Home Blog Page 2934

করোনায় ২৪ ঘণ্টায় মৃতদের আটজনই চট্টগ্রাম বিভাগের

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে, যাদের আট জনই চট্টগ্রাম বিভাগের। এ সংখ্যা ঢাকা বিভাগের মৃত্যুর দ্বিগুণ। তাদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৫২ জনের।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের আটজন, রংপুর বিভাগের দুজন, ময়মনসিংহ বিভাগের দুজন, রাজশাহী বিভাগের দুজন, সিলেট বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন রয়েছেন।

তবে চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যুর কথা জানালেও কোথায় কোথায় তাদের মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাননি ডা. নাসিমা।

তিনি জানান, মৃতদের মধ্যে ১৫ জন হাসপাতালে ও চারজন বাড়িতে মারা গেছেন। এছাড়া একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে জানান তিনি।

আত্মহত্যা করতে যাওয়া নারীকে উদ্ধার করে বাঁচাল পুলিশ

0

পুলিশের পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সব ধরনের সমস্যায় পরেই সাধারণ মানুষ ফোন করছেন। পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা সরাসরি দেয় এই হটলাইন থেকে। তবে অন্য বিপদেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সহায়তা করা হয়। কখনো কখনো বিপদে পরা মানুষের ফোন থেকে বিচিত্র সমস্যা ও এর সমাধান করার ঘটনাও ঘটে। এমনই এক ঘটনা ঘটেছে শুক্রবার রাতে।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে এক গৃহবধু ফোন করে দাম্পত্য কলহে চরম হতাশার কথা বলেন ৯৯৯-এ। এক পর্যায়ে তিনি নিজেকে আইনজীবী বলে জানান। গর্ভপাত ও শ্বশুড়বাড়ীর লোকজনের নির্যাতনে দিশেহারা নারীর কথা মনোযোগ দিয়ে শোনেন ৯৯৯-এর কলটেকার (ফোনে আলাপনকারী) পুলিশ সদস্য। অস্বাভাবিক কথার সূত্র ধরে তিনি জেনে ফেলেন নারী অনেকগুলো ঘুমের ওষুধ সেবন করেছেন। তবে কোনোমতেই নারী তার ঠিকানা জানাতে চাইছিলেন না। পুলিশ প্রযুক্তির ব্যবহার করে কৌশলে তার ঠিকানা বের করছে এবং শনিবার ভোরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পাকস্থলি পরিষ্কার করার পরে ওই নারী এখন শঙ্কামুক্ত আছেন।

৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, শুক্রবার দিবাগত রাত ২টায় ‘জাতীয় জরুরী সেবা’৯৯৯ নম্বরে এক নারী কলার ফোন করে জানান, কিছুদিন পূর্বে গর্ভপাত হয়ে তার একটি সন্তান নষ্ট হয়ে যায়, এ নিয়ে স্বামীর সাথে তার মনোমালিন্য হয়। আজ (শুক্রবার) তাকে তার স্বামী ও স্বামীর ভাবী অনেক গালিগালাজ করেছে ও মারধর করেছে। কলার আরো জানান, তার সাত বছরের একটি সন্তান রয়েছে এবং তিনি একজন আইনজীবী।

নারী কলার বলেন, তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত, তিনি আর বেঁচে থাকতে চাননা। তিনি ২০টি ঘুমের ট্যাবলেট খেয়েছেন। তিনি মরতে চলেছেন! তার এই মৃত্যুর জন্য তার স্বামী আর স্বামীর ভাবী দায়ী। কলার তার অবস্থান জানাতে অনীহা প্রকাশ করলেও ৯৯৯ কৌশলে তার অবস্থানটি জেনে নেয়। এক পর্যায়ে কলার তার ফোন সংযোগ কেটে দেন। ৯৯৯ থেকে তাকে ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ তাৎক্ষনিকভাবে বিষয়টি কামরাঙ্গীরচর থানার ওসি ও ডিউটি অফিসারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।খবর পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ভোর পৌনে ৪টায় কামরাঙ্গীরচর থানার এস আই মোর্শেদ ৯৯৯ কে জানান, তারা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে পুলিশের টহল গাড়িতে করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান । হাসপাতালের ডাক্তার এবং চিকিৎসা কর্মীরা দ্রুততার সাথে ভিক্টিমের পাকস্থলি পরিষ্কার করেন। ভিকটিম বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় আছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

চট্টগ্রামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

0

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় জেনারেল হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় তিন পুলিশ সদস্য মারা গেলেন।

মৃত পুলিশ সদস্যের নাম নেকবার হোসেন (৪৫)। তিনি হালিশহর থানার কনস্টেবল ছিলেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব বলেন, উনার তীব্র শ্বাসকষ্ট ছিল। গতকাল বিকেলে তাঁকে হাসপাতালে আনার পর আইসিইউতে ভর্তি করা হয়। সকালে মারা যান।

জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গত ১০ মে থেকে নেকবার বাসায় ছিলেন। ১৪ মে তাকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ মে তাঁর নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। গতকাল শুক্রবার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এর পর তাঁকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ছোট যানে ঈদযাত্রা, ভিড় দুই নৌপথে

0

করোনা সংক্রমণের কারণে ঈদে ঘরমুখী মানুষকে ঠেকাতে মহাসড়কগুলোতে ছিল পুলিশের তল্লাশিচৌকি। বন্ধ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া–মানিকগঞ্জের পাটুরিয়া এবং মাদারীপুরের কাঁঠালবাড়ি–মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথ। তবে হঠাৎ করেই বাড়ি ফেরার পথে পুলিশি বাধা উঠে গেছে। এতে গতকাল শুক্রবার থেকে ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি যেতে শুরু করেছে মানুষ। ভিড় বেড়েছে দুই নৌপথেও।

সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:

দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, যে যেখানে আছে, সেখানে ঈদ করার নির্দেশনা থাকায় দফায় ফেরি বন্ধ রাখা হয়। আবার ঘূর্ণিঝড় আম্পানের কারণেও গত বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি বন্ধ রাখতে বলা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পুনরায় ফেরি চালুর নির্দেশ আসে।

ঘাটসংশ্লিষ্ট লোকজন জানান, ফেরি চালু হলে উভয় ঘাটে আটকে থাকা কয়েক শ গাড়ি ও কয়েক হাজার যাত্রী দ্রুত নদী পাড়ি দেয়। বিশেষ করে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে ঈদে ঘরমুখী মানুষের ব্যাপক ভিড় ছিল।

গতকাল কাঁঠালবাড়ি ফেরিঘাটে দেখা যায়, শিমুলিয়া থেকে ফেরিতে করে আসতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। যাত্রীরা ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে কাঁঠালবাড়ি ঘাটে এসে ছোট ছোট যানে করে গন্তব্যে ছুটছে। সকাল ৯টার পর থেকে যাত্রীদের চাপ কিছুটা বেড়ে গেলেও দুপুর ১২টার দিকে তা কমে আসে।

খুলনাগামী যাত্রী হায়দার আলী বলেন, ‘ঢাকায় অনেক দিন ঘরবন্দী ছিলাম। এভাবে তো আর থাকা যায় না। গ্রামের বাড়িতে সবাই আছে। তাই করোনার ঝুঁকি নিয়েই ঈদ করতে বাড়িতে যাচ্ছি।’

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবদুল আলিম জানান, কর্তৃপক্ষের নির্দেশে রাত ১১টা থেকে তাঁরা ফেরি চলাচল শুরু করেন। দুই ঘাটের টার্মিনালে আটকা পড়া পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন ভোররাতের মধ্যেই পার করা হয়। সকালে ঢাকা থেকে আসা যাত্রী বেশ ভিড় থাকলেও দুপুর ১২টার পরে তা কমে যায়।

মহাসড়কে ছোট যান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গতকাল অনেক ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস চলতে দেখা গেছে। মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে পুলিশের কোনো তল্লাশিচৌকি দেখা যায়নি।

গতকাল বিকেলে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় কথা হয় কয়েকজনের সঙ্গে। তাঁর ব্যক্তিগত গাড়িতে করে চাঁদপুর যাচ্ছিলেন। তাঁরা বলেন, তাঁরা ঈদ করতে বাড়ি যাচ্ছেন। পথে পুলিশের কোনো তল্লাশিচৌকি দেখেননি তাঁরা।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঘরমুখী মানুষ মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে চলাচল করতে পারবে।

এদিকে গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৩৫ কিলোমিটার রাস্তা ঘুরে দেখা যায়, কিছুক্ষণ পরপর দু–একটি ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস অথবা পণ্যবাহী ট্রাক চলছে। কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় ঢাকা থেকে ঈশ্বরদীগামী যাত্রী রেজওয়ান আহমেদের সঙ্গে। তিনি জানান, মাত্র পৌনে দুই ঘণ্টায় ঢাকার উত্তরা থেকে তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে এলেঙ্গা পর্যন্ত চলে এসেছেন। কোথাও যানজটে পড়তে হয়নি।

এলেঙ্গায় দেখা যায়, সেখান থেকে মোটরসাইকেলে যাত্রী নেওয়া হচ্ছে বিভিন্ন গন্তব্যে। এলেঙ্গা থেকে বগুড়া পর্যন্ত প্রতিজন যাত্রীর ভাড়া নেওয়া হচ্ছে এক হাজার টাকা করে।

দেশে নতুন ১৮৭৩ জনের করোনা শনাক্ত

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১,৮৭৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩২,০৭৮ জন।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০,৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল শুক্রবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ১,৬৯৪ জন। এর আগের দিন বৃহস্পতিবার ১,৭৭৩ জন আর বুধবার ১,৬১৭ জন শনাক্ত হয়েছিলেন। এছাড়া গত মঙ্গলবার ১,২৫১ জন; গত সোমবার ১,৬০২ জন; গত রবিবার ১,২৭৩ জন; শনিবার ৯৩০ জন; গত শুক্রবার শনাক্ত হয়েছিলেন ১,২০২ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, ডিম, মাছ, মাংস, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

হোটেলে জামালের সঙ্গে দেখা করতে আসেন আলিয়া ভাট

0

জামাল ভূঁইয়া। বাংলাদেশের ফুটবলের বড় তারকা তথা পোস্টার বয়। গত বছরের অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ঠিক আগ মুহূর্তে জামালের সাথে পরিচয় হতে গিয়েছিলেন বলিউডের তারকা আলিয়া ভাট। কিন্তু বলিউড সুন্দরীকে চিনতেই পারেননি বাংলাদেশ অধিনায়ক! আজ শুক্রবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফেসবুক লাইভ আড্ডায় জামাল সেই মজার গল্পটি বলেন।

বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচ ছিল বারুদে ঠাসা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়ার বক্তব্য মন কেড়ে নিয়েছিল সবার। জামাল বলেন, ‘ম্যাচের আগে হোটেলের নিচে একজন মেয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি জানতাম না তিনি কে ছিলেন। তবে তিনি বলেন, তার নাম আলিয়া ভাট। তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন। আমি তার দিকে তাকাচ্ছিলাম, আর ভাবছিলাম। বলিউডের সিনেমা দেখা হয় না বলেই তাকে চিনতে পারিনি। পরে জানলাম, সে বড় বলিউড তারকা। তখন তার সাথে ছবি তুলতে না পারার আফসোস হচ্ছিল।’

লাইভ চলাকালীন, এক দর্শকের প্রশ্ন ছিল, বাংলাদেশ কি বিশ্বকাপ খেলতে পারবে? জামাল বলেন, ‘বিশ্বকাপ খেলা কঠিন কাজ। ভারত এত বড় দেশ, এত স্পন্সর-এত সুযোগ সুবিধা থাকার পরও তারা বিশ্বকাপ খেলতে পারছে না। কারণ এটি অনেক কঠিন। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে, একদিন আমরা বিশ্বকাপ খেলতে পারব। এ জন্য আমাদের পরিকল্পনা নিয়ে সামনে এগোতে হবে। আরো ভালো-ভালো ফুটবলার তৈরি করতে হবে।’

চলে গেলেন টেনিস কিংবদন্তি কুপার

0

অস্ট্রেলিয়ার টেনিস কিংবদন্তি অ্যাশলে কুপার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। খেলোয়াড়ি জীবন শেষে রাজ্যের টেনিস পরিচালনা পর্ষদে যোগ দিয়েছিলেন কুপার। এক দশক জাতীয় পর্যায়ে কাজ করেছেন তিনি।

ষাটের দশকে কোর্ট কাঁপানো এই টেনিস তারকা ক্যারিয়ারে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এক বিবৃতিতে টেনিস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ক্রেইগ টিলে বলেন, ‘কুপারের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাকে খুব মিস করব। টেনিস খেলাটার প্রতি অনেক বেশি মায়া-ভালোবাসা ছিল কুপারের।’

কুপার ১৯৫৭ ও ১৯৫৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ১৯৫৮ সালে উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জয় করেন। এক বর্ষপঞ্জিতে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয় করা ১১ জনের মধ্যে একজন ছিলেন এই কিংবদন্তি খেলোয়াড়। তবে তিনবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও তার শিরোপা জেতা হয়নি।

আইপিএলের কঠোর সমালোচনায় অ্যালান বোর্ডার

0

টি-টোয়ন্টি বিশ্বকাপ হলো বৈশ্বিক টুর্নামেন্ট। অন্যদিকে আইপিএল বড় আসর হলেও সেটা নিতান্তই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু এই আইপিএল আয়োজনের জন্য বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার চেস্টা করে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ঘটনা ফাঁস হওয়ার পর এবার কঠোর সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার।

ক্রিকেট দুনিয়ায় জোর জল্পনা চলছে যে, করোনাভাইরাসের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাবে। সেই ফাঁকা সময়টিতে অনুষ্ঠিত হবে আইপিএল। যদি তেমনটাই হয়, তাহলে আপত্তি বোর্ডারের প্রচণ্ড আপত্তি আছে। এই খ্যাতিমান অধিনায়ক বলেছেন, ‘আইপিএল তো ভারতের একটা ঘরোয়া টুর্নামেন্ট। বিশ্বকাপের থেকে আইপিএল কোনোভাবেই গুরুত্বপূর্ণ হতে পারে না। যদি বিশ্বকাপ না হয়, তাহলে যেন আইপিএলও না হয়।’

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের থাবায় স্থগিত হয়ে গেছে একের পর এক টুর্নামেন্ট। আইপিএল বাতিল হলে ৪ হাজার কোটি রুটি ক্ষতি হয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এই ক্ষতি থেকে রক্ষা পেতেই নাকি জোর তদবির চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অ্যালান বোর্ডার বলেছেন, ‘বিশ্বকাপের জায়গায় যদি আইপিএল হয়, তাহলে খুবই খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। ভারত জোরপূর্বক এটা করলে এর প্রতিবাদে অন্য দেশগুলোর উচিত হবে, আইপিএলের জন্য তাদের খেলোয়াড়দের ছাড়পত্র না দেওয়া।’

অক্সফোর্ড করোনা টিকা আরো ১০ হাজার ব্যক্তির দেহে পরীক্ষা করবে

0

করোনার চিকিৎসায় ব্যবহারের জন্য যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের প্রস্তুতকৃত সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষায় নতুন করে আরো ১০ হাজার ২৬০ জন প্রাপ্তবয়স্ক ও শিশুকে যুক্ত করার পরিকল্পনা করছে ওষুধটির প্রস্তুতকারী কম্পানি আস্ট্রাজেনেকা। শুক্রবার (২২ মে) অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নভেল করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে বিশ্ব। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজারেরও বেশি মানুষের। তবে এখন পর্যন্ত করোনার অনুমোদিত ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। বিভিন্ন দেশে করোনা প্রতিরোধী টিকা ও ওষুধ আবিষ্কারের প্রচেষ্টা চলছে। এরমধ্যে মাত্র কয়েকটি টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে। বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন, নিরাপদ ও কার্যকর রোগ প্রতিরোধী টিকা উদ্ভাবনে ১২-১৮ মাস সময় লাগতে পারে।

গত ২৩ এপ্রিল মানব শরীরে করোনাভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকা। সেসময় ১ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর শরীরে এ টিকা প্রয়োগ করা হয়। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছর। অক্সফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবার দ্বিতীয় ও তৃতীয় ধাপে টিকার পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। এ ধাপে ৫৬ বছর কিংবা তার বেশি বয়সীরা যেমন থাকবে, তেমনি ৫ থেকে ১২ বছর বয়সীরাও থাকবে।

এর আগে সম্ভাব্য এই টিকাটি চ্যাডওক্স এনকোভ-১৯ নামে পরিচিত ছিল। এখন এজেডডি১২২ বলে নামকরণ করা হয়েছে। টিকাটি উদ্ভাবন করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও লাইসেন্স পেয়েছে আস্ট্রাজেনেকা।

করোনার সম্ভাব্য টিকার ৩০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত করেছে আমেরিকা!

0

বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টিকারী আণুবীক্ষণিক জীব নভেল করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে আমেরিকা। করোনার থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এরই মধ্যে মৃত্যু হয়েছে প্রায় এক লাখ মানুষের। আক্রান্ত প্রায় সাড়ে ১৬ লাখ। এমন ভয়াবহ পরিস্থিতিতে একটি ভ্যাকসিনের জন্য হন্যে হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

করোনার চিকিৎসায় ব্যবহারের জন্য যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের প্রস্তুতকৃত পরীক্ষামূলক ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ পেতে এরই মধ্যে চুক্তি করেছে আমেরিকা। ব্রিটিশ আস্ট্রাজেনেকা কোম্পানির সম্ভাব্য এই করোনা ভ্যাকসিনের প্রথম দফার ১০০ কোটি ডোজের প্রায় এক-তৃতীয়াংশই পাবে দেশটি। এজন্য যুক্তরাষ্ট্র কম্পানিটিকে ১২০ কোটি ডলার দেবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর ভ্যাকসিন উদ্ভাবিত হয়নি। সবগুলোই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে সম্ভাব্য ভ্যাকসিনগুলো নিয়েই বিশ্বনেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন বা ওষুধ ব্যতিত করোনায় থমকে যাওয়া অর্থনীতি সচল করা সম্ভব নয়। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার টিকা দাবি করার পর দেশটির স্বাস্থ্য ও মানবসেবা (এইচএসএস) কর্তৃপক্ষ যুক্তরাজ্যের ওষুধ নির্মার্তা প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকাকে ১২০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ৩০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার আস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভ্যাকসিন ও ওষুধ নিয়ে অনেক কাজ করছে তার প্রশাসন। আগামী দুই-এক সপ্তাহের মধ্যে বড় ধরণের ঘোষণা আসতে পারে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজার বলেন, ২০২১ সালের মধ্যে একটি নিরাপদ, কার্যকর ও ব্যাপকভাবে প্রাপ্ত করোনার টিকার জন্য আস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি অপারেশন ওয়ার্প স্পিডের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এর আগে সম্ভাব্য এই টিকাটি চ্যাডওক্স এনকোভ-১৯ নামে পরিচিত ছিল। এখন এজেডডি১২২ বলে নামকরণ করা হয়েছে। টিকাটি উদ্ভাবন করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও লাইসেন্স পেয়েছে আস্ট্রাজেনেকা। তবে এই টিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনিশ্চিত, ফলে টিকার ব্যবহার কতটুকু কার্যকর হবে সেটা এখুনি বলা যাচ্ছে না।

আস্ট্রাজেনেকা ছাড়াও করোনার টিকা নিয়ে কাজ করা অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসন, মডার্না ও সানোফি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোম্পানিটির এই চুক্তির ফলে টিকাটির পরীক্ষা তৃতীয় স্তরে প্রবেশ করবে। এতে করে দেশটির ৩০ হাজার মানুষের ওপর করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল (মানবদেহে পরীক্ষা) হবে।

যুক্তরাজ্যের ক্যামব্রিজভিত্তিক আস্ট্রাজেনেকা কম্পানি জানিয়েছে, এরই মধ্যে তারা ৪০ কোটি টিকার ডোজ বিক্রির চুক্তি সম্পন্ন করেছে এবং ১০০ কোটি ডোজ উৎপাদনের সামর্থ্য রয়েছে তাদের। আগামী সেপ্টেম্বরে টিকার প্রথম চালান সরবরাহ শুরু হবে।

সূত্র- ভয়েস অব আমেরিকা, রয়টার্স।