Home Blog Page 2943

ঘূর্ণিঝড় ‘আম্পান’: নৌবাহিনীর ২৫ জাহাজ প্রস্তুত

0

সুপার সাইক্লোন ‘আম্পান’ মোকাবিলায় চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌ-অঞ্চলে নৌবাহিনীর ২৫টি জাহাজ সমুদ্র ও উপকূলীয় এলাকায় দ্রুততম সময়ে জরুরি উদ্ধার, ত্রাণ এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, ঘূর্ণিঝড় পরবর্তী সমুদ্র ও উপকূলীয় এলাকায় অনুসন্ধান কাজের জন্য নৌবাহিনীর দুটি মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট এবং দুটি হেলিকপ্টার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
মঙ্গলবার (১৯ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আইএসপিআর থেকে বলা হয়, সেই সঙ্গে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুরসহ উপকূলীয় দূর্গত এলাকাগুলোতে মোতায়েনের জন্য নৌ কন্টিনজেন্ট প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় পরবর্তী সমুদ্র ও উপকূলীয় উপদ্রুত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রথমে নৌবাহিনীর দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও দুটি হেলিকপ্টারের মাধ্যমে বঙ্গোপসাগরে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনী জাহাজগুলো উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।
প্রাথমিকভাবে এ উদ্ধার কাজের জন্য বানৌজা সমুদ্রজয় ও সমুদ্র অভিযান কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকায়, বানৌজা গোমতি মোংলা ও তৎসংলগ্ন সাগর তীরবর্তী এলাকায় নিয়োজিত থাকবে।
অন্যদিকে বানৌজা সুরভি চট্টগ্রামের বহিঃনোঙর থেকে মহেশখালী এলাকায়, বানৌজা বঙ্গবন্ধু, স্বাধীনতা, প্রত্যয়, সংগ্রাম ও প্রত্যাশা বহিঃনোঙর থেকে চট্টগ্রামের পোতাশ্রয় এলাকায়, বানৌজা দূর্জয়, নির্মূল ও শাপলা চট্টগ্রামের উপকূলীয় এলাকায়, বানৌজা অতন্দ্র সন্দীপ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায়, বানৌজা অপরাজেয় হাতিয়া এলাকায় নিয়োজিত থাকবে।
এছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে কাপ্তাই নৌঘাটি বানৌজা শহীদ মোয়াজ্জম থেকে বোট নিয়োজিত থাকবে। উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুরে নৌবাহিনীর এলসিইউ-০১ এবং এলসিইউ-০২, বরিশাল ও আশপাশের এলাকায় বানৌজা হাতিয়া, সন্দীপ, শাহ পরাণ এবং শাহ মখদুম, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা ও ঝালকাঠির অভ্যন্তরীণ রুটে নৌবাহিনীর এলসিটি-১০৪ এবং এলসিটি-১০৫ এবং কর্নফুলী চ্যানেলে বানৌজা খাদেম নিয়োজিত থাকবে।
পরিস্থিতি বিবেচনায় দুর্গত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তার জন্য বিশেষ মেডিক‌্যাল টিম গঠন করা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত এলাকায় জীবন রক্ষাকারী ওষুধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে।
আইএসপিআর থেকে জানানো হয়, ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি হিসাবে উপকূলীয় অঞ্চলের জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে খুলনা নৌঅঞ্চলের দুটি জাহাজ সাতক্ষীরা ও দুবলার চর যাওয়ার উদ্দেশ্যে খুলনা নৌজেটি ত্যাগ করেছে।
সেই সঙ্গে সড়কপথে ৫ সদস্যের একটি মেডিক‌্যাল টিমসহ ২৪ জন নৌসদস্যের একটি টিম দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজে সহায়তার জন্য সাতক্ষীরার উদ্দেশ্যে গেছে।
বরিশাল, বরগুনা ও পটুয়াখালীতে টহলরত তিনটি জাহাজকে ঘূর্ণিঝড় পরবর্তী প্রাথমিক রেসপন্স জাহাজ হিসাবে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঝড়ের তীব্রতা ও আঘাতের প্রকোপ পর্যবেক্ষণের পর নৌবাহিনীর আরও পাঁচটি জাহাজ বরিশাল, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ত্রাণ সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

দেশে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাত হানার সম্ভাবনা রয়েছে: তোফায়েল

0

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেছেন, দেশে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

জনসাধারণের জানমাল রক্ষায় ঘূর্ণিঝড়ের সময় এবং পরবর্তীতে তাদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে টেলি কনফারেন্সে এ আহ্বান জানান তোফায়েল আহমেদ।

তিনি বলেন, দেশে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের ছোবল থেকে সাধারণ জনসাধারণকে রক্ষা করার জন্য নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।

এ সময় সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর পদ্ধতিতে গরিব মানুষের মাঝে আড়াই হাজার টাকা করে দিচ্ছেন। এই টাকা যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছে। একই ঘরে একাধিক ব্যক্তির নাম লিস্ট করা যাবে না। কেউ এ ধরনের তালিকা করলে তা বাদ দিতে হবে।

তিনি বলেন, দলমত নির্বিশেষে সকল গরীব মানুষ যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ত্রাণ নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে, সে ব্যাপারেও তিনি সকলকে সর্তক করে দেন।

আজ শেষ রাতে বাংলাদেশে আঘাত করবে সুপার সাইক্লোন আম্পান

0

আজ শেষ রাতের দিকে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে সুপার সাইক্লোন ‘আম্পান’। এটি আগামীকাল সন্ধ্যা নাগাদ দেশের সীমানা অতিক্রম করবে। অতিপ্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গতিপথ অপরিবর্তিত থাকায় মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে সুপার সাইক্লোন আম্পান। ঘূর্ণিঝড়টি খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২২৫ থেকে ২৪৫ কিলোমিটার। এমন গতির কারণে আম্পানই হচ্ছে এই শতকের প্রথম সুপার সাইক্লোন। তবে, বাংলাদেশে আঘাত হানার সময় এর গতিবেগ কমে যেতে পারে।

আম্পানের অগ্রবর্তী অংশের প্রভাব ইতোমধ্যেই দেশের আবহাওয়ায় পড়তে শুরু করেছে বলেও পূর্বাভাসে জানানো হয়। এ কারণে সাগর বিক্ষুব্ধ থাকায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।

বিটিআরসিকে আরও ১ হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন

0

গ্রামীণফোনের কাছে বিটিআরসির অডিট আপত্তির পাওনার মধ্যে আরও এক হাজার কোটি টাকা জমা দিয়েছে বেসরকারি মোবাইল অপারেটরটি।

মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রামীণফোনের সাথে বিটিআরসির অনেক দিনের একটি লেনদেন ছিল। আমাদের অডিট আপত্তির টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা দুই কিস্তিতে বিটিআরসির কাছে জমা দেয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের আদেশে ইতোমধ্যে আগে এক হাজার কোটি টাকা দিয়েছে। আরও এক হাজার কোটি টাকা ৩১ মে’র মধ্যে জমা দেয়ার কথা ছিল, যা গ্রামীণফোন আজকে বিটিআরসির কাছে জমা দিয়েছে।’

করোনাভাইরাসের এ সময়ে টাকাগুলো সরকারের অনেক কাজে দেবে উল্লেখ করে তিনি বলেন, ‘গ্রামীণফোন আমাদের কাছ থেকে ন্যায্যসহ কিছু সুবিধা পাবে। সে অনুযায়ী গ্রামীণফোনও পাওনা বাকি টাকা দ্রুত দিয়ে দেবে বলে আশা করছি।’

এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘অডিট আপত্তির বাকি টাকা নিয়ে গ্রামীণফোনের সাথে আবার বসব। সেখানে আলাপ আলোচনা করে সমাধান করব। হিসেবে যদি কোনো গড়মিল থেকে থাকে এবং তারা সঠিক তথ্য দিতে পারলে আমরা মেনে নেব।’

অন্যদিকে, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘আদালতের আদেশ অনুযায়ী গত ২৩ ফেব্রুয়ারি প্রথম কিস্তির এক হাজার কোটি টাকা বিটিআরসিতে জমা করেছি। দ্বিতীয় কিস্তিতে আজ আরও এক হাজার কোটি টাকার পে-অর্ডার চেক জমা করেছি।’

বাকি টাকার বিষয়ে করোনাভাইরাস শেষে বিটিআরসির সাথে আলাপ আলোচনা করে সমাধান করা হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে গত বছর দাবি করে বিটিআরসি।

ঘূর্ণিঝড় আম্পান: উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের আশংকা

0

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সুপার সাইক্লোন আম্পান আজ (মঙ্গলবার) বেলা বারটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার, মংলা থেকে ৬৯৫ ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো।

এটি উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে কাল ভোররাত থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহওয়াবিদ বজলুর রশিদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, মূলত বাংলাদেশ ও ভারতের সীমান্তের সুন্দরবন অংশে ঘূর্ণিঝড়টির মূল অংশ আঘাত হানতে পারে।

“ঝড়ের মূল অংশ সুন্দরবন অংশে এলেও এর প্রভাব পড়বে চারদিকেই। তবে এখনো এটি এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে। তাই নানা পরিবর্তনের সুযোগ রয়েছে,” বলছিলেন মিস্টার রশিদ।

তার মতে, ঝড়টি ভারতের দীঘা থেকে বাংলাদেশের সন্দ্বীপ এলাকার মধ্য দিয়ে যাবে এবং এর মূল অংশ ভারত বাংলাদেশ সীমান্তের সুন্দরবন অংশে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে ৫-১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

কোন জেলার কী সংকেত:

৭ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালি, ফেনী, চট্টগ্রাম।

আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদসংকেত এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আম্পান কী ক্ষতি করতে পারে?

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলছেন, ঘূর্ণিঝড় আম্পান যখন আঘাত হানবে তা অতি প্রবল হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। পূর্বের অভিজ্ঞতা বলে, এ ধরণের ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট হয়।

ঘরবাড়ি, গাছ-পালার ক্ষয়ক্ষতির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো অবস্থা তৈরি হতে পারে।

তবে বাংলাদেশের কোন কোন জেলার উপর দিয়ে এই ঘূর্ণিঝড়টি বয়ে যেতে পারে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে জানাচ্ছেন মি. আহমেদ।

তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মি. ওয়াজেদ বলছেন, এখনো পর্যন্ত পাওয়া তথ্য থেকে ধারণা করা যাচ্ছে যে, ঘূর্ণিঝড়টি হয়তো দেশের উত্তর-পশ্চিম দিক অর্থাৎ সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে আঘাত হানবে।

তিনি বলেন, আঘাত হানার সময় যদি ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার বা তার উপরে থাকে তার মানে হচ্ছে এটা বড় ধরণের একটা ঘূর্ণিঝড়। এ ক্ষেত্রে স্থানীয় লোকজনকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে বলা হয়।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ে দুই ধরণের ক্ষতি হয়। একটা হচ্ছে প্রাণহানি। আরেকটা হচ্ছে ঘরবাড়ি ও গবাদিপশুর ক্ষতি।

অতীতের বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এখন প্রাণহানির সংখ্যা কমে গেছে।

১৯৭০ সালের ভোলা সাইক্লোনে প্রায় ৫ লাখ মানুষ মারা গেছে। ১৯৯১ সালের ২৯শে এপ্রিলের ঘূর্ণিঝড়ে ১ লাখ ৩৮ হাজার মানুষ মারা যায়। প্রায় একই ধরণের আরেকটি ঘূর্ণিঝড় ছিল ২০০৭ সালে সিডর। সেখানে মানুষের মৃত্যু হার তুলনামূলক কম ছিল। ওই ঘূর্ণিঝড়ে ৩ হাজার ৪০৬ জন মারা গিয়েছিল।

এরপরে বাংলাদেশে আরো বেশ কয়েকটি ঘূর্ণিঝড় হয়েছে। ২০০৯ সালের ২৫শে মে আইলার আঘাতে মারা যায় ১৯০জন। ২০১৩ সালে মহাসেনে মারা যায় ১৮ জন।

“এরপরে আমাদের দেশে মৃত্যুর সংখ্যা কখনোই দুই সংখ্যার বেশি হয়নি এবং সেটি ২৫ এর উপরে যায়নি,” বলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক।

অন্যদিকে আম্পানে বাতাসের গতিবেগ বেশি থাকলে বাড়ি-ঘর এবং গাছপালা পড়ে যাবে এবং এতেও ক্ষতি হতে পারে।

যুক্তরাজ্যকে পোশাক আমদানি অব্যাহত রাখতে ঢাকার অনুরোধ

0

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এজন্য যুক্তরাজ্য সরকারকে সেদেশের ক্রেতাদের জন্য একটি বিশেষ তহবিল গঠনের অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমেদের সাথে ফোনালাপে শাহরিয়ার আলম এই অনুরোধ জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতে ‍যুক্তরাজ্যের ক্রেতারা প্রায় ৩০ কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করেছে। ফলে বাংলাদেশের প্রায় ১০ লাখ পোশাক শ্রমিকের জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যুক্তরাজ্যের বিশেষ তহবিল গঠন করলে বাংলাদেশের শ্রমিকদের জন্য তা সহায়ক হবে।

এসময় করোনা পরবর্তী বৈশ্বিক পরিস্থিতিতে কমনওয়েলথের কার্যকর ভূমিকা রাখার বিষয়ও তাদের মধ্যে আলোচনায় হয়।

ঘূর্ণিঝড় মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

0

করোনা সংকটের মধ্যে ঘূর্ণিঝড় আস্ফান মোকাবিলায় সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (১৯ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের মধ্যে আরেক ঘূর্ণিঝড় মোকাবিলা করতে হবে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। সেই সক্ষমতা আমাদের রয়েছে। তা ছাড়া আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি।
তিনি বলেন, যতই ঝড়-ঝাণ্ডা আসুক, বাধা আসুক কাটিয়ে উঠতে পারব। এ দুর্যোগ কাটিয়ে উঠে অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব।
প্রধানমন্ত্রী বলেন, সমস্যা চিরদিন থাকে না। এক সময় নিশ্চয়ই এটা কাটিয়ে উঠতে পারবো। সব কিছু আমাদের সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। এটাই মাথায় রাখতে হবে- দুর্যোগ আসতে পারে, কিন্তু সেটাকে মোকাবিলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব।

অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ বাড়ল ৩০ মে পর্যন্ত

0

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) স্থগিতের মেয়াদ আরেক দফা বাড়ল। আগামী ৩০ মে পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।
গত ৯ মের নির্দেশনা অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ ছিল ১৬ মে পর্যন্ত।
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। এর পর বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গে বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও।
সাধারণ ছুটির মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সপ্তম দফায় ছুটি বাড়িয়ে এ আদেশ জারি করা হয়েছে। এই ছুটির মধ্যে শবে কদর ও ঈদের ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
সর্বশেষ দেশের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা ১৬ মে থেকে বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়েছে।

যুক্তরাজ্যকে বিশেষ তহবিল গঠনের অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

0

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বর্তমানে করোনা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক খাতের আমদানি অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে যুক্তরাজ্য সরকারকে ওই দেশের ক্রেতাদের জন্য একটি বিশেষ তহবিল গঠনের অনুরোধ করেন।
সোমবার (১৮ মে) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথবিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমেদের সঙ্গে ফোনে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ অনুরোধ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১৯ মে) পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ফোনালাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে ‍যুক্তরাজ্যের ক্রেতারা প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করেছে । ফলে এ সেক্টরে কর্মরত প্রায় ১০ লাখ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কাজেই যুক্তরাজ্য যদি তাদের ক্রেতাদের জন্য তহবিল গঠন করে সেক্ষেত্রে তা বাংলাদেশে পোশাক খাতে কর্মরত শ্রমিকদের পরিবারদের জন্য সহায়ক হবে।
করোনা পরবর্তী বৈশ্বিক পরিস্থিতিতে কমনওয়েলথের কার্যকর ভূমিকা রাখার বিষয়ও তাদের আলোচনায় স্থান পায়। লর্ড আহমেদ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। বৈশ্বিক করোনাবিষয়ক সমস্যা সমাধানে উভয় প্রতিমন্ত্রী বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।
এ সময় মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিকতার পরিচয় দিয়েছেন তার প্রশংসা করেন যুক্তরাজ্যের এ প্রতিমন্ত্রী। যুক্তরাজ্যকে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুটির উপস্থাপক দেশ হিসেবে উল্লেখ করে লর্ড আহমেদ বলেন, ‘রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংস ঘটনার ন্যায়বিচার ও এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে যুক্তরাজ্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
মিয়ানমারের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল হিসেবে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী উল্লেখ করেন। উভয় প্রতিমন্ত্রী নিকট ভবিষ্যতে আবার দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।

করোনাযুদ্ধে জয়ী হলেন বিটিভির মহাপরিচালক

0

স্ত্রী-কন্যাসহ করোনাযুদ্ধে জয়ী হলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এম এম হারুন অর রশিদ। করোনামুক্ত হয়ে তিনি নিজেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।
ফেসবুকের একটি স্ট্যাটাস দিয়ে তিনি জানান, আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায় আমাদের তিনজনের দ্বিতীয় ফলোআপ টেস্টেও কভিড-১৯ নেগেটিভ রেজাল্ট এসেছে।
গত ৪ মে হারুন অর রশিদ জানান, তার ও স্ত্রী নাহীদ সুলতানার শরীরে করোনা ধরা পড়েছে। তাদের পরীক্ষার রেজাল্ট ছিল পজিটিভ। পরে জানা যায়, তাদের মেয়ে নিকিতা নন্দিনীও করোনা আক্রান্ত।