Home Blog Page 2907

আইনমন্ত্রী সুস্থ আছেন, করোনায় আক্রান্ত নন

0

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। সকল দাপ্তরিক কাজ করছেন। আইনমন্ত্রীর করোনায় আক্রান্ত হয়েছেন বলে কিছু কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে তা মোটেও সত্য নয়। ওই সংবাদ ভিত্তিহীন ও গুজব।

আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃত সত্য হলো, গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলটিতে আইনমন্ত্রীর উক্ত বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোন কোন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে যে, প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচ- এ ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী জানিয়েছেন তিনি এ কথা বলেননি। এসব সংবাদ গুজব ও ভিত্তিহীন।

‘বাড়তি ভাড়া আদায়কারী গণপরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা’

0

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন মালিক ও শ্রমিক যারা আছেন, সবাইকে বলব, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। স্বাস্থ্যবিধি মেনে চললেও কিছু কিছু পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকারি নির্দেশনা অমান্যকারী এসব পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জুন) নিজের সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় যারা স্বাস্থ্যবিধি মানবে না, তারাসহ যেসব পরিবহন বাড়তি ভাড়া আদায় করবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে বিআরটিএ হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ লাইনসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।

হাসপাতালে করোনা রোগীদের সঙ্গে বিরূপ আচরণেরও সমালোচনা করেন কাদের। বলেন, কিছু কিছু হাসপাতালের বিরুদ্ধে করোনা রোগীদের উপেক্ষা করার অভিযোগ রয়েছে। আমি আশা করব, আপনারা আরো মানবিক হবেন।

তিন লাখ টাকায় প্লেন ভাড়া দিচ্ছে বিমান বাংলাদেশ

0

করোনাকালে প্লেন ভাড়া দিচ্ছে বিমান বাংলাদেশ। প্রথমবারের মতো দেশে অভ্যন্তরীণ রুটে তিন লাখ টাকায় প্লেন ভাড়া করে (চার্টার্ড) যেকোনো বিমানবন্দরে যাওয়ার সুযোগ দিচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (৪ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের নতুন এই ডোমেস্টিক চার্টার্ড অফারের বিষয়টি জানিয়েছে।

বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন জানান, যারা জনসমাগম এড়িয়ে চলতে চান বিমান তাদের জন্য এই সুযোগ দিয়েছে। করোনা প্রাদুর্ভাবে পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্লেন ভাড়া দিচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্লেন ভাড়া দিচ্ছে। এজন্য তিন থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে (দূরত্বের ওপর নির্ভরশীল)। এই খরচে কেবল ৫ ঘণ্টা প্লেনটি ভাড়া পাওয়া যাবে। অতিরিক্ত ঘণ্টা ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে। এক্ষেত্রে অন্যান্য শর্তও রয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এই বিমানে ফ্লাইট পরিচালনা করলে সর্বোচ্চ ৩৬ জন যাত্রী বসতে পারবে। বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চলাচল করছে। অর্থাৎ যে কেউ ফ্লাইট ভাড়া নিয়ে এই রুটে আসা যাওয়া করতে পারবে।

আরও এক ইউপি চেয়ারম্যান ও সদস্য বরখাস্ত

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মলাই এবং মানবিক সহায়তা কর্মসূচির হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে চাল আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শফিউল ইসলাম তসকিরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগ হতে বৃহস্পতিবারএ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর এ নিয়ে মোট ৮৭ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৯ জন ইউপি চেয়ারম্যান, ৫২ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

উল্লেখিত চেয়ারম্যান ও সদস্য কর্তৃক সংঘটিত অপরাধ মূলক কার্যক্রমের প্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোন সমীচীন নয় মর্মে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়।

আরো ৩৫ মৃত্যু করোনায়, শনাক্ত ২৪২৩

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৪২৩ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৮১ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এঁরা ২৯ জন পুরুষ এবং ছয়জন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৮১ জনের।

জানানো হয়, নতুন যে ৩৫ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, সিলেট বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং খুলনা বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ২২ জন, বাসায় ১২ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৮৮টি। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৯৪টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে দুই হাজার ৪২৩ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে তিন লাখ ৫৮ হাজার ২৭৭টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৩৮৬ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ছয় হাজার ৭৫৪ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৬৭৪ জন।

বুলেটিনে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে মোট আইসোলেশন সংখ্যা ১৩ হাজার ২৮৪টি। বর্তমানে ঢাকা মহানগরীতে সাত হাজার ২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪টিতে। এ ছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০টি ও ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরো ২০০টি আইসোলেশন শয্যা প্রস্তুতির কাজ চলছে।

এ ছাড়া রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মিত বসুন্ধরা করোনা হাসপাতালে কার্যক্রম শুরু হয়েছে। এখানে দুই হাজার শয্যা প্রস্তত করা হয়েছে।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৩৭৫ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৬৩৪ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট দুই লাখ ৯৫ হাজার ১৮৮ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ ৩৭ হাজার ৬১৯ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৭ হাজার ৫৬৯ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৬৬ হাজার ৬০৪টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে ৯৪ লাখ ১৭ হাজার ১৮১ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো ৯ জন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ২৬৭ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

করোনায় আক্রান্ত ২৬৪ জন পোশাক শ্রমিক

0

করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৪ জন পোশাক শ্রমিক। এসব শ্রমিকদের সব ধরনের চিকিৎসার খরচ বহন করছেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার বিজিএমই’র কভিড-১৯ আধুনিক ল্যাবের আনুষ্ঠনিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বিজিএমইএ সভাপতি রুবানা হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহেদ মালেক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সাবেক সভাপতি আব্দুস সালাম মোর্শেদ্দী প্রমুখ।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের করোনাভাইরাস শনাক্তের উদ্যেগ নিলেই হবে না; একইসঙ্গে তাদের আইসোশেলনের রাখার উদ্যোগও নিতে হবে। এজন্য বড় বড় কারখানাগুলো এগিয়ে আসবে বলে আশা প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের। তিনি বলেন, বিজিএমইএ শ্রমিকদের জন্য যে মানবিক; এই উদ্যেগের ফলে এটা আবারো প্রমাণিত হয়েছে। তবে আমার বিশ্বাস, শনাক্ত হওয়া শ্রমিকদের আইসোলেশনে রাখার উদ্যোগ নিবেন তারা। অন্তত যে বড় বড় কারখানার মালিকরা তাদের কারখানায় ২০ থেকে ৩০ জন করে শ্রমিকদের যেন আইসোলেশনে রাখার উদ্যোগ নেয়। তিনি আরো বলেন, আমাদের দেশের করোনায় আক্রান্ত রোগীরা খুব দ্রুত সেরে ওঠছে। আমার জানামতে ১৪ দিনের মধ্যে অধিকাংশ রোগী সেরে ওঠেন।

এদিকে, বিজিএমইএ সভাপতি রুবানা হক এক প্রশ্নের জবাবে বলেন, এই পর্যন্ত ২৬৪ জন পোশাক শ্রমিক করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। এসব শ্রমিকদের সব ধরনের চিকিৎসার খরচ বহন করছেন উদ্যোক্তারা।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিজিএমইএ’র এই উদ্যেগের ফলে আবারো প্রমাণ হলো মালিকরা শ্রমিকদের অধিকার নিয়ে দায়িত্বশীল। আর বর্তমানে যেকোনো সময়ের চেয়ে শ্রমিক-মালিক সম্পর্ক অনেক সুদৃঢ়।

বাণিজ্য মন্ত্রী বলেন, ইউকে প্রযুক্তিসম্পন্ন এই ল্যাবের মাধ্যমে প্রতিদিন কমপক্ষে ১৮০ জন শ্রমিকের করোনা টেস্ট করানো যাবে। এটা পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে। প্রাথমিক চন্দ্রা, আশুলিয়া ও সাভারে করা হবে। চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে আরো ২টি করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও সাবেক বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম, শ্রম সচিব কেএম আব্দুস সালাম, বস্ত্রখাতের সংগঠন বিটিএমএ’র সাবেক সভাপতি মতিন চৌধুরী প্রমুখ।

মানুষকে সুরক্ষিত করতে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে সুরক্ষিত করতে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। তাদের স্বাস্থ্য সুরক্ষিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া, সব দিক থেকে আমরা কাজ করে যাচ্ছি। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণ করার সময় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অনুদান গ্রহণ করেন তাঁর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। এসময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। তিনি বলেন, যেহেতু অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে, তাই কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি। কারণ মানুষ তো বাঁচাতে হবে। এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো না করলে, আমরা আর কতটা সহযোগিতা করব। তারপরও আমি বলব এই কয়মাসে এদেশের প্রায় প্রতি স্তরের মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের পক্ষ থেকে আমরা করেছি, আমাদের দলের পক্ষ থেকে করেছি। অনেক বিত্তশালী তারাও মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষের মাঝে এই আন্তরিকতাটুকু আছে বলে এখনো তারা খেতে পারছে বা চলতে পারছে। এই সহানুভূতিটুকু মানুষ দেখাতে পারছে।

তিনি আরো বলেন, চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা শ্রেণি পেশার মানুষ সকলের কাছে যেন আমরা কিছু না কিছু সহযোগিতা পৌঁছাতে পারি। যেন তারা কষ্ট না পায়। সেটাই আমাদের লক্ষ্য। আর সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। চিকিৎসাসেবা ব্যাপকভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং আমরা দিয়ে যাচ্ছি। বিনে পয়সায় চিকিৎসা দেয়া হচ্ছে। করোনাভাইরাস এটা টেস্ট করা বা চিকিৎসা করা বেশ ব্যয়বহুল। তারপরও আমরা সেটা করে যাচ্ছি। এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি।

মানুষকে বাঁচাতে হবে, তাই কিছু ক্ষেত্র উন্মুক্ত করছি’

0

‘করোনা দুর্যোগে দেশের অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে। তাই কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি। কারণ মানুষকে বাঁচাতে হবে। মানুষকে সুরক্ষিত করতে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি।’

আজ বৃহস্পতিবার (৪ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, যেহেতু অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি। কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবে। এই কর্মকাণ্ডগুলো না করলে, কতটা আমরা সহযোগিতা করবো। তারপরও আমি বলবো এই ক’মাস এদেশে প্রায় প্রতি স্তরের মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা দিচ্ছি।

করোনাভাইরাস থেকে মানুষের জীবন বাঁচাতে এবং অর্থনীতি সচল রাখতে সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এই করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষা করতে। চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষকে সুরক্ষিত করতে। তাদের স্বাস্থ্য সুরক্ষিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া, সবদিক থেকে আমরা কাজ করে যাচ্ছি।

চিকিৎসাসেবা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চিকিৎসাসেবা আমরা ব্যাপকভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং আমরা দিয়ে যাচ্ছি। বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস এটা টেস্ট করা বা চিকিৎসা করা বেশ ব্যয়বহুল। তারপরও আমরা সেটা করে যাচ্ছি। এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি।

অর্থনীতি সচল রাখতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে চলে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের শিল্প থেকে শুরু করে সর্বস্তরের সবাই যেন তাদের কার্যকক্রম চালাতে পারে তার জন্য বিশেষ প্রণোদনাও আমরা দিচ্ছি। জিডিপি’র প্রায় ৩ শতাংশ ৭ প্রণোদনা দিচ্ছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, গত ৩-৪ মাস ধরে আমাদের অর্থনীতি একেবারে স্থবির। তারপরেও আমরা অন্তত মানুষের কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছি। এটা মনে রাখতে হবে আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। সব সময় জনগণের কল্যাণেই আমরা কাজ করি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অনুদান গ্রহণ করেন তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এসময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। করোনা সংক্রমণে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

0

ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সিটি হারওয়ানস্ইয়া আজ ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ২৮ বছর।

ইন্দোনেশিয়ার দূতাবাসের এ প্রশাসনিক কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ড. মোমেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি. সুমারনোকে ফোন করে বিস্তারিত খোঁজখবর নেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে যাবতীয় সহায়তার আশ্বাস প্রদান করা হয়। রাষ্ট্রদূত রিনা তাঁর প্রয়াত সহকর্মীর খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

নতুন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান

0

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল মান্নান।

বেশ কয়েকদিন আগে থেকেই তিনি স্বাস্থ্যসচিব হিসেবে নিয়োগ পাচ্ছেন বলে গুঞ্জন ছিলো। কিন্তু প্রজ্ঞাপন হলো আজ বৃহস্পতিবার। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ আরো তিন জায়গায় নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সদ্যবিদায়ী সচিব আসাদুল ইসলাম কে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে। এছাড়া বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, এমডিএসের অতিরিক্ত সচিব বিসিএস প্রশাসনে নিয়োজিত আখিয়া খাতুনকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।