Home Blog Page 2947

ঘূর্ণিঝড় আম্ফান : মঙ্গলবার বিকাল থেকে মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া শুরু

0

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্ফান’ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসায় মঙ্গলবার বিকাল থেকে উপকূলের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করবে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল আজ সোমবার দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি মঙ্গলবার শেষরাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা মঙ্গলবার বিকাল থেকে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করব।
স্থানীয় প্রশাসন ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করেছে জানিয়ে শাহ কামাল বলেন, গর্ভবর্তী নারী, মহিলা, প্রতিবন্ধী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। এর পর অন্যদের নেওয়া হবে। ইফতারের পর থেকে পুরুষদের নেওয়া হবে। তাদের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হবে।
কোভিড-১৯ মহামারির মধ্যে এই ঘূর্ণিঝড়ের বিপদ আসায় স্বাস্থ্য বিধি মেনে লোকজনকে আশ্রয়কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হবে বলে জানান ত্রাণ সচিব।
তিনি বলেন, একেকটি পরিবারের সদস্যরা যাতে একসাথে থাকতে পারে সেই ব্যবস্থা করা হবে। সরকারের ৫ হাজার আশ্রয় কেন্দ্রে ২১ লাখের মত মানুষকে রাখা যায়। এখন আমরা ওইসব এলাকার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিয়েছি। ফলে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সবাইকে আশ্রয়কেন্দ্রে রাখতে কোনো সমস্যা হবে না।
আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করে সোমবার বিকাল ৫টার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সচিব শাহ কামাল।
এদিকে এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (১৮ মে) সকাল ৬টায় বিশেষ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্ফান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এটি আজ (১৮ মে) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে (মঙ্গলবার) শেষরাত থেকে ২০ মে (বুধবার) বিকেল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে, মৃত ৮৭৩

0

পাকিস্তানে হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৫১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪০ জন। মোট মৃত্যুর সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা সিন্ধু প্রদেশে, সেখানে ১৫ হাজার ৫৯০ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। দ্বিতীয় অবস্থানে আছে পাঞ্জাব প্রদেশ, সেখানে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫৮৪ জন। এছাড়াও খাইবার পাখতুন খাওয়া প্রদেশে ৫ হাজার ৮৪৭ জন, বেলুচিস্তানে ২ হাজার ৫৪৪ জন, ইসলামাবাদে ৯৪৭ জন, গিলগিট বাল্টিস্তানে ৫২৭ জন এবং আজাদ কাশ্মীরে ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যে হারে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন সে দেশের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানে এখন পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৪১০ জনকে করোনা টেস্ট করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৩৪১ জন রোগী সুস্থ হয়েছে।

এমন ভীতিকর পরিস্থিতিতেও লকডাউন তুলে নেওয়ার মত হটকারি সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। অর্থনীতি বাঁচাতেই তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ইমরান। তবে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সূত্র- দ্য হিন্দু।

দায়িত্বের প্রথম দিনেই শীর্ষ দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

দায়িত্বগ্রহণের পরে অফিসের প্রথম দিন রবিবার দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন, ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। এ দু’জনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’

তবে ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান বলেন, ‘ওনাদের দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন মোতাবেক করপোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে।’

এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান।

আইইডিসিআরকে ২৫ হাজার কিট দিল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)কে ২৫০০০ করোনাভাইরাস শনাক্তের কিট গত বৃহস্পতিবার (১৪ মে) হস্তান্তর করা হয়েছে। আইইডিসিআর-এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. শারমিন সুলতানা এ কিটগুলো গ্রহণ করেছেন।

আজ রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ফ্রন্ট লাইনে যারা সেবা দিচ্ছেন এমন সদস্য ডাক্তার, নার্স, পুলিশকে সারা দেশে ৪০ হাজার পার্সোনাল প্রকেটশন ইকুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশের জনগণকে এ ধরনের আরো সহযোগিতা করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে

ভারত ও মধ্যপ্রাচ্য প্রবাসীদের দ্রুত ফেরত আনার সুপারিশ

0

করোনা পরিস্থিতিতে ভারত ও মধ্যপ্রাচ্যে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আজ রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান সাংবাদিকদের জানান, বিদেশে আটকে পড়া প্রবাসীদের দ্রুত দেশে ফেরত আনা হচ্ছে। সরকার আটকে থাকা প্রবাসীদের ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে। প্রবাসীরা নিজ খরচেই দেশে ফিরছেন। তারা দেশে ফেরত এলে তাদের পুর্নবাসনে কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, প্রবাস থেকে আমরাই প্রথম আমাদের দেশের প্রবাসীকে এনেছিলাম। চীনের উহান থেকে ৩২২ জনকে আমরাই দেশে নিয়ে আসি। এ ছাড়া আমরাই প্রথম করোনা আক্রান্ত চীনকে মেডিক্যাল সামগ্রী উপহার পাঠাই। মাস্ক, পিপিইসহ অন্যান্য সামগ্রী পাঠিয়েছি। সরকারের এ সকল পদক্ষেপের প্রশংসা করেছে কমিটি।

কমিটি সূত্র জানায়, বৈঠকে করোনা মহামারিকালে পররাষ্ট্র যে সকল সেবা প্রদান করেছে এবং বাংলাদেশ কি সাহায্য দিয়েছে ও কি সাহায্য পেয়েছে, তা উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা বিষয়ক সেলের প্রধান ড. খলিলুর রহমান। তিনি বিদেশিদের ফেরত পাঠানো ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের কথা তুলে ধরেন। বিষয়টি নিয়ে আলোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম প্রতি সপ্তাহে একদিন ব্রিফিংয়ে করে সকল তথ্য জানানোর সুপারিশ করা হয়।

এ ছাড়া বৈঠকে জাপান ও রুমানিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দীন আহমেদ ও দাউদ আলী উপস্থিত হয়ে তাদের কর্ম পরিকল্পনা তুলে ধরেন। কমিটির পক্ষ থেকে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে সে দেশের চাহিদা নিরুপন করে বাংলাদেশকে জানানোর এবং সে আলোকে রুপরেখা প্রণয়ন করে একটি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

২৪ ঘণ্টায় ঢামেকে করোনা ইউনিটে এক নারীসহ ৮ জনের মৃত্যু

0

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালের করোনা ইউনিটে নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার বিকাল থেকে আজ রবিবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ৮ জনের মৃত্যু হলো। এদের মধ্যে দুইজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

হাসপাতাল সূত্র জানায়, মৃত ব্যক্তিরা হলেন রাজধানীর কোতয়ালীর বাসিন্দা দীলিপ ঘোষ (৬০), যাত্রাবাড়ী এলাকার সায়েম খন্দকার (৪২)। এই দুজন করোনা পজেটিভ ছিলেন। এছাড়াও মারা যান, যাত্রাবাড়ীর জীবন (৫০), নারায়নগঞ্জের রুবী (১৬), বংশালের পারভীন (৬০), রাজবাড়ীর রিয়াজ শেখ (২৫), ঢাকার মোতালেব (৫৫) ও নারায়নগঞ্জের আব্দুল করিম (৯৫)।

করোনা সন্দেহে কেউ এগিয়ে আসেনি , নিজেই ভ্যান চালিয়ে লাশ থানায় নিলেন পুলিশ কনস্টেবল “

0

এক পথচারীর মৃত্যুর পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সন্দেহে কেউ এগিয়ে আসেনি। পরে সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য এগিয়ে আসেন। শুধু তাই নয়, তিনি নিজে ভ্যান চালিয়ে নিহতের লাশ থানায় নিয়ে যান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার পুলিশ কনস্টেবল রুবেল মিয়া জানান, রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকায় ডিউটি করছিলাম, এমন সময় একজন বয়স্ক লোককে (৬০) রাস্তায় পড়ে থাকতে দেখে সামনে এগিয়ে যাই। কাছে গিয়ে দেখতে পাই লোকটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সন্দেহে কেউ লাশের পাশে আসেনি। পরে লোকটিকে থানায় নিয়ে যাওয়ার জন্য আমরা গাড়ি খুঁজতে থাকি। রাত বেশি হওয়ায় কোনো গাড়ি না পেয়ে একজন ভ্যানচালককে লাশটি থানায় নেয়ার অনুরোধ করলে তিনি আমাদের তার গাড়িতে লাশ না তুলতে হাতে-পায়ে ধরেন। পরে তার অনুরোধ উপেক্ষা করে আমরা লাশটি তার গাড়িতে তুললে সে লাশটি বহনে অস্বীকৃতি জানায়, পরে আমি নিজে তার ভ্যানটি চালিয়ে লাশ থানায় নিয়ে যাই।

তিনি আরও জানান, নিহত লোকটির পরিচয় পাওয়া যায়নি। লোকটির পরনে ছিল সাদা রঙের হাফ শার্ট ও লুঙ্গি এবং মাথায় ছিল সাদা রঙের টুপি।

গাছা থানা পুলিশের ওসি মো. ইসমাইল হোসেন জানান, নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপকূলীয় জেলার সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার নির্দেশ

0

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে। উপকূলীয় জেলা সমূহের সাইক্লোন শেল্টার সমূহ প্রস্তুত রাখার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসকগণকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আজ রবিবার ঢাকায় সচিবালয়ে আয়োজিত ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সরকারের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন, আবহাওয়া অধিদপ্তরের পর্যালোচনা অনুযায়ী যদি ঘূর্ণিঝড় আম্পান তার গতি ও দিক পরিবর্তন না করে তাহলে আগামী ১৯ মে দিবাগত রাতে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানতে পারে।

উপস্থিত একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয় কেন্দ্রসমূহে যেন মানুষজনকে আশ্রয়ের ব্যবস্থা করা যায় সে লক্ষ্যে এবার আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপকূলীয় জেলা সমূহের জেলা প্রশাসকগণ কে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আশ্রয় কেন্দ্রে অবস্থানকালে যাতে খাবারের অভাব না হয় সেজন্য প্রয়োজনীয় শুকনো খাবার এবং গো-খাদ্যের ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনে আরো বরাদ্দ দেয়া হবে। দুর্যোগকালীন বিদ্যুৎ না থাকলে তার বিকল্প ব্যবস্থা করে রাখার জন্য জেলা প্রশাসন সমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও করণীয় বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং উপকূলীয় জেলার ডিসিদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন।

বিএসইসির নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত

0

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে আগামী চার বছরের জন্য দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আজ রবিবার অর্থমন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করতে শিবলী রুবাইয়াতকে চার বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো।

গত ১৪ মে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হয়। আর তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত।

সেবার ব্রত নিয়ে স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশ মেয়র তাপসের

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সেবার ব্রত নিয়ে সবাইকে স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, গর্বের, আস্থার ও মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

আজ রবিবার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

দক্ষিণ সিটি করপোরেশনকে একটি দুর্নীতিমুক্ত, গর্বের অবস্থায় এবং মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান এমন করে নিজের অভিমত ব্যক্ত করেন তিনি। এ জন্য দুর্নীতি বন্ধে এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত করা হবে না বলে কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের কোনো কিছু নজরে আসার সাথে সাথেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না। এজন্য যদি কাউকে বিদায় দিতে হয় তাতেও তিনি পিছুপা হবো না।

সভার শুরুতেই তাপস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেলখানায় নিহত জাতীয় চার নেতাসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন।