Home Blog Page 2939

আম্ফানে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে প্রণোদনা দেয়ার ঘোষণা কৃষিমন্ত্রীর

0

প্রলয়ংকরী ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে দেশের ১ লাখ ৭৬ হাজার ৭ হেক্টর জমি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শাকসবজি ও মসলা চাষিদের তালিকা প্রণয়ন করে তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে আমন মৌসুমে বিনামূল্যে সার, বীজ ও নগদ সহায়তাসহ বিভিন্ন প্রণোদনা প্রদান করা হবে। এছাড়াও, ক্ষতিগ্রস্ত কৃষক, ফল ও পান চাষিদেরকে মাত্র ৪ শতাংশ সুদে কৃষি ঋণের আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্ফানের ফলে কৃষিতে ক্ষয়ক্ষতি নিয়ে সাংবাদিকদের সাথে অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) মতবিনিময় সভায় এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, গত ১৫ মে ঘূর্ণিঝড় আমফান আঘাত হানার পূর্বাভাস পাবার সাথে সাথেই কৃষি মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলেই ছিলেন সতর্ক। ফসলের ক্ষতি কমিয়ে আনার জন্য কৃষককে দেয়া হয়েছিল প্রয়োজনীয় পরামর্শ। ফলে ঘূর্ণিঝড় আমফানের ফলে কৃষিতে ব্যাপকভিত্তিক ক্ষতি সাধিত হয়নি।

ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও অল্প কিছু কৃষিজ ফসলের বিশেষ করে ফলের মধ্যে আম, লিচু, কলা, সবজি, তিল এবং অল্প কিছু বোরো ধানের ক্ষতি হয়েছে। ক্ষতির চুড়ান্ত হিসাব নিরূপণের কাজ চলছে। প্রাথমিকভাবে ঘুর্ণিঝড়ে আক্রান্ত মোট জমির পরিমাণ ১ লাখ ৭৬ লাখ ৭ হেক্টর। ইতোমধ্যে হাওড়ে শতভাগ, উপকূলীয় অঞ্চলে ১৭ জেলায় শতকরা ৯৬ ভাগসহ সারা দেশে গড়ে ইতোমধ্যে ৭২ শতাংশ বোরো ধান কর্তন করা হয়েছে। ফলে,ক্ষতির পরিমাণ সামান্য যা আমাদের খাদ্য উৎপাদনে তেমন প্রভাব পড়বে না।

কৃষিমন্ত্রী বলেন, সাতক্ষীরা জেলায় প্রায় ৬০-৭০ ভাগ আম ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় ঝড়ে পড়া আমগুলো ত্রাণ হিসেবে দুস্থ জনগণের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এতে একদিকে যেমন আমচাষিরা কিছুটা আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে অন্যদিকে তেমনি দু:স্থ এবং অসহায় জনগণের পুষ্টির ঘাটতি পূরণ হবে।

তিনি জানান, প্রাথমিক প্রতিবেদন বোরো ধান ৪৭,০০২ হেক্টর শতকরা ১০ ভাগ, ভূট্টা ৩,২৮৪ হেক্টর শতকরা ৫ ভাগ, পাট ৩৪,১৩৯ হেক্টর শতকরা ৫ ভাগ, পান ২,৩৩৩ হেক্টর শতকরা ১৫ ভাগ, সবজি ৪১,৯৬৭ হেক্টর শতকরা ২৫ ভাগ, চিনাবাদাম ১,৫৭৫ হেক্টর শতকরা ২০ ভাগ, তিল ১১,৫০২ হেক্টর ২০ ভাগ, আম ৭,৩৮৪ হেক্টর শতকরা ১০ ভাগ, লিচু ৪৭৩ হেক্টর শতকরা ৫ ভাগ, কলা ৬,৬০৪ হেক্টর শতকরা ১০ ভাগ, পেঁপেঁ ১,২৯৭ হেক্টর শতকরা ৫০ ভাগ, মরিচ ৩,৩০৬ হেক্টর শতকরা ৩০ ভাগ, সয়াবিন ৬৪০ হেক্টর শতকরা ৫০ ভাগ, মুগডাল ৭,৯৭৩ হেক্টর শতকরা ৫০ ভাগ এবং আউশ ৬,৫২৮ হেক্টর জমির ফসল আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রিফিংকালে কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও সকলের সহযোগিতায় মহামারি করোনা এবং সুপার সাইক্লোন আম্পানের মতো দুর্যোগ মোকাবিলা করে দেশের খাদ্য উৎপাদনের বর্তমান ধারা শুধু অব্যাহত রাখা নয়, তা আরও বৃদ্ধি করে ২০৩০ সালের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ (এসডিজি) অর্জন করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

কোভিড-১৯ : একযোগে লড়াইয়ের আহ্বান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে লড়াইয়ে তার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার পরিবর্তনের বিষয়েও এতে আশার আলো দেখা দিয়েছে।
আজ ব্যাংককে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন্স ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক (ইউএনএসক্যাপ) এর ৭৬ তম অধিবেশনে ভিডিও বার্তায় প্রদত্ত ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি জাতিসংঘ সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য তিনটি মৌলিক সমুদ্র ইস্যুও প্রস্তাব করেন।
শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্ব এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং স্বাস্থ্য সমস্যার পাশাপাশি এই ভাইরাস বিশ্ব অর্থনীতিকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ করেছে।
তিনি বলেন, তবে মহামারীটি জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতা মোকাবিলায় বিশ্বব্যাপী প্রচেষ্টার পরিবর্তনের উপর কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে। আমাদের একসাথে এই মহামারী মোকাবেলা করা প্রয়োজন।
করোনাভাইরাস পরিস্থিতির জন্য এই প্রথমবারের মত ইউএনএসক্যাপের কোনো অধিবেশন ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হলো।
৭৬তম অধিবেশনের এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘টেকসই উন্নয়নের জন্য মহাসাগরে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সহযোগিতা জোরদার করা’।
ব্যাংককে অনুষ্ঠিত এই অধিবেশন যেটি এখন ভার্চুয়ালভাবে ভাবে অনুষ্ঠিত হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান এবং মূল প্রবন্ধ উপস্থাপনের কথা ছিল। তিনি ভিডিও বার্তাতেই সেখানে বক্তৃতা প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এর সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আমাদের অবশ্যই এসক্যাপের মাধ্যমে সমুদ্রের কিছু মৌলিক সমস্যার সমাধান করতে হবে।’

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ২৫ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ২৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন।
প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম আজ বৃহস্পতিবার জানান, শেখ হাসিনা আজ সকালে তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ বরাদ্দ প্রদান করেন।

দেশের ৩২৮টি পৌরসভার ১২ হাজার ৫১৯ কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত আরও ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মী এ সুবিধার আওতায় আসবেন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৬ মার্চ থেকে দেশে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ ছুটি চলছে। নানা প্রতিকূলতার মধ্যে ৩২৮টি পৌরসভা তাদের সীমিত সম্পদ নিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় নানা চ্যালেঞ্জ নিয়ে পৌর এলাকায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম, বিদেশ প্রত্যাগতদের কোয়ারেন্টিন ও জনসাধারণের নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ, করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ, জীবাণুনাশক স্প্রেকরণ, মৃত ব্যক্তির মরদেহ দাফন, কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণে পৌর কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা দমনে তারা সক্রিয়ভাবে কাজ করছে।
জানা গেছে, পৌরসভার রাজস্ব আদায় সন্তোষজনক পর্যায়ে না থাকায় অধিকাংশ পৌরসভার বেতন-ভাতা বকেয়া ছিল। তা নিরসনের জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি-দাওয়া উত্থাপন করে আসছিলেন।
বেতন না পেয়ে দুই মাস পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করেছেন। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর এলে তিনি ২৫ কোটি অনুদান দেন।

‘দুর্যোগ ব্যবস্থাপনায় আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার’

0

দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনার সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এ কথা বলেন তিনি।
দুর্যোগপরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তা, বেড়িবাঁধ মেরামতসহ সার্বিক পুনর্বাসনে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ করোনার পাশাপাশি যেন ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলার চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানানো হচ্ছে।
ঘূর্ণিঝড় আম্পানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সুপার সাইক্লোন আম্পান ইতোমধ্যে আঘাত হেনেছে বেশকটি জেলায়। ক্ষয়ক্ষতি ব্যাপক না হলেও একেবারে কম হয়নি। সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী যশোর, হাতিয়াসহ বেশ কিছু এলাকায় জলোচ্ছ্বাস, ঘরবাড়ি ধ্বংস, বেড়িবাঁধের ক্ষতিসহ ফসলহানি ঘটিয়েছে। এমনকি কিছু কিছু যায়গায় প্রাণহানিও ঘটেছে।’
ওবায়দুল কাদের আম্পানে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। পাশাপাশি আশঙ্কা ও পূর্বাভাস অনুযায়ী কম ক্ষয়ক্ষতিতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুকরিয়া জানান।
দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘সরকার দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগপরবর্তী পুনর্বাসনে প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ঝড়ের আগে জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং আওয়ামী লীগ কর্মীরা প্রায় ২৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে। দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তা, বেড়িবাঁধ মেরামতসহ সার্বিক পুনর্বাসনে ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’
কাদের বলেন, ‘আল্লাহর রহমত, পবিত্র লাইলাতুল কদরের রজনীতে মানুষের দোয়া এবং শেখ হাসিনা সরকারের পূর্বপ্রস্তুতি আমাদের এ ঘূর্ণিঝড় থেকে অল্প ক্ষতির মধ্য দিয়ে উত্তরণ ঘটিয়েছে। এর পাশাপাশি সুন্দরবন সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করেছে।’
তিনি বলেন, দুর্যোগপরবর্তী পুনর্বাসন, পানিবন্দি মানুষের সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ আপনাদের পাশে রয়েছে। মনে রাখবেন আপনারা একা নন, শেখ হাসিনার মত দরদী ও দক্ষ নেতৃত্ব আপনাদের সঙ্গে আছেন সার্বক্ষণিকভাবে।
ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ করোনার পাশাপাশি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলা করছে উল্লেখ করে কাদের এসব জনগোষ্ঠীর দুটো চ্যালেঞ্জ অতিক্রমের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানান।
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, কিছুদিন ধরে আমাদের অসাবধানতা অসচেতনতার জন্য করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলেছে। যারা সামাজিক দূরত্ব মেনে চলছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না, অহেতুক যেখানে সেখানে সমাগম করছেন তারা জেনেশুনেই সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনছেন।

করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৭৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৪০৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৭৭৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৫১১।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ২৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ১৪ হাজার ১১৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২২ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৯৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬০২ জন।
তিনি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ৫১ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা সোয়া ৩ লাখেরও বেশি। তবে ২০ লাখ ৩৩ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন

ঘূর্ণিঝড় আম্পান : বৃষ্টিতে ডুবে গেছে কলকাতার বিমানবন্দর

0

ঘূর্ণিঝড় আম্পানের ৬ ঘণ্টার তাণ্ডব ও প্রবল বৃষ্টিপাতে কলকাতা বিমানবন্দর ডুবে গেছে ও বিমানবন্দরটির বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বয়ে যাওয়া ঝড় ও সঙ্গে ভারি বৃষ্টিপাত ধ্বংসের একটি ধারা রেখে গেছে। খবর এনডিটিভির।
শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতাসহ রাজ্যটির দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
কলকাতা বিমানবন্দরের অন্তত একটি টারমাক, কয়েকটি রানওয়ে ও হ্যাঙ্গার পানিতে তলিয়ে গেছে। বিমানবন্দরের একটি অংশে কয়েকটি হ্যাঙ্গারের ছাদ ধসে পড়েছে, গণমাধ্যমে আসা ছবিতে এমনটি দেখা গেছে।
একটি উড়োজাহাজকে হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অব্যবহৃত দুটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়ে মেরামতের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বিমানবন্দরটির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হয়। তখন থেকে এ বিমানবন্দরে যাত্রী চলাচল বন্ধ আছে। শুধু মালবাহী বিমান ও আটকে পড়া লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য কিছু ফ্লাইট চলাচল করছিল।
স্থানীয় সময় বুধবার দুপুর প্রায় আড়াইটার দিকে আম্পান বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের উপকূল হয়ে স্থলে উঠে আসতে শুরু করে। এর পর থেকে শুরু হওয়া তীব্র ঝড় ও প্রবল বৃষ্টিতে গাছপালা উপড়ে পড়ে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, কলকাতা ও বহু এলাকার অনেক ঘরবাড়ি ভেঙে পড়ে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়। ৯৯.৯৯ শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে। পুরো পরিস্থিতির রিপোর্ট পেতে ৩-৪ দিন লাগবে।
আজ বৃহস্পতিবার বিকালে আম্পান মোকাবেলায় প্রাথমিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের এ প্রাকৃতিক দুর্যোগে তিনি স্তম্ভিত, স্বজন হারানোর বেদনা পাচ্ছেন বলে জানিয়েছেন মমতা।

সাড়ে ৫ কোটি মানুষকে সরকারের ত্রাণ সহায়তা

0

করোনা দুর্যোগে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার বুধবার পর্যন্ত সারাদেশে প্রায় সোয়া এক কোটি পরিবারের প্রায় সাড়ে ৫ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে। সরকার এ ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে।
আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল বুধবার পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭২ হাজার ৪৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮৮০ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ২২ লাখ ৪২ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ৫ কোটি ৪১ লাখ ৭০ হাজার।
নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৯৭ কোটির বেশি টাকা। বিতরণ করা হয়েছে ৬৬ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৭৩ লাখ ১৫ হাজার ১০ এবং উপকারভোগী লোকসংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৬৬ হাজার।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ২০ কোটি ৭৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৬ কোটি৭০ লাখ ১৯ হাজার ৩৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৫ লাখ ১৩ হাজার ৪৮৫ এবং লোক সংখ্যা ১০ লাখ ৮৮ হাজার ৫৯৮।

রাস্তায় চলতে লাগবে পুলিশের পাস

0

করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই সময়ে জরুরি প্রয়োজনেও ঘরের বাইরে বের হতে হলে পুলিশের পাস লাগবে। পুলিশ সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুধু জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট অর্থাৎ জরুরি পণ্য পরিবহন, সেবাপ্রদান, ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে এ পাস দেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এ পাস। পাসধারী ব্যক্তি বাধামুক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন।
যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোন ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।
পাস সংগ্রহের জন্য এই ওয়েবসাইটে (https://movementpass.police.gov.bd) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, স্টুডেন্ট আইডি ইত্যাদি ব্যবহার করা যাবে।
সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এই পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, জরুরি পণ্য-সেবা প্রদানের কাজে বাইরে বের হওয়াদের চলাচলকে বাধামুক্ত করার জন্য শিগগিরই এই পাস দেওয়া হবে। এই পাস পেতে হলে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আবেদন যাচাই-বাছাই করে উপযুক্ত মনে হলে পাস দেবেন।’

দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত আম্ফান

0

স্থল নিম্নচাপে পরিণত হয়েছে সুপার সাইক্লোন আম্ফান। ঘূর্ণিঝড়টি আরো উত্তর-পূর্ব দিকে সরে গেছে। এটি এখন পাবনার দিকে এগিয়ে যাচ্ছে আর দুর্বল হয়ে পড়ছে ধীরে ধীর।

এরইমধ্যে দেশের সব বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিফ্রিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে বলা হয়, সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্ফান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে। ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়ে ‌আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল পৌনে ৯টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরো উত্তর-পূর্ব দিকে সরে যাবে।

বলা হয়, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপৎসংকেত ও ৯ নম্বর বিপৎসংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

বিফ্রিংয়ে বলা হয়, আম্ফানের প্রভাবে আজ বৃহস্পতিবার সারা দিন বৃষ্টি ও বাতাস অব্যাহত থাকবে। আগামীকাল শুক্রবার (২২ মে) থেকে দেশের অবস্থা স্বাভাবিক হবে। বর্তমানে নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটার।

ব্রিফিংয়ে আরো জানানো হয়, ঘূর্ণিঝড় আম্ফান প্রথমে সুপার সাইক্লোন ছিল, এরপর সাইক্লোন এবং সবশেষ এটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন ভারত থেকে রাজশাহী ও পাবনা হয়ে বাংলাদেশ অতিক্রম করছে।

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে ক্রমশ পড়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপৎসংকেত ও ৯ নম্বর বিপৎসংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশকে ৩১০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইইউ

0

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে তিন হাজার ১০০ কোটি টাকা (৩৩ কোটি ৪০ লাখ ইউরো) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এই সহায়তা খাদ্য নিরাপত্তা, বেসরকারি খাত উন্নয়নসহ অন্যান্য সহযোগিতায় দেওয়া হচ্ছে। গতকাল বুধবার (২০ মে) ইইউ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইইউ সদস্য রাষ্ট্র এবং ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো মিলে গঠন করেছে ‘টিম ইউরোপ’। এর মাধ্যমে সারা বিশ্বের জন্য কভিড-১৯ প্রতিরোধে তাঁরা দুই হাজার কোটি ইউরো বরাদ্দ করেছে। এই টিম ইউরোপ করোনাভাইরাস মোকাবেলায় প্রায় ৩৪ কোটি ইউরো বাংলাদেশের জন্য বরাদ্দ করেছে। ভবিষ্যতে আরো তহবিল জোগাড় করা হতে পারে।

এই তহবিলের মধ্যে প্রায় ২৬ কোটি ৩০ লাখ ইউরো অর্থনৈতিক ও সামাজিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য ব্যবহার করা হবে। এই অর্থের মধ্যে ৯ কোটি ৩০ লাখ ইউরো রপ্তানি খাতের শ্রমিকদের নগদ সহায়তার জন্য অনুদান দিচ্ছে ইইউ। দুই কোটি ইউরো অনুদান দিচ্ছে জার্মানি। এছাড়া সামাজিক সুরক্ষা পদক্ষেপের জন্য ১৫ কোটি ইউরো সহায়তা দেবে ফ্রান্স।

তাছাড়া রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য সাড়ে ছয় কোটি ইউরো সহায়তা দেওয়া হবে এবং এরমধ্যে প্রায় এক কোটি ৭০ লাখ ইউরো দেবে ইইউ এবং চার কোটি ৮০ লাখ ইউরো দেবে জার্মানি। এছাড়া স্বাস্থ্য খাতের জন্য ৫৫ লাখ ইউরো সহায়তা দেওয়া হবে এই বরাদ্দের অধীনে।