Home Blog Page 2910

নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা

0

জীবন-জীবিকার প্রশ্নে সরকার সাধারণ ছুটি তুলে দিয়ে স্বাস্থ‌্যবিধি মেনে সবধরনের কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। ফলে স্বাস্থ‌্য সচেতনতা বৃদ্ধিতে জনগণ, দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের পাঁচটি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, এখন জনগণের স্বাস্থ‌্য সচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের পাঁচটি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানিয়েছেন।

এগুলো হচ্ছে –

১) অফিস আদালত, দোকানপাট, ব‌্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র স্বাস্থ‌্যবিধি মেনে চলা ও সংক্রমণ রোধের কার্যপদ্ধতি অনুসরণ।

২) গণপরিবহনে চলাচলের সময় স্বাস্থ‌্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখা।

৩) জনসম্মুখে সব সময় মাস্ক পরিধান ও স্বাস্থ‌্যবিভাগের নির্দেশনা মেনে চলা।

৪) দলীয় নেতাকর্মীরা নিজেরা স্বাস্থ‌্যবিধি মেনে চলবেন এবং তা প্রতিপালনে জনগণকে সচেতন করবেন।

৫) স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনপ্রতিনিধিরা অঞ্চলভিত্তিক তদারকির মাধ‌্যমে সংক্রমণ রোধের পাশাপাশি স্বাস্থ‌্যসেবা নিশ্চিতকরণেও ভূমিকা রাখবেন। আপৎকালীন সময়ে স্বাস্থ‌্যবিধি মেনে অসহায়-দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

‘ঝুঁকিপূর্ণ এলাকার কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসতে হবে না’

0

করোনা ঝুঁকিপূর্ণ এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসতে হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

আজ বুধবার (০৩ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে বলেছি, ২৫ শতাংশের বেশি কর্মকর্তাদের অফিসে আসার দরকার নেই। বাকিরা বাসায় থেকে কাজ করবেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী যারা ঝুঁকিপূর্ণ এলাকা বা রেড জোনে বসবাস করেন তাদের আপাতত সচিবালয়ে আসার দরকার নেই।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরকে আমরা রেড জোন বলছি। আবার ঢাকারও পুরোটা রেড জোন হয়তো হবে না। এখানে সংক্রমণের হার কম বেশি রয়েছে। রেড জোনকেও ছোট ছোট এলাকায় ভাগ করা হবে। তা না হলে তো কার্যক্রম থমকে যাবে।

তিনি বলেন, কোথায় কতজন আক্রান্ত আছে সেটা ম্যাপিং করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একটি ম্যাপ জমা দিয়েছে। প্রতিদিন পরিস্থিতির সঙ্গে ম্যাপও পরিবর্তন হবে। আক্রান্ত পরিস্থিতি অনুযায়ী ম্যাপের বিভিন্ন এলাকা রেড হবে, ইয়োলো হবে, গ্রিন হবে। সফটওয়্যারটা রেডি। এখন ডিসিশনটা নিয়ে আজ-কালকের মধ্যে বাস্তবায়ন কাজ শুরু হয়ে যাবে।

অফিস চালু রাখার ক্ষেত্রে আরো কিছু দিক-নির্দেশনা বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগগুলোকে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, লিফটের বিষয়ে বলেছি, আপাতত লিফটে ওঠার দরকার নেই। এটা করছি যাতে আমরা সংক্রমণ ঝুঁকিটা রোধ করতে পারি। তবে অফিস চালাতে তাদেরও আমাদের প্রয়োজন। ভালো জায়গায় থাকেন-এমন কাউকে হয়তো আসতে বলা হচ্ছে। ঝুঁকিতে যারা আছেন আমরা তাদের ডাকছি না। এমনিতেই বয়স্ক, অসুস্থ ও সন্তানসম্ভবা নারীদের আসা নিষেধ।

প্রতিমন্ত্রী আরো বলেন, মানুষের মুভমেন্ট হলে করোনা সংক্রমণ আরও বাড়বে। বিভিন্ন স্টেজ আছে, আস্তে আস্তে ছড়াতে ছড়াতে শেষের দিকে হয়তো বেশি ছড়াবে। এর চেয়েও সামনে বাড়বে হয়তো। বেড়ে আবার নামা শুরু করবে।

তিনি বলেন, আমরা ১৫টি দিন দিয়েছি। আজ চতুর্থ দিন যাচ্ছে। প্রথম দিনের চেয়ে আরও কম সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিস করছি। আমাদের মেসেজটা অলরেডি সব জায়গায় পৌঁছে গেছে। অফিস টাইমটাও খুবই ফ্লেক্সিবল। যার যখন কাজ শেষ হবে দ্রুত চলে যাবে। যদি কেউ দুই ঘণ্টায় কাজ শেষ করতে পারে সে চলে যাবে। যদি না এসে বাসায় বসে করতে পারে করে দেবে। কোনো কিছু আটকাবে না। কিন্তু মুভমেন্টটা কম থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ফায়ার সার্ভিসের ১১৭ সদস্য করোনায় আক্রান্ত, এ পর্যন্ত সুস্থ ১৬

0

দিনে দিনে ফায়ার সার্ভিস ও সভিল ডিফেন্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। বাকিরা মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বলে সংশ্লষ্ট সূত্র জানিয়েছে।

তবে আক্রান্তদের মধ্যে ১৬ জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। বাকি ১০০ জনকে কোয়ারেনটিনে রাখা হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, অগ্নিদুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে পথমে কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাদের থেকে অন্যরা সংক্রমিত হয়েছেন বলে মনে করছেন তারা।

এখন পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ১৭ জন অধিদপ্তরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১১ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৭ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ৭ জন ডি.ই.পি.জেট ফায়ার স্টেশনের (সাভার), ৮ জন সাভার ফায়ার স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের, ১ জন ডেমরা ফায়ার স্টেশনের, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশনের, ২ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন পলাশী ফায়ার স্টেশনের, ১ জন বড়লেখা ফায়ার স্টেশনের (সিলেট), ১ জন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর), ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী) এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।

আক্রান্তদের মধ্যে ১০০ শয্যাবিশিষ্ট সৈয়দপুর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন, ৬ জনকে হোম কোয়ারেনটিনে রাখা হয়েছে এবং বাকিদের বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটিনে রাখা হয়েছ।

ফায়ার সূত্র আরো জানায়, এখন পর্যন্ত করোনা আক্রান্তদের সবাই ভালো আছেন। তাদের মধ্যে ১৬ জনের পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। এদিকে সদরঘাট ফায়ার স্টেশনের ৯ জনের মধ্যে ৯ জনই সুস্থ এবং অন্য সুস্থরা হলেন ২ জন অধিদপ্তরের, ২ জন সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১ জন কন্টোল রুমের ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ২ জন। আক্রান্ত অন্যদের উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

আয়ারল্যান্ডের ভিসা সহজিকরণের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

0

বাংলাদেশের আইটি বিষয়ে দক্ষ প্রায় ৬ লাখ নাগরিকের জন্য আয়ারল্যান্ডের ভিসা প্রক্রিয়া সহজিকরণের অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী গতকাল আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিমন কভেনের সাথে ফোনে আলাপকালে এ অনুরোধ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইটি খাতে দক্ষ প্রায় ৬ লাখ জনগোষ্ঠীকে আয়ারল্যান্ড সে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবে। এসময় তিনি তৈরি পোশাকখাতে বাংলাদেশের ক্রয়াদেশ বাতিল না করার জন্য আয়ারল্যান্ডের কম্পানিগুলোকে অনুরোধ করেন। বাংলাদেশের তৈরি পোশাকখাতে বিভিন্ন দেশের ক্রয়াদেশ বাতিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ড. মোমেন । তিনি বলেন, বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ বাতিলের কারণে বাংলাদেশে এ খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, যাদের অধিকাংশ নারী। এ বিষয়ে বিদেশি ক্রেতাদের দায়িত্বশীল আচরণের অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পূর্ণ মানবিক কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে অসাধারণ উদারতা দেখিয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় দেওয়া এ রোহিঙ্গাদের সংখ্যা আয়ারল্যান্ডের জনগোষ্ঠীর প্রায় এক চতুর্থাংশ। এ বিষয়ে আয়ারল্যান্ডের সহযোগিতার জন্য আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মিয়ানমার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের ক্ষেত্রে কোন অগ্রগতি না হওয়ায় ড. মোমেন গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, গত তিন বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমার ফেরত নেয়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের প্রতি চাপ সৃষ্টির জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ করেন। ড. মোমেন উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অন্যান্য দেশের উচিত রোহিঙ্গাদের দায়িত্ব নেওয়া। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আয়ারল্যান্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হলে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সিমন কভেনে জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রমে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন। তিনি এ বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

২৪ ঘণ্টায় আরো ৩৭ মৃত্যু, শনাক্ত ২৬৯৫

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪৬ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন।

আজ বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এঁরা ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪৬ জনের।

জানানো হয়, নতুন যে ৩৭ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের দুইজন এবং খুলনা বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাসায় পাঁচজন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১০৩টি। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৫১০টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে দুই হাজার ৬৯৫ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে তিন লাখ ৪৫ হাজার ৫৮৩টি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ল্যাবে বিশেষ কারণে করোনা শনাক্তে আর নমুনা পরীক্ষা কার্যক্রম চালাবে না। এ ছাড়া জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের ল্যাবে কারিগরি সমস্যার কারণে পরীক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয়নি। এ কারণে গত ২৪ ঘণ্টায় দেশের ৫০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান ডা. নাসিমা।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৩৯৫ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ছয় হাজার ৪৯৮ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৫৪৪ জন।

বুলেটিনে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে মোট আইসোলেশন সংখ্যা ১৩ হাজার ২৮৪টি। বর্তমানে ঢাকা মহানগরীতে সাত হাজার ২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪টিতে। এ ছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০টি ও ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরো ২০০টি আইসোলেশন শয্যা প্রস্তুতির কাজ চলছে।

এ ছাড়া রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মিত বসুন্ধরা করোনা হাসপাতালে কার্যক্রম শুরু হয়েছে। এখানে দুই হাজার শয্যা প্রস্তুত করা হয়েছে।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৪২৮ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ১৪৫ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট দুই লাখ ৯২ হাজার ৮১৩ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৯৮৫ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৭ হাজার ৮২৮ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৭৭ হাজার ৬৬টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে ৯২ লাখ ৫০ হাজার ৫৭৭ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো পাঁচজন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ২৫৮ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় সিআইডির মামলা

0

লিবিয়ায় মানবপাচার ও ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানীর পল্টন থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এবং হত্যার অভিযোগে মামলাটি (নং-০১) দায়ের করা হয়। মামলায় ৩৮ জনকে আসামি করা হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে সিআইডির উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি হিসেবে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানবপাচার চক্র। এ ছাড়া গুলিতে ১১ বাংলাদেশি মারাত্মক আহত হন। ওই ঘটনায় গত সোমবার (১ জুন) ভোরে মানবপাচারকারীচক্রের অন্যতম হোতা কামাল উদ্দিন ওরফে হাজি কামালকে (৫৫) গ্রেপ্তার করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। তাঁর কাছ থেকে ৩১টি পাসপোর্ট উদ্ধার করা হয়। ওই পাসপোর্টগুলোর মালিকদের তিনি লিবিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিলেন।

এর আগে একই ঘটনায় মাদারীপুরের রাজৈর থানায় দুটি, মাদারীপুর সদর থানায় একটি ও কিশোরগঞ্জের ভৈরব থানায় একটিসহ মোট চারটি মামলা করেন নিহতদের অভিভাবকরা। ভৈরবে দায়ের মামলার প্রধান আসামি তানজিরুলের ভাই বাচ্চুকে আটক করে পুলিশ। মাদারীপুর সদর থানার মামলার আসামি দিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া রাজৈর থানার ওসি শওকত জাহান জানান, রাজৈর থানায় দুটি মামলায়ই দালাল জুলহাসকে আসামি করা হয়েছে। জুলহাস করোনা পজিটিভ হওয়ায় পুলিশি হেফাজতে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন।

রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ হতে পারে চার সিটি

0

দেশ সর্বোচ্চ করোনাঝুঁকির দিকে এগোতে থাকায় এবং বড় শহরগুলোতে আক্রান্তের হার বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ক্ষেত্রে নতুন কৌশল নিতে যাচ্ছে সরকার। এই শহরগুলোতে নতুন নিয়মে ‘লকডাউনের’ বিষয়টি ভাবা হচ্ছে। নগরীর মেয়ররা চাচ্ছেন, এই চার সিটিতে যাতে অন্য জেলার মানুষ আসা-যাওয়া করতে না পারে তা সরকারকে নিশ্চিত করতে হবে। প্রতিটি সিটি এলাকায় আলাদাভাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। ফলাফল দেখে ঝুঁকির মাত্রা বিবেচনায় সিটিগুলোতে ওয়ার্ডভিত্তিক রেড ইয়েলো গ্রিন জোন করা হতে পারে।

গত সোমবার তিন মন্ত্রী, চার মেয়রসহ সরকারের কয়েকজন ঊর্ধ্বতন সচিবের মধ্যে অনুষ্ঠিত বিশেষ একটি বৈঠকে এ আলোচনা হয়। আগামী দুই দিনের মধ্যে এ পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলছে।

জোন ভাগ হতে পারে যেভাবে
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কয়েক কোটি মানুষের বাস। এই শহরগুলোতে আন্ত জেলার পরিবহন বন্ধ না করে সংক্রমণ রোধে ওয়ার্ডভিত্তিক রেড, ইয়েলো এবং গ্রিন জোন ভাগ করা হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৈঠকে এ বিষয়ে রূপরেখা হিসেবে বলা হয়েছে, যারা করোনায় আক্রান্তের টেস্ট দিচ্ছে সেখানে ওই ব্যক্তির সব তথ্য থাকে। টেস্টে যারা পজিটিভ হবে তাদের তথ্য রোগী নিজে জানার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যানদের জানিয়ে দেওয়া হবে। তখন ওয়ার্ডভিত্তিক রোগীর সংখ্যা হিসাব করে জোন ঠিক করা হবে। যেসব এলাকায় রোগী দ্রুত বৃদ্ধির চিত্র দেখা যাবে সেসব এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত হবে। এভাবে দেশের অন্য কোথাও যদি রোগীর সংখ্যা বেড়ে যায়, সেখানেও একই পদ্ধতি জোনিং হবে।

মেয়রদের একজন বলেন, কাদের স্বার্থে গার্মেন্ট খোলা হয়েছিল, কাদের পরামর্শে ঈদের পর তড়িঘড়ি করে সব খুলে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা দরকার। এসব সিদ্ধান্ত সরকারের বিপক্ষে গেছে বলে তিনি মনে করেন। বৈঠকে উপস্থিত আরেকটি সূত্রের মতে, এখনো ১৫ থেকে ৩০ দিনের কড়া লকডাউনে গেলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে একাধিক জনপ্রতিনিধি মত প্রকাশ করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মন্ত্রণালয়ের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান খান গতকাল বলেন, ‘সোমবারের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের আলোকে বিশেষজ্ঞরা কাজ শুরু করেছেন। তাঁরা উচ্চ ঝুঁকির শহরগুলোর বিভিন্ন এলাকায় আক্রান্তের হিসাব অনুযায়ী জোনভিত্তিক চিত্র পর্যালোচনা করছেন। শিগগিরই তাঁদের দেওয়া সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এনবিআর কর্মকর্তা মারা গেলেন করোনায়

0

করোনা সংক্রমণে জাতীয় রাজস্ত বোর্ডের (এনবিআর) রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার মৃত্যুবরণ করেছেন।

আজ বুধবার (৩ জুন) ভোরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন। জসীম চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত ছিলেন বলে জানান তিনি।

এদিকে, এনবিআরের তথ্য কর্মকর্তা জসীমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ)। সংগঠনের পক্ষ থেকে এক শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

করোনার মাঝেও বাড়ছে সড়ক দুর্ঘটনা

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত মে মাসে সারা দেশে ১৩০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফাঁকা সড়ক ও মহাসড়কে বেপরোয়া গতির কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে। কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, ‘৯০ শতাংশ দুর্ঘটনার বড় কারণ চালকের বেপরোয়া গতি। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা দুর্ঘটনা ঘটান। সাধারণ ছুটির সময়ে সড়ক ও মহাসড়কে পুলিশের তৎপরতা কম থাকায় দুর্ঘটনা বেড়েছে।’

নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন গত শুক্রবার রাত ১২টায়। তার আগের দিন রাজধানীর মিন্টো রোডে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান দুজন। ২৭ মে দিনাজপুর-রংপুর মহাসড়কে ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত হন দুজন। একই দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যান আপন দুই ভাই। একই দিন ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিক্যাল কলেজের শিক্ষার্থীসহ দুজন নিহত হন। ২৬ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় দুই রিকশাচালক নিহত হন। একই দিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজন মারা যান। গত ২২ মে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকে যাত্রী পরিবহন করা হচ্ছিল। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঈদের ছুটিতে রডবোঝাই ওই ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে ঢাকা থেকে রংপুরে যাচ্ছিলেন যাত্রীরা।

এদিকে গত ২০ মে বেতনের টাকা তুলে বাড়ি ফেরার পথে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পিকআপের ধাক্কায় লাশ হন এক মোটরসাইকেল আরোহী। একই দিন নরসিংদীর রায়পুরায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের গাড়ির সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান মন্ত্রী। ১৯ মে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হন। সিরাজগঞ্জ, মৌলভীবাজার, যশোর, ঝালকাঠি, নাটোর, টাঙ্গাইল ও গাজীপুরে এসব দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্যানুসারে, স্বাভাবিক সময়ে দেশে দিনে গড়ে ১০টি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দিন তার চেয়েও বেশি দুর্ঘটনা ঘটে।

প্রকাশিত সংবাদের তথ্য থেকে জানা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। এ ছাড়া করোনাকালে মে মাস জুড়ে মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকা সত্ত্বেও দুর্ঘটনা ঘটতে থাকে। এসব দুর্ঘটনার পেছেনে ছিল ট্রাক, পিকআপ, প্রাইভেট কার ও মাইক্রোবাস।

প্লাজমা থেরাপি নিয়েছেন মোহাম্মদ নাসিম

0

করোনাভাইরাসে আক্রান্ত রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী জানান, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।

এর আগে, গতকাল সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ভাইরাস ধরা পড়ে। সেখানে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দিন আহমদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছে।