Home Blog Page 2964

২ হাজার চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন জারি

0

করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিয়োগকৃত দুই হাজার চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ১৫ মের মধ্যে তাদের যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
আজ রবিবার (১০ মে) তাদের নিয়োগ দিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নকৃত চিকিৎসকরা করোনা ডেডিকেটেড হাসপাতাল ও প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন। চাকরিতে যোগদানকৃত চিকিৎসকদের ৩০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে বা তার পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নিবেন না এবং কোনো যৌতুক দিবেন না মর্মে অঙ্গীকার নামা সম্পাদন করতে হবে যা দেশের বর্তমান পরিস্থিতিতে যোগদানের সময় জমা না দিয়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে।
সরকারি চাকরিবিধি অনুযায়ী সকল স্থাপনার (স্ত্রীর সম্পত্তিসহ) বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করোনা পরবর্তী সময় অবশ্যই অধিদফতরে প্রেরণ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের সংযুক্ত কর্মকর্তারা স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনের যোগদান করবেন।

করোনায় প্রাণ গেল সপ্তম পুলিশ সদস্যের

0

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আত্মত্যাগ করলেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭)। এ নিয়ে পুলিশ বাহিনীর ৭ সদস্য করোনার লড়াইয়ে প্রাণ হারালেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পূর্ব বিভাগের এ ট্রাফিক কনস্টেবল শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জালাল উদ্দিন খোকার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করা হয় গত ২৬ এপ্রিল। পরীক্ষায় তার করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ আসে। এর পর থেকে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জালাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানার উড়াহাট গ্রামে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
এর আগে ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫) এবং পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায় করোনার লড়াইয়ে প্রাণ হারান।
জানা গেছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮০ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্ত পুলিশের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০৯ জনে।

করোনার পাশাপাশি করা হবে ডেঙ্গু টেস্ট

0

করোনার পাশাপাশি সন্দেহজনক রোগীকে ডেঙ্গু পরীক্ষারও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাভাইরাস বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, যেহেতু করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তি উভয়েই জ্বরে ভোগেন। এখন যেহেতু ডেঙ্গুর মওসুম চলছে তাই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার গত বছর থেকেই চালু আছে। এ বিষয়ে একটি টিম প্রস্তুত রাখার জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে।

নাসিমা সুলতানা জানান, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি দেশে ৬৪ জেলায় ডেঙ্গু কিট বিতরণ করেছে। এরপরও যদি কিটের প্রয়োজন থাকে, তাহলে প্রোগ্রাম থেকে সাপ্লাাই দেয়া যেতে পারে। অথবা নিজস্ব অর্থায়নে কেনার জন্য অনুরোধ করা হয়েছে। ডেঙ্গুর সময় চলে এসেছে। কাজেই ডেঙ্গু বিষয়ে সচেতনতা প্রয়োজন।

এ বিষয়টি নিয়ে আজ শনিবার ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্স করা হয়েছে। এ সময় দেশের ৬৪ জেলার সিভিল সার্জন এবং অধিকাংশ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশ নেন। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক।

সভায় ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়। এ সময় করোনার পাশাপাশি সন্দেহজনক রোগীদের ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

নাসিমা সুলতানা বলেন, ডেঙ্গু বিষয়ে সচেতনতার জন্য শিগগিরই একটি ভিডিও বার্তা পাঠানো হবে, যা নিজ উদ্যোগে স্থানীয় ডিশ চ্যানেল ও হাসপাতালসহ সম্ভাব্য জায়গায় প্রচারের ব্যবস্থার জন্য অনুরোধ করা হয়েছে। জেলা, উপজেলা প্রশাসন ও পৌরসভাকে সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশা নিধনে কাজ করার অনুরোধ করা হয়েছে।

প্রত্যেক জেলা-উপজেলায় কোভিড হটলাইন রয়েছে, সেই নম্বরে ডেঙ্গু বিষয় অন্তর্ভুক্তের জন্য অনুরোধ করা হয়েছে। ডেঙ্গু রোগীদের যাবতীয় তথ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে বলেও জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

তিনি বলেন, সবাইকে অনুরোধ করব, মশা যেন বংশ বিস্তার না করে। যে পদক্ষেপগুলো নিজেদের ঘরেও নেওয়া দরকার, আপনারা সে বিষয়ে সচেতন থাকবেন। ঘরে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমা হয়ে না থাকে এবং কোনোভাবেই যেন আমরা অপরিষ্কার না থাকি। ডেঙ্গু বংশ বিস্তার করে এ রকম কোনো পরিবেশ যেন আমরা বাসার মধ্যে না রাখি। ফুলের টব, ভাঙা পাত্রে যেন পানি জমা না থাকে। বাসায় যেন আমরা সচেতন থাকি।

বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা

0

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর ও বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামের পার্শ্ববর্তী এলাকায় নিম্ন আয়ের পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনীর কর্মকর্তাগণ এই মানবিক সহায়তা প্রদান করা হয়। জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

অনুশীলন শুরু করেছে ইতালির দুই জায়ান্ট ক্লাব

0

কঠোর লকডাউনের দুই মাস পর শুক্রবার থেকে অনুশীলন মাঠে আসতে শুরু করেছে ইতালিয়ান দুই ফুটবল জায়ান্ট ইন্টার মিলান ও এসি মিলান। ইন্টার জানিয়েছে শুক্রবার তাদের সব খেলোয়াড় ও স্টাফের দেহে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। সে কারণেই তাদেরকে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে।

অধিনায়ক সামির হানডানোভিচের নেতৃত্বে দুপুরে খেলোয়াড়রা মিলানের ৩৫ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত আপিয়ানো গেনটাইল ট্রেনিং সেন্টারে এসে পৌঁছায়। এ সময় হানডানোভিচের সাথে আরো ছিলেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। খেলোয়াড়রা সবাই মাস্ক ও গ্লাভস পড়া ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তিনটি গ্রুপে খেলোয়াড়দের ভাগ করে শরীরের তাপমাত্রা মাপা হয়।

এর আগে সপ্তাহের শুরুতে ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান অনুশীলন শুরুর ঘোষণা দেয়। ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এ সময় বলেছিলেন ফুটবল যতক্ষন পর্যন্ত মাঠে না গড়াবে তা শুধু ক্ষতিই বয়ে নিয়ে আসবে। মিলানের সাবেক অধিনায়ক মালদিনি ও তার ১৮ বছরের ছেলে ড্যানিয়েল কোভিড-১৯এ আক্রান্ত হয়েছিলেন। সান সিরোর ক্লাবটি অবশ্য শুক্রবার জানিয়েছে তাদের কিছু কিছু খেলোয়াড় এখনো নেগেটিভ প্রমাণিত হননি।

শুক্রবার ইন্সটাগ্রামে ৫১ বছর বয়সী মালদিনি জানিয়েছেন, ‘সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কিন্তু কোনোভাবেই ফুটবল শুরু না করার সিদ্ধান্ত সঠিক হতে পারেনা। ফ্রান্স মৌসুম শেষ করে দেবার ঘোষণায় ভুল করেছে। কিন্তু আমরা সরকারের সিদ্ধান্ত মেনে সবকিছু গ্রহণ করে নিব। এখনো সবকিছু নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে।’

ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ লোম্বার্দি করোনাভাইরাসে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউরোপের সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু দেখেছে এই শহরটি। মঙ্গলবার থেকে অনুশীলন শুরুর ঘোষণা দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাস। যদিও তাদের সবচেয়ে বড় তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল থকে ফিরে দুই সপ্তাহের কোয়ারান্টাইনে আছেন। মিলান আগামী সপ্তাহের শুরুতে সুইডিশ তারকা জ্লাটান ইব্রাহিমোভিচের ফেরার অপেক্ষায় রয়েছে।

শচীনের দানে খাবার জুটল ৪ হাজার দরিদ্রের

0

গরীবদের যেন আরও গরীব করে দিয়েছে করোনাভাইরাস। এই ভাইরাস থেকে বাঁচতে ভারতে চলছে লকডাউন। কিন্তু সবকিছু বন্ধ থাকায় শ্রমজীবী মানুষ পড়ে গেছে বিপদে। তাদের কোনো আয় নেই। চুলায় হাড়ি চড়ে না। এমন মানুষদের পাশে দাঁড়িয়েছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ৪ হাজার অসহায় মানুষকে খাবার দিয়েছেন তিনি। এদের মাঝে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) স্কুলের শিশুরাও আছে।

মুম্বাইয়ে একটি সংস্থায় অর্থ দানের মাধ্যমে এই মানবিক কাজটি করেছেন শচীন। টুইট করে তিনি বলেছেন, ‘দৈনিক উপার্জন করে এমন পরিবারগুলোর পাশে থাকার জন্য শুভেচ্ছা হাইফাইভ টিমকে।’ যে সংস্থাকে তিনি দান করেছেন, সেই সংস্থাও শচীনকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছে। তাতে লেখা আছে, ‘আমাদের কোভিড-১৯ তহবিলে আপনার দানের ফলে চার হাজার দুঃস্থর পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে। এর মধ্যে স্কুলের ছাত্রঠাত্রীরাও থাকছে।’

এর আগে শচীন ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ রুপি দান করেছিলেন । মুম্বাইয়ের কয়েকটি অঞ্চলে এক মাসের জন্য ৫ হাজার মানুষের খাদ্য সরবরাহ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মোদি সরকারের পাশে থাকতে তিনি দেশবাসীকে আহ্বানও জানিয়েছেন।

সৌদির প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর ছেলে জেলে

0

সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর পুত্র প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহকে মার্চ মাসে বিনা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেসময় থেকেই বিনা বিচারে তাঁকে অজ্ঞাত কারাগারে আটক রাখা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শনিবার জানিয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ মার্চ মাস থেকে প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর এক ছেলেকে আটকে রেখেছে এবং তার অবস্থান প্রকাশ করতে অস্বীকার করেছে।

রাজপরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, যুবরাজ ফয়সাল বিন আবদুল্লাহকে সম্ভবত অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে এবং কর্তৃপক্ষ তাঁকে বেআইনি ভাবে নিখোঁজ করে দিয়েছে।

এ ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্সের হাত রয়েছে উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচের মধ্য প্রাচ্যের উপ-পরিচালক মাইকেল পেজ বলেছিলেন, ‘মোহাম্মদ বিন সালমানের শাসনামলে সৌদি কর্তৃপক্ষের বেআইনী আচরণ অব্যাহত রয়েছে। এখন আমাদের সুস্পষ্ট আইনী ভিত্তি ছাড়া সৌদি আরবে আটক হওয়া কয়েকশ মানুষের সঙ্গে প্রিন্স ফয়সালকেও যুক্ত করতে হবে।’

এইচআরডব্লিউ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ২৭ মার্চ রিয়াদের উত্তর-পূর্বে প্রিন্স ফয়সালের কম্পাউন্ড থেকে তাঁকে আটক করে নিয়ে যায়। যেখানে তিনি করোনভাইরাস মহামারিজনিত কারণে সেলফ আইসোলেশনে ছিলেন। তাকে সম্পূর্ণ বিনা অভিযোগে আটক করা হয়েছে।

পরিবারের সদস্যরা তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে অন্ধকারে রয়েছেন। প্রিন্স ফয়সাল হৃদরোগ রয়েছে এজন্য তাঁর স্বাস্থ্য নিয়ে বিশেষত উদ্বিগ্ন পরিবার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুর্নীতিবিরোধী অভিযানে তাকে আটক করা হয়েছিল। কিন্তু ২০১৭ সালের শেষ দিকে তিনি ছাড়া পান।

সূত্র- মিডলইস্ট আই।

শত শত বিদেশফেরত পাকিস্তানি করোনা পজিটিভ

0

করোনাভাইরাস মোকাবিলায় নাজেহাল অবস্থা পাকিস্তানের। দেশজুড়ে হু হু করে বাড়ছে সংক্রমণ। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যাও। এমন পরিস্থিতিতেও দরিদ্র মানুষের জীবন-জীবিকা রক্ষায় লকডাউন তুলে নিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসাবে এসেছে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরা প্রবাসীরা। এদের মধ্যে শত শত বিদেশফেরত করোনা পজিটিভ।

কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান প্রায় ২০ হাজার নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে। তাদের মধ্যে প্রচুর সংখ্যক অদক্ষ শ্রমিক রয়েছেন যারা উপসাগরীয় দেশগুলোতে করোনার লকডাউনের কারণে চাকরি হারিয়েছেন।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্যপ্রাচ্য থেকে সিন্ধুতে ফিরে আসা ২ হাজার ৬৯ জন পাকিস্তানির মধ্যে ৫০০ জনেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত।

এদিকে উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একজন প্রবীণ সরকারী কর্মকর্তা জানিয়েছেন, পেশোয়ার শহরে প্রত্যাবাসন করা ১ হাজার ৬০০ প্রবাসীর মধ্যে ২০০ জনেরও বেশি করোনা পজিটিভ।

এরই মধ্যে ফিরে আসা ২০ হাজার জন ছাড়াও বিদেশে আরও প্রায় এক লাখ ১০ হাজার পাকিস্তানি স্বদেশ প্রত্যাবর্তনের জন্য নিবন্ধন করেছেন। এই বিপুল সংখ্যক নাগরিক ফিরে আসলে পাকিস্তানের করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে এতে কোন সন্দেহ নেই। পাক পররাষ্ট্র দফতরের খবর অনুযায়ী মধ্যপ্রাচ্যে প্রায় ৪৫ লাখ পাকিস্তানি কাজ করে।

পাকিস্তান আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ বিমান চালু করেছে। দেশটিতে আপাতত বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে।

ইমরান খানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ জানান, বিভিন্ন দেশ থেকে ২০ হাজার পাকিস্তানি দেশে ফিরেছে। আগামী সপ্তাহেও ৩২টি দেশ থেকে আরো ৪০ হাজার কর্মহীন পাকিস্তানি ফিরে আসবে।

সূত্র- দ্য ন্যাশনাল।

করোনা রুখতে কৃত্রিম অ্যান্টিবডি তৈরি করেছেন জার্মান বিজ্ঞানীরা

0

বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করেছে আণুবীক্ষণিক জীব নভেল করোনাভাইরাস। গুঁড়িয়ে দিচ্ছে মানবজাতির সভ্যতা ও বিজ্ঞানের দম্ভ। কোন ওষুধ নেই, প্রতিষেধক নেই। শুধুই মৃত্যুর অপেক্ষা। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে। এখনও সফলার মুখ দেখেননি।

অবশেষে আশার বাণী শুনিয়েছেন জার্মানির বিজ্ঞানীরা। বলছেন, পরীক্ষাগারে তারা এমন একটি কৃত্রিক ‘অ্যান্টিবডি’ তৈরি করতে সক্ষম হয়েছেন যেটা নভেল করোনাভাইরাসকে পরাস্ত করতে সক্ষম। কভিড-১৯ চিকিৎসা ও মহামারিটির বিস্তার রোধে এটা একটি যুগান্তকারী পদক্ষেপ।

জার্মান গবেষক দল বলছেন, তাঁরা একটি কৃত্রিম অ্যান্টিবডি পেয়েছেন যা সার্স করোনভাইরাস-২ কে ব্লক করে এবং এইকভাবে সংক্রমণ রোধ করে। কৃত্রিম এই অ্যান্টিবডি কভিড-১৯ রোগের গুরুতর ফর্মগুলোর জন্য বিশেষভাবে উপযুক্ত এবং একই সাথে এটা ভাইরাসের বিস্তারও প্রতিরোধ করে। তবে, এটি মানবদেহের জন্য নিরাপদ এবং কোন পার্শ প্রতিক্রিয়া আছে কিনা সেটা নিশ্চিত হতে আরো গবেষণা দরকার।

১৮৯০ সালে জার্মান গবেষক এমিল ফন বেহরিং-এর পর্যবেক্ষণের মধ্য দিয়ে আধুনিক ইমিউনোলজির যাত্রা শুরু হয়েছিল। সে সময় তিনি বলেছিলেন যে, সংক্রমণ থেকে বেঁচে যাওয়া জীবিত প্রাণীদের রক্ত অন্যান্য জীবের মধ্যে প্রবেশ করিয়ে একই জাতীয় সংক্রমণ দমন করা যেতে পারে। তবে প্রযুক্তিগত দুর্বলতায় এই সেরোথেরাপির পেছনের প্রক্রিয়াটি তখন জানা ছিল না। শরীরে এই রক্ত কিভাবে কাজ করে সেই উৎসও পরিষ্কার করা হয়নি।

তার সেই ফর্মূলাকে গবেষণা করেই আধুনিক কালের বিজ্ঞানীরা ‘অ্যান্টিবডি’ তৈরি করছেন। এখন এটি জানা যায় যে, প্রতিরোধ ব্যবস্থাটির তথাকথিত বি-কোষগুলো শরীরে কোনো রোগজীবাণু সনাক্ত করার পরে তাদের ম্যাসেজ করে এবং সেগুলোর বিরুদ্ধে লড়াই করে। এটি ভাইরাসগুলোকে কার্যকরভাবে অবরুদ্ধ করে এবং নতুন কোষে প্রবেশ করার ক্ষমতা ব্লক করে দেয়। ফলে ভাইরাসটি নতুন কোষে প্রবেশ করতে পারে না এবং বংশ বৃদ্ধিও করতে পারে না।

নতুন আবিষ্কৃত এই অ্যান্টিবডি ভাইরাসকে অবরুদ্ধ করে এবং ভাইরাসগুলোর বিস্তারকে সীমাবদ্ধ করে। ফলে রোগীর উপসর্গগুলো দ্রুত কমতে থাকে। এই প্যাটার্ন অনুসারে যে চিকিৎসা পদ্ধতি কাজ করে তাকে বলে ইমিউনোথেরাপি। সাম্প্রতিক দিনগুলোতে, ইসরায়েল, নেদারল্যান্ডস এবং এখন জার্মানি থেকে এর কার্যকারিতা সম্পর্কে সুসংবাদ প্রকাশিত হয়েছে – যেসব অ্যান্টিবডিগুলো সার্স-কোভি -২ কে আটকে দিয়ে নতুন কোষে অনুপ্রবেশ বন্ধ করতে পেরেছে। ফলে চিকিৎসায় এটা নতুন দিগন্ত সৃষ্টি করেছে।

গুরুত্বপূর্ণ এই আবিষ্কারটির প্রধান নেতা আলফার্ট র‍্যান্ডের সাথে কথা বলেছে স্পুটনিক নিউজ। যিনি জার্মানির হেলমহোল্টজ সেন্টার ফর ইনফেকশন রিসার্চের অন্যতম গবেষক। গবেষণাগারে তিনিই পরীক্ষাগুলো চালিয়েছিলেন।

তিনি বলেন, ‘কৃত্রিমভাবে অ্যান্টিবডি তৈরির জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যেগুলো ভাইরাসকে নিরপেক্ষ করে তাদের সন্ধান করা। বায়োটেকনোলজি সংস্থা ইউমাব এবং ব্র্যাঙ্কশুইগের টেকনিক্যাল ইউনিভার্সিটি গবেষণা টিমের জন্য প্রায় ৬ হাজার এর মতো অ্যান্টিবডি তৈরি করেছিল। সেখান থেকে পরীক্ষা করে করোনাভাইরাসের স্পাইক প্রোটিনকে অকেজো করতে পারে এমন আ্যান্টিবডি বাছাই করা হয়েছে। এই স্পাইক প্রোটিনের সাহায্যেই ভাইরাস নতুন কোষে প্রবেশ করে।’

তিনি আরো বলেন, এই অ্যান্টিবডি এমনভাবে ভাইরাসের স্পাইক প্রোটিনকে আবদ্ধ করে যে এটি পরবর্তীকালেও নতুন কোন কোষে প্রবেশ করতে পারে না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এই অ্যান্টিবডি মূলত কয়েকটি অ্যান্টিবডির মিলিত ককটেলে তৈরি হয়েছে।

সূত্র- স্পুটনিক।

করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে ভারতে

0

ভারতে করোনা পরিস্থিতি দিন-দিন আরও খারাপ হচ্ছে। তবে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত। এমনটাই জানালেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

হর্ষ বর্ধন বলেন, উন্নত দেশের তুলনায় ভারতের পরিস্থিতি অনেক ভালো। আমরা সব থেকে খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত আছি। ভারতে করোনায় মৃত্যুর হার ৩.৩ শতাংশের আশপাশে। সুস্থ হয়ে ওঠাৎ হার বেড়ে দাঁড়িয়েছে ২৯.৯ শতাংশ। ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১১ দিনে দ্বিগুণ হচ্ছে। আমরা সব থেকে খারাপ সময়ের জন্যও প্রস্তুত।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার।

আজ সকালে করোনা সংক্রান্ত দৈনিক বুলেটিনে জানানো হয় যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৩২০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। এর জেরে ভারতে সম্মিলিত করোনা কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯,৬৬২-তে। করোনায় মৃতের সংখ্যা প্রায় ২ হাজার।

এর আগে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় দাবি করেছিল যে, আক্রান্তের সংখ্যার বৃদ্ধির হার ১ মে-র পর থেকে কমের দিকে যাচ্ছে। তবে সেই দাবিকে হার মানাচ্ছে কেন্দ্রেরই প্রকাশিত তথ্য।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আরও ৯৫ জন। এর জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৮৬-তে। সুস্থতার হার বাড়ছে। এর মধ্যেও গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করা হয় কেন্দ্রের তরফে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও পর্যন্ত ১৭ হাজার ৯০০ জন করোনা মুক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

করোনায় জর্জরিত মহারাষ্ট্র

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সর্বাধিক। গুজরাতেও বাড়ছে সংক্রমণ। মহারাষ্ট্রে মোট করোনা কেস দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩-এ। সে রাজ্যে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৭৩১ জন। মুম্বাইতেই ১২ হাজারের বেশি করোনা আক্রান্ত রয়েছেন। বাণিজ্যনগরীতে এখনও পর্যন্ত ৪৬২ জন মারা গিয়েছেন।

গুজরাতে মৃত্যু মিছিল

গুজরাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার হয়েছে। দিল্লিতেও আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার। তবে একদিকে গুজরাতে যেখানে ৪৪৯ জন প্রাণ হারিয়েছেন সেখানে দিল্লিতে করোনার বলি মাত্র ৬৮। মৃতের হারে গুজরাত বাকি সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে।