Home Blog Page 2920

আদালত ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে কাল বসছে ফুলকোর্ট সভা

0

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতে সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ৩০ মে। এ অবস্থায় আদালতে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হবে কি না, কিংবা ছুটি বাড়ানো না হলে সংক্রমণ এড়িয়ে কিভাবে আদালত কার্যক্রম পরিচালনা করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডাকা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে শনিবার বিকেল ৩টায় এই বৈঠক বসছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ২৪ মার্চ এক আদেশে দেশের সকল আদালতে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি সাথে মিলিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছিল। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সাধারণ ছুটি কয়েক দফা বাড়িয়েছে। সর্বশেষ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় সুপ্রিম কোর্ট প্রশাসনও সরকারের সঙ্গে তালমিলিয়ে আদালতের ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ায়। এরই মধ্যে সরকার সাধারণ ছুটির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় আদালতে ছুটি বাড়ানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্টসভা ডাকা হলো।

ঝালকাঠিতে দুস্থদের বাড়ি বাড়ি সেনাবাহিনীর খাদ্য সহায়তা

0

করোনাভাইরাস প্রতিরোধে আজ শুক্রবার ঝালকাঠিতে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে অসহায় ও দুস্থদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

গণপরিবহনের ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার

0

গণপরিবহনের ভাড়ার বিষয়টি আগামীকাল ভাড়া নির্ধারণ বিষয়ক কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

আজ শুক্রবার বিকেলে বিআরটিএর প্রধান কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে গণপরিবহন চালুর জন্য পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনসহ অংশীজনদের নিয়ে এক সভা শেষে তিনি একথা জানান।

সভা শেষে সড়ক সচিব জানান, সীমিত পর্যায়ে গণপরিবহন চালানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। গণপরিবহনের ভাড়ার বিষয়টি আগামীকাল ভাড়া নির্ধারণ বিষয়ক কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

সভায় সাধারণ ছুটি শেষে আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে ভাড়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. হাসানুল কবির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান।

আনসারের আরো ১২ সদস্য করোনায় আক্রান্ত

0

শুক্রবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর আরো ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ৩২৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকায় অক্রান্ত হয়েছেন ২৭৩ জন এবং ঢাকার বাইরে ৫৫ জন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক এক জন, ১০২ জন ব্যাটালিয়ন আনসার, ২১৯ জন অঙ্গীভূত আনসার, একজন বিশেষ আনসার, একজন সিগন্যাল অপারেটর, একজন নাসিংসহকারী, ২ জন মহিলা আনসার এবং একজন ভিডিপি সদস্য।

সংশ্লিষ্টরা জানান, করোনা আক্রান্তদের মধ্যে ৮১ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ১৬৫ জন অঙ্গীভূত সাধারণ আনসার ঢাকা মহানগর পুলিশের সাথে কর্মরত রয়েছেন। এ ছাড়া বাকিদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন।

এ পর্যন্ত বাহিনীর করোনা আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন সর্বমোট ৯৪ জন। করোনাযুদ্ধে জয়ী বাহিনীর এ সকল সদস্য সুস্থ হয়ে যার যার কর্মস্থলে যোগদান করে আবার তাদের উপর অর্পিত দায়িত্ব ও সেবামূলক কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর করোনা আক্রান্তদের মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন ১৩ জন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আাবাসিক হোটেল কোয়ারেন্টিনে ৫১২ জন। বিভিন্ন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বাহিনীর ১৭৭ জন সদস্য চিকিৎসাধীন আছেন।

এ পর্যন্ত বাহিনীর একজন সদস্য মৃতুবরণ করেছেন। মৃতুবরণকারী সদস্য হলেন অঙ্গীভূত সাধারণ আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুল মজিদ। তিনি ঢাকার ভাটারা থানায় কর্মকালীন থাকা অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১১ মে ইন্তেকাল করেন।

বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি’র নানা উদ্যোগের ফলে করোনা আক্রান্ত আনসার সদস্যরা দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভাড়া করা বিমানে লন্ডন গেলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান

0

চার্টার (ভাড়া করা) ফ্লাইটে লন্ডন গেলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান ও তাঁর স্ত্রী নাসরিন খান। ভাড়া করা ওই ফ্লাইটে যাত্রী হিসেবে শুধু তারা দুজনই ছিলেন। ফ্লাইটটি বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার ভাড়া করা একটি উড়োজাহাজে স্ত্রীকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

দুজন যাত্রী নিয়ে একটি চার্টার উড়োজাহাজ যুক্তরাজ্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ রয়েছে। আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ নিষেধাজ্ঞা আগের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকের সঙ্গে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুল্যান্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু আছে।

জুনে করোনায় দেশে ব্যাপক প্রাণহানির আশঙ্কা

0

ডক্টরস প্লাটফর্ম ফর পিপল’স হেলথ আয়োজিত অনলাইন বৈঠকে চিকিৎসক নেতৃবৃন্দ বলেছেন, সঠিকভাবে লকডাউন কার্যকর না হওয়ায় সারা দেশে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ ঘটে গেছে। তাই জুন মাস আমাদের জন্য কঠিন সময়। এই সময়ে করোনায় ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ অপ্রতুল ও কোনো কোনো ক্ষেত্রে পারস্পরিক সাংঘর্ষিক বলেও তারা অবহিত করেছেন।

আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অনলাইন বৈঠকের এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. শাকিল আখতার।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, প্রথমদিকে সরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হলেও পরে কয়েকটি বেসরকারি হাসপাতালকে এই পরীক্ষা করতে দেওয়া হয়েছে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। প্রজ্ঞাপন জারি করে বেসরকারি হাসপাতালগুলোকে কভিড-১৯ এর চিকিৎসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, যা গরিব জনসাধারণের সাধ্যের বাইরে। উপরন্ত এক্ষেত্রে ব্যবস্থাপনা সংক্রান্ত বিস্তারিত বর্ণনা ও সমন্বয় না থাকায় চিকিৎসা ব্যবস্থায় হ-য-ব-র-ল অবস্থা সৃষ্টি হয়েছে। চিকিৎসার সঠিক দিক-নির্দেশনা (গাইডলাইন) চিকিৎসকদের কাছে এখনো পৌঁছানো হয়নি বলে তারা দাবি করেন।

বৈঠকে গৃহীত দাবিনামায় বলা হয়, অবিলম্বে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করে কভিড-১৯ চিকিৎসার সকল দায়িত্ব সরকারকে নিতে হবে। প্রয়োজনে সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতাল সমূহকে রিকুইজিশন করে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও পরিচ্ছন্নতাকর্মীসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাকর্মী দ্রুত নিয়োগ দিতে হবে। একযোগে দেশব্যাপী কভিড-১৯ রোগের লক্ষণযুক্ত রোগী খুঁজে পরীক্ষার জন্য মানসম্মত র‌্যাপিড টেস্ট কিট (সায়েন্স ল্যাবরেটরি / গণস্বাস্থ্য উদ্ভাবিত অথবা এন্টিজেন /এন্টিবডি নির্ণয় টেস্ট কিট) অবমুক্ত করতে হবে।

দাবিনামায় আরো বলা হয়, বর্তমানে চলমান লকডাউন দৃঢ়ভাবে আরো কিছুদিন চালু রাখতে হবে। লকডাউন চলাকালে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও চিকিৎসা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। লকডাউন তুলে নেওয়ার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকল প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় কঠোরভাবে নির্দেশনা দিতে হবে। এ ছাড়া সরকার ঘোষিত ঝুঁকি বীমা ও ভাতা প্রদানে বেসরকারি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। কেউ অসুস্থ হলে তার চিকিৎসার সমস্ত দায়ভার রাষ্ট্র বহন করতে হবে। সর্বোপরি এই দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে স্বাস্থ্যখাতের কারো মৃত্যু হলে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

বাঁধ প্রকল্পের পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই

0

বাঁধ প্রকল্পের পাশাপাশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেছেন, আমি কয়রা, শ্যামনগর, আশাশুনি ঘুরে দেখেছি যেখানে গাছ ছিল সেখানে ভাঙন হয় নাই, হলেও খুবই কম। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই পুরো দেশবাসীর কাছে অনুরোধ করবো আপনারা নদী /খালের পাড়ে গাছ লাগান, ঘর-বাড়ি সংরক্ষিত হবে।

আজ শুক্রবার খুলনার দাকোপ ও পাইকগাছা উপজেলার বটবুনিয়া, কামিনিবাসী, ঝালবুনিয়া, শোলাদানা বাজার, গরইখালী বাজার, কুমখালী, পাটকেলপোতা ও দেলুটি ইউনিয়নের কালীনগরের ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা স্পিডবোটযোগে পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

খুলনার দাকোপ উপজেলার জন্য ১২০০ কোটি টাকার নতুন প্রকল্পের কথা জানিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ দরকার তবে এতে মানুষ বিমুখ হয়ে যায়। কিন্তু একমাত্র শেখ হাসিনার সরকার জমির বাজারমূল্যের তিনগুণ বেশি দাম দেয়। প্রকল্প পাশের আনুষ্ঠানিকতা শেষ হলে আমরা দ্রুততম সময়ে কাজ শুরু করবো।

এ সময় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু, খুলনা-১ আসনের সংসদ সদস্য ও হুইপ পঞ্চানন বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক (বাপাউবো) হাবীবুর রহমান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, উপ-সচিব নুর আলম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, প্রধান প্রকৌশলী (খুলনা) মো. রফিক উল্লাহ, খুলনার নির্বাহী প্রকৌশলী (পওর-২) পলাশ ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, চিংড়ির ঘেরের জন্য বাঁধ স্থায়ী হয় না। তাই বাঁধ থেকে কমপক্ষে ১০০ মি. দূরে চিংড়ি ঘের করতে হবে। প্রধানমন্ত্রী ‘মানবতার নেত্রী’ বলেই জনদুর্ভোগ কমাতে বাঁধ একবার করার পরেও আবার বাঁধ করে দেন।

এর আগে গত ২৮ ও ২৭ মে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পিরোজপুরের মঠবাড়িয়া, সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি উপজেলার এবং খুলনার কয়রা উপজেলার আম্পানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

গত ২০ মে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানে উপকূলাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শুধুমাত্র খুলনার দাকোপ উপজেলায় প্রায় ১২ কি.মি. বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। গত ২২মে উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি হেলিকপ্টারযোগে পরিদর্শন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি।

আম্ফানের আঘাতের পূর্বে উপমন্ত্রী শামীম সাধারণ ছুটির মধ্যেও ঝুঁকিপূর্ণ এলাকার বাঁধ নির্মাণ কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন। শুক্রবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১০ কার্যদিবসে সারা দেশে ২০৯৩৮ জনের জামিন

0

সারা দেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে ১০ কার্যদিবসে শিশুসহ ২০ হাজার ৯৩৮ জনকে জামিন দেওয়া হয়েছে। এই সময়ে সারা দেশে ৩৩ হাজার ২৮৭টি জামিনের আবেদন নিষ্পত্তি করে এই জামিন মঞ্জুর করা হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১১ মে থেকে জামিন শুনানি শুরু হয়। সর্বপ্রথম ওই দিন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে একটি জামিন আবেদনের ওপর শুনানি শেষে এক আসামিকে জামিন দেওয়া হয়। ১২ মে ২২০টি আবেদনের ওপর শুনানি শেষে ১৪৪ জন, ১৩ মে ১১৮৩টি আবেদনের ওপর শুনানি শেষে ১০১৩ জন, ১৪ মে ২৪৩৪টি আবেদনের ওপর শুনানি শেষে ১৮২১ জন, ১৭ মে ৪৬৬৪টি আবেদনের ওপর শুনানি শেষে ৩৪৪৭ জন এবং ১৮ মে ৫৭৩০টি আবেদনের ওপর শুনানি শেষে ৩৬৩৩ জন, ১৯ মে ৬৫১৬টি আবেদনের ওপর শুনানি শেষে ৪০৪২ জন, ২০ মে ৭৬৩১টি আবেদনের ওপর শুনানি শেষে ৪৪৮৪ জন, ২৭ মে ১৮৫৬টি আবেদনের ওপর শুনানি শেষে ৮৭৬ জন এবং ২৮ মে ৩০৮২টি আবেদনের ওপর শুনানি শেষে ১৪৭৭ জনের জামিন মঞ্জুর করা হয়। সবমিলে গত ১০ কার্যদিবসে ৩৩ হাজার ২৮৭টি আবেদনের ওপর শুনানি শেষে ২০ হাজার ৯৩৮ জনের জামিন মঞ্জুর করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধুমাত্র জামিন আবেদনের শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। এরপর থেকে সুপ্রিম কোর্টসহ দেশের সকল জেলায় দায়রা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদনের ওপর শুনানি চলছে।

কাল বসছে পদ্মা সেতুর ৩০তম স্প্যান

0

পদ্মা সেতুর ৩০তম স্প্যান আগামীকাল শনিবার পিলারের উপর বসানো হচ্ছে। আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকলে স্প্যানটি জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হবে। ইতিমধ্যে স্প্যানটির চূড়ান্ত রঙের কাজ, হ্যান্ড রেল, স্টেয়ার, ব্যালান্স লোড স্থাপনের কাজ শেষ করা হয়েছে। ভাসমান ক্রেনে করে এটি নিয়ে যাওয়া হয়েছে জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নং পিলালের কাছে। ৩০তম স্প্যানটি বসানোর মাধ্যমে পদ্মা সেতুর সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান হবে। বাকী থাকবে দেড় কিলোমিটারের সামান্য বেশী বা ১১টি স্প্যান। তবে কোনো কারণে কাল স্প্যানটি বসানো সম্ভব না হলে পরের দিন বসানো হবে।

এই তথ্য নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, ৩০তম স্প্যানটি বসানরো পর ৩১তম স্প্যান বর্ষা মৌসুমের আগেই খুঁটির ওপর বসানো পরিকল্পনা রয়েছে। আর ৩১তম স্প্যানটি বসে গেলে জাজিরা প্রান্তের সবকটি স্প্যান বসানো হয়ে যাবে। শুধু মাওয়া প্রান্তে বাকি থাকবে ১০টি স্প্যান স্থাপন বসানোর কাজ। খুব শিগগিরই তাও সম্পন্ন করা হবে। করোনার কারণে পদ্মা সেতুর কাজের তেমন কোনো অসুবিধা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে করোনার মধ্যেও পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। করোনার কারণে পুরো প্রকল্পটিই আইসোলেটেট রাখা হয়েছে। তাই এখানকার দেশি-বিদেশি কর্মীরা অনেকটাই নিরাপদ। এখানে নিরাপদ দূরত্বে অবস্থা করে কাজ করতে সমস্যা হচ্ছে না। বাইরের কাউকেই এখানে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর পূর্বে গত ৪ মে ২৯তম স্প্যানটি সেতুর মাওয়া প্রান্তের ১৯ ও ২০ নং পিলালের উপর বসানো হয়। এতে দৃশ্যমান হয় সেতুর ৪৩৫০ মিটার বা ৪.৩৫ কিলোমিটার। গত ৩০ এপ্রিল পর্যন্ত মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৮৭ ভাগ। নদী শাসনের কাজের অগ্রগতি হয়েছে ৭১ ভাগ। আর সেতুর সার্বিক কাজের অত্রগতি হয়েছে ৭৯ ভাগ। স্প্যানগুলোর মধ্যে মাওয়া প্রান্তে ২০টি মধ্যে ১০টি, জাজিরা প্রান্তে ২০টির মধ্যে ১৮টি আর মাঝের চরে বা দু জেলার মধ্যে বসেছে ১টি।

এদিকে পদ্মা সেতুর স্প্যান বহনকারী সর্বশেষ চালানটি চীন থেকে রওনা দিয়ে সমুদ্র পথে রয়েছে। যার মধ্যে ২টি স্প্যানের কম খণ্ডিত অংশ রয়েছে। যা আগামী ১৫ জুনের মধ্যে মাওয়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এটি এসে গেলে আর কোনো স্প্যান বাকী থাকবে না।

অপরদিকে সংশোধিত সিডিউল অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে সব স্প্যান খুঁটিতে বসে যাওয়ার কথা আছে। তবে দায়িত্বশীল প্রকৌশলীরা মনে করছেন নির্ধারিত সময়ের আগেই আগস্টের মধ্যে খুঁটির ওপর সব স্প্যান বসে যাবে। দ্বিতল সেতুর ওপরে থাকবে সড়কপথ আর নিচে থাকবে রেলপথ। যা এখন ক্রমেই বিস্তৃত হচ্ছে। এ পর্যন্ত মোট ২৯টি স্প্যান স্থাপন করা হয়েছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’।

আম্ফানের ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

0

ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘প্রিন্স চার্লস তাঁর ও পত্নী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই দুঃখ প্রকাশ করেন।’

চার্লস চিঠিতে লিখেছেন, ‘প্রলয়ংকরি ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বাংলাদেশে মানুষের জানমালের ক্ষয়ক্ষতিতে আমি এবং আমার স্ত্রী যে কী পরিমাণ দুঃখিত হয়েছি তা আপনাকে জানাতে চাই।’

চিঠিতে প্রিন্স চার্লস লিখেছেন, যারা হতাহত হয়েছে বা ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের জন্য তার এবং ক্যামিলিয়ার হৃদয় ভেঙে গেছে।

‘আমরা বুঝতে পারি এটা আপনার জনগণের কাছে কতটা ভয়ানক কঠিন ছিল, কেননা, এ সময় তারা একটি আনন্দঘন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন,’ লিখেছেন তিনি।

‘আমাদের সম্ভব সবচেয়ে বড় সমবেদনা এবং বিশেষ প্রার্থনা, আপনার কোভিড-১৯ মহামারী এবং এই ভয়াবহ তীব্র ঝড়ের ক্ষতি, উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ের প্রেক্ষাপটে এমন নিদারুন উদ্বেগের সময়ে বাংলাদেশের জনগণের সাথে রয়েছে’ বলে মন্তব্য করেছেন চার্লস।

গত ২০মে বিকেলে ভারত এবং বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আম্ফান। সূত্র : বাসস।