Home Blog Page 2944

আজ তামিমের অতিথি ওয়াসিম আকরাম

0

করোনাভাইরাসের কারণে এখন ক্রিকেটারদের সবার সময় কাটছে ঘরে। ঘরে থাকার এই একঘেয়েমি কাটাতে দেশ-বিদেশের ক্রিকেটারদের সাথে নিজের অনলাইন প্লাটফর্মে জমিয়ে আড্ডা দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন সেনাপতি তামিম ইকবাল। এই আড্ডায় দেশ-বিদেশের নামকরা তারকা ক্রিকেটারদের নিয়ে এসে একের পর এক চমকই দিয়ে যাচ্ছেন তামিম। এবার তার ফেসবুক লাইভে আসছেন সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার পাকিস্তানের ওয়াসিম আকরাম।
দেশীয় তারকাদের মধ্যে মুশফিক, মাশরাফি, মুমিনুল, সৌম্যের পর বিদেশি ক্রিকেটারদের মধ্যে তামিমের প্রথম চমক ছিল দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস। এরপর তামিম রোহিত শর্মাকে তার লাইভে নিয়ে আসেন। সর্বশেষ সোমবার তার অতিথি ছিলেন বিশ্বসেরা ক্রিকেট তারকা ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
গতকাল সোমবার রাতে কোহলির সঙ্গে ফেসবুক লাইভ শেষে ওয়াসিম আকরামকে আজ মঙ্গলবারের অতিথি করার ঘোষণা দেন তামিম ইকবাল। ওই লাইভে তার সঙ্গে থাকবেন দেশের ক্রিকেটের তিন বড় তারকা জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।
জানা গেছে একই অনুষ্ঠানে আকরাম ও নান্নুর সাথে আমিনুল ইসলাম বুলবুলকে অতিথি করার পরিকল্পনা ছিল তামিম ইকবালের; কিন্তু অস্ট্রেলিয়া প্রবাসী বুলবুলের সাথে বাংলাদেশের সময়সূচি মেলানো কঠিন। কারণ বাংলাদেশে রাত সাড়ে ১০টায় ফেসবুক লাইভ হলে অস্ট্রেলিয়ায় তখন গভীর রাত। তাই বুলবুলকে আকরাম খান ও মিনহাজুল আবেদিন নান্নুর সাথে পাচ্ছেন না তামিম। বুলবুলের পরিবর্তে যুক্ত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫১

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৩৭০ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১২৫১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ১২১।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৯ হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৪৪৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৯৩ হাজার ৬৪৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ২৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১২১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪০৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।
তিনি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত সাড়ে ৪৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন সাড়ে ১৭ লাখের বেশি মানুষ।

২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন

0

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য প্রায় ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে থেকে মন্ত্রী-সচিবরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় যুক্ত হন। একনেক সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন অর্থবছরের জন্য এডিবির অনুমোদন দেওয়া হয়।

পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে ২০২০-২১ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চূড়ান্ত কর পরিকল্পনা কমিশন। নতুন এডিপির আকার ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা ও বৈদেশিক সহায়তা থেকে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা খরচ করা হবে।
চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১২ হাজার ২২৪ কোটি টাকা বেশি ধরা হয়েছে নতুন এডিপিতে। ফলে নতুন এডিপিতে ৬ দশমিক ৩৪ শতাংশ বেশি বরাদ্দ রাখা হয়েছে।
এনইসি সভায় গণভবন থেকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অংশ নেন। অন্যদিকে এনইসি সভায় অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান প্রমুখ।

সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহন খাতে প্রায় ২৫ দশমিক ২৫ শতাংশ, টাকার হিসাবে ৫২ হাজার ১৮৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ভৌত অবকাঠামো খাতে ২৫ হাকার ৭৯৫ কোটি টাকা।
তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৮০৪ ও চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে ২৩ হাজার ৩৯০ কোটি টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ৪৫৮, পল্লী উন্নয়ন খাতে ১৫ হাজার ৫৫৫, স্বাস্থ্যখাতে ১৩ হাজার ৩৩, কৃষিখাতে ৮ হাজার ৩৮২, পানি সম্পদ খাতে ৫ হাজার ৫২৭ ও জন প্রশাসন খাতে ৪ হাজার ৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে আগামী ২০২০-২১ অর্থবছরের এডিপিতে কমছে উন্নয়ন প্রকল্প। বরাদ্দসহ অনুমোদিত প্রকল্প যুক্ত হচ্ছে ১ হাজার ৫৮৮টি (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছাড়া)। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে এর পরিমাণ ছিল ১ হাজার ৭৪৪টি। ফলে নতুন অর্থবছরে কমছে ১৫৬টি উন্নয়ন প্রকল্প।

২৪৫ কিমি গতিবেগে এগোচ্ছে আম্পান, ১০ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

0

সুপার সাইক্লোন ‘আম্ফান’ সর্বোচ্চ ২৪৫ কিলোমিটার গতির ঝড়ো বাতাস নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। সঙ্গী হবে অতি ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাস।
মঙ্গলবার সকালে আবহাওয়ার ২৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার সাইক্লোন ‘আম্ফান’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।
আম্পানের প্রভাবে দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ১০ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি আজ (মঙ্গলবার) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে মঙ্গলবার শেষরাত হতে ২০ মে বুধবার বিকাল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
সুপার সাইক্লোন কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সুপার ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ০৭ (সাত) নম্বর পুনঃ ০৭ (সাত) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৭ নম্বর বিপদ সংকেত (পুনঃ) ০৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ০৬ (ছয়) নম্বর পুনঃ ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৬ (ছয়) নম্বর পুনঃ ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ১৯ মে দিবাগত ভোররাত (২০ মে সকাল) থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। বর্তমানে বাতাসের গতি যেটাই থাকুক কেন, আঘাত হানারকালে এর গতি ঘণ্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ঈদে ঘরমুখী হওয়ার প্রবণতা বিপর্যয় তৈরি করতে পারে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন , করোনা সংক্রমণকালে ঈদে মানুষের ঘরমুখী হওয়ার প্রবণতা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। ঈদে বাড়ি ফিরতে গিয়ে মানুষ নিজে যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমন আশপাশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে।
আজ মঙ্গলবার (১৯ মে) রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আবারও অনুরোধ করব, যেখানে যারা অবস্থানে করছেন, এখানে থেকে আপনারা ঈদ অতিবাহিত করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্থানান্তর আপাতত বন্ধ রাখুন। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতায় আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠব ইনশাল্লাহ।
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রবণতার কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সংক্রমণ ও মৃত্যুর হারে লার্জেস সিঙ্গেল ডে অতিক্রম করছি। দেশে নতুন করে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গতকাল আগের যে কোনো দিনের চেয়ে বেশি। যা নতুন রেকর্ড।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে করোনা সংকট দীর্ঘস্থায়ী হতে পারে। তাই আসন্ন কঠিন সময় মোকাবিলায় আমাদের সবার সমন্বিত ও সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই।
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও চিকিৎসায় বেসরকারি হাসপাতালে উচ্চমূল্য রাখার অভিযোগ তুলে ওবায়দুল কাদের বলেন, এমন সংকটকালে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো স্বাস্থ্যসেবায় অতি উচ্চমূল্য রাখছে বলে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমি ক্লিনিক ও হাসপাতাল মালিকদের জনস্বার্থে, চলমান পরিস্থিতি ও মানবিক বিবেচনায় চিকিৎসার নমুনা পরীক্ষা ও খরচ সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ জানাচ্ছি।
বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংক্রমণে করোনা কাউকে করুণা করবে না। কাদা ছোড়াছুড়ি না করে দেশ ও জনগণের স্বার্থে সরকারের প্রতি সহযোগিতা করুন। দায়িত্বশীল ভূমিকা পালন করুন। করোনা মোকাবিলায় ঐক্যই হবে আমাদের মূল শক্তি।
ঘূর্ণিঝড় আম্পানের প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, প্রাণঘাতী এই সংকটকালে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় আম্পান। এ সাইক্লোন বুধবার বিকাল নাগাদ উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এটি সিডরের চেয়েও বিধ্বংসী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশ্রয়গ্রহণকারীদের মাঝে মাস্ক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার সুবিধার্থে আশ্রয়কেন্দ্রের চিকিৎসক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি উপকূলীয় জেলার জনসাধারণকে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা অনুরোধ করছি পাশাপাশি উপকূলীয় এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি এবং মানুষকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিতে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

এই ঈদ যেন আমাদের জীবনের শেষ ঈদ না হয় : আইজিপি

0

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমরা যে যেখানে আছি সেখানে অবস্থান করি। কোনভাবে বাসা থেকে বের না হই।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনা ও ঈদুল ফিতরকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
করোনাভাইরাসের কারণে চলমান দুর্যোগে জনগণের দায়িত্বজ্ঞানহীন আচরণ করা চলবে না বলে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ‘বেঁচে থাকলে অনেক ঈদে পরিবারের সঙ্গে শামিল হতে পারব। দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে এই ঈদ যেন আমাদের জীবনের শেষ ঈদ না হয়।’
করোনার মধ্যেও মানুষের বাড়ি ফেরার ভিড়ের বিষয়টি তুলে ধরে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘আমি বাড়ি যাব, অন্যরা ঢাকায় থাকবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মৃত্যুর মিছিলে আপনি হবেন একটি মাত্রা সংখ্যা। কিন্তু আপনার পরিবারের কাছে আপনি একটি পৃথিবী। তাই দায়িত্বহীন আচরণ করা চলবে না। দয়া করে যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করেন।’
বেনজীর আহমেদ বলেন, ‘আমরা এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। করোনার বিরুদ্ধে যুদ্ধে আমাদের সবাইকে সমানভাবে অংশ নিতে হবে। সরকারের নির্দেশ মেনে চলতে হবে। তাড়াহুড়ো করে ঈদের ছুটিতে কেউ ঢাকা ছাড়বেন না।’ কিছু মানুষ পায়ে হেঁটে বিকল্প পথে ঢাকা ছাড়ছেন বলেও জানান তিনি।
আইজিপি বলেন, ‘গত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের ২৪ জেলা করোনা মুক্ত ছিল। পরে সাধারণ মানুষের চলাচলের কারণে সব জেলায় আক্রান্ত হলো।’ তিনি বাড়িমুখো মানুষের উদ্দেশে বলেন, ‘আপনার গ্রামবাসীর কাছে মৃত্যুর দূত হয়ে যাবেন না। ঢাকা শহরের চারপাশের মানুষকে নিরুৎসাহিত করছি। ফেরিঘাটে সতর্কতা চলছে। তারপরও অনেকে লঞ্চে-টলারে যাচ্ছেন। নৌপুলিশকে বলেছি তাদের ফিরিয়ে আনতে।’
ঈদুল ফিতরের ধর্মীয় আনুষ্ঠানিকতার বিষয়ে বেনজীর আহমেদ বলেন, ‘মসজিদে নামাজের ব্যবস্থা করা হবে। সবাই মসজিদে ঈদের নামাজ পড়ে দ্রুত বাসায় ফিরে যাবেন। আনন্দ-ফূর্তি করার জন্য ঘর থেকে বের হবেন না। আমরা যদি ঈদুল আজহার আগে করোনা থেকে মুক্তি হতে পারি তাহলে আগামী ঈদ উদযাপন করব।’
পুলিশ প্রধান বলেন, ‘ঈদের কেনাকাটায় বাজারগুলো খোলা রাখা হয়েছে। আমরা সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করব। মনে রাখতে হবে আমাদের এই কেনাকাটা যেন শেষ কেনাকাটা না হয়। এটা কোন জুজুর ভয় নয়। এটি বৈশি^ক মহামারি।’
দেশে সান্ধ্য আইন জারি করা হবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দেশের মানুষের জন্য যেটা ভালো হবে সেটাই করবেন। এই ক্রাইসিস মোকাবিলায় অন্য দেশের পদক্ষেপ কপি-পেস্ট করতে পারব না। আমরা যেন দ্রুত অন্য কালচারে মোটিভেটেড হয়ে না যাই। অন্য দেশের সেন্টিমেন্ট ও আমাদের দেশের সেন্টিমেন্ট এক নয়। আমরা গত দুইমাসে শারীরিক শক্তি বা ফোর্স প্রয়োগ না করে কাজ করেছি।’

শুক্র ও শনিবার ব্যাংক খোলা

0

পবিত্র ইদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্পের কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল ক্রয়ের জন্য শিল্প এলাকায় আগামী শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ মে ) তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইটসুপার ভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর বরাবর পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী বা কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে রপ্তানি বিল ক্রয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদানের লক্ষ্যে শিল্প এলাকায় আগামী শুক্রবার ও শনিবার ব্যাংক খোলা রাখতে হবে।
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ২২ ও ২৩ মে নির্ধারিত সময়সূচী অনুযায়ী ব্যাংক খোলা রাখার জন্য বলা হয়েছে।
আগামী ২২ মে শুক্রবার ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য দুপুর ১টা পর্যন্ত খোলা রাখবে।
২৩ মে শনিবার ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামায়ের বিরতি থাকবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সেপ্টেম্বরে ৩০ মিলিয়ন করোনা ভ্যাকসিন বানাবে ব্রিটেন

0

মানবদেহে সফল প্রয়োগ হলে আগামী সেপ্টেম্বরেই ৩০ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন বানাবে ব্রিটেন। এমনটাই জানিয়েছেন বিজনেস সেক্রেটারি অলোক শর্মা।

অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে গত এপ্রিল মাসে। তা সফল হলে আগামী সেপ্টেম্বরের ভেতরে ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ বিজনেস সেক্রেটারি অলক শর্মা।

রবিবার সরকারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় এ ঘোষণা দেন বিজনেস সেক্রেটারি। আস্ট্রজেনিকা নামে একটি ফার্মিসিটিউক্যাল কোম্পানি এই ভ্যাকসিন তৈরি করবে এবং এর মূল্য ব্রিটিশ সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হবে বলেও আশ্বাস দেন অলক শর্মা। তবে অক্সফোর্ড ইউনির্ভাসিটির ভ্যাকসিন তৈরির চেস্টা যে সফল হবে তারও কোনো নিশ্চয়তা নেই বলেও সতর্ক করেন তিনি।

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা শেষে চলতি সপ্তাহে মানবদেহে প্রয়োগ করা হয়েছে।

এদিকে লন্ডনের ইম্পেরিয়াল কলেজেও করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে। জুন মাসের প্রথম দিকে তা পরীক্ষামূলকভাবে মানব দেহে প্রয়োগ করা হবে।

বিজনেস সেক্রেটারি অলক শর্মা জানান, ভ্যাকসিন তৈরির জন্যে সরকার অতিরিক্ত আরো ৮৪ মিলিয়ন পাউন্ড ফান্ড বরাদ্দ দিয়েছে। এর আগে ৪৭ মিলিয়ন ফান্ড দিয়েছিল সরকার।

বিজনেস সেক্রেটারি জানান, অক্সফোর্ড অথবা ইম্পেরিয়াল যেখানেই প্রথম করোনা ভ্যাকসিনে সাফল্য আসবে সেখান থেকেই সর্ব প্রথম ব্রিটিশ সর্বসাধরনের জন্যে সেপ্টেম্বরের ভেতরে ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করবে আস্ট্রজেনিকা। এই ফার্মাসিটিউক্যাল ফার্মের সঙ্গে অন্তত ১শ মিলিয়ন করোনা ভ্যাকসিন তৈরির চুক্তি করে রেখেছে সরকার।

অলক শর্মা জানিয়েছেন, ২০২১ সালের সামারের ভেতরে ইউকেতে করোনা ভ্যাকসিন ম্যানোফ্যাকচারিং সেন্টার খুলবে সরকার। সেখান থেকে ছয় মাসের ভেতরে ইউকের প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

এই ঘোষণা আসলো লকডাউন ঘোষণার পর থেকে আজ সবচেয়ে কম মৃত্যুর দিনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭০ জনের। যা গত ৮ সপ্তাহের মধ্যে কম। ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয় সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৩৪৬৩৬জন।

করোনার সময়ে যেভাবে ডেঙ্গু মোকাবেলা করছে সিঙ্গাপুর

0

চারদিকে আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস। এশিয়ার দেশ সিঙ্গাপুরেও ছড়িয়েছে এই মারণ ভাইরাস। করোনার এই মহামারির মধ্যেও শুরু হতে পারে ডেঙ্গুর প্রাদুর্ভাব। তাই ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে দেশটির সরকার। বিনামূল্যে মশা তাড়ানোর ওষুধ বিতরণ শুরু করেছে সিঙ্গাপুর।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দেশটিতে গতানুগতিক ডেঙ্গুর সময় আসার আগেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তারা এসময় প্রস্তুতি নিয়ে রাখছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে পারে এমন এলাকার মানুষদের মধ্যে তিন লাখ বোতল মশা তাড়ানো ওষুধ বিনামূল্যে বিতরণ করতে যাচ্ছে দেশটির পলিক্লিনিকস অ্যান্ড জেনারেল প্রাক্টিশনার (জিপি) ক্লিনিক। ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারেন এমন রোগীদেরও দেওয়া হচ্ছে এই ওষুধ।

সোমবার (১৮ মে) সিঙ্গাপুরের জাতীয় পরিবেশ সংস্থা (এনইএ) জানিয়েছে, যারা এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন তাদের নিয়মিত মশা নিরোধক প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এটি আশেপাশের অন্যদের সংক্রমণ থেকে বাঁচাতে এবং সংক্রমণ শৃঙ্খলা ভাঙতে সহায়তা করতে পারে। চলতি মাসেই ৩০ মিলির এই বোতলগুলো বিতরণ শেষ হবে।

গতানুগতিকভাবে দেশটিতে জুন থেকে অক্টোবর মাসে ভয়ঙ্কর রূপ ধারণ করে ডেঙ্গু। এবার ডেঙ্গু নিয়ন্ত্রণ রাখতে আগেই থেকেই মশক নিধন ওষুধ বিতরণ করতে যাচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ক্লিনিকগুলোর সঙ্গে এনইএ কাজ করেছে।

সিঙ্গাপুরের জাতীয় পরিবেশ সংস্থা বলছে, গত শনিবার সারা দেশে পাঁচশ ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ২০২০ সালের প্রথম চার মাসের মধ্যে এই সপ্তাহে সবচেয়ে বেশি। তাই ধারণা করা হচ্ছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।

এদিকে, ডেঙ্গু নিয়ন্ত্রণে এজেন্সিটি সম্মিলিতভাবে সম্প্রদায়ভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ডেঙ্গু মশার জন্ম নেওয়া সময়ে ঘরে বসে থাকা বাসিন্দাদের মশার নিরোধক স্প্রে করতে এবং তাদের বাসার প্রাঙ্গণে মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলোতে কীটনাশক স্প্রে করার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি বলছে, করোনার এই সময়ে বেশি মানুষ বাড়িতে থাকার কারণে আবাসন সংস্থাগুলোতে রোগ সংক্রমণের ঝুঁকি বেশি। বিশেষত যেসব অঞ্চলে এডিস মশার প্রজনন বেশি। যা ডেঙ্গু ভাইরাস ছড়ায় সেই মশার প্রাদুর্ভাব বেশি হতে পারে। এডিস মশার প্রজনন মৌসুম শুরু হওয়ার পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রয়েছে কি-না তা নিশ্চিত করার জন্য সংস্থাটি নির্মাণ সাইটগুলোতে অডিট বাড়িয়েছে।

দেশটির এক হাজার একশ ১৪টি নির্মাণ সাইটের পাশাপাশি অতিরিক্ত এবং পরিবর্তনের কাজের সাইটগুলোর মধ্যে অর্ধেকেরও বেশি জায়গায় অডিট করেছে। ডেঙ্গু প্রতিরোধের নিয়ম মেনে না চলায় চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, নির্মাণ সাইটগুলোর মধ্যে ৩১টির জন্য সমন জারি করেছে। দুটির কাজ বন্ধের আদেশ জারি করা হয়েছিল। একই অপরাধের জন্য দুজন ঠিকাদারকে আদালতে অভিযুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: স্ট্রেইট টাইমস।

জলদস্যুদের হামলার শিকার ব্রিটিশ জাহাজ

0

এডেন উপসাগরে একটি জাহাজ হামলার শিকার হয়েছে। ব্রিটিশ পতাকাধারী জাহাজটি কেমিক্যাল পণ্যবাহী ছিল। িসশস্ত্র জলদস্যুরা হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে ওই হামলা ব্যর্থ করে দেয়া হয়।

ট্যাংকার পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টল্ট ট্যাংকার এ কথা জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, গতকাল রোববার উপকূল থেকে ৭৫ নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা দুটি স্পিডবোট নিয়ে ব্রিটিশ জাহাজে হামলা চালায়। জলদস্যুদের মোকাবেলায় ব্রিটিশ জাহাজ থেকেও গুলি চালানো হয়। এতে জলদস্যুদের হামলা ব্যর্থ হয়।

জাহাজের সশস্ত্র রক্ষীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করার পর জলদস্যুরাও গুলি চালায়। পরে জাহাজ থেকে আরো গুলি চালালে জলদস্যুরা পালিয়ে যায়।

মুখপাত্র বলেন, জোটের জাহাজ থেকেও গুলি চালানো হয়েছে এবং স্টল ট্যাংকার যাত্রা অব্যাহত রাখে। তবে জোটের জাহাজ বলতে তিনি কোন জোটকে বুঝিয়েছেন তা পরিষ্কার নয়।

সূত্র : রয়টার্স, পার্সটুডে