Home Blog Page 2970

মন্ত্রণালয়ের সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে : কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর মতো ফ্রন্টলাইনে থেকে কাজ করে যেতে হবে।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় অনলাইন সভায় তিনি এ কথা বলেন।
আবদুর রাজ্জাক বলেন, ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী যেমন ফ্রন্টলাইনে থেকে কাজ করে যাচ্ছে তেমনি কৃষিতে প্রয়োজনে ঝুঁকি নিয়ে হলেও কাজ করে যেতে হবে। যাতে করে দেশে খাদ্যের কোন ঘাটতি না হয়, দুর্ভিক্ষ না হয়।
তিনি বলেন, করোনাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের সবচেয়ে বড় মৌলিক চাহিদা হলো খাদ্য। আমরা কোনোক্রমেই কোনো মানুষকে অভুক্ত রাখতে পারি না। এ দেশের সকল মানুষের পর্যাপ্ত খাদ্য বিশেষ করে ধান, গম, ভুট্টা, সবজি, ফল প্রভৃতির প্রয়োজনীয় সরবরাহ আমাদের নিশ্চিত করতে হবে। সেজন্য খাদ্য উৎপাদনে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
এ সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

‘গ্যাস অনুসন্ধান কার্যক্রম ব্যাপক হারে বাড়াতে হবে’

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাস অনুসন্ধান কার্যক্রম ব্যাপক হারে বাড়াতে হবে। আগামী ছয় মাস থেকে এক বছরের ভেতর আমরা নতুন গ্যাস ক্ষেত্র দেখতে চাই। স্বল্প মেয়াদি বাস্তবধর্মী পরিকল্পনা নিন। শুষ্ক-পরিত্য ক্ত পুরাতন গ্যাস ক্ষেত্র হতে অ-প্রথাসিদ্ধ (Unconventional) বা নতুন কোনো প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করে গ্যাস প্রাপ্তির বিষয়েও উদ্যোগ নেয়া প্রয়োজন।
আজ বৃহস্পতিবার তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ‘পেট্রোবাংলা ও বাপেক্সের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, বাপেক্সের সক্ষমতা বাড়ানো আবশ্যক কিন্তু এর উদ্যোগ বাপেক্সকেই নিতে হবে। থ্রি ডি/ টু ডি জরিপের পরিধি বাড়িয়ে যথাসম্ভব নিখুঁত ড্রিলিং পয়েন্ট নির্ধারণ করা প্রয়োজন। আমরা গ্যাস চাই, যথাযথ পরিকল্পনা নিয়ে আসুন, প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মীর মো. আব্দুল হান্নান সভায় জানান যে, ড্রিলিং ইঞ্জিনিয়ারসহ নতুন লোকবল ও পরামর্শক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। গত ৫ মার্চ ২০২০ শ্রীকাইল পূর্ব-১ আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন খননকৃত কূপ হতে গ্যাস পাওয়া গেছে। মজুদ গ্যাসের পরিমাণ প্রায় ৫০ বিসিএফ।
ভার্চুয়াল এ সভায় এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান ও পেট্টোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ উপস্থিত ছিলেন।

করোনায় ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যু

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. নাজমুল করিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো উপাচার্যের মৃত্যু হলো।
মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, তিনি একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে তিনি বলেন, তিনি একজন খ্যাতিমান শিক্ষক ছিলেন। তার এমন মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমি ওনার মাগফেরাত কামনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার উনার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আ.লীগ জনগণের পাশে আছে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে আছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে এক ভিডিও সংবাদ সম্মেলনে তিনি তার এ আশঙ্কার কথা জানান।
দলের নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুতি থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতি আগামীতে আরও কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে।
দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সংসদ সদস্যরা আওয়ামী লীগের পক্ষে সারাদেশে ৯০ লাখ ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ ৮ কোটি ৬২ লাখ অর্থ সহায়তা প্রদান করেছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এসব কর্মসূচি তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে।
এ সময় ২০০৮ সালের ৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের।
এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

অসহায় মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে : পরিবেশমন্ত্রী

0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, করোনাকালীন কর্মহীন অসহায় জনগণের মাঝে পর্যাপ্ত খাদ্যসামগ্রী সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্ভাব্য সবকিছু করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী জনগণের কাছে পৌঁছে দেয়ার সরকারের মানবিক কার্যক্রম চলমান থাকবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় জনগণের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একই সাথে চলমান থাকায় অসহায় মানুষকে বেশি করে সাহায্য করা প্রয়োজন। ঢাকার অসহায় মানুষের প্রয়োজনে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষে এ ধরনের সাহায্য চলমান থাকবে।
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ত্রাণ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম করোনায় ক্ষতিগ্রস্থ ৬০০ জন অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. একেএম রফিক আহাম্মদ উপস্থিত ছিলেন।

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল

0

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাট ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে। তিল ধারণের ঠাঁই নেই ফেরিঘাট আর রিকশা-অটো স্ট্যান্ডে। গত ১০ দিনের যাত্রীর ঢলকেও হার মানিয়েছে বৃহস্পতিবারের (৭ মে) ঢাকামুখী যাত্রীদের চাপ।
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিতে করে আসছে শত শত ঢাকামুখী যাত্রী। শপিংমল ও মার্কেট খুলে দেয়ার ঘোষণায় এসব যাত্রীরা দক্ষিণবঙ্গের নিজ বাড়ি হতে লকডাউন ভেঙে ঢাকামুখী হতে শুরু করেছেন। প্রতিটি ফেরিতেই শত শত লোক পার হয়ে আসছে শিমুলিয়া ফেরিঘাটে। এখানে এসেও যেন তিল ধারণের ঠাঁই নেই যানবাহনের স্ট্যান্ডগুলোতে। ফেরিতে যেমন চাপাচাপি আর গাদাগাদি করে শিমুলিয়া ঘাটে এসেছেন এখানে এসেও একই অবস্থা যানবাহনের জন্য।
বাস না থাকায় অটো স্ট্যান্ডগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঢাকা যাওয়ার জন্য তারা হুমড়ি খেয়ে পড়ছেন। তবে বাস না পেয়ে আজও আটো, টেম্পু, নসিমন, করিমন, মাইক্রো, থ্রি হুইলার, ইয়েলো ক্যাব, রেন্ট-এ-কার ও শত শত মোটরসাইকেলে এসব যাত্রীদের ঢাকায় ফিরতে দেখা গেছে। উবার বন্ধ থাকায় উবারের মোটরসাইকেলগুলো এখন শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় প্রতিনিয়ত অফলাইনে যাতায়াত করছে। যারা সিঙ্গেল যাত্রী তারা মোটরসাইকেলে ঢাকায় চলে যাচ্ছেন। তবে এ পথে ঢাকায় যেতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল কবির জানান, ঘাটে সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ঢল দেখা গেছে। গার্মেন্টস কর্মীদের হার মানিয়েছে আজ সকালের যাত্রীর চাপ। নানা শ্রেণি-পেশার মানুষ এখন ছুটছে ঢাকার কর্মস্থলে। করোনার কোনো ভয় নেই তাদের মধ্যে।
মাওয়া ট্রাফিক জোনের টিআই হিলাল উদ্দিন জানান, আজ সকাল থেকেই ঢাকামুখী যাত্রীর চাপ। ঘাটে বাস না থাকলেও অসংখ্য উবার ও পাঠাওয়ের মোটরসাইকেল আর গাড়ি যাত্রীদের ঢাকা নিচ্ছে। তবে তা অফলাইনে চলছে। সেই সঙ্গে নসিমন, করিমন, টেম্পু, অটো, ইয়েলো ক্যাবসহ নানা ধরনের যানবাহনে যাত্রীরা ভেঙে ভেঙে বিকল্প পথে ঢাকা যাচ্ছেন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে দিনে চার থেকে পাঁচটি ও রাতে সাত থেকে আটটি ফেরি চলাচল করছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি দেখা গেছে। প্রতিদিনই যাত্রী বাড়ছে।

মালিক সমিতির আবেদনেই মার্কেট খোলার অনুমতি : বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রক্ষিতেই সীমিত পরিসরে দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে কেউ চাইলে না-ও খুলতে পারেন।
বৃহস্পতিবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রক্ষিতেই ঈদকে সামনে রেখে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে থেকে সকাল ১০টা থেকে বিকলে ৪টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে ইতোমধ্যে বড় দুটি শপিংমল (বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক) সিদ্ধান্ত নিয়েছে তারা মল খুলবে না। এটা তাদেন নিজস্ব সিদ্ধান্ত। কেউ যদি মনে করে দোকান খোলা ঠিক হবে না, তারা খুলবে না। তবে যারা খুলবে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মার্কেট খোলার অনুমতি দেয়া হলেও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। তাহলে ক্রেতা মার্কেটে আসবে কীভাবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে যিনি যে এলাকার বাসিন্দা তিনি সে এলাকার মার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন। এজন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।
করোনাভাইরাসের চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে রমজানে খুলবে না দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক। এই দুই জায়ান্ট শপিংমলের এমন সিদ্ধান্তের পর এবার রোজায় মার্কেট না খোলার পক্ষেই নিউমার্কেট দোকান মালিক সমিতি।
তবে অধিকাংশ ব্যবসায়ী দোকান খুলতে চান বলে জানিয়েছে ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতি। মার্কেট খোলার বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে আরও দু-তিনদিন পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। বুধবার (৬ মে) মার্কেট খোলা প্রসঙ্গে নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউমার্কেট দোকান মালিক সমিতি ভার্চুয়াল মিটিং করে এমন সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লেখ্য, এর আগে, সোমবার (৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল আগামী ১০ মে থেকে খোলার কথা চিঠিতে উল্লেখ করা হয়। তবে তা বিকেল ৪টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়।

মসজিদে জুমার নামাজের অনুমতি দিল লেবানন

0

স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে সর্বসাধারণের জুমার নামাজ জামাতে আদায়ের অনুমতি দিয়েছে লেবানন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে মসজিদে নামাজ আদায় স্থগিত করেছিল দেশটির সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে, লেবাননের জনগণকে মহামারি বিরোধী লড়াইয়ে সহায়তা করার জন্য মসজিদে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে।

দেশটির সর্বোচ্চ সুন্নি মুসলিম কর্তৃপক্ষ দার আল-ফাতওয়ার এক বিবৃতি অনুসারে, আগামী ৮ ই মে থেকে মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। তবে মুসল্লিরা মসজিদে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এছাড়া মসজিদে রমজানের তারাবির নামাজ পড়াও স্থগিত থাকবে।

ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লেবানন গত ১৫ মার্চ থেকে মসজিদে সমস্ত জামাতে নামাজ এবং অন্যান্য ধর্মীয় সমাবেশ স্থগিত করেছিল।

উল্লেখ্য, লেবাননে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৫০ জন। এদের মাঝে মৃত্যু হয়েছে ২৫ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ২০৬ জন।

সূত্র- ইয়ানি শাফাক।

জীবাণুমুক্ত করা হচ্ছে শাহজালাল বিমানবন্দর

0

করোনাভাইরাস সংক্রমণ রোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জীবাণুনাশক ছেটানোর কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বিশেষ দল। বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু ঘাঁটির কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন আসিফ ইকবালের নেতৃত্বে ২ নম্বর টার্মিনাল থেকে শুরু হয় এই কর্মসূচি। শাহজালাল বিমাবন্দরের টার্মিনাল ভবনসহ পুরো বিমানবন্দর এলাকা জীবাণুণাশক ছেটানো হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ২৬ সদস্যের বিশেষ দল হ্যান্ড হেল্ড স্প্রে দিয়ে বিমাবন্দরেরর এপ্রোন এলাকা, অ্যারাইভাল ও ডিপাচার্র লাউঞ্জ, হেল্প ডেস্ক, ইমিগ্রেশন, লাগেজ ট্রলি, দেয়ালসহ বিমানবন্দরের আনাচে কানাচে জীবাণুমুক্ত করে। এ ছাড়া পুরো আবাসিক এলাকা ও রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে বিশেষ গাড়ি থেকে জীবাণুনাশক ছিটানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমান্ডিং অফিসার। বিশেষ ফ্লাইট আসা যাওয়ার পর যাত্রীদের ব্যবহৃত স্থানগুলো নিয়মিত জীবাণুমুক্ত করা হলেও বিমানবাহিনীর এই কর্মসূচির মাধ্যমে একযোগে পুরো এলাকা জীবাণুমুক্ত করা হচ্ছে। দিনব্যাপী চলবে এই কার্যক্রম।

বিমান বাহিনী তাদের নিজস্ব এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দরের জীবাণুমুক্ত করতে বিমানবন্দর কর্তৃপক্ষকে সহায়তা করতে এ উদ্যোগ নিয়েছে ঘাঁটি বঙ্গবন্ধুর। বিমান বাহিনীর ওয়াটার ভ্যাহিকেলে বিমানবন্দরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক ছিটানো হয়।

শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, জানুয়ারি থেকেই করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় আমাদের কার্যক্রম চলমান আছে। আমাদের নিজস্ব উদ্যোগে নিয়মিত বিমানবন্দরের বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

তিনি বলেন, এই মুহর্তে বিশেষ ফ্লাইট ছাড়া নিয়মিত ফ্লাইট নেই। এ সময়ে যাত্রীদের প্রবেশের স্থানগুলো বিশেষ ভাবে জীবানুমুক্ত করা হচ্ছে। একই সঙ্গে এয়ারলাইনসগুলোর উড়োজাহাজ জীবানুমুক্ত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেটি অনুসরণ করছে। বিমানবাহিনীর উদ্যোগে জীবাণুনাশক কার্যক্রম আমাদের উদ্যোগকে সহায়তা করেছে।

বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন আসিফ ইকবাল বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের সেবামূলক কার্যক্রম চলমান আছে। জাতির এ সংকটাপূর্ণ মুহুর্তে বিমান বাহিনীর এ সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় ঘাঁটি বঙ্গবন্ধুর উদ্যোগে ঘাঁটির আশে জীবানুনাশক ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে আগামীতেও এ ধরণের কার্যক্রম পরিচালনা করা হবে।

চট্টগ্রামে শ্রীলঙ্কান নাগরিক করোনায় আক্রান্ত

0

বাংলাদেশে প্রথমবারের মতো একজন বিদেশি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি একজন শ্রীলঙ্কান নাগরিক। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের শ্রীলঙ্কান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানায় তিনি কর্মরত আছেন।

আজ বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষায় যে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারমধ্যে এই শ্রীলঙ্কানও আছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, সিভাসুর ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১৪ জন, নোয়াখালী জেলার দুই জন, ফেনী জেলার একজন, রাঙামাটি জেলার চার জন এবং লক্ষ্মীপুর জেলার একজনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত শ্রীলঙ্কার একজন নাগরিক আছেন। তার বয়স ৪৬ বছর। তিনি নগরীর দক্ষিণ খুলশী এলাকায় বসবাস করেন।

সিভিল সার্জন জানান, দক্ষিণ খুলশীতে অবস্থিত সেই বিদেশির বাড়ি লকডাউন করা হচ্ছে। কিন্তু তার কর্মস্থল কর্ণফুলী ইপিজেডের কারখানাটি লকডাউন করা হবে না। কারণ তিনি আগে থেকেই বাসায় কোয়ারেনটিনে আছেন।

শ্রীলঙ্কান নাগরিক কিভাবে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি। কারণ ২৬ মার্চ লকডাউন শুরু হওয়ার পর থেকে তিনি তেমন একটা কর্মস্থলে যাননি।