Home Blog Page 2942

‘আম্ফান’ সন্ধ্যায় সুন্দরবন দিয়ে উপকূল অতিক্রম করবে

0

ঘূর্ণিঝড় আম্ফান আজ বুধবার সন্ধ্যায় সুন্দরবনের ওপর দিয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম শুরু করবে। এ সময় বাতাসের গতি অন্যসব ঝড়ের চেয়ে বেশি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিদফতর। এদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোও ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। আর মোংলা ও পায়রা বন্দরে আগের মতোই ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আম্ফান বুধবার সন্ধ্যায় বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করবে। উপকূল অতিক্রম করার সময় অনেকখানি সময় ব্যয় হবে। তবে এতে আম্ফানের শক্তি কমে যাবে এটা বলা যাবে না। আম্ফানকে আমরা এখন আর সুপার সাইক্লোনও বলছি না। শুধু আম্ফান বলছি। এর বাতাসের গতি অন্যসব ঝড়ের চেয়ে বেশি। এটি এখন পর্যন্ত যে গতিতে আসছে তাতে সুন্দরবন দিয়ে অতিক্রম করবে। এর প্রভাবে এরই মধ্যে উপকূলবর্তী জেলাগুলোতে ঝড়ো হাওয়া, বৃষ্টি হচ্ছে। ঢাকাও আকাশ মেঘলা, রাতে বৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে ৭৫ মিলিমিটার। এ ছাড়া ঢাকা বিভাগের গোপালগঞ্জে ২১ মিলিমিটার, চট্টগ্রাম বিভাগের মধ্যে ফেনী ছাড়া রাঙামাটিতে ৪২ মিলিমিটার, রংপুর বিভাগের মধ্যে দিনাজপুরে ২৪, খুলনা বিভাগের মধ্যে মোংলায় ৫৮, সাতক্ষীরায় ৩৫, বরিশালে ৪৯ এবং পটুয়াখালীতে ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আম্পানের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্ফান উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি এখন পর্যন্ত চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ২০ মে বিকাল বা সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
সতর্ক সংকেতে আরও বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড় জনিত জলোচ্ছ্বাসের সতর্কতায় বলা হয়, ঘূর্ণিঝড় এবং দ্বিতীয় পক্ষের চাঁদের সময়ের শেষ দিনের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে থেকে ১০ থেকে ১৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
ঝড়ো হাওয়ার সতর্কতায় বলা হয়, ঘূর্ণিঝড় অতিক্রমকালে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলা সমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলতে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিএনপি কী করেছে জাতি জানতে চায় : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে। চৌকস কথার ফুলঝুরি আর গলাবাজি ছাড়া দেশ ও জাতিকে বিএনপি কী দিতে পেরেছে তা জাতি জানতে চায়।
আজ বুধবার তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বরাবরের মতো বিএনপি তাদের ব্যর্থতা ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের মরচে ধরা অকার্যকর হাতিয়ার ব্যবহার করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বৈশ্বিক সংকটকে পুঁজি করে রাজনীতির অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার যখন সবাইকে নিয়ে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস চালিয়ে যাচ্ছে, তখন বিএনপি প্রতিহিংসা ছাড়া আর কিছুই দেখতে পায় না।
এ সংকটে শিল্পকারখানা মালিকরা শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

ঈদের ছুটিতেও খোলা থাকবে করোনা পরীক্ষাগার

0

ঈদের ছুটি, যে কোনো সরকারি ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও করোনা ভাইরাস শনাক্তে দেশের সব পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম অব্যাহত থাকবে।
করোনা শনাক্তে নমুনা পরীক্ষার জন্য রাজধানীসহ দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালযয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি সরকারি যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে করোনা ভাইরাস পরীক্ষার জন্য দেশের সকল পিসিআর ল্যাবরেটরিতে কাজ অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ লক্ষ্যে ঈদের ছুটি, যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা যাতে অব্যাহত থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালককে অনুরোধ জানানো হয়।
বর্তমানে রাজধানী ঢাকায় ২১টি এবং ঢাকার বাইরে আরও ২১টিসহ মোট ৪২টি ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

আজ পবিত্র শবে কদর

0

হাজার মাসের চেয়েও উত্তম’ সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকত ও পূণ্যময় রজনী- পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর আজ।
পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়। তাই মুসলিম উম্মাহর কাছে এ রাতের গুরুত্ব ও ফজিলত অত্যধিক। প্রতিবছর মাহে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়।
ইসলাম ধর্ম অনুসারে এ রাতে মানবজাতির ভাগ্য পুনর্র্নিধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অত্যন্ত পূণ্যময় ও মহাসম্মানিত।
এ রাতে সূর্যাস্তের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত ঊর্ধ্বগত থেকে পৃথিবীর বুকে এত বেশি কল্যাণ ও বরকত অবতীর্ণ হয়, যা ভূপৃষ্ঠে সংকুলান হয় না। কদরের আরেক অর্থ তাকদির ও আদেশ। এ রাতে পরবর্তী এক বছরের অবধারিত তাকদির ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের হায়াত, রিজিক, ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাকে লিখে দেওয়া হয়।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার ঘরে থেকেই রাত জেগে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে পবিত্র শবে কদর পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
অবশ্য ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতে কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন।
মহিমান্বিত এ রাত সর্ম্পকে হাদিস শরীফে অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। এমনকি কোরআন শরীফে সুরা কদর নামে স্বতন্ত্র একটি পূর্ণ সুরা নাজিল হয়েছে। এই সুরাতেই শবে কদরের রাত্রিকে হাজার মাসের চেয়ে উত্তম বলে বর্ণিত হয়েছে। পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতগণ দীর্ঘায়ু লাভ করার কারণে বহু বছর আল্লাহর ইবাদত করার সুযোগ পেতেন। সাহাবায় কেরামগণের এ আক্ষেপের পরিপ্রেক্ষিতে চিন্তা দূর করার জন্য সুরাটি নাজিল হয়।
আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, বিরাজ করে উষার আবির্ভাব পর্যন্ত।’ (সূরা আল- কদর, আয়াত ১-৫)

ঈদের নামাজ ঘরে পড়ার ফতোয়া সৌদি গ্রান্ড মুফতির

0

করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী মুসলমানদের ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায়ের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির বৈজ্ঞানিক গবেষণা কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখ।

স্থানীয় গণমাধ্যমকে গ্রন্ড মুফতি বলেন, ব্যতিক্রমী ও জরুরি পরিস্থিতিতে ঈদের নামাজ বাড়িতে পড়া জায়েজ উল্লেখ করে গ্র্যান্ড মুফতি বলেছেন, অন্যান্য নামাজ যেমন একাই ঘরে আদায় সম্ভব, ঈদের নামাজও তেমনি আদায় করা যাবে।

গ্র্যান্ড মুফতি বলেছেন, বর্তমানে পৃথিবীর জন্য মারাত্মক এক সঙ্কটের সময় চলছে। কঠিন পরিস্থিতিতে ঘরেই ঈদুল ফিতরের নামাজ আদায় করা উত্তম হবে। পাশাপাশি যতটা সম্ভব পরিবারের পাশে থাকা উচিত। কারণ অন্য সময় ব্যস্ততার কারণে আমরা তাদের হক নষ্ট করে থাকি।

এদিকে ঈদের আগের দিন থেকে টানা ৫ দিন পুরো সৌদি আরব জুড়ে ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার।

অন্যদিকে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া কাউন্সিলও বিশ্বের সব মুসলমানকে ঘরেই ঈদের নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামি শরীয়তের মূল উদ্দেশ্যে হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। তাই এবার ঈদের নামাজ ঘরেই আদায় করা উচিত।

করোনার প্রকোপের বিশ্বের বেশিরভাগ দেশে বন্ধ রয়েছে মসজিদগুলো। কয়েকটি মুসলিম প্রধান দেশে শর্তজুড়ে খুলে দেয়া হয়েছে মসজিদ। কিন্তু ঈদের নামাজ নিয়ে দ্বিধায় আছে দেশগুলো। কারণ ঈদের নামাজে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মানা বেশ কঠিন।

সূত্র- ্আল আরাবিয়া।

জার্মানি বলল, চীনের বিরূদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ অমূলক

0

করোনাভাইরাসের সংক্রমণে সারা বিশ্বে এ পর্যন্ত তিন লাখ ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি এখন মার্কিন যুক্তরাষ্ট্র৷ সেখানে ৯২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই বিপর্যয়ের জন্য চীনকে দোষারোপ করে আসছেন।

ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুটা চীনে হয়েছিল বলে সে দেশের সমালোচনা হচ্ছে, তবে কভিড-১৯ মহামারির জন্য ‘চীন দায়ী’ মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির সঙ্গে একমত নয় জার্মানি। দেশটির পার্লামেন্টের বৈজ্ঞানিক পরিষেবা বিভাগ মহামারিটির অর্থনৈতিক পরিণতির জন্য চীনের বিরুদ্ধে মার্কিন অভিযোগকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছে।

এছাড়াও, মহামারিটির জন্য কেউ দায়ী কিনা সে প্রশ্নটি স্পষ্ট করা যায়নি বলে বলা হয়েছে জার্মান সংসদের নথিতে। বুন্ডেস্টাগ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, যথাযথ প্রমাণ ছাড়া ওয়াশিংটনের দাবির প্রেক্ষিতে চীনকে কাঠগড়ায় দাঁড় করার কোনো আইনগত ভিত্তি নেই।

আজ পর্যন্ত বিশ্বজুড়ে, কভিড -১৯ মহামারিতে প্রায় ৫০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। তবে কোনো পরিস্থিতিতেই মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে চীনের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। যেহেতু চীনেরও ভেটো ক্ষমতা রয়েছে। তাই এমন কোন প্রস্তাব পাস হওয়া অসম্ভব। জার্মানি আশা করে ওয়াশিংটন এবং বেইজিং নিরাপত্তা কাউন্সিলের বিরোধ নিষ্পত্তি করতে সম্মত হবে। যদি এটি সফল না হয়, তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যস্থতাকারী হিসাবে চেষ্টা করতে পারেন।

তবে, মার্কিন সরকার যদি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চীনের উপর একতরফা নিষেধাজ্ঞা জারি করে তাহলে চীন সম্ভাব্য সকল উপায়ে সেটার প্রতিরোধের চেষ্টা করবে এবং প্রতিক্রিয়া জানাবে বলে জার্মান সংসদের নথিতে বলা হয়েছে।

সূত্র-পিএল ইংলিশ।

১৮ বছর ধরে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে মিলল গাড়ি

0

১৮ বছর আগে নর্দান আয়ারল্যান্ডের মোনাঘান কাউন্টি থেকে এক ব্যক্তি নিখোঁজ হয়ে যান। গার্ডাই নামের তদন্ত সংস্থা নিশ্চিত করেছে যে, তার (ব্যক্তি) গাড়িটি একটি হ্রদে (লেকে) পাওয়া গেছে।

নিখোঁজ ব্যক্তিটির নাম টনি লিঞ্চ।তিনি ফর্মেনাগের বাসিন্দা ছিলেন। তাকে শেষবার মোনাঘানে কাউন্টির ক্লোনসের ফার্মানাগ স্ট্রিটে দেখা গিয়েছিল।দিনটা ছিল ২০০২ সালের ৬ জানুয়ারী, রবিবার।

চারসন্তানের জনক ছিলেন টনি লিঞ্চ। সে সময় তার বয়স ছিল ৫৪ বছর। মূলত মাঘেরাভেলি থেকে তিনি সেই শহরে চলে এসেছিলেন।

সে সময় টনি লিঞ্চের সাদা মিতসুবিশি গালান্টও গাড়িটি অদৃশ্য হয়ে যায়।

এক অভিযানে নর্দান আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের পুলিশ বাহিনীর সাথে পিএসএনআই এবং গার্ডারসহ ডুবুরিরা গাড়িটি উদ্ধার করে।

সোমবার লিসনাস্কিয়ার নিকটে কর্ডিল্লারের আপার লফ আর্নের নীচ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এতো দীর্ঘ সময় হ্রদে থাকার ফলে গাড়িটি পলি দিয়ে পূর্ণ ছিল।

লিঞ্চের দেহাবশেষ ভেতরে রয়েছে কিনা তা পরীক্ষা করতে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।

লিঞ্চের পরিবারকে এ কথা জানানো হয়েছে।

২০০২ সালে নিখোঁজ হওয়ার সময় লিঞ্চের সাথে কোনও জিনিসপত্র ছিল বলে আভাস পা্ওয়া যায়নি।

সে সময় তার গাড়িটিও অদৃশ্য হয়ে যায়। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি

ভার্চুয়াল কোর্টেও জামিন পাননি সেই সিএন্ডএফ এজেন্ট মিজানুর চাকলাদার

0

ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চেও জামিন পাননি শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগের মামলার আসামি চট্টগ্রামের সিএন্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদার দীপু। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার মিজানুর রহমানের জামিনের ওপর শুনানি হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও একেএম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. একরামুল হক টুটুল।

আমিন উদ্দিন মানিক জানান, ডিজিটাল জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাতকারী সি অ্যান্ড এফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদার ওরফে দীপু চাকলাদার। ইতিপূর্বে গত বছরের ১৮ ডিসেম্বর তার এই চার মামলায় পৃথক চারটি জামিনের আবেদন উপস্থাপন হয়নি মর্মে খারিজ করেছিলেন হাইকোর্ট। এসব মামলায় জামিন আবেদন করা হয়েছিল। এরমধ্যে দুটি আবেদন কার্যতালিকায় আসে। তবে আদালত তার জামিন আবেদন নিয়মিত বেঞ্চে শুনানি করার জন্য বলেছেন।

আমিন উদ্দিন মানিক জানান, ২০১৭ ও ২০১৮ সালের ২ বছরে চট্টগ্রাম কাস্টম হাউজের সাবেক ২ কর্মকর্তার ইউজার আইডি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ হাজার ৭৭৭টি চালান অবৈধভাবে খালাস করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে।

শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সিএন্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে (দীপু) আসামি করে গত বছরের ১৬ জানুয়ারি ঢাকার রমনা থানায় একটি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই মামলায় সেদিনই মিজানুর রহমান চাকলাদারকে গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দারা। পরে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা করা হয়।

প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়ে ১০ লাখ পরিবার উপকৃত

0

দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মাঝে এককালীন আড়াই হাজার টাকা বিতরণ কর্মসূচিতে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ১০ লাখ পরিবার উপকৃত হয়েছেন। এসব পরিবারের সদস্যরা মোবাইল ফোনের মাধ্যমে টাকা পেয়ে গেছেন। টাকা পাঠানোর এ প্রক্রিয়া চলমান রাখার সাথে সাথে তালিকা নির্ভুল করার কাজও চলছে। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই কর্মসূচি বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা নেবার কারণেই তালিকার প্রাথমিক পর্যায়েই ব্যাপক ত্রুটি ও অনিয়ম ধরা পড়ে। এর ফলে এবার ত্রাণের সুবিধাভোগীদের জন্য একটি নির্ভুল ডটোবেজ তৈরির পথও প্রশস্ত হয়েছে। এক্ষেত্রে টাঙ্গাইল মডেল-এর কথাও স্মরণ করা হচ্ছে। করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে সরকারের মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী সঠিক ব্যক্তির কাছে সরকারের মানবিক সহায়তা পৌঁছনোর লক্ষ্যে প্রযুক্তির সহায়তা নেওয়ার নির্দেশ দেন।

প্রাথমিকভাবে সরকারের ওপেন মার্কেট সেল বা ওএমএস-এর ১০ টাকা কেজি চাল দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে প্রযুক্তির সহায়তায় উপজেলা পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হয়। পাবনার ঈশ্বরদী, কুমিল্লার দেবীদার, টাঙ্গাইল জেলার কালিহাতী, নাটোরের সিংড়াসহ ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলায় এ উদ্যোগ নেওয়া হয়। কিন্তু স্থানীয়ভাবে গ্রহণ করা এসব উদ্যোগ বড় আকারে ও কেন্দ্রীয়ভাবে ব্যবহারের সুযোগ না থাকায় এবং কেন্দ্রীয়ভাবে কোনো সফটওয়্যার ব্যবহার না হওয়ায় মানবিক সহায়তা বিতরণে অসংগতি থেকেই যায়।

এ বিষয়ে টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের উদ্যোগে প্রযুক্তির যথার্থ ব্যবহার করে একটিমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমে ত্রাণ সহায়তা দিতে টাঙ্গাইল, বরগুনা, নরসিংদী, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলায় নিযুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পাঁচ জন দক্ষ ও পেশাদার প্রেগ্রামারের সমন্বয়ে একটি টেকনিক্যাল টিম গঠন করা হয়। ওই টিমের মাধ্যমে তৈরি হয় সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম বা ক্যামস। এই সিস্টেমের মাধ্যমে উপকারভোগীদের জন্য একটি ইউনিক কিউ আর কোড সম্বলিত স্মার্ট কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে পরে সব মন্ত্রণালয়ের সব ধরণের মানবিক সহায়তা গ্রহণ করা যাবে।

মানবিক সহায়তা প্রদানকারী ক্যামস মোবাইল অ্যাপস-এ লগইন করে কিউ আর কোড স্ক্র্যান-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সঠিক উপকারভোগীর পরিচয় নিশ্চিত করে মানবিক সহায়তা দিতে পারবে। সকল মন্ত্রণালয় তাদের নিজস্ব ড্যাশবোর্ড থেকে সংশ্লিষ্ট মানবিক সহায়তার সকল তথ্য দেখতে পাবেন।

গত ২৩ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এই টাঙ্গাইল মডেল বা সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম উপস্থাপন করা হয়। এরপর টাঙ্গাইল জেলার সবগুলো উপজেলাসহ বিভিন্ন জেলায় এর সফল পাইলটিং সম্পন্ন হয়। এরপর এ মডেল কেন্দ্রীয়ভাবে ব্যবহারের জন্য গৃহীত হয় এবং গত ২ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে সারা দেশে সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে একটি পত্র দেওয়া হয়। বর্তমানে সফটওয়্যারটি সারাদেশে একযোগে ব্যবহারের পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে তালিকার ত্রুটি সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কালের কণ্ঠকে বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের কারণেই দ্রুত এই ত্রুটি চিহ্নিত হয়েছে। আমাদের ‘পরিচয়’ নামে যে গেটওয়ে আছে তাতেই এই ত্রুটি ধরা পড়ে। সুভিধাভোগীদের তালিকার প্রায় ১৭ শতাংশে তথ্যগত ত্রুটি শনাক্ত হয়। উপকারভোগীর নাম, পরিচয়, জন্ম তারিখ, মোবাইল নাম্বারে এই ত্রুটি পাওয়া যায়। এটি প্রধানমন্ত্রী দপ্তরকে জানানো হয়।’

এ প্রসঙ্গে জুনাইদ আহমেদ পলক এর আগে প্রযুক্তির সহায়তায় উপজেলা পর্যায়ে পাবনার ঈশ্বরদী, কুমিল্লার দেবীদার, টাঙ্গাইল জেলার কালিহাতী, নাটোরের সিংড়াসহ ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলায় ত্রাণ বিতরণের সাফল্যের কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া বিকেলে এ প্রতিবেদককে বলেন, এখন পর্যন্ত ৯ লাখ ৯৮ হাজার সুবিধাভোগী পরিবারের কাছে নগদ অর্থ পৌঁছে গেছে। সন্ধ্যাতে আরো পরিবারে কাছে যাবে। প্রক্রিয়াটি চলমান। প্রযুক্তি ব্যবহারের কারণেই এবার প্রকৃত হতদরিদ্র পরিবারগুলো এই সহায়তা পাচ্ছে। কারণ প্রযুক্তি কোনো ত্রুটি গ্রহণ করে না। সংশ্লিষ্টরা কেউ ইচ্ছাকৃতভাবে এটা করেছে, আবার করণীক ভুলও রয়েছে। তবে দুই দিন আগে জেলা প্রশাসকদের তালিকা সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি ত্রাণ বিতরণে টাঙ্গাইল মডেল-এর কথা স্মরণ করে বলেন, প্রযুক্তির মাধ্যমে প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার সফলতার নজির আমাদের আছে।

আম্পান : বুধবার সকাল থেকে মহাবিপদ সংকেত

0

সুপার সাইক্লোনে রূপ নেওয়া ‘আম্পান’ উপকূলের দিকে ধেয়ে আসায় বুধবার (২০ মে) সকাল ৬টা থেকে মহাবিপদ সংকেত জারি করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
তিনি বলেন, আজ রাতের মধ্যে উপকূলের লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনা হবে।
ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থান ও সরকারের সার্বিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (১৯ মে) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে একই বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এখানে ৫১ লাখ ৯০ হাজার মানুষ থাকতে পারবে। তবে সেখানে আমরা ২০ থেকে ২২ লাখ মানুষকে সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছি।
তিনি আরো বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। কোন জেলায় কতজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে তার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাত ৮টার মধ্যে সবাইকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের টার্গেট হলো উপকূলবাসী যারা ঝুঁকিপূর্ণ ঘরবাড়িতে অবস্থান করছেন তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা। সোমবার (১৮ মে) থেকে এ কাজ শুরু হয়েছে। রাতের মধ্যে উপকূলবাসীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য নির্দেশনা দিয়েছি। মহাবিপদ সংকেত দেখানোর পর আর লোকজনকে বাড়িঘর থেকে আশ্রয়কেন্দ্রে আনার কোনো সুযোগ থাকবে না। ঘূর্ণিঝড়টি বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে এবং বাংলাদেশ ভূখণ্ডের ওপর দিয়ে অতিক্রম করবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠে থাকতে প্রযোজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঝড় পরবর্তী দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় ফণি-তে ১৮ লাখ ও বুলবুলের সময়ে ২২ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল বলে জানান তিনি।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।