Home Blog Page 2956

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘জীবাণুমুক্তকরণ’ চেম্বার তৈরি বুয়েটের ১১ সাবেক শিক্ষার্থীর

0

করোনাভাইরাসের সংক্রমণ থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে জীবাণুমুক্তকরণ চেম্বার তৈরি করেছেন বুয়েটের সাবেক ১১ শিক্ষার্থী। প্রথমবারের মতো বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে এই চেম্বারের ব্যবহার শুরু হয়েছে।

আজ বুধবার (১৩ মে) কুয়েত মৈত্রী হাসপাতালের পরিচালক ডা. সারোয়ারের কাছে এই চেম্বার হস্তান্তর করেন সাবেক বুয়েট শিক্ষার্থীরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ বি এম তৌফিক হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণালব্ধ উপাত্তের ভিত্তিতে, দেশীয়ভাবে তৈরি করা জীবাণুমুক্তকরণ এই চেম্বার তৈরি করা হয়েছে। জীবাণুমুক্তকরণ চেম্বার তৈরির এই ‘সেইফ টু ডফ’ দলের সদস্যরা সবাই বুয়েটের ‘যাযাবর ৯৭’ ব্যাচের শিক্ষার্থী। বেশিরভাগ স্বাস্থ্যকর্মীই পিপিই ছাড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

এই ভাবনা থেকে কভিড-১৯ দুর্যোগের শুরু থেকেই দলটি ডাক্তারদের নিরাপত্তা নিয়ে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে তৈরিকৃত এই চেম্বারটি কুয়েত মৈত্রী হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। তৈরিকৃত দ্বিতীয় চেম্বারটি আগামী সপ্তাহে কুর্মিটোলা হাসপাতালে হস্তান্তর করা হবে।

আরো জানানো হয়, ‘চেম্বারটিতে সহজলভ্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ অটো সেন্সর বেসড সিস্টেম দিয়ে পরিচালিত চেম্বার কোনো স্পর্শ ছাড়াই কাজ করবে। এই সেন্সর-বেসড অটোমেটিক চেম্বার ব্যবহারে ডাক্তার/স্বাস্থ্যকর্মীদের সংক্রমিত হওয়ার কোনো ঝুঁকি নেই। শুধুমাত্র ফুল সেট পিপিই (গাউন, এন-৯৫ মাস্ক, গগলস, গ্ল্যাভস) পরিধানরত অবস্থায় এই চেম্বার ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্মাতা প্রকৌশলীরা।

এই বিষয়ে ডেভেলপমেন্ট টিমের সদস্য সামিউন নবী বলেন, ডাক্তারদের সঙ্গে যোগাযোগকালে আমরা জানতে পারি যে, অনেক স্বাস্থ্যকর্মীই দ্রুত পিপিই ছাড়তে গিয়ে জীবাণু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়েন। ঝুঁকি কমাতে পিপিই খোলার আগে প্রাথমিকভাবে এটা জীবাণুমুক্ত করতে একটা সিস্টেম ডেভেলপ করতে পারলে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বেশ কিছুটা ইম্প্রুভ করতে পারে। এই প্রয়োজন মেটানোর জন্যই চেম্বারটি তৈরি করা হয়েছে।

টিমের সদস্য বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক এ বি এম তৌফিক হাসান বলেন, বুয়েটের মেকানিক্যাল ল্যাবে পাম্প ব্যবহার করে ডিসইনফেক্টেন্ট এর মিশ্রণে ধোঁয়া তৈরি করে চেম্বারের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে. এই সেন্সর-বেসড অটোমেটিক চেম্বার ব্যবহারে ডাক্তার/স্বাস্থ্যকর্মীদের সংক্রমিত হওয়ার কোনো ঝুঁকি নেই।’

গরম মসলার দাম বেধে দিল সরকার

0

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গরম মসলার দাম বেধে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয় এসব জিনিসের দাম বেধে দেয়। এতে ব্যবসায়ীরাও একমত হয়েছেন। বুধবার বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, বুধবার এবিষয়ে মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি বিভাগের অতিরিক্ত সচিব মো. ওবাইদুল আজম। বৈঠকে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি এনায়েতুল্লাহসহ ৬ জন উপস্থিত ছিলেন।

এসময় ব্যবসায়ীরা মসলার বাজার পরিস্থিতি তুলে ধরেন। মন্ত্রণালয়েল পক্ষ থেকে কভিড-১৯ এর প্রেক্ষিতে আসন্ন ঈদে কিভাবে মসলার বাজার স্থিতিশীল রাখা যায় সে বিষয়ে আলোচনা হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে মূল্য নির্ধারণ করা হয়। ঈদ আসলেই অন্যান্য পণ্যের মতো গরম সমলার চাহিদাও বাড়ে। এতে এসব পণ্যের দামও বেড়ে যায়। এর প্রেক্ষিতে এবার দাম নির্ধারণ করে দেওয়া হলো।

বেধে দেয়া মূল্য অনুসারে, পাইকারিতে জিরা বিক্রি হবে ৩০০ থেকে ৩৪০ টাকা কেজি, দারুচিনি (চিন) ৩১০ থেকে ৩৩০ টাকা কেজি, দারুচিনি (ভিয়েতনাম) ৩৫০ টাকা থেকে ৩৭০ টাকা কেজি, লবঙ্গ ৬৮০ থেকে ৭২০ টাকা কেজি, এলাচ ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা কেজি, গোলমরিচ (সাদ) ৫৫০ থেকে ৫৮০ টাকা কেজি, গোলমরিচ ৩৬০ টাকা থেকে ৩৮০ টাকা কেজি দামে বিক্রি করতে হবে।

করোনার ‘অলৌকিক ওষুধ’ বিক্রি! অস্ট্রেলিয়ায় চার্চকে জরিমানা

0

অবৈধভাবে করোনামুক্তির ‘অলৌকিক ওষুধ’ বিক্রির নামে প্রতারণার দায়ে অস্ট্রেলিয়ার একটি চার্চকে জরিমানা করেছেন দেশটির থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ)। চার্চটি অবৈধভাবে করোনা থেকে মুক্তির ওষুধ পাওয়া যাচ্ছে বিজ্ঞাপন দিয়ে অলৌকিক ওষুধ বিক্রি শুরু করে।

টিজিএ বুধবার বলেছে যে, অস্ট্রেলিয়ায় একটি গির্জায় অবৈধভাবে একটি ব্লিচ পণ্য বিক্রি করছে, যেটাতে অলৌকিক করোনা মুক্তির ক্ষমতা রয়েছে বলে বিজ্ঞাপনও প্রচার করে। এভাবে প্রতারণার মাধ্যমে জনগণকে ঠকানোর দায়ে গির্জাটিকে জরিমানা করা হয়েছে।

মেডিক্যাল রেগুলেটরি অথরিটি জানিয়েছে যে, গির্জাটিকে তার ‘মিরাকল মিনারেল সলিউশন’ (এমএমএস) বিক্রি ও প্রচারের জন্য মোট ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। টিজিএ বলেছে যে, মিরাকল মিনারেল সলিউশন নামে যে পানীয় বিক্রি করা হচ্ছে সেটাতে উচ্চ ঘনত্বের সোডিয়াম ক্লোরাইট রয়েছে, মূলত টেক্সটাইল ব্লিচিং এজেন্ট হিসাবে এই রাসায়নিকটি ব্যবহৃত হয়। মানবদেহের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর।

মিরাকল মিনারেল বিক্রিতে জড়িত চার্চটি মূলত মার্কিন বেজড জেনেসিস ২ চার্চ অফ হেলথ অ্যান্ড হিলিংয়ের একটি শাখা। মার্কিন যুক্তরাষ্ট্রে বিচার বিভাগের আদেশের অধীনে এটি ব্লিচ প্রোডাক্ট ক্লোরিন ডাই অক্সাইডযুক্ত মিনারেল বিক্রি করতে পারে না।

জেনেসিস চার্চটির সঙ্গে সংযুক্ত একটি ওয়েবসাইটে মিরাকল মিনারেলের প্রশংসা করে একটি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে যেখানে কোন প্রমাণ ছাড়াই দাবি করা হয়েছে – এমএমএস আলঝাইমার থেকে ম্যালেরিয়া পর্যন্ত সমস্ত কিছু নিরাময় করতে পারে।

টিজিএ বলেছে যে, ‘তারা চার্চকে জরিমানা করেছে কারণ এটি মিরাকল মিনারেল নামে যে রাসায়নিক বিক্রি করছে সেটা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কোনো ক্লিনিক্যাল ট্রায়াল, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত প্রমাণ নেই যে এমএমএস কোনো রোগ নিরাময় বা উপশম করতে পারে।’

এই রাসায়নিক পানে গুরুতর স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হতে পারে। বমি বমি ভাব, ডায়রিয়া এবং মারাত্মক ডিহাইড্রেশন হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে হাসপাতালেও ভর্তি হওয়া লাগতে পারে।

সূত্র- আল আরাবিয়া।

করোনা রুখতে আরো ৮৫০ কোটি টাকা দিচ্ছে এডিবি, চুক্তি সই

0

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে আরো দশ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫০ কোটি টাকা। আজ বুধবার সরকার ও এডিবির মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

চুক্তিতে সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন। আর এডিবির পক্ষে সই করেন সংস্থাটির ঢাকা কার্যালয়ের আবাসিক পরিচালক মনমোহন প্রকাশ।

এর আগে বাজেট সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সঙ্গে ৫০ কোটি ডলার ঋণচুক্তি করেছিল এডিবি। চুক্তি সই অনুষ্ঠানে মনমোহন প্রকাশ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার স্বাস্থ্য খাতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য খাতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমি বিশ্বাস করি, এডিবির ঋণে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতি ঘটবে।

ঢাকার এডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে, ঋণের ৮৫০ কোটি টাকা দিয়ে কভিড-১৯ মোকাবেলায় যত দ্রুত সম্ভব স্বাস্থ্য সরঞ্জাম কেনা হবে। স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতা বাড়ানো হবে। ‘কভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স’ প্রকল্পের আওতায় ১৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন সেন্টার এবং আইসিইউ ইউনিট স্থাপন করা হবে। বিদ্যমান ১৯টি ল্যাবরেটরি আধুনিকায়ন করা হবে। তিন হাজার পাঁচশ স্বাস্থ্যকর্মীকে দক্ষ করে তোলা হবে। যাদের মধ্যে ৫০ শতাংশ থাকবে নারী। সম্প্রতি যেসব নার্সদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে দক্ষ করে তোলা হবে।

এডিবি থেকে জানানো হয়েছে, এই দশ কোটি ডলার ঋণের সুদের হার হবে দুই শতাংশ। দশ বছর গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে এই ঋণ পরিশোধ করতে পারবে সরকার।

উল্লেখ্য, কভিড-১৯ মোকাবেলায় এডিবি গত ১৩ এপ্রিল যে ২০ বিলিয়ন ডলার প্যাকেজ ঘোষণা করেছে, তার অংশ হিসেবে আজ দশ কোটি ডলার ঋণচুক্তি সই হলো।

‘করোনার ক্ষতি থেকে উত্তরণে কাজ করছে পল্লী উন্নয়ন বিভাগ’

0

করোনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে কর্মপরিকল্পনা প্রণয়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

করোনা ভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের ক্ষতিকর প্রভাব থেকে উত্তরণে করণীয় নির্ধারণ এবং কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য বুধবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় নভেল করোনাভাইরাস এর মহামারিজনিত কারণে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার কি পরিমান ক্ষতি হয়েছে, এই ক্ষতি কি ভাবে কাটিয়ে ওঠা যায়, দারিদ্র্য বিমোচনে আগামীতে কিভাবে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখা যায়, এসকল বিষয়ে দপ্তর সংস্থার প্রধানগণ মতামত প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, করোনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। দেশের দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সরাসরি অবদান রাখছে। এই দুর্যোগে আমাদের আরও সক্রিয় হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা সর্বাত্বকভাবে কাজ করে যাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ছাড়া এই দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত মাঠ পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রাখার অংশ হিসাবে গণ-পরিবহন, অন্যান্য যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতোমধ্যে কিছু কিছু এলাকা লক ডাউন হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের আরও কিছু এলাকা লক ডাউনের আওতায় আসতে পারে।

এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও ঔষধ ব্যতীত অন্যান্য মালামাল বিপণন বন্ধ রয়েছে। এ অবস্থার প্রেক্ষিতে সদস্যগণ ঋণ নিয়ে বিভিন্ন কাজে বিনিয়োগ করলেও বর্তমানে পণ্য উৎপাদনে নিয়োজিত সদস্যগণ কাঁচামাল সরবরাহ ও উৎপাদিত পণ্য বিপণন করতে না পারায় সুফল পাচ্ছে না। ফলে, উপকারভোগী সদস্যদের একদিকে যেমন পূর্বের ঋণ পরিশোধের সক্ষমতা নেই, অন্যদিকে পিডিবিএফ এর অপর্যাপ্ত ঋণ তহবিলের কারণে নতুন করে এসকল উপকারভোগীদের পুনরায় ঋণ প্রদান করা সম্ভব হবে না। এ বিভাগের আওতায় প্রায় দেড় কোটি মানুষের দারিদ্র্য বিমোচনে সরাসরিভাবে জড়িত।

সভায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, অতিরিক্ত সচিব মোঃ আফজাল হোসেন, পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম, এসএফডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ এইচ এম আব্দুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সারা দেশে ভার্চুয়াল শুনানি, তৃতীয় দিনে ১০১৩ ব্যক্তির জামিন

0

সারা দেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানির তৃতীয় দিন ছিল আজ বুধবার। এদিন সারা দেশে ১০১৩ ব্যক্তির জামিন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সারাদেশের আদালতগুলোতে ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালুর পর তৃতীয় দিনেই এই জামিন মঞ্জুর করা হয়েছে। আগের দিন ১৪৪ জনের জামিন মঞ্জুর করা হয়েছিল।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধুমাত্র জামিন আবেদনের শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবর।

এরপর ১১ মে সোমবার থেকে জামিন শুনানি শুরু হয়। সর্বপ্রথম ওই দিন কুমিল্লা জেলা ও দায়রা জজ এক আসামিকে জামিন দেন। দ্বিতীয় দিন মঙ্গলবার সারাদেশে ১৪৪ জনের জামিন মঞ্জুর করা হয়েছিল।

শহরে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ হবে

0

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশে সাধারণ ছুটি আরেক দফা বাড়ানো হচ্ছে। তবে শহরের মধ্যে ব্যক্তিগত গাড়ি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, ঈদের ছুটির আগের চার দিন আর পরের দুই দিন মিলে এই সাধারণ ছুটি বাড়বে।

ঈদের ছুটি রয়েছে ২৪, ২৫ ও ২৬ মে। সেক্ষেত্রে ২৮ মে তারিখ পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় সাধারণ ছুটি হবে ৩০ মে পর্যন্ত। গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি চলছে।

সাধারণ ছুটির সময় কড়াকড়ি থাকবে এবং এ সময় গণপরিবহন যেমন বন্ধ থাকবে, তেমনই কোন ধরনের ব্যক্তিগত গাড়িও এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করতে পারবে না এবং শহরের মধ্যে এগুলোর চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, খুব দ্রুতই ছুটির প্রজ্ঞাপন জারি হতে পারে। ওই প্রজ্ঞাপনে ছুটির শর্তগুলো জানিয়ে দেয়া হবে।

এর আগে সর্বশেষ সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ২৬ মার্চ থেকে প্রথম দফার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

ভারত-পাকিস্তান যৌথভাবে বানাবে করোনার ওষুধ রেমডেসিভির

0

করোনা মোকাবেলায় এখন পর্যন্ত একমাত্র আশার আলো দেখানো মার্কিন ওষুধ রেমডেসিভির তৈরির উদ্যোগ নিয়েছে ভারত-পাকিস্তান। দেশ দুটিকে এরই মধ্যে রেমডেসিভির তৈরিতে অনুমতি দিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট গিলেড সায়েন্স। এই ওষুধ তৈরিতে বিশ্বের ১২৭টি দেশের ফার্মাসিউটিক্যাল কম্পানির সঙ্গে চুক্তি করেছে গিলেড সায়েন্সেস। যার মধ্যে রয়েছে ভারতের তিন সংস্থা সিপলা, হেটেরো ল্যাব ও জুবিল্যান্ট লাইফসায়েন্সেস।

মার্কিন ফার্মা জায়ান্ট জানিয়েছে, বিশ্বের ১২৭টি দেশের ফার্মাসিউটিক্যাল কম্পানিগুলোর সঙ্গে চুক্তি হয়েছে। ভারতের তিন সংস্থা ছাড়াও রয়েছে পাকিস্তানের ওষুধ নির্মাতা সংস্থা ফিরোজসন্স ল্যাবোরেটরিস ও পেনসিলভানিয়ার ফার্মা কোম্পানি মাইল্যান। আরো পাঁচটি সংস্থাকে নিজেদের চাহিদা ও সুবিধা মতো ওষুধের দাম নির্ধারণ করার অনুমতি দিয়েছে মার্কিন কম্পানিটি। তবে এই পাঁচটি সংস্থার প্রস্তুত করা ওষুধ বিশ্বের ১২৭টি দেশে পৌছে দেওয়া হবে বলে জানা গেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদ্যোগে ভারতে এরই মধ্যে রেমডেসিভির ওষুধের উপকরণ বানানো শুরু হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (আইসিআইআর)-এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজি ল্যাবে রেমডেসিভির ওষুধ তৈরির মূল উপকরণগুলো বানানো শুরু হয়েছে। এবার গিলেড সায়েন্সের সঙ্গে জরুরিকালীন চুক্তির ভিত্তিতে ভারতের তিন ফার্মাসিউটিক্যাল কম্পানি সিপলা, হেটেরো ল্যাব ও জুবিল্যান্ট লাইফসায়েন্সেস-এ বাণিজ্যিক ভাবে রেমডেসিভির ওষুধ তৈরি শুরু হবে।

২০১০ সালেই রেমডেসিভির ওষুধ তৈরি করে গিলেড সায়েন্সে। ২০১৪ সালে আফ্রিকাতে হয়েছিল ইবোলা মহামারি। অনেকে দাবি করেছিলেন ইবোলার সংক্রমণ রুখতে কাজে এসেছিল এই ড্রাগ, আবার অনেক গবেষকের দাবি ছিল ইবোলার সংক্রমণ সেভাবে আটকাতে পারেনি রেমডেসিভির। কিন্তু রেমডেসিভির নিউক্লিওটাইড অ্যানালগ। আরএনএ ভাইরাসের প্রতিলিপি তৈরির ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে এই অ্যান্টি-ভাইরাল ড্রাগ। গবেষকরা বলছেন, ভাইরাস যতবেশি প্রতিলিপি বানিয়ে তার সংখ্যা বাড়াবে, ততটাই বেশিবার যে তার জিনের গঠনের বদল ঘটাবে। তাই প্রতিলিপি গঠন করা আটকাতে হবে।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে রেমডেসিভির নিয়ে গবেষণা চলছে। এই প্রজেক্টের অন্যতম গবেষক ভারতীয় বংশোদ্ভূত অরুণা সুব্রহ্মণ্যম। তিনি জানান এখনো স্ট্যানফোর্ড আক্রান্তদের ওপর রেমডেসিভিরের ট্রায়াল পরীক্ষা করা হচ্ছে। ট্রায়ালের পর আক্রান্তরা সেরে উঠলে তবেই বাকিদের উপরে এর পরীক্ষা করা শুরু হবে।

সূত্র- সংবাদ প্রতিদিন।

মাস্ক পরে আড়াই মাইল দৌড়, ফুসফুস ফেটে গেছে যুবকের

0

মাস্ক পরে আড়াই মাইল দৌড়ানোর জেরে ফুসফুস ফেটে গেছে চীনের এক যুবকের। ২৬ বছর বয়সী ঝাং পিং উহান সেন্ট্রাল হসপিটালে গত ৭ মে থেকে চিকিৎসাধীন আছেন।

শুরুতে তিনি বুকের ব্যথা অনুভব করেন। নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়ায় এবং বুক অত্যধিক ব্যথার কারণে তিনি হাসপাতালে যান।

চিকিৎসকরা তাকে পরীক্ষার পর দেখেন, ঝাং পিংয়ের ফুসফুস ফেটে গেছে। প্রায় ৯০ শতাংশ চুপসে গেছে। চিকিৎসকরা মনে করছেন, উচ্চ রক্তচাপের ফলে তার ফুসফুস ফেটে গেছে। মাস্ক পরে দৌড়ানোর জেরে এ ধরনের ঘটনা ঘটেছে।

একটি অপারেশনের পর বর্তমানে ওই যুবকের পরিস্থিতি স্থিতিশীল। জানা গেছে, দুই সপ্তাহ আগে দৌড়ানো শুরু করেন তিনি। শুরুতে তিন কিলোমিটার দৌড়ালেও এক সপ্তাহের ব্যবধানে ছয় কিলোমিটার দৌড়াতে গিয়ে এ ধরনের বিপদে পড়েন।

সূত্র : ডেইলি মেইল

ব্রিটেনে বৃদ্ধাশ্রমে ২০ হাজার মানুষের মৃত্যু

0

করোনাভাইরাসের তাণ্ডব চলছে ইউরোপের যেসব দেশে তার মধ্যে ব্রিটেন অন্যতম। ব্রিটেনের ইংল্যান্ড এবং ওয়েলসের বৃদ্ধাশ্রমগুলোতে (কেয়ার হোম) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সে এর এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সরকারের তথ্যের উপর ভিত্তি করে এ হিসাব করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, করোনাভাইরাসে আট সপ্তাহে (১ মে পর্যন্ত) ব্রিটেনে মারা গেছে ৩৭ হাজার ৬২৭ জন। এর মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের বৃদ্ধাশ্রমগুলোতে ২০ হাজার জন মারা গেছে।

তবে এই সংখ্যার মধ্যে স্কটল্যান্ডের মৃত্যুর হিসাব নেই। করোনা আক্রান্ত বহু রোগী যারা কেয়ার হোম থেকে পরবর্তীতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মারা গেছে তাদেরকেও এই হিসাবের মধ্যে আনা হয়নি।

প্রসঙ্গত, ব্রিটেনে করোনাভাইরাসের মহামারিতে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে যা ইউরোপে যেকোনো দেশের চেয়ে বেশি। এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাস মোকাবেলার কৌশল এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র : রয়টার্স, পার্সটুডে