Home Blog Page 2962

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষতি পোষাতে সব ব্যবস্থা নেওয়া হবে : শ ম রেজাউল করিম

0

করোনাভাইরাস পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে মাঠ পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে করোনা পরিস্থতিতে করণীয় বিষয়ে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা জানান।

এসময় মন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র চাষি ও খামারি থেকে শুরু করে বাণিজ্যিক উদ্যোক্তাদের সকল প্রকার সহযোগিতা দিতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আর্থিক প্রণোদনা প্রদান, স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান, কারিগরী সহায়তা এবং মৎস্য ও প্রাণী খাদ্যে ভর্তুকি প্রদানের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার।

তিনি মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের দেশের এই ক্রান্তিকালে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে সংশ্লিষ্ট উৎপাদক ও খামারিদের পাশে দাঁড়িয়ে সকল প্রকার সহযোগিতা দিতে কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান।

মন্ত্রী আরো বলেন, মৎস ও প্রাণিসম্পদ খাত দেশে মাছ, মাংস, ডিম ও দুধের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পর্যায়ে পৌঁছেছে। করোনার কারণে কোন প্রকারেই যেনো উৎপাদন প্রক্রিয়া ব্যাহত না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। মানুষের আমিষ ও পুষ্টির জন্য সবচেয়ে বড় যোগান আসে এই খাত থেকে। তাই অত্যন্ত গুরুত্বের সাথে এই খাতের উৎপাদন ও বিপণন প্রক্রিয়াকে সচল রাখতে হবে।

মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদন ব্যাহত হলে করোনা পরবর্তীকালে খ্যাদ্যাভাব ও পুষ্টিহীনতায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা ব্যক্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অফিস ও মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।

এছাড়া মাছ, দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমান বিক্রয় ব্যবস্থাকে সকলের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেন। সংশ্লিষ্ট খাতের উৎপাদন প্রক্রিয়া যাতে কোনমতে ব্যাহত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান তিনি। পরিবহন ও বিপণনে কোন সমস্যা সৃষ্টি হলে দ্রুততার সাথে সমাধানের জন্য প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করারও নির্দেশ দেন মন্ত্রী।

উল্লেখ্য, করোনা সংকটে মন্ত্রী দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে নিয়মিত মতবিনিময় করছেন এবং সংকট মোকাবেলায় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে যাচ্ছেন।

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৬ বছর নিষিদ্ধ আফগান ব্যাটসম্যান

0

উইকেট রক্ষক ব্যাটসম্যান শফিকুল্লা শফিককে ৬ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২০১৯-২০ মৌসুমে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন তিনি। সিলেট থান্ডারের হয়ে গেল বিপিএল খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

২০১৮ সালের আফগানিস্তান প্রিমিয়ার লিগেও একই কাণ্ড ঘটানোর চেষ্টা করেছিলেন শফিক। রবিবার (১০ মে) তাঁর বিরুদ্ধে আনা সবকটি অভিযোগ শিকার করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে শফিককে নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে দেশটির ক্রিকেট বোর্ড।

এন্টি করাপশন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে চারটি নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে। শফিকুল্লাহর বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে-ফিক্সিং কিংবা যে কোনোভাবে তাতে প্রভাব রাখা। ঘরোয়া ম্যাচে ইচ্ছাকৃত ভাবে খারাপ পারফর্ম করা।

ম্যাচে কোনো কাজ করার জন্য ঘুষ গ্রহণ কিংবা গ্রহণে সম্মত হওয়া, তদন্ত কাজ বাধাগ্রস্ত করার চেষ্টাসহ আরও কয়েকটি অভিযোগ। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে ২৪টি ওয়ানডে আর ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

জাতীয় দলের নিয়মিত সদস্যই ছিলেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন। গেল বিপিএলে সিলেটের হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। তিন ম্যাচে শফিকুল্লাহর ইনিংসগুলো ছিল-২, ৬ এবং ১০ রান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিনিয়র এন্টি-করাপশন ম্যানেজার সাইদ আনোয়ার শাহ কোরায়শী বলেন, ‘এটা সেই সব খেলোয়াড়দের জন্য সতর্কবার্তা যারা মনে করে, তাদের অনৈতিক কাজ এসিবির দুর্নীতি দমন ইউনিট প্রকাশ করবে না। যা ভাবা হয় তার চেয়ে অনেক বেশি আমাদের নজরদারি।’

ঈদের আগেই এসএসসির ফল

0

ঈদের আগেই এসএসসি ও সমমান পরীক্ষার ফলপ্রত্যাশীদের খুশির সংবাদ জানাতে চায় শিক্ষা প্রশাসন। চলতি মাসের তৃতীয় সপ্তাহে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের একটি রীতি চালু হয়েছে। এ রীতি অনুযায়ী বিগত ১০ বছর জেএসসি ও সমমান, এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিনের রীতির এবার ব্যত্যয় ঘটছে।

করোনা সংক্রমণ এড়াতে সরকার সারাদেশে যোগাযোগ বন্ধ রেখেছে। এ কারণে মাঠ পর্যায়ে পাঠানো শিক্ষার্থীদের উত্তরপত্র শিক্ষকরা মূল্যায়ন শেষ করে নম্বরপত্র (ওএমআর শিট) বোর্ডে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় ওএমআর শিট পরীক্ষকদের কাছ থেকে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডগুলো। ওএমআর শিট সংগ্রহ শেষ হলে এগুলো স্ক্যান করে কম্পিউটারাইজড ডেটা তৈরির মাধ্যমে ফল তৈরি সম্পন্ন করা হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ১০ থেকে ১৫ দিন সময় লাগে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল জানান, পরিবহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে দেশের বিভিন্ন এলাকা থেকে উত্তরপত্র সংগ্রহ করতে বলা হয়েছে বোর্ডগুলোকে। বিকল্প হিসেবে পোস্ট অফিসের মাধ্যমেই এ উত্তরপত্র জমা নেওয়া হচ্ছে। ১০ মের

মধ্যে সব উত্তরপত্র বোর্ডে জমা হলে বোর্ডের কাজ দুই শিফটে করা হবে। প্রস্তুতি নিচ্ছি ঈদের আগেই ফল প্রকাশের।

এ প্রসঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল ছালাম জানান, কয়েকটি জেলা থেকে বোর্ডের গাড়ি পাঠিয়ে পরীক্ষকদের কাছ থেকে ওএমআর শিট নিয়ে এসেছেন। হাতিয়ার দুর্গম এলাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় স্পিডবোটের মাধ্যমে উপকূলে নিয়ে এসেছেন। আগামী এক-দুই দিনের মধ্যে সব পরীক্ষকের কাছ থেকে ওএমআর শিট নেওয়া সম্পন্ন হয়ে যাবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী জানান, সরকারি ডাক ব্যবহার করে ওএমআর শিট সংগ্রহ করতে গেলে দেরি হয়ে যাবে। আমি বোর্ডের গাড়ি পাঠিয়ে পরীক্ষকদের কাছ থেকে ওএমআর শিট সংগ্রহ করা হচ্ছে। বোর্ডের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন দিনরাত কর্মকর্তারা-কর্মচারীরা। আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করেছি।

যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. মোল্লা আমীর হোসেন জানান, তারাও স্বউদ্যোগে জেলা পর্যায়ে শিক্ষকদের কাছ থেকে ওএমআর শিট সংগ্রহ শেষ করেছেন। এখন বোর্ডের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় ফল তৈরি করছেন। আশা করছেন, সব বোর্ডের আগেই তার বোর্ডের ফল প্রস্তুত হবে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল জানান, এসএসসির ফল প্রকাশের প্রায় ৯০ ভাগ হয়েছে। বাকি কাজ শেষ করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। এ বোর্ড থেকে এবার প্রথম ব্যাচ এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস জানান, সব পরীক্ষকের কাছ থেকে ওএমআর শিট সংগ্রহ শেষ করেছেন। এখন বোর্ডের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় ফল তৈরির কাজ করছেন। ৯০ শতাংশ কাজ শেষ, বাকি কাজ করতে বেশি সময় লাগবে না।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামাল আহমেদ জানান, ফল প্রায় প্রস্তুত আমরা। কয়েকটি ধাপের কিছু কাজ এখন করা হচ্ছে, এটা সম্পন্ন করতে ৫ থেকে ৭ কর্মদিবস লাগবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বক্কর সিদ্দিক জানান, ৮ থেকে ১০ কর্মদিবসে পূর্ণ ফল প্রস্তুত করা যাবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ জানান, সারাদেশ থেকে ফলের ওএমআর শিট বোর্ডে পাঠানোর জন্য সরকারি ডাক ব্যবহার করছেন। ডাক বিভাগকে বলা হয়েছে, ওএমআর শিট থাকলে এগুলো দ্রুত বোর্ডে পৌঁছানোর ব্যবস্থা করতে। এ ছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। তারাও সহযোগিতা দেওয়ার প্রস্তুত বলেও জানিয়েছেন। পরীক্ষকরা ৮টি আঞ্চলিক কার্যালয়ে ওএমআর শিট জমা দেবেন। অঞ্চল থেকে উপজেলা নির্বাহী কার্যালয়, জেলা প্রশাসক এবং বিভাগীয় অফিস হয়ে শিক্ষা বোর্ডে পৌঁছবে এসব ওএমআর শিট। গণপরিবহন বন্ধ থাকায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পর বোর্ড ফল প্রস্তুত করার জন্য চার শিফট করে ২৪ ঘণ্টা কাজ করবে।

মাদ্রাসা বোর্ডের মতোই একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানের ওএমআর শিট সংগ্রহের জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোরাদ হোসেন মোল্লা জানিয়েছেন, এগুলো বোর্ডে এনে ফল প্রস্তুত করতে বেশি সময় লাগবে না।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছিল ৬ মে। পরীক্ষা শুরু হয় ১ ফেব্রুয়ারি। এবার ফল প্রাকাশের সম্ভাব্য দিন ছিলো ৯ মে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩ ফেব্রুয়ারি।

শ্রমিকদের কোভিড পরীক্ষার ব্যবস্থা করল বিজিএমইএ

0

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করেছে। এ লক্ষ্যে আশুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে দুইজন প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান নিয়োগ দেয়া হয়েছে।

এ বিষয়ে বিজিএমইএ পরিচালক আসিফ ইব্রাহিম বাসসকে জানান, কোন শ্রমিক-কর্মচারী কোভিড-১৯ পরীক্ষা করাতে চাইলে আশুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট করবেন। পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট ব্যক্তিকে যথাযথ পরামর্শসহ আশুলিয়া স্বাস্থ্যকেন্দ্র থেকেই প্রদান করা হবে।

আগামী ১৩ মে থেকে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যক্রম চলবে।

নিয়োগকৃত দুইজন টেকনিশিয়ান হলেন-নিজাম উদ্দিন মোবাইল নম্বর-০১৯৪৫২৮৩৭৮৬ এবং মো. সুজাত হোসেন মোবাইল নম্বর-০১৭১৩৯৬৬৮৩৭।

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন আরো ৭২ জন পুলিশ সদস্য

0

মহামারী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে আরো ৭২ জন পুলিশ সদস্য আজ হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত দেড় শতাধিক পুলিশ সদস্য।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম শানতু জানান, রবিবার ৭২ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

তিনি বলেন, হাসপাতাল ত্যাগ করার সময় তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

আক্রান্তরা পুলিশ সদরদপ্তর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এ টি ইউ, টি এন্ড আই এম সহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্য।

বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে ছিলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে। এখন পর্যন্ত প্রায় ১৫০০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন যার অর্ধেকই ডিএমপিতে কর্মরত।

আগে ইউরোপ-আমেরিকার দিকে তাকান: বিএনপিকে তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘দেশের করোনা পরিস্থিতি নিয়ে মন্তব্যের আগে ইউরোপ-আমেরিকা-ভারত-পাকিস্তানের পরিস্থিতির দিকে তাকান। তাহলে তাদের তুলনায় আমাদের পরিস্থিতিটা বুঝতে পারবেন।’

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের সময়োচিত নানা পদক্ষেপের কারণে এখনও অনেক দেশের তুলনায় আমাদের দেশের পরিস্থিতি ভালো। কিন্তু যেকোনো পরিস্থিতিই তৈরি হতে পারে। মারাত্মক আকারও ধারণ করতে পারে। সেজন্যও সরকার নানা ধরনের প্রস্তুতি নিয়েছে ও নিচ্ছে।

তিনি আরো বলেন, ‘অথচ গত কয়েকদিন ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপি নেতারা নানা ধরনের কথা বলে আসছেন। তাদের এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, সরকারের ভালো উদ্যোগগুলো যাতে বাধাগ্রস্ত হয়। সেই লক্ষ্য নিয়েই তারা এসব কথা বলছেন। অথচ এই সময় বাদানুবাদের রাজনীতি কোনোভাবেই কাম্য নয়।’

‘পৃথিবীর অন্যান্য দেশে সমস্ত রাজনৈতিক দল এই দুর্যোগের মধ্যে সরকারকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন; এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে সোনিয়া গান্ধী অর্থাৎ কংগ্রেস সভাপতি ও বিরোধী কংগ্রেস জোটের চেয়ারপার্সন চিঠি দিয়ে তাদের সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেছেন এবং সরকারকে এই বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় সহযোগিতার জন্য চিঠি দিয়েছেন।’

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কয়েকজন বিদেশি কূটনীতিকের মন্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে, মার্কিন রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ সাত রাষ্ট্রদূত টুইট করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছেন। এ ব্যাপারে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই টুইট করে কথা বলা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের এই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো বিদেশি রাষ্ট্রদূতের কথা বলা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’

২ হাজার চিকিৎসককে ১৫ মের মধ্যে যোগদানের নির্দেশ

0

করোনা পরিস্থিতি মোকাবেলায় নব্য নিয়োগপ্রাপ্ত দুই হাজার চিকিৎসককে পদায়ন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদেরকে ১৫ মের মধ্যেই যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, শনিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন ডাক্তার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদেরকে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নকৃত চিকিৎসকরা করোনা ডেডিকেটেড হাসপাতাল ও প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন। চাকরিতে যোগদানকৃত চিকিৎসকদের ৩০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে বা তার পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নিবেন না এবং কোনো যৌতুক দিবেন না মর্মে অঙ্গীকার নামা সম্পাদন করতে হবে যা দেশের বর্তমান পরিস্থিতিতে যোগদানের সময় জমা না দিয়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে।

এখনই লকডাউন শিথিলের পক্ষে নন জাস্টিন ট্রুডো

0

এখনই লকডাউন শিথিল করা হলে তা বিপদজনক হতে পারে বলে মনে করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই ইন বলেছেন, করোনার প্রভাব থাকতে পারে দীর্ঘদিন এবং যেকোনো সময় তা আবারো বিপদজনক আকার নিতে পারে। এমন সতর্কতার মধ্যেই জার্মানি ও ব্রাজিলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন হাজারখানেক মানুষ।

অর্থনীতিকে বাঁচাতে পাশের দেশ যুক্তরাষ্ট্র যখন লকডাউন শিথিল করার পক্ষে, তখন করোনা সংক্রমণ নিয়ে সর্বোচ্চ সতর্ক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটিতে করোনায় মৃত্যুর হার সাড়ে ৩ শতাংশ বাড়ার একদিন পরই সংবাদ সম্মেলনে তিনি জানান, এখনই লকডাউন শিথিল করলে পরিস্থিতি সামলানো কঠিন হবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এখন ঘরে থেকে কীভাবে সংক্রমণ এড়াতে পারি সেদিকে নজর দিতে হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই ইন-ও বলছেন একই কথা। রবিবার দেশটিতে নতুন কোরে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। মুন বলছেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকেই জনসমাগম এড়িয়ে চলতে হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই ইন বলেন, আমরা এই সংকট কাটিয়ে ওঠার পরেও সতর্ক থাকতে হবে একেবারে শেষ পর্যন্ত। কারণ বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো সময় এটা আবার ফিরতে পারে। যেকোনো জনসমাগম থেকে এটা বড় আকার ধারণ করতে পারে।

এদিকে, করোনা সংকটের সাথে যখন লড়ছে বিশ্বের বেশিরভাগ দেশ তখন স্বাভাবিক হয়েছে উঠছে ভাইরাসটির উৎপত্তিস্থল উহানের জীবনযাত্রা। চীনের হুবেই প্রদেশের এই শহরে বিভিন্ন পণ্যের বিক্রি বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে প্রচারণা। আয়োজন করা হচ্ছে লাইভ অনুষ্ঠানের, যেখানে স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের পন্য প্রদর্শন করতে পারছেন।

উহান ইস্ট লেক হাইটেক ডেভেলপমেন্ট জোনের বিনিয়োগ প্রচারণা বিভাগ কুইন জিন বলেন, অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই আমরা সরাসরি প্রচারণার আয়োজন করেছি যাতে বিক্রেতারা সহজেই ক্রেতা খুঁজে নিতে পারেন। আরো বড় আঙ্গিকে এটা করার জন্য ভবিষ্যতে একটা লাইভ স্ট্রিমিং সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা।

উহানে টানা ৭৬ দিন লকডাউন চলার পর ৮ এপ্রিল থেকে খুলে দেয়া হয় সবকিছু।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসেও ন্যাশনাল পার্ক খুলেছে। হাইকিং ট্রেলে আবারো শুরু হয়েছে মানুষের চলাচল। সরগরম হয়ে উঠতে শুরু করেছে মেরিল্যান্ডের ওশান সিটিও। সৈকত খুলে দেয়া হয়েছে। তবে সেখানকার জিম আর অ্যামিউজমেন্ট পার্ক বন্ধ আছে এখনো। রেস্টুরেন্ট থেকে খাবার কেনা গেলেও সেটা একসাথে বসে খাওয়ার অনুমতি মেলেনি এখনো।

এদিকে, জার্মানিতে বিধি নিষেধ আরো শিথিল করার দাবিতে স্টুটগার্ড ও বার্লিনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

ধীরে ধীরে কিছু প্রতিষ্ঠান খুলে দেয়ার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

0

কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটিতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার ধীরে ধীরে কয়েকটি সেক্টর খুলে দেয়ার চেষ্টা করছে যাতে গরীব লোকদের জীবিকা নির্বাহ করতে পারেন।

রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য অনুদান গ্রহণের সময় দেয়া বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে কিছু (সেক্টর) পুনরায় খুলে দেয়ার চেষ্টা করছি। যাতে লোকেরা পবিত্র রমজানে কিছু জীবিকা অর্জন করতে পারে সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।

দেশের ৫৫টিরও বেশি সরকারি ও বেসরকারি সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠান কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ দরিদ্রদের সহায়তায় রবিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি মানুষের অনেক সমস্যা হচ্ছে। আমরা তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’

এ সংকটকালে বিপুল ধান ঘরে তোলা কৃষকদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যেহেতু ধানের (এ মৌসুমের) প্রায় ফসল ঘরে তোলা হয়েছে, তাই মানুষের খুব বেশি (খাদ্যের ঘাটতির কারণে) অসুবিধা হওয়ার কথা নয়।

কোভিড-১৯ মহামারির কারণে দেশের অর্থনীতির অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা দৈনিক কাজের ওপর নির্ভরশীল তারা তাদের কাজ হারিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অনেকেই বেকার হয়ে পড়েছে। যদিও আমরা সহায়তার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও তাদের পক্ষে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব অনুদান গ্রহণ করেন।

সংগঠনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় চীনের কমিউনিস্ট পার্টি তহবিলের জন্য ৫০ হাজার সার্জিকাল মাস্ক সরবরাহ করে।

অনুদান প্রদান করা ৫৫টি সংস্থার মধ্যে রয়েছে- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।

সংস্থাগুলোর মধ্যে আরও রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, নগদ (রাষ্ট্রায়ত্ত আর্থিক পরিষেবা), বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), প্রতিরক্ষা মন্ত্রণালয় কনস্ট্যাবুলারি (এমওডিসি), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, জীবন বিমা করপোরেশন, সাধরণ বিমা করপোরেশন, বাংলাদেশের বিনিয়োগ সহযোগিতা এবং বাংলাদেশ বীমা সমিতি।

এছাড়া আরও অনুদান প্রদান করেছে বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিসিএস কৃষি সমিতি, বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স সমিতি, পোল্ট্রি সমিতি, বঙ্গবন্ধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পরিষদ, সড়ক ও জনপথ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সমিতি, বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সমিতি, বাংলাদেশ চা সমিতি, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেড, বুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিবন্ধীকরণ সেবা সমিতি, থার্মাক্স গ্রুপ, ম্যাক্স গ্রুপ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং পূর্বাচল ক্লাব লিমিটেড।

এসব সংস্থার পাশাপাশি মোস্তাসিম বিল্লাহ সিয়াম নামে একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ অনুদান করেন।

কাল থেকে চালু হচ্ছে ভার্চুয়াল আদালত

0

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে ঘোষিত সাধারণ ছুটির কারণে নিয়মিত আদালত বন্ধ থাকায় ভার্চুয়াল আদালত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্টে বসবে তিনটি বেঞ্চ।

বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ বসবে। এসব আদালতে জামিন আবেদনসহ যেকোনো জরুরি বিষয় শুনানি করা যাবে। তবে সারা দেশে নিম্ন আদালতগুলোতে শুধুমাত্র জামিনের আবেদন শুনানি করা যাবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জানা গেছে, আগামীকাল সোমবার থেকেই এই আদালত কার্যক্রম শুরু হচ্ছে। এই ব্যবস্থায় আইনজীবীরা যদি আজ আবেদন করেন তাহলেই কেবল বিচার কাজ পরিচালিত হবে। এক্ষেত্রে আবেদন পাবার পর তবে কখন, কিভাবে শুনানি হবে সেবিষয়ে সংশ্লিষ্ট বিচারক নির্ধারণ করবেন।

এদিকে ভার্চুয়াল আদালত কিভাবে শুনানি গ্রহণ করবে, আদেশ বা রায় দেবে, আইনজীবীরা কোথায় আবেদন বা মামলা দাখিল করবে, কিভাবে শুনানি করবেন সে বিষয়ে ১৪ দফা প্রাকটিস নির্দেশনা জারি করা হয়েছে। এসব বিধান হাইকোর্ট রুলস-এ যুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন। এই সভায় বিচারপতিরা তাদের মতামত তুলে ধরেন।

ভার্চুয়াল আদালত ব্যবস্থা সম্পর্কে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন বলেন, ফুলকোর্ট সভার সিদ্ধান্তকে স্বাগত জানাই। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে সোমবার থেকেই আদালত কার্যক্রম চালু হয়ে গেলো। এখন আইনজীবীরা আবেদন করলে সংশ্লিষ্ট আদালত সেবিষয়ে পরবর্তী নির্দেশনা দেবেন।

প্রাকটিস নির্দেশনা

প্রাকটিস নির্দেশনায় বলা হয়েছে, কেন আবেদনটি জরুরি তা সংক্ষিপ্তভাবে এক পৃষ্ঠার মধ্যে লিখে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের বেঞ্চ অফিসারের ই-মেইলে পাঠাতে হবে আইনজীবীকে। বেঞ্চ অফিসার তা ই-মেইলের মাধ্যমেই বিচারপতি কাছে উপস্থাপন করবেন। অনুমতি পাবার পর ই-মেইলেই আবেদন দাখিল করতে হবে। সেক্ষত্রে কিছু নিয়ম মানতে হবে। নিয়ম মেনে আবেদন করার পর তার কপি পাঠানো হবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে। এরপর শুনানির সময় নির্ধারণ করে অনলাইন কার্যতালিকা প্রকাশ করা হবে। কার্যতালিকায় দেওয়া সময় অনুযায়ী শুনানি হবে। আদালত পরিচালনা করতে যেয়ে কোনো অসুবিধা হলে সংশ্লিষ্ট বেঞ্চ প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে পারবেন।

হাইকোর্টের এখতিয়ার

সিদ্ধান্ত অনুযায়ী বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে অতি জরুরি সকল প্রকার রিট ও দেওয়ানি মোশন এবং তৎসংক্রান্ত আবেদনপত্র, বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে অতি জরুরি সকল ধরণের ফৌজদারী মোশন ও তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে অন্যান্য মামলার শুনানি করা যাবে।

নিম্ন আদালতের জন্য জারি করা নির্দেশনা

সারা দেশে আদালত পরিচালনার বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ মে পর্যন্ত আদালত বন্ধ থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকার ঘোষিত বর্ষপঞ্জিতে ছুটি ব্যতিত বাংলাদেশের প্রত্যেক জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ জজ আদালতের বিচারক, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহার-২০২০ এবং বিশেষ নির্দেশনা অনুসরণ করে শুধুমাত্র জামিন সংক্রান্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালত কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

ভার্চুয়াল আদালত কার্যক্রম চালুর বিষয়ে আইনজীবীদের অব্যাহত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। এই সভায় নেওয়া সিদ্ধান্ত অুনযায়ী দেশের সকল আদালতে জরুরি বিষয় শুনানির জন্য ভার্চুয়াল আদালত ব্যবস্থা চালু করতে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির জন্য অনুরোধ জানিয়ে আবেদন করা করা হয় সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এই আবেদন পাবার পর রাষ্ট্রপতির নির্দেশনার আলোকে আইন মন্ত্রণালয় শনিবার গেজেট প্রকাশ করে। আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করা হয়। এই অধ্যাদেশের ক্ষমতাবলে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আদালতকে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়।

এই অধ্যাদেশ জারি পর সুপ্রিম কোর্টের বিচার কাজ পরিচালনার জন্য হাইকোর্ট রুলস-এও এ ব্যবস্থা অন্তর্ভূক্তির প্রয়োজন পড়ে। একারণে আজ প্রধান বিচারপতির সভাপতিত্বে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ভার্চুয়াল ব্যবস্থা হাইকোর্ট রুলস-এ অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে তালমিলিয়ে গত ২৬ মার্চ থেকে সারা দেশে আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ক্রমেই সাধারণ ছুটির মেয়াদ বাড়ছে। আপাতত আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি রয়েছে।