Home Blog Page 2953

দক্ষিণের মেয়র হিসাবে কাল দায়িত্ব নিচ্ছেন তাপস

0

দায়িত্ব নিতে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ গতকাল শুক্রবার ১৫ মে শেষ হওয়ায় নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে তার স্থলাভিষিক্ত হচ্ছেন তাপস। আজ শুক্রবার নতুন মেয়রের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোস্তফা কামাল মজুমদার ও প্রধান প্রকৌশলী রেজাউর রহমান। এই দুই কর্মকর্তা বলেন, নতুন মেয়র আগামীকাল শনিবার ১৬ মে দায়িত্ব নিচ্ছেন। তবে অতিথি হিসাবে কারা উপস্থিত থাকবেন তা তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্প্রতি এক পত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। যেহেতু দেশে এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে, এর মধ্যে তাই লোকসমাগম না করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে একটি সভা করে দায়িত্ব নতুন মেয়রকে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমরা মন্ত্রণালয় থেকে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নতুন মেয়রের দায়িত্ব নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকতার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। আশা করি তারা নিশ্চয়ই এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে ব্যবস্থা নেবেন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটির ওয়েব সাইটে দেওয়া তথ্যে জানা গেছে, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক গত ১০ মে তার কর্পোরেশনের সকল শাখা প্রধানদের নিয়ে একটি সভা করেছেন। সেখানে বলা হয়েছে, নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস আগামী ১৬ মে শনিবার বিকেলে যথারীতি তার দায়িত্ব বুঝে নেবেন। এ জন্য গত ৬ মাসের সকল আয়-ব্যয়ের হিসাবসহ সকল দপ্তরের হিসাব-নিকাশ তৈরি করে একটি সারসংক্ষেপ নতুন মেয়রকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সে অনুযায়ী আগামীকাল শনিবার বিদায়ী মেয়র সাঈদ খোকনের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। মেয়র হিসেবে এটাই তার প্রথম যাত্রা। দক্ষিণ সিটির দ্বিতীয় মেয়র তিনি। নগরবিদরা মনে করছেন, দায়িত্ব বুঝে নিয়েই করোনা ও ডেঙ্গু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে নতুন মেয়রকে। গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হয়। এতে মেয়র পদে নৌকা নিয়ে দক্ষিণে বিজয়ী হন শেখ ফজলে নূর তাপস। তিনি গত ২৭ ফেব্রুয়ারি মেয়র হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর কাছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর উপধারা (১)-এর (খ) দফায় বলা আছে, ‘নির্বাচিত মেয়র অথবা কাউন্সিলর করপোরেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যভার গ্রহণ করিতে পারিবেন না।’ আর ধারা ৬-এ বলা হয়েছে, ‘করপোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ থেকে পাঁচ বৎসর হইবে।’ এ কারণেই ডিএসসিসি নির্বাচনে জয়ী হওয়ার পরও মেয়রের চেয়ারে বসতে কয়েক মাস অপেক্ষা করতে হলো ব্যারিস্টার ফজলে নূর তাপসকে।

মিরপুরে দরিদ্রদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

0

আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বস্তিবাসীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজধানীর পল্লবীর এমডিসি মডেল ইনস্টিটিউটের সামনে আড়াই শতাধিক বস্তিবাসী দরিদ্র পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাস থেকে নিজের নিরাপদ রাখতে মাস্ক, গোসলের সাবান, ব্লিচিং পাউডার, কাপড় কাচার গুড়া সাবান, স্যানিটারি প্যাডসহ বিভিন্ন প্রকারের স্বাস্থ্য সামগ্রী দেওয়া হয়।

ঢাকা উত্তর সিটির ২ নম্বার ওয়ার্ড কাউন্সিলর মো. সাজ্জাদ হোসেন উপস্থিত থেকে এসব বিতরণ করা হয়। ওই সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের মিরপুর আঞ্চলিক কর্মসূচির ব্যবস্থাপক যোয়ান্না ডি’ রোজারিও, ডা. এম. মাহমুদুল হক।

দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২০২

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২৯৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১২০২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৬৫।
আজ শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৯ হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৫৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৬০ হাজার ৫১২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮-এ।
ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত সোয়া ৪৫ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ। তবে ১৭ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তার কোনো আগ্রহ নেই এবং দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হতে পারে।
‌ফক্স বিজনেস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়।
ট্রাম্প বলেন, জানুয়ারি মাসে চীনের সঙ্গে তার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি ঠিকমতো রক্ষা করতে ব্যর্থ হয়েছে বেইজিং। বাণিজ্য চুক্তি তারা রক্ষা করেনি এবং আবারো একই ঘটনা ঘটতে দেয়া ঠিক হবে না।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, তবে এই মুহূর্তে চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে কথা বলতে চাই না।’
মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার চীনকে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটিদের ইউহানের ল্যাবরেটরিতে গিয়ে করোনা ভাইরাসের উৎস সম্পর্কে তদন্তের অনুমতি দিতে। তবে তা নিয়ে রয়েছে ধন্ধ।
ট্রাম্প জানিয়েছেন, ‘আমরা যেতে চাইলে তারা মুখের ওপর না করে দিয়েছে। আমাদের সাহায্য চাই না। আমার মনে হয়েছে সেটা ঠিক আছে কারণ তারা নিশ্চয় জানে তারা কি করছে। এটা নয় বোকামো নয় ইচ্ছাকৃত।’
এদিকে চীনা এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড এর বিশেষজ্ঞ কমিটির ডেপুটি চেয়ারম্যান লি ইয়ং বলেন, তার দেশ এখনো আশা করে বাণিজ্যের বিষয়টি যুক্তরাষ্ট্র রাজনীতিকীকরণ করবে না কারণ তা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপড়েন চলছে এবং দু পক্ষই একে অপরের বিরুদ্ধে শাস্তিমূলক বাড়তি বাণিজ্য শূল্ক আরোপ করেছে। পরে অবশ্য একটু চুক্তি হয়েছে তবে তা নিয়েও স্বস্তিতে নেই দু’দেশ।

‘স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে।
আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রতিনিধির মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের আগে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইস্ট করে অপপ্রচার তথা গুজব চালাচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যেই যারা মারা গেছেন, ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মারা গেছে। প্রকৃতপক্ষে মৃত্যুর পর পরীক্ষা করে দেখা যাচ্ছে কেউ পজিটিভ এবং নেগেটিভ দুটোই আসছে। এসব মৃত্যু নিয়েও অনেকে মিথ্যাচার করছে।
তিনি বলেন, করোনা ভাইরাসজনিত সৃষ্ট এ সংকটে ক্রাসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ৭৫ পরবর্তী ইতিহাসে নজিরবিহীন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এ ছাড়া ১ কোটি মানুষের মধ্যে রেশন কার্ড এবং ৫০ লাখ মানুষের মাঝে নগদ সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। ঈদকে সামনে রেখে এসব উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
পরে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির পক্ষ্য থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাঝে প্রতিনিধির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে এম রহমতুল্লাহ, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং উপ দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

বিশ্ব অর্থনীতির ৮.৮ ট্রিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা এডিবির

0

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ৫.৮ ট্রিলিয়ন থেকে ৮.৮ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অঙ্ক গত মাসে এডিবর করা পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি এবং বিশ্বের মোট উৎপাদনের ৬ দশমিক ৪ থেকে ৯ দশমিক ৭ শতাংশের সমান।
এডিবির এ নতুন পূর্বাভাস এমন সময়ে এলো যখন বিশ্বের বেশিরভাগ দেশ নতুন করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি একপাশে সরিয়ে রেখে অর্থনীতির চাকা সচলে একের পর এক বিধিনিষেধ শিথিল করছে।
কোভিড-১৯ এর বিস্তার রুখতে এর আগে দেশে দেশে আরোপ করা কঠোর বিধিনিষেধ বিশ্ব অর্থনীতিকে কার্যত অচল করে দিয়েছিল। মহামারীর ক্ষতিকর প্রভাব থেকে অর্থনীতিকে বাঁচাতে বিশ্বজুড়েই বিভিন্ন দেশের কর্তৃপক্ষ নানা আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমিয়েছে; বড় বড় সব প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে।
এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়ুকি সাওয়াদা বলেন, ‘নতুন এ বিশ্লেষণ অর্থনীতিতে কোভিড-১৯ এর সম্ভাব্য প্রভাব সংক্রান্ত একটি বিস্তৃত চিত্র হাজির করছে। অর্থনীতির ক্ষতি প্রশমনে নীতিগত হস্তক্ষেপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এটি তার উপরও আলোকপাত করছে।’
ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের উপর বিধিনিষেধ ছয় মাস পর্যন্ত বহাল থাকলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৮.৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়াতে পারে বলে অনুমান এডিবির।
আর বিধিনিষেধ তিন মাস থাকলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ ৫.৮ ট্রিলিয়ন ডলারে, বলছে তারা।
এশীয় উন্নয়ন ব্যাংকের গত মাসের পূর্বাভাসে নতুন করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ৪.১ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে জানানো হয়েছিল।
তবে কেবল এডিবিই নয়, মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি ধারণার চেয়ে বেশি হতে পারে বলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের কর্মকর্তারাও আশঙ্কা করছিলেন।
বিবিসি বলছে, বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের শ্রমশক্তির এক-চতুর্থাংশই এখন কোনো না কোনো আর্থিক সুবিধার মুখাপেক্ষী। গত সপ্তাহে দেশটির ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরমি পাওয়েল মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের গতি প্রাথমিক ধারণার চেয়েও শ্লথ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়

0

সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়ে দিয়ে ঈদের আগে সারাদেশে যাত্রীবাহী সব পরিবহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খবরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পদ্মাপাড়ে অপেক্ষায় প্রায় সাত শতাধিকের বেশি গাড়ি আছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন ফিরছেন। তাই উপচেপড়া ভিড় শিমুলিয়া ঘাট। করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি নিয়ে ফেরিগুলো কানায় কানায় পূর্ণ যাত্রীদের চাপে।
অন্যান্য কয়েকদিনের তুলনায় আজ শুক্রবার (১৫ই মে) সকাল থেকে যাত্রী ও গাড়ির চাপ অনেক বেশি। প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী গাড়ির দীর্ঘলাইন। তবে, ঢাকাগামী যাত্রীদের চাপ তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রীদের যাতায়াত করতে দেখা যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চলাচল করছে ১৪টি ফেরি। ঢাকা থেকে অনেক যাত্রী ও গাড়ি ফিরছেন যারা পদ্মাপাড়ি দিয়ে ওপারে যাবেন। ঘাট এলাকায় পার হওয়ার অপেক্ষায় আছে প্রায় সাত শতাধিকের বেশি গাড়ি। গাড়ির দীর্ঘ লাইন মাওয়া চৌরাস্তা পর্যন্ত ছাড়িয়েছে। ফেরিগুলোতে যাত্রীদের চাপ সামলানো যাচ্ছে না। গাদাগাদি করে কানায় কানায় পূর্ণ ফেরিগুলো। আজকের শিমুলিয়া ঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রণহীন।

জাতীয় গ্রিডে বিসিপিসিএল’র বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু

0

সফলভাবে সকল পরীক্ষা-নীরিক্ষা সম্পন্ন করে বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানি লিমিটেড (বিসিপিসিএল)-এর প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ করোনার এই পরিস্থিতিতেও বিসিপিসিএল-এর কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, উন্নয়নের গতিধারা অব্যাহত রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিশ্রুত কার্যক্রম বাস্তবায়ন করতে আন্তরিকভাবে কাজ করছি। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে, যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করার অনুরোধ করান।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানি লিমিটেড (বাংলাদেশ) ও সিএমসি (চীন) এর যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানি লিমিটেড (বিসিপিসিএল) পটুয়াখালির পায়রায় ১৩২০ মেগাওয়াট (২ X ৬৬০) কয়লা চালিত তাপ বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে।

বাণিজ্যিক উদ্যোগে কয়লা চালিত আল্টা সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে এটাই প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদনে আসলো। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়ে জাতীয় গ্রীডে বিদ্যুৎ আসবে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ২০২০ বিদ্যুৎ কেন্দ্র হতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ পরীক্ষামূলকভাবে সিঙ্ক্রোনাইজ করা হয়েছিল।

চট্টগ্রামে এক লাখ ৮০ হাজার কর্মহীন মানুষ পাচ্ছেন নগদ অর্থ

0

চট্টগ্রামে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া এক লাখ ৮০ হাজার মানুষ সরকারি নগদ অর্থ পাচ্ছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ উপকারভোগীদের কাছে পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধনের পরপরই চট্টগ্রামের জেলা প্রশাসক এক লাখ ৮০ হাজার কর্মহীন মানুষের তালিকা অনলাইনে আইলোড করেন।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সময় চট্টগ্রামে জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি ঊর্ধ্বর্তন কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরের্শনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিভাগীয় কমিশনার এ বি এম আজাদসহ পদস্থ কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই উপকারভোগীদের মোবাইলে ম্যাসেজ আসে। পরক্ষণে ব্যাংকিং এজেন্টের কাছ থেকে টাকা নগদ করে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন সময়ে সরকারের পক্ষ থেকে চট্টগ্রামে পাঁচ লাখ ৭৯ হাজার ১৯০টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরীর ১২টি ওয়ার্ড এবং ১০টি পৌরসভায় ৫১ হাজার কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২০ কেজি চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের বাকি ২৯টি ওয়ার্ড ও পাঁচটি পৌরসভায় তালিকা প্রস্তুত হচ্ছে।

ভার্চুয়াল শুনানির চতুর্থ দিনে জামিন পেলেন ১৮২১ জন

0

সারা দেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানির চতুর্থ দিন ছিল আজ বৃহস্পতিবার। এদিন সারা দেশে ১৮২১ ব্যক্তিকে জামিন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সারা দেশের আদালতগুলোতে ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালুর পর চতুর্থ দিনেই এই জামিন মঞ্জুর করা হয়েছে। আগের দিন বুধবার ১০১৩ জন, মঙ্গলবার ১৪৪ জন এবং সোমবার এক জনের জামিন মঞ্জুর করা হয়েছিল।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধুমাত্র জামিন আবেদনের শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবর।

এরপর ১১ মে সোমবার থেকে জামিন শুনানি শুরু হয়। সর্বপ্রথম ওই দিন কুমিল্লা জেলা ও দায়রা জজ এক আসামিকে জামিন দেন। এরপর থেকে সারা দেশে নিম্ন আদালতে একেরপর এক আসামির জামিন মঞ্জুর করা হচ্ছে।