Home Blog Page 2967

করোনায় আক্রান্ত প্রোটিয়া ক্রিকেটার!

0

সারাবিশ্বে প্রতিদিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। ক্রিকেটবিশ্বেও হানা দিয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। ফুটবলের বেশ কিছু পরিচিত নাম যেমন দিবালা, আরতেতারা করোনা আক্রান্ত হয়েছেন। সে তুলনায় পরিচিত ক্রিকেটাররা করোনায় খুব কমই আক্রান্ত হয়েছেন। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এবার করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সোলো এনকোয়েনি। এই মুহূর্তে তাকে এবারডিন রয়্যাল ইনফারমারির আইসিইউতে রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় ২৫ বছর বয়সী এই অল-রাউন্ডার জানিয়েছেন নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর। তিনি লিখেছেন, ‘গত বছর আমার জিবিএস ধরা পড়েছিল। গত ১০ মাস ধরে এই রোগের বিরুদ্ধে লড়াই করছি। মাত্র অর্ধেক সুস্থ হয়েছি। আমার যক্ষা আছে, আমার যকৃত কাজ করছে না এবং কিডনিও ভালো নেই। এ অবস্থায় আমার আজ করোনা ধরা পড়ল। আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গেই এসব হচ্ছে।’

সোলো এনকোয়েনি বর্তমানে স্কটল্যান্ডে থাকেন। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন এই ক্রিকেটার। তিনি এমনিতেই গুলেনবেরি সিনড্রোমে (জিবি) আক্রান্ত। এই জটিল রোগে মাঝে চার মাস কোমায় থাকতে হয়েছিল এবারডিনশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই ক্রিকেটারকে। তার আগে স্কটল্যান্ডে থাকা আরেক ক্রিকেটার মজিদ হক করোনায় আক্রান্ত হন। আর সর্বপ্রথম করোনা আক্রান্ত ক্রিকেটার হলেন পাকিস্তানের জাফর সরফরাজ।

১২ মে নগদ অর্থ সহায়তা পাবে ৫০ লাখ পরিবার

0

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বিপাকে পড়া ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিচ্ছে সরকার। ১২ মে (মঙ্গলবার) এই সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এজন্য বরাদ্দ হয়েছে সাড়ে ১২০০ কোটি টাকা। এর আওতায় এককালীন আড়াই হাজার টাকা করে পাবে তালিকাভুক্ত পরিবারগুলো।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা ছুটিতে বন্ধ অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

এই পরিস্থিতিতে শ্রমের চাহিদা কমে যাওয়ায় বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে তালিকা।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তালিকাভুক্তদের দুই হাজার ৫০০ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

কর্মহীন মানুষের খাদ্য সহায়তার সারা দেশে জন্য এরই মধ্যে ১৪ দফায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রায় এক লাখ ৪৪ হাজার টন চাল ও প্রায় ৬২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে শিশু খাদ্যের সহায়তা হিসাবে সাত দফায় প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, খাদ্য সহায়তা হিসাবে চলতি মাসে আরও এক লাখ টন চাল বরাদ্দ হচ্ছে। জুন মাসে বরাদ্দ হবে আরও দুই লাখ টন চাল।

ঈদের আগেই গণপরিবহন চালু করার অনুরোধ মটর শ্রমিক ফেডারেশনের

0

শ্রমিকদের কথা বিবেচনায় এনে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঈদের আগেই গণপরিবহন সচল করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন। শুক্রবার সকালে গাবতলীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

তারা বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে বন্ধ আছে গণপরিবহন। এতে গণপরিবহনের চালক, সুপারভাইজার, হেলপারদের অধিকাংশই মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন হয়ে পড়েছে এ খাতের প্রায় ৭০ লাখ শ্রমিক। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে ঈদের আগেই গণপরিবহণ সীমিত আকারে চালু করার অনুরোধ করেন নেতারা। পরিবহন খাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধেরও দাবি জানানো হয়।

এছাড়াও শ্রমিকদের জন্য বরাদ্দ হওয়া প্রণোদনা ও ত্রাণ সুষ্ঠু বণ্টনের দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

গত ২৪ ঘণ্টায় আরও ১৪৪ পুলিশ করোনায় আক্রান্ত

0

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৪ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৯ জনে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৮৫। আর করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৬ পুলিশ সদস্য।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৮ মে এ তথ্য আপডেট করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুইজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৭২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২৮১৪ জন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৯৬ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অস্ট্রেলিয়া থেকে ফিরছেন আটকেপড়া ১৫৭ বাংলাদেশি

0

করোনায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি অস্ট্রেলিয়া থেকে ফিরছেন। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বাণিজ্যিক প্লেনের একটি বিশেষ ফ্লাইটে আজ শুক্রবার (০৮ মে) দুপুরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ঢাকার উদ্দেশে তারা যাত্রা করেছেন।
ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানায়, ফ্লাইটটি কলম্বোতে যাত্রা বিরতি শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৯ মে (শনিবার) স্থানীয় সময় আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটে অবতরণ করবে।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় সব বাংলাদেশিদের প্রাথমিকভাবে ‘নিডস্ অ্যাসেসমেন্ট’-এর জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়। এতে অস্ট্রেলিয়ায় আটকে পড়া তিন শতাধিক ব্যক্তি বাংলাদেশে ফেরত যেতে ইচ্ছা প্রকাশ করে। ফলে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ ফ্লাইটের অনুমতি নিয়ে বাংলাদেশ হাইকমিশন সিডনি থেকে ঢাকার জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ভাড়ার সব কার্যক্রম সম্পন্ন করা হয়। টিকিট ক্রয়ের সময় যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ওই ফ্লাইটটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে মেলবোর্ন থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এই বিশেষ প্লেন ভাড়া করা হয়। যা আজ দুপুর ১টায় ঢাকার উদ্দেশে অস্ট্রেলিয়া ছেড়ে গেছে।
করোনায় অস্ট্রেলিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত যেতে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন এবং মিল্টন ট্রাভেলস সেন্টারের সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা সার্বিক ব্যবস্থা নেয়।

করোনাভাইরাসকে কেন্দ্র করে ‘ঘৃণার সুনামি’ বন্ধ করুন: জাতিসংঘ মহাসচিব

0

করোনাভাইরাস মহামারির কারণে প্রতিনিয়ত বাড়তে থাকা জাতিবিদ্বেষ, ঘৃণা এবং মুসলিমবিরোধী হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
আজ (শুক্রবার) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এ মহামারি জাতিবিদ্বেষ, আতঙ্ক ও ঘৃণার সুনামি সৃষ্টি করেছে। অনলাইনে বিদেশিবিরোধী মন্তব্য ছড়িয়ে পড়েছে, রাস্তায় রাস্তায় অভিবাসনবিরোধী বিক্ষোভ হচ্ছে এবং মুসলিম-বিদ্বেষী হামলা বাড়ছে।’
গুতেরেস বলেন, অভিবাসী ও শরণার্থীদের ‘ভাইরাসের উৎস’ বলে চিহ্নিত করে তাদের চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানানো হচ্ছে। তাছাড়া সংবাদিক, তথ্য ফাঁসকারী, স্বাস্থ্যকর্মী, ত্রাণকর্মী ও মানবাধিকারকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এসব বিদ্বেষমুলক বক্তব্যের অবসানে সবাইকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
জাতিসংঘ প্রধান বলেন, ‘আমি প্রত্যেককে ঘৃণার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে মূল্যবোধের শিক্ষা দিন, প্রতিটি সুযোগ গ্রহণ করুন ও ভালোবাসা ছড়িয়ে দিন। আমরা যখন মহামারী প্রতিরোধ করতে চাইছি, তখন আমাদের অবশ্যই মানুষকে সুরক্ষা করতে হবে, রোধ করতে হবে কুসংস্কার ও সহিংসতা।’
১ মিনিট ২৭ সেকেন্ডের এই বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তির সাহায্যে শিক্ষা পদ্ধতির ওপর নির্ভরশীল হওয়ার পরামর্শ দেন। গুতেরেসবলেন, বিশ্বের কোটি কোটি যুবক এখন অনলাইনে সময় ব্যয় করছে। আর চরমপন্থীরা এই সময় তাদের বিপথে নেয়ার চেষ্টা করছে। গুতেরেস সামাজিক গণমাধ্যমগুলোকে বর্ণবাদী, ঘৃণাত্মক ও অন্যান্য ক্ষতিকর কনটেন্টগুলো নিজেদের সাইট থেকে মুছে ফেলার পরামর্শ দেন।

ডিভোর্স দিয়ে ইতিহাস গড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

0

স্ত্রী ম্যারিনা উইলারের সঙ্গে বিবাহবিচ্ছেদ করে ইতিহাস গড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিবাহ বিচ্ছেদের দ্বিতীয় ঘটনা এটি।
এখন থেকে আড়াইশ’ বছর আগে ১৭৬৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালে স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন অগাস্টাস ফিটজরয়।
১৯৯৩ সালে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে ম্যারিনা উইলারকে বিয়ে করেন বরিস। তাদের ঘরে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০১৮ থেকে বরিস-উইলারের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল। ২ বছর পর তা শেষ হলো।
ম্যারিনার বাবা একজন সাংবাদিক এবং মা ভারতীয় বংশোদ্ভূত। ইউরোপিয় এক স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছিলেন বরিস ও উইলার। উইলারের সঙ্গে ডিভোর্সের ফলে এবার প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ের রাস্তায় কোনো বাধা রইল না জনসনের।
গত ২৯ এপ্রিল লন্ডনের এক হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন বরিস জনসনের প্রেমিকা ক্যারি। প্রসঙ্গ, জনসনের আরও পাঁচ সন্তান রয়েছে

বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

0

চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল গত জানুয়ারিতে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ‘অনুকূল পরিবেশ সৃষ্টির’ ব্যাপারে শুক্রবার সম্মত হয়েছে। মহামারি করোনাভাইরাস ছড়ানো প্রশ্নে সাম্প্রতিক বিরোধ সত্ত্বেও তারা এ ব্যাপারে সম্মত হলো। বেইজিংয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দেশটির উপ-প্রধানমন্ত্রী লিউ হি শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার ও অর্থমন্ত্রী স্টিভান মুচিনের সঙ্গে কথা বলেছেন। হি বেইজিংয়ের বাণিজ্য আলোচনার নেতৃত্ব দিচ্ছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ জানিয়েছে তারা সামষ্টিক অর্থনীতি ও জনস্বাস্থ্য সহযোগিতা জোরদার করবে এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ ও শর্ত তৈরির জোর প্রচেষ্টা চালাবে যাতে দ্রুত ইতিবাচক ফলাফল পাওয়া যায়।
এ দুই দেশ যোগাযোগ ও বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় বজায় রাখার ব্যাপারেও সম্মত হয়েছে।
মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রশ্নে সম্প্রতি উভয় দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময় সত্ত্বে তারা এ ব্যাপারে সম্মত হলো।
চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরীর কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি ল্যাব থেকে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে এমন প্রমাণ থাকার দাবি করে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন। গত বছরের শেষের দিকে এ নগরীতে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য যুদ্ধ পরিহার করে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় বেইজিং দুই বছরে আরও ২শ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য আমদানি করতে সম্মত হয়।

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭০৯

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে।
আজ শুক্রবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ১১ হাজার ৪৫৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৭ জন। তাদের ৫ জন পুরুষ, দুজন নারী। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২০৬-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯১ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১০১ জন।
বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৩৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩ লাখের বেশি মানুষ।

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৩ জনের মৃত্যু

0

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৯০ জন। এ আক্রান্তের সংখ্যা মোট ৫৬ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।
মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৬ হাজার ৫৩৯ জন সুস্থ হয়ে উঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ হাজার ৯১৬ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত প্রায় ২৯.৩৫ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে।’ মন্ত্রণালয় জানায়, আক্রান্তদের ১১১ জন বিদেশি নাগরিক।
বৃহস্পতিবার সকাল থেকে মোট ১০৩ জন মৃতের মধ্যে মহারাষ্ট্রে ৪৩ জন, গুজরাটে ২৯ জন, মধ্য প্রদেশে ৮ জন, পশ্চিমবঙ্গে ৭ জন, রাজস্থানে ৫ জন এবং তামিলনাড়ূ, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে ২ জন করে এবং বিহার, দিল্লি, কর্ণাটক, পাঞ্জাবও জম্বু ও কাশ্মীরে ১ জন করে মারা গেছে।
মোট মৃত ১ হাজার ৮৮৬ জনের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৬৯৪ জনের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা গুজরাটে ৪২৫ জন, এরপর মধ্য প্রদেশে ১৯৩ জন, পশ্চিমবঙ্গে ১৫১ জন, রাজস্থানে ৯৭ জন, দিল্লীতে ৬৬ জন, উত্তর প্রদেশে ৬২ জনএবং অন্ধ্রপ্রদেশে ৩৮ জন মারা গেছে।
তামিলনাড়–তে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে, কর্ণাটকে ৩০জনে ও তেলেঙ্গানায় ২৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত পাঞ্জাবে কোভিড-১৯ ভাইরাসে ২৮জন, জম্বু ও কাশ্মীরে ৯ জন, হরিয়ানায় ৭ জন, বিহারে ৫ জন এবং কেরালায় ৪ জন মারা গেছে। এ ছাড়া ঝাড়খন্ডে কোভিড-১৯ ভাইরাসে ৩ জন প্রাণ হারিয়েছে। উড়িষ্যা ও হিমাচল প্রদেশে ২ জন করে মারা গেছে।
মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, মেঘালয়, চান্দিগড়, আসাম এবং উত্তরাখন্ডে ১ জন করে মারা গেছে।