Home Blog Page 2952

ঢাকা বিভাগে কমেছে করোনা আক্রান্তের হার

0

ঢাকা বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের হার কিছুটা কমেছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
আজ শুক্রবার (১৫ মে) করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘ঢাকা মহানগরী ও এ বিভাগের জেলাগুলোয় করোনায় আক্রান্তের শতকরা হার একটু কমেছে। এর শতকরা হার ৮০ শতাংশের নিচে নেমেছে। আক্রান্তদের ৭৯ দশমিক ৫৪ শতাংশ এখন ঢাকা বিভাগে। আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরীতে ৫৮ দশমিক ১১ শতাংশ এবং বিভাগটির জেলাগুলোতে ২১ দশমিক ৪৩ শতাংশ। ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জেই সর্বাধিক আক্রান্ত।’
নাসিমা সুলতানা বলেন, ‘চট্টগ্রাম বিভাগে আক্রান্ত বেড়ে যাচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী মোট আক্রান্তদের মধ্যে ৮ দশমিক ৪৭ শতাংশ এ বিভাগে। তারপরেই রয়েছে ময়মনসিংহ, সেখানে এর হার ৩ দশমিক ৫০ শতাংশ। এরপর রংপুর বিভাগে ২ দশমিক ৫৩ শতাংশ, সিলেটে ১ দশমিক ৫৪ শতাংশ, রাজশাহীতে ১ দশমিক ৩৯ শতাংশ এবং বরিশাল ১ দশমিক ১০ শতাংশ করোনায় আক্রান্ত।’

বিশ্বে মৃত্যু ৩ লাখ পার, করোনা নির্মূলের ঘোষণা স্লোভেনিয়ার

0

প্রায় চার মাসে বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ৩ লাখ ছাড়াল ছাড়িয়েছে। এমন সময় ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনা পুরোপুরি নির্মূলের ঘোষণা দিয়েছে স্লোভেনিয়া।

আজ শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ লাখ ৩ হাজার ৩৫১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ওয়ার্ল্ডওমিটার। চীনের উহানে নভেল করোনাভাইরাসের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো নিশ্চিত করা হয় গত বছরের ৩১ ডিসেম্বর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস সংক্রমণকে গত ১১ মার্চ মহামারি ঘোষণা দিয়ে বিশ্বকে সতর্ক করে দেয়। চীনের পরে ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকাকে মৃত্যুপুরীতে পরিণত করা করোনার তাণ্ডব এখনও চলছেই।

এরইমধ্যে ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনা পুরোপুরি নির্মূলের ঘোষণা দিয়েছে স্লোভেনিয়া। তবে সতর্কতা হিসেবে নাগরিকদের মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। তবে ইউরোপের বাইরের দেশ থেকে কেউ আসলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এদিকে যুক্তরাজ্যে ৩৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন এ মহামারীতে। এছাড়া ইতালিতে ৩১ হাজারেরও বেশি মানুষ, ফ্রান্স ও স্পেনে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশে করোনায় মারা গেছেন আরও ১৪ জন। এতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮৩ জন।এ ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৪৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

করোনায় মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যেই শীর্ষস্থানীয় মার্কিন বিজ্ঞানী রিক ব্রাইট অভিযোগ করলেন, করোনা নিয়ে পূর্ব সতর্কতা দেয়ায় তাকে পদচ্যুত করে ট্রাম্প প্রশাসন। কংগ্রেসের শুনানিতে আইনপ্রণেতাদের সামনে রিক আরও বলেন, সামনের দিনগুলোতে করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

অন্যদিকে রাশিয়ায় দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মত দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে নেমে এসেছে। আর দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ৮৩৫ জনসহ মোট মৃত ১৪ হাজার । আক্রান্ত ২ লাখেরও বেশি।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ১৭ তারিখের পর শপিং মল ও গণপরিবহন চালু করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল।

উ. কোরিয়ার গোয়েন্দা প্রধান ও দেহরক্ষীকে সরালেন কিম

0

এবার উত্তর কোরিয়ার গোয়েন্দা প্রধান জাং কিল সং ও নিজের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর প্রধান ইয়ুন জং রিনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দেশটির রাষ্ট্রনায়ক কিম জং উন। অসুস্থতার গুজব উড়িয়ে দিয়ে সম্প্রতি জনসম্মুখে আসার পর এই সিদ্ধান্ত নিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নতুন গোয়েন্দা প্রধান হিসেবে সেনাবাহিনীর জেনারেল রিম কোয়াং ইলকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ইয়ুন জং রিম’র পরিবর্তে কোয়াং চ্যাং সিক নামের একজনকে নিজের দেহরক্ষী বাহিনীর প্রধানের দায়িত্ব দিয়েছেন কিম। তবে কি কারণে এই পরিবর্তন সেই বিষয়ে উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।

এদিকে ধারণা করা হচ্ছে, শুধু এই দুজনই নয় উত্তর কোরিয়া সরকারের আরো বেশ কিছু কর্মীকে বরখাস্ত করতে পারেন কিম। কিমের জন সম্মুখে আসার পর অনেক বিশ্লেষক দাবি করেছিলেন, সরকারের মধ্যে থাকা বিশ্বাসঘাতকদের বের করা জন্য নিজেই মৃত্যুর গুজব ছড়িয়েছিলেন কিম জং উন। গত মাসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম। তবে সব গুজব উড়িয়ে দিয়ে গত ১ মে জনসম্মুখে আসেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

আফগানিস্তানে সেনা ঘাঁটিতে তালেবানের হামলায় নিহত ৫

0

সরকার ও তালেবানের মধ্যে চলমান শান্তি আলোচনার প্রক্রিয়ার মধ্যেই ফের অশান্ত হয়ে উঠেছে আফগানিস্তান। মঙ্গলবার কাবুলের একটি মেটার্নিটি হাসপাতাল ও নানগারহারে এক শেষকৃত্যানুষ্ঠানে হামলার জন্য তালেবানকে দায়ী করেছে আফগান সরকার। এর পরই তালেবানদের ওপর সামরিক অভিযানের ঘোষণা দেয়া হয়। অন্যদিকে সরকারের এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আফগান সেনাদের সমুচিত জবাব দেয়ার হুমকি দেয় তালেবান। এরই মধ্যে গতকাল তারা একটি সেনা ঘাঁটিতে প্রাণঘাতী হামলা চালিয়েছে। খবর এএফপি।
আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল দেশটির পূর্বাঞ্চলের শহর গারদেজে একটি সেনা ঘাঁটিতে তালেবানরা ট্রাকবোমা হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে অন্তত পাঁচ বেসামরিক নাগরিক। একই সঙ্গে পাঁচ সেনাসদস্যসহ আহত হয়েছে ১৯ জন। মূলত গত এক সপ্তাহ ধরেই দেশটিতে সরকার ও তালেবানদের মধ্যে উত্তেজনা বাড়ছিল। প্রেসিডেন্ট আশরাফ গানি শান্তি আলোচনার স্বার্থে যে তুলনামূলক ‘নমনীয়’ অবস্থান নিয়েছিলেন, তা মঙ্গলবারের জোড়া হামলার পর বাতিল করেছেন। অনেকটা আক্রমণাত্মক মনোভঙ্গিতেই তিনি ফের তালেবানদের ওপর অভিযান চালুর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন। কিন্তু তার এ পদক্ষেপে তালেবানরাও তাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দেয়। মঙ্গলবারের হামলার দায় অস্বীকারের পাশাপাশি তারা জানায়, সেনাবাহিনীর যে কোনো ধরনের হামলা রুখে দিতে তারা প্রস্তুত।
পাকতিয়া প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক বেলায়াত খান আহমাদজাই গতকাল সেনা ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ট্রাকবোমা হামলায় পাঁচজন নিহত হয়েছে, যার সবাই বেসামরিক নাগরিক। কিন্তু তালেবানের দাবি, পাঁচজন নয় মূলত মারা গেছে ১০ জন। তবে নিহতদের সবাই সেনাসদস্য। ওই হামলায় কোনো বেসামরিক মানুষ মারা যায়নি।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক হোয়াটসঅ্যাপ বার্তায় গণমাধ্যমকে জানান, সরকারের পক্ষ থেকে আক্রমণাত্মক ঘোষণার পরই গতকাল কাবুল প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ ওই সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা পরিচালনা করা হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি ট্রাকটি সেনা ঘাঁটিতে পৌঁছানোর আগেই সেটিতে বিস্ফোরণ ঘটায়।
মূলত বেশ কিছুদিন ধরেই আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে দেনদরবার চলছিল। প্রক্রিয়ার অংশ হিসেবে তালেবান বন্দিদেরও মুক্তি দেয়া হচ্ছিল। কিন্তু গত মঙ্গলবারের ন্যক্কারজনক হামলা পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওইদিন এক বন্দুকধারী কাবুলের একটি মেটার্নিটি হাসপাতালে হামলা চালিয়ে অন্তত ২৪ জন মানুষকে হত্যা করে। নিহতদের মধ্যে ছিল নবজাতক ও সেবিকা। এর পরই পূর্বাঞ্চলের প্রদেশ নানগারহারে একটি শেষকৃত্যানুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে মারা যায় আরো ৩২ জন। উভয় ঘটনা নিয়েই ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা হচ্ছে। বিশেষ করে হাসপাতালে নবজাতক ও মায়েদের মরদেহের ছবি হামলাকারীদের প্রতি সৃষ্টি করেছে তীব্র ঘৃণা। এ হামলাকে ‘কাপুরুষোচিত ও জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আর উভয় হামলার জন্যই তালেবানের পাশাপাশি আইএস জঙ্গিদের দায়ী করেছে আফগান সরকার।
এদিকে সরকার ও তালেবানের আগ্রাসী মুখোমুখি অবস্থানের কারণে দেশটির শান্তি প্রক্রিয়া ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মূলত গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও তালেবানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী এক বছরের মধ্যে আফগানিস্তান থেকে ধীরে ধীরে সব বিদেশী সেনা প্রত্যাহার করার কথা রয়েছে।

সংক্রমণের চূড়াতেও রাশিয়ায় লকডাউন শিথিলের ঘোষণা

0

দেশ যখন করোনা ভাইরাস সংক্রমণের চূড়ায় তখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মহামারি মোকাবেলায় আরোপিত বিধিনিষেধ শিথিলের ঘোষণা পর্যবেক্ষকদের অবাক করেছে৷
রাশিয়ার এখনো প্রতিদিন ১০ হাজারের বেশি কোভিড-১৯ আক্রান্ত নতুন রোগী শনাক্ত হচ্ছে৷ বর্তমান বিশ্বে যা সর্বোচ্চ৷ এছাড়া মোট আক্রান্তের সংখ্যায়ও দেশটি তালিকায় দুই নম্বরে উঠে গেছে৷ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন৷ তাদের উপরে আছে একমাত্র যুক্তরাষ্ট্র (১৪ লাখের বেশি)৷ তবে রাশিয়ার মৃত্যুর সংখ্যা অনেকটাই কমিয়ে রাখতে পেরেছে৷ দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু দুই হাজার ৩০৫ জন৷
দেশের এ অবস্থায় কেন সরকার বিধিনিষেধ শিথিল করছে তা নিয়ে অনেক নাগরিকের মনেই প্রশ্ন জেগেছে৷ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর টানা ছয় সপ্তাহ ধরে দেশটি লকডাউন হয়ে ছিল৷ মঙ্গলবার সরকার ঘোষিত ওই সাধারণ ছুটি শেষ হয়৷
সংক্রমণ এখন থেকে কম থাকার পরও তখন কেন সব বন্ধ করে দেওয়া হয়েছিল? দেশ এখন সংক্রমণের চূড়ায়, এ অবস্থায় কেন নিয়ম শিথিল হচ্ছে? এমন নানা প্রশ্ন বিশেষজ্ঞ পর্যবেক্ষকসহ সাধারণ নাগরিকদের মনে ঘুরছে৷
এর সম্ভাব্য ব্যাখ্যায় রাশিয়ার রাষ্ট্রবিজ্ঞানী আব্বাস গ্যালিয়ামোভ ডয়চে ভেলেকে বলেন, প্রেসিডেন্ট দেশকে পশ্চিমা দেশগুলোর পেছনে পড়ে যাওয়া থেকে আটকাতে চাইছেন৷
“ইউরোপের দেশগুলো এরই মধ্যে লকডাউন তুলে নিতে শুরু করেছে৷ তারা নিশ্চিতভাবেই সমস্যার সমাধান করেছে এবং জনজীবন আবার স্বাভাবিক হতে শুরু করেছে৷
“পুতিন বুঝতে পেরেছেন, যদি রাশিয়া তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারে তবে রুশ নাগরিকদের চোখে তিনি ছোট হয়ে যাবেন৷”
ইউরোপের দেশগুলোর তুলনায় রাশিয়ায় লকডাউন চালিয়ে যাওয়া অনেক কঠিন বলেও মনে করে এ রাষ্ট্রবিজ্ঞানী৷ বলেন, রাশিয়ায় জীবন যাত্রার মান তাদের চেয়ে নিম্ন এবং বেশিরভাগ রুশ নাগরিকের হাত কোনো সঞ্চয় নেই৷
ইউরোপ ও অ্যামেরিকায় করোনা ভাইরাস যখন থাবা বিস্তার করছিল তখন পুতিন নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনগণের কাছে ভুল তথ্য উপস্থাপন করেছিলেন বলেও সমালোচনা করেন গ্যালিয়ামোভ৷
বলেন, “পুতিন রাশিয়ার জনগণকে এটা বিশ্বাস করাতে চেয়েছিলেন যে, পশ্চিমের মানুষদের তুলনায় তারা ভালো আছেন৷ বিশেষ করে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এমনভাবে পশ্চিমা দেখগুলোর খবর প্রচার করা হয়েছিল যেন সেখানে চরম বিপর্যয় চলছে৷
“খবরে স্পেনের অবস্থা অত্যন্ত নাটকীয় ভাবে বলা হত৷ বলা হত, যুক্তরাষ্ট্রে চারিদিকে মৃতদেহ পড়ে আছে৷ তিনি নিজেই নিজের ওই প্রপাগান্ডার ফাঁদে আটকা পড়েছেন৷ এখন তিনিও বাস্তবতা এবং পরিসংখ্যানকে উপেক্ষা করতে বাধ্য হচ্ছেন৷ এখন লকডাউন শিথিল করার পর সংক্রমণ ও মৃত্যু না বাড়লেই বাঁচি৷”
পুতিন অবশ্য লকডাউন শিথিল করার সিদ্ধান্তে কিছুটা কৌশলের আশ্রয় নিয়েছেন৷ বিধিনিষেধ শিথিল হবে নাকি হবে না সেই চূড়ান্ত সিদ্ধান্তের ভার তিনি অঙ্গরাজ্যের গভর্নরদের উপর চাপিয়ে দিয়েছেন৷ তাঁরাই নিজ নিজ অঙ্গরাজ্যের বিষয়ে সিদ্ধান্ত নেবেন৷
যদিও রাজধানী মস্কোতে মে মাসের শেষ পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে৷
মস্কোর বাসিন্দাদেরই প্রথম ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল৷ এখন হয়তো তারাই সবার শেষে ঘর থেকে বের হওয়ার অনুমতি পাবেন৷ কারণ, মস্কোতে প্রতিদিনই নতুন সংক্রমণের সংখ্যা লাফিয়ে বাড়ছে৷
লকডাউন শিথিল করা হলেও ৬৫ বা তার বেশি বয়সের মানুষ এবং অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে যারা ঝুঁকিপূর্ণদের দলে তাদের অবশ্যই ঘরে থাকতে হবে৷ সারা দেশে সব মানুষকে বাইরে বের হতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷

আফ্রিকায় ২০ কোটির বেশি আক্রান্ত হবে : ডব্লিউএইচও

0

জরুরি পদক্ষেপ না নেওয়া হয়ে এক বছরের মধ্যে আফ্রিকার ২৩ কোটি ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। এমন আভাস মিলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি মডেলিং গবেষণার ফলাফলে। এ ছাড়া মৃত্যু হতে পারে ১ লাখ ৫০ হাজার মানুষের।
শুক্রবার জার্নাল বিএমজি গ্লোবাল হেলথে প্রকাশিত গবেষণায় লেখকরা আভাস দিয়েছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে কম সংক্রমণ ও মৃত্যু হতে পারে। কারণ আফ্রিকার অনেক দেশ করোনা নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে পেরেছে। কিন্তু স্বাস্থ্যসেবার মান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা। একবার যদি করোনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তাহলে সর্বনাশ হয়ে যাবে আশঙ্কা গবেষকদের।
মহাদেশের ১০০ কোটি জনসংখ্যার মধ্যে ২৩ কোটি ১০ লাখ অর্থাৎ ২২ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হবে, যার অধিকাংশের থাকবে হালকা উপসর্গ কিংবা কোনো উপসর্গই দেখা যাবে না।
তবে ৪৬ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হবে বলে আভাস দিয়েছেন গবেষকরা। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার মানুষের গুরুতর সংক্রমণ হবে এবং ৮৯ হাজার জনের জটিল অসুস্থতা দেখা দিতে পারে। তাতে দেড় লাখ মানুষের মৃত্যু হতে পারে।
শুধু তাই নয়, করোনার প্রভাবে এই অঞ্চলে এইচআইভি, যক্ষ্মা, ম্যালেরিয়া ও অপুষ্টির মতো স্বাস্থ্য সংকট মোকাবিলা কঠিন হয়ে পারবে বলে আশঙ্কা ডব্লিউএইচওর গবেষকদের।

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কাউন্সিলরদের জবাবদিহি করতে হবে

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর কল্যাণ সাধন করা আমাদের প্রধান লক্ষ্য। আমাদের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা। তাই কথায় নয়, কাজে প্রমাণ দিতে হবে। মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। এর ব্যতিক্রম হলে সাংবাদিক ও জনগণ কেউই ছাড় দিবে না।

আজ শুক্রবার বেলা ১১টায় এবং বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ডিএনসিসির দুটি পৃথক পৃথক অনলাইন সভায় তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, মশক নিয়ন্ত্রণ যেন ঠিক মতো হয় সেজন্য প্রত্যেক কাউন্সিলর ব্যক্তিগতভাবে মনিটর করবেন। নির্ধারিত গুণ ও পরিমাণ বজায় রেখে মশার কীটনাশক ছিটানো হচ্ছে কিনা তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। প্রত্যেক কাউন্সিলর তার ওয়ার্ডের মশা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য দায়ী থাকবেন এবং তাকেই জবাবদিহি করতে হবে।

অনলাইন সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন।

এটি নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা। সভার শুরুতে কাউন্সিলর ও কর্মকর্তাদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এডিস মশা নিয়ন্ত্রণে আগামীকাল থেকে অনুষ্ঠেয় চিরুনি অভিযান সামাজিক দূরত্ব নিশ্চিত করে সফল করার জন্য তিনি কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান।

ঢামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

0

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে আজ শুক্রবার বিকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে করোনা সন্দেহ ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৯ জনের জনের মৃত্যু হলো।

হাসপাতাল সূত্র জানায় মৃতরা হলেন, কেরানীগঞ্জের সাইফুল ইসলাম (৬৫), রাজধানীর টিকাটুলি এলাকার রহিমা বেগম (৬৭), কুমিল্লা চান্দিনা এলাকার আব্দুল মান্নান (৬০), গাজীপুর টঙ্গির আব্দুর রশিদ (৬৫), গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার সিদ্দিকুর রহমান (৬০), যাত্রাবাড়ীর কাজী রহিম (৩৮), গাজীপুরের নুরুল ইসলাম (৬০), নারায়ণগঞ্জের ফতুল্লার আওলাদ (৪৫) এবং রাজাধানীর জিনজিরা এলাকার মো. শহিদ (৪৮)।

পৌনে পাঁচ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার

0

করোনাভাইরাসের দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে এক কোটিরও বেশী পরিবারের প্রায় পৌনে পাঁচ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪ মে পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৫৩ হাজার ২১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হেয়েছে প্রায় এক লাখ ২২ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৫ লাখ ৫৫ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ৪ কোটি ৭১ লাখ জন।

নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৮৫ কোটির বেশি টাকা। এরমধ্যে জি আর নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৬৭ কোটি ৬৩ লাখ ৭২ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৫৩ কোটি ৮৯ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা প্রায় ৬৭ লাখ ৯২ হাজারটি এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৩০ হাজার জন।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৭ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ১৮ হাজার ৭২৮ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৬৩ টি এবং লোক সংখ্যা ৮ লাখ ৮৯ হাজার ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৯৮ পুলিশ সদস্য

0

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে মাঠ পর্যায়ে কাজ করছেন পুলিশ সদস্যরা। তাই এই বাহিনীটির সদস্যরা সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একশ ৯৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত বাহিনীটিতে মোট দুই হাজার একশ ৪১ জন সদস্যের মধ্যে কভিড-১৯ শনাক্ত হলো।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে আরো ৩৫ জন পুলিশ সদস্য হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে এ পর্যন্ত সর্বমোট তিনশ ৩৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশের পুলিশের সব ইউনিটের সর্বশেষ আপডেট অনুযায়ী সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, এখন পর্যন্ত পুলিশের সাত সদস্য করোনা যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তারা হলেন, ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭), এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮), কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), এসআই সুলতানুল আরেফিন (৪৪) এবং এসবির এসআই নাজির উদ্দীন (৫৫)।

পুলিশ সদরদপ্তর জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখা-শোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।