Home Blog Page 2941

ওয়াসিম আকরামের সেই কথা বাড়তি অনুপ্রেরণা দিয়েছিল : পাইলট

0

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা উইকেটরক্ষক ছিলেন খালেদ মাসুদ পাইলট। দেশের ক্রিকেটে অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন তিনি। টাইগারদের সাবেক এই অধিনায়ক জানালেন, উইকেটরক্ষক হিসেবে তাঁর ভালো করার অনুপ্রেরণা দেওয়ার মানুষটা কে ছিলেন।

প্রাণঘাতী করোনার কারণে সব ধরনের ক্রিকেট বন্ধ। তাই এই সময়টায় দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। গতকাল মঙ্গলবার (১৯ মে) তার সেই আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান। তাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

এ সময় পাইলট বলেন, ‘এই ধরনের ক্রিকেটারদের সঙ্গে খেললে নিজের খেলাতেও আরও উন্নতি হয়। ওয়াসিম আকরামের মত ক্রিকেটার যখন আমাদের সামনে খেলেন তখন কিন্তু নিজেদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। আমার অভিজ্ঞতা থেকে আমি বলব, আমি যখন ওয়াসিম আকরামের বিপক্ষে খেলেছি, তিনি যখন আবাহনীতে খেলতে আসেন তখন আমি কিপিং করতাম। আগের রাতে কিন্তু আমার ঘুম হয়নি এত জোরে বল করা ফাস্ট বোলার, এক্সট্রা বাউন্স, তার বিপক্ষে কিপিং করব কেমন করে! ওয়াসিম আকরাম তখন তো দুর্দান্ত ফর্মে ছিলেন। সেই ম্যাচে আমি কিন্তু খুব ভালো কিপিং করেছিলাম এবং ডাউন দ্য লেগে আমি কিন্তু একটা অসাধারণ ক্যাচ ধরেছিলাম। তখন তিনি (ওয়াসিম) এসে আমাকে সঙ্গে সঙ্গে বললেন, তুই তো মঈনের (খান) মতো ক্যাচ ধরেছিস। এই যে অনুপ্রেরণামূলক কিছু কথা কিন্তু মানুষকে মানসিকভাবে আরও উপরে নিয়ে যায়। সেটাই কিন্তু আমাকে বাড়তি অনুপ্রেরণা দিয়েছিল।’

বাহরাইনে প্রবাসী বাঙালিদের স্বাস্থ্য সেবায় ‘প্রবাস বন্ধু কলসেন্টার’ চালু

0

বাহরাইনে চালু হলো প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদানের জন্য ‘প্রবাস বন্ধু কলসেন্টার’। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কল সেন্টারের উদ্বোধন করেন।

এ সময় ড. মোমেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার ফোনে আলাপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের সে দেশ থেকে বাংলাদেশে ফেরত না পাঠানোর এবং সেদেশের কেউ অবৈধ থাকলে তাদের বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রবাসীদেরকে এদেশের সম্পদ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বর্তমান করোনা পরিস্থিতিতে ঘরে বসে নির্বিঘ্নে ডাক্তারদের নিকট থেকে এ সেবা নিতে পারবেন। অন্যান্য দেশেও এ সেবা চালু করা হবে।

ড. মোমেন আরো বলেন, বর্তমানে আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত করছে। বিশেষ করে করোনাভাইরাসের কারণে উদ্ভূত বর্তমান পরিস্থিতিকে আলোচনা ও যোগাযোগ রক্ষা করতে অত্যন্ত সহায়ক হচ্ছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন এবং তথ্য ও যোগায়োগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের সক্রিয় প্রচেষ্টায়। তারা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুদূর প্রসারী চিন্তা করেছিলেন বলেই আমরা এ সুবিধা পাচ্ছি।

বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম জানান, বাহরাইনের জনসংখ্যা প্রায় ১৫ লক্ষ হলেও সেদেশে প্রবাসী বাংলাদেশি আছে প্রায় ২ লক্ষ।

ইতোমধ্যে বাহরাইনে অবস্থানরত ১২ জন চিকিৎসক স্বেচ্ছায় এ সেবা প্রদানের জন্য রেজিস্টেশন করেছেন। বাংলাদেশ থেকে ১০ জন ডাক্তার এ কল সেন্টারে সার্বিক সহযোগিতা করবেন। বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদশিরা সকাল ৯টা থেকে রাত ৯টা এ চিকিৎসা সেবা নিতে পারবেন। সেদেশে অবস্থানকারী যেকোন প্রবাসী নিন্মোক্ত নম্বরে ফোন করে চিকিৎসাসেবা ও পরামর্শ নিতে পারবেন:

হান্টিং নম্বর +৮৮০৯৬১১৯৯৯১১১,

ইমোনম্বর: ০১৪০০৬১১৯৯৫, ০১৪০০৬১১৯৯৬, ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮, ০১৯৫৮১০৫০২০

হোয়াটস অ্যাপ নম্বর: ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরামর্শ বাংলাদেশ সরকারের corona.gov.bd ওয়েবসাইট থেকেও প্রবাসীরা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন তথ্য ও যোগায়োগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তথ্য ও যোগায়োগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিভাগের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন

0

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা প্রদানে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বুধবার চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এই প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, চীনের প্রেসিডেন্ট বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন এবং বাংলাদেশের সর্বশেষ করেনা পরিস্থিতি সম্পর্কে তাঁর কাছ থেকে জানতে চান।’

প্রেস সচিব জানান, ঝি জিনপিং প্রধানমন্ত্রীকে বলেন ‘আপনি চাইলে আমরা করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত রয়েছি।’

প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে তাঁর দেশ বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে আশ্বাষ দেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় পাশে আছি এবং আন্তর্জাতিক ফোরামেও সমর্থন দিয়ে যাবো।’

জিনপিং আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব জোরদারেও চীন কাজ করে যাবে।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সহানুভূতি প্রকাশের জন্য প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার আহবানও এ সময় পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।

প্রেস সচিব বলেন, করোনাপরিস্থিতি মোকাবেলায় স্ব স্ব দেশে মেডিকেল সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী প্রেরণ করায় উভয় নেতা পরষ্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইহসানুল করিম বলেন, আলাপকালে জাতির পিতার চীন সফরের কথাও স্মরণ করেন চীনা প্রেসিডেন্ট।

‘জাতির পিতার চীন সফর দুই দেশের সম্পর্কের ভীত রচনা করেছিল’ উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট জিনপিং এই সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঘূর্ণিঝড় আম্পান: কন্ট্রোল রুম খুলেছে নৌপরিবহন মন্ত্রণালয়

0

ঘূর্ণিঝড় আম্পানকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় কন্ট্রোল রুম খুলেছে।

প্রয়োজনীয় যোগাযোগের জন্য কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হলো- ৯৫৪৬০৭২।

বুধবার সকাল ৮টা থেকে ২২ মে রাত ১০টা পর্যন্ত কন্ট্রোল রুম খোলা থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজ সন্ধ্যা থেকে ভারত ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় আম্পান। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ রয়েছে ২০০ থেকে ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে মহাবিপদ সংকেত ১০ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে মহাবিপদ সংকেত ৯ দেখিয়ে যেতে বলা হয়েছে।

করোনায় বিমানের লোকসান ১১ হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী

0

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বাংলাদেশ বিমানসহ আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো লাইফ সাপোর্টে আছে। বিশ্বের নামকরা বিমান সংস্থাগুলো শত শত কর্মচারী ছাঁটাই করেছে। কিন্তু বাংলাদেশ বিমান কোনো ছাঁটাই না করে নিয়মিত বেতন-ভাতা দিয়ে আসছে।

বুধবার (২০ মে) সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমান ও পর্যটন খাতে সাড়ে ১১ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। প্রধানমন্ত্রীর প্রণোদনার মাধ্যমে এ সব লোকসান কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। সব প্রতিবন্ধকতা কাটিয়ে প্রস্তুতি নিচ্ছে বিমান। এজন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় মেশিনারিজ আমদানিরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগামী জুন মাসের মধ্যেই যাত্রীসেবা চালু করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ বিমান। এজন্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে যাত্রীদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা মাঠে ৩০০ কর্মহীন মানুষের মাঝে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক মর্জিনা আক্তার, এনডিসি প্রতিক মণ্ডল প্রমুখ।

২৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে : এনামুর রহমান

0

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা সুপার সাইক্লোন ঘুর্ণিঝড় ‘আম্পান’এর কারণে উপকূলীয় অঞ্চলের প্রায় ২৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সরকারের সবশেষে প্রস্তুতি নিয়ে আজ বুধবার বিকেলে সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় এ পর্যন্ত ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এছাড়া ৫ লাখ ১৭ হাজার ৪৩২টি গবাদিপশুকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।’

ত্রাণপ্রতিমন্ত্রী বলেন, এই ঘূর্ণিঝড়ে যাতে একটি মানুষকেও যেন ঝুঁকিপূর্ণ অবস্থানে ছেড়ে না আসা হয়- আমরা সেই নির্দেশ দিয়েছি। লোকসংখ্যা বেড়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা ১২ হাজার ৭৮টি থেকে বাড়িয়ে ১৪ হাজার ৩৩৬টি করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জনকে নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করার প্রয়োজন না হলে ১৪ হাজার ৩৩৬টি আশ্রয়কেন্দ্রে ৫৭ লাখ ১৩ হাজার ৬০৭ জন মানুষকে রাখা সম্ভব হতো। দূরত্ব নিশ্চিত করতে অর্ধেক লোক রাখা হয়েছে।

ওষুধসহ মেডিকেল টিম প্রস্তুত রয়েছে জানিয়ে এনামুর রহমান বলেন, যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে।

ভাষাণচরের ১২০টি শেল্টারের মধ্যে একটিতে কিছু মানুষকে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের তদারকিতে নৌবাহিনী রয়েছে, তাদের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরেও ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

দেশের সব মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান

0

করোনাভাইরাসের মহামারির মধ্যে দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাওয়া দেশের প্রায় আড়াইলাখ মসজিদের প্রত্যেকটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদানে অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিটি করেপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দেশের ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদে প্রত্যেকটির অনুকূলে পাঁচ হাজার টাকা হারে মোট ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।

সরকারের এই টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারেরর মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ/জেলা কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালকের ব্যাংক হিসাবে প্রদান করা হয়েছে বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক/উপ-পরিচালকের সমন্বয়ে অনুদানের অর্থ/চেক বিতরণ করা হবে।

প্রসঙ্গত, দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে দেশের সব মসজিদগুলোতে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিগারেটসহ তামাক পণ্যের উৎপাদন বন্ধের নির্দেশনা

0

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সব তামাক কোম্পানির উৎপাদন, সরবরাহ, বিপণনে ও তামাকপাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা ও করোনাকালে এসব ব্যবসা অব্যাহত রাখার বিশেষ অনুমতিপত্র প্রত্যাহারের জন্য শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
গতকাল মঙ্গলবার (১৯ মে) এ বিভাগের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী যুগ্ম সচিব মো. খায়রুল আলম শেখ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার বৈঠকে বসছে শিল্প মন্ত্রণালয়।
প্রসঙ্গত, তামাক পণ্য বলতে সব ধরনের সিগারেট, বিড়ি, জর্দা, গুল, তামাক পাতা, তামাক ডাঁটা ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে।
চিঠিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাককে কোভিড-১৯ সংক্রমণ সহায়ক হিসেবে চিহ্নিত করে এর ব্যবহার নিরুৎসাহিত করার কথা বলছে। ধূমপানের কারণে শ্বাসতন্ত্রের নানাবিধ সংক্রমণ এবং কাশিজনিত রোগ তীব্র হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাধিক গবেষণা পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জানিয়েছে, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের কোভিড-১৯ সংক্রমণে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও গবেষণা দেখা গেছে, কোভিড-১৯-এ আক্রান্ত ধূমপায়ীর মৃত্যুঝুঁকিও ১৪ গুণ বেশি। কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাময়িকভাবে সিগারেট ও তামাকজাত পণ্য ক্রয়-বিক্রয়, সীসা বার, উন্মুক্ত স্থানে পানের পিক ফেলার মতো বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও কোভিড-১৯ ভয়াবহ আকার ধারণ করেছে।
চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সরকার কোভিড-১৯ মোকাবিলায় বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবা বিভাগ ক্রমবর্ধমান কোডিড-১৯ রোগ প্রতিরোধে, শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশের তামাক কোম্পানিগুলোকে উৎপাদন, সরবরাহ ও বিপণন করার জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক বিশেষ অনুমতিপত্র প্রদান করা পরিস্থিতিকে জটিল করে তুলছে। জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাস করতে প্রণীত সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এ সংক্রামক রোগের বিস্তার রোধে বাজার, গণজমায়েত সাময়িকভাবে বন্ধ, দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অনা স্থানে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তামাক কোম্পানিগুলো শিল্প মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনার অজুহাতে এ আইন লঙ্ঘন করে চলেছে।
এ কারণে কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি কমানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ পড়ার প্রত্যয় এগিয়ে নিতে সব তামাক কোম্পানির উৎপাদন, সরবরাহ, বিপণন ও তামাকপাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়ে এ ব্যাপারে চিঠিতে শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করা হয়। পাশাপাশি করোনাকালে এসব ব্যবসা অব্যাহত রাখার জন্য দেওয়া বিশেষ অনুমতিপত্র প্রত্যাহার করার জন্য শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শিল্প মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আব্দুল জলিল জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি আমরা পেয়েছি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল মন্ত্রণালয় একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে। সেখানে মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবসহ প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত থাকবেন। ওই বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯০ কিলোমিটার দূরে ‘আম্ফান’

0

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ দুপুরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্ফান’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।
ঘূর্ণিঝড়টি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকেলে বা সন্ধ্যার মধ্যে সুন্দরবনের নিকট দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপার ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সুপার ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তি দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা বয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তি দ্বীপ ও চরসমূহ ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড় এবং দ্বিতীয় পক্ষের চাঁদের সময়ের শেষ দিনের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুড়া, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তি দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১৫ ফুট অধিক উচ্চতর জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
ঘূর্ণিঝড় অতিক্রমকালে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলাসমূহ এবং তাদের অদূরবর্তি দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারীবর্ষণসহ ঘন্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্ত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬১৭

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৩৮৬ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৬১৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৭৩৮।
আজ বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৩ হাজার ৮৫২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭৩৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২০৭ জন।
তিনি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন প্রায় অর্ধকোটি। মৃতের সংখ্যা সোয়া ৩ লাখ ছাড়িয়েছে। তবে পৌনে ২০ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।