Home Blog Page 2938

সব ধরনের বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ করেছে উহান

0

চীনের উহান শহরে সব ধরনের বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টিকারী প্রাণঘাতী নভেল করোনাভাইরাস এই উহান শহরেরই একটি সামুদ্রিক বাজার থেকে প্রথম ছড়িয়েছিল বলে অভিযোগ রয়েছে। বন্যপ্রাণী বিক্রির জন্য প্রসিদ্ধ বাজারটি থেকে বাঁদুড় অথবা প্যাঙ্গোলিনের মাধ্যমেই প্রথম করোনাভাইরাস ছড়িয়েছিল বলে ধারণা করা হয়।

এবার সেই উহান শহরে সব ধরনের বন্যপ্রাণী কেনাবেচা, শিকার ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উহান কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়। খাওয়া নিষিদ্ধ প্রাণীর তালিকায় আছে- যে কোনো ধরনের বন্যপ্রাণী, সংরক্ষণের তালিকায় থাকা জলজ প্রাণী, বন্দি অবস্থায় প্রজনন করে এমন প্রাণী।

এদিকে উহান শহর কর্তৃপক্ষ এমন সময় এ সিদ্ধান্ত ঘোষণা করলো যখন বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা বন্ধে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে তীব্র চাপের মুখে পড়েছে চীন সরকার। এরই পরিপ্রেক্ষিতে চীনের কৃষি মন্ত্রণালয় সম্প্রতি খামারে পালনযোগ্য পশুপাখির একটি তালিকা দিয়েছে। সে তালিকায় কুকুরসহ নির্দিষ্ট কিছু প্রাণীর নাম বাদ দেয়া হয়েছে।

হুবেই প্রদেশের রাজধানী উহান নগর কর্তৃপক্ষ মাংস খাওয়া নিষিদ্ধ করার পাশাপাশি শহরের সীমানার মধ্যে কোনো বন্যপ্রাণী শিকারও নিষিদ্ধ করেছে। উহানকে ‘বন্যপ্রাণীর অভয়াশ্রম’ঘোষণা করা হয়েছে। একমাত্র সরকারি অনুমোদন সাপেক্ষে গবেষণা, সংখ্যা নিয়ন্ত্রণ, মহামারি রোগবালাই পর্যবেক্ষণ এবং অন্যান্য বিশেষ পরিস্থিতিতেই শুধু বন্যপ্রাণী শিকার করা যাবে।

গত বছরের শেষের দিকে উহানেই সর্ব প্রথম করোনা ভাইরাসের সূত্রপাত হয়। সে সময় কর্তৃপক্ষ ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে বন্যপ্রাণী কেনাবেচা হয় উহানের এমন একটি বাজারের দিকে আঙুল নির্দেশ করেছিল। এর কিছুদিন পর চলতি বছরের জানুয়ারিতে সাময়িকভাবে বন্যপ্রাণী কেনা-বেচা নিষিদ্ধ করে চীন। এর আগে সার্স ভাইরাস ছড়িয়ে পড়লেও বন্যপ্রাণী কেনা-বেচা সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল দেশটি।

এদিকে এতো কিছুর পরও চীনের বিভিন্ন জায়গায় গোপনে বন্যপ্রাণী কেনা-বেচা হচ্ছে বলে নানা প্রতিবেদন আসছে। এরই মাঝে উহান কর্তৃপক্ষ বিশেষ ঘোষণা দিয়ে বন্যপ্রাণী খাওয়া ও কেনা-বেচা নিষিদ্ধ করলো।

করোনা ভাইরাসের মূল উৎস কী, তা এখন পর্যন্ত সুনিশ্চত না হওয়া গেলেও, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে এটি প্রাণীর শরীর থেকে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র- সিবিএস নিউজ।

লকডাউনে উপার্জনহীন, আম্ফান কেড়ে নিল শেষ সম্বলটুকুও

0

পেশায় মত্স্যজীবী ভারতের পূর্ব মেদিনীপুরের তাজপুর নামক এলাকায় বাসিন্দা সিদ্ধেশ্বর মাজি। তাজপুরে একটা ছোট হোটেলও রয়েছে তার। খুবই সামান্য আয়। স্বামী-স্ত্রী খেটে তার মধ্যেও সংসারটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ঘূর্ণিঝড় আম্ফান যেন সব কেড়ে নিল।

প্রথম ধাক্কাটা এলো মাস দুয়েক আগে। করোনাভাইরাসের সংক্রমণ ছড়াল ভারতজুড়ে। বাদ পড়েনি এ রাজ্যও। লকডাউন চালু হলো। ফলে পর্যটক আসাও বন্ধ হয়ে গেল। পর্যটক এলে আয় হয়, না হলে কোনো আয় নেই। এমনটাই জানান সিদ্ধেশ্বর। কিন্তু তার মধ্যেও গড়িয়ে গড়িয়ে সংসারটা চালাচ্ছিলেন। কিন্তু জোর ধাক্কাটা এল বুধবার। সব গুঁড়িয়ে নিমেষে স্তব্ধ করে দিয়ে গেল আম্ফান। মাথার উপর ছাউনিটাও উড়িয়ে নিয়ে গেছে। কঙ্কালসার অবস্থায় শুধু পড়ে রয়েছে বাঁশ! ভাঙা ঘরের মাঝে দাঁড়িয়েই হতাশ চোখে তাকিয়ে ছিলেন সিদ্ধেশ্বর মাজি।

বুধবার চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও ব্যাপক তাণ্ডব চালায় আম্ফান। সেই ঝড়েই সিদ্ধেশ্বরের উপার্জন, মাথা গোঁজার ঠাঁই সব উড়ে গেছে। কান্না ভেজা গলায় সিদ্ধেশ্বর বললেন, লকডাউনের জেরে খুব সমস্যার মুখে পড়তে হয়েছে। সংসার চালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছিলাম। গত দু’মাস ধরে কোনো উপার্জন নেই। কিন্তু এবার মাথার ছাদটাও গেল। জানি না কী খাব। ঘুম উড়ে গেছে। দোকানেও কোনো কিছু অবশিষ্ট নেই। আমরা না খেয়ে থাকতে পারব, কিন্তু কিভাবে অভুক্ত রাখব সন্তানদের?

সিদ্ধেশ্বরের স্ত্রী কল্পনাও এমন পরিস্থিতিতে মুষড়ে পড়েছেন। সন্তানদের কিভাবে খাবার জোটাবেন, কিভাবে সংসারটা চলবে তা নিয়েই দুশ্চিন্তা করছেন। আর বলছেন, ঝড় আমাদের জীবনের সব কিছু নিঃশেষ করে দিয়ে গেল।

হোটেলটাকে আরো একটু সাজিয়ে গুছিয়ে তুলতে বেশ কয়েক মাস আগে ব্যাংক থেকে লাখ টাকা ঋণ নিয়েছিলেন সিদ্ধেশ্বর। তখনও করোনা বা লকডাউন পর্ব শুরু হয়নি। স্থানীয় কয়েক জনের কাছ থেকেও কিছু টাকা ধার করেছিলেন। ব্যাংকের কিছু টাকা শোধ করতে পেরেছেন। কিন্তু মার্চ থেকেই জীবনটা যেন বদলে গেছে সিদ্ধেশ্বরের। হোটেল খোলা নিষিদ্ধ ছিল লকডাউনের কারণে। ফলে সরকারের দেওয়া চাল, ডালের ওপরই ভরসা করে পেট চালাচ্ছিলেন। কিন্তু এভাবে কতোদিন?

একদিকে ব্যাংক ঋণ, তারপর ধার-দেনা, সন্তানদের কিভাবে খাওয়াবেন-বুধবারের পর থেকে এতোগুলো চিন্তা যেন সব তালগোল পাকিয়ে দিচ্ছিল সিদ্ধেশ্বরের। তার কঙ্কালসার বাড়িটার মতোই বিধ্বস্ত সিদ্ধেশ্বর বলে ওঠেন, আর বাঁচার কোনো পথ দেখছি না। হয় বিষ খেতে হবে, না হলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হবে। মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত আমি।

সূত্র: আনন্দবাজার।

ভেন্টিলেটর কেনায় দুর্নীতি, বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার

0

করোনাভাইরাস মহামারির লড়াইয়ে অতিরিক্ত দামে ভেন্টিলেটর কেনায় দুর্নীতির অভিযোগ এনে বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাহাসভকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বলিভিয়ান বিশেষ বাহিনীর প্রধান কর্নেল ইভান রোহাসকে উদ্ধৃত করে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে অনিয়মের অভিযোগে নাভাহাস ছাড়াও আরো কয়েকজনকে শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে ভেন্টিলেটর বসানোর সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে মধ্যস্থতাকারী একটি প্রতিষ্ঠানের মাধ্যমে স্পেনের কাছ থেকে ১৭০টি ভেন্টিলেটর কেনে। কিন্তু এর প্রত্যেকটি ভেন্টিলেটরের জন্য গুণতে হয় ২৭ হাজার ৬৮৩ মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ২৩ লাখ ৫১ হাজার ৫৬৫ টাকা)। ১৭০টি ভেন্টিলেটরের দাম দাঁড়ায় প্রায় ৫ মিলিয়ন ডলার।

নাভাহাসভ মাত্র দেড় মাস হলো স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী রোসারিও ক্যানেডো। নিজের মক্কেলের গ্রেপ্তার হওয়ার ঘটনাকে ‘বাজে কাজ’ আখ্যা দিয়ে তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন তুলেছেন, আমরা কি কোনও গণতান্ত্রিক দেশে বাস করছি? নাকি এটা কোনও স্বৈরাচারের পরিচালিত সর্বাত্মক কর্তৃত্বতান্ত্রিক সরকার?’

নাভাহাসের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারির মধ্যে বেশি দাম দিয়ে ভেন্টিলেটর কেনার অভিযোগ ছিল। অন্তর্বর্তী প্রেসিডেন্ট জিনাইন আনেজ টুইটারে লিখেছেন, একটি স্প্যানিশ কোম্পানির কাছ থেকে ১৭০টি ভেন্টিলেটর কিনতে ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে পাওয়া তহবিলের ২০ লাখ ডলার খরচ করা হয়েছে, যা অসামঞ্জস্যপূর্ণ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এখনো কোনো অভিযোগপত্র দেয়নি। তবে গ্রেফতার হওয়ার পরপরই স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাভাহাসকে।

ভেন্টিলেটর কেনায় দুর্নীতির পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আনেজ। স্বাস্থ্যমন্ত্রী আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি টুইটার পোস্টে লেখেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাব, অপরাধী কে তা নিয়ে ভাবব না।’

ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সম্ভাব্য অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৪৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৮৯ জন।

সূত্র- ফাইনান্সিয়্যাল টাইমস।

করোনাভাইরাস পরীক্ষায় পিসিআর সল্যুশনের সম্প্রসারণ করল কুয়েত

0

কুয়েতের একটি মেডিকেল টিম করোনভাইরাস পরীক্ষায় ব্যবহারের জন্য একটি পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) সল্যুশন তৈরি করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এ কথা জানিয়েছে।

কুয়েতের বিশেষজ্ঞদের দ্বারা তৈরি নতুন সল্যুশনটির ‘দুর্দান্ত’ ডায়াগনস্টিক ফলাফল রয়েছে।

কুয়েতের জাবের আল-আহমদ হাসপাতালের সার্জিকাল বিভাগের প্রধান ডাঃ সালমান আল-সাবাহ এ কথা জানিয়েছেন।

রোগীদের মধ্যে করোনভাইরাস উপস্থিতি নির্ণয়ের পিসিআর টেস্টিং আরো সঠিক পদ্ধতি হিসাবে বিবেচনা করা হয়।

এ পদ্ধতিতে একটি সোয়াব নেওয়া হয় এবং একটি ‘রিএজেন্ট’-এর সাথে মিশ্রিত করা হয়।

সাধারণত এটি পিসিআর কিট নামে পরিচিত। এর একটি সমাধান কুয়েতের চিকিত্সা দল তৈরি করেছে।

স্থানীয় প্রয়োজনীয়তা পূরণ করতে এবং ব্যয়বহুল আমদানিকৃত ’রিএজেন্ট’গুলির উপর নির্ভরতা হ্রাস করার জন্য এটা তৈরি করা হয়েছে।

কুয়েতের চিকিত্সক দলটি আরও দীর্ঘ সময়সীমার জন্য ফলাফল বিশাল আকারে সংগ্রহ করতে সল্যুশনটি উত্পাদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

সূত্র : আরব নিউজ

আম্ফানে ২৬ জেলায় মৃত ১০, চার জেলা বেশি ক্ষতিগ্রস্ত

0

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ২৬ জেলায় এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ১১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাসমূহ হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা।

ঘূর্ণিঝড়ের কারণে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১০ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পটুয়াখালীতে দুজন, যশোরে তিনজন, ভোলায় একজন, পিরোজপুরে একজন,সাতক্ষীরায় একজন এবং চুয়াডাঙ্গা জেলায় দুইজন মৃত্যুবরণ করেছেন।

প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার ঢাকায় তার মন্ত্রণালয়ের সভা কক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী সার্বিক বিষয়ে অনলাইনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মহাপরিচালক মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, এসব জেলায় ঘরবাড়ি প্রচুর ক্ষয়ক্ষতি ও নষ্ট হয়েছে। এসব ঘরবাড়ি সংস্কার ও নির্মাণে প্রতি জেলায় ৫০০ বান্ডিল টিন এবং ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ত্রাণের জন্য পর্যাপ্ত পরিমাণে চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ডা. এনাম বলেন, সাতক্ষীরা, বাগেরহাট ও পটুয়াখালীতে পাট, আম, লিচু ও মুগ ডালের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের তেমন ক্ষতি হয়নি। তবে, প্রায় ১৫০ কোটি টাকার আমের ক্ষতি হয়েছে। ২০০টি ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যার বেশির ভাগ বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলায় অবস্থিত। প্রায় ১৫০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৮৪টি জায়গায় বাঁধের ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত এসব ফাটল ২৫০ থেকে ৩০০ কোটি টাকা ব্যয়ে আগামীকাল থেকে সংস্কার কার্যক্রম শুরু করবে বলে পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক জায়গায় ডাক বিভাগের টেলিফোন লাইন সমূহ বিচ্ছিন্ন রয়েছে যা শীঘ্রই মেরামত করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, যেহেতু এবার প্রচুর সংখ্যক গবাদি পশুকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হয়েছিল তাই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে মৎস্য চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১ লক্ষ ৮০ হাজার ৫০০ চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। যার অর্থমূল্য প্রায় ৩২৫ কোটি টাকা। প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বিভাগের এবং খাদ্য বিভাগের তেমন ক্ষতি হয়নি। গণপূর্ত বিভাগের সামান্য ক্ষতি হয়েছে।

মুভমেন্ট পাস’ অ্যাপটি এখনো নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়নি

0

করোনা পরিস্থিতিতে জনগণের চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ অ্যাপটি এখনো নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকুন।

মুভমেন্ট পাস ওয়েবসাইটে দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের চলমান করোনা পরিস্থিতিতে জনগণের চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ অ্যাপটির পরীক্ষামূলক ব্যবহার শুধুমাত্র পুলিশ অফিসারদের পর্যায়ে সীমিত রাখা হয়েছে। অ্যাপটি এখনো নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকুন।

২৪ ঘণ্টায় ঢামেকের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু

0

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে তিন নারীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল থেকে আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ১২ জনের মৃত্যু হলো। এদের মধ্যে একজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যাক্তিরা হচ্ছেন রাজধানীর খিলগাঁওয়ের কাজী জহিরুল (৬৭)। তিনি করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া বরগুনার পাতাকাটা এলাকার ফজলুর রহমান (৪২), কেরানীগঞ্জের ফেলান (৬০), ফুলবানু (৬৩), ডেমরার রাশিদা (৫৫), গাজীপুর টঙ্গীর জোবেদা (২৫), রাজধানীর আব্দুল মালেক (৬০), হাসিবুর রহমান (৫৫), পিরোজপুরের শহিদুল (৫৫), নারায়ণগঞ্জের আবু সাইদ (৫২), রাজধানীর চকবাজারে মোতালেব (৫০) এবং উত্তরার মমতাজ (৬০)

করোনাযুদ্ধে জীবন দিলেন আরো দুই পুলিশ সদস্য

0

পুলিশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই সদস্যর মৃত্যু হয়েছে। তারা হলেন নায়েক আল মামুনুর রশিদ ও কনস্টবল মো. মোখলেছুর রহমান।

করোনাভাইরাস প্রতিরোধে জীবন উৎসর্গ করা আল মামুনুর রশীদ ডিএমপির পরিবহণ বিভাগে কর্মরত ছিলেন। আর কনস্টবল মো. মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন। এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ১১ জন সদস্য শাহাদাতবরণ করলেন।

নায়েক আল মামুনুর রশিদের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি থানার সেবাগ্রামে। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অপরজন মো. মোখলেছুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দেশের জন্য জীবন উৎসর্গকারী কনস্টেবল মো. মোখলেছুর রহমানের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অপরদিকে আল মামুনুর রশিদের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী নিজ গ্রামে দাফন করা হবে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, এভাবে একের পর এক দেশপ্রেমিক পুলিশ সদস্যের মৃত্যুর সংবাদ দিতে গিয়ে আমরা দুঃখিত ও মর্মাহত। চলমান করোনাযুদ্ধে জাতি আরো দুইজন দেশপ্রেমিক পুলিশ সদস্যকে হারালো।

আনসারের ৪১ সদস্যের করোনা জয়

0

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর করোনা আক্রান্তদের মধ্যে থেকে ৪১ জন সুস্থ হয়েছেন। এরমধ্যে ব্যটালিয়ন আনসার সুস্থ হয়েছেন ৮জন, অঙ্গীভূত সাধারণ আনসার ৩২ জন এবং নাসিংসহকারী সুস্থ হয়েছেন একজন।

এদিকে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নতুন করে আনসারের তিন জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাহিনীটির একজন উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ২৪৭ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকায় ২১৪ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

সংশ্লিষ্টরা জানান, আক্রান্ত আনসার সদস্যদেরমধ্যে ৭৭ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ১১৩ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সাথে কর্মরত রয়েছেন। এ ছাড়া বাকীদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন।

আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন ৪৮২ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫৯ জন সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

করোনাভাইরাসে এ পর্যন্ত বাহিনীর একজন সদস্য মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী সদস্যের নাম আব্দুল মজিদ পিসি অঙ্গীভূত আনসার, আইডি নং-১৩১৮৯, জেলা বগুড়া। মৃত্যুর পূর্বে মরহুম আব্দুল মজিদ গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন। গত ১১ মে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি,জি’র নানা উদ্যোগের ফলে করোনা আক্রান্ত আনসার সদস্যরা সুস্থ হয়ে উঠছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঈদে পতেঙ্গা, পার্কি ও ফয়’স লেকসহ সকল বিনোদনকেন্দ্র বন্ধ

0

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঈদের সময় চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ, ফল’স লেক ও পারকি স বিচসহ বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশ। অবশ্য এসব স্থানে জনসমাগম বন্ধ করা হয়েছে গত ১৮ মার্চ। সেই থেকে পর্যটনকেন্দ্রগুলোতে কোনো ধরনের জনসমাগম হচ্ছে না। সেই নিষেধাজ্ঞা এখনো বহাল থাকায় ঈদের সময় নগরবাসী পর্যটনকেন্দ্রগুলোতে যেতে পারবেন না।

এই বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিকী কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম নিষিদ্ধ করেছিলেন গত ১৮ মার্চ। সেই নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। ঈদের সময় সেখানে কোনো নাগরিককে প্রবেশ করতে দেওয়া হবে না। কেউ যদি আইন অমান্য করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।