Home Blog Page 2919

করোনা রোধে একনেকে উঠছে চার প্রকল্প

0

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও দেশ থেকে করোনাভাইরাস নির্মূলে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে যাচ্ছে সরকার। এ উদ্দেশ্যে চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে। শিগগির একনেকে উঠছে এ চার প্রকল্প।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যে চারটি প্রকল্প একনেকে উঠতে যাচ্ছে তার মধ্যে দুটি সরাসরি করোনা রোগীর চিকিৎসায় ভূমিকা রাখবে। অন্য দুটি প্রকল্প দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে। ফলে চারটি প্রকল্পই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে করোনা সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে। প্রকল্প চারটির মোট প্রস্তাবিত ব্যয় ১৮ হাজার ৭২০ কোটি টাকা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আগামী মঙ্গলবার (২ জুন) প্রকল্পগুলো উপস্থাপন করা হবে। গণভবন থেকে একনেকের ভার্চ্যুয়াল সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভায় করোনা সংকট মোকাবেলা সংক্রান্ত প্রকল্প ছাড়াও অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগেরও বেশকিছু প্রকল্প অনুমোদন দেওয়া হবে। আগামীকাল রবিবার (৩১ মে) একনেক বৈঠকে প্রকল্প উপস্থাপনের জন্য তালিকা চূড়ান্ত করা হবে।

জানা গেছে, দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় পর এ একনেক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর ভার্চুয়াল একনেক সভা এটিই হবে প্রথম। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় শুরু হবে এ সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী গণভবন থেকে সভায় অংশ নেবেন। বাকিরা সবাই সভায় অংশ নেবেন এনইসি সম্মেলন কক্ষ থেকে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, কভিড-১৯ রেসপন্স অ্যান্ড ইমার্জেন্সি অ্যাসিসট্যান্স প্রকল্প এ একনেক সভায় উপস্থাপন করা হবে। প্রকল্পের আওতায় করোনা মোকাবিলায় সাড়ে তিন হাজার চিকিৎসক ও নার্সকে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের তালিকায় আছেন স্টাফরাও। পাশাপাশি যেসব হাসপাতালে করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে, সেগুলোতে প্রয়োজনীয় সংখ্যক ভেন্টিলেটর স্থাপন করা হবে। ১৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭টি আইসোলেশন সেন্টার ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটসহ ১৯টি ল্যাবরেটরি আপগ্রেড করা হবে।

প্রকল্পটির মোট ব্যয় এক হাজার ২২৭ কোটি টাকা। এরমধ্যে ১০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাকি অর্থ সরকারি কোষাগার থেকে দেওয়া হবে।

এছাড়া ‘কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক রেসপন্স’ নামে এক হাজার ৩৬৫ কোটি টাকার আরেকটি প্রকল্প উপস্থাপন করা হবে একনেকে। এই প্রকল্প ব্যয়ের মধ্যে ৮৫০ কোটি টাকা আসছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ থেকে। বাকি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে।

এ প্রকল্পের আওতায় দেশের ১৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিট দিয়ে সজ্জিত করা, অন্তত ১৯টি পরীক্ষাগারের সক্ষমতা ও গুণগত মানকে কোভিড-১৯ মাইক্রোবায়োালজিক্যাল ডায়াগনস্টিক সুবিধা দিয়ে উন্নত করা হবে। এছাড়া স্বাস্থ্যখাতের কমপক্ষে তিন হাজার ৫০০ জন কর্মীকে আধুনিক দক্ষতা এবং জ্ঞানের প্রশিক্ষণ দেওয়া হবে। সেইসঙ্গে পিসিআর মেশিন, পিসিআর ল্যাব, আইসিইউ, পিপিই ও মাস্ক কেনার কাজে এই প্রকল্পের টাকা খরচ করা হবে।

এ ছাড়া, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি সরকারের বিশেষ বিবেচনায় বাস্তবায়িত হচ্ছে। সপ্তম পর্যায়ে প্রকল্প পেতে যাচ্ছে। নতুন করে প্রকল্পের মোট ব্যয় হবে তিন হাজার ১২৮ কোটি ৪৬ লাখ টাকা। জুন ২০২০ থেকে ডিসেম্বর ২০২৪ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। জেলা ও উপজেলা শিক্ষাকেন্দ্র, দারুল আরকাম মাদ্রাসা এবং রিসোর্স সেন্টারের কাযর্ক্রম চলমান রাখার প্রস্তাব করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলা, ৫০৫টি উপজেলা, থানা ও জোনে কাজ চলমান। ৩২ হাজার প্রাক-প্রাথমিক, ৪১ হাজার কোরআন শিক্ষা এবং ৭৬৮টি বয়স্ক কেন্দ্রসহ মোট ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে। বর্তমানে শিক্ষকদের মাসে সাড়ে চার হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে। সামনে তা বাড়িয়ে সাড়ে পাঁচ হাজার টাকা করা হবে। প্রাক-প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা স্তরসহ মোট এক কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৯৫০ জনকে শিক্ষা দান করা হচ্ছে। আগ্রহী আলেমদের জন্য দ্বীন-দাওয়াত ভিত্তিক কর্মসংস্থান এবং সাক্ষরতার হার আরও বৃদ্ধিতে নতুনভাবে প্রকল্পটি অনুমোদন করা হবে।

এদিকে, প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য ‘প্রাথমিক উপবৃত্তি (তৃতীয় পর্যায়)’ প্রকল্পটির সংশোধনী বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১৩ হাজার কোটি টাকা। প্রাথমিক শিক্ষার্থীদের বকেয়া অর্থ পরিশোধে জরুরি বিবেচনায় প্রকল্পটি একনেক সভায় উঠছে।

প্রকল্পের আওতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপবৃত্তির টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে এবারই প্রথম জুতা, জামা ও স্কুল ব্যাগ কিনতে সব শ্রেণির প্রত্যেকের জন্য এককালীন এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

পদ্মা সেতুর ৩০তম স্প্যান বসছে আজ

0

পদ্মা সেতুর ৩০তম স্প্যান পিলারের ওপর বসানো হচ্ছে আজ শনিবার (৩০ মে)। আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকলে স্প্যানটি জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হবে।

এরই মধ্যে স্প্যানটির চূড়ান্ত রঙের কাজ, হ্যান্ড রেল, স্টেয়ার, ব্যালান্স লোড স্থাপনের কাজ শেষ হয়েছে। ভাসমান ক্রেনে এটি নিয়ে যাওয়া হয়েছে জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নং পিলারের কাছে। ৩০তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর সাড়ে চার কিলোমিটার দৃশ্যমান হবে। বাকি থাকবে দেড় কিলোমিটারের সামান্য বেশি বা ১১টি স্প্যান। কোনো কারণে আজ স্প্যানটি বসানো সম্ভব না হলে আগামীকাল বসানো হবে বলে জানা গেছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, ৩০তম স্প্যানটি বসানোর পর ৩১তম স্প্যান বর্ষা মৌসুমের আগেই খুঁটির ওপর বসানোর পরিকল্পনা রয়েছে। আর ৩১তম স্প্যানটি বসে গেলে জাজিরা প্রান্তের সব কয়টি স্প্যান বসানো হয়ে যাবে। শুধু মাওয়া প্রান্তে বাকি থাকবে ১০টি স্প্যান বসানোর কাজ। খুব দ্রুত তাও সম্পন্ন করা হবে।

আব্দুল কাদের আরো জানান, করোনার কারণে পদ্মা সেতুর কাজের তেমন কোনো অসুবিধা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে করোনার মধ্যেও পদ্মা সেতুর কাজ চলছে। করোনাকালে পুরো প্রকল্পটিই আইসোলেটেড রাখা হয়েছে। তাই এখানকার দেশি-বিদেশি কর্মীরা অনেকটাই নিরাপদ। নিরাপদ দূরত্বে অবস্থান করে কাজ করতে সমস্যা হচ্ছে না। বাইরের কাউকে এখানে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

কাল প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল

0

এসএসসি ও সমমানের ফল কাল রবিবার প্রকাশিত হবে। তবে করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই।

শিক্ষার্থীরা প্রাক- নিবন্ধন, এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এই তিনটি উপায়ে ফল জানতে পারবে।

অন্যান্যবারের চেয়ে একটু আগেভাগেই দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের জন্য ফল প্রকাশের পরদিন সোমবার স্কুলে ফলাফল পাঠানো হবে।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০-এর ফলাফল ৩১ মে রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। ওই দিন দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

করোনা মহামারির কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনের স্থানে না আসার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের ই-মেইলে বিস্তারিত তথ্য পাঠানো হবে। ইলেকট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ পাঠানো হবে।

আন্ত শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে গতকাল দুপুর ২টা পর্যন্ত ১১ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থী ফলাফল পেতে প্রাক নিবন্ধন করেছে।

আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত এই প্রাক নিবন্ধনের সুযোগ রয়েছে। (শিক্ষার্থীরা নিজেদের তথ্য দিয়ে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল প্রকাশের পরপরই তার নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল চলে আসবে) তবে প্রাক নিবন্ধন না করলেও তাৎক্ষণিক এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

এবারের এসএসসির ফল চলতি মাসের প্রথম সপ্তাহেই প্রকাশের কথা ছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে তা সম্ভব হয়নি। তবে এবারই প্রথম পরীক্ষকদের কাছ থেকে ডাকযোগে এসএসসির ওএমআর শিট বোর্ডে এনে তা স্ক্যানিং করা হয়েছে।

সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভা বাতিল, আজ শপথ নেবেন ১৮ বিচারপতি

0

আদালত খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার বিকেল ৩টায় যে ফুলকোর্ট সভা ডাকা হয়েছিল তা বাতিল করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই ফুলকোর্ট সভা বাতিল করেছেন। তবে হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ১৮ বিচারপতির শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সুপ্রিমকোর্টসহ দেশের সকল আদালতে সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে আজ ৩০ মে। এ অবস্থায় আদালতে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হবে কি-না, কিংবা ছুটি বাড়ানো না হলে সংক্রমণ এড়িয়ে কিভাবে আদালত কার্যক্রম পরিচালনা করা যায়; সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডাকা হয়েছিল। কিন্তু এই সভা বাতিল করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

গত ২৪ মার্চ এক আদেশে দেশের সকল আদালতে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি সাথে মিলিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছিল। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সাধারণ ছুটি কয়েকদফা বাড়িয়েছে। সর্বশেষ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এমন অবস্থায় সুপ্রিম কোর্ট প্রশাসনও সরকারের সঙ্গে তালমিলিয়ে আদালতের ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ায়। এরই মধ্যে সরকার সাধারণ ছুটির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় আদালতে ছুটি বাড়ানো হবে কি-না সেবিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডাকা হয়। কিন্তু শুক্রবার রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের অস্থায়ী ১৮ বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগ দেন। এ কারণে এই ১৮ বিচারপতির শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ।

ভারতে বিমান ওঠা-নামায় সমস্যা করতে পারে পঙ্গপালের ঝাঁক

0

ভারতের উত্তর ও পশ্চিম অংশের কিছু রাজ্যে উত্‍পাত শুরু করেছে পঙ্গপালের ঝাঁক। মাঝেমধ্যেই মেঘের মতো আস্তরণ তৈরি করে লোকালয় কিংবা জমিতে চলে আসছে তারা। ফলে ফসল নষ্ট থেকে শুরু করে মানুষের বাইরে বের হতেও সমস্যা হচ্ছে। এই পঙ্গপালের ঝাঁকের ফলে বিমান ওঠা- নামা করতে সমস্যা হতে পারে বলে সতর্ক করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

শুক্রবার ডিজিসিএ’র পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে একথা বলা হয়েছে। পঙ্গপালের ফলে বিমানের কী কী অসুবিধা হতে পারে তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে এই নির্দেশিকায়। সাধারণত এই পঙ্গপালের ঝাঁক বায়ুমণ্ডলের নিচের স্তরেই দেখা যায়। খুব বেশি উঁচুতে তারা ওড়ে না। তার ফলে বিমানের টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় সমস্যা হতে পারে, এমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়। যদি পঙ্গপালের ঝাঁক বিমানের কোনো যন্ত্রাংশের ভিতর ঢুকে যায় তাহলে সেই যন্ত্রাংশ যেমন, ইঞ্জিন খারাপ হতে যেতে পারে। এছাড়াও এই পঙ্গপাল বিমানের সেন্সর ব্যবস্থাও খারাপ করে দিতে পারে। সেক্ষেত্রে বিমানের উচ্চতা বা গতি ভুল দেখাতে পারে। এতে বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

ডিজিসিএ জানিয়েছে, একটা পঙ্গপাল ছোট হলেও পঙ্গপালের ঝাঁক খুব ক্ষতিকর। অনেক সময় এরা বিমানের ককপিটের উইন্ড স্ক্রিনে আটকে যায়। ফলে পাইলটের দেখতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পাইলটরা সাধারণত ওয়াইপার ব্যবহার করে স্ক্রিন পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু এতে স্ক্রিন আরো ঘোলাটে হয়ে যেতে পারে। তাই এই ধরনের ঘটনায় ওয়াইপার ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে পাইলটদের। এছাড়া পঙ্গপালের ঝাঁকের ফলে রানওয়ে দেখার ক্ষেত্রে পাইলটদের সমস্যা হতে পারে বলেও জানানো হয়েছে।

এই সমস্যা দূর করার জন্য কিছু পরামর্শ দিয়েছে ডিজিসিএ। বলা হয়েছে, বিমান টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় আশেপাশে কোথাও পঙ্গপালের ঝাঁক আছে কিনা তা সংশ্লিষ্ট বিমানবন্দরের কর্মীদের খেয়াল রাখতে হবে। থাকলে তা সঙ্গে সঙ্গে পাইলটকে জানাতে হবে। দরকার পড়লে কিছুক্ষণ পরে টেক অফ বা ল্যান্ডিং করতে হবে। এছাড়া রাতের বেলায় পঙ্গপাল ওড়ে না। তাই রাতে বেশিরভাগ বিমান আপাতত চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে উত্তর ও পশ্চিম ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ ও দিল্লিতে সবথেকে বেশি উত্‍পাত করছে পঙ্গপাল। এরই মধ্যে ৫০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। তাই বিভিন্ন রাজ্যের প্রশাসনের পক্ষে ট্র্যাক্টর, গাড়ি ও ড্রোনের সাহায্যে পঙ্গপালের ঝাঁকের ওপর জীবাণুনাশক স্প্রে করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও উত্‍পাত কমছে না।

তাইওয়ানে স্বাধীনতাকামিদের দমনে সেনা নামাতে চায় চীন

0

স্বাধীনতার জন্য তাইওয়ানের লড়াই অন্য কোনো উপায়ে থামাতে না পারলে হামলা চালাবে চীন। চীনের সেনাবাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের একজন আজ শুক্রবার এ কথা বলেছেন।

চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য লি জুয়োচেং বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনীকে কাজে লাগানো হতে পারে।

তিনি এও বলেন, ২০০৫ সালের আইন অনুসারে যদি চীন মনে করে তাহলে তাইওয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীর দ্বারা আক্রমণ চালাতে পারবে।

সূত্র : গ্লোবাল নিউজ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গের মৃত্যুর বিক্ষোভে থানায় অগ্নিসংযোগ

0

যুক্তরাষ্ট্রে পুলিশের নিপীড়নে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিস শহরে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা মিনিয়াপলিসের একটি থানায় আগুন জ্বালিয়ে দেয়।

মিনিয়াপলিসের বিক্ষোভে অংশ নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী। একদিকে থানার ভেতরে ফায়ার অ্যালার্ম বেজে চলছে। অন্যদিকে বিক্ষোভকারীরা উল্লাস করছে। এমন দৃশ্য বৃহস্পতিবার রাতের। পুলিশের বেষ্টনী ঘিরে লোকজন আতশবাজি করছে। তবে কোথাও কোনও সাইরেনের শব্দ নেই। তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপন কর্মীরাও কোন ব্যবস্থা নেইনি। স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদও বিক্ষোভ শান্ত হওয়ার কোনও লক্ষণ দেখা যায়নি।

সিএনএনের প্রতিবেদক জানান, পুলিশ বুদ্ধি করেই পাল্টা বলপ্রয়োগ করেনি। তাদের পাল্টা আক্রমণ পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলত।

গেল ২৫ মে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাতে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আন্দোলন তীব্রতা পায়। মঙ্গলবার থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বিক্ষোভকারীর দফায় দফায় ১৬ টি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।

৫০ শতাংশ আসন খালি রেখে চলবে গণপরিবহন

0

আগামী রবিবার থেকে চালু হচ্ছে গণপরিবহন। গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আজ শুক্রবার বিআরটিএতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে এক বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এ কথা বলেন।

শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর বনানীতে বিআরটিএ’র অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন।

সূচনা বক্তব্যে সড়ক পরিবহন মন্ত্রী গণপরিবহন চালু করতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে মালিক-শ্রমিকদের ১২ দফা নির্দেশনা প্রদান করেন।

বৈঠকের শুরুতে ২৫ থেকে ৩০ শতাংশ আসন খালি রেখে গণপরিবহন চালানোর কথা বলা হলেও পরে অর্ধেক আসন খালি রাখার পক্ষে মত আসে।

পরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশ ওবায়দুল কাদের বলেন, লাখ লাখ শ্রমিক, মালিকের জীবনের সঙ্গে পরিবহনের একটি সম্পর্ক রয়েছে। শেখ হাসিনা একজন মানবিক মানুষ, তার মানবিকতা ও দেশের মানুষের প্রতি ভালোবাসা প্রশ্নাতীত। অনুরোধ করবো,আপনারা যারা পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট, তারা চলমান সংকট মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন না। সামান্য ভুল বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। আপনারা কিছু শর্ত বা নীতিমালা ঠিক করুন, কীভাবে যাত্রী সেবা দেয়া যায় এবং পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা যায়।

ওবায়দুল কাদের বলেন, গণপরিবহন সংক্রমণের জন্য ভয়ানক হতে পারে। এখানে শ্রমিক, চালক, যাত্রী, পথচারি অনেকেই সংশ্লিষ্ট। একজন গাড়িতে উঠলে চেইন রিএকশনে অনেককে সংক্রমিত করতে পারে। তাই ঢালাওভাবে নয়, নিয়ন্ত্রিত উপায়ে সীমিত পরিসরে যাত্রী সেবা প্রদানে আপনারা প্রতিপালনীয় শর্তগুলো ঠিক করুন। শুধু ঠিক করলেই হবে না, কঠোরভাবে মেনে চলতে হবে। এর পাশাপাশি দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর রাখতে হবে। করোনার মৃত্যুর মিছিলের পাশাপাশি দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দেশেরে মানুষ দেখতে চায় না।

ওবায়দুল বলেন, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে। বাস টার্মিনালে কোনোভাবেই ভিড় করা যাবে না। ৩ ফুট দূরত্ব বজায় রেখে যাত্রীরা গাড়ির লাইনে দাঁড়াবেন এবং টিকেট কাটবেন।

মন্ত্রী বলেন, স্টেশনে পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। বাসে কোনো যাত্রী দাঁড়িয়ে যেতে পারবে না। বাসের সকল সিটে যাত্রী নেওয়া যাবে না। ২৫- ৩০ শতাংশ সিট খালি রাখতে হবে। পরিবারের সদস্য হলে পাশের সিটে বসানো যাবে অন্যথায় নয়। যাত্রী, চালক, সহকারী, কাউন্টারের কর্মী সকলের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক।

ট্রিপের শুরুতে এবং শেষে বাধ্যতামূলকভাবে গাড়ির অভ্যন্তরভাগসহ পুরো গাড়িতে জীবানুনাশক স্প্রে করতে হবে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, যাত্রী উঠানামার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে। চালক, কন্ডাক্টদের ডিউটি একটানা দেওয়া যাবে না। তাদের নির্দিষ্ট সময়ের জন্য কোয়ারেন্টিন বা রেস্ট দিতে হবে।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, এখানে সামাজিক দূরত্ব বজায় না রাখলে ঝুঁকি বেড়ে যাবে, সেক্ষেত্রে দুই সিটের মধ্যে এক সিট বাদ দিতেই হবে। গ্রাম থেকে যখন একসঙ্গে আসবে, তখন অনেকেই পাশাপাশি বসতে চাইবে। সে ক্ষেত্রে ৩০ শতাংশ হলে ঝুঁকি বেড়ে যাবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ ভাড়া নিয়ে আলাদা করে আর কোনো বৈঠক দরকার নেই উল্লেখ করে আজকের বৈঠকে বলেন, যাত্রী যেহেতু অর্ধেক নেওয়া হবে, সেই ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ করে দিলেই হল। এটা নিয়ে কালকে আবার আলাদা বৈঠকের দরকার কি? এ সময় অন্য মালিকরাও এনায়েত উল্লার কথায় সায় দেন।

বিআরটিএর বৈঠকে গণপরিবহনে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা হলেও মালিকপক্ষের ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শনিবার বিআরটিএ ও বাসমালিক সমিতির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

হাইকোর্টে স্থায়ী হলেন ১৮ অতিরিক্ত বিচারপতি

0

হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে দুইবছর আগে নিয়োগ পাওয়া ১৮ বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শপথের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে। এ বিষয়ে আজ শুক্রবার আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২০১৮ সালের ৩০ মে ১৮ জনকে হাইকোর্টে বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। শপথের দিন থেকে দুইবছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়। এরপর ওইবছরের ৩১ মে ওই ১৮ জন শপথ নেন। এরপর থেকে গত দুইবছর ওই ১৮ জন বিচারপতি দায়িত্ব পালন করে আসছেন। এ অবস্থায় তাদের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।

স্থায়ী নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, বিচারপতি এস এম আব্দুল মবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শশাংক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলম।

মধ্য আফ্রিকান রিপাবলিকে বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রেরণ

0

বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকা রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ ৩টি আর্মড ভার্শন এম আই-১৭১ হেলিকপ্টারসহ কন্টিনজেন্ট প্রেরণ করছে। বাংলাদেশ বিমান বাহিনীর সর্বমোট ১২৫ জন সদস্য মধ্য আফ্রিকায় মোতায়ন করা হলো।

জাতিসংঘে স্থায়ী মিশন নিউইয়র্কের সহযোগিতায় এই প্রথমবারের মতো বাংলাদেশ বিমানের একটি ভাড়া করা বিমানে আজ শুক্রবার বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্ট বাংলাদেশ মিডিয়াম আর্মড মিলিটারি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মো. আসাদুল করিম, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।

বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান।

উল্লেখ্য, গত ২৮ মে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মধ্য আফ্রিকান রিপাবলিকগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে ঘাঁটি বাশার-এ ব্রিফিং প্রদান করেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান।