যাপটি তৈরিতে কারিগরি সহায়তা করেছে দেশের শীর্ষস্থানীয় টেক স্টার্টআপ সহজ লিমিটেড।

প্রধান অতিথির বক্তৃতায় জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আইসিটি অবকাঠামো ব্যবহার করে সমস্যা ও সঙ্কট মোকাবেলায় সরকার একের পর এক প্রযুক্তিভিত্তিক নানা সমাধান নিয়ে আসছে। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় এমনি একটি অ্যাপ করোনা ট্রেসার বিডি, যা জীবন ও জীবিকার সুরক্ষা বেষ্টিনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, সরকার এরই মধ্যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাত এবং জরুরি খাদ্য সরবরাহে প্রযুক্তিভিত্তিক সমাধানের মাধ্যমে জীবনযাত্রা সচল রেখেছে। করোনা মহামারির বিস্তার রোধে করোনা ট্রেসার বিডি অ্যাপটি অন্যতম কার্যকর সমাধান হতে পারে। প্রতিমন্ত্রী দেশের সকল নাগরিকদের নিজেদের সুরক্ষিত রাখতে করোনা ট্রেসার বিডি অ্যাপটি ব্যবহার করে কভিড-১৯ মহামারির বিস্তার রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, আইসিটি বিভাগ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের শুরু থেকেই বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে দুর্যোগ, মহামরিসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে। করোনা ট্রেসার বিডি অ্যাপটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের উজ্জ্বলতম দৃষ্টান্ত।

সহজ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা সম্পাদক মালিহা কাদির বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো অ্যাপ ব্যবহারকারী কভিড-১৯ পজেটিভ শনাক্ত হলে তার কাছাকাছি আসা অন্য অ্যাপ ব্যবহারকারীদের স্বয়ংক্রয়িভাবে সম্ভাব্য ঝুঁকি ও করণীয় সম্পর্কে জানানো হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ, আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. আবদুল মান্নান, এলআইসিটির প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ।

গুগল প্লে স্টোর থেকে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি ডাউনলোড করা যাবে অথবা সরাসরি স্মার্টফোন থেকে (https://play.google.com/store/apps/details?id=com.shohoz.tracer) লিংকে ক্লিক করেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

হজযাত্রীদের প্রস্তুত থাকার আহবান ধর্ম প্রতিমন্ত্রীর

0

সৌদি সরকারের অনুমতি পেলেই নিবন্ধনকারী প্রায় ৬৫ হাজার হজযাত্রী এবার হজে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। আগামী ১৫ জুনের মধ্যে সৌদির সিদ্ধান্ত আসবে জানিয়ে হজযাত্রীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার কালের কণ্ঠকে এসব কথা জানান। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে এবছর হজ অনুষ্ঠানের ব্যাপারে সৌদি সরকারের সিদ্ধান্ত জানতে প্রতিদিন সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। দেশটিতে নিয়োজিত বাংলাদেশের হজ কাউন্সিলর এ যোগাযোগ করছেন। আগামী ১৫ জুনের মধ্যে দেশটির সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সৌদির অনুমতি পেলেই ইনশাআল্লাহ নিবন্ধনকারী ৬৫ হাজার হজযাত্রীকে এবার হজে পাঠানো হবে। এজন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছি। সংশ্লিষ্ট হজযাত্রীদেরও মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। প্রধানমন্ত্রী দপ্তর থেকেও হজযাত্রীদের প্রস্তুত রাখতে বলা হয়েছে।

যাদের টাকা জমা দেয়া বাকি আছে তাদের টাকা জমা দিতে হবে। যদি কোন কারণে এবার কেউ হজে যেতে না পারেন, তাহলে তার টাকা মার যাওয়ার কোন আশঙ্কা নেই। কেউ চাইলে টাকা ফেরত দেয়া হবে অথবা আগামী বছর যাওয়ার সুযোগ রাখা হবে।

উল্লেখ্য, ভয়াবহ করোনাভাইরাসের কারণে এবছর পবিত্র হজ অনুষ্ঠান নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। তবে করোনা সংক্রমণের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করে দুই মাসেরও বেশি সময় পর সম্প্রতি সৌদি আরবের মসজিদগুলো খুলে দেয়ায় হজ নিয়ে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে গত ২৬ ফেব্রুয়ারি সৌদি আরব বিদেশিদের ওমরাহর অনুমতি দেওয়া এবং পরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় পুরো দেশ লকডাউন করা হয়। এ কারণে গত মাসে এখনই হজের পরিকল্পনা চূড়ান্ত না করে পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেয় সৌদি আরব।

করোনা পরিস্থিতির কারণে অনিশ্চয়তার মধ্যেও হজের আগাম প্রস্তুতির অংশ হিসেবে আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম চালায় ধর্ম মন্ত্রণালয়। ২ মার্চ থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রমের মেয়াদ কয়েক দফা বাড়িয়ে ৩০ এপ্রিল শেষ করা হয়।

সৌদি আরব সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার সুযোগ পাওয়ার কথা। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। কিন্তু করোনা আতঙ্কের কারণে নিবন্ধনে তেমন সাড়া না পড়ায় এবারের পূর্ব নির্ধারিত কোটা পূরণ হয়নি।

নিবন্ধন সার্ভার সূত্রমতে, ৩০ এপ্রিল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪২ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ এবারের হজ অনুষ্টিত হবে। সে অনুযায়ী ২৩ জুন হজ ফ্লাইট শুরুর আশা প্রকাশ করেছিল ধর্ম মন্ত্রণালয়।

৩ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগে অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

0

তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাব অনুমোদন দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। দ্রুতই এ নিয়োগ সম্পন্ন হবে।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের এ প্রস্তাব অনুমোদন হওয়ায় স্বাস্থ্য সেবার মান উন্নত হবে এবং রোগীরা আরও ভালো ও দ্রুত সেবা পাবেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গণমাধ্যমকে বলেন, অনুমোদন দিয়েছে, প্রক্রিয়া চলছে, এখন লোক নেওয়া হবে।

অনুমোদিত নতুন এই তিন হাজার পদে এক হাজার ২০০ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (গ্রেড-১১); এক হাজার ৬৫০ জন মেডিক্যাল টেকনেশিয়ান (গ্রেড-১৬); ১৫০ জন কার্ডিওগ্রাফার (গ্রেড-১৬) নিয়োগ দেওয়া হবে।

এর আগে জরুরি সেবা দেওয়ার জন্য বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এই ১৮৩ জনকে সৃজিত পদে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

পঞ্চম দফায় ঢাকা ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা

0

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বিশেষ ফ্লাইটে পঞ্চম দফায় ঢাকা ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। শুক্রবার কাতার এয়ারওয়েজের বিশেষ চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের কুইন্সে অবস্থিত জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে ওই ফ্লাইটে কতজন মার্কিন নাগরিক ঢাকা ছাড়বেন, তা দূতাবাসের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

এই বিশেষ ফ্লাইটের পর পরবর্তীতে নতুন করে বিশেষ ফ্লাইট পরিচালনার আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে দূতাবাস সূত্র জানিয়েছে। এর আগে চার দফায় দেশটির প্রায় এক হাজার ২২০ নাগরিক নিজ দেশে ফিরেছেন। গত ৩০ মার্চ প্রথম দফায় ভাড়া করা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ২৬৯ নাগরিককে ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

কূটনীতিকদের পাশাপাশি ওই ফ্লাইটের ২৪০ জন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকও ছিলেন। এরপর দ্বিতীয় দফায় ৬ এপ্রিল আরেকটি বিশেষ ফ্লাইটে ৩২২ জন, ১৩ এপ্রিল তৃতীয় দফায় ৩২৮ জন এবং সর্বশেষ ২১ এপ্রিল অমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩০১ জন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন।

বাংলাদেশিসহ ২৫৫০ তাবলিগ জামাত সদস্যের ১০ বছর ভারতে প্রবেশ নিষিদ্ধ

0

করোনাভাইরাস লকডাউনের সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করে ভারতে অবস্থান করায় বাংলাদেশিসহ ২ হাজার ৫৫০ বিদেশি তাবলিগ জামাত সদস্যকে কালো তালিকাভুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। আগামী ১০ বছর কালো তালিকাভূক্ত এসব তাবলিগ জামাত সদস্যদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন রাজ্য সরকার দেশজুড়ে মসজিদ এবং ধর্মীয় মাদ্রাসায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিবরণ দেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিন মরকাজে মাওলানা সাদের নেতৃত্বে তবলিগ জামাতের ধর্মীয় জমায়েতে যোগ দেওয়ার জেরেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাওলানা সাদ, তার ছেলে সহ অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নজরে রয়েছে। এদের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ রয়েছে। দিল্লিতে তবলিগ জামাতে হেডকোয়ার্টার নিজামুদ্দিন মার্কাজে এক বিশেষ জমায়েতে তারা যোগ দিয়েছিল। ওই ধর্মীয় জমায়েত থেকে একের পর এক করোনা আক্রান্তের সন্ধান মেলে। এরপরই কেন্দ্রীয় সরকারের নজরে চলে আসে তারা। কালো তালিকায় থাকা সদস্যদের মধ্যে রয়েছে চারজন মার্কিন নাগরিক, ৯ জন ব্রিটিশ ও ৬ চীনা নাগরিক রয়েছেন বলে জানা গেছে। অন্যান্য কোন দেশের কতজন রয়েছেন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে কালো তালিকাভুক্ত সদস্যদের মধ্যে প্রায় ৪০ টি দেশের নাগরিকরা রয়েছেন। দেশগুলো হল: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সৌদি আরব, আলজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কোট ডি আইভায়ার, জিবুতি, মিশর, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, ইরান, জর্দান, কাজাখস্তান, কেনিয়া, মাদাগাস্কার, মালি, ফিলিপাইন, কাতার, সেনেগাল, সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা, সুদান, সুইডেন, তানজানিয়া , টোগো, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া এবং ইউক্রেন।

দিল্লির ওই ধর্মীয় জমায়েতে যোগ দেওয়া শতাধিক তবলিগ জামাত সদস্যের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। বিদেশ থেকে আসা সদস্যরা প্রত্যেকেই টুরিস্ট ভিসায় ভারতে এসেছিল বলে জানা গেছে।

সূত্র- দ্য হিন্দু, কলকাতা ২৪।

ফ্লয়েড হত্যা : বিক্ষোভে সমর্থন বুশ-ক্লিনটন-জিমি কার্টার ও ওবামার

0

পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক ও সাবেক বাস্কেট বল তারকা জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড ঘিরে বিক্ষোভের আগুনে জ্বলছে পুরো যুক্তরাষ্ট্র। গত সাতদিন ধরে চলা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছেন দেশটির সাবেক চার প্রেসিডেন্ট। বারাক ওবামা, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশের পর বুধবার বিবৃতি দিয়েছেন জিমি কার্টার।

নিষ্ঠুর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে চলা ব্যাপক বিক্ষোভকে সমর্থন জানিয়েছে তাঁরা সবাই। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের মধ্যে এই চারজনই কেবল বেঁচে রয়েছেন। তারা প্রত্যেকেই ফ্লয়েড হত্যার নিন্দা জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার দেওয়া এক বিবৃতিতে জিমি কার্টারের পক্ষে দ্য কার্টার সেন্টার থেকে বলা হয়েছে, ‘নির্মম বর্ণ বৈষম্য ও তার ফলশ্রুতিতে গত কয়েকদিন ধরে যা হচ্ছে তা সত্যিই বেদনাদায়ক।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমাদের জনগণ যেমন ভালো, তেমনই ভালো একটি সরকার প্রয়োজন আমাদের।’ ভুক্তভোগীর পরিবার ও বর্ণবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের প্রশংসা করলেও সহিংসতার নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট কার্টার। তিনি বলেছেন, ‘হিংসা দিয়ে সমস্যা সমাধান করা যায় না।’

এর আগে মঙ্গলবার আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ফ্লয়েড হত্যার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। দুই দশক আগে তিনি আফগানিস্তান ও ইরাক যুদ্ধ শুরু করেছিলেন। সাবেক ফার্স্ট লেডি লরা বুশের সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে জর্জ বুশ বলেন, ‘ফ্লয়েড হত্যার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। এ ছাড়া যে ন্যায়বিচারহীন ও ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে তাতেও তারা চিন্তিত।

বিবৃতিতে জর্জ বুশ ও লরা বুশ বলেন, ‘এখন লেকচার দেওয়ার সময় নয়। এখন জনগণের কথা শোনার সময়। আমেরিকার নির্মম ব্যর্থতাগুলো ঠিক কোথায় তা পরীক্ষা করে দেখার সময় এখন।’

শনিবার এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, ‘কেউই ফ্লয়েডের মতো মৃত্যু প্রত্যাশা করে না। তবে সত্য এটাই যে, আপনি যদি যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ নাগরিক হতেন, তাহলে আপনার সে সম্ভাবনাও কম থাকত।’ ক্লিনটন প্রশ্ন তোলেন, ‘ফ্লয়েড শ্বেতাঙ্গ হলে কি আজ বেঁচে থাকতেন? এমনটা কেন ঘটছে?’

বুধবার এক অনলাইন বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বসুরি বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রতিবাদের যে ঝড় উঠেছে তা যেন ‘প্রকৃত পরিবর্তনের’ হাতিয়ার হয়ে ওঠে। এর আগে সোমবার মিডিয়ামে প্রকাশিত এক নিবন্ধে ওবামা লিখেছিলেন, ন্যায়সঙ্গত ক্ষোভকে শান্তিপূর্ণ, টেকসই ও কার্যকর উপায়ে পরিচালিত করতে পারলে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে।

২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। প্রকাশ্যে শহরের রাস্তায় গলায় হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে ফ্লয়েডকে হত্যা করেন এক শ্বেতাঙ্গ পুলিশ। এই ঘটনার প্রতিবাদে আমেরিকাজুড়ে বিক্ষোভ ও অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ থামাতে অধিকাংশ শহরে কারফিউ জারি করা হয়েছে কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কারফিউ ভেঙে চলছে বিক্ষোভ, অগ্নিসংযোগ।

সূত্র- এবিসি নিউজ।

‘অ্যাজিথ্রোমাইসিন’ অ্যান্টিবায়োটিকে করোনা সারবে কি-না জানতে রোগী বাছাই

0

সাধারণভাবে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ‘অ্যাজিথ্রোমাইসিন’ দিয়ে প্রাথমিক লক্ষণযুক্ত কভিড-১৯ রোগীদের চিকিৎসা দেওয়া যায় কি-না সেটা পরীক্ষার জন্য একটি ক্লিনিক্যাল ট্রায়াল করতে প্রথম করোনা রোগী বাছাই করা হয়েছে। বুধবার (৩ জুন) অক্সফোর্ডের জন র‌্যাডক্লিফ হাসপাতালে এই পরীক্ষায় প্রথম অংশগ্রহণকারী নিয়োগ করা হয়েছে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত ‘এটিওএমআইসি-২’ নামের এই ট্রায়ালটিতে ৮০০ জন রোগীকে অন্তর্ভূক্ত করা হবে। যারা কভিড-১৯ লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর উপর সাধারণভাবে ব্যবহৃত আ্যান্টিবায়োটিক প্রয়োগ করে দেখা হবে যে এতে তাদের অবস্থার কোন উন্নতি হয় কি-না।

এই টেস্ট রোগীদের মধ্যে অর্ধেককে দুই সপ্তাহের জন্য অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হবে। বাকিরা নিয়মিত যত্ন নেবে। অংশগ্রহণকারীরা রক্তের নমুনা এবং নাক থেকে নমুনা দেবেন যাতে গবেষকরা ভাইরাসটির জীববিজ্ঞান সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারেন।

এনআইএইচআর অক্সফোর্ড বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের (বিআরসি) পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফাইজার বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত এই ট্রায়ালটি ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের ১৫ টি অঞ্চলে অনুষ্ঠিত হবে। ট্রায়ালটি দুটি ধাপে অনুষ্ঠিত হবে, রিকভারি এবং প্রিন্সিপাল। যেখানে রোগীদের বিভিন্ন বিভাগে অ্যাজিথ্রোমাইসিন দিয়ে এই পরীক্ষা করা হবে।

ক্লিনিক্যাল ট্রায়ালটির প্রধান তদন্তকারী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নফিল্ড মেডিসিন বিভাগের প্রধান এবং অক্সফোর্ড বিআরসি’র সিনিয়র ফেলো ডা. টিম হিংকস। তিনি বলেছিলেন, ‘অ্যাজিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক যা অস্বাভাবিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্যযুক্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়, তাই এটিকে কভিড-১৯ এর লক্ষণযুক্ত রোগীদের সম্ভাব্য চিকিৎসা হিসাবে দেখা হচ্ছে।’

সূত্র- আক্সফোর্ড মেডিক্যাল সায়েন্স ডিভিশন।

চীন থেকে করোনা চিকিৎসা সামগ্রী এল

0

বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে পিপলস লিবারেশন আর্মি অব চায়না কর্তৃক প্রদত্ত বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী চীন থেকে বুধবার দেশে আনা হয়েছে। চীন হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের নিমিত্তে ঐদিন সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু একটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে চীনের উদ্দেশে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। মিশন সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে চীনের সশস্ত্র বাহিনীর প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নির্দেশনানুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে ডিসপোজেবল মেডিক্যাল মাস্ক, সার্জিক্যাল মাস্ক, মেডিকেল সার্জিক্যাল মাস্ক (কেএন৯৫), মেডিক্যাল প্রটেক্টিভ গগলস, ডিসপোজেবল মেডিক্যাল প্রটেক্টিভ ফেস শিল্ড, ডিসপোজেবল মেডিক্যাল প্রটেক্টিভ স্যূট, ডিসপোজেবল মেডিকেল আইসোলেশন গাউন, ডিসপোজেবল মেডিক্যাল বুট কভার, ডিসপোজেবল মেডিক্যাল গ্লাভস, ইনফিউশন পাম্প, ব্যাকপ্যাক ডিসইনফ্যাকট্যান্ট স্প্রেয়ার, হ্যান্ড-হেল্ড আইআর থার্মোমিটার এবং থার্মাল ইমেজিং টেম্পারেচার পরিমাপক হেলমেট সহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে এনেছে।

করোনাভাইরাস মোকাবেলায় গণচীন সরকারের প্রসংশনীয় উদ্যোগ এবং বৈশ্বিক প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অকৃত্রিম সহায়তার জন্য চীন সরকার বন্ধুত্বের এক অপূর্ব নিদর্শন স্থাপন করেছে। এর ফলে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

উল্লেখ্য যে, গত ১৯ এপ্রিল তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস সনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সহ চিকিৎসা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয়েছিল।

করোনায় ঢাকার আরেক আইনজীবীর মৃত্যু

0

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আরেক আইনজীবী মারা গেলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আবু জাফর মো. মহিউদ্দিন গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পশ্চিম কাজিরখিল। তিনি রাজধানীর শান্তিনগরে বসবাস করতেন। গ্রামের বাড়িতে স্বাস্থবিধি মেনে পিতা-মাতার কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

অ্যাডভোকেট মহিউদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের ব্যাচের ছাত্র ছিলেন। ১৯৯৬ সালের ২৯ সেপ্টেম্বর তিনি আইন পেশায় সনদপ্রাপ্ত হয়ে ঢাকা আইনজীবী সমিতিতে যোগদান করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন ২০০১ সালের ১৫ জানুয়ারি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ঢাকাস্থ বৃহত্তম নোয়াখালী আইনজীবী সমিতি অ্যাডভোকেট মহিউদ্দিনের গভীর শোক প্রকাশ করেছেন। তাঁপর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা আইনজীবী সমিতির সদস্য শওকত হোসেন অপু ইন্তেকাল করেন।