Home Blog Page 2912

আগুনে ৫ রোগীর মৃত্যু : ইউনাইটেড কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

0

রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ৫ জন রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ জুনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে ওই ঘটনা সম্পর্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশের মহাপরিদর্শকের বক্তব্য একইসময়ের মধ্যে জানাতে বলা হয়েছে।

এদিকে আদালত বলেছেন, ক্ষতিপূরণের জন্য ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য হাইকোর্টে আবেদন করলে সে বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে করা এক রিট আবেদনের ওপর শুনানি শেষে আজ মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ব্যারিস্টার শাহিদা সুলতানা শিলার করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ একটি অস্থায়ী আইসোলেশন সেন্টার তৈরি করে। মূল ভবনের পাশে অস্থায়ী ভিত্তিতে এটি তৈরি করা হয়। তবে আইসোলেসন সেন্টারে রোগীদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয় বলে স্বজনদের অভিযোগ।

গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনের সূত্রপাট ঘটে। ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ছিলেন চারজন পুরুষ এবং একজন নারী। মৃত ব্যক্তিরা হলেন মো. মাহবুব (৫৭), মো. মনির হোসেন (৭৫), ভেরুন এ্যান্থনী পল (৭৪), খাদেজা বেগম (৭০) এবং রিয়াজুল আলম লিটন(৪৫)।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশীষ বর্ধনের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি ঘটনাস্থর পরিদর্শন করেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশিষ বর্ধন বলেন, আইসোলেসন সেন্টারে রোগীদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়েছিল। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। যারা মারা গেছেন তারা ঠিক সানশেডের নিচে মারা গেছেন। আগুনের সময় করোনা রোগীরা খুবই অসহায় ছিল। তবে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে ওই ঘটনায় গুলশান থানায় একটি ‘অপমৃত্যু’র মামলা করেছে বলে জানা গেছে।

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯১১

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৭০৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৯১১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২ হাজার ৪৪৫।
আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৯০৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৭০৪টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও ২ হাজার ৯১১ জনের দেহে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৪৪৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৭০৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫২৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ১২০ জনে।
তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া এ করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৬৪ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার। তবে সোয়া ২৯ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

ভার্চুয়াল একনেকে করোনা মোকাবিলায় ২টি সহ ১০ প্রকল্প অনুমোদন

0

দেশব্যাপী মহামারি আকার ধারণ করেছে নভেল করোনা ভাইরাস। এই মহামারির মধ্যেই প্রায় আড়াই মাসের বেশি সময় পরে সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশের ইতিহাসে প্রথম ভার্চুয়াল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নভেল করোনা ভাইরাস মোকাবেলায় ২টি প্রকল্পসহ ১৬ হাজার ২৭৬ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে মোট দশটি প্রকল্প অনুমোদন হয়েছে।
আজ মঙ্গলবার (০২ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।
গণভবন থেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
একনেক সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে একটি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে দুইটি, কৃষি মন্ত্রণালয়ের অধীনে দুইটি প্রকল্প এবং পানি সম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে একটি করে প্রকল্প অনুমোদন পায়।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুইটি প্রকল্প যথাক্রমে ১ হাজার ১২৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ‘CoVID – 19 Emergency Response and Pandemic Preparedness’ প্রকল্প ও ১ হাজার ৩৬৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ‘COVID – 19 Response Emergency Assistance ‘ প্রকল্প, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৬ হাজার ৮৪৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প-৩য় পর্যায়’ প্রকল্প, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৩ হাজার ১২৮ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৭ম পর্যায়’ প্রকল্প, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে ১ হাজার ৫৮৭ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ( রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) ( ১ম সংশোধিত)’ প্রকল্প এবং ১ হাজার ২৩৭ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) (১ম সংশোধিত প্রকল্প)’ প্রকল্প।
কৃষি মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে ৫৬ কোটি টাকা ব্যয়ে ‘কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্প এবং ৬০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মানসম্পন্ন মসলা বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪৭৫ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ‘সাতক্ষীরা জেলার পোল্ডার ১, ২, ৬-৮ এবং ৬-৮: ( এক্সটেনশন) এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩৯৪ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ‘দাশেরকান্দি পয় শোধনাগার (১ম সংশোধিত) প্রকল্প।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ অংশগ্রহণ করেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

হজ নিয়ে ১৫ জুনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে : প্রতিমন্ত্রী

0

করোনাভাইরাসের সংক্রমণ কমায় ধীরে ধীরে খুলে দেয়া হচ্ছে পবিত্র কাবা ও মসজিদে নববী। যে কারণে পবিত্র হজ অনুষ্ঠান নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কমে আসছে। এ বিষয়ে ১৫ জুনের মধ্যে দেশটির সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে পবিত্র হজের কেন্দ্রবিন্দু সৌদি আরবের পবিত্র কাবা এবং মসজিদে নববী সাধারণ মুসুল্লিদের জন্য বন্ধ রেখেছিল সৌদি সরকার। দুই মাসের বেশি সময় পর তা আবার সীমিত আকারে খুলে দিয়েছে বলে জেনেছি। আমরাও আসন্ন হজের জন্য নিবন্ধনসহ সব ধরণের প্রস্তুতি নিয়ে বসে আছি।
করোনার কারণে এতদিন বন্ধ ছিল সৌদি আরবের বিভিন্ন কার্যক্রম। দেয়া হয়েছিল কঠোর লকডাউন, সঙ্গে ছিলো কারফিউ। এতে পবিত্র হজ অনুষ্ঠানে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে ধীরে ধীরে সৌদিতে কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে সৌদিতে রবিবার থেকে মক্কা ছাড়া অন্য শহরগুলোর মসজিদে নামাজ আদায়ের অনুমতি মিলেছে। দেশটিতে একই সঙ্গে চালু হচ্ছে অভ্যন্তরীণ বাস, ট্রেন ও বিমান চলাচলও।
শেখ মো. আবদুল্লাহ বলেন, এই বছর বাংলাদেশসহ বহির্বিশ্বের হজযাত্রীরা হজ পালন করতে পারবে কিনা তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। সব বিষয় বিবেচনা করে সে সিদ্ধান্ত নেবে সৌদি সরকার। আমরা আসা করছি এ ব্যাপারে তারা আগামী ১৫ জুনের মধ্যে আমাদের সিদ্ধান্ত জানাবে। তাদের সিদ্ধান্ত পাওয়া মাত্রই বাংলাদেশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।

গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

0

যুক্তরাজ্য অনুষ্ঠেয় গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদেশের সরকারের উদ্যোগে আয়োজিত আগামী ৪ জুন অনলাইনে এই সামিট অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২ জুন) এক বার্তায় ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন লিখেছে, গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছি। জনস্বাস্থ্যের জন্য ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এমনকি কভিড-১৯ মোকাবিলার চেয়েও বেশি।

অনলাইনে অনুষ্ঠেয় এই সামিটে বিশ্বের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সামিটে করোনা মোকাবিলায় ভ্যাকসিন নিয়েও আলোচনা প্রাধান্য পাবে।

সামিটে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরইমধ্যেই আমন্ত্রণ জানায় যুক্তরাজ্য। দেশটির ফরেন অফিস জানায়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই-গ্যাভি) তহবিল সংগ্রহের অংশ হিসেবে সারা বিশ্ব একযোগে কাজ করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করা হয়েছে।

২০২৫ সালের মধ্যে আরো ৩০০ মিলিয়ন শিশুর ভ্যাকসিন দান ও আট মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করবে গ্যাভি।

বিদেশফেরত প্রবাসীরা বিমানবন্দরে পাচ্ছেন না ৫ হাজার টাকা

0

করোনায় উদ্ভুত পরিস্থিতিতে কর্মহীন হয়ে দেশে ফেরত আসা প্রবাসীদেরকে নগদ টাকা এবং সুরক্ষা সামগ্রী দেয়া বন্ধ করে দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। চলতি মাসের ১ জুন থেকে প্রবাসীকল্যাণ মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ হাজার টাকাসহ প্রত্যেক কর্মীকে প্রয়োজনীয় সংখ্যক মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার দেওয়া হয়। দেশে লকডাউন চলাকালীন করোনার প্রভাবে ফেরত প্রবাসীকর্মীদের জনপ্রতি ৫ হাজার টাকাসহ সুরক্ষা সামগ্রী বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ৩১ মে ২০২০ পর্যন্ত বিতরণ করা হয়। ০১ জুন ২০২০ দেশে লকডাউন তুলে নেয়ায় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নগদ টাকা বিতরণ বন্ধ করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের প্রভাবে যারা দেশে ফেরত আসছেন, এমন প্রবাসীদের বাড়ি ফেরার জন্য ৫ হাজার করে টাকা সহায়তা দিয়েছিল মন্ত্রণালয়। এছাড়াও তারা যেনো দেশে ফিরে কিছু করতে পারেন, সেজন্য সহজ শর্তে ও কম সুদে ঋণ দেয়ার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। বিশেষ করে প্রবাসীদেও জন্য শতকরা ৪ শতাংশ সুদে ঋণ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৭০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। প্রবাসীরা দেশে ফেরত আসার পর যেন কোনো ধরনের আর্থিক কষ্টে কিংবা বেকার জীবনযাপন করতে না হয়।

এদিকে, লিবিয়ায় প্রবাসীদেও প্রতারণার ফাঁদে ফেলা মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, লিবিয়ায় এই মানব পাচারের সঙ্গে এখনও পর্যন্ত কোনো রিক্রুটিং এজেন্সির কোনো সংশ্লিষ্টতা আমরা পাইনি। বিষয়টি নিয়ে আইনশৃখলাবাহিনী মাঠে কাজ করছে। এই মানব পাচারের সঙ্গে যতবড় প্রভাবশালী ব্যক্তিই জড়িত থাকুক না কেন, আইনের আওতায় আনা হবে। তবে ট্র্যাভেল এজেন্সির লোকজনের এই বিষয়ে জড়িত থাকার প্রমান পেয়েছে সংশ্লিষ্টরা। ইতোমধ্যে কয়েকজন মানবপাচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, লকডাউনের কারণেই প্রবাসী কর্মীদের ৫ হাজার টাকার কর্মসূচি নেয়া হয়েছিল কিন্তু যেহেতু লকডাউন উঠে গেছে। তাই বিমান বন্দরে প্রবাসীদেরও টাকা দেয়া হবে না।

যাত্রী সংকটে বিমানের সব ফ্লাইট বাতিল

0

যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তিন রুটে আজ মঙ্গলবারের (২ জুন) সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুটি, সিলেটে দুটি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট ঘোষণা করেছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তবে বিমান বাংলাদেশ জানায়, বুধবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হবে। আগের সাতটি ফ্লাইট থেকে কমিয়ে সৈয়দপুর রুটে দুটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া বিমান ভাড়া কমানোরও চিন্তা করছে বিমান।

বাতিল হওয়া বিমান বাংলাদেশের সৈয়দপুর রুটের সর্বনিম্ন ওয়ানওয়ে টিকিটের দাম ধরা হয়েছিল ৩৩০০ টাকা, চট্টগ্রামে ৩১০০, সিলেটে ৩১০০ টাকা।

করোনা দুর্যোগের কারণে অভ্যন্তরীণ রুটে ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তবে সোমবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

দেশের বেসরকারি খাতে এডিবি’র অর্থায়ন বৃদ্ধি

0

বাজেট সহায়তা হিসেবে সম্প্রতি বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা ইতিমধ্যেই সরকারের কোষাগারে জমা হয়েছে।

এর আগে গত বছরের শেষের দিকে ৫১৮ মিলিয়ন ডলার থেকে আর্থিক সীমা ৭৫৫ মিলিয়ন ডলার করেছে এডিবি। এসব সহযোগিতার মধ্য দিয়ে দেশে বেসরকারি খাতকে সহায়তার জন্য ট্রেড ফিনান্স প্রোগ্রামকে (টিএফপি) সম্প্রসারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (০২ জুন) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএফপি বাংলাদেশের ১২টি ব্যাংকের সঙ্গে কাজ করছে। মূলত বেসরকারি খাতের মূলধন পরিচালনা এবং বাণিজ্যকে ঋণ সহায়তা পূরণ করতে কাজ করে।

এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, অর্থনীতিতে কভিড-১৯ এর প্রভাব বিবেচনা করে, বিশেষ করে বাংলাদেশে বেসরকারি খাতের ঋণের প্রাপ্যতা, টিএফপির বৃদ্ধি তরলতা বৃদ্ধি করবে। ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করবে, রপ্তানি ও আমদানি বাড়িয়ে তুলবে, চাকরি বাড়বে, এবং অর্থনৈতিক বৃদ্ধি ও বিকাশে অবদান রাখবে।

বাংলাদেশকে সর্বাধিক সক্রিয় টিএফপি দেশ উল্লেখ করে মনমোহন বলেন, এই কর্মসূচিটি এ পর্যন্ত ৮২৪ মিলিয়ন ডলারের বাণিজ্যকে সাপোর্ট করেছে। এর মধ্যে ৭৮ শতাংশ লেনদেন হয়েছে বেসরকারি খাত দ্বারা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৩৬৭টি লেনদেন হয়েছে। তিনি বলেন, যেহেতু সাধারণত ১৮০ দিনের মধ্যে বাণিজ্য লেনদেন শুরু হয় এবং শেষ হয়। ৭৫৫ মিলিয়ন ডলার এক বছরে বাংলাদেশ বাণিজ্যকে ১ বিলিয়ন ডলারের নিয়ে যেতে অবদান রাখবে।’

মনমোহন আরো বলেন, টিএফপির পোর্টফোলিও ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগকে (এসএমই) সহায়তা করে। ফলে বাংলাদেশে নারীসহ ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়বে। তিনি বলেন, টিএফপি ২১টি দেশের ২৪০টিরও বেশি ব্যাংকের সঙ্গে কাজ করে। এশিয়ার সবচেয়ে চ্যালেঞ্জিং বাজারে আমদানি-রপ্তানি কাজে জড়িত হওয়ার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা করে।

২০১৯ সালে টিএফপি মোট চার হাজার ৮৩টি লেনদেনে সহায়তা করে এবং মোট লেনদেন ৫ দশমিক ৪ বিলিয়ন বলে উল্লেখ করেন মনমোহন।

বড় শয়তানের পতনের লক্ষণ আরো স্পষ্ট হয়েছে : ইরান

0

‘গ্রেট শয়তান যুক্তরাষ্ট্রের পতনের লক্ষণ আরো স্পট হলো’। সোমবার এক টুইট বার্তায় এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের (এসএনএসসি) সেক্রেটারি রিয়াল এডমিরাল আলী শামখানি। তিনি বলেন, ‘ক্যারিবীয় অঞ্চলে ইরানের তেলের ট্যাংকার পৌঁছা প্রমাণ করছে যুক্তরাষ্ট্র হামলা, গুপ্তহত্যা ও নিষেধাজ্ঞার যে ভয় দেখায় তা শূন্য এবং বৃথা।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের ভয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নেওয়া গণতন্ত্র ও বাকস্বাধীনতার ছদ্মবেশকে আবার উন্মোচন করেছে। এ সব শব্দ যে বড় মিথ্যা তা আবারও প্রমাণিত হয়েছে।’ শামখানি জোর দিয়ে বলেন, ‘কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় তৈরি হওয়া বিক্ষোভ প্রমাণ করে গ্রেট শয়তান (সবচেয়ে বড় শয়তান) যুক্তরাষ্ট্রের পতনের লক্ষণ অন্য যে কোন সময়ের চেয়ে আরো স্পষ্ট হয়েছে।’

যুক্তরাষ্ট্রে ৪৬ বছর বয়স্ক জর্জ ফ্লয়েডকে ২৫ মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় একজন পুলিশ কর্মকর্তা গাড়ির নীচে হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে ধরে। সে বারবার বলতে থাকে, ‘আমি শ্বাস নিতে পারছি না।’ পরবর্তীতে একটি হাসপাতালে নিয়ে গেলে ফ্লয়েডের মৃত্যু হয়। এ ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে করোনা উপেক্ষা করে প্রতিবাদে সরব হন হাজার হাজার মানুষ। হত্যাকাণ্ডের দুদিন পর বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে শহরের বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার যুক্তরষ্ট্রের ১৬টি রাজ্যের ২৫টি শহরে কারফিউ জারি করা হয়। ইতিমধ্যে ওই চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং জর্জ ফ্লয়েডকে হত্যার জন্য মূল অভিযুক্ত ডেরেক শভিনকে সোমবার আদালতে হাজির করা হয়।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

করোনা দুর্বল হয়নি, আগের মতোই শক্তিশালী : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

করোনাভাইরাসের ধ্বংসাত্বক ক্ষমতা কমে গেছে, এটি আর বেশিদিন থাকছে না। ইতালির প্রথম সারির একজন চিকিৎসকের এমন দাবিকে উড়িয়ে দিযে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনাভাইরাসের এখনও শক্তিক্ষয় হয়নি। কোভিড-১৯ এখনও আগের মতই বিপজ্জনক। বিশ্বব্যাপী লকডাউন তুলে দেওয়ার তাড়াহুড়োর মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিল সংস্থা।

সম্প্রতি ইতালির এক প্রথম সারির চিকিৎসক দাবি করেন, সেদেশে আর করোনাভাইরাসের মারক প্রভাব নেই। ভাইরাসটির মারণ ক্ষমতা এখন আগের তুলনায় অনেকটা কম। তাছাড়া আগের তুলনায় পরিমাণেও কম মিলছে রোগীদের নমুনায়। ওই চিকিৎসকের কথায়, “যদি সেভাবে বলতে হয়, তাহলে ইতালিতে এই ভাইরাসের আর অস্তিত্ব নেই। শেষ ১০ দিন যে লালারসের নমুনা আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে দু’মাস আগের তুলনায় ভাইরাসটির পরিমাণ নেহাতই নগণ্য।”

অ্যালবার্টো জাংগ্রিলো নামের ওই চিকিৎসকের দাবিতে শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলে। বাধ্য হয়ে আসরে নামতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের কর্মকর্তা মাইকেল রায়ান বলেন, “আমাদের আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এটা একটা মারক ভাইরাস। ভাইরাসটি হঠাৎ স্বেচ্ছায় শক্তিক্ষয় করে আগের তুলনায় দুর্বল হয়ে গেল এবং আগের থেকে কম মারাত্মক হয়ে গেল, এই ধরনের চিন্তাভাবনা একেবারেই ঠিক নয়।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গোটা বিশ্বে তো বটেই ইতালিতেও করোনাভাইরাস আগের মতই বিপজ্জনক। প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল, লকডাউন তুলতে হলে প্রয়োজন ‘চূড়ান্ত নজরদারি’। বিধিনিষেধ শিথিল হওয়ার পর সাবধানতা অবলম্বন না করলে ফের দ্রুত গতিতে ছড়াতে পারে করোনাভাইরাস। কিন্তু সম্প্রতি দেখা গেছে, ইতালিসহ গোটা ইউরোপেই আগের তুলনায় করোনার প্রভাব খানিকটা কম এবং সেকারণেই গোটা ইউরোপ ধীরে ধীরে লকডাউন তুলে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে। বেশ কিছু দেশে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে।

সূত্র: বিজনেস ইনসাইডার