Home Blog Page 2949

ইতালিতে ৬ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার আইন পাস

0

প্রাণঘাতি করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে বৈধতা পেতে যাচ্ছেন ৬ লাখ অবৈধ অভিবাসী। গত ১৮ এপ্রিল এমন ইঙ্গিত দেয় দেশটির কর্তৃপক্ষ।

নানা আলোচনার মধ্য দিয়ে বুধবার (১৩ মে) সন্ধ্যায় চূড়ান্তভাবে পাস হলো অবৈধ অধিবাসীদের বৈধকরণ অধ্যাদেশ। এ উদ্যোগে করোনায় বিপর্যস্ত দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের মুখে হাসি ফুটিয়েছে।

সহজ শর্তসাপেক্ষে বৈধকরণের এই প্রক্রিয়া ইতালিতে খুলছে দুইটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে। প্রথমত যারা চলতি বছরের ৮ মার্চের আগে থেকে কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডোমেস্টিক কাজে নিয়োজিত ছিলেন তাঁরাই বৈধ হবার সুযোগ পাবেন।

ইতালিতে অবৈধদের কথা বিবেচনা করে ৫৫ বিলিয়ন ইউরোর একটি ডিগ্রি চূড়ান্ত হয় গত ১৩ মে। এই ডিগ্রিতে বলা হয়েছে যারা সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি নিয়ে বাসায় আছেন তাদের মূল আয়ের শতকরা ৮৫ ভাগ অর্থ প্রদান করা হবে। বেবি সিটারের একটি বোনাস দেওয়া হবে, বেকারদেরকে বিশেষ তহবিলের আওতায় অর্থ প্রদান করা হবে। এরকম অনেকগুলো সেক্টর নির্ধারণ করে এই ঘোষণা করা হয়।

এর সাথে ইমিগ্রেশন বিষয়টিও জড়িত। সেক্ষেত্রে করোনাভাইরাসের কারণে ইতালীতে অবৈধ অভিবাসীরা বৈধতা পাচ্ছে। যদিও এটি আরও তিন, চার মাস পূর্বে আলোচনায় ছিল বিষয়টি।

তবে শুধুমাত্র দুটি ক্যাটাগরিতে এই বৈধতা দেবার কারণে অনেক বাংলাদেশী এই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা রয়েছে। কৃষিকাজ এবং বাসাবাড়ির কাজ ও প্রবীণদের (কল্ফ ও বাদান্তে) দেখাশোনার কাজে নিয়োজিত অবৈধ অভিবাসীরাই এ সুযোগ পাবে। দেশটির কৃষিমন্ত্রী বলেছেন, এই ২ সেক্টরের বাইরে এই মুহূর্তে আমাদের বিবেচনায় অন্য কিছু নেই-মৌসুমী কাজের ভিসা নিয়ে আসা প্রায় ২ লাখ প্রবাসী শ্রমিক এখানে অবৈধ হয়ে পড়ে। করোনাভাইরাসের কারণে কৃষিখাতে শ্রমিক সংকট দেখা দেয়।

আগামী ১ জুন থেকে ১৫ই জুলাইয়ের মধ্যে অবৈধ অভিবাসীরা বৈধতার জন্য আবেদন করে পারবেন। তবে চলতি বছরের ৮ মার্চের আগে থেকে যাঁরা কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডোমেস্টিক কাজ করছেন তাঁদের মালিকরা নিজ শ্রমিকের জন্য আবেদন করবেন। কাজের মালিক ছাড়াও শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন যাঁদের স্টে পারমিট ২০১৯ সালের ৩১ অক্টোবরের পর নবায়ন হয়নি। এই দুই ক্যাটাগরি ছাড়া বৈধতার ভিন্ন কোন সুযোগ অধ্যাদেশে নেই।

এক্ষেত্রে কাজের মালিকরা উপযুক্ত প্রমাণসহ সরকারি ট্যাক্স ৪০০ ইউরো জমা দিয়ে ১ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। কাজের কন্ট্রাক্ট যতদিনের করা হবে ঠিক ততো সময়ের জন্যই সংশ্লিষ্ট শ্রমিককে স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) দেয়া হবে। প্রধানমন্ত্রী প্রফেসর জুসেপ্পে কন্তে’র ক্যাবিনেটে অনুমোদনের জন্য অধ্যাদেশ এভাবেই চূড়ান্ত হয়েছে।

অধ্যাদেশ মোতাবেক কাজের কন্ট্রাক্ট বা মালিক ছাড়াও আরেক বিশেষ ক্যাটাগরিতে অবৈধ অধিবাসীরা ইতালিতে এ যাত্রায় বৈধতার আবেদনপত্র জমা দিতে পারবেন মাত্র ১৬০ ইউরোর খরচে। যাদের স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ২০১৯ সালের ৩১ অক্টোবরের আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই ক্যাটাগরিতে শুধুমাত্র তাঁরাই কাজ খুঁজে নেয়ার জন্য ৬ মাসের বিশেষ স্টে পারমিট পাবেন। কাজ খুঁজে পেলে তা পরিবর্তন করে নেয়া যাবে নর্মাল স্টে পারমিট হিসেবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডমেস্টিক কাজে যোগদান সাপেক্ষেই স্টে পারমিট পরিবর্তন করা যাবে।

সর্বশেষ ২০১২ সালে ইতালি অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়। দীর্ঘ ৮ বছর পর ইতালি সরকারের এই সিদ্ধান্তে অবৈধ অভিবাসীদের মুখে হাসি ফুটিয়েছে। তবে দালালদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।

৩১ দেশের মানুষ তুরস্ক যেতে পারবে চিকিৎসার জন্য

0

করোনা সংক্রমণ ও মৃত্যু দুই কমে এসেছে তুরস্কে। তাই ক্রমান্বয়ে দেশটি অর্থনীতিও খুলে দেয়ার উদ্যোগ নিয়েছে। প্রথম অবস্থায স্বাস্থ্য পর্যটন খুলে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বিদেশি যারা চিকিৎসার জন্য আসবেন তাদের আইসোলেশনসহ বেশকিছু নিয়ম নীতি মেনেই আসতে হবে। যেমন একজন রোগী সঙ্গে সর্বোচ্চ দুইজন নিয়ে আসতে পারবেন। তাদের কভিড-১৯ পরীক্ষার মধ্যদিয়েই দেশটিতে প্রবেশ করতে হবে।

যদি নিজ দেশে পরীক্ষা করার সুযোগ থাকে, তাহলে রোগী ও তার সেবকরা নিজ দেশেই কভিড-১৯ পরীক্ষা করে ৪৮ ঘন্টা আগের রিপোর্ট নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে যাদের কভিড-১৯ নেগেটিভি আসবে তাদের কেবল দেশটিতে ঢুকতে দেয়া হবে। আগেই হাসপাতাল বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। দেশটিতে প্রবেশ করার পর রোগী এবং তার সেবকরা সরাসরি হাসপাতালে যাবেন। অন্য কোথাও যেতে পারবেন না। সেখানেই তাদের থাকার ব্যবস্থা হবে।

বলা হয়, ৩১ দেশের রোগীরা ২০ মে থেকে তুরস্কে স্বাস্থ্যসেবা গ্রহণে যেতে পারবেন। দেশগুলোর মধ্যে রয়েছে- ইরাক, লিবিয়া, আজারবাইজান, জর্জিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখাস্তান, গ্রিস, ইউক্রেন, রাশিয়া, জিবুতি, আলজেরিয়া, কসোভো, মেসেডোনিয়া, আলবেনিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, রোমানিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, মলদোভা, সোমালিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জার্মানি, যুক্তরাজ্য, নেদাল্যান্ডস, পাকিস্তান, কিরগিস্তান এবং তার্কিস রিপাবলিক অব নর্দান সাইপ্রাস।

সাম্প্রতিক স্বাস্থ্য পর্যটনে আকর্ষনীয় হয়ে উঠেছে তুরস্ক। ২০১৮ সালে দেশটিতে ১০ লাখ বিদেশি যায় চিকিৎসার জন্য।

সূত্র: ডেইলি সাবাহ

নির্দেশনা না মানায় আজ থেকে সাভারের মার্কেট বন্ধ

0

সামাজিক দূরত্ব ও সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে শপিং মল ও মার্কেটের দোকান পরিচালনা না করায় আজ রবিবার থেকে ফের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ মে) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান জুমন। এ সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, শপিং মল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
জনসাধারণের ১০ মে মার্কেট ও শপিং মল খুলে দেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন মার্কেট ও শপিং মলসহ পরিদর্শন করে উপজেলা প্রশাসন দেখতে পায় সেখানে ক্রেতা-বিক্রেতারা সরকারি শর্ত মেনে চলার বিষয়ে অবহেলা করছে। যা সবার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুনরায় মার্কেট ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ইউএনও পারভেজুর রহমান বলেন, সরকারি স্বাস্থ্যবিধি না মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় সাভারবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুর ঝুঁকি বৃদ্ধির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে ১৭ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

লকডাউন শিথিল, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে ইতালি

0

ইতালিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ২৩ হাজার আটশ ৮৫ জন এবং প্রাণহানি ঘটেছে অন্তত ৩১ হাজার ছয়শ ১০ জনের। বর্তমানে সে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন।

বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকায় লকডাউন শিথিল করে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যাতায়াত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইতালি।

জানা গেছে, ৩ জুন থেকে লকডাউন খুলে গিয়ে চলাচল স্বাভাবিক হবে। তবে করোনা সংক্রমণ যেন আবারো ফিরে না আসে সেজন্য শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো আরো দীর্ঘদিন সবাইকে মানতে হবে।

আজ শনিবার সে দেশের প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে একটি আদেশে স্বাক্ষর করেছেন। এতে করে আজ থেকেই সে দেশের নাগরিকরা দেশের অভ্যন্তরে সীমিত পরিসরে চলাচল করতে পারবেন।

এর আগে চলতি বছরের মার্চের শুরুর দিকে লকডাউন ঘোষণা করে ইউরোপের এই দেশ। সে দেশে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন গুরুতর অবস্থায় যাওয়ার আগে করোনায় বারবার উচ্চারিত হচ্ছিল ইতালির নাম। কিন্তু ধীরে ধীরে সে দেশে সংক্রমিত হওয়ার হার কমেছে। সে কারণে ৪ মে থেকেই লকডাউন কিছুটা শিথিল হয়েছে।

সূত্র : স্কাই নিউজ

সংগীতজ্ঞ আজাদ রহমানের মৃত্যুতে স্পিকারের শোক

0

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ শনিবার এক শোকবার্তায় তিনি আজাদ রহমানের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’সহ বহু জনপ্রিয় গানে সুর দিয়েছেন বরেণ্য সংগীতজ্ঞ আজাদ রহমান।

এ ছাড়া আজাদ রহমানের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সেলুনে না গিয়ে বাসায় মাথা ন্যাড়া করলেন পলক

0

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মাথা ন্যাড়া করে দিয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা। এ ছাড়া এ তালিকায় মন্ত্রীর ছেলেও রয়েছে। করোনাভাইরাসের কারণে সেলুনে যাওয়া থেকে বিরত থাকার জন্যই মাথা ন্যাড়া করেছেন তিনি।

এ বিষয়ে শনিবার মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ঘরে থাকতে সবারই কষ্ট হচ্ছে! অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি! তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে মাথার চুল বড় হয়ে যাওয়া! সমস্যার সমাধান কী হতে পারে? সমাধানে সহযোগিতা করলো আমার প্রিয়তমা স্ত্রী কনিকা! আর আমার সঙ্গী হলো আমার ছোট ছেলে অনির্বাণ!

উপসর্গ নিয়ে মারা যাওয়া সিএমপি সদস্যের করোনা পজিটিভ

0

করোনাভাইরাসের সংক্রমণে শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগের কনস্টেবল নঈমুল হক (৩৮)। গতকাল শুক্রবার সকালে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকার পর চট্টগ্রামে কনস্টেবল নঈমুল হকের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের আটজন সদস্য এই পর্যন্ত করোনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ হয়েছিল। শনিবার রাতে রিপোর্টে নঈমুলের করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। এর মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যায়, নঈমুল করোনাআক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক। কালের কণ্ঠকে তিনি বলেন, শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনস্টেবল নঈমুলের নমুনা পরীক্ষার ফলাফল শনিবার রাতে পাওয়া গেছে। তার শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

তিনি বলেন, ৩৮ বছর বয়স্ক নঈমুল শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরদিন শুক্রবার সাড়ে ১১টায় তিনি মারা যান। পরে শুক্রবার রাত সাড়ে ৯টায় দামপাড়াস্থ পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে মরদেহ দাফনের জন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় পৌঁছে দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশ সদস্যদের মধ্যে নঈমুল প্রথম করোনার শিকার হলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। তিনি বলেন, কনস্টেবল নঈমুল হকের মহান আত্মত্যাগ চট্টগ্রাম মহানগর পুলিশসহ বাংলাদেশের পুলিশের প্রতিটি সদস্যকে আরো শক্তিশালী করবে এবং করোনাযুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

করোনা প্রতিরোধক ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন

0

দেশের সকল আদালতে ঢোকা ও বের হবার রাস্তায় করোনাভাইরাস প্রতিরোধে থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক চেম্বার, পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারসহ জীবাণুনাশক উপকরণ রাখার ব্যবস্থা করতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের দু’জন আইনজীবী।

আজ শনিবার ই-মেইলের মাধ্যমে এ আবেদন করেছেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার।

আবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আরো কয়েকবছর দীর্ঘস্থায়ী হতে পারে করোনাভাইরাস। আবেদনে বলা হয়, সারা দেশে আদালতগুলোতে প্রতিদিন বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট ৬/৭ লাখ লোকের সমাগম হয়। এ ছাড়া হাজার হাজার বিচারক, আইনজীবী, আদালত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাই এই ভাইরাস প্রতিরোধের জন্য আদালত অঙ্গণে প্রবেশ ও আদালত থেকে বের হবার পথে প্রয়োজনীয় উপকরণসহ ব্যবস্থা থাকা প্রয়োজন। অন্যথায় আদালত অঙ্গণে এই ভাইরাসের সংক্রমণ বেড়ে যাবে।

সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক এবং কণ্ঠশিল্পী আজাদ রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা এক শোকবার্তায় সংগীতাঙ্গনে তার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, আজাদ রহমানের মৃত্যুতে সংগীত জগতে এক শূন্যতার সৃষ্টি হলো।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১০ হাজার মানুষকে ঈদ উপহার দিচ্ছেন আইনমন্ত্রী

0

আইনমন্ত্রী আনিসুল হক ব্যক্তিগত অর্থে নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় ১০ হাজার মানুষকে ঈদ উপহার হিসেবে কাপড় দিচ্ছেন।

শনিবার কসবার বায়েক ও বিনা উটি ইউনিয়নে উপহার বিতরণ করা হয়। এর আগে শুক্রবার বিকালে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নে বিতরণের কাজ শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইনমন্ত্রীর পক্ষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে এসব ঈদ উপহার বিতরণ করছেন।

ঈদ উপলক্ষে আইনমন্ত্রী শাড়ি, লুঙ্গিসহ অন্যান্য পোশাক বিতরণ করছেন। প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে এসব পোশাক ইতোমধ্যে কেনা হয়েছে। কসবা উপজেলায় ২৪ লাখ ৬০ হাজার টাকার এবং আখাউড়া উপজেলায় ১৬ লাখ ৪০ হাজার টাকার পোশাক বিতরণ করা হবে।

এদিকে, করোনা পরিস্থিতিতে শুরু থেকেই নিজ এলাকার কর্মহীন ও অভাবগ্রস্ত মানুষের পাশে আছেন আনিসুল হক। ইতোমধ্যে তিনি ব্যক্তিগত টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এছাড়া সরকারিভাবেও যথেষ্ট পরিমাণে খাদ্যসহায়তা বরাদ্দ করিয়েছেন।

ব্যক্তিগত অর্থায়নে তিনি সবজি বীজ দিয়েছেন কৃষকদের। তার কাছে ফোন করলে কিংবা ম্যাসেজ পাঠালেও খাদ্যসহায়তা পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।