Home Blog Page 2951

করোনার কারণে স্থগিত শোলাকিয়ার ঈদ জামাত

0

করোনাভাইরাসের কারণে এবারই প্রথম কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে স্থগিত করা হলো ঈদ জামাত। মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, ঈদ জামাতের বিষয়ে সিদ্ধান্ত নিতে গত বৃহস্পতিবার আলেম-ওলামাদের সঙ্গে বৈঠক করে ধর্ম মন্ত্রণালয়। বৈঠকের পরে করোনাভাইরাসের কারণে পবিত্র ঈদুল ফিতরের জামাত এবার ঈদগাহে করা যাবে না বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। এর পরই কভিড-১৯ সংক্রমণ রোধে শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী।

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবারের ১৯৩তম ঈদ-উল-ফিতরের জামাত হচ্ছে না।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা ও বিশেষ সতর্কতামূলক বিষয়াদি অনুসরণপূর্বক শর্তসাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের জন্য অনুরোধ করা হয়।

এতে আরো বলা হয়, ইসলামী শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে করোনাভাইরাস পরিস্থিতিজনিত ওজরের কারণে মুসল্লিদের জীবনঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হয়। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠানেরও আয়োজন করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯৩তম ঈদুল ফিতরের জামাত।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, ভারতে সতর্কতা

0

বঙ্গোপসাগরে দেখা দেওয়া গভীর নিম্নচাপটি ক্রমে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। এটি আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর নাম দেওয়া হবে ‘আম্ফান’। ভারতের আবহাওয়া অধিদপ্তর এজন্য দেশটির কিছু অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে।

নিম্নচাপটি এখন বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত এর গতিপথ সঠিকভাবে স্পষ্ট না হওয়ায় এটি বাংলাদেশে আঘাত হানবে কি না, তা বলা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও।

ভারতের আবহাওয়া অধিদপ্তর অবশ্য মনে করছে এটি অন্ধ্রপ্রদেশ, উড়িশ্যা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে।

শুক্রবার গভীর রাতে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের এ সতর্কতা জারির পর উড়িষ্যা রাজ্যের ১২টি উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে

দেশে করোনা চিকিৎসায় বড় সাফল্য

0

করোনাভাইরাসের চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশে নানা ওষুধ নিয়ে গবেষণার খবরে বাংলাদেশ যেমন আশার আলো দেখে, এবার বাংলাদেশেরই এক দল চিকিৎসক বিশ্বকে নতুন আশার আলো দেখাচ্ছেন পুরনো দুটি ওষুধের সম্মিলিত ব্যবহারে। দেশের প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম তাঁর একজন সহযোগী চিকিৎসককে নিয়ে প্রায় দেড় মাসের গবেষণায় করোনাভাইরাসের চিকিৎসায় পেয়েছেন নতুন আশার আলো।

ডা. আলম কালের কণ্ঠকে জানান, তাঁরা অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন ইভারমেকটিনের সিঙ্গল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মাত্র তিন দিনে ৫০ শতাংশ লক্ষণ কমে যাওয়া আর চার দিনে করোনাভাইরাস টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার বিস্ময়কর সাফল্য পেয়েছেন।

ডা. তারেক আলম গতকাল শুক্রবার রাতে বলেন, ‘এটি আমাদের কাছে রীতিমতো বিস্ময়কর লেগেছে। আরো আগে যদি আমরা ওষুধ নিয়ে কাজ করতাম, তবে এত দিনে হয়তো অনেককে হারাতে হতো না।’

তিনি বলেন, ‘এই ওষুধ দুটি এর আগেও সার্স মহামারির সময় ব্যবহার করা হয়েছিল। আমি নিশ্চিত করেই বলছি, এই ওষুধ দুটির সম্মিলিত ব্যবহারে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত অন্য দুটি ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ও রেমডিসিভিরের চেয়ে অনেক বেশি কার্যকর ফল পাওয়া যাবে। ইতিমধ্যে এই ওষুধ নিয়ে ভারতে গবেষণা শুরু হয়েছে। আমরা বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০ জন রোগীর ওপর গবেষণা করেছি। তাতে আমরা এই সাফল্য পেয়েছি। আমাদের গবেষণার আওতায় ইতিমধ্যে অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়ে এই ওষুধ দুটির সফল স্টাডি সম্পন্ন হয়েছে।’

সম্মান ফাউন্ডেশনের উদ্যোগে এই গবেষণায় অধ্যাপক ডা. তারেক আলমের সঙ্গে একই প্রতিষ্ঠানের অধ্যাপক ডা. রুবাইয়ুল মোরশেদসহ অন্যরা সহযোগিতা করেন।

করোনা: মাদাগাস্কারের ভেষজ ওষুধ পরীক্ষায় জার্মান বিজ্ঞানীরা

0

গোটা বিশ্ব যেখানে করোনাভাইরাসের ওষুধ তৈরিতে নাকানি চুবানি খাচ্ছে সেখানে আফ্রিকার দরিদ্র দেশ মাদাগাস্কার দাবি করেছে তারা করোনা নিরাময়ের অলৌকিক ভেষজ ওষুধ তৈরি করে ফেলেছে। ‘আর্টেমিশিয়া’ নামে এক ধরনের ভেষজ উদ্ভিদ থেকে এই ওষুধ তৈরি করা হয়েছে। এ ভেষজ ওষুধ খেলে ২৪ ঘণ্টায় করোনামুক্তি ঘটবে বলে দাবি দেশটির সরকারের।

তবে আফ্রিকার দরিদ্রতম দেশটির এ সফলতায় আস্থা রাখতে পারছেন না বিশ্বের অনেকেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তো বলেই দিয়েছে এখনো কোনো বৈজ্ঞানিক গবেষণা নেই যা প্রমাণ করে যে আর্টেমিসিয়া কাজ করে। তাই মাদাগাস্কার সরকার করোনভাইরাস নিরাময়ে ভেষজটি সত্যিই কাজ করে কিনা সেটা যাচাই করার জন্য একদল আন্তর্জাতিক গবেষক দ্বারা পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে।

করোনা নিরাময়ে আর্টেমিসিয়া কাজ করে কিনা সেটা পরীক্ষা করতে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব কলয়েডস ও জার্মান পটসডামের ইন্টারফেসের বিজ্ঞানীরা এবং ডেনমার্কের একদল গবেষক মার্কিন সংস্থা আর্টেমিলাইফের সাথে যৌথভাবে কাজ করছেন।

গবেষণার প্রধান পিটার সিবার্গার ডয়েচে ভেলেকে জানিয়েছেন, এটিই প্রথম সমীক্ষা যেখানে কভিড -১৯ এর সাথে সম্পর্কিত উদ্ভিদ পদার্থের কার্যকারিতা অনুসন্ধান করা হচ্ছে।

সেল স্টাডিতে আর্টেমিসিয়া আনুয়া উদ্ভিদ থেকে পরীক্ষার নির্যাসগুলো নিয়ে পরীক্ষা করা হবে। এটি সুইট ওয়ার্মউড হিসেবে পরিচিত। পাশাপাশি আর্টেমিসিনিনের মতো উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন ডেরিভেটিভগুলোও পরীক্ষা করে দেখা হবে।

আর্টেমিসিয়া যৌগ দীর্ঘদিন ধরে ম্যালেরিয়ার চিকিৎসা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে কভিড -১৯ এর বিরুদ্ধে চিকিৎসার জন্য এটা সত্যিই কতটা কার্যকরি সেটা অনুসন্ধানেই এই গবেষণা চলছে। যদি মাদাগাস্কারের দাবি সত্যি প্রমাণিত হয় তবে এটা হবে কভিড-১৯ চিকিৎসায় এক বড় চমক।

সম্প্রতি করোনাভাইরাস থেকে সুস্থ হতে ‘কোভিড-অর্গানিক্স’ নামে এ ‘হারবাল টনিক’ বাজারজাত করার ঘোষণা দেয় মাদাগাস্কার। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হুঁশিয়ারি সত্ত্বেও আফ্রিকার কয়েকটি দেশ এ ওষুধ আমদানি করার সিদ্ধান্ত নেয়।

এরই মধ্যে তানজানিয়ায় ওষুধটি সরবরাহ করেছে মাদাগাস্কার। তানজানিয়া সরকারের মুখপাত্র হাসান আবাস এক টুইটে জানান, মাদাগাস্কারের কাছ থেকে করোনাভাইরাসের ওষুধ পেলো তানজানিয়া।

গত মাসে এক সংবাদ সম্মেলনে এ ওষুধটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। তিনি বোতল থেকে বাদামি রঙের তরল ওষুধটি পান করে দাবি করেন, করোনা ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি এ ওষুধে সুস্থ হয়েছেন। সাতদিনে এ ‘হারবাল চা’ এর কার্যকারিতা বোঝা যায় বলে মন্তব্য করেছেন তিনি।

মালাগাসি ফলিত গবেষণা সংস্থা ওষুধি পানীয়টি তৈরি করেছে। পূর্ব আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি জানায়, প্রতি বোতল ৪০ মার্কিন সেন্ট দরে ওষুধটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

তানজানিয়া ছাড়াও গিনি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লাইবেরিয়া এবং গিনি বিসাউকে বিনামূল্যে ওষুধটি সরবরাহ করেছে মাদাগাস্কার।

ওষুধটির ১৬ হাজার ডোজ পেয়েছে গিনি বিসাউ, যা তারা আরও ১৪টি আফ্রিকান দেশে বিতরণ করছে। বিতরণের আগে ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন লাইবেরিয়ার তথ্য উপমন্ত্রী ইউজিন ফারগন।

এদিকে অ্যার্টেমিশিয়ার উপাদান ম্যালেরিয়া চিকিৎসায় কার্যকর এটি স্বীকার করলেও কার্যকারিতা প্রমাণিত হয়নি এমন ওষুধ না খেতে সতর্ক করে ডব্লিউএইচও।

সূত্র: ডয়েচে ভেলে

অনুদান সংগ্রহে দেশের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম ‘একদেশ’ উদ্বোধন

0

করোনাভাইরাসের বিরাজমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ও আর্থিক সহায়তা সংগ্রহের জন্য শুক্রবার ডিজিটাল ক্রাউডফান্ডিং প্লাটফর্ম ‘একদেশ’ উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি একদেশকে দাতা ও গ্রহীতার মধ্যকার সেতু উল্লেখ করে ডিজিটাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্ভিক্ষ খাদ্যের অভাবে হয় না বরং সুষ্ঠু বণ্টনের অভাবে হয়ে থাকে। সারা দেশের মানুষের যাকাত এবং আর্থিক অনুদানের এ সেতুবন্ধন তৈরির মাধ্যমে সুষ্ঠু বণ্টনের পথে আমরা এগিয়ে যাব। মানুষ এ প্ল্যাটফর্মটির মাধ্যমে তাদের অনুদান দিতে পারবেন।’
দেশের প্রথম ক্রাউডসোর্সিং প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরুর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহির একটি জায়গা তৈরি হলো বলে উল্লেখ করেন তিনি।
একদেশ ওয়েবসাইটে https://ekdesh.ekpay.gov.bd/ প্রবেশ করে অথবা একদেশ অ্যাপের মাধ্যমেও জনগণ যাকাত কিংবা আর্থিক অনুদান প্রদান করতে পারবেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ইসলামিক ফাউন্ডেশন, ব্র্যাক, বিদ্যানন্দ ফাউন্ডেশন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, সিআরপি এবং সাজেদা ফাউন্ডেশনকে এ অনুদানের গ্রহীতা হিসেবে যুক্ত করা হবে।
ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা মোবাইল পেমেন্ট বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে যাকাত কিংবা অনুদান দেয়ার এ প্ল্যাটফর্ম তৈরি করেছে এটুআই।
ব্যাংক এশিয়ার সহযোগিতায় সুইফ কোডের মাধ্যমেও জাতীয় পেমেন্ট গেটওয়ে একপে এর মাধ্যমে অনুদান দেয়া যাবে।
প্রবাসীরাও বাংলাদেশ ব্যাংকের মধ্যস্ততায় রেমিটেন্সের টাকা একদেশ অ্যাপের মাধ্যমে দিয়ে মানবিক তহবিল গড়ে তুলতে অংশগ্রহণ করতে পারবেন, বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যেকে তার যাকাত বা অনুদান ঠিক যেখানে প্রদান করতে চান সেখানেই প্রদান করতে পারবেন।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে দারিদ্র্যের কবলে পড়া বিপুল সংখ্যক অসহায় মানুষকে সহায়তা করার জন্য এ প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, এটুআই প্রকল্প পরিচালক মো আব্দুল মান্নান, বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আনিস মাহমুদ, ব্র্যাকের সিইও আসিফ সালেহ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস, সাজেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদা ফিজা কবির, ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, সিআরপি প্রধান নির্বাহী শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি

0

৯ মে মুশফিকের জন্মদিনেই শুরু হয় তার ব্যাটের নিলাম। ৫দিন ব্যাপি এই নিলামের আয়োজন করে পিকাবো। সঙ্গী ছিল মুশফিকের ম্যানেজমেন্ট পার্টনার নিবকো এবং স্পোর্টস ফর লাইফ। যা শেষ হয়েছে গতকাল (বৃহস্পতিবার রাতে)। দেশ-বিদেশে ক্রিকেটপ্রেমীরা নিলামে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন।

বৃহস্পতিবার রাতে নিলাম শেষ হলেও তখন জানানো হয়েছিল, ব্যাটটি কে কত টাকায় কিনেছে- তা শুক্রবার নিজেই জানাবেন মুশফিকুর রহীম। অবশেষে আজ রাতে (ইফতারের পর) লাইভে এসে মুশফিক নিজেই জানালেন তার ব্যাটের নিলামের আপডেট।

মুশফিক জানিয়েছেন, তার ব্যাট কিনেছেন পাকিস্তানের বুমবুমখ্যাত অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি তার ফাউন্ডেশন, আফ্রিদি ফাউন্ডেশনের নামে এই ব্যাট কিনে নিয়েছেন ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লাখ টাকায়)।

শুরু থেকেই করোনার বিরুদ্ধে লড়াই করছেন শহিদ আফ্রিদি। তার আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকেই শুরু থেকেই খাদ্য এবং আর্থিক সহায়তা করে যাচ্ছিলেন তিনি। এবার সেই আফ্রিদি মুশফিকের ব্যাট কিনে নিয়ে দাঁড়ালেন বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে।

মুশফিকের পেজে শেয়ার করা এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘আসসালামুআলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই একাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরী যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। অতীতে বাংলাদেশে আমি যে পরিমানে ভালবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো। পাকিস্তানের জনগন ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথ চলায়। আপনার জন্য আমার প্রার্থনা সব সময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমার দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।’

লাইভে এসে মুশফিক বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই, নিলামে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে। কারণ বেশ কিছু সত্যিকারের বিডার এই পাঁচদিনে অংশ নিয়েছিলেন এতে। আমি এখনই অ্যানাউন্স করতে চাই, আমার সেই ব্যাটটি কে কিনে নিয়েছেন। আমি মনে করি যে, পৃথিবীর যারা ক্রিকেট খেলা দেখেন, তারা সবাই তাকে চেনেন। তিনি হচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি। তিনি তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ব্যাটটি কিনেছেন। আমি খুবই আনন্দিত যে, তার মত একজন ব্যক্তিত্ব আমার এই ব্যাটটি কিনে নিয়েছেন। আমাদের যে মহৎ একটা উদ্যোগ ছিল, সেটাতে তিনি অংশগ্রহণ করেছেন।’

সেখানেই মুশফিক জানান, ২০ হাজার ডলারে বাটটি কিনে নিয়েছেন আফ্রিদির ফাউন্ডেশন।

আরো ৩ রোহিঙ্গার করোনা শনাক্ত

0

কক্সবাজারে আরো তিন রোহিঙ্গাসহ ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত দু’দিনে এনিয়ে চার রোহিঙ্গা আক্রান্ত হলেন। কক্সবাজার জেলায় মোট করোনা রোগীর সংখ্যা এখন ১৫১।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া শুক্রবার বিকালে জানিয়েছেন, বৃহস্পতিবার কক্সবাজারের আট উপজেলা, ৩৪ রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৮৪ সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করার পর ২৩ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে তিনজন রোহিঙ্গা। অন্যদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় ১৫ জন, পেকুয়া উপজেলায় একজন এবং কুতুবদিয়া উপজেলায় একজন রয়েছে। অপর দুজন আগে শনাক্ত হওয়া ফলোআপ রিপোর্ট।

তবে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ১৬৬। অন্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

৪৪ দিনে মোট ৩৫৪৭ সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে।

বাণিজ্যিকভাবে পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

0

পায়রা-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন ব্যবহার করে গতকাল বৃহস্পতিবার (১৪ মে) থেকে বাণিজ্যিক উৎপাদনে গেল পায়রায় নবনির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট)।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (এনডব্লিউপিজিসিএল) একজন শীর্ষ কর্মকর্তা বার্তাসংস্থা ইউএনবিকে বলেন, ‘আমরা বিকাল ৫টার দিকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম সফলভাবে শুরু করতে পেরেছি।’
সরকারি প্রতিষ্ঠান এনডব্লিউপিজিসিএল (বাংলাদেশ) ও চীনের ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি) এর একটি বিশেষ যৌথ উদ্যোগে ঢাকা এবং বেইজিংয়ের মধ্যকার সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।
তবে, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিটটি চলতি বছরের জানুয়ারি মাসেই চালানো শুরু করা হয়েছিল। এর প্রায় ৫ মাস পরে এখন বাণিজ্যিক উৎপাদন শুরু করা হয়েছে বলে এনডব্লিউপিজিসিএলের এ কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে, নতুন বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পরিবহনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর ৪০০ কেভি পায়রা-গোপালগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছিল।
পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি নির্মাণ কাজ শেষে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার জন্য নতুন সঞ্চালন লাইনের কাজ শেষের অপেক্ষায় ছিল।
কর্মকর্তারা বলছেন, বড় জাহাজের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা দিয়ে পরিচালিত প্রথম বিদ্যুৎকেন্দ্র এটি।

ঐতিহাসিক শোলাকিয়ায় এবার হবে না ঈদের জামাত

0

১৯১ বছর আগে শুরু হয়েছিল ঈদের বড় জামাত। এরও (আজ থেকে প্রায় ২০০ বছর) আগে থেকে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। তবে এবারই প্রথমবারের মতো কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান খালি থাকছে ঈদের দিনেও। থাকছে না সেই চিরচেনা কোলাহল। লাখো মানুষের মুখরতা।
চলমান করোনা মহামারিতে এবার হচ্ছে না দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাত। করোনা বিস্তার রোধে খোলা মাঠ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামী ফাউন্ডেশন। সে প্রেক্ষিতে শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার শোলাকিয়া ঈদগাহে ১৯৩তম ঈদুল ফিতরের বড় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, ধর্ম মন্ত্রণালয়ের মিটিয়ের মাধ‌্যমে জানানো হয়েছে উন্মুক্ত স্থানে ঈদের জামাত করা যাবে না। ১৮৪ নম্বর বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। তাই একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয় বিধায় তাদের শারীরিক নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। যেহেতু ঈদ-উল-ফিতরের জামাত তাই সকাল ৮টা থেকে এক ঘণ্টা পরপর একাধিক জামাত করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া মসজিদে জামাতের ক্ষেত্রেও কয়েকটি শর্ত রয়েছে। মসজিদে কার্পেট বিছানো যাবে না, নামাজের জায়গা পরিষ্কার করে দিতে হবে। নামাজের সার্বিক বিষয় নিয়ে ঈদের কয়েকদিন আগে আলেমা ও মুসল্লিদের নিয়ে একটা মিটিংও করা হবে।
প্রতি বছর শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠানে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে ঈদুল ফিতরে দেশ-বিদেশের তিন থেকে সাড়ে তিন লাখ মুসল্লি একসঙ্গে শোলাকিয়ার বিশাল প্রান্তরে নামাজ পড়েন। এখানে একটি মাত্র জামাত অনুষ্ঠিত হয়। বিশাল প্রান্তরে সব মুসল্লি যাতে নামাজ শুরুর মূহুর্তটি জানতে পারেন এ জন্য নামাজ শুরুর আগে বেশ কয়েকবার বন্দুকের গুলি ছোড়া হয়। সব শেষ জামাত শুরুর এক মিনিট আগে গুলি ছুড়ে চূড়ান্ত প্রস্তুতি ঘোষণা করা হয়।
লাখো মুসল্লির নিরাপত্তায় নেয়া হয় চার স্তরের নিরাপত্তা। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকে মাঠের চারপাশে। জামাত ঘিরে পুরো শহর যানবাহনশূন্য করে সাজানো হয় ট্রাফিকব্যবস্থা। আকাশে নজরদারি করে উন্নত ক্যামেরাযুক্ত ড্রোন। দূরের মুসল্লিদের জন্য ময়মনসিংহ ও ভৈরববাজার থেকে চলাচল করে দু’টি বিশেষ ট্রেন সার্ভিস। তবে এবার সব আয়োজন থামিয়ে দিয়েছে অদৃশ্য করোনা।
জানা গেছে, বারো ভূঁইয়াদের অন্যতম প্রতাপশালী বীর ঈশা খাঁর ১৬তম বংশধর দেওয়ান মান্নান দাঁদ খান ১৯৫০ সালে শোলাকিয়া ঈদগাহটি ওয়াকফ্ করেন। তারও দু’শ বছর আগে থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ আছে ওই ওয়াকফ দলিলে। ১৮২৮ সালে ঈদুল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম ১ লাখ ২৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়ালাখিয়া’, যা এখন শোলাকিয়া নামে পরিচিত।
উল্লেখ্য, ২০১৬ সালে শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলা হয়। দুই পুলিশ সদস্যসহ নিহত হন বেশ কয়েকজন। তবু থেমে থাকেনি ঈদের জামাত। তবে এই প্রথমবারের মতো ঈদের দিনেও নীরব থাকছে ঐতিহাসিক শোলাকিয়া।

করোনা মোকাবেলায় কৃষি বাজারের করণীয়

0

স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত কোভিড-১৯ নিয়ন্ত্রণ কেন্দ্র ‘কোভিড-১৯ এর সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা’ প্রণয়ন করেছে।
এই নির্দেশনায় বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। কোভিড-১৯ মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কৃষিজাত দ্রব্যের বাজারসমূহের জন্য পালনীয় কারিগরি নির্দেশনাসমূহ নিম্নরূপ:
১. কৃষিজাত দ্রব্যের বাজার খুলে দেয়ার আগে মহামারীর সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মাস্ক, জীবাণুনাশক ইত্যাদি মজুদ রাখা ও ব্যবহার করতে হবে, জরুরি অবস্থার পরিকল্পনা করা এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
২. প্রতিটি বিভাগের দায়িত্ব ভাগ করে দিন, প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কর্মীদের প্রশিক্ষণ জোরদার করা জরুরি।
৩. কর্মীদের স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা প্রতিষ্ঠা করুন, প্রতিদিন কর্মীদের স্বাস্থ্য বিষয়ক অবস্থা নথিভুক্ত করুন এবং যারা অসুস্থতা অনুভব করবে তাদের সঠিক সময়ে চিকিৎসা নিতে হবে।
৪. প্রতিটি বাজারের প্রবেশ মুখে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের ব্যবস্থা থাকতে হবে এবং শুধুমাত্র স্বাভাবিক তাপমাত্রার মানুষের প্রবেশাধিকার থাকবে।
৫. বায়ু চলাচল এর পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। উন্মুক্ত বাণিজ্যিক এলাকাগুলো খোলামেলা এবং বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং বদ্ধ বাণিজ্যিক এলাকাগুলোতে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। সেন্ট্রাল এয়ার কন্ডিশনার ব্যবহার করার ক্ষেত্রে এয়ার কন্ডিশনারের স্বাভাবিক ক্রিয়াকে নিশ্চিত করুন, বিশুদ্ধ বাতাস বৃদ্ধি করুন এবং সকল এয়ার সিস্টেমের ফিরে আসা বাতাসকে বন্ধ রাখুন।
৬. বাজার এলাকাভিত্তিক অপারেশান বাস্তবায়ন করতে হবে, বাজারের মূল ব্যবসাকেন্দ্রগুলোকে (কসাইখানা, প্রক্রিয়াজাত কেন্দ্র) কোয়ারান্টিইন ও সুরক্ষিত রাখতে হবে এবং বন্য প্রাণীর বিক্রয় নিষিদ্ধ করতে হবে।
৭. বাজার পরিষ্কার রাখতে এবং প্রতিদিনের আবর্জনা পরিষ্কার করে ফেলতে হবে।
৮. পাবলিক টয়লেটগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে হবে এবং হাত ধোয়ার জন্য সাবান কিংবা তরল হ্যান্ড ওয়াশ এর ব্যবস্থা রাখতে হবে।
৯. প্রতিদিন বাজার বন্ধের পর সেখানকার মেঝে এবং অন্যান্য ব্যবহৃত সরঞ্জাম, বাস কাউন্টার জীবাণুমুক্ত করতে হবে।
১০. গ্রাহকরা তাদের বিল স্ক্যানিং এর মাধ্যমে পরিশোধ করবে এবং অবশ্যই কেনাকাটার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
১১. বিক্রেতাগণকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
১২. গ্রাহকদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
১৩. যদি নিশ্চিত কোভিড-১৯ রোগী থাকে তবে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর এর নির্দেশনা অনুসারে পুরোপুরি জীবাণুমুক্তকরণ করতে হবে এবং একই সময়ে এয়ার কন্ডিশনিং ও ভেন্টিলেশন সিস্টেমকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে এবং হাইজেনিক বা স্বাস্থ্যগত পরিচ্ছন্নতার মূল্যায়ন হওয়ার আগে পুনরায় চালু করা উচিত না।
১৪. মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়, তাদের বিজনেস আওয়ার সংক্ষিপ্ত করতে এবং আগত লোকের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে।