Home Blog Page 2908

এবার কর্মকর্তা-কর্মচারীদের অনুদানের চেক যাবে ডাকযোগে

0

বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ও দুর্ঘটনায় আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনুদানের চেক এবার ডাকযোগে (জিইপি সার্ভিস) পাঠাবে সরকার।

চলমান করোনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসকের প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুদানের এই চেক গ্রহণ করতেন।

গতকাল বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে জেলা পর্যায়ের অনুদানের আবেদনও বাহকের মাধ্যমে না পাঠিয়ে তা ডাকযোগে পাঠাতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৩’ অনুযায়ী ইতোপূর্বে জেলাপর্যায়ের আর্থিক অনুদানের চেক সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে পাঠানোর নিয়ম প্রচলিত ছিল।

বলা হয় এই মুহূর্তে বৈশ্বিক করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে সচিবালয়ে বহিরাগতদের প্রবেশ, মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য কাজগুলো ঝুঁকিপূর্ণ বিধায় জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণযোগ্য চেকগুলো বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে (জিইপি সার্ভিস) সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া জেলা পর্যায়ের বিবেচনাযোগ্য অনুদান সংক্রান্ত আবেদন বাহক মারফত না পাঠিয়ে সরাসরি কল্যাণ শাখায় বাংলাদেশ ডাক বিভাগের (জিইপি সার্ভিস) মাধ্যমে পাঠানো সমীচীন হবে।

এ অবস্থায় বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৩’ অনুযায়ী অনুদান প্রদানের চেক বাংলাদেশ ডাক বিভাগের (জিইপি সার্ভিস) মাধ্যমে পাঠানো হবে বিধায় গ্রহণের জন্য প্রতিনিধি না পাঠানোর অনুরোধ করা হলো।

জেলা পর্যায়ের বিবেচনাযোগ্য অনুদানের আবেদন বাহকের মাধ্যমে না পাঠিয়ে তা সরাসরি কল্যাণ শাখায় বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাঠানোর জন্য ডিসিদের অনুরোধও চিঠিতে জানানো হয়েছে।

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল

0

চট্টগ্রামে আরো ১৪০ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে নগরে ৮৬ জন এবং বিভিন্ন উপজেলার ৫৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য জানান।

এ নিয়ে গতকাল রাত পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলায় করোনাভাইরাস শনাক্ত মোট রোগীর সংখ্যা তিন হাজার ৫৩৯ জন। এর মধ্যে মারা গেছে ৮৫ জন। আর হাসপাতালে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অন্তত আড়াইশ জন।

গতকাল বুধবার বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে মোট ৫৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে পরীক্ষা হয়েছে ১৫৮টি নমুনা। পজিটিভ পাওয়া গেছে ২৯ জনের।

এছাড়া চমেক ল্যাবে ২২৬টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে ৭৫ জনের। সিভাসু ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৪৬টি। এর মধ্যে শনাক্ত ৩৬ জন।

আল-আকসায় তুরস্ককে ঠেকাতে ইসরায়েল-সৌদি গোপন বৈঠক!

0

জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান আল-আকসায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে সেখানে সৌদি আরবের কর্তৃত্ব চায় ইসরায়েল। সে লক্ষ্যেই উভয় দেশের মধ্যে একাধিকবার গোপন বৈঠক হয়েছে। গত সোমবার ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হেয়মের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বায়তুল আকসাসহ জেরুজালের মুসলিম পবিত্র স্থানগুলো দেখাশুনার দায়িত্বে রয়েছে ইসলামিক ওয়াকফ কাউন্সিল। যে প্রতিষ্ঠানটি পরিচালনা করে জর্ডান। এ প্রতিষ্ঠানে তুরস্কের অংশগ্রহণ বন্ধ করে সৌদি প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে চায় ইসরায়েল। সে লক্ষ্যেই গত ডিসেম্বর থেকে উভয় দেশের মধ্যে একাধিবার গোপন বৈঠক হয়েছে। এসব বৈঠক হয়েছে মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ইসরায়েল-ফিলিস্তিন পরিকল্পনাকে সামনে রেখেই। যেটিকে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা ‘শতাব্দীর চুক্তি’ আখ্যা দিয়েছেন।

ইসরায়েল হেয়ম পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের উর্ধ্বতন কূটনীতিকরা জানান, ‘এগুলো ছিল অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতার আলোচনা। একান্তভাবে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদিআরবের গুটিকয় কূটনীতিক ও উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব আলোচনার লক্ষ্য ছিল শতাব্দির চুক্তিকে এগিয়ে নেয়া।’

ওই পত্রিকাটি আরো জানায়, জর্ডান কর্তৃপক্ষ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বলেছে, আল-আকসায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ওয়াকফ প্রতিষ্ঠানটিতে সৌদি প্রতিনিধিত্ব মেনে নিতে তারা তাদের আগের অবস্থান থেকে সরে আসবে। এ ক্ষেত্রে শর্ত হচ্ছে পবিত্র স্থানের জিম্মাদার হিসেবে জর্ডানের কর্তৃত্ব অব্যাহত থাকবে এবং সৌদি আরব পূর্ব জেরুজালেমে ইসলামি সংস্থাগুলোকে অর্থায়ন করবে। সেখান থেকে তুরস্কের অর্থায়ন বাতিল করা হবে।

ইসরায়েল হায়েমকে একজন উর্ধ্বতন আরব কূটনীতিক বলেন, ‘যদি জর্ডানিরা তুর্কিদের আল-আকসায় কোন বাধা ছাড়াই কাজের সুযোগ করে দেয় তবে কয়েকবছর পর দেখা যাবে এখানে জার্ডানের কর্তৃত্ব আছে কাগজে-কলমে। এরদোগানকে ঠেকানোর জন্য তাদের প্রয়োজন সৌদি আরবের অর্থ ও প্রভাব।’ তিনি আরো বলেন, ‘এখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেরও লাভ আছে যদি তারা সৌদিকে সমর্থন দেয়। কারণ এতে তাদের পক্ষে শতাব্দির চুক্তি পরিকল্পনা এগিয়ে নেয়া সম্ভব হবে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনেরও সমর্থন পাওয়া যাবে।’

রিপোর্টে আরো বলা হয়, ওয়াকফ কমিটিতে সৌদি আরবকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হবে, যাতে জর্ডানের মর্যাদা খর্ব না হয়। তবে গত দু’বছর যাবত সৌদি আরবের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক অনেকটা শীতল। কারণ তারা ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন দিচ্ছে, একইসঙ্গে ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক বজায় রেখে চলেছে।

সূত্র: মিডেলইস্ট মনিটর, জেরুজালের পোস্ট

সাবেক প্রতিরক্ষা প্রধানকে ক্ষ্যাপা কুকুর বললেন ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা প্রধান জেমস ম্যাট্টিস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণের মধ্যে বিভক্তি তৈরি করার চেষ্টা করছেন এবং নিজের ক্ষমতার অপব্যবহার করছেন।

জেমস ম্যাট্টিস আরো বলেন, যুক্তরাষ্ট্রের জনগণকে প্রেসিডেন্ট ‘বিভক্ত’ করার চেষ্টা করেছেন এবং পরিণত নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান অস্থির অবস্থা সামাল দিতে ট্রাম্প যে ধরনের পদক্ষেপ নিয়েছেন, তাতে ম্যাট্টিস ক্ষুব্ধ ও হতাশ বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ব্যাপারে ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার পর ২০১৮ সালেই চাকরি ছেড়ে দেন জেমস ম্যাট্টিস। তারপর থেকেই তিনি প্রায় নীরব ছিলেন।

জেমস ম্যাট্টিস সরব হতেই তাকে নিয়ে একের পর এক টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। জেমস ম্যাট্টিসকে বিশ্বের সবচেয়ে দামি জেনারেল হিসেবে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন, তার নেতৃত্বের ধরন আমার পছন্দ নয়, আর তাকেও না। আমার সঙ্গে অনেকেই একমত হবেন। ভালো লাগছে যে, তিনি বিদায় নিয়েছেন।

আরেক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, সম্ভবত বারাক ওবামা ও আমার মধ্যে একটি মিল হলো- আমরা দু’জনেই সম্মানের সহিত বিশ্বের সবচেয়ে দামি জেনারেল জেমস ম্যাট্টিসকে বিদায় করেছি। আমি তার পদত্যাগপত্র চেয়েছিলাম এবং তাতে ভালো লাগছে। তার ডাকনাম হলো চাউস, যা আমার পছন্দ নয়। সে কারণে তা বদলে ক্ষ্যাপা কুকুর করে দিয়েছি।

সূত্র : বিবিসি

করোনায় মারা গেলেন আরেক চিকিৎসক

0

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১৪ দিন ধরে আইসিইউতে ছিলেন ডা. মহিউদ্দিন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। ২৪ দিন আগে তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

ঢাকা মেডিক্যাল কলেজ থেকে অবসর নিয়ে আট বছর আগে ইব্রাহিম মেডিক্যাল কলেজে যোগ দেন অধ্যাপক মহিউদ্দিন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, গত ১৫ এপ্রিল সিলেটের এমএজি ওসমানী মেডিক্যালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন প্রথম করোনায় মারা যান। ৩ মে মারা যান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এরপর ১২ মে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

সর্বশেষ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন ডা. এহসানুল করিম। এ নিয়ে বাংলাদেশে করোনায় পাঁচ চিকিৎসকের মৃত্যু হলো।

আগামী বাজেটে করপোরেট কর কমানো হতে পারে

0

অধিকাংশ উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে করপোরেট কর হার বেশি। করপোরেট করের উচ্চ হারের কারণে দেশে বিনিয়োগ ব্যয় বেড়েছে। এতে করোনার কারণে সংকটে থাকা ব্যবসায়ীরা পড়েছে আরো বিপাকে। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আগামী অর্থবছরে করপোরেট কর হার কমানো হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিশেষভাবে ব্যাংক খাতে করপোরেট করের হার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ করা হতে পারে বলে জানা গেছে।

এবারে করোনার কারণে ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সামনা-সামনি প্রাক-বাজেট আলোচনা বাতিল করা হয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শ্রেণী, পেশার মানুষের কাছ থেকে অন লাইনে রাজস্ব বাজেট সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয়।

বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রস্তাবে করপোরেট কর হার কমানোর পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়েছে, করোনা সংক্রমণের কারণে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রম গতিশীলে করপোরেট কর হার কমানো প্রয়োজন। করপোরেট কর হার কমানো হলে বিনিয়োগ ব্যয় কমবে।

বাংলাদেশে করপোরেট কর হার ভিয়েতনামের তুলনায় ১৫ শতাংশ, মালয়েশিয়ার তুলনায় ১১ শতাংশ, চীন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের তুলনায় ১০ শতাংশ, পাকিস্তানের তুলনায় ৬ শতাংশ এবং ভারত ও ফিলিপাইনের তুলনায় ৫ শতাংশ বেশি।

বিভিন্ন ব্যবসায়ীদের সংগঠন থেকে পুঁজিবাজার গতিশীলে প্রতিবেশী দেশগুলির মতো বাংলাদেশেও করপোরেট কর হার নির্ধারণের দাবি করেছে। অধিকাংশ ব্যবসায়ী সংগঠন থেকে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফোন অপারেটর, মার্চেন্ট ব্যাংক ও সিগারেট প্রস্তুতকারক কম্পানি ছাড়া অন্য সকল কম্পানির ক্ষেত্রে বাংলাদেশে নিবন্ধিত কম্পানি হতে লব্ধ লভ্যাংশ আয় ব্যতিরেকে সকল প্রকার আয়ের ওপর পাবলিকলি ট্রেডেড কম্পানি হলে ২২.৫ শতাংশ, নন পাবলিকলি ট্রেডেড কম্পানি (মূসক নিবন্ধিত) ম্যানুফ্যাকচারিং কম্পানি হলে ৩০ শতাংশ, নন ম্যানুফ্যাকচারিং কম্পানি হলে ৩২.৫ শতাংশ, মার্চেন্ট ব্যাংক হলে ৩৫ শতাংশ ধার্যের সুপারিশ করেছে।

তবে বাংলাদেশে পুঁজিবাজারে নিবন্ধিত নয় এমন বিদেশি কম্পানির প্রত্যাবাসনযোগ্য মুনাফার ওপর করপোরেট কর হার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণে প্রস্তাব করেছে অনেক ব্যবসায়ী। অনেকে আগামী তিন অর্থ বছরে পর্যায়ক্রমে প্রগেসিভ হারে স্টক একচেঞ্জ মার্কেটে নন লিস্টেড কম্পানির ক্ষেত্রে বিদ্যমান করপোরেট কর হারের পরিবর্তে কমানো এবং অন্য সকল স্তর থেকে ৫, ৭ ও ১০ শতাংশ হারে কমানোর দাবি জানিয়েছে।

এনবিআরে করা একাধিক ব্যবসায়ী সংগঠনের আবেদনে বাংলাদেশে নতুন কম্পনি সৃষ্টিতে উচ্চ হারের করপোরেট কর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে দাবি করা হয়েছে।

ভারতে ২০১৬-১৭ অর্থবছর থেকে করপোরেট কর হার ৩০ শতাংশ থেকে পর্যায়ক্রমে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক ব্যবসায়ী সংগঠন থেকে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং একই হারে কর নির্ধারণ না করে ম্যানুফ্যাকচারিং কম্পানির বিকাশে করপোরেট করের বিদ্যমান হার কমানোর কথা বলেছে।

গত কয়েক অর্থ বছর থেকেই সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে বিভিন্ন বৈঠকে করপোরেট কর হার কমানোর দাবি জানিয়ে আসছে ব্যবসায়ী নেতারা।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সাবেক সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) কালের কণ্ঠকে বলেন, করোনা সংক্রমণের জন্য দেশের ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক ধারা ব্যহত হয়েছে। অনেকে লোকসানে পড়েছে। এমন পরিস্থিতিতে করপোরেট কর হার কমানো হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। অনেকে বিনিয়োগে উৎসাহিত হবে। কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই করপোরেট কর হার কমানো হলে রাজস্ব আদায় কমবে না বরং বাড়বে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করতে করপোরেট কর কমাতে হবে। বিশেষভাবে করোনা সংকট থেকে কাটিয়ে উঠতে হলে অবশ্যই করপোরেট কর হার কমানো প্রয়োজন। এতে আপতত রাজস্ব আদায় কিছুটা কমলেও দীর্ঘমেয়াদে সরকার লাভবান হবে। রাজস্ব আহরণ বাড়বে।

ইরানে করোনায় মৃত্যুর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে

0

ইরানে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭০ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৮ হাজার ১২ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৩ হাজার ১৩৪ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৬৯৬ জনে উন্নীত হয়েছে।

জাহানপুর জানান, এ পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ২০৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছে এবং তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া ২ হাজার ৫৮৫ জন রোগী গুরুতর অবস্থায় রয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত দেশটিতে মোট ৯ লাখ ৯৭ হাজার ৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

দেশটির অনেক প্রদেশে, বিশেষত দক্ষিণ-পশ্চিমে খুজেস্তান প্রদেশে প্রতিদিনের সংক্রমণের উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়া রাজাভি, খোরাসান, পশ্চিম ও পূর্ব আজারবাইজান, কুর্দিস্তান, কেরমানশাহ, হোর্মোজগান, সিস্তান এবং বালুচিস্তান প্রদেশগুলো ঝুঁকিপূর্ণ অঞ্চলের অন্যতম।

আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হওয়া সত্ত্বেও দেশটির সরকারী কর্মকর্তা-কর্মচারীরা আবারো কাজে ফিরে গেছেন এবং গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো ইরানেও মসজিদগুলো মুসল্লিদের প্রতিদিনের প্রার্থনার জন্য খুলে দেওয়া হয়েছে। বাজার ও শপিংমলগুলো এখন সন্ধ্যা ৬টা পর্যন্ত নাগাদ খোলা রয়েছে। ভাইরাস বিধিনিষেধের অংশ হিসাবে এগুলো বন্ধ ছিল।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ইরানে। এই অঞ্চলের দেশগুলোতে করোনা আক্রান্ত এবং মৃত্যুর তালিকায় শীর্ষে আছে ইরান। তবে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সর্বোচ্চ চূড়া ইরান পেরিয়ে এসেছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র- ইয়ানি সাফাক।

বিক্ষোভের কারণে ওয়াশিংটনে ১৬০০ সেনা সদস্য পাঠিয়েছে পেন্টাগন

0

কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। মিনিয়াপোলিশে জর্জ ফ্লোয়েড নামে এক কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ ঘিরে ঘটনার সূত্রপাত। এই ঘটনায় ওয়াশিংটন ডিসিতেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সেই বিক্ষোভ সামাল দিতে ওয়াশিংটন ডিসি অঞ্চলে প্রায় এক হাজার ছয়শ সেনা স্থানান্তর করেছে পেন্টাগন। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জোনাথন রথ হফম্যান এক বিবৃতিতে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বেসামরিক কর্তৃপক্ষের ক্রিয়াকলাপ অব্যাহত রাখতে সহায়তা করার জন্য প্রতিরক্ষা বিভাগ একাধিক সক্রিয় দায়িত্বপ্রাপ্ত সেনা ইউনিটকে রাজধানী অঞ্চলে স্থানান্তরিত করেছে। তবে এই অঞ্চলে সক্রিয় দায়িত্বশীলরা উচ্চতর সতর্ক অবস্থায় রয়েছে। প্রতিরক্ষাবিষয়ক সহায়তায় অংশ নিচ্ছে না সেনা সদস্যরা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি বিক্ষোভ থামাতে মার্কিন সেনা মাঠে নামাবেন। তখন ডেমোক্র্যাটস এবং প্রাক্তন সামরিক নেতারা বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। ডেমোক্র্যাটিক সিনেটর টমি ডাকওয়ার্থ সেনা মোতায়েন নিয়ে প্রতিবাদও করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেনা মোতায়েন চান না তিনি।

গত সপ্তাহ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্দোলন চলছে। মিনিয়াপোলিশে জর্জ ফ্লোয়েড হত্যার একটি ভিডিও ভাইরাল হতেই দেশটিতে বিক্ষোভ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে।

শ্বেতাঙ্গ এক পুলিশকর্মী পিষে মেরেছেন জর্জকে। এই নৃশংসতা ও বর্ণবৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় মিনিয়াপোলিশে। ক্রমে তা ছড়িয়ে পড়ে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে। ‘উই কান্ট ব্রিথ’ ব্যানারে আয়োজন করা হয়েছে এই বিক্ষোভের।

ইয়েমেনে স্বাধীনতাপন্থী সাংবাদিককে গুলি করে হত্যা

0

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে দক্ষিণের আদেন শহরে স্বাধীনতাপন্থী একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দক্ষিণের স্বাধীনতাকামী ও সরকারের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার সকালে বাসা থেকে বের হওয়ার পরপরই তার গাড়িতে গুলিবিদ্ধ হন নাবিল হাসান আল-কায়েতি নামের ৩৩ বছর বয়সী ওই ফটোগ্রাফার ও ভিডিও সাংবাদিক। তিনি ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির হয়ে কাজ করেছিলেন।

নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, বন্দুকধারীরা নাবিলকে হত্যার পর পালিয়ে গেছে। আদেন শহরের নিরাপত্তা ও প্রশাসনের প্রধান আবদুল্লাহ আল-জাহাফি মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে একটি বার্তা পোস্ট করেছেন। যাতে বলা হয়েছে যে, বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে কাউকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের ঘোষণা পাওয়া যায়নি।

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সাব্রিনা বেন্নুই বলেছেন, ‘নাবিলের হত্যা অগ্রহণযোগ্য এবং ইয়েমেনে সাংবাদিকতার জন্য এক ভয়াবহ ধাক্কা। দেশটির বিভাজন এবং প্রচার মাধ্যমের মেরুকরণ একটি সমালোচনামূলক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সাংবাদিকরা এখন যে অঞ্চলের হোক না কেন সন্ত্রাসীদের এখন প্রিয় টার্গেট।’

সাংবাদিক নাবিল দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার সোচ্চার সমর্থক ছিলেন। বিচ্ছিন্নতাবাদী দক্ষিণী ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ২০১৩ সাল থেকে জাতিসংঘ-অনুমোদিত ইয়েমেনি সরকারের সাথে বিরোধীতা করে আসছে। এসটিসি এবং ইয়েমেনি সরকার উভয়ই হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে যারা ২০১৪ সাল থেকে রাজধানী সানা’র নিয়ন্ত্রণ করছে।

এসটিসি সংযুক্ত আরব আমিরাত সমর্থিত, ইয়েমেনি সরকার সৌদি আরব সমর্থিত এবং হুথি বিদ্রোহীরা ইরানের সাথে জোটবদ্ধ। ইয়েমেনে পাঁচ বছরেরও অধিক সময় ধরে যুদ্ধ চলছে।

সূত্র- গার্ডিয়ান।

উহানের সব মানুষের করোনা টেস্ট শেষ, মাত্র ৩০০ জন শনাক্ত!

0

করোনাভাইরাসের উৎপত্তি শহর চীনের উহান। টানা কয়েক মাসের প্রচেষ্টায় শহরটির সংক্রমণ নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছিল চীনা কর্তৃপক্ষ। তবে কিছুদিন যেতে না যেতেই শহরটিতে নতুন করে কভিড-১‌৯ রোগী শনাক্ত হয়। ফলে উপসর্গহীন করোনা বাহকদের চিহ্নিত করতে শহরের সব মানুষের করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশাল সেই কর্মযজ্ঞ শেষ হয়েছে।

গেল দু সপ্তাহে উহান শহরের সব বাসিন্দার অর্থাৎ, প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেখানে মাত্র ৩০০ উপসর্গবিহীন রোগী শনাক্ত হয়েছে। সব নাগরিকের করোনা পরীক্ষার ফলে শহরটিতে নতুন করে করোনা সংক্রমণের ঝুঁকি নেই বললেই চলে।

মঙ্গলবার উহানের একজন কর্মকর্তা এপিকে বলেছেন যে, ‘১৪ ই মে থেকে ১ জুন পর্যন্ত এই শহরটি সব বাসিন্দা পরীক্ষা সম্পন্ন করেছে। পজিটিভ হওয়া ৩০০ জন ব্যক্তি সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ যাদের ছিল তাদের মাঝে কোনো সংক্রমণ না পেলে শহরটিকে সম্পূর্ণ করোনামুক্ত ঘোষণা করা হবে। আপাতত এই ৩০০ জনকে আলাদা করে রাখা হবে যাতে তাদের মাধ্যমে অন্যদের মাঝে সংক্রমণ ছড়াতে না পারে।’

এটাকে বড় সাফল্য উল্লেক করে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সহকারি পরিচালক ফেং জিজিয়ান বলেন, ‘এটি কেবল উহানের জনগণকে স্বস্তি দেবে না, বরং এটি চীন জুড়েই মানুষের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে।’

পরীক্ষার জন্য গঠিত বিশেষজ্ঞের একটি টিমের সদস্য লি লানজুয়ান বলেন, ‘আগের পরীক্ষিতদের যদি নতুনদের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় তবে ১ কোটি ১০ লাখ লোকের শহরে কার্যত ৫ বছরের বেশি বয়সের প্রত্যেকেরই পরীক্ষা করা হয়েছে। উহান শহর এখন নিরাপদ।’

চীনে যে পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে তার শতকরা ৮০ ভাগ উহান শহরের। ভারত ইন্দোনেশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মত উন্নত দেশগুলো এখনো যাদের মধ্যে লক্ষণ আছে শুধু তাদের করোনা পরীক্ষা করাচ্ছে।

সূত্র- ফক্স নিউজ।