Home Blog Page 2932

শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করুন : সেতুমন্ত্রী

0

দেশবাসীকে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক মহামারী করোনা সংকটে বিশ্ব সমাজ। এ সংকটে সুনিশ্চিত ও নিরাপদ ভবিষ্যতের স্বার্থে জনসমাগম এড়িয়ে স্বাস্ব্যবিধি মেনে নিজ-নিজ অবস্থান থেকে ঈদ উদযাপন করুন।

আজ রবিবার সংসদ ভবনের নিজ সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।

কাদের বলেন, মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আঁধার দূর করে সহমর্মিতার সহজাত বাঙালির চেতনায় নিজেদের জাগিয়ে তুলতে হবে। এবারের ঈদ শেষ নয়, অপেক্ষা পরবর্তী সুরভিত সকালের, বর্ণময় ঈদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণা প্রদীপ জ্বালিয়েছে ঠিক তেমনি করোনা সংকট জয় করে আবারও নবউদ্যমে কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

সেতুমন্ত্রী বলেন, করোনা সংকটে সকলকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবো ইনশাআল্লাহ।

দেশবাসীসহ মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় ঈদুল ফিতর আমাদের মধ্যে গড়ে উঠুক মহামারি করোনাসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন।

‘তিন ফুট দূরত্ব বজায় রেখে ঈদের জামাত, কোলাকুলি নয়’

0

আগামীকাল মুসলমানদের পবিত্র ঈদ। করোনাভাইরাসের কারণে এবারের ঈদ ভিন্ন বাস্তবতায় পালিত হচ্ছে। সবাইকে মানতে হবে স্বাস্থ্য বিষয়ক নিয়মগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের নিয়মিত ব্রিফিংয়েও বিষয়টির গুরুত্ব মনে করিয়ে দেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব বিষয় জানান।

এছাড়া তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৮০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জনে।

ঈদে স্বাস্থ্যগত বিষয় মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কমপক্ষে তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে শরিক হবেন।’

তিনি বলেন, ‘ সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, ঈদের কোলাকুলি থেকে বিরত থাকবেন।’

শিশুদের নিরাপদ রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। ঈদের আনন্দ উচ্ছ্বলতার কারণে তারা যেন ঝুঁকির সম্মুখীন না হয়। অবশ্যই শিশুসহ প্রত্যেকে নিয়ম অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার করবেন।’

করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব পুনরায় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বাইরে থেকে ঘরে ফিরে সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড হাত ধুয়ে নেবেন।’

তিনি বলেন, বাইরের খোলা খাবার খাবেন না। করোনাভাইরাস নাক, মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। কাজেই নিজের হাতের প্রতিও সজাগ থাকবেন।

করোনার ঈদেও সিডি চয়েসের বিশাল আয়োজন

0

গোটা পৃথিবী এখন মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত। বাংলাদেশেও এর প্রকোপ দিনে দিনে বেড়েই চলছে। করোনা থেকে বাঁচতে ঘরবন্দি দিন কাটাচ্ছেন মানুষ। এরমধ্যেই এলো ঈদ। করোনাকালীন এই ঈদেও থেমে নেই দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। ঈদ উপলক্ষে মোট ৪০ টি কনটেন্ট নিয়ে আসছে তারা। এরমধ্যে ২৭টি অডিও গান, ৬টি মিউজিক ভিডিও এবং ৭টি নাটক।

ব্যাবসায়িক দিক চিন্তা করলে দেশের এমন দুরবস্থায় যা অনেক বড় ঝুঁকি। কিন্তু সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বললেন, ‘এত খারাপ সময়ে জীবনে আসবে তা হয়তো আমরা কল্পনাও করতে পারিনি। এবার উল্লেখযোগ্য কিছু মিউজিক ভিডিও আসার কথা ছিল যা করোনা কারণে চিত্রায়ন করা সম্ভব হয়নি। এবার অডিও গান গুলো জিপি মিউজিক,ভাইব,স্প্ল্যাশ,স্বাধীন মিউজিক,বাংলাফ্লিক্স,বাংলার ঢোল এই এ্যাপস্ গুলোতে শুনতে পারবেন। তবে সবাই এখন গৃহবন্দী কোয়ারেন্টাইন জীবন পার করছেন সেই সময় দর্শকশ্রোতারা ভাল কিছু গান শুনতে পারবে, মিউজিক ভিডিও উপভোগ করতে পারবে, নাটক দেখতে পারবে। আমরা যেনো দ্রুতই এই মহামারী থেকে মুক্তি পা‌ই সেই কামনা করছি।’

করাচির বিমান দুর্ঘটনায় মারা গেছেন শীর্ষ মডেল জারা আবিদ

0

শুক্রবার করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি ভেঙে পড়ে, সেখান ছিলেন সে দেশটির জনপ্রিয় মডেল জারা আবিদ।

পিআইএ-র বিমান ভেঙে পড়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। বিমান দুর্ঘটনায় যে ৯৯ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছিলেন জারা আবিদ! এমন প্রশ্নই উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে। ট্যুইটার জুড়ে শুরু হয় জোর শোরগোল। এরপর পাকিস্তানি সাংবাদিক জেইন খান ওই খবর নিশ্চিত করেন।

তিনি ট্যুইট করে জানান, পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ে, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান পাকিস্তানের ওই সাংবাদিক।

এদিকে পাকিস্তানে বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকস্তব্ধ বলিউড। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানাতে শুরু করেন মৃতদের পরিবারের প্রতি। করাচি বিমানবন্দরে অবতরণের আগে ৯৯ জন যাত্রী নিয়ে যেভাবে বিমানটি ভেঙে পড়ে, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন বলিউডের একাধিক তারকা। পাকিস্তানের বিমান বিমান দুর্ঘটনা নিয়ে বাংলাদেশের ইমরান এইচ সরকারসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ কাল

0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।

রমনায় চিকিৎসকসহ দুই জনের মৃতদেহ উদ্ধার

0

রাজধানীর রমনা থানা এলাকায় পৃথক ঘটনায় এক চিকিৎসকসহ দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন, ডা. আশরাফ উদ্দিন (৯২) ও আবুল হাসেম বেপারী (৬০)। পৃথক সময় খবর পেয়ে রমনা থানা পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রমনা থানার উপ-পরিদর্শক এসআই তোফাজ্জেল হোসেন বলেন, ডা. আশরাফ ৫১নং সিদ্ধেশ্বরী রমনা নিজ বাসায় একাকি থাকতেন। তার চার সন্তানাদি প্রবাসী। বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। নিজ বাসায় বাথরুম করতে গিয়ে উপুড় হয়ে পড়ে মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃত আশরাফে গ্রামের বাড়ি পিরোজপুর। তিনি চিকিৎসক ছিলেন।

অপরদিকে রমনার ৪৩নং শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়কে মা রাঁধুনি হোটেলের এক শ্রমিক আবুল হাসেমের মৃতদেহ উদ্ধার করেন রমনা থানা উপ-পরিদর্শক এসআই মুরাদ খান। তিনি জানান, রাতে সেহরি খাবার খেয়ে অসুস্থ বোধ করে নিজের রুমে শুয়ে পড়েন। পরবর্তীতে কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দিলে আজ শনিবার (২৩মে) সকাল সাড়ে ১০টা মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃত হাসেম বরিশাল জেলার মুলাদী থানার আহমদ বেপারীর ছেলে।

আম্পানে ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারকে সহায়তা করবে ব্র্যাক

0

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ১০টি উপজেলায় ছয় হাজার পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৩ কোটি টাকা মানবিক সহায়তা দেবে ব্র্যাক। উপজেলা ১০টি হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও কলারোয়া, খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা ও ডুমুরিয়া এবং বাগেরহাটের শরণখোলা।

মাঠ পর্যায়ে ব্র্যাককর্মীদের পর্যবেক্ষণে দেখা গেছে, উপরোক্ত এলাকাগুলোয় অতি দ্রুত ঘর বাড়ি মেরামত এবং স্বাস্থ্যসম্মত পায়খানা, নিরাপদ পানি প্রয়োজন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই খাতে ৫ হাজার টাকা করে প্রদান করবে ব্র্যাক।

ঈদের দুয়েকদিনের মধ্যেই ব্র্যাক মানবিক সহায়তা কর্মসূচির (বিএইচপি) একটি দল সরেজমিনে উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাছাই করে আর্থিক সহায়তা দেওয়া শুরু করবে।

আম্পানের আঘাত হানার তিনদিন আগেই খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ১২ হাজার মাস্ক, ১২ হাজার গ্লাভস, ২৪০টি স্যানিটাইজার পাঠিয়েছিল ব্র্যাক। যাতে করে উপকূলীয় এলাকার মানুষেরা এই করোনাকালে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করেই আম্পানের বিপদ মোকাবেলা করতে পারে।

ব্র্যাক মানবিক সহায়তা কর্মসূচির (বিএইচপি) পরিচালক সাজেদুল হাসান বলেন, ঘূর্ণিঝড় আম্পানে বেশ কয়েকটি জেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে অনেক মানুষের ঘর বাড়ি, পায়খানা বিধ্বস্ত হয়ে গেছে। তারা এখন আত্মীয় স্বজন, কেউবা প্রতিবেশি, কেউবা অন্যত্র আশ্রয় নিয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় একে অপরের সাথে যেই দৈহিক দূরত্বটা বজায় রাখা উচিত সেটা সম্ভব হচ্ছে না। তাই ব্র্যাক উদ্যোগ নিয়েছে যত দ্রুত সম্ভব মানুষের ঘর বাড়ি ও পায়খানা পুনঃনির্মানে সহযোগিতা করবে। সেই সাথে নিরাপদ খাবার পানির বন্দোবস্তো করা হচ্ছে।

দুর্গত মানুষের সহায়তায় ব্যক্তি পর্যায়ে ও প্রতিষ্ঠানিকভাবে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে ব্র্যাক। আগ্রহীরা ব্র্যাকের জরুরি তহবিলে অনুদান পৌঁছে দিতে পারেন। বিস্তারিত পাওয়া যাবে ব্র্যাকের ওয়েবসাইটে: https://www.brac.net/covid19/donate/. বিকাশ এপের মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে। অথবা অনুদান জমা দিতে পারেন ব্র্যাকের নামে খোলা একাউন্টে – হিসাব নং ১৫০১২০-২৩১৬৪৭৪০০১, ব্র্যাক ব্যাংক, গুলশান-১, ঢাকা।

শেখ হাসিনাকে ভূটানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

0

মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ভূটানের প্রধানমন্ত্রী আজ রাত ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।’

প্রেস সচিব বলেন, ‘প্রায় ১৫ মিনিটের আলাপে শেখ হাসিনাও ভূটানের প্রধানমন্ত্রী এবং সেদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।’

ইহসানুল করিম বলেন, ভূটানের প্রধানমন্ত্রী সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়-ক্ষতির খোঁজ খবর নেন এবং প্রাণহানিতে সমবেদনা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করা এবং আম্পানে ক্ষয়-ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানান।

প্রেস সচিব আরো বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনাভাইরাস পরিস্থিতও স্থান পায়।

ঢাবিতে ৫টি করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে পাঁচটি করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে স্থাপিত কোভিড-১৯ ল্যাবে সংগৃহীত নমুনা থেকে পাঁচটি ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করা হয়।
আজ শনিবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের সংশ্লিষ্ট গবেষক ও বিশেষজ্ঞগণ করোনাভাইরাসের বিস্তৃত জিনোম সিকোয়েন্সিং-এর যে প্রকল্প হাতে নিয়েছেন তার অংশ হিসাবেই এই সিকোয়েন্সিং সম্পন্ন করা হয়। প্রয়োজনীয় অর্থসংস্থান সাপেক্ষে ধাপে ধাপে আরও ১০০টি ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করা হবে বলে বিশেষজ্ঞগণ জানিয়েছেন।
দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদেরকেও সিকোয়েন্সিং-এর আওতায় আনা হবে। বিশেষতঃ করোনাভাইরাসে আক্রান্ত অথচ লক্ষনগত ভিন্নতা রয়েছে এরকম ব্যক্তিদের এক্সোম (মোট জিনের সমষ্টি) সিকোয়েন্সিং-এর মাধ্যমে তাদের জিনগত বৈশিষ্ট্য নির্নয় করা হবে।
এই সিকোয়েন্স ডাটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আন্তর্জাতিক তথ্যভান্ডার Global Initiative on Sharing All Influenza Data (GISAID) কর্তৃক গৃহীত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
এই গবেষণার ফলাফল বাংলাদেশে চলমান করোনাভাইরাস মহামারীর গতিপ্রকৃতি, উৎস, জিনগত বৈশিষ্টের পরিবর্তন এবং এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ঔষধ ও ভ্যাকসিন তৈরীতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে অভিমত সংশ্লিষ্ট গবেষকদের।
এই প্রকল্পে জীববিজ্ঞান অনুষদের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, জীন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ এবং উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ শিক্ষক ও বিজ্ঞানীগণ যুক্ত আছেন। গবেষণা দলের নেতৃত্বে রয়েছেন জীন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহবায়ক ড. শরীফ আখতারুজ্জামান।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে হচ্ছে না ঈদের জামাত

0

উপ-মহাদেশের প্রাচীন ও দেশের সর্ববৃহৎ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের ১৯৩তম জামাত অনুষ্ঠিত হচ্ছে না।
প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারাদেশের মতো করোনার হটস্পট হিসেবে চিহ্নিত কিশোরগঞ্জের এ ময়দানে জামাত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারোয়ার মুর্শেদ চৌধুরী। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্রও জারি করে।
পরিপত্রে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত এবার ঈদগাহে করা যাবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে।
এ নিয়ে শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ মাঠ উদযাপন কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে শোলাকিয়ার ১৯৩ তম জামাত বন্ধ রাখার সর্ব সম্মত সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলাও এ ময়দানের জামাত ঠেকাতে না পারলেও এবার করোনা সংক্রমণ আতঙ্কে প্রথমবারের মতো কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের জামাত আনুষ্ঠানিক ভাবে বন্ধ করা হলো।