Home Blog Page 2913

বিক্ষোভ থামাতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের হুমকি ট্রাম্পের

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে আইন-শৃঙ্খলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার হোয়াইট হাউসের বাইরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করার পর তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নিহতের জেরে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। জর্জ ফ্লয়েডের পরিবার থেকে করা ময়নাতদন্তের ফলাফলেও জানা গেছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সোমবার বিকেলে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীদের মাথার উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ওড়ার সময় রোজ গার্ডেন থেকে ট্রাম্প বলেন, দেশব্যাপী লুটপাট বন্ধ করতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এবং সামরিক সংস্থাগুলোকে একত্রিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম এবং সর্বোচ্চ দায়িত্ব হলো আমাদের মহান দেশ এবং মার্কিনিদের রক্ষা করা। আমি আমাদের আইন বহাল রাখার শপথ নিয়েছিলাম এবং আমি ঠিক তাই করব।

তবে তিনি মনে করেন, জর্জ ফ্লয়েড বিচার পাবেন। শান্তিপূর্ণ প্রতিবাদকারী সকলের মিত্র হিসেবেও নিজেকে উল্লেখ করেন ট্রাম্প।

তিনি এও বলেছেন, সহিংস বিক্ষোভ থামাতে প্রয়োজন হলে প্রেসিডেন্ট হিসেবে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবেন। হাজার হাজার সশস্ত্র সৈন্য, সামরিক কর্মী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মোতায়েন করারও হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেছেন, কোনো শহর কিংবা অঙ্গরাজ্য যদি তাদের জনগণের জীবন ও সম্পত্তি বাঁচাতে অস্বীকৃতি জানায়, তাহলে আমি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিয়োগ করবো এবং দ্রুত এ সমস্যার সমাধান করবো। বিক্ষোভ থেকে সহিংস কর্মকাণ্ড ঘটুক, সেটা আমি চাই না।

সূত্র : ইস্ট বে টাইমস

ময়নাতদন্ত প্রতিবেদন : শ্বাসরোধে মৃত্যু হয়েছে জর্জ ফ্লয়েডের

0

মার্কিন যুবক জর্জ ফ্লয়েডের পরিবার তার ময়নাতদন্ত করেছে। ফলাফলে জানা যায়, জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার জর্জ ফ্লয়েডের পরিবারের নিয়োগ করা অ্যাটর্নি এ কথা জানিয়েছেন।

ময়নাতদন্তে জানা যায়, পেছন থেকে গলা চেপে রাখার কারণে জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছে। এটা সবারই জানা যে, মিনেসোটার একজন শ্বেতাঙ্গ পুলিশ জর্জ ফ্লয়েডকে বেশ কয়েক মিনিট ধরে মাটিতে ফেলে রেখে গলার ওপর হাঁটু চেপে রেখে হত্যা করেছেন।

ওই সময় জর্জ ফ্লয়েড বারবার বলেছিলেন, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু মিনেসোটা পুলিশ তা কর্ণপাত করেনি। এমনকি সেখানে উপস্থিত আরো চারজন পুলিশও কোনো পদক্ষেপ নেননি।

অ্যাটর্নি বেন ক্রাম্প বলেন, ময়নাতদন্তে চিকিৎসকরা জানতে পেরেছেন, পেছন থেকে ঘাড় চেপে রাখার ফলে জর্জ ফ্লয়েডের মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়েছিল।

ময়নাতদন্তকারী চিকিৎসক অ্যালেসিয়া উইলসন গতকাল সোমবার সাংবাদিকদের জানান, শ্বাসরোধ এবং ঘাড় চেপে রাখার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে জর্জ ফ্লয়েড মারা গেছেন।

জানা গেছে, ফ্লয়েডকে হাতকড়া পরানো ছিল। তার পরেও মাটিতে চেপে ধরে ঘাড়ের উপর হাঁটু দিয়ে সজোরে চাপ দিয়েছিলেন। ওই সময় ফ্লয়েড বারবার শ্বাস নিতে না পারার কথা বললেও পুলিশ তা কানে তোলেনি।

ফ্লয়েড হত্যার ব্যাপারে ময়নাতদন্তে সরকারের ওপর ভরসা রাখেনি ফ্লয়েডের পরিবার। সেজন্য নিজেরাই ময়নাতদন্ত করেন তারা।

সূত্র : গ্লোবাল নিউজ

করোনাকালে ১৫ হাজার ২১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

0

ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ২০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি সদস্য দেশ থেকে গত ৪ মাসে ৬ হাজার ২৪১ জন বাংলাদেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফিরিয়ে এনেছে। একই সময় বাংলাদেশ থেকে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ২১টি দেশ ও ইইউর কয়েকটি সদস্য দেশের ১১ হাজার ৮৯২ জন নাগরিক তাঁদের দেশে ফিরে গেছেন। এ ছাড়া গত দেড় মাসে ৮ হাজার ৯৭৬ জন অভিবাসী দেশে ফিরেছেন। এ পর্যন্ত ১৫ হাজার ২১৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনাবিষয়ক সেল থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঘটার আগেই চিকিৎসা, বেড়ানো, পড়াশোনা ও পেশাগত নানা কাজে গিয়েছিলেন কয়েক হাজার বাংলাদেশি। লকডাউন, আকাশপথে চলাচল বন্ধসহ নানা কারণে প্রতিবেশী ভারতের পাশাপাশি সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ এশিয়ার বিভিন্ন দেশ আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ পশ্চিমা অনেক দেশে এসব বাংলাদেশি আটকা পড়েন।

করোনার সংক্রমণের বিস্তার ঘটার পর থেকে বিশেষ ব্যবস্থায় আকাশ ও সড়কপথে বাংলাদেশের নাগরিকদের ফেরানো এবং বিদেশিদের বাংলাদেশ ছাড়ার বিষয়টিতে সমন্বয় করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনাবিষয়ক সেল।

আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরানো এবং বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে সমন্বয়ের পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসী কর্মীদের ফেরানোর কাজটি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত দেড় মাসে কুয়েত, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও সৌদি আরব থেকে ৮ হাজার ৯৭৬ জন অভিবাসী দেশে ফিরেছেন। এঁদের মধ্যে কুয়েত থেকে ৩ হাজার ৪৮৯ জন, মালয়েশিয়া থেকে ১ হাজার ৭৯২ জন, ওমান থেকে ১ হাজার ৪০৮ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৩৯৪ জন, বাহরাইন থেকে ৩১১ জন, সৌদি আরব থেকে ৩০৯ জন এবং সিঙ্গাপুর থেকে ২৭৩ জন দেশে ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই প্রতিবেদককে জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরেছেন। বিশেষ করে করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ অনিয়মিত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। অতীতে অনিয়মিতভাবে বিভিন্ন পেশায় থাকলেও করোনার কারণে অর্থনৈতিক অস্থিরতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ পাওয়া দুরূহ হবে। এ জন্য কয়েক হাজার বাংলাদেশি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাই সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগিয়ে অন্য দেশের মতো কোনো রকম জরিমানা না দিয়েই বিনা খরচে দেশে ফেরার সুযোগ পেয়েছেন বাংলাদেশের অভিবাসীরা। করোনার সংক্রমণ রোধে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের কারাবন্দীদের মুক্তি দিয়েছে। এতেও বেশ কিছু বাংলাদেশি দেশে ফিরেছেন।

করোনার কারণে আটকে পড়া এবং অভিবাসী মিলিয়ে এ পর্যন্ত ১৫ হাজার ২১৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশে ফিরে তাঁরা প্রাতিষ্ঠানিক বা আবাসিক কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকছেন কি না বা করোনায় অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন কি না, এ নিয়ে লোকজনের প্রশ্ন রয়েছে।

ফিরে আসা বাংলাদেশের লোকজন বাড়ি ফিরে যাওয়ার পর কী হচ্ছে, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও করোনা সেলের প্রধান ডা. খলিলুর রহমান গতকাল তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, বিদেশ থেকে যেসব লোকজন দেশে ফিরে আসেন, দূতাবাসের দেওয়া তালিকা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় তা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে পাঠায়। ওই তালিকা দেখে লোকজনকে বিমানবন্দরে অবতরণ করতে দেওয়া হয়। যেসব লোকজন করোনাভাইরাসে সংক্রমিত নন, সনদ জমা দেন, তাঁদের সরাসরি গন্তব্যে যেতে ছেড়ে দেওয়া হয়। তা ছাড়া সবার স্বাস্থ্য পরীক্ষার পর একটি নির্ধারিত আবেদনপত্র পূরণ করে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। যেসব অভিবাসীর বাড়িতে ১৪ দিনের সঙ্গনিরোধ বাধ্যতামূলক, তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, দেশের বিভিন্ন জেলায় গিয়ে লোকজন বাড়িতে সঙ্গনিরোধ থাকছেন কি না, তা দেখভালের দায়িত্ব পুলিশের। এ ছাড়া গুরুতর অসুস্থ হয়ে যাঁরা প্রাতিষ্ঠানিক, অর্থাৎ, হাসপাতালে সঙ্গনিরোধে যাবেন, সেটি সমন্বয়ের কাজটি করছে সশস্ত্র বাহিনী বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়। বিদেশ থেকে ফেরা লোকজনের মধ্যে কোন জেলার অধিবাসী কতজন এবং তাঁরা বাড়িতে নাকি অন্য কোথাও গেছেন, এ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কোনো পরিসংখ্যান জানা যায়নি।

খোলা রাখা যাবে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস

0

প্রশাসনিক রক্ষণাবেক্ষণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখা যাবে বলে আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস জনিত রোগ কোভিড ১৯ এর সংক্রমণ রোধের এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে সরকারি দপ্তর সমূহ খোলা রয়েছে।

এ প্রেক্ষাপটে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অফিস শুধুমাত্র প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (যথা ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তান সম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকে সর্বাবস্থায় মাস্ক পরিধান এবং স্বাস্থ্য সেবা বিভাগ /স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

৪০০ জনকে অবৈধভাবে লিবিয়ায় পাঠিয়েছেন হাজি কামাল

0

সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মূলহোতা কামাল হোসেন ওরফে হাজি কামাল ১১ বছরে অবৈধভাবে প্রায় ৩শ থেকে ৪শ বাংলাদেশিকে লিবিয়ায় পাঠিয়েছেন।

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী চক্রের মূল হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি একথা জানান।

আজ সোমবার ভোর ৫টার দিকে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে র‌্যাব-৩ এর একটি দল তাকে আটক করে।

দুপুরে প্রেস বিফ্রিংয়ের র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্ট্যান্ট কর্নেল রকিবুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, লিবিয়া ছাড়াও হাজী কামাল মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে অবৈধভাবে লোক পাঠান। তিনি একজন টাইলস কন্ট্রাক্টর। অনেক টাইলস শ্রমিক তার সংস্পর্শে আসেন। সেই সুযোগে তিনি শ্রমিকদের প্রলুব্ধ করে বিদেশে পাঠান।

র‌্যাব কর্মকর্তা বলেন, লিবিয়ার মিজদাহ শহরে নৃশংস হত্যাকাণ্ডে ২৬ বাংলাদেশি নিহত এবং ১১ জন মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনার সাথে জড়িত চক্রের হোতা ছিলেন কামাল।

র‌্যাব-৩ এর সিনিয়র এএসপি আবু জাফর মো: রহমত উল্লাহ বলেন,হাজী কামালের পিতার নাম মো: জামাত আলী। কুষ্টিয়ার সদর থানা এলাকায় তার গ্রামের বাড়ি। তার কাছে থেকে পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন ও আরো পাসপোর্ট জব্দ করা হয়েছে।

এমপি মিতার চিকিৎসক স্বামী করোনা আক্রান্ত

0

জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য ও যুব মহিলা লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতার স্বামী ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি (রুবেল) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেসপেরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক।

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর সান্নিধ্যে থাকাবস্থায় তিনি করোনাভাইরাস আক্রান্ত হন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী সরকারদলীয় এমপি আদিবা আনজুম মিতা।

এমপি মিতা আরো জানান, গত ২৩ মে তাঁর স্বামীর শরীর থেকে শ্যাম্পুল সংগ্রহ করা হয়। ২৭ মে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানানো হয়, ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাস টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। ওই দিন থেকেই তিনি বাসায় আলাদা থাকা শুরু করেন। ইতোমধ্যে ডা. রুবেলকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক স্বামী আক্রান্ত হওয়ার পর এমপি আদিবা আনজুম মিতার পরিবারে আতংক ছড়িয়ে পড়ে। পরে মিতাসহ পরিবারের সদস্যরা (মেয়ে ও কাজের মহিলা) করোনাভাইরাস টেস্ট করেছেন। অবশ্য তাঁদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

গানম্যান করোনায় আক্রান্ত, ক্রীড়া প্রতিমন্ত্রী আইসোলেশনে

0

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের গানম্যান রেজাউল করীম করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে মন্ত্রণালয়। ফলে সংক্রমণ এড়াতে প্রতিমন্ত্রী ও তার দপ্তরের কর্মকর্তারা আইসোলেশনে রয়েছেন।

আজ সোমবার (১ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, গানম্যান রেজাউল করীম চিকিৎসকদের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন।

আরিফ বিল্লাহ জানান, দেশে কভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণসহ পরিস্থিতি মোকাবিলায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জরুরি সভা ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রতিমন্ত্রীর সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করীম। তিনি আজ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

তিনি আরো জানান, তার অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। প্রতিমন্ত্রী নিজেই তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বলে জানান আরিফ। প্রতিমন্ত্রীসহ আমরা সবাই (দপ্তরের কর্মকর্তারা) আইসোলেশনে আছি।

মার্চের শুরু থেকেই গানম্যান প্রতিমন্ত্রীর সঙ্গে থেকে ত্রাণ কার্যক্রমসহ সার্বিক কাজ করে আসছেন বলে জানান আরিফ। আর এ কারণে সাবধানতা অবলম্বনের জন্য তারা আইসোলেশনে আছেন।

হজ নিয়ে আশার আলো, ১৫ জুনের মধ্যে সৌদির সিদ্ধান্ত

0

ভয়াবহ করোনাভাইরাসের কারণে এবছর পবিত্র হজ অনুষ্ঠান নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কেটে যাচ্ছে। করোনা সংক্রমণের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করে দুই মাসেরও বেশি সময় পর সৌদি আরবের মসজিদগুলো খুলে দেয়ায় হজ নিয়ে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ১৫ জুনের মধ্যে দেশটির সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

বার্তা সংস্থা রয়টাস জানায়, রবিবার থেকে সৌদি আরবে পবিত্র কা’বা শরীফ ও মসজিদুন নববীসহ সব মসজিদের দ্বার নামাজ পড়ুয়াদের জন্য ফের উন্মুক্ত করে দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে আসন্ন হজ পালনের দ্বার খুলতে যাচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের হজ সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ সোমবার বলেন, করোনা পরিস্থিতির কারণে পবিত্র হজের কেন্দ্রবিন্দু সৌদি আরবের পবিত্র কা’বা এবং মসজিদুন নববী সাধারণ মুসুল্লীদের জন্য বন্ধ রেখেছিল সৌদি সরকার। দুই মাসের বেশি সময় পর রোববার তা আবার সীমিত আকারে খুলে দিয়েছে বলে জেনেছি। আমরাও আসন্ন হজের জন্য নিবন্ধনসহ সব ধরণের প্রস্তুতি নিয়ে বসে আছি।

তিনি বলেন, এ বছর বাংলাদেশসহ বর্হিবিশ্বের হজযাত্রীরা হজ পালন করতে পারবে কিনা তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। সব বিষয় বিবেচনা করে সে সিদ্ধান্ত নেবে সৌদি সরকার। আমরা আসা করছি এ ব্যাপারে তারা আগামি ১৫ জুনের মধ্যে আমাদের সিদ্ধান্ত জানাবে। তাদের সিদ্ধান্ত পাওয়া মাত্রই বাংলাদেশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।
এখন পর্যন্ত ৬৬ হাজার যাত্রী চলতি বছর হজের জন্য নিবন্ধন করেছেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে গত ২৬ ফেব্রুয়ারি সৌদি আরব বিদেশিদের ওমরাহর অনুমতি দেওয়া এবং পরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় পুরো দেশ লকডাউন করা হয়। এ কারণে গত মাসে এখনই হজের পরিকল্পনা চূড়ান্ত না করে পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেয় সৌদি আরব।

এর আগে করোনা পরিস্থিতির কারণে অনিশ্চয়তার মধ্যেও হজের আগাম প্রস্তুতির অংশ হিসেবে আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম চালায় ধর্ম মন্ত্রণালয়। ২ মার্চ থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রমের মেয়াদ কয়েক দফা বাড়িয়ে ৩০ এপ্রিল শেষ করা হয়।
সৌদি আরব সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার সুযোগ পাওয়ার কথা। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। কিন্তু করোনা আতঙ্কের কারণে নিবন্ধনে তেমন সাড়া না পড়ায় এবারের পূর্ব নির্ধারিত কোটা পূরণ হয়নি।

নিবন্ধন সার্ভার সূত্রমতে, ৩০ এপ্রিল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪২ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ এবারের হজ অনুষ্টিত হবে। সে অনুযায়ী ২৩ জুন হজ ফ্লাইট শুরুর আশা প্রকাশ করেছিল ধর্ম মন্ত্রণালয়।

চট্টগ্রাম-ঢাকা রুটে ২ হাজার টাকায় ভ্রমণ ইউএস-বাংলায়

0

এবার ২ হাজার টাকায় চট্টগ্রাম-ঢাকা বিমান ভ্রমণের সুযোগ দিয়েছে বেসরকারি শীর্ষ বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। ১ জুন থেকে চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-চট্টগ্রাম ভ্রমনে এই সুযোগ পাবেন যাত্রীরা। নির্ধারিত আসনের ৫০ শতাংশ খালি রাখায় বাস কম্পানিগুলো যখন ৬০ থেকে ৮০ শতাংশ বাড়তি বাস ভাড়া নেয়ার প্রতিযোগিতা দিচ্ছিল ঠিক সেই সময়ে বিমান সংস্থাগুলো ভাড়া কমিয়ে যাত্রীদের পাশে দাঁড়িয়েছে।

করোনা মহামারির এই সময়ে ভাড়া না বাড়ানোর প্রথম উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। তারা চট্টগ্রাম-ঢাকা রুটে ২৫০০ টাকা ভাড়া বহাল রেখেছিল। এর একদিন পর আরেক বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ভাড়া তিন হাজার টাকা থেকে কমিয়ে ২ হাজার টাকা নির্ধারণ করেছে।

কেন জানতে চাইলে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, অনেক দিন পর বিমান চলাচল শুরু হয়েছে। যাত্রীদের অভ্যস্ততার একটি বিষয় তো রয়েছেই। তাদেরকে বিমান ভ্রমণে নিয়ে আসা এবং মহামারির সময় তাদের পাশা থাকাটা আমরা প্রয়োজন মনে করছি। এই কারণে ধারনক্ষমতার ৫০ শতাংশ আসন নিয়ে যাত্রার পরও আমরা ভাড়া কমিয়ে ১ হাজার ৯৯৯ টাকা রেখেছি। এই ভাড়া দিয়ে আমাদের খরচ উঠবে না। এরপরও মানুষের পাশা থাকা।

তিনি বলেন, জরুরি প্রয়োজনে আজ ১ জুন থেকে বের হয়ে যারা বিভিন্ন গন্তব্যে লঞ্চ, বাস, ট্রেনে যাচ্ছেন। তাদের জন্য বিমান ভ্রমণ অনেক বেশি নিরাপদ। এখানে করোনাভাইরাস ঠেকাতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে খুব কঠোরভাবে। আর ভাড়া বাকিগুলোর চেয়ে সাশ্রয়ী।

জানা গেছে, ১ জুন থেকে চট্টগ্রাম-ঢাকা রুটে দিনে মোট ১১টি ফ্লাইট চালাবে তিনটি বিমান সংস্থা। এরমধ্য ইউএস-বাংলা চালাবে সর্বোচ্চ ৬টি ফ্লাইট; নভো এয়ার তিনটি এবং বাংলাদেশ বিমান চালাবে দুটি। তিনটি বিমান সংস্থা ছোট বিমান দিয়ে যাত্রী পরিবহন করবে। ইউএস বাংলা ড্যাশ-৮ এবং এটিআর দিয়ে। নভোএয়ার এটিআর এবং বাংলাদেশ বিমান চালাবে ড্যাশ-৮ দিয়ে। তবে বেসরকারি আরেক বিমান সংস্থা রিজেন্ট এয়ার এখন অভ্যন্তরীণ রুটে বিমান পরিচালনার সময় ঘোষণা করেনি। বিমান সংস্থাগুলো তাদের নির্ধারিত আসনের ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তিনটি বিমান সংস্থার মধ্যে চট্টগ্রাম-ঢাকা রুটে বাংলাদেশ বিমান নিচ্ছে ৩ হাজার ১শ টাকা এবং ইউএস বাংলা আগে ভাড়া দিয়েছিল ৩ হাজার টাকা; এখন তা কমিয়ে ২ হাজার টাকা। আর নভোএয়ার একই রুটে ভ্রমণে ভাড়া দিয়েছে২ হাজার ৫শ টাকা; তারা ভাড়া বাড়ায়নি। তিনটি বিমান সংস্থার মধ্যে এখন সবচে বেশি ভাড়া রাষ্টায়ত্ব বাংলাদেশ বিমানের।

এদিকে আগামীকাল যাত্রীবাহী বিমান চলাচল শুরুর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ। পদক্ষেপ সর্ম্পকে জানতে চাইলে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান বলেন, ‌সিভিল এভিয়েশনের নির্দেশনা মতে আমরা করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো যাত্রীদের। একজন যাত্রীকে টার্মিনাল ভবনে প্রবেশের আগেই গাড়িকে জীবাণুনাশক করা হবে। এরপর যাত্রীকে সাবান দিয়ে হাত ধুতে হবে। যাত্রীকে বাধ্যতামূলকভাবে মাস্ক, গ্লাভস পরে পা জীবাণুমুক্ত করতে হবে। এরপর ভবনে প্রবেশের সময় ইনফ্রায়েড থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হবে। চেকইন কাউন্টারে শারীরিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিতে হবে। এরপর ভবন থেকে বের হয়ে উড়োজাহাজে পৌঁছার পর বিমানে উঠার আগেই আরেকবার জ্বর মেপে নিশ্চিত হতে হবে। একইসাথে সেখানে আরেকবার পা জীবাণুমুক্ত করা হবে।

পরিস্থিতির অবনতি হলে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের অসচেতনতা এবং স্বাস্থ্যবিধি না মানায় পরিস্থিতির যদি আরো অবনতি হয় তাহলে জনস্বার্থে সরকার আবারো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

আজ সোমবার দুপুরে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমি মালিকদের স্বাস্থ্য বিধি এবং শর্ত মেনে গাড়ি চালানোর অনুরোধ করছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ভিজিলেন্স টিম, মোবাইল কোর্টসহ টার্মিনাল কর্তৃপক্ষকে অর্ধেক আসন খালি রাখা, বর্ধিত ৬০ শতাংশ ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের বিষয় তদারকির আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, যাত্রী সাধারণকে অনুরোধ করছি আপনারা অতিরিক্ত যাত্রী হবেন না। অর্ধেক আসন খালি রাখুন। শারীরিক দূরত্ব বজায় রেখে টিকিট কাটুন। নিজে সংক্রমণ থেকে বাঁচুন অপরকে বাঁচান।

পৃথিবীর বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়েও লকডাউন শিথিল করছে এবং কোথাও তুলে নিয়েছে জানিয়ে তিনি বলেন, পবিত্র মক্কা-মদিনা-মসজিদুল আকসাও ধীরে ধীরে মুসল্লীদের জন্য ছেড়ে দেয়া হচ্ছে। জীবনের পাশাপাশি জীবিকা দীর্ঘমেয়াদি বন্ধ থাকলে জীবনের গতিপথে নেমে আসবে স্তব্ধতা। অর্থনীতি হয়ে পড়বে স্থবির। তাই পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ভারসাম্যপূর্ণ অবস্থান বেছে নিতে হবে।