Home Blog Page 2958

কুয়েত থেকে ফিরেছেন ৩ শতাধিক প্রবাসী কর্মী

0

কুয়েত থেকে দেশে ফিরেছেন তিন শতাধিক বাংলাদেশী প্রবাসী কর্মী। গতকাল মঙ্গলবার সাড়ে ছয়টায় ১২০ জন এবং অন্য আরেকটি ফ্লাইটে ১৮০ জন কর্মী বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।

কুয়েত ফেরত ৩০০ জন কর্মীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডমোট থেকে জরুরি সহায়তা হিসেবে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে প্রবাসী কর্মীদের হাতে এই জরুরি সহায়তা দেয়া হয়েছে।

কুয়েত ফেরত কর্মীরা বলেন, কুয়েত সরকারের সাধারণ ক্ষমার অধীনে তারা গত ১১ মে দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন করেন আর তখন থেকেই কর্মীরা ক্যাম্পে অবস্থান করেন।

কর্মীরা কুয়েত সরকার কতৃক পরিক্ষা করা করোনা (Covid-19) নেগেটিভ সাটিফিকেট নিয়ে দেশে ফেরেন।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ কর্মীদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করে হোম কোয়ারেন্টিনের নির্দেশ দিয়ে নিজ নিজ বাড়ির জন্য ছেড়ে দেয়া হয়ে। আজও দু’টি বিশেষ ফ্লাইটে ফিরবেন ৩৪০ বাংলাদেশি বলে জানা যায়।

গত এপ্রিল মাসে কুয়েতে থাকা অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দেশটির সরকার।

ওই সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে প্রায় ৫ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি নিবন্ধন করেছে। এরপর ১৬, ১৭, ২১ ও ২২ মে কুয়েত এয়ারওয়েজ ও আল জাজিরার আরো যাত্রীদের ফেরার কথা রয়েছে। সাধারণ ক্ষমায় নিবন্ধনকৃত প্রবাসীদের বিমান টিকেট ও থাকা খাওয়া কুয়েত সরকার বহন করছে। এই সব প্রবাসী পুনরায় নতুন ভিসায় কুয়েতে যেতে পারবে।

বিশেষ ফ্লাইটে কাল দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

0

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আট মাস পর দেশে ফিরছেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। আগামীকাল বুধবার (১৩ মে) সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা।

এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস সময় সংবাদকে বলেন, দাদা অনেক ভালো আছেন। তাকে অনেক আগে থেকেই দেশে ফিরেয়ে আনার প্রস্তুতি ছিল। কিন্তু করোনার কারণে তা পিছেয়ে যায়। এখন দাদার দেশে ফেরার বিষয়টি এয়ারলাইন্সের ওপর। তাদের ওপর নির্ভর করছে দাদার ফেরা।

এদিকে আগামীকাল দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। তিনি জানান, সব ঠিক থাকলে আগামীকাল দেশে ফিরছেন বরেণ্য এ শিল্পী।

উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। সেখানে গিয়ে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্লেব্যাক সম্রাট খ্যাত সংগীতশিল্পীকে ছয়টি ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেয়া হয়। এরমধ্যে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি।

জানা গেছে, তিন মাস পর নিয়মিত চেকআপের জন্য আবারও তাকে সিঙ্গাপুর যেতে হবে।

এবার করোনায় আক্রান্ত হলেন পুতিনের মুখপাত্র

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ করোনায় আক্রান্ত হয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে পেশকভ বলেছেন, ‘আমি অসুস্থ। চিকিৎসা নিচ্ছি।’
দিমিত্রি পেশকভকে নিয়ে রুশ সরকারের চার শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, সংস্কৃতিমন্ত্রী ওলগা লিইবিমোভা এবং নির্মাণমন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ। অবশ্য এদের কারো অবস্থাই গুরুতর নয়। তিন জনের মধ্যে একমাত্র মিশুস্তিন হাসপাতালে ভর্তি আছেন। তিনি সেখান থেকেই ভিডিও লিংকের মাধ্যমে শীর্ষ পর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন।
বার্তা সংস্থা তাসকে পেশকভ জানিয়েছেন, সর্বশেষ এক মাসেরও বেশি সময় আগে তার সঙ্গে পুতিনের সরাসরি যোগাযোগ হয়েছে।
৫২ বছরের পেশকভ ২০০০ সাল থেকে পুতিনের মুখপাত্র হিসেবে কাজ করছেন। গত ৬ মে থেকে নিয়মিত টেলিফোন ব্রির্ফিংয়ে তার উপস্থিতি ছিল না।
গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী মস্কোর বাইরে নিজের বাড়িতে অবস্থান করছেন পুতিন। সেখান থেকেই তিনি ভিডিও লিংকের মাধ্যমে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।

৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে কাগজপত্র ছাড়াই প্রণোদনা

0

বর্তমানে দেড় লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সের প্রণোদনায় কোনো ধরনের কাগজপত্র লাগে না। এর আওতা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে পাঁচলাখ টাকা অথবা ৫ হাজার মার্কিন ডলার ব্যাংকিং চ্যানেলে পাঠালে প্রণোদনা দেওয়া হবে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই। রেমিটেন্সের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে কাগজপত্র জমা দিতে হবে দু’মাসের মধ্যে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিই্ও) এবং ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, বতর্মানে সার্বিক অবস্থায় গ্রাহকের সুবিধা বিবেচনা করে বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের উপর প্রতিবারে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ পাঠানোর জন্য কাগজপত্রাদি ব্যতিরেকে প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে।
নগদ সহায়তার জন্য পাঁচ হাজার মার্কিন ডলার অথবা পাঁচ লাখ টাকার অধিক রেমিটেন্সের ক্ষেত্রে প্রাপক ১৫ কার্যদিবসের মধ্যে দাখিল করার বাধ্যবাধকতা শিথিল করে কাগজপত্রাদি দাখিলের সময়সীমা দু’মাস পর্যন্ত বর্ধিত করা হলো। এ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
আগে একজন প্রাপককে বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে প্রতিবারে ১ লাখ ৫০ হাজার টাকার অধিক রেমিটেন্সের ক্ষেত্রে ১৫ কার্যদিবসের মধ্যে কাগজপত্রাদি রেমিটেন্স প্রদানকারী ব্যাংক শাখায় দাখিল করার বিধান ছিল।

কোনো শ্রমিক আক্রান্ত হলে কারখানা লকডাউন

0

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে শিল্পের চাহিদার কারণে নিরাপত্তা নিশ্চিত করে পোশাক কারখানা চালু করার সুযোগ দিয়েছে সরকার। তবে কোনো কারখানার কর্মী কাজে যোগদানের পর করোনায় আক্রান্ত হলে সেই কারখানা লকডাউন করে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করে স্থানীয় পর্যায়ের শ্রমিক দিয়ে সীমিত পরিসরে কারখানা খোলার নির্দেশনা দিয়েছে সরকার। সে অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পোশাক কারখানা খুলেছে। সরকারের নির্দেশনা অনুসারে, অনেক কারখানায় হাত ধোয়ার জন্য কর্তৃপক্ষ বেসিনের ব‌্যবস্থা করেছে। সামাজিক দূরত্ব নিশ্চিতে গোল চিহ্ন এঁকেছে।
কিন্ত অভিযোগ রয়েছে, কারখানায় ভেতরে সামাজিক দূরত্ব রক্ষায় গুরুত্ব দিচ্ছে মালিকপক্ষ। তবে শ্রমিকরা কারখানার ভেতর ঢোকার সময় গাদাগাদি অবস্থাতেই ঢুকছে। এতে সংক্রমণ ঝুঁকি থেকেই যাচ্ছে। ফলে সংক্রমণের ঝুঁকিতে পড়ছে এসব শ্রমিকের পরিবারের সদস্যরাও।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শ্রম অনুবিভাগ) ড. মো. রেজাউল হক বলেন, পোশাক কারখানা চালু করা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের কাছে প্রতিটি শ্রমিক মূল্যবান। এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীও পর্যবেক্ষণ করছে। কোনো কারখানা সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ হলে এবং কর্মীরা এ কারণে করোনায় আক্রান্ত হলে ওই কারখানা লকডাউন করে দেওয়ার বিষয়ে মালিকপক্ষকে জানানো হয়েছে।
তিনি বলেন, আমরা এ বিষয়ে নিয়মিত মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি, শ্রমিক পক্ষের বক্তব্যও আমরা শুনছি। সে হিসাবে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের পুলিশ সুপারের পক্ষ থেকে এরইমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে- শ্রমিকরা কারখানার বাইরে থাকুক আর ভেতরে থাকুক একজন আক্রান্ত হলেই কারখানা লকডাউন হয়ে যাবে।
বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শ্রমিক নেতারা। এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, করোনার প্রকোপের মধ্যে শিল্প-কলকারখানা, গার্মেন্টস খুলে দেওয়াকে আমরা প্রথম থেকেই বিরোধিতা করে আসছি। মালিকপক্ষ যেহেতু একপ্রকার জোর করেই কারখানা চালু করেছে, অবশ্যই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জীবিকা ও অর্থনীতি সচল রাখার জন্য মানুষের জীবন ও স্বাস্থ্যঝুঁকির সঙ্গে আপস করাকে আমরা সমর্থন করি না।

বিমানবাহিনীর মানবিক সহায়তা প্রদান

0

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমানবাহিনী অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছে।

‌আইএসপিআর জানায়, আজ মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার, তেজগাঁও, ঢাকা এর পাশ্ববর্তী এলাকায় নিম্ন আয়ের পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে উপযুক্ত প্যাকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনীর কর্মকর্তাগণ এই মানবিক সহায়তা প্রদান করেন।

জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

মুম্বাই থেকে ফিরলেন ৮৮ যাত্রী, গেলেন ১৬৯

0

ভারতের মুম্বাইয়ে আটকে পড়া ৮৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।

অন্যদিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ১৬৯ জন মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। দুপর ১১টার দিকে বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান।

গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে আকাশ পথে যোগাযোগ ব্যবস্থাও। ফলে বহির্বিশ্বে বাংলাদেশিরাও আটকে পড়ে। এরপর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার তাদের দেশে ফিরিয়ে আনছে।

নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ভারতে আটকে পড়া বাংলদেশি নাগরিকদের দেশে ফেরানোর জন্য তৃতীয় পর্যায়ে কলকাতা থেকে ১০ মে, চেন্নাই থেকে ৮-১০ মে ফ্লাইট পরিচালিত হয়েছে। এ ছাড়া ১৩-১৪ মে চেন্নাই থেকে এবং বেঙ্গালুরু থেকে ১৩ মে এবং দিল্লী থেকে ১৪ মে ফ্লাইট পরিচালনা করা হবে। ভারত থেকে আপাতত আর কোনো বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেই। পরবর্তীতে আবার প্রয়োজনীয় সংখ্যক যাত্রী পেলে তা বিবেচনা করা হবে।

উপকূলীয় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান নৌবাহিনীর

0

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় দেশের সমুদ্র ও উপকূলীয় দরিদ্র ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ। জাহাজের নৌসদস্যরা এসকল হতদরিদ্র জেলে পরিবারগুলোর হাতে হাতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি তারা এসব জেলে ও তাদের পরিবারের সদস্যদের জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছে।

আইএসপিআর জানায়, নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান সেন্টমার্টিন্সে, বানৌজা শাহজালাল কক্সবাজারে, বানৌজা সাগর ও দূর্জয় ভাষানচরে, বানৌজা নিশান হাড়বাড়িয়ায় এবং বানৌজা কর্ণফুলী ও কপোতাক্ষ বরিশালে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসকল জাহাজসমূহ গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল প্রদানের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলার গুলোকে মাইকিং করে সতর্ক করছে। এছাড়া টেকনাফ, স্বন্দীপ ও হাতিয়ার চরাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোর বাড়ি বাড়ি গিয়ে নৌসদস্যরা স্থানীয় অসহায় ও দুঃস্থ জেলে পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে।

অন্যদিকে মংলা নৌ কন্টিনজেন্ট দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের প্রায় ৩০০ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ, ছোলা, সুজি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে। উল্লেখ্য, নৌবাহিনী রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার সমুদ্র ও উপকূলীয় জেলাগুলোতে নৌ কন্টিনজেন্ট মোতায়েনের মাধ্যমে স্থানীয় এলাকাগুলোতে নিয়মিত জীবাণুনাশক ঔষধ ছেটানো, খাদ্য ও চিকিৎসা সহায়তা ও টহল প্রদানসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি সংক্রান্ত ১৩ নির্দেশনা

0

দেশব্যাপী করোনাভাইরাসের ব্যাপক বিস্তাররোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সব মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে ১৩ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সোমবার মন্ত্রিপরিষদ সচিবকে এসব স্বাস্থ্যবিধি বাস্তবায়নের প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা গুলো হলো :

১. প্রয়োজনীয় সংখ্যক জীবাণুমুক্তকরণ টানেল স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া যেতে পারে।

২. অফিস চালু করার আগে অবশ্যই প্রতিটি কক্ষ, আঙিনা ও রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে হবে।

৩.প্রত্যেক মন্ত্রণালয় ও বিভাগের প্রবেশপথে থার্মাল স্ক্যানার অথবা থার্মোমিটার দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের শরীরে তাপমাত্রা পরীক্ষা করে অফিসে প্রবেশ করাতে হবে।

৪. অফিসের পরিবহনগুলো অবশ্যই শতভাগ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। যানবাহনে বসার সময় পারস্পরিক ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সবাইকে মাস্ক (সার্জিক্যাল মাঙ্ক অথবা তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক, যা নাক ও মুখ ভালোভাবে ঢেকে রাখবে) ব্যবহার করতে হবে।

৫. সার্জিক্যাল মাস্ক শুধু একবার (ওয়ান টাইম) হিসেবে ব্যবহার করা যাবে। কাপড়ের মাস্ক সাবান দিয়ে পরিষ্কার করে পুনরায় ব্যবহার করা যাবে।

৬. যাত্রার আগে এবং যাত্রাকালীন পথে বার বার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

৭. খাওয়ার সময় শারীরিক দূরত্ব (নূন্যতম তিন ফুট) বজায় রাখতে হবে।

৮. প্রতিবার টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে জীবাণুমুক্ত নিশ্চিত করতে হবে।

৯. অফিসগুলোতে কাজ করার সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

১০. কর্মস্থলে সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করে থাকতে হবে এবং সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে।

১১. কর্মকর্তা-কর্মচারীদের করোনা প্রতিরোধে বিভিন্ন সাধারণ নির্দেশনাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিয়মিত মনে করিয়ে দিতে হবে এবং তারা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছেন কি-না, তা মনিটরিং করতে হবে। ডিজিলেন্স টিমের মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

১২. দৃশ্যমান একাধিক স্থানে ছবিসহ স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা ঝুলিয়ে রাখতে হবে।

১৩. কোনো কর্মচারীকে অসুস্থ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে আইসোলেশন অতবা কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে।

সকল মসজিদ খুলে দিল ইরান, জামাত-তারাবি সবই হবে

0

করোনাভাইরাসের তীব্রতা ফের বাড়লেও রমজানের ইবাদতের জন্য সকল মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকার। আজ মঙ্গলবার থেকে ইরানের সকল মসজিদ খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি।

ইরান ইসলামিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান হোজাত ইসলাম মোহাম্মদ জানিয়েছেন, ‘রোজার মাসের শেষ দশ দিন উপাসকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এসময় যাতে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারে সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

চলতি সপ্তাহে ইরানে কভিড -১৯ সংক্রমণের সংখ্যার তীব্রতা সত্ত্বেও মসজিদ পুনরায় খোলার সিদ্ধান্তটি এসেছে। সোমবার, ইরানি কর্তৃপক্ষ দেশজুড়ে ৪৫ জন মারা গেছে এবং ১ হাজার ৬৮৩ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে, মসজিদে যাওয়া মুসল্লিদের স্বাস্থ্য প্রোটোকল এবং সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হবে। এছাড়া মসজিদে প্রবেশের জন্য কয়েকটি নির্দেশনা জারি করেছে সরকার। সেগুলো হল- মুখোশ এবং গ্লাভস পরা, জুতাগুলোর জন্য ওয়ানটাইম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা, মসজিদের ভিতরে খাবার বা পানীয় পরিবেশন করা থেকে বিরত থাকা এবং অংশগ্রহণকারীদের হাত স্যানিটাইজ করার পরে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া।

এর আগে করোনার প্রকোপ কম এমন স্থানে মসজিদ খোলার অনুমতি দেয় ইরান সরকার। এছাড়া গত শুক্রবার প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরানের ১৮০ শহরে জুমার নামাজের অনুমতি দেয় দেশটির প্রশাসন। আগামী সপ্তাহ থেকে ইরানের স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানের এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৬ হাজার ৭৩৩ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৭৬৭ জন। সুস্থ হয়ে ফিরেছেন ৮৮ হাজার ৩৫৭ জন।

সূত্র- আনাদুলে এজেন্সি।