Home Blog Page 2917

এখনই নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছন, আত্মবিশ্বাস নিয়ে মহামারি করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলা করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
আজ রোববার (৩১ মে) সকাল ১১টায় গণবভনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন।
এসময় করোনা শঙ্কটের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফল প্রকাশকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হয়তো কলেজ এখন আমরা খুলবো না। শিক্ষাপ্রতিষ্ঠান আমরা খুলতে পাচ্ছি না।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। যাতে এই করোনা ভাইরাস দ্বারা শিক্ষার্থীরা আক্রান্ত না হয়, কারণ এরা আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎতো আমি ঝুঁকিতে ফেলতে পারি না।
‘সেই কারণে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্মুক্ত করবো না। আমরা দেখি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারলে পর্যায়ক্রমে আমরা তখন উন্মুক্ত করবো’- যোগ করেন তিনি।
শিক্ষার্থীদের সময় নষ্ট না করে ঘরে বসে পড়াশোনা করার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাইকে অনুরোধ করবো সবাই যেন ঘরে বসে পড়াশোনা করে। এটা একটা পড়াশোনার ভালো সুযোগও। আমরা নিজেরাও, এখন বেশি কাজ নেই- অনেক কিছু জানার, পড়ার সুযোগ পাচ্ছি। সেটাও কম কথা না। এখানে আমি বলবো সবাই মনযোগ দিয়ে পড়াশোনা করবে।
দেশে উদ্বুদ্ধ হয়ে লেখাপড়া করে নিজেদের তৈরি করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারের মর্যাীদার আসনে অধিষ্ঠিত করবে। সেটাই আমি চাই।
শেখ হাসিনা বলেন, আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করবো তারা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। শিক্ষকদের বলবো তাদের সেই শিক্ষাই দেবেন এই শিক্ষাটা হচ্ছে শুধু নিজে ভালো থাকা না, দেশের কল্যাণে কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা। যেটা জাতির পিতা আমাদের বার বার শিখিয়েছেন।
‘মানুষের কল্যাণ্যেই যেন তারা নিবেদিত প্রাণ হয় সেই শিক্ষাই তারা যেন গ্রহণ করে। যে দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি কর্তব্যপালন করা। ’
এসময় গণভবন প্রান্তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২.৮৭ শতাংশ

0

এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪০ হাজার ২৮ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী। গত বছর ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবারের তুলনায় এ বছর পাস ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
আজ রবিবার বেলা ১১টার পর শিক্ষা মন্ত্রণালয়ে ফেসবুক লাইভের মাধ্যমে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ফলপ্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন।
শিক্ষামন্ত্রী জানান, ৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৮২ দশমিক ৫১ শতাংশ এবং কারিগরি বোর্ডের ৭১ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
তিনি বলেন, এসএসসির সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৩৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯০.৩৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৫.২২ শতাংশ, যশোর বোর্ডে ৮৭.৩১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯.৭০ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৭৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮২.৭৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ শতাংশ।
এবারও পাসের হারে এগিয়ে আছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার যেখানে ৮১ দশমিক ৬৩ শতাংশ, সেখানে ছাত্রীদের মধ্যে ৮৪ দশমিক ১০ শতাংশ পাস করেছে।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন। আর ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে পাস করেছেন ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন।
এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না। তাই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিসও বন্ধ রাখতে বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
যেভাবে মোবাইলে ফল পাওয়া যাবে
অন্য বছরের মতো এবারও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। তবে ফল পেতে যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তারা এসএমএসে ফল পেয়ে যাবেন।
এসএসসির ফল জানতে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিতে হবে।
আর কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
মোবাইলে এসএমএসের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এবারই প্রথম ভিডিও কনফারেন্সে ফল প্রকাশ

0

বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে অনেক কিছু। ব্যক্তিগত জীবনধারা, সামাজিক সম্পর্ক বজায় রাখার ধরনই কেবল নয়, সরকারি কাজকর্মেও এসেছে পরিবর্তন। পরিবর্তনের এ ধারা প্রতিফলিত হয়েছে আমাদের দেশেও।

আজ রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় প্রকাশিত হয়েছে মাধ্যমিক অতিক্রমকালে শিক্ষার্থীদের বহু আকাঙ্খিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরো বিষয়টি পরিচালিত হয়েছে ভিডিও কনফারেন্সে। দেশের ইতিহাসে এবারই প্রথম এই প্রক্রিয়া অনুসরণের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তরের পর বেলা ১১টায় ফেসবুক লাইভের মাধ্যমে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অন্যান্যবারের মতো ফল প্রকাশ করা যাচ্ছে না। এ কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষার্থীদেরও স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। শিক্ষার্থীরা প্রাক- নিবন্ধন, এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এই তিনটি উপায়ে ফল জানতে পারবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশ গঠনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশকে তারই একটি উদাহরণ বলে উল্লেখ করেন দীপু মনি।

করোনার জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে বিসিএসআইআর

0

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ গবেষণাগার করোনার পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে। তারা ৩টি নমুনার সিকোয়েন্সিং করেছে। করোনাভাইরাসের প্রতিষেধক, ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কারে সহায়তার জন্য এ গবেষণা করা হচ্ছে।

শনিবার (৩০ মে) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিএসআইআর-এর গবেষণায় সংশ্লিষ্ট নমুনায় এ ভাইরাসের অ্যামাইনো এসিড লেভেলে মোট ৯টি ভ্যারিয়্যান্ট পাওয়া যায়। সিকোয়েন্সিং করার জন্য এসব নমুনা সংগ্রহ করে বাংলাদেশ সরকারের আরেক প্রতিষ্ঠান National Institute of Laboratory Medicine and Referral Center।

গবেষক দলের নেতা, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও প্রকল্প পরিচালক ড. মো: সেলিম খান বলেন, আমাদের নমুনা অ্যানালাইসিসে ভাইরাসটির সঙ্গে সবচেয়ে বেশি মিল (৯৯.৯৯%) পাওয়া যায় ইউরোপিয়ান উৎস, বিশেষ করে সুইডেনের সঙ্গে। তবে করোনা ভাইরাসের ব্যাপারে বিস্তারিত তথ্য জানা বা তা থেকে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য বিসিএসআইআর-এর ৩টিসহ বাংলাদেশে এ পর্যন্ত উন্মোচিত সর্বমোট ২৩টি পূর্ণাঙ্গ সিকোয়েন্সিং মোটেই যথেষ্ট নয়। উৎস, ক্লাস্টার, ট্রান্সমিশন ডাইনামিক্স, মলিক্যুলার ডেটিং, ভ্যাকসিন ডিজাইনসহ অন্যান্য গবেষণার কাজ বেগবান করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের আরও বেশি সিকোয়েন্সিং ও ডাটা সংগ্রহ প্রয়োজন।

বিসিএসআইআর এ সংক্রান্ত তথ্য গ্লোবাল ডাটা ব্যাংক Global Initiative on Sharing All Influenza Data (GISAID)-এ উপস্থাপন করা হয়েছে, যা উক্ত সংস্থা কর্তৃক গৃহীত ও প্রকাশিত হয়েছে।

করোনা জয় করলেন এমপি এবাদুল করিম

0

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবু্লের করোনার নমুনা পরীক্ষায় দ্বিতীয় বারও নেগেটিভ এসেছে।

শনিবার এমপির ঘনিষ্টজন হিসেবে পরিচিত, নবীনগরের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান কালের কণ্ঠকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে সুস্থ আছেন বলেও জানান মনিরুজ্জামান।

সাংসদ এবাদুল করিম তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দেশের বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস’র কর্ণধার।

জানা গেছে, গত ১৯ মে সাংসদ বুলবুলের করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। এরপর থেকে তিনি ঢাকার বাসায় স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তাঁর করোনা ভাইরাসের দ্বিতীয় পরীক্ষায়ও কোভিট ১৯ নেগেটিভ আসে।

এদিকে সাংসদের করোনা নেগেটিভের খবর তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছড়িয়ে পড়লে, এলাকার সর্বত্র স্বস্থি নেমে আসে। এর আগে তাঁর করোনা মুক্তি কামনায় মসজিদ, মন্দিরসহ উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে নবীনগরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।

এদিকে সাংসদ এবাদুল করিম বুলবুল তাঁর করোনা মুক্তির জন্য বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রার্থনা সভা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে জানান সাংসদের পিএ মোক্তার সিকদার।

করোনার ঝুঁকি কমাতে রোবট ব্যবহার করছেন রুয়ান্ডার চিকিত্সা কর্মীরা

0

রুয়ান্ডার রাজধানী কিগালির কাছাকাছি আকাজুবা, ইকিজেরে এবং নাগাবতে কভিড-১৯ চিকিত্সার সুবিধার্থে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। তবে সাধারণ স্বাস্থ্যসেবা কর্মীরা এর আ্ওতায় নেই বলে জানা গেছে।

রুয়ান্ডায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী এবং চিকিত্সক ও নার্সদের মধ্যে যোগাযোগ হ্রাস করার লক্ষ্যে তিনটি রোবটকে মোতায়েন করা হয়েছে।

রোবটগুলাে রোগীদের তাপমাত্রা গ্রহণ ও পর্যবেক্ষণের মতো সহজ কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়।

বড় উজ্জ্বল নীল চোখ এবং মানুষের চেহারাসদৃশ সাদা রংয়ের রোবটগুলি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) নামের সংস্থা প্রদান করেছে।

রোবটগুলি পূর্ব আফ্রিকার দেশটিতে করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় অগ্রণী কর্মীদের (ফ্রন্টলাইন ওয়ার্কার) সহায়তা করছে।

সেখানে এখন পর্যন্ত ৩৫৫ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে।

সম্প্রতি রুয়ান্ডায় রয়টার্সের একটি দল ৭৫ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল পরিদর্শন করে।

হাসপাতালটির চিকিত্সক ডেভিড তুরতসিনজে বলেছেন, আমাদের কাছে যে তিনটি রোবট রয়েছে তারা চিকিত্সা দলের অংশ।

রোবটগুলাে চিকিত্সকদের কাছে বার্তা সরবরাহ করে এবং ‘ক্লিনিক্যাল’ সিদ্ধান্তের কার্যকারিতা নির্ধারণে সহায়তা করে।রোবটগুলি চিকিত্সকদের শয্যা বিন্যাসের কাজের সংখ্যা হ্রাস করেছে।

রুয়ান্ডায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রযুক্তি অপারেশন বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ার ফ্রান্সিন উমুটসি।

তিনি বলেন, আফ্রিকায় প্রথমবার ব্যবহার করা হচ্ছে রোবটগুলি।এতে চিকিত্সা দলগুলিকে আরও বেশি সহায়তা দেওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে।রোবটগুলি কেবল চিকিত্সকদের প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করে।

সূত্র : রয়টার্স

ফিলিস্তিনে ৭০ সহস্রাধিক শিক্ষার্থী স্কুলে ফিরে এসেছে

0

ফিলিস্তিন ভূখণ্ডের শিক্ষার্থীরা তাদের স্কুলগুলোতে ফিরে আসছে।চূড়ান্ত পরীক্ষার (ফাইনাল এক্সাম) জন্য তারা স্কুলে আসতে শুরু করেছে।

দুই মাস পর প্রথমবারের মতো তারা স্কুলে এসেছে।

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে,পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় দ্বাদশ শ্রেণির ৭৮ হাজার ৪০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ফিলিস্তিনে মার্চ থেকে স্কুলগুলি বন্ধ রয়েছে।

গাজায় শিক্ষার্থীরা প্রবেশের সাথে সাথে তাদের তাপমাত্রা পরীক্ষা করেছে পুলিশ এবং প্যারামেডিকসরা।

এরপর শিক্ষার্থীরা ক্লাসরুমে আলাদা হয়ে আসন গ্রহণ করে।

ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ পরিচালনা করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, ৩৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।

তারা জানায়, গাজায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬১ জন এবং মারা গেছে একজন।

সূত্র : গালফ টুডে

জনপ্রতিনিধিদের আরো বেশি সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

0

করোনা সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরো বেশি সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সাবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র সভায় তিনি এ নির্দেশ দেন।

সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ কথা জানান।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শনিবার সকালে গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আরো বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

বিমান ভ্রমণে দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলুন : প্রতিমন্ত্রী

0

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুপে যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে। তবে তা শুধু ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে চলবে। করোনা সংক্রমণরোধে বিমান ভ্রমণের সময় সকল যাত্রীকে বিমান ভ্রমণ করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার আহবান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেছেন, অভ্যন্তরীণ রুটে পরিচালিত বিমান সংস্থার যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিমানবন্দরে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনোভাবেই নিয়ম-কানুনের ব্যত্যয় ঘটানো যাবে না।

আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষেও চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি অভ্যন্তরীণ টার্মিনালের নবনির্মিত বর্ধিতাংশ এবং তৃতীয় টার্মিনালের নির্মান কাজ পরিদর্শন করেন। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রতিমন্ত্রীকে জানান।

মাহবুব আলী বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের উদ্বোধনের পর থেকে কোনো ধরনের বিরতি ছাড়াই কাজ এগিয়ে চলছে। দেশে করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও এই কাজ চলমান ছিল। কাজের অগ্রগতি সন্তোষজন। নির্ধারিত সময়ের মধ্যেই হযরত শাহজালাল তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ শেষ হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয় সচিব মো মহিবুল হক বলেন, তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি ও পহেলা জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চালনার প্রস্তুতি পরিদর্শনের জন্য আমরা এখানে এসেছি। যাত্রীরা নিরাপদেই বিমান ভ্রমন করতে পারবেন বলে আশা করছি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আমরা বিমানবন্দওে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি এবং বিমান চালনাকারী প্রতিষ্ঠানগুলোকে যে নির্দেশনা দিয়েছি তা যথাযথভাবে অনুসরণ করে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়টি বিশেষভাবে অনুসরণ করতে হবে।

গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা : সেতুমন্ত্রী

0

দেশের চলমান করোনা পরিস্থিতির মধ্যে চালু হওয়া গণপরিবহনে স্বাস্থ্যবিধির শর্তগুলো যারা মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সকল শর্ত বিআরটিএ তথা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। সেসব শর্ত যথাযথভাবে প্রতিপালনে আমি নিজেদের স্বার্থেই যাত্রী সাধারণ, মালিক ও শ্রমিক সংগঠনকে অনুরোধ জানাচ্ছি। এ সকল শর্ত প্রতিপালনের মাধ্যমে করোনা সংক্রমণ থেকে যানবাহন ও যাত্রীদের সুরক্ষা দিতে হবে। যে সকল পরিবহন সরকারি নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শনিবার গণপরিবহন চালুর বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন। এ সভায় সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকে ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামীকাল থেকে সরকারি-বেসরকারি অফিস খুলছে। সরকারি ছুটির সঙ্গে মিল রেখে বন্ধ থাকা গণপরিবহন খুলতে যাচ্ছে। আগামী সোমবার ১ জুন থেকে সড়ক পরিবহন শুরু হচ্ছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট স্টেক হেল্ডারদের সঙ্গে আমরা কথা বলেছি। গণ পরিবহনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনে সকলেই সম্মতি দিয়েছে। আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। সামান্য উপেক্ষা ভয়াবহ বিপদ ডেকে আতে পারে।

মালিক ও শ্রমিক সংগঠনের সকল স্টেক হেল্ডারদের নিয়ে টার্মিনাল ভিত্তিক মনিটরিং টিম গঠনের ও কাউন্সিলিংয়ের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পাশপাশি সরকারি নজরদারিসহ বিআরটিএ’র মোবাইল টিম কার্যকর থাকবে। আমরা চাই না পরিবহন কিংবা টার্মিনাল করোনা সংক্রমণের কেন্দ্রে পরিণত হোক। আমি টার্মিনাল সমূহের কর্তৃপক্ষকে পুরো এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান তথা জীবাণুমুক্ত রাখার আহ্বান জানাচ্ছি।

গণপরিবহন চলার ক্ষেত্রে শর্তগুলো তুলে ধরে তিনি বলেন, বাসসমূহে ৫০ ভাগ যাত্রী পরিবহন করা যাবে। অর্থাৎ অর্ধেক সিট খালি রাখতে হবে। যাত্রী ওঠানামার সময় সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব মেনে চলতেই হবে। যাত্রী পরিবহন, শ্রমিক, চালক, চালকের সহকারী, কাউন্টার কর্মী সকলকে মাস্ক পরিধান বাধ্যতামুলক করতে হবে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ টার্মিনাল এবং স্টেশনে সাবান ও পানির ব্যবস্থা রাখতে হবে হাত ধোয়ার জন্য। ট্রিপ শুরু হওয়ার আগে ও পরে জীবাণুনাশক স্পে করতে হবে। অনুমোদিত নির্দিষ্ট স্টেশন ছাড়া যেখানে সেখানে থামানো যাবে না। যাত্রী ওঠা নামা যত্রতত্র করা যাবে না।

ওবায়দুল কাদের বলেন, করোনা আক্রান্ত ২১৫টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ২২তম। সামনে কঠিন সময় আসছে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। এই কঠিন পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশ আমাদের চেয়ে খারাপ অবস্থা স্বত্ত্বেও লকডাউন শিথিল করেছে। কেউ কেউ তুলে নিয়েছে। জীবন রক্ষার পাশাপাশি এই সময়ে দেশের অর্থনীতিও বাঁচাতে হবে।

করোনাভাইরাস সংকটে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঢালাও সমালোচনা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিচ্ছেন তার ওপর আমাদের আস্থা রাখতে হবে। ঢালাও সমালোচনা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। সংকটের শেখ হাসিনা সকলের সাথে আছেন। আল্লাহর অশেষ রহমত এবং সকলেল সহযোগিতায় আমরা ঘুরে দাঁড়াবো।