Home Blog Page 2950

চাল উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে বাংলাদেশ

0

করোনা আতঙ্কে পৃথিবীর মানুষ যখন ঘরবন্দি, তখন খাদ্যসংকটের আরেক আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য স্বস্তির খবর হয়ে উঠেছে রেকর্ড পরিমাণ বোরো ধান উৎপাদনের ঘটনা। গম, ভুট্টা, আলুসহ অন্যান্য খাদ্যপণ্যের উৎপাদনও এ বছর আগের চেয়ে ভালো।

করোনায় শিল্পকারখানার উৎপাদন স্থবির হয়ে পড়লেও কৃষিই এখন দেশের মানুষের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। চাল উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি এসেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সংস্থা মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) পক্ষ থেকে।

বলা হয়, কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে চাল উৎপাদন বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়াকে টপকে চাল উৎপাদনে তৃতীয় বৃহত্তম দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। মার্কিন কৃষি বিভাগের পূর্বাভাস বলছে, চলতি অর্থবছরে (২০১৯-২০) উৎপাদন ৩ কোটি ৬০ লাখ টন ছাড়িয়ে যাবে। এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ চাল উৎপাদনকারী হতে যাচ্ছে বাংলাদেশ।

এত দিন ধরে চীন ও ভারতের পর তৃতীয় স্থানটি ছিল ইন্দোনেশিয়ার। তবে এবার ইন্দোনেশিয়াকে সরিয়ে সে অবস্থানে উঠে আসছে বাংলাদেশ। চলতি অর্থবছরে আমন মৌসুমে রেকর্ড উৎপাদন হয়েছে। আবার গত আউশ মৌসুমেও চালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ চলতি বোরো মৌসুমে সাড়ে ৪ লাখ টন বাড়তে পারে চালের উৎপাদন। তিন মৌসুমে উৎপাদন বৃদ্ধির সম্মিলিত ফলই বাংলাদেশ শীর্ষ তিনে চলে আসার মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাল উৎপাদনে বাংলাদেশের তৃতীয় স্থানে উঠে আসা নিঃসন্দেহে আশাজাগানিয়া ঘটনা। তবে এতে আত্মপ্রসাদের কোনো সুযোগ থাকা উচিত নয়। কৃষি আধুনিকীকরণের মাধ্যমে খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে বলে মনে করে বিশ্লেষকরা।

বাংলাদেশে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সাহায্যে ৩২ কোটি ডলারের আবেদন ডব্লিউএফপি’র

0

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) হুঁশিয়ারি দিয়েছে যে গত ৫০ বছরে বাংলাদেশের অর্জিত উন্নয়নকে বিপরীত দিকে ঠেলে দেয়ার হুমকিতে ফেলে দিয়েছে কোভিড-১৯। সেই সাথে সংস্থাটি এ দেশে সর্বাধিক ঝুঁকির মধ্যে থাকা দরিদ্রদের সাহায্যে ৩২ কোটি ডলারের আবেদন করেছে।

ডব্লিউএফপি মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচি করোনা মহামারির মধ্যে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোতে খাদ্য এবং নগদ অর্থ বিতরণের জন্য ৩২০ মিলিয়ন ডলারের জরুরি আহ্বান জানিয়েছে।’

জাতিসংঘের মতে, এ তহবিলের প্রায় ২০ কোটি ডলার কোভিড-১৯ মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজন এবং বাকি ১২ কোটি ডলার মূলত রোহিঙ্গাদের পরবর্তী ছয় মাসের সহায়তার জন্য।

‘লকডাউন এবং চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ জুড়ে কয়েক মিলিয়ন মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে প্রতিদিন উপার্জনকারী রিকশাচালক, দিনমজুররা এখন তাদের মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছেন,’ বলেন ডব্লিউএফপি’র মুখপাত্র এলিজাবেথ বায়ার্স।

ডব্লিউএফপি’র অধীনে এ অর্থ গ্রামীণ অঞ্চল এবং শহুরে বস্তির পরিবারগুলোর পাশাপাশি দিনমজুরদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

ইতোমধ্যে সংস্থাটি সরকারি সহায়তার পাশাপাশি চাল, নগদ অর্থ বিতরণ এবং পুষ্টি কর্মসূচি জাতীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।

ঘরমুখী মানুষের ঢল নামছে শিমুলিয়া নৌরুটে

0

করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতির মধ্যেই ঈদকে সামনে রেখে দক্ষিণবঙ্গের ২১ জেলায় যাওয়া মানুষের ঢল নেমেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি ঘাটে।

সামাজিক দূরত্ব না মেনেই শনিবার (১৬ মে) ভোর থেকেই এই নৌরুট দিয়ে শত শত যাত্রী পারাপার হচ্ছেন। সঙ্গে বেড়েছে দক্ষিণবঙ্গগামী শত শত মানুষের চাপ।

জানা যায়, শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট ছোট গাড়ি। শত শত লোক এভাবে ফেরিতে গাদাগাদি করে পার হওয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাবার আশঙ্কা থেকেই যাচ্ছে। বাস বন্ধ থাকায় ঢাকা থেকে যাত্রীরা মাইক্রোবাস, প্রাইভেটকার, লেগুনা, মোটরসাইকেল ও উবারের অফলাইনের গাড়িতে করে শিমুলিয়া ঘাটে আসছে। আর শিমুলিয়া ঘাটে লঞ্চ, সিবোট বন্ধ থাকায় যাত্রীরা পার হচ্ছে ফেরিতে।

অন্যদিকে গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের যাত্রীরা ভ্যান, মোটরসাইকেল করে ঢাকার উদ্দেশ্য কাঁঠালবাড়ি ঘাটে এসে ভিড় জমাচ্ছেন। যার অধিকাংশই বিভিন্ন কলকারখানা ও গার্মেন্টসে কর্মরত।

এদিকে, মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌ-রুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১০টির চলাচল বন্ধ রাখা হয়। তবে, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের ৭টি ফেরি সীমিত আকারে চলাচল করতো। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এখন চালু রয়েছে ১২ থেকে ১৪টি ফেরি।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান, খুব ভোরে ভিড় ছিল প্রচন্ড রকেমের। কিন্তু শিমুলিয়া মোড়ে হাইওয়ে পুলিশ ব্যারিকেট দিলে ভিড় কমে আসে।

তিনি জানান, শনিবার শিমুলিয়া-কাঁঠাবাড়ি রুটে ১৩টি ফেরি চলাচল করছে। এই রিপোর্ট লেখার সময় বেলা সোয়া ১১টায় পণ্যবাহী ৬০টি ট্রাক এবং ছোট আকারের প্রায় ৫০টি যান পারাপারে অপেক্ষায় ছিল।

তিনি বলেন, ঢাকা থেকে যারা শনিবার ফিরছে। এদের মধ্যে গার্মেন্টস কর্মী তেমন দেখা যায়নি। এদের বেশীরভাগই অন্যান্য পর্যায়ের লোকজন মনে হচ্ছে। যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য বা অন্যান্য কাজের জন্য গিয়েছিলেন। আবার লকডাউন হয়ে যাওয়ায় খোলার মত পরিবেশ না থাকায় এবং সাধারণ ছুটি বেড়ে যাওয়ায় বাড়ি ফিরে যাচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম বলেন, শনিবারও চাপের কারণে ১৩ ফেরি চলাচল করছে। তবে ভোরে চাপ বেশি ছিল। আস্তে আস্তে কমে আসছে।

ভোরে মোটরসাইকেল নিয়ে রাজধানী ঢাকা থেকে ফরিদপুরগামী মনির হোসেন বলেন, সরকার সাধারণ ছুটি বাড়িয়েছে। তাই বাড়ি ফিরে যাচ্ছি। আরেক যাত্রী নাম প্রকাশ না করেই বলেন, দোকান-পাট খুলবো তাই গিয়েছিলাম। পরিবেশ নাই তাই বাড়ি ফিরলাম।

‘ত্রাণ সহায়তার তালিকা প্রণয়নে অনিয়ম বরদাস্ত করা হবে না’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। ত্রাণ বিতরণে যেই অনিয়ম করবে দলীয় পরিচয়ে হলেও রেহাই পাবে না।
আজ শনিবার (১৬ মে) রাজধানী ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী সংসদ ভবনে তার সরকারি বাসা থেকে ভিডিও কনফারেন্সি েেয়র মাধ্যমে সংযুক্ত হয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফলভাবে কাজ করে যাচ্ছে। তাই, ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম সরকার বরদাস্ত করবে না।
তিনি বলেন, যারা ভাসমান, ঘর নেই, খোলা আকাশের নিচে বসবাস করে তাদের খুঁজে খুঁজে তালিকা করে ঈদের আগেই ত্রাণ সাহায্য দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, ঈদ সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তাই, পরিস্থিতি অবনতিশীল যাতে না হতে পাওে সে জন্য শপিংমল, ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভিড় তৈরি করা থেকে বিরত থাকুন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকারান্তরে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনের গভীর অমানিশা ডেকে আনবে, এভাবে চলতে থাকলে দুর্যোগের অন্ধকারাচ্ছন্ন অতিক্রমের জন্য অপেক্ষা করতে হবে। তাই আমাদের সবাইকে শতর্ক থাকতে হবে।
অসহায় মানুষকে সহযোগিতা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সংকটের শুরু থেকেই দলীয় নেতা-কর্মীরা জীবনবাজি রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা এ কার্যক্রম অব্যাহত রাখুন। যাতে দেশের মানুষ না খেয়ে কষ্ট না পায়।
এ সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, সাবেক প্রচার সম্পাদক আক্তার হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসির দায়িত্ব নিলেন ফজলে নূর তাপস

0

মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে ৩ মাস পর আজ শনিবার (১৬ মে) দুপুরে নগর পিতার আসনে বসলেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় মেয়রের স্ত্রী আফরিন তাপসও উপস্থিত ছিলেন।
করোনা সংকটের কারণে মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এবার বড় কোনো আয়োজন ছিল না। এতে উপস্থিত ছিলেন না বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনও।
গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পরাজিত করে নির্বাচিত হন তিনি। ওই মাসেই তিনি মেয়র হিসেবে শপথ নেন। তবে আগের মেয়রের মেয়াদ শেষ না হওয়ায় তাকে দায়িত্ব পেতে তিন মাস অপেক্ষা করতে হলো।
সিটি করপোরেশন নির্বাচনের আগে তিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। ডিএসসিসি নির্বাচনে অংশ নিতে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।
এর আগে গত বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন আতিকুল ইসলাম।
স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন-২০০৯ অনুযায়ী, নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনের মেয়াদ হবে ৫ বছর। নির্বাচন সম্পন্ন হওয়ার পর করপোরেশনের প্রথম বোর্ডসভা অনুষ্ঠানের দিন থেকে এ দায়িত্ব শুরু হয়।

একদিনে রেকর্ড ২৪১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

0

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সব মিলিয়ে আইনশৃঙ্খলার এ বাহিনীতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮২ জনে।
এ সংখ্যা আজ শনিবার (১৬ মে) সকাল পর্যন্ত ঢাকাসহ সারাদেশের সব পুলিশ ইউনিটের। এর আগে মে মাসের ১১ তারিখে একদিনে সর্বোচ্চ ২০৭ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছিলেন।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য এক হাজার ৪১ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপির পক্ষ থেকে জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনা ভাইরাসমুক্ত হয়ে ৩৬১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন সাতজন।
এদিকে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তারা নিয়মিত পুলিশ সদস্যদের খোঁজখবর রাখছেন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২৯৮ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২০২ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে।

করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৩০

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৩১৪ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৩০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৯৯৫।
আজ শনিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৬ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ৬ হাজার ৭৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৬৭ হাজার ২৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ১১৭ জন।
ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪৬ লাখ। মৃতের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। তবে সাড়ে ১৭ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

করোনা ঠেকাতে টি-সেলই ভরসা

0

শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সম্মুখসারির যোদ্ধার নাম টি-সেল। বিভিন্ন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই বিশেষ কোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সার্স-কোভ-২ বা নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এর ভূমিকাটি এত দিন অস্পষ্ট ছিল। এবার সেই অস্পষ্টতা কিছুটা হলেও দূর হলো।

গবেষণা পত্রিকা সায়েন্স–এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পরিচালিত দুটি গবেষণায় দেখা গেছে যে, করোনায় সংক্রমিত ব্যক্তির শরীরে টি সেলের উৎপাদন বেড়ে যায়, যা তাদের কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠতে সহায়তা করে। শুধু তা-ই নয়, গবেষণায় দেখা গেছে, আগে করোনাভাইরাস পরিবারের কোনো সদস্য দ্বারা আক্রান্ত হয়েছে—এমন কিছু লোকের শরীরে ভাইরাসটি কোনো সংক্রমণই ঘটাতে পারে না।

এ বিষয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাঙ্গেলা রাসমুসেন বলেন, ‘এটি খুবই উৎসাহব্যঞ্জক তথ্য। তবে গবেষকেরা এটা নিশ্চিত করতে পারেননি যে, সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠা ব্যক্তি ভবিষ্যতে এই ভাইরাসটি থেকে সুরক্ষিত থাকবে কিনা। কিন্তু উভয় গবেষণাতেই ভাইরাসটি সংক্রমণ কাটিয়ে ওঠার ক্ষেত্রে টি-সেলের শক্তিশালী ভূমিকার কথা উঠে এসেছে। এটি দীর্ঘ মেয়াদে ভাইরাসটির বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার পূর্বলক্ষণ বলা যায়। এই গবেষণা ফলাফল ভ্যাকসিন তৈরিতে নিযুক্ত গবেষকদের জন্য বিশেষভাবে সহায়ক হবে।’

১৪ মে সেল জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের গবেষকেরা বর্তমানে শতাধিক ভ্যাকসিন তৈরির গবেষণায় নিয়োজিত। এই গবেষণায় এখন পর্যন্ত মূল মনোযোগটি রয়েছে অ্যান্টিবডিতে। এই বিশেষ প্রোটিনগুলো বি-সেল দ্বারা তৈরি, যা ভাইরাসটির (এ ক্ষেত্রে সার্স-কোভ-২) গায়ের সঙ্গে লেগে থেকে একে শরীরের কোষে প্রবেশে বাধা দেয়। বিপরীতে টি-সেল সংক্রমণ ঠেকায় দুভাবে। বি-সেলসহ রোগ প্রতিরোধ ব্যবস্থার অন্য গুরুত্বপূর্ণ কোষগুলোকে সক্রিয় হতে সহায়তা করে টি-সেল। এই টি-সেলকে বলা যেতে পারে হেলপার টি-সেল। দ্বিতীয় ভূমিকাটি হচ্ছে সরাসরি নিজের সক্রিয় হওয়ার। এই টি-সেল হচ্ছে কিলার টি-সেল, যা সংক্রমিত কোষগুলো ধ্বংস করে। এই টি-সেল কত দ্রুত সাড়া দিচ্ছে তার ওপর নির্ভর করে, রোগটি কত গুরুতর পর্যায়ে যাবে।

ক্যালিফোর্নিয়ার অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান লা জোলা ইনস্টিটিউট ফর ইমিউনোলজির একদল গবেষক সম্প্রতি কোভিড-১৯ থেকে সেরে ওঠা ১০ জন রোগীর শরীর থেকে সক্রিয় থাকা প্রহরী কোষের নমুনা সংগ্রহ করেন। গবেষক শেন ক্রোটি ও আলেসান্দ্রো সেতের নেতৃত্বে হওয়া এ গবেষণায় বায়োইনফরমেটিকস কৌশল কাজে লাগিয়ে গবেষকেরা অনুসন্ধান করেন যে, কোন ভাইরাল প্রোটিনের কারণে টি-সেল সবচেয়ে বেশি সাড়া দেয়।

এতে দেখা যায়, সব রোগীর শরীরেই ছিল হেলপার টি-সেলের অস্তিত্ব, যারা সার্স-কোভ-২-এর স্পাইক প্রোটিনকে শনাক্ত করতে পারে। এই স্পাইকগুলোর মাধ্যমেই ভাইরাসটি মানুষের শরীরের কোষে প্রবেশ করে। একই সঙ্গে এরা অন্য সহায়ক টি-সেলগুলোকে আশ্রয় দেয়, যারা ভাইরাসটির অন্য প্রোটিনগুলোকে আক্রমণ করে। পরীক্ষাধীন রোগীদের ৭০ শতাংশের শরীরেই কিলার টি-সেলের অস্তিত্ব পেয়েছেন গবেষকেরা। তাঁরা বলছেন, রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসটিকে চিনতে পারছে এবং সে অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছে।

সাম্প্রতিক এই গবেষণা জার্মানির বার্লিনভিত্তিক শারিটে ইউনিভার্সিটি হসপিটালের ইমিউনোলজিস্ট আন্দ্রে থিয়েলের নেতৃত্বে হওয়া গবেষণার তথ্যকে সমর্থন করছে। ২২ এপ্রিল প্রকাশিত ওই গবেষণার প্রতিবেদনে জানানো হয়, পরীক্ষাধীন ১৮ রোগীর মধ্যে ১৫ জনের শরীরে হেলপার টি-সেলের অস্তিত্ব পাওয়া গেছে। ওই একই গবেষণায় সংক্রমণের শিকার হয়নি এমন ৬৮ ব্যক্তিকে পর্যবেক্ষণ করে দেখা যায়, তাদের ৩৪ শতাংশের শরীরে এই হেলপার টি-সেলের অস্তিত্ব রয়েছে, যা সার্স-কোভ-২ ভাইরাসকে চিনতে পারে। একই ধরনের ফল পেয়েছে লা জোলার গবেষক দল। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে সংগৃহীত রক্তের নমুনায় তারা এই বিশেষ টি-সেলের অস্তিত্ব পেয়েছে।

গবেষকেরা বলছেন, যে চার ধরনের করোনাভাইরাস এর আগে মানুষকে আক্রান্ত করেছে, সেগুলোরই কোনো একটাতে হয়তো ওই ব্যক্তিরা আক্রান্ত হয়ে থাকবেন। সে সময় নিশ্চয় তাদের শরীরে এই বিশেষ টি-সেল তৈরি হয়ে থাকবে।

এই বিষয়ে আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট স্টিভেন ভারগা বলছেন, ‘এই গবেষণা আমাদের বলছে যে, সাধারণ ঠান্ডাজনিত রোগের কারণ যে ভাইরাসগুলো, সেগুলোতে কম-বেশি সবাই আক্রান্ত হওয়ায় কিছু লোকের শরীরে এ ধরনের ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থার একটা অবশেষ রয়ে গেছে। আর এই ব্যবস্থাই বর্তমানে ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে তাদের সহায়তা করছে।’

তবে গবেষকেরা বলছেন, এই গবেষণা কোনোভাবেই এটি বলছে না যে, ঠান্ডার সমস্যায় ভোগা বা ওই সংশ্লিষ্ট ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তিরা কোভিড-১৯ থেকে সুরক্ষিত।

সারা বিশ্বে করোনার ভ্যাকসিন দেবে চিনই; প্রস্তুতি সম্পন্ন

0

গোটা বিশ্ব জুড়েই বিজ্ঞানীরা হন্যে হয়ে খুঁজছেন করোনার প্রতিষেধক। এখনো নির্ভরযোগ্য কোন ওষুধের সন্ধান তারা দিতে পারেনি। তবে এরমধ্যেই চিন কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্ল্যান্ট প্রতিষ্ঠা করে ফেলেছে।
চিনের এই ভ্যাকসিন প্ল্যান্টের পক্ষ থেকে জানানো হয়, একবার প্রতিষেধক কার্যকরী প্রমাণিত হলেই বছরে প্রায় ১০ কোটি প্রতিষেধক উৎপাদনেও সক্ষম এই প্ল্যান্ট। উৎপাদনকারী সংস্থা দ্য ফোর্থ কনস্ট্রাকশান কো লিমিটেডের অধীনেই রয়েছে বিশ্বের বায়োম্যাডিকেল বাজারের ৮০ শতাংশ। তাদের তথ্য অনুযায়ী, তারা বিএসএল-৩ পদ্ধতিতে কাজ করতে সক্ষম। এর আগে এই পদ্ধতিতে কাজ হয়েছে সার্স ও মার্সের ক্ষেত্রেও।
১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হেবেইর এই সংস্থা অ্যান্টিবডি, সেল থেরাপি এবং ইনসুলিন উৎপাদনের কাজ করে। এপ্রিল মাসে চিনের সিনোভেক বায়োটেক তাদের প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। যদি তারা সফল হয় তাহলে তারাও বিপুল পরিমাণ প্রতিষেধক উৎপাদন করতে পারবে। সিনোভেকও ফার্ম তৈরির জন্য ৭০ হাজার বর্গকিলোমিটার জমি নিয়ে রেখেছে বেজিং প্রশাসনের কাছ থেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১১ মে এর তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৮ টি প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। যার মধ্যে চারটি চিনের। আশার আলো দেখিয়ে ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে অ্যাডিনোভাইরাস ভেক্টর। চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান ড. গাও ফু জানিয়েছেন, সেপ্টেম্বরেই আসতে পারে করোনা প্রতিষেধক। যা প্রথমে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। তবে ডব্লিউএইচও অবশ্য বলছে ভাইরাসের প্রতিষেধক বাজারে আসতে আরও অন্তত ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। কিংবা তা অধরাও থেকে যেতে পারে।
অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সারাহ গিলবার্ট আশাবাদী যে যদি সব ঠিকঠাক যায় তাহলে তাদের ভ্যাকসিন সেপ্টেম্বরেই বাজারে আসবে। এবং তারা ৮০ শতাংশ আত্মবিশ্বাসী যে তাদের ভ্যাকসিন করোনা কাত করতে সক্ষম।

করোনামুক্তির পথে চীন, টানা এক মাসেও কোনো মৃত্যু নেই

0

বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টিকারী প্রাণঘাতী মহামারি নভেল করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান শহরে। অবশেষে প্রায় ৫ মাসের লড়াইয়ে করোনার অভিশাপ মুক্ত হতে চলেছে দেশটি। গত এক মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন প্রাণহানির সংখ্যা শূন্যে কোঠায় নেমে এসেছে চীনে।

সবশেষ গত ১৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর জানিয়েছিল সেদেশের জাতীয় স্বাস্থ্য কমিশন। শুক্রবার (১৫ মে) কমিশন জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে চারজন আক্রান্ত হয়েছে, তবে প্রাণহানির সংখ্যা শূন্য।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এরইমধ্যে ভাইরাসটি প্রাণ কেড়েছে তিন লাখেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ৪৪ লাখের বেশি। তবে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।

শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে যে চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তারা সবাই উত্তরপূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের বাসিন্দা। গত কয়েকদিন ধরে চীনের এ অঞ্চলটিতেই কিছু সংখ্যক রোগী শনাক্ত হচ্ছেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ২৯। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৭ জনের।