Home Blog Page 2914

‘ব্যর্থতার গ্লানি নিয়ে বিএনপি জনগণের কাছে যেতে ভয় পায়’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সংকট সমাধানের সাহসী ও মানবিক প্রয়াস প্রশংসিত হচ্ছে। আর বিএনপি খুঁজে পাচ্ছে সমন্বয়হীনতা। নিজেরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্লজ্জভাবে ব্যর্থ হয়ে দায়িত্বহীন বক্তব্য রাখছে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনের নিজের সরকারি বাসভবন থেকে সেতু বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আন্দোলন সংগ্রাম আর নির্বাচনে ব্যর্থতার গ্লানি নিয়ে বিএনপি জনগণের কাছে যেতে ভয় পায়। তাই জনগণ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে গণমাধ্যমে চর্বিত চর্বন করছে।

কাদের বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে থাকলেও লকডাউন শিথিল করছে। কোথাও কোথাও তুলে নিয়েছে। জীবনের পাশাপাশি জীবিকা দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে জীবনের গতিপথে থেমে আসবে স্তব্ধতা। অর্থনীতিও হয়ে পড়বে স্থবির। পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের ভারসাম্যপূর্ণ অবস্থান বেছে নিতে হবে।

গণপরিবহন চালু ও ভাড়া বাড়ানোর বিষয়ে সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে গাড়ি চালানো শুরু হয়েছে। সরকার বাস্তবতার প্রয়োজনে ভাড়া সমন্বয় করেছে এবং আজ থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চলছে। আমি মালিকদের স্বাস্থ্যবিধি ও শর্ত মেনে গাড়ি চালানোয় অনুরোধ করছি। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ভিজিল্যান্স টিম, মোবাইল কোর্টসহ টার্মিনাল কর্তৃপক্ষকে অর্ধেক আসন খালি রাখা ও বর্ধিত ৬০ শতাংশ ভাড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বিষয় তদারকি করার আহ্বান জানাচ্ছি। হুড়োহুড়ি, বাড়তি যাত্রী হওয়া, স্বাস্থ্যবিধি না মানা এ সংকটকে আরও ঘনীভূত করতে পারে। আমি পরিবহন মালিক শ্রমিকদের সংকটে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনে অনুরোধ জানাচ্ছি। আমাদের অসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানায় পরিস্থিতি যদি আরও অবনতি হয় এবং তা যদি জনস্বার্থের বিপরীতে চলে যায়, তাহলে সরকারকে বাধ্য হয়ে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, সংকটের শুরু থেকে সরকার সব দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় করে সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা, টেস্টিং ক্যাপাসিটি বাড়ানোসহ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে। আকষ্মিক এ সংকট মোকাবিলায় বিশ্বের উন্নত দেশগুলোও আজ হিমশিম খাচ্ছে। আমরা সীমাবদ্ধতা সত্ত্বেও দিনদিন সংকট সমাধানের সক্ষমতা বাড়িয়েছি। গড়ে তোলা হয়েছে সুসমন্বয়। কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত চিকিৎসা নেটওয়ার্ক সমন্বয় করাসহ সচেতনতা তৈরিতে দক্ষতার পরিচয় দিয়েছে সরকার। খাদ্য সহায়তা, আর্থিক সহায়তাসহ নানা উদ্যোগের ফলে আল্লাহর রহমতে এখন পর্যন্ত মানুষ না খেয়ে মরেনি বলে উল্লেখ করেন তিনি।

বাস ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

0

শতকরা ৬০ ভাগ বাস ভাড়া বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। রিট আবেদনে ওই প্রজ্ঞাপন বাতিল চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব আজ সোমবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন দাখিল করেছেন। আগামীকাল মঙ্গলবার এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান ওই আইনজীবী।

রিট আবেদনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে বিবাদি করা হয়েছে। চার যুক্তিতে এই রিট আবেদন করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, শুধুমাত্র বাস ভাড়া বাড়ানো বৈষম্যমূলক, অযৌক্তিক ও নিপীড়নমূলক। কারণ গণপরিবহন বলতে বাস, ট্রেন, লঞ্চ ও বিমানকে বোঝায়। এখানে অন্য কোনো পরিবহনের ভাড়া না বাড়িয়ে শুধুমাত্র বাস ভাড়া বাড়ানো হয়েছে যা বৈষম্যমূলক।

রিট আবেদনে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে কয়েকমাস ধরে সব কিছু বন্ধ। নিম্ন ও মধ্য আয়ের মানুষরা মারাত্মক অর্থনৈতিক সংকটে রয়েছে। তারা কর্মহীন ও বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় বাস ভাড়া বাড়ানো তাদের জন্য নিপীড়নমূলক ছাড়া আর কিছু নয়। কারণ বাসে চলাচল করে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা।

রিট আবেদনে বলা হয়, বাস ভাড়া বাড়াতে হলে যেসব প্রক্রিয়া অনুরণ করতে হয় তার কিছুই করা হয়নি। ভাড়া বাড়ানোর বিষয়ে স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) করোনাকালীন গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ৬০ শতাংশ বাড়িয়ে ৩১ মে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৪ এর ২ এর প্রদত্ত ক্ষমতাবলে করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে সরকার আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী (ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগরসহ) বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া নিম্নোক্তভাবে পুনঃনির্ধারণ করল।

(ক) আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে বাস বা মিনিবাস চলাচলের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২০১৬ সালের ৩ মে প্রজ্ঞাপনমূলে উল্লিখিত বিদ্যমান ভাড়ার (যাত্রী প্রতি কিলোমিটার সর্বোচ্চ ১.৪২ টাকা) ৬০ শতাংশ বৃদ্ধি করা হলো।

(খ) ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস বা মিনিবাস চলাচলের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বরে প্রজ্ঞাপনে উল্লিখিত বিদ্যমান ভাড়ার (ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া প্রতি যাত্রী প্রতি কিলোমিটার যথাক্রমে ১.৭০ টাকা ও ১.৬০ টাকা। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়ার বিদ্যমান হার ৭ টাকা ও ৫ টাকা) ৬০ শতাংশ বৃদ্ধি।

(গ) ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে ভাড়ার হার প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ১.৬০ টাকার ৬০ শতাংশ বৃদ্ধি।

রুহুল আমিনের পরিবারকে ২ লাখ টাকার সঞ্চয়পত্র দেবেন পররাষ্ট্রমন্ত্রী

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে রুহুল আমিনের ছেলের লেখাপড়ার খরচ চালানোর জন্য তাঁর স্ত্রীর নামে ২ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দিবেন। এ অর্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত রুহুল অমিনের একমাত্র ছেলে মো: রাজিমন হাসান আলিফের দৈনন্দিন লেখাপড়ার খরচ যোগাতে সহায়ক হবে।

তাছাড়া রাজিমন হাসানের পরিবারের আর্থিক সংকট লাঘবে বেতন মওকুফ ও অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিকে একটি ডিও লেটার প্রেরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

২০-২৫ শতাংশ কর্মকর্তা উপস্থিত থাকবেন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চার ভাগের এক ভাগ (২৫ শতাংশ) বা পাঁচ ভাগের এক ভাগ (২০ শতাংশ) কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা জানান। করোনাভাইরাসে যেন কেউ সংক্রমিত না হন সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছ বলে তিনি জানান।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিস করতে পারবেন না জানিয়ে ফরহাদ হোসেন বলেন, মন্ত্রণালয়গুলোকে জানিয়ে দেয়া হয়েছে, অত্যাবশ্যকীয় যে কাজগুলো আছে এখন আমরা সেই কাজগুলো করতে চাই।

তিনি বলেন, সেক্ষেত্রে চার ভাগের এক ভাগ (২৫ শতাংশ) বা পাঁচ ভাগের এক ভাগ (২০ শতাংশ) কর্মকর্তা উপস্থিত থাকবেন। যারা অসুস্থ আছেন, তারা ঘরে বসে কাজ করবেন তারা অফিসে আসবেন না, এভাবে আমরা সাজিয়েছি। যাতে কেউ এখানে ইনফেক্টেড না হন।

‘আমরা নিষেধাজ্ঞাসহ স্বল্প পরিসরের সরকারি অফিস খুলেছি’ জানিয়ে তিনি বলেন, অনেক বেসরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমাদের ১৮টি মন্ত্রণালয় স্বল্পপরিসরে এতদিন চালু ছিল। রবিবার প্রথম দিন আমরা সচিবালয়ে যে চিত্র দেখেছি অধিকাংশ মন্ত্রণালয়, যেভাবে আমরা বলেছি যে- বয়স্ক কর্মকর্তারা আসবেন না, অসুস্থ এবং সন্তানসম্ভবা নারী কর্মকর্তারা আসবেন না, সেটা আমরা মেইনটেইন করেছি।

দর্শনার্থী যাতে সচিবালয়ে প্রবেশ করতে না পারে এজন্য এই ১৫ দিনে কোনও পাস ইস্যু করা হবে না বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

লিবিয়ায় মানবপাচার চক্রের হোতা হাজী কামাল গ্রেপ্তার

0

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা ও দেশটিতে মানবপাচার চক্রের অন্যতম সদস্য কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আজ সোমবার (১ জুন) তাকে গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

কালের কন্ঠকে এএসপি সুজয় বলেন, মানবপাচার চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে ২৬ জন বাংলাদেশি হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়েছে। সেইসঙ্গে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক মানবপাচার চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এএসপি সুজয় আরো বলেন, হাজী কামাল মানবপাচার চক্রের অন্যতম সদস্য। তাকে নিয়ে আজ বেলা দেড়টায় রাজধানীর টিকাটুলিতে অবস্থিত র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

২৪ ঘণ্টায় মৃত্যু আরো ২২, শনাক্ত ২৩৮১

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৮১ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৭২ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন।

আজ সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এঁরা ১৯ জন পুরুষ এবং তিনজন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৭২ জনের।

জানানো হয়, নতুন যে ২২ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেট বিভাগের দুইজন এবং বরিশাল বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ছয়জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১০৪টি। পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪৩৯টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে দুই হাজার ৩৮১ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে তিন লাখ ২০ হাজার ৩৬৯টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৪৪৯ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২২২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ছয় হাজার ২১ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ২৩৮ জন।

বুলেটিনে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে মোট আইসোলেশন সংখ্যা ১৩ হাজার ২৮৪টি। বর্তমানে ঢাকা মহানগরীতে সাত হাজার ২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪টিতে। এ ছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০টি ও ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরো ২০০টি আইসোলেশন শয্যা প্রস্তুতির কাজ চলছে।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৭০৭ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৭৫২ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট দুই লাখ ৮৭ হাজার ৮৭৯ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ ২৮ হাজার ৭৪৩ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ১৩৬ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৭৭ হাজার ৮৯টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে ৮৮ লাখ ৯৭ হাজার ৮১ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো ১০ জন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ২৪৭ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

কাজে যোগ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

0

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা ও আইসোলেশন পর্ব শেষ করে কাজে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। আজ সোমবার (১ জুন) সকালে কাজে যোগ দেন তিনি।

সুস্থ হওয়ার পর সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবুল কালাম আজাদ। সেইসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সবাইকে নিয়ে আরো জোরালো গতিতে কাজ এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি কালের কণ্ঠের কাছে। এ ছাড়া করোনায় যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার শান্তি কামনা ও আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

মন্ত্রিপরিষদের উপসচিব করোনা আক্রান্ত

0

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখায় দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হয়েছেন তিনি।

মাঠ প্রশাসনের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের গুরুত্বপূর্ণ যোগাযোগে যে কয়টি অধিশাখা মূল দায়িত্ব পালন করে থাকে, সমন্বয় অধিশাখা তার মধ্যে অন্যতম। এ কারণে দেশব্যাপী লকডাউন পরিস্থিতি চলাকালে মাঠ প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত বিভিন্ন কাজে যুক্ত ছিলেন ওয়াদুদ চৌধুরী। বাসা এবং অফিস দুই জায়গা থেকেই সক্রিয় ছিলেন তিনি। করোনা শনাক্ত হওয়ার পর থেকেই ছুটিতে রয়েছেন আব্দুল ওয়াদুদ।

ওয়াদুদ চৌধুরী আজ সোমবার সকালের কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাস পজেটিভ হলেও আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপাতত তেমন কোনো সমস্যা নেই। তিনি বলেন, আমার মতো আরো যাঁরা আক্রান্ত আছেন তাঁদের সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে মাঠ প্রশাসনের যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন তাঁদের জন্যও সবার কাছে দোয়া চান তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিভাগের একজন লিফটম্যানও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর নাম রেজাউল ইসলাম। রেজাউলের করোনা শনাক্ত হলেও তেমন কোনো লক্ষণ নেই। তিনিও ছুটিতে আছেন। জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের যারা লকডাউন চলাকালে নিয়মিত অফিস করেছেন তাঁদের প্রায় সবাইরই করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে উল্লিখিত দুইজন শনাক্ত হয়েছেন।

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

0

দীর্ঘ ২ মাস ৭ দিন করোনাভাইরাসের ঝুঁকির কারণে বন্ধ থাকার পর বিমান চলাচল শুরুতে কর্মব্যস্ত হয়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

আজ সোমবার সকাল থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ ৩ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটসমূহ ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে ছেড়ে গেছে।

এদিকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার সকালে বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

তবে করোনাভাইরাস যেন যাত্রীদের মাঝে না ছড়ায় সেজন্য বিমানবন্দরে নানা পদক্ষেপ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। টার্মিনালে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া বেবিচকের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেওয়া হচ্ছে প্রত্যেক যাত্রীকে।

কাশিমপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

0

গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক কারবারির সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ এর কথিত ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, মাদক বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক ও ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই গুলিবিনিময়ের ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হন।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় র‌্যাবের একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়। এ সময় একটি ট্রাক র‌্যাবের চেকপোস্ট ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে ধাওয়া করে। ট্রাকে থাকা অস্ত্রধারী ৪/৫ জন সন্ত্রাসীর সঙ্গে র‌্যাবের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। একসময় র‌্যাব ট্রাকটিকে থামাতে সক্ষম হয়। পরে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রটি আরো জানায়, র‌্যাব ট্রাকটি জব্দ করেছে এবং তল্লাশি চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।