Home Blog Page 2965

করোনার উৎপত্তি নিয়ে বিতর্কের চেয়ে বেশি জরুরি একে নিয়ন্ত্রণে আনা: ডব্লিউএইচও

0

চীনের উহান প্রদেশের সি ফুড মার্কেট থেকে নভেল করোনাভাইরাসের বিস্তার ঘটেছে এমন অভিযোগ শুরু থেকেই উঠেছিল বিস্তর। এতদিন পর্যন্ত এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরিষ্কার করে কিছু বলেনি। কিন্তু শুক্রবার এই প্রথম ডব্লিউএইচও জানিয়ে দিল, করোনা সংক্রমণের নেপথ্যে উহানের ওই বাজারের বড় ভূমিকা রয়েছে। তবে নিশ্চিত সিদ্ধান্তে আসতে আরো তদন্ত হওয়া প্রয়োজন।

গতবছর নভেম্বরে চীনের উহান থেকে শুরু হয়েছিল করোনাভাইরাসের সংক্রমণ। জানুয়ারি মাসে উহানের বন্যপ্রাণীর মাংসের জন্য খ্যাত ওই বাজার সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় বেইজিং।

শুক্রবার ডব্লিউএইচও’র খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডাক্তার পিটার বেন এমবারেক বলেন, ‘সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহানের বাজারের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু প্রকৃতপক্ষে কী হয়েছিল তা এখনো আমরা পরিষ্কার করে জানি না। হতে পারে সংক্রমণ কয়েকগুণ ছড়ানোর উপকরণ ওই বাজারে মজুত ছিল আবার এও হতে পারে এটা শুধুই কাকতালীয়।’

তাঁর কথায়, এটা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না জীবজন্তুদের থেকেই ওই বাজারের দোকানদারদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে। উদাহরণ দিতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্তা বলেন, ‘২০১২ সালে সৌদি আরবে মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। গবেষকদের প্রায় এক বছর সময় লেগেছিল উৎস খুঁজে পেতে। ঊটের শরীরই যে ভাইরাসের আধার তা বুঝতে সময় লেগেছিল ১৪ মাস।’

তিনি বলেন, আমাদের কাছে ভাইরাসটির যে সংস্করণ রয়েছে সেটা মানুষের সাথে খাপ খাইয়ে নেওয়ার আগে কোথায় ছিল সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ, ভাইরাসটির উৎস জানতে এটা সবচেয়ে বেশি সহায়ক হবে। কারণ তখন আমরা আরো ভালভাবে বুঝতে পারবো যে এটি কিভাবে মানুষের সাথে খাপ খায় এবং কিভাবে বিকশিত হয়েছিল।’

অনেকের বক্তব্য, বাদুড় বা ওই জাতীয় প্রাণীর শরীর থেকেই কভিড-১৯ সংক্রমণ ছড়িয়েছে। এর বাইরে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ল্যাবরেটরিতে তৈরি করে এই ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, উহানের ভাইরোলজি ল্যাবেই এই ভাইরাস তৈরি করা হয়েছে। দু’দিন আগে এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও একই অভিযোগ করেন বেইজিংয়ের বিরুদ্ধে।

যদিও এ ব্যাপারে এদিনও ডব্লিউএইচও’র পক্ষ থেকে বলা হয়েছে, ল্যাবেই যে ভাইরাস তৈরি হয়েছে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

গতকালই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, করোনার উৎস সন্ধানে ফের একটি টিম তারা চীনের উহান প্রদেশে পাঠাতে চায়। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ডব্লিউএইচও টিমকে সমস্ত সাহায্য করবে। তারাও চায় এই বিতর্কের একটা উপসংহার টানা হোক। এদিন ডব্লিউএইচও’র পক্ষ থেকে বলা হয়েছে, এখন দুটি জিনিস খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক, কোনও প্রাণীর শরীর থেকে এই ভাইরাস ছড়িয়েছে কিনা এবং দুই, ছড়ালে কিভাবে তা মানব শরীরে প্রবেশ করল।

প্রসঙ্গত, করোনা সংক্রমণে চীনের এই বাজারের যে যথেষ্ট ভূমিকা রয়েছে তা পুরো দুনিয়ার লোক বললেও ডব্লিউএইচও এতদিন স্পষ্ট করে কিছুই বলেনি। পৃথিবীর একাধিক রাষ্ট্র ডব্লিউএইচও’র চীনের সুরে কথা বলাকে ভাল ভাবে নেয়নি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে কিছুতেই মেনে নেয়নি। এমনকি ডব্লিউএইচও’র অনুদানও বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

সূত্র- এনবিসি নিউজ।

করোনার মধ্যে ভারত থেকে রেলে পণ্য পরিবহন শুরু

0

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির মধ্যে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে ভারত থেকে প্রথম পণ্যবাহী ট্রেন শনিবার বাংলাদেশে এসেছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, প্রথম ট্রেনে পণ্য হিসেবে পেঁয়াজ এসেছে। শনিবার গেদে-দর্শনা ইন্টার এক্সচেঞ্জ পয়েন্টে ভারতীয় রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের কাছে পণ্যবাহী ট্রেনটি বুঝিয়ে দেয়। সেখানে কাস্টম ছাড়পত্রের ৪২টি ওয়াগন সম্বলিত সেই ট্রেনটি আনলোডিংয়ের জন্য সুবিধাজনক রেল টার্মিনালে নিয়ে যাওয়ার কথা। এ ধরনের আরো কয়েকটি ট্রেন বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে। এ ট্রেনগুলো গেদে-দর্শনা, পেট্রাপোল (ভারত)-বেনাপোল (বাংলাদেশ), সিঙ্গাবাদ (ভারত)-রোহনপুর (বাংলাদেশ) ও রাধিকাপুর (ভারত)-বিরল (বাংলাদেশ) রেল রুটে আসবে।

ভারতীয় হাইকমিশন জানায়, করোনাভাইরাসের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। বাংলাদেশ-ভারত বাণিজ্যও ব্যহত হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে বিদ্যমান রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে।

লটারির টিকিট বিক্রি করলে কৃষিকার্ড বাতিল : খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারি ধান ক্রয় করতে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের মধ্যে থেকে কৃষক নির্বাচন করা হচ্ছে। যদি কোন কৃষক তার টিকিট মধ্য-স্বত্বভোগীদের নিকট বিক্রি করে দেন তাহলে সেই কৃষকের কৃষি কার্ড বাতিল করা হবে। একইসঙ্গে যারা কৃষকের লটারি কিনবেন তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার হুশিয়ারিও দিয়েছেন মন্ত্রী।

আজ শনিবারদুপুরে মন্ত্রীর মিন্টো রোডস্থ সরকারি বাসভবন থেকে নওগাঁ জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, চলতি বোরো মওসুমে সারাদেশে বাম্পার ফলন হয়েছে। এ জন্য দেশে খাদ্যের কোনো অভাব হবে না। বরং খাদ্য উদ্বৃত্ত থাকবে। ভিডিও কনফারেন্সে জেলার করোনা মোকাবেলা পরিস্থিতি, চলতি বোরো ধান কাটা-মাড়াই, সরকারীভাবে ধান চাল সংগ্রহ, আম উৎপাদন ও বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আশা করা যাচ্ছে চলতি বোরো মৌসুমে প্রায় ৩ কোটি ৫০লক্ষ মেট্রিক টন চাল উৎপাদিত হবে (বোরো এবং আমন)। এছাড়া প্রায় ২০থেকে ২৫লক্ষ মেট্রিক টন আউশ ধান উৎপাদিত হবে। এই উৎপাদন দিয়ে দেশের চাহিদা পূরন করেও উদ্বৃত্ত থাকবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সরকারীভাবে অন্য যে কোন বছরের তুলনায় এবার বেশী ধান চাল সংগ্রহ করা হচ্ছে। যা করোনা দূর্যোগ মোকাবেলায় বড় সহায়ক হবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, দেশে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা করোনা মোকাবেলা করে এই সংগ্রহ কার্যক্রম চালাচ্ছেন। শস্য সংগ্রহে যাতে কোন অনিয়ম না হয় সেজন্য খাদ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের তীক্ষ দৃষ্টি রাখতে বলেন মন্ত্রী। এছাড়া সংগ্রহ কার্যক্রমে সকলকে সহযোগিতা ও করোনা মোকাবেলায় সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব মেনে চলার আহবান জানান তিনি।

দেশের মানুষের জীবন ও জীবিকা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আগে থেকেই সারাদেশে ৫০ লক্ষ পরিবারকে বছরে পাঁচ মাস প্রতি মাসে ৩০ কেজি চাল প্রতি কেজি ১০ টাকা করে বিতরণ করা হচ্ছে। করোনাকালীন সময়ে কর্মহীন দরিদ্র মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরো ৫০লক্ষ পরিবারের মাঝে প্রতিমাসে ৩০কেজি চাল প্রতি কেজি ১০ টাকা করে দেবার জন্য সারাদেশে তালিকা তৈরীর কাজ এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী।

ভিডিও কনফারেন্সে নওগাঁ-৪ আসনের এমপি ইমাজ উদ্দিন প্রামানিক, নওগাঁ-৩ আসনের এমপি সলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান, জেলা সিভিল সার্জন আখতারুজ্জামানসহ সেনা, বিজিবি, খাদ্য বিভাগের কর্মকর্তা, জন প্রতিনিধি ও গণমাধ্যম কর্মিরা বক্তব্য রাখেন।

এছাড়া জেলার ১১ টি উপজেলার উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার, ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিয়ে মতামত তুলে ধরেন।

করোনায় সুস্থতার হার ১৭.৫ ও মৃত্যু ১.৫ শতাংশ

0

দেশে করোনায় সুস্থতার হার ১৭ দশমিক ৫ শতাংশ ও মৃত্যু ১.৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য বুলেটিনে জানান, দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৭০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৪ জন। আর মারা গেছেন ২১৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ এবং সুস্থতার হার ১৭ দশমিক ৫ শতাংশ।

নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুস্থতার হার ৯১ দশমিক ৮ শতাংশ এবং মৃত্যুর হার ৮ দশমিক ২ শতাংশ।

তিনি বলেন, ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ৯ হাজার ১৭৭, চট্টগ্রাম বিভাগে ৫৭৬, সিলেট বিভাগে ১৬৩, রংপুর বিভাগে ২৬৩, খুলনা বিভাগে ২১১, ময়মনসিংহ বিভাগে ৪১১, বরিশাল বিভাগে ১৩০ এবং রাজশাহী বিভাগে ১৫৩ জন। ঢাকা শহরে ৫৮ দশমিক ২৮ শতাংশ, ঢাকা বিভাগের ২৩ দশমিক ৭৯ শতাংশ, চট্টগ্রামে ৫ দশমিক ৪৫ শতাংশ, সিলেটে ১ দশমিক ৫৪ শতাংশ, রংপুরে ২ দশমিক ৪৯ শতাংশ, খুলনায় ২ শতাংশ, ময়মনসিংহে ৩ দশমিক ৭৮ শতাংশ, বরিশালে ১ দশমিক ২৩ শতাংশ এবং রাজশাহীতে ১ দশমিক ৪৫ শতাংশ শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জে এখন সর্বাধিক সংখ্যক শনাক্ত ব্যক্তি রয়েছে।

এবার করোনার উপসর্গ নিয়ে দুদকের প্রধান সহকারীর মৃত্যু

0

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমানের (৫৭) মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ গণমাধ্যমকে জানান।

করোনা ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ বলেন, গত ৮ মে রাত ৮টা ৫ মিনিটে করোনার উপসর্গ নিয়ে ঢামেকে ভর্তি হন খলিলুর রহমান। তখন তাকে অক্সিজেন দেওয়া হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেকের ডেথ সার্টিফিকেটে খলিলুর রহমানের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। তবে তার মরদেহ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।

বিদেশী কূটনীতিকরা রাজনীতির মহড়ায় চলে গেছেন : পররাষ্ট্রমন্ত্রী

0

গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে ঢাকায় নিযুক্ত সাতজন বিদেশী রাষ্ট্রদূতের বিবৃতির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশী কূটনীতিকরা জটলা করে ওই বিবৃতি দিয়েছেন। যেটা পৃথিবীর কোথাও হয় না। তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন।
আজ শনিবার (৯ মে) গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, বিদেশী কূটনীতিকরা জটলা করে যে বিবৃতি দিয়েছেন, সেটা পৃথিবীর কোথাও আমরা দেখিনি। এটা খুবই দুঃখজনক। আমি খুবই খুশি হতাম তারা যদি জটলা পাকিয়ে বিবৃতি দিয়ে বলতেন, রাখাইনে যুদ্ধ হচ্ছে, এটা বন্ধ করা উচিত।
তিনি বলেন, তাদের যদি কোনো কথা থাকে আমাদের জানাতে পারতেন। তবে সেটা না করে জটলা পাকিয়ে বিবৃতি দিয়েছেন। তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন। তারা কী এখানে রাজনীতি করবেন? তারা কী এদেশে ইলেকশন করবেন? নাকি অন্য কোন কিছু? আমি আশা করবো তারা তাদের প্রটোকল মানবেন। সেভাবেই কাজ করবেন।
এর আগে গত ৭ মে করোনা ভাইরাস মহামারী চলাকালে বাস্তবভিত্তিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দেন ঢাকায় নিযুক্ত সাতজন বিদেশী রাষ্ট্রদূত। তারা নিজ নিজ টুইটার থেকে এ নিয়ে টুইট করেন ।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক, সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা শ্লাইটার, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসন, নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারিভারওয়েজ টু্ইটারে মত প্রকাশের স্বাধীনতায় জোর দেন।

১৬ মে পর্যন্ত স্থগিত হল অন-অ্যারাইভাল ভিসা

0

চলমান করোনা পরিস্থিতির কারণে সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) স্থগিতের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ শনিবার ( ৯ মে) শনিবার ( ৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।
এর আগে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ ছিল ৭ মে পর্যন্ত।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। এতে বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। বাড়ানো হয় অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও।
এর আগে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। সর্বশেষ বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদও ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও এর আগে অভ্যন্তরীণ রুটে ৮ মে থেকে ফ্লাইট চলাচলের প্রস্তুতি নিতে বলা হয়েছিল।
১৬ মে’র পর কী হবে, কীভাবে ফ্লাইট পরিচালিত হবে সবকিছু নির্ভর করছে ওই সময় করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতির ওপর। তবে এ সময়ের মধ্যে ফ্লাইট পরিচালনার বিষয়ে বেশকিছু নির্দেশনা ঠিক করে রেখেছে বেবিচক।

ঈদ শপিংয়ের টাকা কর্মহীনদের দান করুন : সেতুমন্ত্রী

0

আসন্ন ঈদে শপিং না করে গরিব অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এবার ঈদ এসেছে ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন বাস্তবতায়, দেশ পার করছে সংকট কাল। এ পরিস্থিতিতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায়, দরিদ্র কর্মহীন জনগণের মাঝে বণ্টনের আহ্বান জানাচ্ছি।

আজ শনিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা এবারের ঈদ উদযাপন করতে চাই, চাই ত্যাগের মহিমায় নিজেদেরকে অসহায় জনগণের সাথে একাত্ম করতে। পাশাপাশি ঈদের কেনাকাটায় সংযম ও পরিমিতিবোধ বজায় রাখার জন্য বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে এ সংকটকালে মির্জা ফখরুল সাহেব ও তার দল বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালন করুন।

তিনি বলেন, আমাদের এই পরিস্থিতিতে কিছুতেই মনোবল হারালে চলবে না। স্বাস্থ্য বিধি, সামাজিক দুরত্ব আমাদের আরও কঠোরভাবে মেনে চলতে হবে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতের করোনা পরিস্থিতি আমাদের চেয়ও খারাপ। তারপরও তারা কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য লকডাউন শীথিল করেছে। আমেরিকার ৪৭টি অঙ্গরাজ্যে লকডাউন তুলে নিচ্ছে। স্পেন ইতালি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শীথিল করছে।

ওবায়দুল কাদের বলেন, জীবনের পাশাপাশি জীবিকার চাকাও সচল রাখতে হবে। এই কারণে সরকার কিছু কিছু সাধারণ ছুটি শীথিল করেছে। শপিংমল খোলার অনুমতি দিয়েছে। আমাদের অর্থনীতিতে উৎসব কেন্দ্রিক অর্থনীতির একটা প্রভাব আছে। সরকার জনগণের উপর ছেড়ে দিয়েছে শপিংয়ে যাওয়ার বিষয়টি।কাউকে বাধ্য করেনি তবে সেক্ষেত্রে প্রশাসনের নজরদারি থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে।

মন্ত্রী বলেন, এক শ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে গুজব ছড়াচ্ছে। কোনো ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এসব গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক। গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর।

করোনায় পুলিশে আক্রান্ত সংখ্যা দেড় হাজার ছাড়াল

0

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেড় হাজার ছাড়িয়েছে বাংলাদেশ পুলিশে আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০ পুলিশ সদস্য।

সবমিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০৯ জনে। গতকাল শুক্রবার (৮ মে) এই আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৪২৯ জন। আর বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ২৮৫। আর করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ছয়জন পুলিশ সদস্য।

ঢাকাসহ সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৯ মে এই তথ্য আপডেট করা হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরো ৪৬৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায দুই হাজার ৮৭০ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১১০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে শুক্রবার (৮ মে) বিকেলে ১৮ পুলিশ সদস্য সুস্থ হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনা ভাইরাস (কভিড-১৯) ধরা পড়ার পর তাঁরা বিভিন্ন সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখভালের জন্য উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করা হয়েছে। আইজিপি ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে শুক্রবার এই টিম গঠন করা হয়।

কমিটির প্রধান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সদর দফতর) শাহ মিজান শাফিউর রহমান। টিমের অন্য সদস্যরা হলেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান এবং সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) মো. আশিক হাসান।

ইতিমধ্যে পরিদর্শন টিমের সদস্যরা রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশ ডিএমপির ট্রাফিক ব্যারাকে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান। তাঁরা করোনা আক্রান্ত প্রত্যেক পুলিশ সদস্যকে সরেজমিন পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং আক্রান্তদের চিকিৎসা সেবাসহ নানাবিধ সুবিধা-সুবিধার বিষয়ে খোঁজ নেন।

করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৩৬

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১৪ জনের। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৩৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭০ জনে। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১৩ জন।
আজ শনিবার (৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫ হাজার ৪৬৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ১৬ হাজার ৯১৯টি।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৬৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জনে। মহামারী করোনাভাইরাস নতুন করে আরও ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে মোট মৃত্যু সংখ্যা ২১৪ জন। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় ঘরে ফিরেছেন ৩১৩ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৪।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে মারা যাওয়া ৮ জনের সবাই পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন সাড়ে ১৩ লাখের বেশি মানুষ।