Home Blog Page 2969

ঢাবিতে করোনা পরীক্ষা শুরু

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভানস রিসার্চ ইন সায়েন্স ভবনে কোভিড-১৯ পরীক্ষার অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।
গত মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। এই কাজে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহায়তা করছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুআ)।
কোভিড-১৯ পরীক্ষার এই ল্যাব স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। করোনাভাইরাসসহ জাতীয় প্রয়োজনে অন্য যে কোনো ভাইরাস ও অণুজীব শনাক্ত করতে এবং সংশ্লিষ্ট টেস্টিং কিট উদ্ভাবনের জন্য বিশেষায়িত এ ল্যাবটি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হয়েছে।
এ জন্য অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামানকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট টেকনিক্যাল কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্য তিন সদস্য হলেন- অধ্যাপক ড. এম এ মালেক, অধ্যাপক ড. মামুন আহমেদ ও অধ্যাপক শাহরিয়ার নবী। এই কমিটি বর্তমানে সরকার গঠিত জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরাস রেসপন্স কো-অর্ডিনেশন কমিটি, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং অণুজীব বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এই কাজে সম্পৃক্ত হয়েছেন।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান বুধবার সন্ধ্যায় জানান, কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্যাম্পল পাঠানোর কথা। স্যাম্পল পেলে বৃহস্পতিবার সকাল থেকে কাজ শুরু হবে।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরকে স্যাম্পলের সংখ্যা ধাপে ধাপে বাড়াতে বলেছি। যে কোনো ল্যাবেই এ পদ্ধতি অনুসরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ, দক্ষ জনবল ও ল্যাব সুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে। এ কাজে তাদের সর্বোত্তম ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকরা দেশের একই প্রকৃতির অন্যান্য স্থানে ল্যাব প্রতিষ্ঠা ও পরিচালনায় প্রয়োজনীয় প্রশিক্ষণ সহায়তা দিতেও প্রস্তুত আছেন।
টেকনিক্যাল কমিটির সদস্য অধ্যাপক ড. এম এ মালেক জানান, তারা এখন সম্পূর্ণ প্রস্তুত। ল্যাব স্থাপন করতে তাদের সাত দিন লেগেছে। বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি বিভাগের দু`জন করে শিক্ষক এখানে কাজ করছেন।
অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান জানান, অন্য ল্যাবরেটরির সঙ্গে এ ল্যাবের মৌলিক পার্থক্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগ এ কাজে সম্পৃক্ত। সংশ্লিষ্ট কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ লোকেরাই এ কাজটি এখানে করবেন। তাই দক্ষতা ও আস্থার সঙ্গেই এখানে পরীক্ষার কাজ চলবে।
তিনি বলেন, পরীক্ষার কাজে নিরাপত্তা তথা সেফটি প্রটোকলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভবনের টপ ফ্লোরে ল্যাবটি স্থাপন করা হয়েছে। এটি সম্পূর্ণরূপে সংরক্ষিত ও বিচ্ছিন্ন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘করোনার এই দুর্যোগে মানবিক আবেদনে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ও এগিয়ে এসেছে। ফার্মেসি, বায়োটেকনোলজিসহ চারটি বিভাগ এর আগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি শুরু করেছে। চিকিৎসা অনুষদের সহায়তায় ৫০ বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে টেলি মেডিসিন সেবা চালু করা হয়েছে। একটি হান্টিং নম্বরে ২৪ ঘণ্টা তাদের পরামর্শ মিলছে। ছুটির সময়ে ঘরবন্দি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা দিতে কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সাইকোলজিস্টরা অনলাইনে পরামর্শ সেবা দিচ্ছেন। বায়োমেডিকেল ফিজিক্স বিভাগের অধীনে নেগেটিভ প্রেশার ক্যানোপি তৈরির কাজ চলছে। মাস্কের সামনের বাতাস দূরে ঠেলে দিতে এই প্রক্রিয়া কাজ করে। একই সঙ্গে চলছে ভেন্টিলেটর তৈরির কাজও।’
উপাচার্য আরও বলেন, ‘এসব উদ্যোগের পাশাপাশি এখন আমরা এগিয়ে এসেছি করোনা টেস্টের কাজে। চমৎকার এই ল্যাবরেটরিতে দুটি পিসিআর একসঙ্গে কাজ করছে। প্রতিটি পিসিআরে প্রতিদিন ২০০ করে টেস্ট করা যাবে।’
বিরাট এই কর্মযজ্ঞে অংশীদার হয়েছে এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার বলেন, ‘দুর্যোগের এ সময়ে মহতী এই কাজে সম্পৃক্ত হতে পেরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গর্বিত।’ উদ্যোগটি ফলপ্রসূ হবে ও জনকল্যাণে ব্যাপক কাজে আসবে বলে প্রত্যাশা করেন তিনি।

১১ই জুন বাজেট উপস্থাপন করা হবে: অর্থমন্ত্রী

0

আগামী ১১ই জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, করোনার কারণে বাজেট উপস্থাপনে দেরি হবে না, সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়েই বাজেট ঘোষণা হবে। এরই মধ্যে বাজেট উপস্থাপনের প্রস্তুতিও নিয়েছে অর্থমন্ত্রণালয়।

এর আগে সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। প্রতিবছরই বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার অনুমোদন নেওয়ার সুবিধার্থে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করা হয় এবং রাষ্ট্রপতির সুপারিশ নেওয়ার সুবিধার্থে সংসদ ভবনে তার উপস্থিতির ব্যবস্থা নেওয়া হয়। এবারও তাই হতে যাচ্ছে।

আগামী ১১ জুন বিকেলে অর্থমন্ত্রী নতুন অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। এর আগে বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে বাজেটের অনুমোদন দেওয়া হবে। জাতীয় সংসদে প্রথমে ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী।

করোনা : নারায়ণগঞ্জে আরো ৩৩ জন শনাক্ত, মৃত ১

0

নারায়ণগঞ্জে বেড়েই চলেছে করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, এবং একজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন।
নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত মোট ৩৯৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২০৮ জনের ফলাফলে পজিটিভ এসেছে। এদের মধ্যে জেলায় মোট মারা গেছেন ৫২ জন আর সুস্থ হয়েছেন ৭০ জন।

করোনা মোকাবিলায় ৪ হাজার ২৫০ কোটি টাকা দিচ্ছে এডিবি

0

দেশব্যাপী মহামারি আকার ধারণ করা নভেল করোনা ভাইরাস মোবিলায় পদক্ষেপ নিতে বাংলাদেশকে আরো ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশী টাকায় যা প্রায় ৪ হাজার ২৫০ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (০৭ মে) এডিবির বোর্ড সভায় এই অর্থ অনুমোদন করা হয়েছে বলে এডিবির ঢাকাস্থ অফিস থেকে জানানো হয়েছে। বাংলাদেশের অর্থনীতি ও স্বাস্থ্য খাতে কোভিড-১৯ মোকাবিলায় এই অর্থ ব্যয় করা হবে।
এই অতিরিক্ত ঋণ অনুমোদন বিষয়ে এডিবি’র প্রেসিডেন্ট মাসাটসুগেু আসাকাওয়া বলেন, করোনা দুর্যোগ কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই দেশটির পাশে থেকে সহযোগিতা করছে। এই ঋণ সেই সহযোগিতারই অংশ, যাতে এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরো বাড়ানো যায়।
তিনি আরও বলেন, আমরা উন্নয়ন সহযোগীসহ সকলেরই সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছি। যাতে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা করা যায় এবং গরিব মানুষকে সহযোগিতা করা যায়, বিশেষ করে যারা এই দুর্যোগে কাজ হারাচ্ছেন। এই ঋণ থেকে ১৫ মিলিয়ন গরিব মানুষ সহযোগিতা পাবে।
এর আগে, গত ৩০ এপ্রিল সংস্থাটি জানায় নভেল করোনা ভাইরাস মোকাবিলায় এডিবি বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে। এই ঋণ করোনা মোকাবিলা করতে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় করা হবে। জরুরি ভিত্তিতে করোনা মোকাবিলা সহায়তা প্রকল্পের আওতায় এই ঋণ অনুমোদন করা হয়েছে। যাতে স্বাস্থ্যখাতের সামগ্রিক বিষয়ের উন্নয়ন নিশ্চিত হয়। এই প্রকল্পের আওতায় ১৭ টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন এবং সিসিইউ (ক্রিটিকেল কেয়ার ইউনিট) স্থাপন করা হবে। কমপেক্ষ ১৯টি ল্যাবের মান উন্নয়ন করা হবে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় কমপক্ষে ৩ হাজার ৫০০ জন (৫০ শতাংশ নারী) স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের কর্মীকে করোনা মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।
এর আগে গত মার্চে, করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩ লাখ ডলার জরুরি আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছিল এডিবি। ‘করোনা ভাইরাস ২০১৯ প্রতিরোধে এবং অন্য ভাইরাস মোকাবিলায় আঞ্চলিক পর্যায়ের কারিগরি সহায়তা’ শীর্ষক এডিবির আঞ্চলিক তহবিল থেকে ওই জরুরি সহায়তা দেওয়া হয়।

নিজ এলাকার ২ কিলোমিটারের মধ্যে করতে হবে শপিং

0

করোনা ভাইরাস প্রতিরোধে কেনাকাটা করতে আগ্রহী ক্রেতাদের নিজ এলাকার ২ কিলোমিটারের মধ্যের শপিংমলে কেনাকাটার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া করোনা পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে শপিংমল ও মার্কেট খোলা রাখার বিষয়ে ১৪টি নির্দেশনা দিয়েছে ডিএমপি।
আজ বৃহস্পতিবার (০৭ মে) ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম নির্দেশনাগুলো জারি করেন।
ডিএমপির নির্দেশনাগুলো হলো—
১. সরকার ঘোষিত নির্ধারিত সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শপিং মল ও দোকান খোলা রাখা যাবে। তবে ফুটপাতে বা প্রকাশ্য স্থানে হকার, ফেরিওয়ালা বা অস্থায়ী দোকানপাট বসতে দেওয়া যাবে না।
২. করোনা ভাইরাস প্রতিরোধে ক্রেতারা তাদের নিজ নিজ এলাকার দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিং মলে ঘোষিত সময়ের মাঝে কেনাকাটা করতে পারবেন। এক এলাকার ক্রেতা অন্য এলাকায় অবস্থিত শপিং মলে কেনাকাটা বা গমনাগমন করতে পারবেন না।
৩. বসবাসের এলাকা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য প্রত্যেক ক্রেতা তার নিজ নিজ পরিচয়পত্র (যেমন— ব্যক্তিগত আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের মূল কপি ইত্যাদি) বহন করবেন এবং তা শপিংমলের প্রবেশমুখে প্রদর্শন করবেন।
৪. প্রত্যেক শপিংমলের প্রবেশমুখে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল বা চেম্বার স্থাপন করতে হবে এবং তাপমাত্রা মাপার জন্য থার্মাল স্ক্যানারের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া, প্রত্যেক দোকানে পৃথকভাবে তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখতে হবে।
৫. প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক পরিধান ব্যতীত কোনও ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবেন না। সব বিক্রেতা ও দোকান কর্মচারীকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে।
৬. প্রতিটি শপিংমল/বিপণি বিতানের সামনে সতর্কবাণী ‘স্বাস্থ্যবিধি না মানলে, মৃত্যু ঝুঁকি আছে’ সংবলিত ব্যানার টানাতে হবে।
৭. প্রতিটি শপিংমলে প্রবেশ, বাহির ও কেনাকাটার সময় ক্রেতা-বিক্রেতাকে কমপক্ষে এক মিটার (প্রায় ৪০ ইঞ্চি) দূরত্ব বজায় রাখতে হবে। এই নিরাপদ দূরত্ব বজায় রেখে দোকানে যত জন ক্রেতা অবস্থান করতে পারেন, তার বেশি ক্রেতাকে প্রবেশ করতে দেওয়া যাবে না।
৮. সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রত্যেক দোকানের সামনে দূরত্ব মেপে মার্কিং করতে হবে।
৯. শপিংমলগুলোতে বয়স্ক, শিশু ও অসুস্থদের (হৃদরোগ, ডায়াবেটিস ও অন্যান্য) গমনাগমনে নিরুৎসাহিত করতে হবে।
১০. কেনাকাটা শেষে মার্কেটে অযথা জটলা বা ভিড় সৃষ্টি করা যাবে না। যাদের কেনাকাটা শেষ হয়ে যাবে মার্কেট কর্তৃপক্ষ মাইকিং করে তাদের বের করে দেওয়ার ব্যবস্থা করবেন।
১১. শপিং মলগুলোতে প্রবেশ ও বের হওয়ার আলাদা পথ নির্ধারণ করে দিতে হবে।
১২. যারা মাস্ক না পড়ে আসবেন তারা মার্কেট থেকে কিনে নেবেন। অন্যথায় যাতে মার্কেটে প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে।
১৩. প্রত্যেক শপিংমলের পার্কিং লটে গাড়ি জীবাণুমুক্তকরণের ব্যবস্থা থাকতে হবে। এছাড়া, ড্রাইভাররা যাতে একত্রিত হয়ে আড্ডা না দেয় এবং নিজ নিজ গাড়িতে অবস্থান করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
১৪. শপিংমলগুলোতে যাতায়াতের জন্য সীমিত পরিসরে সাধারণ রিকশা ও সিএনজি চালু থাকবে। তবে সিএনজিতে দুইজনের অতিরিক্ত যাত্রী পরিবহনে নিরুৎসাহিত করা হলো। প্রত্যেক যাত্রী এবং চালক মাস্ক পরিধান করবেন।

আরও ৯৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

0

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৫ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ জনে। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৬ পুলিশ সদস্য।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত পুলিশে মোট আক্রান্ত হয়েছেন ১২৮৫ জন। গতকাল এ সংখ্যা ছিল ১ হাজার ১৯০। মোট আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) ৬৬৬ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৬৮৯ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৯৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এ পর্যন্ত ভাইরাসটিতে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন। মারা গেছেন ১৮৬ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

বিচার কাজ চলবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে

0

ভিডিও কনফারেন্সের ও অন্যান্য তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার কাজ পরিচালনার বিধান রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ বৃহস্পতিবার (৭ মে) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, বিদ্যমান বিধান অনুযায়ী, আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ বা তাদের পক্ষে নিযুক্ত বিজ্ঞ আইনজীবী এবং সাক্ষীদের উপস্থিতির মাধ্যমে মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে। সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেও কোভিড-১৯ মহামারি রোধকল্পে এক মাসেরও বেশি সময় ধরে কতিপয় ব্যতিক্রম ব্যতীত আদালতসহ সরকারি-বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মানুষের সমাগম হয় এমন সব কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সচিব বলেন, দীর্ঘ সময় ধরে আদালত বন্ধ থাকার মামলা জট যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি বিচারপ্রার্থীরা বিচারপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে এবং বিচার কার্যক্রম অব্যাহত রাখার সুবিধার্থে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম করার জন্য আইনি বিধান প্রণয়ন করা প্রয়োজন।
তাই ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করতে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ এর খসড়ার প্রণয়ন করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এই ব্যবস্থায় আসামিকে জেলখানায় রেখে, আইনজীবীকে বাসায় রেখে ও সাক্ষীকে অন্য জায়গায় রেখে ভিডিও কনফারেন্সিং এবং অন্যান্য ডিজিটাল পদ্ধতি অ্যাপ্লাই করে বিচারকার্য করা সম্ভব হবে। এটাই হলো এই অধ্যাদেশের মূল বক্তব্য।
এখন সংসদ চালু না থাকায় আইন করা যাবে না বলে জরুরিভিত্তিতে এ বিষয়ে অধ্যাদেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন আইন মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অধ্যাদেশ হিসেবে জারি করে দেবে। পার্লামেন্ট বসার প্রথম দিনই এটি সেখানে উপস্থাপিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এর বাইরে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া আরো দুইটি আইন ও অধ্যাদেশ হলো- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন-২০২০ এবং ইনকাম ট্যাক্স (সংশোধন) অধ্যাদেশ-২০২০। সীমিত পরিসরের মন্ত্রিসভা বৈঠকে উল্লিখিত তিনটি আইনি ও অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে।

দুই শতাধিক বাংলাদেশি ফিরছেন যুক্তরাষ্ট্র থেকে

0

করোনার কারণে যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে। ১৪ অথবা ১৫ মে ঢাকার উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড করে তারা যাত্রা করবেন।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এরই মধ্যে দুই শতাধিক বাংলাদেশি দেশে ফেরার জন্য নাম নিবন্ধন করেছেন।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, নিজেদের খরচেই তারা দেশে ফিরবেন। দূতাবাস ও কনস্যুলেট শুধু সমন্বয়ের দায়িত্ব পালন করছে।

বিশেষ এই ব্যবস্থায় যারা ফিরছেন, তারা বিমান ভাড়া বাবদ ২২০০ ডলার করে দিবে। তবে তাদেরকে দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে ৮ মের মধ্যেই।

তবে, এসব যাত্রীদের যুক্তরাষ্ট্রের যে কোনো হাসপাতাল অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে। আর তা নিতে হবে বিমানযাত্রার ৭২ ঘণ্টার মধ্যে।

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫৬১ জন করোনায় আক্রান্ত

0

প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেওয়া লকডাউন শিথিলের পর থেকে ভারতে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় উল্লম্ফন দেখা যাচ্ছে। বুধবার থেকে বৃহস্পতিকার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৫৬১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।
জানুয়ারিতে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯ এ জ্ঞাত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫২ তে; মৃত্যু এক হাজার ৭৮৩ জনের।
এ সংখ্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় অনেক কম। সে জন্য দেশটিতে আগেভাগে লকডাউন ঘোষণাকে কৃতিত্ব দেওয়া হচ্ছে।
সংক্রমণ মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছিলেন। কয়েক সপ্তাহের কঠোর বিধিনিষেধের কারণে দেশটিতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যায় স্থিতাবস্থা দেখা গেলেও অর্থনীতি সচল করতে লকডাউন শিথিলের পর মের শুরু থেকেই ওই চিত্র পাল্টে যায়।
সর্বশেষ তিন দিনেই দেশটিতে ১০ হাজারের বেশি মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সপ্তাহখানেক আগেও ভারতে প্রতিদিন দেড় থেকে দুই হাজার করে নতুন আক্রান্ত শনাক্ত হত, এখন এ সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে।
মুম্বাই, দিল্লি, আহমেদাবাদের মতো তুলনামূলক ঘনবসতিপূর্ণ শহরগুলোতেই সংক্রমণ হু হু করে বাড়ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৫ হাজার ২৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ভারতে আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে। সংক্রমণের হার বেশি এমন এলাকায় নানা বিধিনিষেধ বহাল থাকলেও সংক্রমণ তুলনামূলকভাবে কম এমন এলাকাগুলোতে ব্যবসা-বাণিজ্য ও গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

নতুন করে করোনা শনাক্ত ৭০৬, সুস্থ ১৩০

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৭০৬ জন। একইসময় সুস্থ হয়েছেন ১৩০ জন। আর এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। তবে জানানো হয়নি মৃত্যুর তথ্য।

আজ বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ছয় হাজার ৩৮২টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮৬৭টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৭০৬ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ পাঁচ হাজার ৫১৩টি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন করোনা রোগী। এ নিয়ে এ পর্যন্ত এক হাজার ৯১০ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে বুলেটিনে।

ডা. নাসিমা জানান, করোনা সন্দেহে নমুনা পরীক্ষার জন্য গতকাল বুধবার (৬ মে) পর্যন্ত সারা দেশে ল্যাব ছিল ৩৩টি। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে মোট ৩৪টি ল্যাবে।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ১৬০ জনকে। এ নিয়ে এ পর্যন্ত আইসোলেশনে আছেন এক হাজার ৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৪৩ জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৫০ জন। সারা দেশে আইসোলেশন শয্যা রয়েছে ৯ হাজার ৬৩৮টি। এর মধ্যে ঢাকা মহানগরীতে তিন হাজার ৯৪৪টি এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে আছে পাঁচ হাজার ৬৯৪টি।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন দুই হাজার ৩৩১ জন। এ ছাড়া গত একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৯৬৭ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন দুই লাখ চার হাজার ৩১ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন এক লাখ ৬৩ হাজার ৫২৮ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ৫০৩ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে ৬১৫টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার ৯৫৫ জনকে সেবা প্রদান যাবে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৪৩ হাজার ৪২২টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে ৪২ লাখ ৪৭ হাজার ৩৬৭ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

সেবা প্রদানকারী চিকিৎসকদের প্রসঙ্গে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো ১৫ জন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৫৩ জন। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন চার হাজার ৫০ জন চিকিৎসক।