Home Blog Page 2954

ঢাকায় যাত্রীবাহী বিমানে কার্গো ফ্লাইট শুরু করেছে এমিরেটস

0

ঢাকায় আবার নিয়মিত কার্গো ফ্লাইট শুরু করেছে এমিরেটস এয়ারলাইনের পণ্য পরিবহন শাখা এমিরেট্স স্কাইকার্গো। ফ্লাইটগুলো সপ্তাহে দু-দিন মঙ্গল ও বৃহস্পতিবার চলাচল করবে এবং দেশীয় শিল্পপণ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে। ফ্লাইট পরিচলায় ব্যবহৃত যাত্রীবাহী বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের বেলিহোল্ড এবং যাত্রী আসনে পণ্য পরিবহন করা হচ্ছে।

বাংলাদেশে এমিরেটসের কার্গো ম্যানেজার শেখ ইদ্রীস আলী বলেন, ‘বাংলাদেশের বাণিজ্য উন্নয়নে এমিরেটস সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশ্বব্যাপী বাণিজ্য সহযোগী দেশগুলোর সঙ্গে সাপ্লাই চেইন পুনঃস্থাপনের মাধ্যমে স্থানীয় শিল্পের সহায়তায় গুরত্বপূর্ণ ভূমিকা রাখছি আমরা।

তিনি বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে কার্গো শিল্পের ভূমিকা অনেক বেশী গুরত্বপূর্ণ। এমিরেটস ফার্মা থেকে শুরু করে এমিরেটস ফ্রেশ পর্যন্ত সকল সেবা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তাপ সংবেদনশীল সকল পণ্যের ক্ষেত্রে সার্বক্ষণিক কুল চেইন বজায় রাখা এবং পুরো সাপ্লাই চেইনে নিরবিচ্ছিন্নতা নিশ্চিত করা সম্ভব হয়।’

বাংলাদেশ থেকে ইউরোপ এবং আমেরিকায় তৈরি পোশাক, পিপিই ও মাস্ক, ঔষধ, পচনশীল পণ্য এবং কুরিয়ার সামগ্রী পরিবহনের আশা করছে এমিরেটস স্কাইকার্গো। অন্যদিকে সম্ভাব্য আমদানী পণ্যের মধ্যে রয়েছে শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি ও কাঁচামাল।

এমিরেটস স্কাইকার্গো বর্তমানে বিশ্বের ৭০টি দেশে দৈনিক প্রায় ১০০ সিডিউল কার্গো ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে বোয়িং ৭৭৭ ফ্রেইটার এবং যাত্রীবাহী বোয়িং ৭৭৭-৩০০ ইআর। এসব গন্তব্য ছাড়াও অন্যান্য গন্তব্যেও পরিচালিত হচ্ছে চার্টার ফ্লাইট।

জানা গেছে, এমিরেটসের এই কার্গো ডিভিশন তাদের কার্যক্রম যথেষ্ঠ পরিমাণে বৃদ্ধি করেছে এবং দৈনিক প্রায় তিন হাজার টন মালামাল ব্যবস্থাপনা করছে। এমিরেটস বর্তমান বাংলাদেশ থেকে নিউইয়র্ক, ওয়াশিংটন, লসএঞ্জেলস, শিকাগো, সাও পাওলো, লন্ডন, মাদ্রিদ, প্যারিস, ব্রাসেলসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটে কার্গো পরিবহণ সুযোগ দিচ্ছে।

ঢাকা ছাড়লেন ১৯৭ থাই নাগরিক

0

বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন থাইল্যান্ডের আরো ১৯৭ জন নাগরিক। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় থাই লায়ন এয়ারের ফ্লাইটে নাগরিকরা দেশের পথে রওনা হন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফোথং হামফ্রেইস ও দূতাবাসের কর্মকর্তারা।

থাই নাগরিকদের দেশে ফেরত পাঠানোর কাজে সর্বাত্মক সহযোগিতা দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে থাইল্যান্ড দূতাবাস।

এর আগে গত ১৭ এপ্রিল প্রথম একটি ফ্লাইটে ৩৫ জন নাগরিক থাইল্যান্ড ফিরে যান। এ ছাড়া আরো নাগরিককে দেশে ফেরাতে আরেকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে।

মসজিদে ঈদের নামাজ আদায়ে ১৩ শর্ত

0

করোনাভাইরাস পরিস্থিতিতে এবার ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মানাসহ ১৩ শর্তে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উম্মুক্ত স্থানে বড় পরিসরে ঈদের জামায়াত পরিহারের নির্দেশনা প্রদান করে বর্তমানে বিদ্যমান বিধি বিধান অনুযায়ী ঈদের জামায়াত আয়োজন সংক্রান্ত নির্দেশনা প্রদান করে।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রি পরিষদ বিভাগের নির্দেশতার ধারাবাহিকতায় জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশাবলি অনুসরণপূর্বক বিশেষ সতর্কতামূলক বিষয়াদি অনুসরণপূর্বক নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত আদায়ের জন্য অনুরোধ করা হলো। মূলত, এর আগে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজের জামাতের শর্তগুলোই ঈদের জামাতের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে।

১৩ দফা শর্তে বলা হয়, ইসলামী শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে করোনা ভাইরাস পরিস্থিতিজনিত ওজরের কারণে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এবছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াত অনুষ্ঠিত হবে; ঈদের নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করতে হবে। মুসল্লীগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন; করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে ওযুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে; মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে; প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে; ঈদের নামাজের জামায়াতে আগত মুসল্লীকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। আরও শর্ত হচ্ছে-মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না; ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাঁড়াতে হবে; এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে; শিশু, বয়োবৃদ্ধ, যে কোন অসুস্থ্য ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না; সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত কল্পে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে; করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে; করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামগণকে অনুরোধ করা যাচ্ছে; এবং খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত নির্দেশনা লংঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমন রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হলো।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে মসজিদে জামাতে নামাজের ওপর বিধিনিষেধের প্রায় একমাস পর আলেম-ওলামাদের দাবির প্রেক্ষিতে গত ৭ মে জোহরের ওয়াক্ত থেকে কিছু নির্দেশনা পালনের শর্তে মসজিদসমূহ সুস্থ্য মুসল্লিদের উপস্থিতিতে জামায়াতে নামাজের জন্য অনুমতি প্রদান করে ধর্ম মন্ত্রণালয়।

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত প্রায় ৪৪ লাখ

0

করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৪ লাখ মানুষ। আর বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই লাখ ৯৫ হাজারের বেশি মানুষের। তবে, বিশ্বে সুস্থ হয়েছেন ১৬ লাখের বেশি মানুষ।

শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। দেশটিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৮৪ হাজার। একদিনে প্রাণ গেছে ১ হাজার ৬শ’ ৩০ জনের।

আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও স্পেনের পরই এখন রাশিয়ার অবস্থান। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। মৃত্যু ছাড়িয়েছে ২ হাজার। গত ১০ দিনে প্রতিদিনই ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন রাশিয়ায়।

এদিকে, মৃতের সংখ্যায় স্পেনে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সেও মৃতের সংখ্যা প্রায় ২৭ হাজার। যুক্তরাজ্যে একদিনে প্রাণ গেছে ৪শ’ ৯৪ জনের। মোট মৃত্যু হয়েছে ৩৩ হাজারের বেশি মানুষের। তবে, স্পেন ও ইতালিতে কমেছে মৃত্যুহার।

ব্রাজিলেও থেমে নেই করোনায় মৃত্যু। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজারের বেশি। মোট প্রাণহানি ছাড়িয়েছে ১২ হাজার।

অন্যদিকে, নতুন করে করোনা সংক্রমণ শনাক্তের পর চীনের জিলিন শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের লকডাউন তুলে নিলে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউজের স্বাস্থ্য বিষয়ক টাস্ক ফোর্সের পরামর্শদাতা অ্যান্থনি ফাউসি। মঙ্গলবার সিনেটে করোনা পরিস্থিতি নিয়ে সাক্ষ্য দেয়ার সময় এ সতর্কবার্তা দেন তিনি।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়াল

0

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ১৯৪ জনে পৌঁছেছে। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনাভাইরাসের কারণে এখনও পর্যন্ত মোট ২ হাজার ৫৫১ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে, করোনা আক্রান্ত ৩ হাজার ৭৬৩ নতুন রোগী পাওয়া গেছে। এ পর্যন্ত ২৬ হাজার ৪০০ জন রোগী করোনা মুক্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

সরকারি হিসাব অনুযায়ী- করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯২২। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যটিতে ১ হাজার ৪৯৫ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে একইসময়ে, করোনাভাইরাসের কারণে ৫৪ জন মারা গেছে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৯৭৫ জনে পৌঁছেছে।

দ্বিতীয়স্থানে থাকা গুজরাটে এ পর্যন্ত ৯ হাজার ২৬৭ জন আক্রান্ত এবং ৫৬৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩৬৪ নয়া সংক্রমণ ও ২৯ জনের মৃত্যু হয়েছে।

তামিলনাড়ুতে ৯ হাজার ২২৭ জন আক্রান্ত এবং ৬৪ জন মারা গেছেন। রাজধানী দিল্লিতে ৭ হাজার ৯৯৮ জন আক্রান্ত এবং ১০৬ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ২ হাজার ২৯০ জন আক্রান্ত ও ২০৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৭ টি নয়া সংক্রমণ ও ৯ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে ফের পড়ে যেতে পারে তেলের দাম

0

আবারো আমেরিকায় তেলের দাম ব্যাপকভাবে কমে যেতে পারে এবং তা জিরো ডলারের নিচে নেমে যেতে পারে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের জুন কন্টাক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এই ঝুঁকি তৈরি হয়েছে। আগামী ১৯ মে কন্টাক্ট শেষ হবে।
মার্কিন কমোডিটিস রেগুলেটর দেশটির ব্রোকারস, এক্সচেঞ্জ এবং ক্লিয়ারিং হাউসগুলোকে এ সতর্কবার্তা দিয়েছে। এর আগে এপ্রিল মাসে স্মরণকালের সবচেয়ে কম দামে আমেরিকায় জ্বালানি তেল বিক্রি হয়েছে যা জিরো ডলারের নিচে নেমে যায়। এ ধরনের দরপতন হলে ব্যবসায়ী এবং ফিউচার ব্রোকারদেরকে নতুন করে ক্ষতির মুখে পড়তে হবে।
আমেরিকার কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন বা সিএফটিসি বলছে, “মে মাসে অসম্ভব রকমের অস্থিতিশীলতা এবং নেতিবাচক দামের অভিজ্ঞতা থেকে আমরা এই সতর্কবার্তা উল্লেখ করছি।”
আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর লকডাউনের কারণে ব্যাপকভাবে তেলের ব্যবহার কমে যায়।

করোনায় মানসিক স্বাস্থ্য সংকটের ঝুঁকিতে বিশ্ব : জাতিসংঘ

0

করোনাভাইরাসের মহামারি বিশ্বজুড়ে বড় ধরনের মানসিক স্বাস্থ্য সংকটের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মহামারির কারণে সৃষ্ট মানসিক দুর্ভোগ সামাল দিতে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।
নিউইয়র্কে এক পলিসি ব্রিফিং উদ্বোধনের সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দশকের পর দশক ধরে মানসিক স্বাস্থ্যসেবা খাতকে অবহেলা করা হয়েছে আর বিনিয়োগ করা হয়েছে কম। ফলে কোভিড-১৯ মহামারি পরিবার এবং সম্প্রদায়ের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে চীনের উচান শহর থেকে গত বছরের শেষ দিকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে ৪৩ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় তিন লাখ মানুষের।
জাতিসংঘের পলিসি ব্রিফিংয়ে বলা হয়েছে, মহামারির শুরুর দিকে মানসিক স্বাস্থ্যের সুরক্ষাই মূল উদ্বেগ ছিল। তবে বর্তমানে বিশ্বের জনসংখ্যার বড় একটি অংশের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করছে এই মহামারি।
ওই ব্রিফিং উদ্বোধন করে দেওয়া এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘মহামারি নিয়ন্ত্রণে চলে আসার পরেও দুঃখ, উদ্বেগ আর হতাশা মানুষ ও জনগোষ্ঠীকে আক্রান্ত করতে থাকবে। নিজের বা প্রিয়জনের করোনা সংক্রমণ কিংবা এতে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা থেকে সৃষ্ট মানসিক চাপকে গুরুত্ব দেওয়া হয় জাতিসংঘের ওই ব্রিফিংয়ে। এ ছাড়া মহামারির কারণে জীবিকা হারিয়ে ফেলা কিংবা হারানোর ঝুঁকিতে থাকা, প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকা কিংবা কঠোর লকডাউন পরিস্থিতি মেনে চলার কারণে বহু মানুষের ওপর তৈরি হওয়া মানসিক চাপের ওপরও গুরুত্ব দেওয়া হয় এতে।
বৃহস্পতিবার জাতিসংঘের পলিসি ব্রিফিংয়ে বেশ কয়েকটি দেশের জাতীয় গবেষণার প্রতিও জোর দেওয়া হয়। এসব গবেষণায় মানসিক চাপ দ্রুত গতিতে বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। ইথিওপিয়ার আমহারা অঞ্চলে পরিচালিত এমন এক গবেষণায় দেখা গেছে সেখানকার ৩৩ শতাংশ মানুষ হতাশাজনিত লক্ষণে ভুগছে। মহামারি পূর্ববর্তী সময়ের চেয়ে এই সংখ্যা তিন গুণ বেশি।
মহামারির আগে বিভিন্ন দেশ গড়ে স্বাস্থ্য খাতের মোট বাজেটের মাত্র দুই শতাংশ মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার তথ্য উল্লেখ করে জাতিসংঘের ব্রিফিংয়ে এই খাতে ব্যাপক পরিমাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়।

দূরত্ব মেনে মসজিদে হবে ঈদের জামাত

0

৩০শে মে পর্যন্ত সাধারণ ছুটিতে জনসাধারনের চলাফেরায় নিষেধাজ্ঞার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসময় এক জেলা থেকে অন্য জেলা বা উপজেলায় চলাচল করা যাবে না।

এবার দূরত্ব মেনে মসজিদে হবে ঈদের জামাত। মসজিদে ঈদের জামাতের বিষয়ে ১৩টি বিধিমালা দিয়ে একথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এসবের মধ্যে রয়েছে নামাজের আগে মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা, মসজিদের প্রবেশস্থল ও ওযুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখা, প্রত্যেক মুসল্লির মাস্ক পরা, এক কাতার অন্তর অন্তর কাতার করা ও নামাজ শেষে কোলাকুলি না করা।

এছাড়া ছুটির সময় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। দোকানপাট এবং শপিংমল বিকাল ৪টা মধ্যে বন্ধ করতে হবে। তবে জরুরি সেবা স্বাভাবিক থাকবে। সড়ক ও নৌপথে পণ্য পরিবহণ চলাচল অব্যাহত থাকবে। এসময় কোন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। সাধারণ ছুটি চলাকালীন সময়ে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না।

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

0

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আনিসুজ্জামান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

গত মঙ্গলবার (১২ মে) তার ছেলে আনন্দ জামান জানিয়েছিলেন, তার বাবার হার্ট, কিডনিতে জটিলতা রয়েছে।

এর আগে বার্ধক্যজনিত সমস্যার কারণে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে ৩ মে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) স্থানান্তর করেন।

কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ৯ মে অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

এপ্রিলের প্রথম সপ্তাহেও একই ধরনের সমস্যার কারণে অধ্যাপক আনিসুজ্জামানকে একবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খ‌্যাতিমান অধ‌্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। ভারত ভাগের পর তারা এপারে চলে আসেন।

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আনিসুজ্জামান। এই ভূখণ্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রয়েছে তার।

৩০ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত

0

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের স্থগিতাদেশ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ স্থগিতাদেশ বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের ক্ষেত্রে কার্যকর হবে।

তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও বিশেষ ফ্লাইট পরিচালনা কার্যক্রম এ স্থগিতাদেশের আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশে বিমান চলাচলে বেবিচকের নিষেধাজ্ঞা জারি করার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছিল বিমান। এরপর তা বাড়িয়ে ১৫ মে করা হয়। আবারো তা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হলো।

দেশের সব অভ্যন্তরীণ রুট ছাড়াও আন্তর্জাতিক ১৭টি রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান। কোভিড-১৯ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে যাত্রীগণ আগামী ১৪ মার্চ, ২০২১ সাল পর্যন্ত কোনো প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন অথবা এ সময়ের মধ্যে মূল্য ফেরত নিতে পারবেন।