Home Blog Page 2946

২৮ মের পর প্রণোদনা ভাতা পাবেন না ব্যাংকাররা

0

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটির সময় যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী স্ব শরীরে উপস্থিত থেকে অফিস করছেন তাদের জন্য বিশেষ প্রণোদনা ভাতা ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২৮ মের পর হতে এ প্রণোদনা ভাতা আর পাবেন না তাঁরা। তবে ২৯ মে হতে স্ব-শরীরে উপস্থিত কর্মকর্তা কর্মচারীরা ব্যাংকের নিজস্ব নীতিমালার আওতায় যাতায়াত ভাতা পাবেন। আজ রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, অর্থনীতি পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের ন্যায় ব্যংকিং কর্মকাণ্ড গতিশীল করার আবশ্যকতা পরিলক্ষিত হচ্ছে। সীমিত ব্যাংকিং কার্যক্রম ধীরে ধীরে প্রত্যাহারপূর্বক স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনর বিষয়ে এরইমধ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর প্রেক্ষিতে ব্যাংকগুলাকে তাদের ব্যাংকিং
কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ আবশ্যক হয়ে পড়েছে। তাই ২৮ মে এর পর হতে ব্যাংকারদের জন্য ব্যাংকে স্বশরীরে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ প্রণোদনা ভাতা প্রদান অব্যাহত রাখার আবশ্যকতা পরিলক্ষিত হয় না।

এর আগে গত ১২ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী যারা সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন ব্যাংকে স্বশরীরে গমণপূর্বক ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বা করছেন তারা বিশেষ প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন। সাধারণ ছুটিকালীন কর্মকর্তা-কর্মচারীগণ কমপক্ষে ১০ কার্যদিবস স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণমাস হিসেবে গণ্য হবে। তবে ১০ কার্যদিবসের কম স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে সে ক্ষেত্রে আনুপাতিক হারে উক্ত ভাতা প্রাপ্য হবেন। এ বিশেষ ভাতার পরিমাণ মাসিক সর্বনিম্ন ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ টাকা হবে।

ব্যাংকের স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এই সুবিধায় অন্তর্ভুক্ত হবেন। সাধারণ ছুটি ঘোষণার তারিখ থেকে ২ মাস এ সুবিধা কার্যকর থাকবে।

দোকান খোলা রাখায় দুই জুয়েলার্সকে বহিষ্কার করেছে বাজুস

0

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার জন্য দুই প্রতিষ্ঠানকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এগুলো হলো-ভাসাভী জুয়েলার্স ও পূরবী জুয়েলার্স। এ ছাড়া আরো ৩০টি সদস্য প্রতিষ্ঠানকে সতর্কতামূলক পত্র প্রেরণ করা হয়েছে। রবিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সম্প্রতি বাজুসের কার্যনির্বাহী কমিটি টেলিকনফারেন্সের মাধ্যমে জরুরি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এবং সংক্রমণ রোধে সরকারকে সহায়তা করার লক্ষ্যে ঈদুল ফিতর পর্যন্ত সকল জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখে ভাসাভী জুয়েলার্স ও পূরবী জুয়েলার্স।

বাজুস বলছে, প্রতিষ্ঠান দুটিকে সাময়িক বহিষ্কার করার আগে সংগঠনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সতকতামূলক পত্র দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও দোকান খোলা রেখে শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ কারণে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং একই সাথে কেন এই বহিষ্কারাদেশ স্থায়ী করা হবে না তা জানতে চেয়ে পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, বাজুসের সদস্য প্রতিষ্ঠান ভাসাভী জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা। আর পূরবী জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক জগন্নাথ ঘোষ।

আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ২২২ জন করোনা আক্রান্ত

0

সোমবার দুপুর পর্যন্ত পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাহিনীটির একজন উর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ২২২ জন সদস্য ও কর্মচারী করোনা আক্রান্ত হলেন।

এরমধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ১৯৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২৯ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ৯১ জন ব্যাটালিয়ন আনসার, ১২৫ জন অঙ্গীভূত আনসার, একজন মহিলা আনসার, একজন নাসিংসহকারী, একজন সিগন্যাল অপারেটর ও একজন ভিডিপি সদস্য।

সূত্রমতে, আক্রান্ত সদস্যদের মধ্যে ৭৭জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৯০জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সাথে কর্মরত রয়েছেন। এ ছাড়া বাকীদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায়কর্মরত রয়েছেন।

আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৫৭ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫৯জন সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

করোনাভাইরাসে এ পর্যন্ত বাহিনীর একজন সদস্য মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী সদস্যের নাম আব্দুল মজিদ পিসি অঙ্গীভূত আনসার, আইডি নং-১৩১৮৯, জেলা বগুড়া। মৃত্যুর পূর্বে মরহুম আব্দুল মজিদ গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন। গত ১১ মে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। এ

যাবৎ করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন সর্বমোট ১৯ জন। আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি,জি’র নানা উদ্যোগের ফলে করোনা আক্রান্ত আনসার সদস্যরা সুস্থ হয়ে উঠছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

করোনা দুর্যোগে নতুন দুর্ভোগ ‘আম্পান’

0

করোনাভাইরাস সংক্রমণের দুর্যোগ মহামারীর সঙ্গেই বঙ্গোপসাগারে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় ব্যস্ত হতে হয়েছে প্রশাসনকে। স্বাস্থ্যবিধি মেনে মানুষের চলাচল নিশ্চিত করার সঙ্গে এবার সিদ্ধান্ত নিতে হয়েছে সাইক্লোনসেল্টারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে র্দুগত মানুষদের আশ্রয় দেওয়ার। সেই কারণেই নির্ধারিত ৪৭৯টি সাইক্লোনসেল্টারের পাশাপাশি চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমি বিদ্যালয়গুলো খুলে দিতে বলা হয়েছে। এসব সাইক্লোনসেল্টারে দুর্গত মানুষদের অবস্থান করতে হবে স্বাস্থ্যবিধি মেনে, দূরত্ব বজায় রেখে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, দিক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এটি আরো শক্তিশালী হয়ে এবং দিক পরিবর্তন করে মঙ্গলবার বাংলাদেশের খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে। এই কারণে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এই বিষয়ে জেলা প্রশাসন মোহাম্মদ ইলিয়াস হোসেন জানিয়েছেন, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় জেলা প্রশাসন সভা করে প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমান করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রেখে সাইক্লোনসেল্টারগুলোতে অবস্থান করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এটা নিশ্চিত করতেই হবে। না হলে করোনা আরো বেশি ছড়াতে পারে। এই কারণে নির্ধারিত সাইক্লোনসেল্টারগুলোর পাশাপাশি স্কুলগুলোকেও সাইক্লোনসেল্টারে পরিণত করার সিদ্ধান্ত হয়েছে।

সভার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, জেলা প্রশাসন করোনাভাইরাসের সংক্রমন ঠেকিয়ে সাইক্লোনসেল্টারগুলোতে আশ্রয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাছে এক হাজার মে.টন চাল, ৫০ লাখ টাকা ও ২০ হাজার প্যাকেট শুকনো খাবারসহ আনুসাঙ্গিক জিনিসপত্র চেয়ে চিঠি পাঠিায়েছে জেলা প্রশাসন।

এ ছাড়াও সিভিল সার্জনের তত্ত্বাবধানে মেডিক্যাল টিম প্রস্তুতি, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অধীনে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় মজুদ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত থাকা, কৃষি, বিদ্যুৎসহ সেবাখাতের সংশ্লিষ্টদের সেবা কার্যক্রম সচল রাখা এবং এলাকায় মাইকিং করে নিরাপদ আশ্রয়ে চলে আসার প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়।

গণ পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, গণ পরিষদের সাবেক সদস্য এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে আজ সকালে তার চট্টগ্রামের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

আম্ফান মোকাবেলায় ৫১ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়ার উদ্যোগ

0

ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট উপকূলীয় এলাকাকার ৫১ লাখ ৯০ হাজার ৪২ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ১৯ টি জেলায় ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই উপকূলীয় এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রগুলোতে আনা শুরু হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট জাতীয় দুর্যোগ সমন্বয় সাড়াদান কেন্দ্রের (এনডিআরসিসি) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থানা ও ত্রণা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সভায় দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় মানুষের জন্য তিন হাজার ১০০ টন চাল, নগদ ৫০ লাখ টাকা, শিশুখাদ্যের জন্য ৩১ লাখ টাকা, পশু খাদ্যের জন্য ২৮ লাখ টাকা এবং ৪২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ ঘোষণা করা হয়।

সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, এর আগে ঘূর্ণিঝড় ফনিতে ১৮ লাখ এবং বুলবুলের সময় ২৩ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছিল।

তিনি জানান, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকরা মানুষকে সতর্কতামূলক মাইকিং শুরু করেছেন। আশ্রয়কেন্দ্রে নেয়ার ক্ষেত্রে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের অগ্রাধিকার দেয়া হবে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে বলা হয়েছে-ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের প্রয়োজনীয় নিরাপত্তা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় আম্ফান দেশের উপকূলীয় এলাকায় আঘান হানতে পারে। সোমবার বিকালে ঘুর্ণিঝড়টি দেশের উপকূল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছিল। সোমবার বিকাল পর্যন্ত মংলা ও খুলনা সমুদ্র বন্দর এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেয় আবহাওয়া অফিস। কক্সবাজার ও চট্রগ্রাম এলাকায় ৬ নম্বর সংকেত দেখানো হয়। সংশ্লিষ্ট এলাকার মাছধরা ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

মালদ্বীপ থেকে ফিরল ৭০ প্রবাসী

0

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে মালদ্বীপে কর্মহীন ৭০ জন প্রবাসী বাংলদেশী নাগরিককে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান রবিবার দেশে ফিরেছে। বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর এম এ আওয়াল হোসেন, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাসের কারণে কর্মহীন ৭০ জন প্রবাসী বাংলাদেশি নাগরিককে মালদ্বীপ থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

এসকল প্রবাসী বাংলাদেশীরা মালদ্বীপে বৈধভাবে বসবাস করে আসছিলেন। প্রবাসী বাংলাদেশীদের অনুরোধে ও মালদ্বীপ সরকারের আন্তরিকতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মালদ্বীপে বসবাসরত এসব প্রবাসী বাংলাদেশি যারা নভেল করোনাভাইরাসে আক্রান্ত নয়, তাদেরকে যথাযথ মেডিক্যাল চেক-আপের মাধ্যমে সুনিশ্চিত করার পর দেশে ফেরত আনা হয়। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে শুভেচ্ছা সামগ্রী ও মালদ্বীপে কর্মরত ১১ জন বাংলাদেশি ডাক্তারদের জরুরি ভিত্তিতে কর্মস্থলে প্রেরণের লক্ষ্যে শনিবার মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান ঢাকা ত্যাগ করেছিল।

ডিএমপির মিডিয়া শাখার নতুন ডিসি ওয়ালিদ

0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে নতুন উপ-কমিশনার (ডিসি) পদায়ন করা হয়েছে। পদায়ন করা নতুন ডিসি ওয়ালিদ হোসেন আগে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত ছিলেন।

আজ সোমবার (১৮ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ওয়ালিদকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

একই আদেশে ডিএমপিতে সদ্য যোগদান করা নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রঙ্গত গত ১৪ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদকে সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়।

একই আদেশে, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) পদে, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাবেক এসপি হারুন অর রশীদকে পুলিশ সদর দপ্তরের টিআর শাখা থেকে ডিএমপিতে, ফরিদপুর জেলার এসপি মো. আলিমুজ্জামানকে মেহেরপুর জেলার এসপি ও মেহেরপুর জেলার এসপি এস এম মুরাদ আলিকে ফরিদপুর জেলার এসপি হিসেবে বদলি করা হয়।

করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬০২

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৩৪৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৬০২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৮৭০।
আজ সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

‘জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে’

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান করোনা সংকটে বিএনপি নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না। করোনা সংকটে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন ও জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে।
আজ সোমবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, ঈদ সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে চলে যাচ্ছেন। এ ছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটের অতিরিক্ত সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ সময় সকলকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করছি। সামান্যতম উপেক্ষা নিজের এবং আশপাশের মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের শুরু থেকে অসহায় ও গরীব মানুষের পাশে আছে। আমি নেতাকর্মীদের আসন্ন ঈদে কর্মহীন, বেকার ও ভাসমান মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
সমাজের ধনী ও বিত্তবানদের তিনি বলেন, সরকারি সহায়তার পাশাপাশি অসহায় কর্মহীন মানুষের পাশে সবার আগে ছুটে গেছে আওয়ামী লীগ। চালিয়ে যাচ্ছে নানামুখী সহায়তা। আমি এ সময় সরকারি উদ্যোগের পাশাপাশি বিত্তবান ও সামর্থ্যবানদের কর্মহীন অসহায় ও প্রবাসি পরিবারগুলোর পাশে দাঁড়ানো অনুরোধ জানাচ্ছি।
মন্ত্রী বলেন, করোনা যুদ্ধে ফ্রন্টলাইনে যারা লড়াই করছেন, তাদের উদ্দেশে বলতে চাই আপনারা কোনো অবস্থাতেই মনোবল ও ধৈর্য হারাবেন না। এ সময় আপনারা যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন সে জন্য দেশবাসীর আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা হতাশ হবেন না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাযুদ্ধে জয়ী হব।
ওবায়দুল কাদের বলেন, সংকটের পরীক্ষিত নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি আপনারা আস্থা রাখুন। সকলের সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে। সংকটের রাত যত গভীর হবে সম্ভাবনার সুবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে।