Home Blog Page 2960

গত ২৪ ঘণ্টায় আরও ১২২ পুলিশ করোনায় আক্রান্ত

0

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২২ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ জনে। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩৩ জন।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১২ মে এ তথ্য আপডেট করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৮৬৫ জন। সোমবার এই সংখ্যা ছিল ৮১০ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ১৫৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪ হাজার ৯৬১ জনকে। এ পর্যন্ত ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল এ সংখ্যা ছিল ১৬৫।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট বেসরকারি ইমপালস হাসপাতাল আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে সেখানে চিকিৎসা শুরু হয়েছে। ছয়টি বিভাগীয় শহরে হাসপাতাল ভাড়া করে সেখানেও প্রয়োজনীয় সুবিধা যুক্ত করা হচ্ছে।
আক্রান্ত সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে ইউনিট কমান্ডারদের সঙ্গে কথা বলছেন। করোনায় আক্রান্ত চিকিৎসাধীন সদস্যদের খোঁজখবর নিতে উচ্চতর পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা মনিটরিং কমিটিও করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়াল

0

করোনার মরণ ছোবলে শোচনীয় অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। দেশটিতে ব্যাপক আকারে যখন এ মহামারী ছড়য়ে পড়তে শুরু করে, সে সময়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর আশঙ্কা প্রকাশ করেছিলেন, এতে এক লাখেরও বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে। সেই ভয়াবহতার দিকেই যেন ক্রমশ এগিয়ে চলেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এ দেশ। এরই মাঝে এখানে করোনায় মৃত্যু ৮০ হাজারের ঘর ছাড়িয়ে গেছে।
সোমবার (১১ মে) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, সারা বিশ্বে যেদিন মা দিবস (১০ মে) পালিত হচ্ছিল, সেদিনই যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৮০ হাজার ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, মার্কিন মুল্লুকে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ৭৮৭। এর বাইরে গুরুতর অবস্থায় আছেন প্রায় ১৭ হাজার রোগী।
সংস্থাটি আরও জানায়, দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষের। বিশাল সংখ্যক এই করোনা রোগীর মধ্যে এখন পর্যন্ত সেরে উঠেছেন মাত্র ২ লাখ ৫৬ হাজার।
একই সঙ্গে জীবন আর জীবিকা বাঁচানোর লড়াইয়ে বিপর্যস্ত মার্কিনিরা। দীর্ঘ লকডাউনে দেশটিতে এরই মাঝে চাকরি হারিয়েছে বিশাল এক জনগোষ্ঠী। ভেঙে পড়েছে সেখানকার অর্থনীতি। এ অবস্থা কাটিয়ে উঠতে মৃত্যুর মিছিলের মাঝেও কিছু কিছু জায়গায় লকডাউন শিথিল করার কথা ভাবছেন মার্কিন নেতারা।

করোনায় বিশ্বে দ্রুত কমছে মৃতের সংখ্যা

0

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দিন দিন ব্যাপকভাবে কমে আসছে। সেই সাথে কমছে আক্রান্তের সংখ্যাও।
করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- সোমবার সকাল পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৬০ জনে।
দিনের হিসাব যদি করা হয় তাহলে রবিবার একদিনে সারাবিশ্বে এই ভাইরাসে প্রাণ গেছে ৩ হাজার ৫১০ জনের। যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
এছাড়া শনিবার বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান ৪ হাজার ২৪৮ জন। এর আগেরদিন শুক্রবার ও বৃহস্পতিবার মারা যায় যথাক্রমে ৫ হাজার ৫৫০ ও ৫ হাজার ৫৮৯ জন। গত সপ্তাহে একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ৬ মে। ওইদিন ৬ হাজার ৮১১ জনের মৃত্যু ঘটে।
এদিকে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ লাখ ৫ হাজার ৬৬৭ জনের মধ্যে স্থির অবস্থায় রয়েছেন ২৩ লাখ ৫৮ হাজার ৬২৯ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।
এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৭ হাজার ৩৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।
বিশ্বব্যাপী করোনায় দিন দিন নতুন করে আক্রান্তের সংখ্যাও কমে আসছে। গত ৮ মে একদিনে ৯৭ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হন। এর পরেরদিন আক্রান্ত হন ৮৮ হাজার ৯৮৮ জন। আর গতকাল রবিবার একদিনে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৮৭৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বার্ষিক পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারিতে

0

করোনার কারণে ২০২০ শিক্ষাবর্ষের ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের (২০২১) ফেব্রুয়ারিতে বার্ষিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ করার কথা ভাবছেন নীতিনির্ধারকরা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে করণীয় নির্ধারণে দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি)। এনসিটিবির শিক্ষাক্রম বিশেষজ্ঞরা প্রথম বিকল্পের বিপক্ষে মত দিয়েছেন। করোনা পরিস্থিতির কারণে সিলেবাস কমানোর বিপক্ষে তারা। প্রয়োজনে আগামী বছরের ফেব্রুয়ারিতে সিলেবাস শেষ করার মত তাদের।

এ নিয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, বিষয়টি নির্ধারণ করতে কয়েকটি সভা হয়েছে। সেখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। মূলত শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে দুটি প্রস্তাব এসেছে। কিন্তু কবে নাগাদ করোনার প্রকোপ শেষ হবে আর কবে স্কুল-কলেজ খুলবে, সেটি আমরা মোটামুটি একটা ধারণা না পেলে সামনে এগোনো যাচ্ছে না। এ বিষয়ে আরও বৈঠক হবে।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, অনির্ধারিত ছুটি পুষিয়ে নিতে আমরা কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। বিষয়টিগুলোতে নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।

অধিনায়কত্ব নয়, মাঠে ফেরা নিয়ে ভাবছি: সাকিব

0

অধিনায়কত্ব নিয়ে ভাবছি না। মাঠে ফেরার বিষয়ে ভাবছি। ডয়েচে ভেলের সঙ্গে লাইভ আড্ডায় এমনই কথা জানিয়েছেন বাংলাদশে ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব বলেন, যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই। সেটাই আমার সব থেকে বড় চ্যালেঞ্জ। বলতে পারেন নিজের সঙ্গে নিজের লড়াই। এই একটিই চ্যালেঞ্জ আমার কাছে।’
অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, আপাতত ভাবছি মাঠে ফেরা নিয়ে। এটা (অধিনায়কত্ব) নিয়ে পরে ভাবা যাবে। এখন অপেক্ষা করছি এই ৪-৫ মাস কিভাবে কাটাবো এই ভেবে। আমি মাঠের মানুষ। মাঠে যেতে না পারাটা আমার জন্য কষ্টের। আমি কোথায় খেলছি সেটা কথা নয়। মাঠে ক্রিকেট খেলতে পারাটাই আমার কাছে সব সময় গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার অভিযোগে দুই বছরের নিষিদ্ধ হন। তবে নিজের দোষ স্বীকার করায় একবছরের সাজা কমানো হয় সাকিবের। নিষিদ্ধ হওয়ার আগে ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডারের তালিকায় ৩৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান।
টেস্টে ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারের তালিকায় ছিলেন সেরা তিনে। টি-২০’তে অলরাউন্ডারের তালিকায় ৩৫৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে ছিলেন সাকিব।

সাড়ে ৪ কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

0

মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এ পর্যন্ত সাড়ে চার কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা করা হয়েছে।
আজ সোমবার (১১ মে) এক সরকারি তথ্যবিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।
৬৪টি জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার (১০ মে) পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৮০২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সারা দেশে চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৪৩ হাজার ৬৭ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় এক কোটি।
এছাড়া তিন কোটি ছয় লাখ দুই হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ৫১ কোটি ৬৯ লাখ ১৩ হাজার টাকা। নগদ টাকা বরাদ্দ আছে প্রায় ৮০ কোটি টাকা। এতে ইতোমধ্যে উপকার পাওয়া পরিবার সংখ্যা ৫৯ লাখ ১১ হাজার ৫০০টি।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৫ কোটি ৯৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ৯ লক্ষ ৬৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা তিন লাখ ৮৩ হাজার এবং লোকসংখ্যা সাত লাখ ৮৯ হাজার জন।

করোনা সংকটেও সর্বোচ্চ প্রবৃদ্ধির পথে বাংলাদেশ

0

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা নভেল করোনা ভাইরাসের প্রভাবে যখন সারা বিশ্বের অর্থনীতির টালমাটাল অবস্থা সেই সময়েও বাংলাদেশ ভালো প্রবৃদ্ধির পথে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে এবছর বাংলাদেশ সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে। যদি এই প্রবৃদ্ধি বাংলাদেশে হয় তাহলে তার সারা বিশ্বে রেকর্ড হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব মতে এবার প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ হবে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। করোনা সংকটের মধ্যে সম্ভাব্য প্রবৃদ্ধি অর্জনে ভারত ছাড়া বাংলাদেশের ধারে কাছে কেউ নেই। বড় অর্থনীতির দেশগুলো তো প্রবৃদ্ধি অর্জনে মাইনাস অবস্থায় চলে গেছে।
২০১৮-১৯ অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি হয়েছিলো ৮ দশমিক ১৫ শতাংশ। মাথাপিছু আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্র জানায়, চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) তথ্য বিশ্লেষণ করেছে বিবিএস। সংস্থাটির প্রাথমিক হিসেবে জিডিপি প্রবৃদ্ধির এ প্রাক্কলন করা হয়েছে। সেই হিসেব অনুযায়ী এবার প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ হবে। এর ফলে জিডিপির আকার দাঁড়াবে ২৮ লাখ ৫ হাজার ১২১ কোটি টাকা। আর মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৯৬৮ দশমিক ৭৩ ডলার। চলতি অর্থবছরের ৮ মাসের প্রাক্কলন করেছে বিবিএস। যা মে মাসের চলতি সপ্তাহে প্রকাশ করা হবে।
করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো ভুগবে বলে মনে করছে আইএমএফ। তাদের মতে ২০২০ সালে এশিয়ার মধ্যে ভারতের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৮ থেকে ৫ শতাংশ। সংস্থাটির পূর্বাভাস হলো, প্রায় সব দেশের প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে যাবে। যেমন- যুক্তরাষ্ট্র (মাইনাস ৫ দশমিক ৯ শতাংশ), জার্মানি (মাইনাস ৭ শতাংশ), জাপান (মাইনাস ৫ দশমিক ২ শতাংশ), যুক্তরাজ্য (মাইনাস সাড়ে ৬ শতাংশ), কানাডা (মাইনাস ৬ দশমিক ২ শতাংশ), ব্রাজিল (মাইনাস ৫ দশমিক ৩ শতাংশ) ও রাশিয়া (মাইনাস সাড়ে ৫ শতাংশ)। তবে চীনের ১ দশমিক ২ শতাংশ হতে পারে।
বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, করোনাকালে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি নিঃসন্দেহে বিরাট ব্যাপার। আমরা দেখছি সর্বক্ষেত্রে নেগেটিভ। এক্সপোর্ট নেগেটিভ ও ঋণ প্রবাহ সিঙ্গেল ডিজিটে। রেমিট্যান্স প্রবাহ ২০ শতাংশ থেকে নেমে ১০ শতাংশ হয়েছে। বিনিয়োগের অবস্থা শোচনীয়। শুধু কৃষিতে বোরো ভালো হয়েছে। কৃষি খুব ভালো হলে সাড়ে তিন থেকে সাড়ে চার শতাংশের বেশি হয় না। এরমধ্যে মাছ, মুরগী, দুধ ও ডিমের অবস্থা ভালো না। অনেক কিছু নষ্ট হচ্ছে। তারপরও সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি খুবই আশার।
‘চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ২ থেকে ৩ শতাংশ’ বিশ্বব্যাংকের এমন পূর্বাভাসের প্রসঙ্গে সম্প্রতি অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের জিডিপি নিয়ে বিশ্ব ব্যাংকের এ পূর্বাভাস সামঞ্জস্যপূর্ণ নয়, কেননা এখনই এটা বলার সময় আসেনি। বিশেষ করে অঙ্ক ধরে বলার উপযুক্ত সময় এটা নয়। আমাদের সামনে তো ৮ মাসের তথ্য রয়েছেই। বিশ্বব্যাংকের এই পূর্বাভাসকে আমি সময় উপযোগী বা পরিপক্ক কোনটাই মনে করি না। করোনা ভাইরাসের প্রভাবে সারাবিশ্বের মত আমাদেরর জিডিপিও কমবে। তবে আমাদের এতোটা কমবে না। কমপক্ষে ৬ শতাংশের ওপরে জিডিপি এ বছরও আমরা অর্জন করতে সক্ষম হবো।
বড় দাতা সংস্থাগুলোও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশে নেমে আসতে পারে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আগে বলেছে, করোনার কারণে বাংলাদেশের জিডিপির দশমিক ২ শতাংশ থেকে দশমিক ৪ শতাংশ ক্ষতি হতে পারে। দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট মনে করে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে নেমে আসতে পারে। অবশ্য এসব সংস্থা অর্থবছরের হিসাবে প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। তবে বিবিএস বলছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৫ শতাংশ যা বিশ্বের কোনো দেশ অর্জন করতে পারবে না।
বিশ্বব্যাংক আরও বলছে, দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে চলতি অর্থবছরে (নিজ নিজ দেশের) চারটি দেশের প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে যাবে। দেশগুলো হলো- আফগানিস্তান (মাইনাস ৫ দশমিক ৯ থেকে মাইনাস ৩ দশমিক ৮ শতাংশ), মালদ্বীপ (মাইনাস ১৩ শতাংশ থেকে মাইনাস সাড়ে ৮ শতাংশ), পাকিস্তান (মাইনাস ২ দশমিক ২ শতাংশ থেকে মাইনাস ১ দশমিক ৩ শতাংশ) ও শ্রীলঙ্কা (মাইনাস ৩ শতাংশ থেকে মাইনাস দশমিক ৫ শতাংশ)। চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ থেকে ৫ শতাংশ হতে পারে বলে মনে করে বিশ্বব্যাংক। এ ছাড়া নেপালে ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৮ শতাংশ এবং ভুটানে ২ দশমিক ২ শতাংশ থেকে ২ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। সেই হিসেবে বাংলাদেশ বিশ্বের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে।

মঙ্গলবার থেকে বড় পরিসরে খুলবে বাণিজ্যবিতান

0

রাজধানীতে আরো বড় পরিসরে আগামীকাল মঙ্গলবার (১২ মে) থেকে বাণিজ্যবিতান খোলা হবে। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর দোকান মালিক সমতির সভাপতি তাওফিক এহসান।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা এবং আইন শৃঙ্খলা বাহিনীর বেধে দেয়া নিয়ম মেনে ঢাকায় বিভিন্ন মার্কেট এবং বাণিজ্য-বিতান খোলা হচ্ছে। যারা বিধিমালা মানেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের সতর্কবার্তা দেয়া হয়েছে বলে জানান তিনি।

একইসাথে যেসব বড় মার্কেট বন্ধ রাখা হয়েছে সেসব মার্কেটের আশেপাশে কর্মচারীরা ঘোরাফেরা করছে এবং কোথাও কোথাও দোকানপাট খোলার দাবিতে এবং বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে।

বন্ধ মার্কেটের রাস্তার পাশের দোকানগুলোও খুলতে সমিতিকে মালিকপক্ষ ও কর্মচারীরা চাপ সৃষ্টি করছে বলেও দাবি করেন মহানগর দোকান মালিক সমিতির সভাপতি।

দূরত্ব বজায় রেখে কেনা-বেচা পরিচালনা না করলে সমিতির পক্ষ থেকেও সেসব দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আগামী ২০ রমজান থেকে আরো ব্যাপকভাবে দোকানপাট খুলবে বলে জানান মহানগরী দোকান মালিক সমিতির সভাপতি। মার্কেটগুলোতে লোক জমায়েত বাড়লে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দোকান মালিক সমিতিও কঠোর নজরদারি করবে বলে জানান তিনি।

শিমুলিয়ায় মানুষের ঢল অব্যাহত, লঞ্চ চালুর দাবি মালিকদের

0

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ দিয়ে ঢাকামুখী মানুষের ঢল থামছেই না। সোমবারও নানা পেশার হাজার হাজার মানুষ এ পথ দিয়ে কর্মস্থল ঢাকা ও তার আশপাশের জেলাগুলোতে ফিরছেন।

সকাল থেকেই লোকজনকে ফেরিতে করে পদ্মা পার হতে দেখা গেছে। করোনাভাইরাস সংক্রমণের ভয়কে উপেক্ষা করে যাত্রীরা ফেরিতে গাদাগাদি করে নদী পার হচ্ছেন কর্মস্থলে ফেরার জন্য।

শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, কাঁঠালবাড়ি ঘাট থেকে মানুষের ঢল নিয়ে ফিরছে ফেরিগুলো। সেখানে গুটি কয়েক গাড়ির সাথে ছিল শত শত লোক। আর তীরে এসে ফেরি থেকে রীতিমতো প্রতিযোগিতা করে নেমে পড়ছেন যাত্রী সাধারণ। সেই সাথে কে কার আগে যানবাহনে উঠবেন এ নিয়েও চলে প্রতিযোগিতা। বাস না থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে প্রতিদিনকার মতো ব্যাটারিচালিত আটো, সিএনজিচালিত অটোরিকশা, ট্যাম্পু, ইয়েলো ক্যাব, নসিমন, করিমন, মোটরসাইকেল ও অন্যান্য ছোট গাড়ি ধরে ভেঙে ভেঙে গন্তব্যে রওনা দেন তারা।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক সিরাজুল কবির বলেন, ‘প্রতিদিন শত শত লোক আসছে। সবই ঢাকামুখী যাত্রী। গার্মেন্টেস খোলার ঘোষণার পর মার্কেটও খুলে দেবার ঘোষণা দিলে নানা শ্রেণি-পেশার শত শত লোক গত কয়েক দিন ধরে ঢাকা ও তার আশপাশের জেলাগুলোতে ছুটছেন।’

এদিকে ফেরিতে প্রতিদিন এভাবে লোক পার হতে দেখে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের লঞ্চ মালিকরা যাত্রী পারাপারে তাদের লঞ্চ চলাচল খুলে দেয়ার দাবি জানিয়েছেন।

মোশারফ হোসেন নসু নামে এক লঞ্চ মালিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেছেন, ‘তাহলে আমাদের দোষ কী? ফেরিতে যদি এভাবে লোক পার হয়, তবে আমাদেরও লঞ্চে পারাপারের অনুমতি দেয়া হোক। তাতে গাদাগাদি কম হবে, করোনা সংক্রমণের আশঙ্কা কম থাকবে।’

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথে ১২টি ফেরি চলাচল করছে। আজও ফেরিতে করে শত শত ঢাকমুখী যাত্রী পার হয়েছেন।’

৫০ লাখ পরিবারকে দিতে ১২৫৭ কোটি ছাড় করল অর্থ মন্ত্রণালয়

0

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় সারাদেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার করে টাকা দেয়ার জন্য এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়।
আজ সোমবার (১১ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুই শাখা থেকে এ অর্থ ছাড় করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে, আগামী ১৪ মে এ টাকা দেয়ার কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিতরণ শুরু হওয়ার পর চলবে ঈদের আগ পর্যন্ত।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এ কার্যক্রমটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেখভাল করা হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে অর্থ বিভাগের দুই শাখা থেকে আজ সোমবার মোট এক হাজার ২৫৭ কোটি ছাড় করা হয়েছে। অর্থ বিভাগের বাজেট-১ শাখা থেকে ছাড় করা হয়েছে ৬২৭ কোটি টাকা, আর বাজেট-৩ শাখা থেকে ৬৩০ কোটি টাকা ছাড়া করা হয়েছে।
তিনি আরও বলেন, ৫০ লাখ পরিবারকে নগদ আড়াই হাজার করে টাকা দেয়ার জন্য ছাড় করা হয়েছে এ টাকা। আর এসব টাকা সুবিধাভোগীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য সার্ভিস চার্জ বাবদ ছাড় করা হয়েছে আরও সাত কোটি টাকা।