Home Blog Page 2930

এবার দুবাইয়ে আটকে পড়াদের জন্য বিশেষ ফ্লাইট

0

করোনাভাইরাসে লকডাউনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পরা বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে দুবাইতে আটকেপড়া এবং ফিরতে চাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য এবার বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরতে ব্যবস্থা করা বিশেষ ফ্লাইটটি বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পরিচালিত হবে। বিমানের বোয়িং ৭৮৭-৮০০ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে দুবাই থেকে ফিরতে চাওয়া বাংলাদেশিদের জন্য। ফ্লাইট নং বিজি- ৪০৪৩।

এই বিশেষ ফ্লাইটটি আগামী ৩০ মে দুবাই থেকে ঢাকা আসবে। ফ্লাইটটিতে আসন সংখ্যা রয়েছে ২৬০টি। এর মধ্যে ইকোনোমি ক্লাসের আসন রয়েছে ২৩৮টি এবং ২২ টি বিসনেস ক্লাস আসন রয়েছে। ফ্লাইটটিতে ইকোনমি ক্লাসের যাত্রীদের ফ্রি ব্যাগেজ সুবিধা ৩০ কেজি পর্যন্ত। বিজনেস ক্লাসের যাত্রীরা পাবেন ফ্রি ৫০ কেজি ব্যাগেজ সুবিধা।

অতিরিক্ত প্রতি কেজি ১৫ দিরহাম করে (বুকিং এর সময় কন্ফার্ম করতে হবে)। ফ্লাইটে খাবারের পূর্ণ ব্যবস্থা রয়েছে। বুকিং এর শেষ সময় ২৬ সে মে দুপুর ১:০০ টা পর্যন্ত।

যোগাযোগ-হেলম্যাক ট্রাভেলস, রাশিদিয়া-৩
আজমান (০৬৭৪৪১১২৭,০৫৫৭৩৫১৫১১)
জামিল হেলম্যাক ট্রাভেলস রাশিদায়া-২ আজমান (০৫৫৭৮২৫৯৫৫) এই নাম্বার গুলোতে ওয়াটস অ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে চার করোনা রোগীকে সরিয়ে নিল তুরস্ক

0

ঢাকা থেকে করোনা আক্রান্ত চার জনকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে তুরস্ক সরকার। বাংলাদেশ থেকে তাদের দেশের এক নাগরিক এবং তার বাংলাদেশি স্বামী (তুরস্ক প্রবাসী) ও দুইসন্তানসহ ৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে দেশে সরিয়ে নিয়েছে।

রবিবার তুরস্ক থেকে আসা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা করা একটি এয়ার এম্বুলেন্স ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের নিয়ে আবার ফিরে যায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, ইস্তাম্বুল থেকে রওনা হয়ে রবিবার সকাল ৮.৪০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে। সেখান থেকে ৪ রোগীকে নিয়ে সকাল ১০.৩০ মিনিটে আবার তুরস্কের পথে উড়াল দেয়। আসা-যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে অ্যাম্বুলেন্সটি।

বাংলাদেশে তুরস্ক দূতাবাসের বিবৃতিতে জানায়, ‘তুর্বা আহসান, তুর্কি নাগরিক, তার বাংলাদেশি স্বামী মোসাদ্দিক আহসান এবং তাদের তিন বছরের যমজ হুমা ও জিয়াদকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে তুরস্ক সরিয়ে নেওয়া হয়েছে।’

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এবং মিশনের উপ-প্রধান এনিস ফারুক এরদেম বিমানবন্দরে তাদের বিদায় জানান।

বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, ‘তুরস্ক ২০০৮ সাল থেকে বিশ্বের যে কোনো প্রান্তে উপস্থিত নাগরিকদের জন্য বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা সরবরাহ করছে।’

তিনি আরো বলেন, ‘করোনাভাইরাস মহামারীর প্রেক্ষিতে এই বছর তুরস্ক তাদের জরুরি স্বাস্থ্য পরিস্থিতির কারণে এয়ার অ্যাম্বুলেন্সে সারা বিশ্বে থেকে ২১১ জন নাগরিককে সরিয়ে নিয়েছে। যে কোনো তুর্কি নাগরিক যে কোনো কারণে করোনাভাইরাসের প্রয়োজনীয় চিকিত্সা গ্রহণ করতে অক্ষম যারা তাদের সরকার এই পরিষেবা দিচ্ছে। রবিবার তুরস্কে শুরু হওয়া ঈদের ছুটিতেও এই পরিষেবাগুলি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।’

এর আগে ২১ এপ্রিল তুর্কি এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটে প্রায় ১৫৪ জন তুর্কি নাগরিক বাংলাদেশ ত্যাগ করেছিলেন।

করোনায় প্রাণ হারালেন সাবেক এমপি মকবুল হোসেন

0

মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আওয়ামী লীগের নেতা, ঢাকার সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেন। রবিবার রাতে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কাল দাফন হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান।

করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল। ফজলুর রহমান জানান, তাঁর করোনাভাইরাস পজিটিভ এসেছিল। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন। আর আজ রবিবার রাতে তিনি প্রাণ হারান।

জানা যায়, সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

একনজরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরো ভাষণ

0

ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের কণ্ঠের পাঠকদের জন্য পুরো ভাষণটিই তুলে ধরা হলো-

বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।
মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে।

আমি স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কাল্রাতে ঘাতকদের হাতে নিহত আমার মা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ভাই- মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের ছোট্ট শেখ রাসেলকে- কামাল ও জামালের নবপরিণীতা বধু- সুলতানা কামাল ও রোজী জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরসহ সকল শহিদকে।

প্রিয় দেশবাসী,
কথায় আছে ‘বিপদ কখনও একা আসে না’। করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে গত বুধবার রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগাম বিভাগসহ উপকূলীয় জেলাগুলোতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘আমপান’ আঘাত হানে।

আল্লাহর অশেষ রহমত এবং আমাদের আগাম প্রস্তুতির কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘূর্ণিঝড়ে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয়, সে জন্য বিভিন্ন দ্বীপ, চরাঞ্চল এবং সমুদ্র-উপকূলে বসবাসকারী ২৪ লাখেরও বেশি মানুষকে এবং প্রায় ৬ লাখ গবাদিপশু আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করি।

সর্বাত্মক প্রস্তুতি সত্বেও গাছ ও দেয়াল চাপায় বেশ কয়েকজন মানুষ মারা গেছেন এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরা ইতোমধ্যেই ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছি এবং ঘরবাড়ি মেরামতের কাজ শুরু হয়েছে।

প্রিয় দেশবাসী,
ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় উৎসব হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্ম এবং বর্ণের মানুষ এ উৎসবে সমানভাবে সামিল হয়ে থাকেন। ঈদের আনন্দ সকলে ভাগাভাগি করে উপভোগ করেন।

কিন্তু এ বছর এক ভিন্ন প্রেক্ষাপটে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। করোনা নামক এক প্রাণঘাতী ভাইরাস সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। তার উপর ঘূর্ণিঝড় আমপানের তা-বে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে এবছর আমরা সকল ধরনের গণ-জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করেছি। কাজেই স্বাভাবিক সময়ের মত এবার ঈদুল ফিতর উদযাপন করা সম্ভব হবে না।

ঈদগাহ ময়দানের পরিবর্তে মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতঃপূর্বে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান, স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে উদযাপন করা হয়েছে।

সবাইকে আমি ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাই, এই দুঃসময়ে আপনি আপনার দরিদ্র প্রতিবেশি, গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না।

আপনার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে তাঁদের পাশে দাঁড়ান। তাহলেই ঈদের আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ঘর এবং হৃদয়-মন।

প্রিয় দেশবাসী,
পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ডাক্তার, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের যাঁরা সামনে থেকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

শুভেচ্ছা জানাই পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সশস্ত্রবাহিনীর সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণসামগ্রী বিতরণসহ সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।

অনেকক্ষেত্রে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন ও সৎকারের ব্যবস্থাও তাঁদের করতে হচ্ছে। সংবাদকর্মীগণ সংক্রমনের ঝুঁকি উপেক্ষা করে করোনা পরিস্থিতি তুলে ধরছেন এবং মানুষকে সচেতন করতে সহায়তা করছেন। তাঁদেরও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।

এসব কাজ করতে গিয়ে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, প্রশাসনের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, ব্যাংক কর্মী এবং সংবাদকর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

বেশ কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং ব্যাংক ও সংবাদকর্মী ইতোমধ্যে মারা গেছেন। আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ বিদেশে বসবাসকারী সাড়ে ৬ শোরও বেশি বাংলাদেশী ভাইবোন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমি সকলের রুহের মাগফিরাত এবং আত্মার শান্তি কামনা করছি।

ইতোমধ্যে আমরা চিকিৎসা সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করেছি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও আমরা করোনাভাইরাস চিকিৎসায় সম্পৃক্ত করেছি।

জরুরিভিত্তিতে ২ হাজার ডাক্তার এবং ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। হাসপাতালগুলোতে সকল ধরনের রোগীর চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রিয় দেশবাসী,
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। অগণিত মানুষের প্রাণহানি ছাড়াও এই মহামারী মানুষের রুটি-রুজির উপর চরম আঘাত হেনেছে।

সংক্রমন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য জরুরি কিছু সেবা ছাড়া বন্ধ করে দিতে হয়েছে অফিস-আদালত, কল-কারখানা, ব্যবসা-প্রতিষ্ঠানসহ সবকিছু। লক্ষ লক্ষ মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছেন। হারিয়েছেন তাঁদের রুটি-রুজির সংস্থান।

এসব কর্মহীন মানুষের সহায়তার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য সহায়তা ছাড়াও দেওয়া হচ্ছে নগদ অর্থ। এ পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৮৬৭ মেট্রিক টন চাল এবং নগদ ৯১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

১০ কেজি টাকা দরে বিক্রির জন্য ৮০ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মে মাসে দরিদ্র পরিবারের জন্য অতিরিক্ত ৫০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে যার মাধ্যমে তাঁরা এই চাল কিনতে পারবেন। কাজ হারিয়েছেন কিন্তু কোন সহায়তা কর্মসূচির অন্তর্ভুক্ত নন এ ধরনের ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে মোট ১২ শো ৫০ কোটি টাকা দেওয়া হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে।

কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের জন্য দু-দফায় ১৭ কোটিরও বেশি এবং সারা দেশের মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সমাজের প্রান্তিক জনগোষ্ঠির সহায়তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন এসব কর্মসূচি অব্যাহত থাকবে। অনেক সদাশয় ব্যক্তি ও প্রতিষ্ঠান দরিদ্র জনগণের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

প্রিয় দেশবাসী,
অর্থনৈতিক কর্মকাণ্ড এবং উৎপাদন ব্যবস্থাকে পুনরায় সচল করতে আমরা ইতোমধ্যে ১ লাখ ১ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। যা জিডিপি’র ৩.৬ শতাংশ।

রপ্তানিমুখী শিল্প, ক্ষুদ্র, মাঝারি ও কৃটির শিল্প, কৃষি, মৎস্যচাষ, হাঁসমুরগী ও পশুপালন খাতসহ ১৮টি অর্থনৈতিক খাতকে এসব প্রণোদনা প্যাকেজের আওতায় আনা হয়েছে।

কাজ হারানো যুবক ও প্রবাসী ভাইবোনদের সহায়তার জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে ৫০০ কোটি টাকা করে সর্বমোট ২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এই দুর্যোগ মুহূর্তে বোরো ধানের বাম্পার ফলন আমাদের জন্য আর্শীবাদ হয়ে এসেছে। এ বছর প্রায় ৪৮ লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। ইতোমধ্যে বোরো ধান কাটা-মাড়াই প্রায় শেষ।

এই দুর্যোগ মুহূর্তে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি কৃষক ভাইবোন এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

কৃষকগণ যাতে ধানের ন্যায্য মূল্য পান সেজন্য ইতোমধ্যেই আমরা ধান-চাল সংগ্রহ শুরু করেছি। চলতি মওসুমে ২২.২৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হবে যা গত বছরের তুলনায় ২ লাখ মেট্রিক টন বেশি।

ধান কাটা-মাড়াইয়ে সহায়তার জন্য আমরা কৃষকদের ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টর এবং রীপার সরবরাহের ব্যবস্থা করেছি। এজন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মাত্র ৪ শতাংশ সুদে কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আমি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলাম ধান কাটা-মাড়াইয়ে কৃষকদের পাশে দাঁড়াতে।

আমার নির্দেশ শিরোধার্য্য করে নিয়ে তারা কৃষকের পাশে দাঁড়িয়েছে। একইসঙ্গে কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ধান কাটায় সহায়তা করেছে।

এ জন্য কৃষকদের কোন অর্থ ব্যয় করতে হয়নি। কৃষকেরা দ্রুত ধান ঘরে তুলতে পেড়েছেন। আমি এসব ছাত্রলীগকর্মীসহ যাঁরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন তাঁদের অভিনন্দন জানাই।

প্রিয় দেশবাসী,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাসে বলা হচ্ছে করোনাভাইরাসের এই মহামারী সহসা দূর হবে না। কিন্তু জীবন তো থেমে থাকবে না। যতদিন না কোন প্রতিষেধক টীকা আবিস্কার হচ্ছে, ততদিন করোনাভাইরাসকে সঙ্গী করেই হয়তো আমাদের বাঁচতে হবে। জীবন-জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড।

বিশ্বের প্রায় সকল দেশই ইতোমধ্যে লকডাইন শিথিল করতে বাধ্য হয়েছে। কারণ অনির্দিষ্টকালের জন্য মানুষের আয়-রোজগারের পথ বন্ধ করে রাখা সম্ভব নয়। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের পক্ষে তো নয়ই।

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের জন্য বিশেষ তহবিল বাবদ ৫ হাজার কোটি টাকার ঋণ সুবিধা কার্যকর করা হয়েছে। যাঁরা কাজে যোগ দিতে পারেননি, তাঁরাও শতকরা ৬০ ভাগ বেতন পাচ্ছেন। ইতোমধ্যে এ প্রণোদনা প্যাকেজ থেকে বেতনভাতা পরিশোধ করা শুরু হয়েছে।

দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একদিকে মালিকদের আয় যেমন বন্ধ হয়েছে, তেমনি কর্মচারীরাও বিপাকে পড়েছেন। বেশিরভাগ দোকান মালিকের কর্মচারীদের বেতন দেওয়ার সামর্থ্য নেই। ফলে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।

আমরা ঈদের আগে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য নিয়মনকানুন মেনে কিছু কিছু দোকানপাট খুলে দেওয়ার অনুমোদন দিয়েছি। যাঁরা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এবং যাঁরা দোকানে কেনাকাটা করতে যাচ্ছেন, আপনারা অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখবেন। ভিড় এড়িয়ে চলবেন।

আপনার সুরক্ষা আপনার হাতে। মনে রাখবেন আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, প্রতিবেশি সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকবে।

প্রিয় দেশবাসী,
ঝড়-ঝঞ্ছা-মহামারি আসবে। সেগুলো মোকবিলা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যে কোন দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন জনগণের সম্মিলিত প্রচেষ্টা। সঙ্কট যত গভীরই হোক জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উৎড়ানো কোন কঠিন কাজ নয়।

এই সত্য আপনারা আবারও প্রমাণ করেছেন। আপনাদের সহযোগিতা এবং সমর্থনে আমরা করোনাভাইরাস মহামারীর আড়াই মাস অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করতে সমর্থ হয়েছি। যতদিন না এই সঙ্কট কাটবে, ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।

প্রিয় দেশবাসী,
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ উৎসবের জন্য মহান আল্লাহতায়ালা ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে দিয়েছেন। এক মাসের কষ্ট আর ক্লান্তিকে ভুলে গিয়ে এদিন আনন্দ ও খুশিতে মেতে উঠার দিন।

এ বছর আমরা সশরীরে পরস্পরের সঙ্গে মিলিত হতে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও টেলিফোন বা ভার্চুয়াল মাধ্যমে আত্মীয় স্বজনের খোঁজখবর নিব।

এভাবেই সকলের সঙ্গে একযোগে আল্লাহ প্রদত্ত এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করবো।

বিদ্রোহী কবি, মানবতার কবি, ইসলামীভাবের কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গানের কয়েকটি চরণ উদ্ধৃত করে আমি আমার বক্তব্য শেষ করছি:

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করুন। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আবারও সবাইকে ঈদ মোবারক।

খোদা হাফেজ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

স্বাস্থ্যকর্মী, পুলিশ, সশস্ত্রবাহিনী ও সংবাদকর্মীদের অভিনন্দন

0

করোনাভাইরাস আক্রান্তদের সেবা দেওয়ায় পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি করোনার মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করায় পুলিশ, সশস্ত্রবাহিনীর সদস্য ও সংবাদকর্মীদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি।

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ডাক্তার, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের যাঁরা সামনে থেকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

‘শুভেচ্ছা জানাই পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সশস্ত্রবাহিনীর সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণসামগ্রী বিতরণসহ সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।’

তিনি বলেন, অনেকক্ষেত্রে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন ও সৎকারের ব্যবস্থাও তাঁদের করতে হচ্ছে। সংবাদকর্মীগণ সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে করোনা পরিস্থিতি তুলে ধরছেন এবং মানুষকে সচেতন করতে সহায়তা করছেন। তাঁদেরও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।

‘এসব কাজ করতে গিয়ে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, প্রশাসনের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, ব্যাংক কর্মী এবং সংবাদকর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।’

তিনি বলেনে, বেশ কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং ব্যাংক ও সংবাদকর্মী ইতোমধ্যে মারা গেছেন। আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ বিদেশে বসবাসকারী সাড়ে ৬ শোরও বেশি বাংলাদেশী ভাইবোন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমি সকলের রুহের মাগফিরাত এবং আত্মার শান্তি কামনা করছি।’

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে আমরা চিকিৎসা সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করেছি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও আমরা করোনাভাইরাস চিকিৎসায় সম্পৃক্ত করেছি। জরুরিভিত্তিতে ২ হাজার ডাক্তার এবং ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। হাসপাতালগুলোতে সকল ধরনের রোগীর চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদ মোবারক : প্রধানমন্ত্রী

0

বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির উদ্দেশে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

এরপর গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানান জাতীয় চার নেতাকে। স্মরণ করেন মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। শ্রদ্ধা জানান সকল বীর মুক্তিযোদ্ধাকে।

এরপর প্রধানমন্ত্রী স্মরণ করেন ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কাল্রাতে ঘাতকদের হাতে নিহত আমার মা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ভাই- মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের ছোট্ট শেখ রাসেলকে- কামাল ও জামালের নবপরিণীতা বধু- সুলতানা কামাল ও রোজী জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরসহ সকল শহিদকে।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কথায় আছে ‘বিপদ কখনও একা আসে না’। করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে গত বুধবার রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগাম বিভাগসহ উপকূলীয় জেলাগুলোতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘আমপান’ আঘাত হানে।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমাদের আগাম প্রস্তুতির কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘূর্ণিঝড়ে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয়, সে জন্য বিভিন্ন দ্বীপ, চরাঞ্চল এবং সমুদ্র-উপকূলে বসবাসকারী ২৪ লাখেরও বেশি মানুষকে এবং প্রায় ৬ লাখ গবাদিপশু আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করি।

প্রধানমন্ত্রী বলেন, সর্বাত্মক প্রস্তুতি সত্বেও গাছ ও দেয়াল চাপায় বেশ কয়েকজন মানুষ মারা গেছেন এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরা ইতোমধ্যেই ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছি এবং ঘরবাড়ি মেরামতের কাজ শুরু হয়েছে।

কলকাতায় আটকে পড়াদের আনতে আরো দুটি ফ্লাইট

0

করোনাভাইরাসের কারণে লকডাউনে কলকাতায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার‌। আগামী ২৯ মে ও ৩১ মে সেখান থেকে বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। আগ্রহীদের কলকাতা মিশনে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আজ রবিবার কোলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডেপুটি হাইকমিশন জানায়, কলকাতায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য নভোএয়ারের দুইটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৯ ও ৩১ মে বিকেল ৩টা ৪০ মিনিটে ফ্লাইট দুইটি ঢাকায় ফিরবে। আগ্রহীদের কলকাতা মিশনে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে কয়েক দফায় ভারতে আটকে পড়া নাগরিকদের জন্য কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই প্রভৃতি স্থান থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশের প্রায় সাড়ে তিন হাজার নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।

কাল অন্য রকম ঈদ

0

ঈদ মোবারক। কাল সোমবার পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় কাল ঈদ উদযাপন করবে। শনিবার দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। সেই সভা থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার।

পবিত্র ঈদুল ফিতর মহা আনন্দের দিন। প্রতিবেশীদের নিয়ে খাওয়াদাওয়া, আড্ডা দেওয়া; নাড়ির টানে গ্রামে গিয়ে মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে একত্র হওয়া; নতুন জামাকাপড় পরার দিন। ধনী-গরিব সবার মাঝেই আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা। কিন্তু এবার সেই অনাবিল আনন্দের আবহ নেই। খুশির জোয়ারও নেই। করোনাভাইরাস মহামারির কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও থমকে গেছে স্বাভাবিক জীবনযাপন।

করোনায় আক্রান্ত হয়ে গত দুই মাসে অনেকেই চিরতরে বিদায় নিয়েছেন। মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে, বন্ধু, প্রতিবেশীসহ প্রিয়জন হারানোর ব্যথা এখনো মুছে যায়নি। যাদের স্বজন হাসপাতালে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের জন্য নিশ্চয় এবারের ঈদ খুশি বয়ে আনতে পারেনি।

স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ মানুষই ঘরবন্দি। স্বজনদের কাছ থেকে দূরে। এমন পরিস্থিতিতে দেশে এই প্রথম পালিত হচ্ছে ঈদ। এবার ভিন্ন আবহে ঈদ উদযাপন করবে মুসলমানরা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদগাহর পরিবর্তে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

রাজধানীতে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায়। এরপর আরো চারটি জামাত হবে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায়।

বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার হবে। এবার ঈদ উপলক্ষে সংবাদপত্র বন্ধ থাকবে পাঁচ দিন।

১৩ দফা শর্ত মেনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে বলছে ধর্ম মন্ত্রণালয়। এসব শর্তে বলা হয়েছে- নামাজের সময় মসজিদে গালিচা বিছানো যাবে না; নামাজের আগে পুরো মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে; জায়নামাজ নিয়ে আসতে হবে মুসল্লিদের; সবাইকে মাস্ক পরতে হবে; মসজিদে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে; মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না; নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

ননএমপিও শিক্ষকদের জন্য সুখবর, মোবাইল ব্যাংকিং নম্বরসহ তথ্য চেয়েছে সরকার

0

করোনাকালে সুখবর পেতে চলছেন নন এমপিও শিক্ষক-কর্মচারীরা। ইতিমধ্যে জরুরিভিত্তিতে মোবাইল ব্যাংকিং নম্বরসহ তাদের তথ্য চেয়েছে সরকার। আগামী ২৮ মে এর মধ্যে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলা ও উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সুনির্দিষ্ট ই-মেইলে এসব তথ্য প্রদান করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই নন এমপিও শিক্ষক-কর্মচারিদের তথ্য চাওয়া হয়েছে। তবে অনুমোদনপ্রাপ্ত বা যেসব প্রতিষ্ঠানের ইআইআইন নম্বর আছে শুধুমাত্র তাদের তথ্যই চাওয়া হয়েছে। করোনাকালে এসব শিক্ষক-কর্মচারীরা সরকারি সহায়তা পেতে পারেন।

জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো টিউশন ফি আদায় করতে পারছেন না। ফলে শিক্ষক-কর্মচারিরা বেতন-ভাতাও পাচ্ছেন না।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম রনি কালের কণ্ঠকে বলেন, ‘সরকার শিক্ষক-কর্মচারিদের যে তথ্য চেয়েছেন, সেটা অবশ্যই ভালো উদ্যোগ। আশা করছি, এর মাধ্যমে সরকার নন এমপিও শিক্ষকদের পাশে দাঁড়াবেন। আর সামনেই আগামী অর্থ বছরের বাজেট। এই তালিকা থেকে সরকার নন এমপিও প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র জানতে পারবেন। আগামী বাজেটে সব নন এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির বাজেটও রাখা হবে বলে আমরা আশা করছি। একইসঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করনের কাজ শুরুর প্রতিফলনও আমরা আগামী বাজেটে দেখতে চাই।’

গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ও শিক্ষক-কর্মচারিদের তথ্যাদি ব্যানবেইসের জাতীয় শিক্ষা জরিপ- ২০১৯ হালনাগাদের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের তালিকা এবং শিক্ষক-কর্মচারিদের নাম নির্ধারিত ছকে পাঠাতে হবে।

স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলা ও উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংযুক্ত ছক মোতাবেক তথ্যাদি আগামী ২৮ মে এর মধ্যে addsec_secondary2@moedu.gov.bd এবং mominur_rashid@yahoo.com এই ঠিকানায় পাঠাতে হবে। আর শিক্ষক-কর্মচারীদের নামের ইংরেজি বানান এনআইডি কার্ডের অনুরূপ হতে হবে এবং প্রদও মোবাইল নম্বরও এনআইডির সঙ্গে মিল থাকতে হবে।

ছকে ১৩টি তথ্য চাওয়া হয়েছে। সেগুলো হলো- ডিভিশন কোড, জেলা কোড, উপজেলা কোড, প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠানের নাম, শিক্ষক-কর্মচারির নাম, পদবী, জেন্ডার, জন্ম তারিখ, এনআইডি নম্বর, স্মার্ট আইডি, মোবাইল নম্বর এবং মোবাইল ব্যাংকিং নম্বর (বিকাশ, রকেট, নগদ অথবা সিওর ক্যাশ)।

জানা যায়, ঈদের ছুটির মধ্যেও এসব তথ্য সংগ্রহে কাজ শুরু করেছেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা। চলতি অর্থবছরে দুই হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির পর দেশে এখন নন এমপিও প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাত হাজার। আর এতে নন এমপিও শিক্ষক-কর্মচারি রয়েছেন প্রায় ৮০ হাজার।

বাংলাদেশ নন এমপিও শিক্ষক-কর্মচারি ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘করোনাকালে নন এমপিও শিক্ষক-কর্মচারিরা মানবেতর জীবন যাপন করছেন। তবে নন এমপিও শিক্ষক কর্মচারিদের জন্য সরকারের উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। তবে আমাদের একমাত্র দাবি, আগামী বাজেটে সব ননএমপিও প্রতিষ্ঠানের এমপিওভুক্তি। এখন যে তালিকা করা হচ্ছে সেটাকে ধরেই আমরা এমপিওভুক্তির দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপনে সিকিমকে আলাদা দেশ বলে দাবি! ভারতে তোলপাড়

0

ভারতে একটি বিজ্ঞাপন ঘিরে চরম বিতর্কের সূত্রপাত হয়েছে। দিল্লির রাজ্য সরকারের একটি বিজ্ঞাপনে সিকিমকে আলাদা দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে।এ প্রেক্ষিতে আম আদমি পার্টি র সরকারের বিরুদ্ধে ক্রমেই সুর চড়তে শুরু করে দিয়েছে।

সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন দিয়েছিল দিল্লি সরকার।সেই বিজ্ঞাপনে ভূটান, নেপাল সহ দেশের সঙ্গে একই কলমে সিকিমকে রাখা হয়। ফলে সিকিমকে দিল্লি সরকার আলাদা দেশ হিসাবে দেখছে বলে সুর চড়ায় বিজেপি।

বিজ্ঞাপন ঘিরে এক সিনিয় র আমলাকে সাসপেন্ড করেন দিল্লির লেফ্টনেন্ট গর্ভনর অনিল বাইজাল। যদিও ঘটনা ঘিরে কিছুতেই ময়দান ছাড়তে রাজি নয় বিরোধী শিবির। যদিও রাজ্যপালের দাবি, এই ধরণের ভুলে জিরো টলারেন্স রাখা হবে।

জানা গেছে, বিজ্ঞাপনে লেখা রয়েছে ‘ভারতীয় নাগরিক অথবা , সিকিম, নেপাল , ভূটানের বাসিন্দারা..’ । আর এই লাইনটি নিয়েই দিল্লির রাজনীতির পারদ চড়িয়েছে দিল্লি।

১৯৬৮ সালের সিভিল ডিফেন্স রেগুলেশন অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার বয়ান লেখা ছিল,তা চোখ বুজে ওই আমলা কপি ও পেস্ট করেছেন নয়া বিজ্ঞাপনে। আর তার জেরেই এমন বিভ্রাট।

দিল্লির লেফ্টনেন্ট গর্ভনেরের জানান, কোনও বুদ্ধির প্রয়োগ না করে এমন কপি পেস্ট-এর কাজের জেরেই বিজ্ঞাপনে এমন ঘটনা ঘটেছে।

সূত্র : ওয়ান ইন্ডিয়া