Home Blog Page 2966

গত ২৪ ঘণ্টায় আরও ৮০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

0

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮০ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেড় হাজার ছাড়িয়েছে পুলিশে আক্রান্তের সংখ্যা। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৬ পুলিশ সদস্য।
সবমিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ হাজার ৫০৯ জনে। গতকাল এই আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪২৯ জন।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৯ মে এই তথ্য আপডেট করা হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৬৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৮৭০ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১১০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে শুক্রবার (৮ মে) বিকেলে ১৮ পুলিশ সদস্য সুস্থ হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনাভাইরাস (কোভিড-১৯) ধরা পড়ার পর তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
করোনা আক্রান্ত পুলিশদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করা হয়েছে। আইজিপি ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে শুক্রবার এ টিম গঠন করা হয়।
কমিটির প্রধান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সদর দফতর) শাহ মিজান শাফিউর রহমান। টিমের অন্য সদস্যরা হলেন- ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান এবং সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) মো. আশিক হাসান। ইতোমধ্যে পরিদর্শন টিমের সদস্যরা রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশ ডিএমপির ট্রাফিক ব্যারাকে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান।
তারা করোনা আক্রান্ত প্রত্যেক পুলিশ সদস্যের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং চিকিৎসা সেবাসহ নানা সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসার নির্দেশ আইজিপির

0

করোনায় আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ ।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) মো. আশিক হাসান আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং তাদের নির্দেশনা প্রদান করে যাচ্ছেন।
তিনি বলেন, ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তারা সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। তাদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছেন বলে জানান তিনি।
এদিকে, শুক্রবার রাতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সদরদপ্তর) শাহ মিজান শাফিউর রহমানের নেতৃত্বে একটি দল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশ ডিএমপির ট্রাফিক ব্যারাকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে যান।
এ সময় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান এবং সহকারি পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ আশিক হাসান তার সঙ্গে হাসপাতাল পরিদর্শন করেন।
আজ পুলিশের এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, পুলিশ সদরদপ্তর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এটিইউ, টিঅ্যান্ডআইএমসহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহে এখন পর্যন্ত প্রায় ১৫০০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, যার অর্ধেকই ডিএমপিতে কর্মরত।
এদিকে, কমিটির টিম লিডার ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সদরদপ্তর) শাহ মিজান শাফিউর রহমান গনমাধ্যমকে বলেন,ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগনের পাশে ছিলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) মো. আশিক হাসান বলেন, আক্রান্ত পুলিশ সদস্যরা সিনিয়র কর্মকর্তাদের কাছে পেয়ে উজ্জীবিত হন।

চলতি মাসের শেষের দিকে করোনা সংক্রমণ চরম পর্যায়ে যেতে পারে

0

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন যে, চলতি মাসের তৃতীয় সপ্তাহের দিকে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ চরম আকার ধারণ করতে পারে এবং পরবর্তী বেশ ক’দিন এ পরিস্থিতি স্থির থাকতে পারে। তারা প্রত্যাশা করেছেন জুন মাসের শেষ নাগাদ সংক্রমণের মাত্রা অনেকাংশে কমে যাবে।
বাংলাদেশে মহামারীর প্রবণতা বিশ্লেষণে সরকার গঠিত স্বাস্থ্য বিশেষজ্ঞ দলের সদস্য অধ্যাপক ড. শাহ মনির হোসেন বলেন, ‘বাংলাদেশের মহামারী প্রবণতা বিশ্লেষণ করে আমাদের দল পূর্বাভাস দিয়েছে যে, চলতি মে মাসের তৃতীয় সপ্তাহটি কোভিড-১৯ সংক্রমণের চরম সময়কাল হতে পারে।’
ডাইরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের (ডিজিএইচএস) সাবেক মহাপরিচালক ও আট সদস্যের কমিটির একজন সদস্য ড. হোসেন বলেন, তাদের বিশ্লেষণ অনুসারে নিম্নমুখী প্রবণতা দেখানোর আগে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত সংক্রমণের চরম সময়কাল চলবে।
‘গাণিতিক পদ্ধতি এবং মহামারীবিদ্যার সূত্রের ভিত্তিতে তাদের বিশ্লেষণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘জুনের শেষের দিকে (কোভিড-১৯ সংক্রমণের হার) দ্রুত কমতে থাকবে বলে আশা করা যেতে পারে।’
দেশে কোভিড-১৯-এর সংক্রমণ এবং বর্ধিত পরীক্ষায় প্রাপ্ত প্রতিদিনের সংক্রমণের রিপোর্টে পরিস্থিতি মারাত্মক হতে পারে বলে আশঙ্কার মধ্যে তিনি এ মন্তব্য করেন।
বর্তমান ডিজিএইচএসের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ কমিটির পূর্বাভাসের প্রতিধ্বনিত করে বলেছেন, প্রত্যাশিত পরিত্রাণের জন্য দেশকে জুনের শেষদিক পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আজাদ বলেন, জুনের শেষের দিক নাগাদ আমরা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে করোনা ভাইরাসটি নিয়ন্ত্রণের আশা করছি। তবে, মহামারীটি থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।’
ডিজিএইচএসপ্রধান বলেন, সরকার কোভিড-১৯ শনাক্ত করার জন্য প্রতিদিন ১০ হাজার নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এখন পর্যন্ত সারাদেশে ৩৩টি পিসিআর ল্যাবে একদিনে সর্বাধিক ৫৮৬৭টি নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং পরীক্ষার সুবিধা বাড়ানোর জন্য সংখ্যা বৃদ্ধি করার কাজ চলছে।
আজাদ বলেন, আমরা ঘরে-ঘরে নমুনা সংগ্রহ করছি। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে আমরা মানবদেহে এই মারাত্মক রোগের উপস্থিতি তাৎক্ষণিক ভাবে নিশ্চিতকরণের জন্য নমুনা সংগ্রহ ও পরীক্ষার পরিধি আরও বাড়াব।
তিনি জানান, ব্র্যাক এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চারটি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি এবং গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িতত হাসপাতালে একটি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করেছে।
আজাদ বলেন, জে কেজি হেলথ কেয়ার নামে আরও একটি এনজিও ডিজিএইচএস এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে নমুনা সংগ্রহ করতে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে অভিন্ন বুথ স্থাপন করেছে এবং বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের বাসভবনে গিয়ে নমুনা সংগ্রহ করতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, সরকার কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম ত্বরান্বিত করার জন্য সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বুথ স্থাপনের পরিকল্পনা করেছে।
আপাত দৃষ্টিতে সংক্রমণের হার স্বাভাবিক মনে হওয়ার পরে কোভিড-১৯-বেড়ে যেতে পারার কী কারণ হতে পারে? জানতে চাইলে, আজাদ আরও বেশ কয়েকটি স্বাস্থ্য বিশেষজ্ঞের মতের সঙ্গে সূর মিলিয়ে বলেন, এর জন্যে দায়ী হতে পারে, শিথিল শাটডাউন এবং সামাজিকভাবে দূরত্বসহ সতর্কতার আহ্বানকে জনগণের ব্যাপকভাবে উপেক্ষা করা।
তিনি সংক্রমণের হারের ঊর্ধ্বগতিকে ‘উদ্বেগজনক’ বলে স্বীকার করে বলেন, এই পরিস্থিতিতে রোগের সঠিক পরিমাপে পৌঁছানোর জন্য দ্রুত আরও একটি তাৎক্ষণিকভাবে অনুমানের দাবি করেন এবং হোসেন এই রোগের বিস্তার রোধে কঠোর সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন।
হোসেন বলেন, ‘বাংলাদেশকে অবশ্যই তিনটি প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করতে হবে- মানুষকে অবশ্যই মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে এবং শারীরিক দূরত্ব কঠোরভাবে বজায় রাখতে হবে।’
আইইডিসিআর উপদেষ্টা মোস্তাক হোসেন বলেছেন, যদিও পুরো বাংলাদেশই কোভিড-১৯-এর ঝুঁকিতে রয়েছে। তবে, দেশের অনেক জায়গায় সংক্রমণের হার এখনও খুব কম আছে এবং ভাইরাসের বিস্তার আটকাতে হলে আমাদের করোনা ভাইরাস ক্লাস্টার শনাক্ত করতে হবে এবং সেগুলোকে বিচ্ছিন্ন করতে হবে।
‘আমরা যদি সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে এই ক্লাস্টারগুলো পরিচালনা করি, তবে, রোগের বিস্তার ধীরে-ধীরে হ্রাস পাবে।’
তিনি আরও বলেন, জনসংখ্যার ঘনত্বের করণে শহরগুলো এবং এর আশেপাশের অঞ্চলে শারীরিক দূরত্বকে নিশ্চিত করা খুবই কঠিন। যে কারণে এইসব অঞ্চলে প্রতিরোধ ব্যবস্থা খুবই নাজুক।
তিনি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং সাভারের জন্য কঠোর নিয়ন্ত্রণ প্রয়োগের পদক্ষেপের পরামর্শ দেন, কারণ এই অঞ্চলগুলোকে কোভিড-১৯-এর প্রভাবিত সবচেয়ে খারাপ এলাকা হিসাবে দেখা যাচ্ছে।
মোস্তাক আরও বলেন, ‘যদি এই ব্যবস্থাগুলো যথাযথভাবে প্রয়োগ করা হয়, তবে, জুলাইয়ের শেষের দিকে আপনি পূর্বাভাস অনুযায়ী স্বস্তির প্রত্যাশা করতে পারেন।’
খবর বাসস

ফেরিঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ

0

পোশাক কারখানা ও দোকানপাট খোলার ঘোষণায় লকডাউন উপেক্ষা করে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছে মানুষ। আজও দেশের বিভিন্ন ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে।
আজ শনিবার ভোর থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরিঘাটে ঢাকাগামী মানুষের ভিড়। ফেরিতে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে তারা পদ্মা পাড়ি দেন।
তবে, গণপরিবহন সংকট থাকায় চরম বিপাকে পড়েন যাত্রীরা। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তারা।
বিভিন্ন জেলা থেকে যাত্রীরা রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এলেও প্রশাসন থেকে ঢাকা প্রবেশে কোনো বাধা দেয়া হয়নি। তবে দৌলতদিয়া ঘাট এলাকায় সেনাবাহিনীর টহল দেখা গেছে।
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও যাত্রীর চাপ। বেড়েছে ছোট যানবাহন ও পণ্যবাহী ট্রাক। গণপরিবহন না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্পপথে যাত্রীরা ঢাকার পথে।
ভোলার ইলিশা ফেরিঘাটেও ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। সকাল থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামগামী কর্মজীবী ও শ্রমিকরা ফেরিঘাটে ভিড় জমায়। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে পারাপার হচ্ছে যাত্রীরা।
প্রায় প্রতিটি ফেরিঘাটে যাত্রীদের গাদাগাদি করে ওঠানামা করতে দেখা গেছে। সামাজিক দূরত্ব না মানায় করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।

করোনায় আক্রান্ত হয়ে বিদেশে ৪৭২ বাংলাদেশির মৃত্যু

0

প্রাণঘাতি নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত অন্তত ৪৭২ বাংলাদেশি মারা গেছেন। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শুক্রবার (৮ মে) পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রেই করোনায় অন্তত ২৩৪ বাংলাদেশির মৃত্যু হয়। যদিও শেষ ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আর কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। কেবল মৃত্যু নয়, আক্রান্তের দিক দিয়েও এ দেশে ঝুঁকির মধ্যে আছেন বাংলাদেশিরা। কয়েকশ’ করোনা আক্রান্ত বাংলাদেশি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। এখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১২৩ বাংলাদেশি।
বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। এ দুই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যাও বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে তুলনামূলক বেশি। ফলে দুইখানেই বাংলাদেশিদের করোনায় মৃত্যু ও আক্রান্তের ঘটনা তুলনামূলক বেশি।
এর বাইরে করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৬৫ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১৫ জন, ইতালিতে ৮, কানাডায় ৭, স্পেনে ৫, কাতারে ৪, কুয়েতে ৩, সুইডেনে ২, লিবিয়ায় ১, ফ্রান্সে ১, পর্তুগালে ১, গাম্বিয়ায় ১, দক্ষিণ আফ্রিকায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সিঙ্গাপুরেই সবার আগে প্রবাসী এক বাংলাদেশির করোনা আক্রান্তের খবর পাওয়া গেলেও সেখানে এখন পর্যন্ত এ ভাইরাসে কোনো বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও আক্রান্ত ৪ হাজারেরও বেশি বাংলাদেশি।

খিলগাঁওয়ে জায়গা নেই, লাশ দাফন হচ্ছে রায়েরবাজারে

0

প্রতিদিনই রাজধানীতে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশেষ করে রাজধানীর ঢাকায় নতুন নতুন এলাকায় করোনা রোগী শনাক্ত হচ্ছে। আর যার প্রভাব পড়ছে কবরস্থানে লাশ দাফনকালে। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের জন্য নির্ধারিত খিলগাঁও তালতলা কবরস্থানে দাফনের জায়গা নেই। এমন পরিস্থিতিতে মারা যাওয়া করোনা রোগীদের দাফন করা হচ্ছে রায়েরবাজার বসিলা কবরস্থানে।

রাজধানীর খিলগাঁওয়ে শুধু আক্রান্তদেরই নয়, আক্রান্ত সন্দেহে যারা মারা যাচ্ছেন তাদেরও এখানে কবর দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব লাশ পরিবহন ও দাফনের দায়িত্বে আছে রাজধানীর মোহাম্মদপুরের আল-মারকাজুল ইসলামী। তাদের অ্যাম্বুলেন্সে করে লাশ নেওয়া হয় কবরস্থানে।

খিলগাঁও কবরস্থানে খোঁজ নিয়ে জানা যায়, এখানে এ পর্যন্ত দাফন হয়েছে ১৯১ লাশ। এদের কেউ করোনা পজিটিভ ছিলেন, কাউকে করোনা আক্রান্ত সন্দেহে দাফন করা হয়েছে। এ কবরস্থানের প্রধান ফটক দিয়ে ঢুকতেই ৯ নম্বর লাইন ধরে সোজা দক্ষিণে ঝিলপাড়ের কাছে ঝোপের আড়ালে নির্ধারণ করা হয়েছে করোনায় মৃতদের জায়গা। অন্যান্য কবর থেকে একটু আলাদাভাবে রাখা। এসব কবর খননের জন্য দায়িত্বে ছিলেন চারজন গোরখোদক।

কবরগুলোর একপাশে আগে থেকে বাঁশ কেটে সাজিয়ে রাখা হতো। দাফন করা ব্যক্তিদের চিহ্নিত করতে প্রতিটি কবরের মাঝখানে বাঁশ কেটে বাতা করে নাম্বারিং করে দেওয়া হয়েছে। জায়গার সংকটের কারণে গত ৩০ এপ্রিল থেকে করোনা আক্রান্তে মারা যাওয়াদের দাফন শুরু হয়েছে রায়ের বাজার বসিলা কবরস্থানে।

সংশ্লিষ্টরা জানান, দুটি অ্যাম্বুলেন্সে করে করোনা রোগীর লাশ কবরস্থানে নিয়ে আসা হয়। অ্যাম্বুলেন্স দুটি কবরস্থানের এক প্রান্তে পার্ক করে রাখা হয়। এক অ্যাম্বুলেন্সে বহন করা হয় দাফনের দায়িত্বে থাকা ১০ স্বেচ্ছাসেবককে। তারা প্রত্যেকে ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম (পিপিই) পরা। অপর অ্যাম্বুলেন্সে বহন করা হয় লাশ। তারা একটি স্ট্রেচারে করে সাদা কাফনে মোড়ানো লাশ নামান। এরপর কবরস্থানের ইমামসহ ১০/১২ জনের উপস্থিতিতে জানাজা নামাজ পড়ানো হয়।

জানাজা শেষে স্ট্রেচারে করে তারা লাশ কবরের কাছে আনেন। এরপর পিপিই পরা চারজন মিলে লাশ কবরে নামান। কবরে দেহ নামানোর পর মাটি দেওয়া হয়। সব শেষে যারা দাফনে অংশ নেন তারা কবরস্থানের নির্দিষ্ট একটি স্থানে গিয়ে পিপিই খুলে ফেলেন। সবাই নিজেদের গামবুট আর শরীর জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নেন। এরপর পিপিইগুলোতে আগুন জ্বালিয়ে নষ্ট করে দেন। দাফন কাজ শেষে তারা মৃতের জন্য হাত তুলে দোয়াও করেন।

গত ২৫ মার্চ খিলগাঁও তালতলা কবরস্থানে করোনাভাইরাসে মারা যাওয়া প্রথমবারের মতো এক ব্যক্তিকে দাফন করা হয়। খিলগাঁও তালতলা কবরস্থানের মোহরার মো. ফেরদৌস বলেন, করোনায় যাদের দাফন হতো, তাদের বিষয়ে এক দুই ঘণ্টা আগে তাদের জানানো হয়। এরপর তারা কবরের অন্যান্য জিনিসপত্র প্রস্তুত করে রাখতেন। এরপর কবরস্থানের মসজিদের ইমাম দিয়ে জানাজা পড়ানো হতো।

জানাজার সময় প্রত্যেকে নিজের সুরক্ষার জন্য মুখে মাস্ক পরে থাকেন। দাফন শেষে প্রত্যেকে হাত-পা ভালোভাবে ধুয়ে ফেলেন। তিনি বলেন, বৃষ্টির কারণে কিছু জায়গায় পানি জমে গেছে, ঝিলের পানি উঠে এসেছে। আবার জায়গা সংকটের কারণে খিলগাঁও কবরস্থানে এখন কোনো লাশ দাফন হচ্ছে না। রায়ের বাজারে সব লাশ দাফন হচ্ছে।

রাজশাহীর আম বাজারে আসবে ১৫ মে

0

রাজশাহীর গুটি জাতের আম বাজারে পাওয়া যাবে আগামী ১৫ মে থেকে। সুস্বাদু অন্যান্য জাতের আম পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। আগামী ১৫ মে-এর আগে কোনো আম নামানো যাবে না। ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পাড়তে পারবেন চাষিরা।

আজ শুক্রবার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মৌসুমে গোপালভোগ আম নামাবে ২০ মে থেকে। এর পাঁচদিন পর ২৫ মে থেকে নামাবে লক্ষণভোগ, লখনা এবং রাণীপছন্দ। হিমসাগর, ক্ষিরসাপাত আম নামবে আরও তিন দিন পর ২৮ মে। আগামী ৬ জুন থেকে নামবে ল্যাংড়া আম। এরপর ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি নামবে। আর মৌসুমের শেষে আশ্বিনা ও বারি আম-৪ নামবে ১০ জুলাই থেকে।

আমচাষি ও বাগান মালিকদের উদ্দেশে রাজশাহী জেলা প্রশাসন বলেছে, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ক আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না। আম পাকানো ও সংরক্ষণ বা বাজারজাতে কোনো কেমিক্যাল মেশানো যাবে না। জনসচেতনতা সৃষ্টি ছাড়াও তারা আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনবেন।

জেলা প্রশাসন আরো বলেছে, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে প্রত্যেক উপজেলায় আলাদা কমিটি থাকবে। এই কমিটি অসময়ে আম নামানো এবং আমে কেমিক্যাল মেশানো ঠেকাতে আমবাগান, কেমিক্যাল বিক্রির দোকান এবং আমের আড়ত পরিদর্শন করবে।

দেশের সকল কারাগারে ‘ভাইরাস জিরো’ স্প্রে করার সিদ্ধান্ত

0

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কারা কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে। দেশের সকল কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কোরিয়া থেকে আমদানি করা নতুন মেডিসিন ‘ভাইরাস জিরো’ স্প্রে করা হবে কারাগারে। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দেশের সকল কারাগারে আইসিআরসির গাড়িতে করে ভাইরাস জিরো স্প্রে পাঠানো হয়েছে। সেসব সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য কারা অধিদপ্তরের সব ডিআইজি ও কারা-কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন এসব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে তিনি বলেন, কারাবন্দিদের সুরক্ষায় নানামুখি উদ্যোগও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কারাগারে এরই মধ্যে নতুন যে বন্দি আসছে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রেখে সুস্থতা নিশ্চিত করে তারপর অন্য বন্দিদের সঙ্গে রাখা হচ্ছে। এ ছাড়া করোনার কোনো আলামত বা উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে তার জন্য এবং তার আশপাশে যারা আছে সবাইকে আলাদা করে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার চেয়েও বাড়তি প্রস্তুতি গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, ইতিমধ্যে কারাগারে ৮টা আইসোলেশন সেন্টার করা হয়েছে। তবে বন্দিদের মধ্যে এখনও কোনো করোনা পজিটিভ পাওয়া যায়নি। শুধুমাত্র ঢাকা মেডিক্যালে যেসব কারারক্ষী দায়িত্ব পালন করেন তাদের ২০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারাগার ও কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি উল্লেখ করে কর্নেল আবরার হোসেন বলেন, এ বিষয়ে আমরা ‘ভাইরাস জিরো’ নামে নতুন একটা দামি মেডিসিন কোরিয়া থেকে আমদানি করেছি। সেটা দেশের সব কারাগারে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।

করোনায় মৃত্যুর সঙ্গে ভিটামিন ডি-র সম্পর্ক রয়েছে, বলছেন গবেষকরা

0

ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসে বেশি সংখ্যক মানুষের মৃত্যু এবং জনগণের শরীরে কম পরিমাণ ভিটামিন ডি থাকার মধ্যে সম্পর্কের বিষয়ে নতুন এক গবেষণায় জানা গেছে।

ইংল্যান্ডের ক্যামব্রিজে অবস্থিত অ্যাঙলিয়া রাসকিন ইউনিভার্সিটির গবেষক ডা. লি স্মিথ এবং কুইন এলিজাবেথ হসপিটালের ডা. পিটার ক্রিস্টিয়ান ইলি এ ব্যাপারে গবেষণা করেন। এজিং ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল জার্নালে তাদের গবেষণার ফল প্রকাশ করা হয়েছে।

তাতে বলা হয়েছে, শরীরে ভিটামিন ডি কম থাকার কারণে দ্রুত ভাইরাসের দ্বারা আক্রান্তের শঙ্কা থাকে। শ্বেত রক্ত কণিকা প্রাণবন্ত করে তোলার কাজ করে ভিটামিন ডি। কিন্তু শরীরে এর মাত্রা কম থাকলে ভাইরাস দ্রুত সংক্রমণ ঘটায়। করোনাভাইরাস মূলত রোগীদের শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কম থাকার সুযোগ নিচ্ছে।

ইতালি এবং স্পেনে করোনাভাইরাসে মৃত্যুর হার বেশি। এই গবেষণায় দেখা গেছে, উত্তর ইউরোপের দেশগুলোর মধ্যে ওই দুই দেশের মানুষের শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কম। কারণ, হিসেবে গবেষকরা উল্লেখ করেছেন, সেসব দেশে বয়স্ক ব্যক্তিরা সূর্যের আলোতে সেভাবে থাকতে চান না। সে কারণে প্রাকৃতিক ভিটামিন ডি থেকে তারা বঞ্চিত হন।

সূর্যের আলোতে থাকতে অনীহার কারণে শরীরে গড় ভিটামিন ডি সেসব দেশের মানুষের কম। ডা. লি স্মিথ বলেন, ইউরোপের ২০টি দেশে আমরা পরিসংখ্যান চালিয়ে দেখেছি, যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদের শরীরে ভিটামিন ডি কম।

তিনি আরো বলেন, ভিটামিন ডি পারে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে। যাদের শরীরে ভিটামিন ডি এর উপস্থিতি কম, করোনা আক্রান্ত হলে তাদের পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। যারা গুরুতর আক্রান্ত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদেরও ভিটামিন ডি এর অভাব দেখা যাচ্ছে।

সূত্র : এআরইউ

ফ্রেঞ্চ লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

0

এবারের মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্যারিস সেইন্ট-জার্মেই স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের নাম ঘোষণা করা হয়েছে। মোনাকো ফরোয়ার্ড উইসাম বেন ইয়েডারকে পিছনে ফেলে এমবাপ্পে এই পুরস্কার ছিনিয়ে নেন। দুজনেই এই মৌসুমে ১৮টি করে গোল করেছেন।

করোনাভাইরাসের কারণে এবারের মৌসুম বন্ধ হবার আগে লিগের ১০টি ম্যাচ বাকি ছিল। কিন্তু মৌসুম শেষের সাথে সাথে টেবিলের শীর্ষে থাকা পিএসজিকেও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এমবাপ্পে ও ইয়েডার সর্বোচ্চ ১৮টি করে গোল করলেও ওপেন প্লেতে ৩টি গোল বেশি করায় ২১ বছর বয়সী এমবাপ্পেকেই সর্বোচচ গোলদাতা হিসেবে ঘোষণা করা হয়েছে।

বেন ইয়েডার এমবাপ্পের থেকে তিনটি গোল পেনাল্টিতে বেশি করেছেন। অন্যদিকে এমবাপ্পে এই ১৮টি গোলের মধ্যে ইয়েডারের থেকে ৩টি গোল ওপেন প্লেতে বেশি করেছেন। যে কারণে গত মৌসুমে ৩৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া এমবাপ্পেকে এবারও সর্বোচ্চ গোলের জন্য পুরস্কৃত করা হচ্ছে। পিএসজি উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া সর্বোচ্চ ১৪টি অ্যাসিস্ট করে সেরা যোগানদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।