Home Blog Page 2968

সৌদি আরবে ৫ জনের বেশি একত্রিত হলেই জরিমানা

0

করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সৌদি সরকার ৭ মে থেকে কিছু নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালায় বলা হয়েছে, সৌদি আরবের সর্বত্র যে কোনো প্রকার জমায়েত নিষিদ্ধ। এই নীতিমালাগুলো অমান্য করলে জরিমানা ও সাজার বিধানও রয়েছে।
* পারিবারিক জমায়েত, পার্টি সেন্টার, খামার বা ফার্মে একের অধিক পরিবার একত্রিত হওয়া যাবে না। এই নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
* কোনো এলাকায় ৫জনের অধিক মানুষ কোন ঘরে, নির্মানাধীন বাড়িতে, কমিউনিটি সেন্টার, খামার, তাঁবুর ঘর, বিনোদন কেন্দ্র ও উন্মুক্ত স্থানে একত্রিত হওয়া যাবে না। এই নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ১৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।
* শ্রমিকরা তাদের নিজেদের লেবার ক্যাম্প ব্যতিত অন্য কোনো ক্যাম্পে, নির্মাণাধীন বাড়িতে, কমিউনিটি সেন্টার ও খামারে একত্রিত হতে পারবেনা। এ নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
* কোনো শপিং মলের ভেতরে কিংবা বাইরে ৫ জনের অধিক ক্রেতা বা শপিং মলের কর্মীরা একত্রিত হতে পারবে না। এ নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
* যে কোনো ধরনের আনন্দানুষ্ঠান, শোক প্রকাশের অনুষ্ঠান, সভা- সম্মেলন নিষিদ্ধ। এই নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ৩০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
এই নির্দেশনাগুলো কে নো ব্যক্তি একাধিকবার অমান্য করলে জরিমানার পরিমান দ্বিগুণ হবে এবং কোনো প্রতিষ্ঠান করলে পরবর্তী ৩ মাসের জন্য বন্ধ থাকবে। ২ বারের অধিক কেউ এই নীতিমালা অমান্য করলে জরিমানার পরিমাণ আরেক গুণ বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানকে পরবর্তী ৬ মাসের জন্য বন্ধ করে দেয়া হবে।

রাশিয়ায় চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিলেন ট্রাম্প

0

নিজের দেশে করোনায় মৃত‌্যু ঠেকাতে ‘হিমশিম’ খেলেও ‘বন্ধু’ পুতিনের দেশ রাশিয়ার প্রতি ঠিকই ‘সুনজর’ রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই সেখানে করোনা মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় বৃহস্পতিবার (০৭ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন। এ সময় ট্রাম্প পুতিনকে এ প্রস্তাব দেন।
ওপেক এবং নন-ওপেক তেল উৎপাদকের মধ্যে গত মাসের চুক্তির পক্ষে তাদের সমর্থন উল্লেখ করে দুই রাষ্ট্রপতি বৈশ্বিক তেল বাজার নিয়েও আলোচনা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাস মহামারি নিয়ে আলোচনার পাশাপাশি নেতারা যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণের ইচ্ছার বিষয়েও আলোচনা করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প ফের নিশ্চিত করেছেন যে আমেরিকা কার্যকর অস্ত্র নিয়ন্ত্রণে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে কেবল রাশিয়া নয়, চীনও অন্তর্ভুক্ত রয়েছে এবং ব্যয়বহুল অস্ত্রের লড়াই এড়াতে ভবিষ্যতের আলোচনার প্রত্যাশায় রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন হোয়াইট হাউসের উপ-প্রেস সচিব জুড ডিয়ার।
শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রায় ৭৭ হাজার মানুষের মৃত‌্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩ লাখের কাছাকাছি। রাশিয়ার মৃত‌্যুর সংখ‌্যা এক হাজার ৬শর কিছু বেশি। আর আক্রান্ত হওয়ার সংখ‌্যা পৌনে দুই লাখের বেশি।

ভারতে ট্রেনে কাটা পড়ে ১৬ শ্রমিকের মৃত্যু

0

ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় মালবাহী ট্রেনে কাটা পড়ে রেললাইনে ঘুমিয়ে থাকা ১৬ অভিবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ খবর।
২১ জনের ওই শ্রমিক দলটি মধ্যপ্রদেশে ফিরছিলেন বলে এক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
স্থানীয় সময় শুক্রবার (৮ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে আওরঙ্গবাদ জেলার গাধেজালগাঁও গ্রামের কাছে ঘটে এ দুর্ঘটনা। দলের অন্য পাঁচজন রেললাইনের ওপরে না থাকায় বেঁচে গেছেন জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে সামান্য আহত হয়েছেন তারা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পাশের জেলা জালনার একটি স্টিল কারখানায় কাজ করতেন ওই শ্রমিকরা। মধ্যপ্রদেশের ট্রেন ধরতে ৬৫ কিলোমিটার পথ হেঁটে আওরঙ্গবাদ রেলস্টেশনে যাওয়ার কথা ছিল তাদের। ক্লান্ত হয়ে একসময় তারা রেললাইনে বিশ্রামের সিদ্ধান্ত নেন। ভোরে আবার যাত্রা শুরু করতে চেয়েছিলেন। কিন্তু নানদেদ থেকে মানমাদ রুটে চলাচল করা জ্বালানি তেলবাহী ট্রেনে কাটা পড়লেন তারা ভোর সোয়া ৫টায়।
রেলওয়ে মন্ত্রণালয় টুইটারে জানায়, রেললাইনে শ্রমিকদের ঘুমিয়ে থাকতে দেখে ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন চালক। কিন্তু পারেননি। আহতদের আওরঙ্গবাদ সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছে মন্ত্রণালয়।
বিস্তারিত পরে জানানো হবে বলেছেন সাউথ সেন্ট্রাল রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা, ‘রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’
এদিকে শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনার কারণে একাধিক দুর্ভিক্ষের হুঁশিয়ারি জাতিসংঘের

0

করোনাভাইরাসের কারণে বৈশ্বিক লকডাউন চলাকালে একাধিক দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক এ হুঁশিয়ারি দিয়েছেন।
জাতিসংঘের এই কর্মকর্তা অবহেলিত জনগোষ্ঠীর সুরক্ষায় ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার অনুদানের আহ্বান জানিয়েছেন।
এর আগে ২৫ মার্চ বৈশ্বিক ত্রাণ প্রকল্পের জন্য জাতিসংঘ ২০০ কোটি ডলার অনুদানের আবেদন করেছিল। জবাবে এর প্রায় অর্ধেক অর্থ জমা হয়েছে তহবিলে।
মার্ক লোকক বলেন, ‘করোনা মহামারির সবচেয়ে ধ্বংসাত্মক ও অস্থিতিশীল প্রভাব পড়বে বিশ্বের দরিদ্র দেশগুলোর ওপর। আমরা এখনই পদক্ষেপ না নিলে আমাদেরকে উল্লেখযোগ্য সংঘাত, ক্ষুধা ও দারিদ্রের জন্য প্রস্তুত হতে হবে। একাধিক দুর্ভিক্ষের অপচ্ছায়ার পদধ্বনি শোনা যাচ্ছে।’
মানবিক সহযোগিতার জন্য জাতিসংঘ ২০ টি দেশের ওপর গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান ও সিরিয়া। তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বেনিন, জিবুতি, লাইবেরিয়া, মোজাম্বিক, পাকিস্তান, ফিলিপাইন, সিয়েরা লিওন , টোগো ও জিম্বাবুয়ে।

বিশ্বে করোনায় মৃত্যু দুই লাখ ৬৪ হাজারের বেশি

0

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা দুই লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ছাড়িয়েছে ৩৮ লাখ ১৯ হাজারের বেশি। আর, এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ১৩ লাখ।

যুক্তরাষ্টে অব্যাহত রয়েছে করোনায় একদিনে মারা গেছেন ২ হাজার ৫২৮ জন। মোট মৃতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে নতুন করে প্রাণ গেছে ৬৪৯ জনে। দেশটিতে ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনায়। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ।

ইউরোপের আরেক দেশ ইতালিতে একদিনে মারা গেছে ৩৬৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৬৮৪ জন। স্পেনে মৃতের সংখ্যা প্রায় ২৬ হাজার।রাশিয়ায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৫ হাজারের বেশি।

এদিকে ইরানে করোনায় আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৪১৮ জনের। দক্ষিণ আমেরিকার ব্রাজিলে মৃতের সংখ্যা সাড়ে আট হাজার ছাড়িয়েছে। ভারতেও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা, এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৫৩ হাজার মানুষ। দেশটিতে মারা গেছেন ১৭শ ৮৫ জন।

লকডাউন তুললে খারাপ পরিণতি ভোগ করতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে সাড়ে ১২ লাখেরও বেশি মানুষ মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৭৫ হাজার মানুষের। এমন ভয়াবহ পরিস্থিতিতেও লকডাউন তুলে নেওয়ার চিন্তা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই পথে হাটছে জার্মানি, চীন-সহ বিশ্বের অন্যান্য কয়েকটি দেশ।
তবে এখুনি লকডাউন শিথিল করা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বলেছে, লকডাউন তুললে মহামারিটি আরও ভয়াবহ রূপে ফিরে আসতে পারে। আমরা এখনো মহামারিটির প্রথম ধাপে রয়েছি। আমাদের সর্বদা সচেতন থাকতে হবে।
বেশ কিছু দেশে যখন লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করেছে। ঠিক তখনই সাবধান করল ডব্লিউএইচও।
লকডাউন প্রত্যাহার বা শিথিল করার আগে ছয়টি শর্ত পূরণের তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেগুলো হলো-
১. রোগের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা।
২. দেশের স্বাস্থ্য বিভাগ প্রতিটা রোগীকে শনাক্ত, পরীক্ষা, আইসোলেশন, চিকিৎসা এবং সংস্পর্শে আসা প্রত্যেককে শনাক্ত করতে সক্ষম।
৩. হাসপাতাল, নার্সিংহোম, সেবা কেন্দ্রগুলোর মতো নাজুক স্থানগুলোয় ঝুঁকি নিম্নতম পর্যায়ে নামিয়ে আনা।
৪. স্কুল-কলেজ, অফিস-আদালত ও অন্যান্য দরকারি স্থানে সুরক্ষামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা।
৫. বাইরে থেকে আসা নতুন রোগীদের সামলানো।
৬. সমাজের বাসিন্দারা পুরোপুরি সচেতন, সতর্ক ও নতুন জীবনযাপনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৩৪ হাজার ৩০৪ জন মানুষ। মৃত্যুবরণ করেছে ২ লাখ ৬৫ হাজার ২৪৪ জন। সুস্থ হয়ে ফিরেছে ১৩ লাখ ৬ হাজার ৫৩৩ জন। করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষের। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে।

সুদানের দক্ষিণ দারফুরে জাতিগত সহিংসতায় নিহত ৩০

0

সুদানের দক্ষিণ দারফুর প্রদেশে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় ৩০ জন নিহত হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী আবদুল্লা হামদকের দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ দারফুরের গভর্নর প্রদেশটির পরিস্থিতির ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছে।
উপজাতি সূত্র এএফপিকে বলেছে, গবাদিপশু চুরির ঘটনাকে কেন্দ্র করে আল-রাজিকাত (আরব) ও আল-ফালাতা (আফ্রিকান) জাতির মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরো জানায়, রাতে প্রাথমিক সংঘর্ষে ৯ জন নিহত হয়। বুধবার সকালে ফের সংঘর্ষে আরো ২১ জন প্রাণ হারায়। পরে রাতে সংঘর্ষ থেমে গেলেও সেখানে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু জাতির বিদ্রোহীরা অস্ত্র হাতে তুলে নেয়ায় ২০০৩ সাল থেকে দারফুরে আরব ও আফ্রিকান মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়।
জাতিসংঘ জানায়, জাতিগত সংঘাতে দেশটিতে প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ২৫ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে। এদিকে দারফুরের গভর্নর খালেদ হাশেম বুধবার সাংবাদিকদের বলেন, পরিস্থিতি শান্ত করতে এ অঞ্চলে সৈন্য মোতায়েন করা হচ্ছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫৬১ জন করোনায় আক্রান্ত

0

প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেওয়া লকডাউন শিথিলের পর থেকে ভারতে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় উল্লম্ফন দেখা যাচ্ছে। বুধবার থেকে বৃহস্পতিকার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৫৬১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।
জানুয়ারিতে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯ এ জ্ঞাত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫২ তে; মৃত্যু এক হাজার ৭৮৩ জনের।
এ সংখ্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় অনেক কম। সে জন্য দেশটিতে আগেভাগে লকডাউন ঘোষণাকে কৃতিত্ব দেওয়া হচ্ছে।
সংক্রমণ মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছিলেন। কয়েক সপ্তাহের কঠোর বিধিনিষেধের কারণে দেশটিতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যায় স্থিতাবস্থা দেখা গেলেও অর্থনীতি সচল করতে লকডাউন শিথিলের পর মের শুরু থেকেই ওই চিত্র পাল্টে যায়।
সর্বশেষ তিন দিনেই দেশটিতে ১০ হাজারের বেশি মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সপ্তাহখানেক আগেও ভারতে প্রতিদিন দেড় থেকে দুই হাজার করে নতুন আক্রান্ত শনাক্ত হত, এখন এ সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে।
মুম্বাই, দিল্লি, আহমেদাবাদের মতো তুলনামূলক ঘনবসতিপূর্ণ শহরগুলোতেই সংক্রমণ হু হু করে বাড়ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৫ হাজার ২৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ভারতে আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে। সংক্রমণের হার বেশি এমন এলাকায় নানা বিধিনিষেধ বহাল থাকলেও সংক্রমণ তুলনামূলকভাবে কম এমন এলাকাগুলোতে ব্যবসা-বাণিজ্য ও গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

টাঙ্গাইলে ওসি-স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনা শনাক্ত

0

টাঙ্গাইলে পুলিশের একজন পরিদর্শক (ওসি) ও চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ১২ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানসহ এ উপজেলায় আরো একজন, ধনবাড়ী উপজেলার তিনজন, ভূঞাপুরে একজন, কালিহাতীতে দুইজন, দেলদুয়ারে দুইজন ও মির্জাপুর উপজেলার দুইজনের নাম জানা গেছে।
সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বলেন, ‘গত তিনদিনের ২৮৫টি রিপোর্ট পেন্ডিং ছিল। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ১২০টি নমুনায় ১২ জনের করোনা শনাক্তের বিষয়টি জানানো হয়। এদের মধ্যে একজন ওসি এবং চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্তদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। এদের মধ্যে ঢাকায় দুইজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই ১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

ঢাকা ছাড়ছেন ১৪৩ জন ব্রিটিশ নাগরিক

0

বাংলাদেশে অবস্থানরত ১৪৩ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন।
বৃহস্পতিবার (০৭ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের এক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তারা।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন জানিয়েছেন নবম দফায় এসব ব্রিটিশ নাগরিক ঢাকা ত্যাগ করেছেন।
বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের জন্য প্রথম দফায় ৪টি ও দ্বিতীয় দফায় ৫টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফার শেষ ফ্লাইটটি সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
দ্বিতীয় দফার প্রথম ফ্লাইট গত ২৯ এপ্রিল সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যায়। ১ মে সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যায় দ্বিতীয় ফ্লাইট। ৩ মে ঢাকা থেকে লন্ডন যায় তৃতীয় ফ্লাইট। ৫ মে সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যায় চতুর্থ ফ্লাইট। আর ৭ মে সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন গেলো পঞ্চম ফ্লাইট।
এর আগে ব্রিটিশ এয়ারওয়েজের চারটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে লন্ডন গেছেন ব্রিটিশ নাগরিকরা। গত ২১, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল আরও চারটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যায়।
করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের প্লেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ছাড়তে চাইলে তাদের চার্টার্ড ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ছাড়তে পারবেন।