Home Blog Page 2909

রাশিয়ার সঙ্গে শক্তিশালী সামরিক-প্রযৌক্তিক সম্পর্ক চায় পাকিস্তান

0

রাশিয়ার সঙ্গে শক্তিশালী সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা গড়ে তুলতে চায় পাকিস্তান। রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত শফকত আলী খানের বরাতে এ তথ্য জানিয়েছে বুলগেরিয়ান মিলিটারি ডটকম।

রাষ্ট্রদূত বলেন, রুশ-পাকিস্তান সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার বর্তমান স্তর নিয়ে সন্তুষ্ট পাকিস্তান, তবে এই সহযোগিতা আরো বাড়িয়ে তুলতে চায় ইসলামাবাদ।

গত ৫-১০ বছরে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে জানিয়ে শফকত আলী বলেন, ‘আমরা এই সম্পর্কের আরো উন্নয়নের প্রত্যাশায় রয়েছি। অবশ্যই অস্ত্র ক্রয় এবং বিতরণ এই সম্পর্কের অঙ্গ। এটি একটি চলমান প্রক্রিয়া, তবে আমি আশ্বাস দিতে পারি যে আমরা যে পরিমাণ সহযোগিতা পেয়েছি তাতে সন্তুষ্ট।

তবে ইসলামাবাদের এখানে থামার ইচ্ছা নেই জানিয়ে এই কূটনীতিক বলেন, ‘আমরা এগিয়ে যেতে চাই এবং আমরা নিশ্চিত যে এটি সঠিক পন্থা। উভয় দেশের শীর্ষস্থানীয় ব্যবস্থাপনার রাজনৈতিক সমর্থন রয়েছে। আমরা নিশ্চিত যে অন্যদের মতো এই ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।’

উল্লেখ্য, রাশিয়া ও পাকিস্তান ২০১৪ সালের নভেম্বরে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই মুহুর্তে, মস্কো পাকিস্তানকে এমআই -৩৫ অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করেছে। এছাড়াও ২০১৭ সালে পাকিস্তানি উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা রাশিয়ান টি -৯০ ট্যাংক, বৈদ্যুতিক সরঞ্জাম এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে তাদের আগ্রহের কথা ঘোষণা করেছিলেন।

সূত্র- বুলগেরিয়ান মিলিটারি।

‘রেড জোন’ থেকে অফিসে আসতে হবে না

0

করোনা সংক্রমিত এলাকা ‘রেড জোন’ থেকে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসতে নিষেধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে, ২৫ শতাংশ বাসা থেকে অনলাইন ও মোবাইলে যুক্ত হয়ে কাজ করছে। বাকি ৫০ শতাংশ রিজার্ভ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কেউ আসবেন না। বের হলে আক্রান্ত হবেন। বাড়তি সতর্কতার সঙ্গে আমরা কাজ করছি।

সচিবালয়ে অনেক ডিসিপ্লিনের মধ্য দিয়ে কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিসিপ্লিনগুলো অভ্যাসে পরিণত করতে হবে। অর্থনীতি ঠিক রাখতে হবে, কাজও করতে হবে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল প্ল্যাটফর্ম করেছে সেগুলোর যথোপযুক্ত ব্যবহার করে কাজ করছি। সব কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরকে আমরা রেড জোন বলছি। আবার ঢাকারও পুরোটা রেড জোন হয়তো হবে না। এখানে সংক্রমণের হার কম-বেশি রয়েছে। রেড জোনকেও ছোট ছোট এলাকায় ভাগ করা হবে। তা নাহলে কার্যক্রম থমকে যাবে।

করোনার রেড জোন থেকে যাতে অফিস না করে সেজন্য কর্মকর্তাদের অনলাইনে যুক্ত হয়ে কাজ করতে বলা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ম্যাপিং করা হচ্ছে। রেড, ইয়োলো ও গ্রিন জোন থাকবে। সেখানে প্রতিদিনকার ডাটা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত এক নির্দেশনায় জানিয়েছে, সকাল বেলায় অফিসে এসে কোনো কর্মকর্তা যদি দুই ঘণ্টায় কাজ শেষ করতে পারেন, তাহলে কাজ শেষেই তিনি চলে যেতে পারবেন। বিকেল ৫টায় অফিস ছুটির জন্য তাকে অপেক্ষা করতে হবে না। কেউ অফিস থেকে চলে গেলে ওই দপ্তরে তার জায়গায় অন্য কেউ অফিসে আসতে পারবেন।

সিএমএইচে ভর্তি প্রধান বিচারপতি

0

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। দু’দিন আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন।

মোহাম্মদ সাইফুর রহমান এক বিবৃতিতে বলেন, পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমএইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণে রাখা হয়। গত দু’দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

বিবৃতিতে আরো বলা হয়, গত দু’দিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত একশ ফাইলে স্বাক্ষর করেছেন। সুতরাং প্রধান বিচারপতির স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, নিয়মিত শারীরিক চেকআপের জন্য গত মে মাসে প্রধান বিচারপতির ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে তিনি ব্যাংকক যেতে পারেননি। এ অবস্থায় তার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন।

মরদেহে তিন ঘণ্টা পর করোনার কার্যকারিতা থাকে না

0

করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীরে তিন ঘণ্টা পর আর ভাইরাসের কার্যকারিতা থাকে না। পারিবারিক কবরস্থানেই দাফন করা যাবে।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে মৃতব্যক্তির লাশ দাফন সম্পর্কে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, এটা প্রমাণিত হয়নি মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির দেহে করোনাভাইরাস ছড়িয়েছে। মৃতদেহ সৎকার করতে ৩-৪ ঘণ্টা সময় লেগেই যায়। ৩ ঘণ্টা পরে এই ভাইরাসের আর কার্যকারিতা থাকে না মৃতব্যক্তির শরীরে। সেজন্য মৃতদেহ থেকে ভাইরাস ছড়ানোর কোনো সম্ভাবনা নেই।’

নাসিমা সুলতানা বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর মৃতদেহের সৎকার যেকোনো জায়গায় করা যাবে। মুসলিম ধর্মাবলম্বীরা গোরস্থানে কিংবা পারিবারিক কবরস্থানে মৃতদেহ দাফন করতে পারবেন। অন্য ধর্মাবলম্বীরাও তাদের বিধি অনুযায়ী যেকোনো জায়গায় মৃতদেহের সৎকার করতে পারবেন।

তিনি বলেন, ‘করোনায় মৃত ব্যক্তির দাফন, সৎকার বা ব্যবস্থাপনার নির্দেশনা স্বাস্থ্য সেবা অধিদফতরের (ডিজিএইচএস) ওয়েবসাইটে রয়েছে। তবুও বিশেষভাবে সবার অবগতির জন্য বলতে চাই, মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী সতর্কতা অবলম্বন করে দাফন বা সৎকার করা যায়।’

অতিরিক্ত মহাপরিচালক বলেন, নিয়ম অনুযায়ী মৃতদেহের সব আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ বা তা না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে দাফন করা যাবে। শুধু করোনায় মৃত হিসেবে আলাদা কোনো কবরস্থান নির্দিষ্ট করার দরকার নেই। পারিবারিক কবরস্থানেই এই মৃতদেহ দাফন করা যাবে এবং অন্য ধর্মের জন্য সৎকার করা যাবে।

বন্ধই থাকছে সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন

0

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগামী ১৫ জুন পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার মন্ত্রণালয়ের আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগামী ১৫ জুন পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।

আদেশে আরো বলা হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন। বর্ণিত সময়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাদের নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা

0

আন্তর্জাতিক এয়ারওয়েজের সিদ্ধান্ত পর্যবেক্ষণের পরে আন্তর্জাতিক রুটে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বুধবার এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

করোনভাইরাস মহামারিজনিত কারণে অর্থনৈতিক সঙ্কটে বিমান সংস্থাগুলোকে সহায়তা করার জন্য পদক্ষেপও গ্রহণ করেছে মন্ত্রণালয়। ডিসেম্বর অবধি দেশীয় বিমান সংস্থাগুলোর জন্য বিমানের চার্জের শতভাগ মওকুফ এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য ৫০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।

ভোক্তা অধিকারের শাহরিয়ার করোনামুক্ত

0

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার করোনা থেকে সুস্থ হয়েছেন।

আজ বুধবার গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও পিঠে ব্যথা অনুভব করছেন তিনি। একই সঙ্গে ফুসফুস সংক্রমণের চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।

এর আগে গেলো ১৩ মে প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হন শাহরিয়ার। এরপর ২৬ মে দ্বিতীয় পরীক্ষায় আবারও পজিটিভ ফলাফল আসে তার। একই সঙ্গে ফুসফুসে ২০ শতাংশ সংক্রমণও ধরা পড়ে।

৬ জুন থেকে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান

0

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নগরবাসীর সুরক্ষায় ও এডিসের লার্ভা ধংশে আগামী ৬ জুন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে বিশেষ (চিরুনি) অভিযান শুরু হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত ডিএনসিসির প্রথম কর্পোরেশন সভায় তিনি একথা বলেছেন।

আজ বুধবার বেলা এগারটায় মিরপুর মাজার রোডে অবস্থিত ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে মেয়র বলেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যেন গত বছরের মতো ভয়াবহ রূপ নিতে না পারে সেইজন্য আমি আগে থেকেই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। ১০ মে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গতকাল পর্যন্ত ৪ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। কোথাও জমে থাকা পানি বা এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া গেলে, সেটি যদি সরকারি প্রতিষ্ঠানও হয়, সেখানে আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

তিনি বলেন, ‘আগামী ৬ জুন থেকে প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু করা হবে। অন্তত আগস্ট পর্যন্ত প্রতিমাসে ১০ দিনব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করা হবে।’ এসময় নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে বিনামূল্যে ডিএনসিসি এলাকার ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্য কেন্দ্রে ১১ মে থেকে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।

মশক নিধন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ইতিমধ্যে দুটি অ্যাপ প্রস্তুত করা হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘একটি অ্যাপের মাধ্যমে ডিএনসিসি এলাকার এডিস মশার লার্ভা পাওয়া সকল বাড়ি বা স্থাপনার ছবিসহ তথ্য সংরক্ষণ করা হবে। যা পরবর্তীতে মনিটরিংয়ের কাজে ব্যবহৃত হবে।

করোনা মোকাবেলা প্রসঙ্গে মেয়র বলেন, ‘করোনাকালে ডিএনসিসি এক দিনের জন্যও বন্ধ থাকেনি। প্রতিদিন ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীগণ অক্লান্ত পরিশ্রম করে যাছে। মেয়র পদে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করার আগে থেকেই এ মহাদুর্যোগের সময়ে আমিও নগরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। সিটি কর্পোরেশনের কর্মীদের পাশে থেকে তাদেরকে অনুপ্রেরণা যোগানোর মাধ্যমে এবং ডিএনসিসির সাথে সমন্বয় করে আমি নগরবাসীর জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করেছি। এই দুর্যোগের সময়ে নগরবাসীর জীবনযাপন স্বাভাবিক রাখতে আপনাদের সাথে নিয়ে এই প্রচেষ্টা চলমান থাকবে।’

জলাবদ্ধতা প্রসঙ্গে মেয়র বলেন, বর্ষাকালে রাস্তায় যেন পানি না জমে সেই জন্য নগরীর ড্রেন, খাল পরিষ্কার এবং খনন করা হয়েছে। ইতিমধ্যে কালশি খাল খনন করা হয়েছে। আশকোনা এলাকায় সিভিল এভিয়েশনের এডি-৮ খাল খনন শুরু করে দেয়া হয়েছে। এ ছাড়া বনানী প্রধান সড়ক ও উত্তরা ৪ নম্বর সেক্টরের জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে।’

এ সময় প্রতি মাসে একবার ফেসবুক লাইভের মাধ্যমে নগরবাসীর অভিযোগ, চাওয়া-পাওয়া, সমস্যা ইত্যাদি নিয়ে সরাসরি কথা বলার জন্য তিনি কাউন্সিলরদের আহবান জানান তিনি।

এর আগে সভার শুরুতেই মৃত্যুবরণকারী সাবেক মেয়র আনিসুল হক, প্যানেল মেয়র ওসমান গণি এবং ওয়ার্ড কাউন্সিলরদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর সাইদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

সকল আদালতে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম রাখার নির্দেশনা চেয়ে রিট

0

করোনাকালীন সময়ে বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দেশের সকল আদালত প্রাঙ্গণে থার্মাল স্ক্যানার স্থাপন, প্রতিটি আদালত কক্ষের সামনে রিমোট থার্মোমিটার, পর্যাপ্ত স্যানিটাইজার, সাবানসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। রিট আবেদনে সারা দেশে আদালত পরিচালনায় স্বাস্থ্যবিধি প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার আজ বুধবার বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের অনুমতি নিয়ে এই রিট আবেদনটি দাখিল করেন।

রিট আবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বার কাউন্সিল সচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে বিবাদি করা হয়েছে।

এর আগে করোনাকালীন সময়ের জন্য দেশের প্রতিটি আদালতের প্রবেশ ও বাহির পথে জীবাণুনাশক উপকরণের ব্যবস্থা রাখতে গত ১৬ মে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আবেদন করেন তারা। কিন্তু সে আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা না নেওয়ায় রিট আবেদন করা হলো বলে জানান সংশ্লিষ্টরা।

রিট আবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে অসংখ্য আইনজীবী ও কোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন, কেউ কেউ মারাও গিয়েছেন। বিচারকগণও এর থেকে মুক্ত নন। আগামী ১৫ জুন কোর্ট খুলে গেলে লাখ লাখ বিচারপ্রার্থী আদালত প্রাঙ্গণে উপস্থিত হবেন। ফলে দেশের কোর্ট প্রাঙ্গণই হয়ে যেতে পারে করোনার নতুন হট স্পট। আদালত প্রাঙ্গণ থেকে করোনা সারা দেশে প্রবল বেগে ছড়িয়ে পড়তে পারে। তাই আদালত খোলার আগেই দেশের সকল আদালত প্রাঙ্গণে থার্মাল স্ক্যানার স্থাপন, প্রতিটি আদাল কক্ষের সামনে রিমোট থার্মোমিটার, পর্যাপ্ত স্যানিটাইজার, সাবান এবং হাত ধোয়ার উপকরণ সরবরাহ করা প্রয়োজন। এছাড়াও সারাদেশে আদালত পরিচালনায় স্বাস্থ্যবিধি প্রণয়নের প্রয়োজন।

অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু কিছু পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া যাচ্ছে। বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএ ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (৩ জুন) সকালে এক ভিডিও কনফারেন্সে তিনি গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসনকে এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, বেশ কিছু অভিযোগ আমরা পাচ্ছি। আমি প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ করছি ওই সকল এলাকায়। অর্ধেক বা তার চেয়ে কম যাত্রী নিয়েও পরিবহন চলছে। আমি যাত্রীদেরকেও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে টার্মিনাল এবং বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের কেন্দ্র।

তিনি বলেন, আমি মালিক-শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করছি, অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা গ্রহণের জন‌্য আমি বিআরটিএর সংশ্লিষ্টদের নির্দেশনা দিচ্ছি।

স্বাস্থ‌্যবিধি প্রসঙ্গে তিনি বলেন, দুঃখজনক হলেও কিছু কিছু মানুষ স্বাস্থ‌্যবিধি মানতে শৈথিল‌্য প্রদর্শন করছে, যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এতে আক্রান্তের সংখ‌্যাও বাড়ছে। এ অবহেলা নিজের জন‌্য শুধু নয়, পরিবার, সমাজ তথ‌া অন‌্যদের জন‌্যও ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। মানুষ সচেতন না হলে জনস্বার্থে এবং জনস্বাস্থ‌্য রক্ষায় সরকার আরো কড়াকড়ি, আরো কঠোর হতে বাধ‌্য হবে।

তিনি বলেন, জনগণের ঘনত্ব, সংক্রমণের মাত্রা, রোগীর সংখ‌্যা, পার্শ্ববর্তী এলাকায় যোগাযোগ ব‌্যবস্থা, টেস্ট ফ‌্যাসিলিটি, চিকিৎসা সুবিধাসহ নানা বিষয় এর সাথে জড়িত। বিস্তারিত পরিকল্পনা পাওয়া গেলে যাচাই-বাছাই করে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সংকট সমাধানে বিরোধী দলগুলো নানামুখী উদ‌্যোগ নিয়েছে। করোনা তহবিল গঠন, ত্রাণ কার্যক্রম, করোনা ক‌্যাম্প চালুসহ সরকারকে সহায়তা ইত‌্যাদি। আমরা সব রাজনৈতিক দলকে সরকারকে সহায়তা ও দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানিয়েছি। কিন্তু বিএনপি সার্কাসের হাতির মতো সমালোচনার বৃত্তেই আবর্তিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।