Home Blog Page 2971

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক, কার্টুনিস্টসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

0

প্রবাসী সাংবাদিক, কার্টুনিস্টসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা দায়ের করেছে র‌্যাব-৩। জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এই মামলায় আসামি করা হয়েছে কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মো দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও ব্লগার আসিফ মহিউদ্দীনকে।

মামলার এজাহারে বলা হয়, আই এম বাংলাদেশি (ইংরেজি হরফে লেখা) পেজের অ্যাডমিন সায়ের জুলকারনাইন, আমি কিশোর, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও মোস্তাক আহম্মেদ নামে পাঁচজন দীর্ঘদিন ধরে ওই ফেসবুক পেজটি পরিচালনা করে আসছেন। এই পেজ থেকে থেকে জাতির জনক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহামারি সম্পর্কে গুজব, রাষ্ট্র/সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিপ্রায়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

অপপ্রচার বা মিথ্যা জেনেও তারা গুজবসহ বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছিলেন। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এজাহারে এমনটাই উল্লেখ্য করেছে র‌্যাব।

সাংবাদিক, কার্টুনিস্টসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম। এ ঘটনায় দুজন গ্রেপ্তার আছেন। আর বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন ওসি মাঈনুল ইসলাম।

সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারীর মধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সবকিছু লকডাউন হলেও গণমাধ্যম খোলা থাকে উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত দেশে প্রায় ৬০ জন গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন এবং আমি আমার প্রিয় বন্ধুপ্রতিম সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে হারিয়েছি।

আজ বুধবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’তে ডিজইনফেকশন চেম্বার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে দৈনিক সময়ের আলো পত্রিকার সদ্যপ্রয়াত নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় প্রয়াত খোকনের আত্মার মাগফেরাত ও করোনা-আক্রান্তদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন মন্ত্রী।

সাংবাদিকদের প্রতি গভীর মমতার কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আমি সবসময় মন্ত্রী ছিলাম না বা থাকবো না, কিন্তু আমি সবসময় সাংবাদিকদের সাথে ছিলাম। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমি সকল সাংবাদিকের করোনা পরীক্ষার বিশেষ ব্যবস্থার জন্য অনুরোধ করেছি, তারা সে ব্যবস্থা করেছে। বিশেষ বুথের জন্যও আমি তাদের তাগাদা দেব।

তিনি বলেন, সেইসাথে দুস্থ সাংবাদিকদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে যথাসম্ভব কিছু করার চেষ্টা করছি, শিগগিরই কিছু করতে পারবো বলে আশা করি।

ড. হাছান আক্ষেপ করে বলেন, বিশ্বে রাষ্ট্রীয়ভাবে মেডিক্যাল গবেষণায় যে অর্থব্যয় হয়, তার চেয়ে অনেক বেশি ব্যয় হয় সামরিক খাতে। কিন্তু সমগ্র বিশ্ব আজ এক অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত, যেখানে শুধু মাস্ক, স্যানিটাইজার আর জীবাণুনাশক নিয়েই আমাদের কাজ করে যেতে হচ্ছে। আমার প্রশ্ন, এখনো কি আমরা অস্ত্রের প্রতিযোগিতায় থাকবো, না কি সম্মিলিতভাবে মানব সমাজের জন্য কাজ করবো? আর অস্ত্রের প্রতিযোগিতা নয়, সবাই মিলে মানুষের সুরক্ষার জন্য কাজ করাই হোক পৃথিবীর সব রাষ্ট্রের ব্রত আশাপ্রকাশ করেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী এ সময় করোনাভাইরাসের বৈশ্বিক রূপ তুলে ধরে বলেন, এটি কোনো জাতীয় দুর্যোগ নয়, এটি বৈশ্বিক মহামারী। এ সময় মানুষ যেন হতাশাগ্রস্ত হয়ে না পড়ে সেজন্য আপনারা আশাব্যঞ্জক সংবাদ পরিবেশন করুন।

এ প্রসঙ্গে সরকারের কর্মতৎপরতার কথা উল্লেখ করে ড. হাছান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় মানুষের জীবন ও জীবিকারক্ষা, অর্থনৈতিক প্রণোদনাসহ দেশের এক-তৃতীয়াংশ মানুষকে সরকারি সহায়তার আওতায় এনে যেসব পদক্ষেপ নিয়েছেন, তা আজ সমগ্র বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস এমনকি ইকনোমিস্ট-ও প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছে।

তথ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী অনুষ্ঠানে ডিআরইউ নেতৃবৃন্দের কাছে এন্টিসেপটিক সাবান ও হ্যান্ডস্যানিটাইজার হস্তান্তর করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সুজিত রায় বলেন, আওয়ামী লীগ সভাপতির নির্দেশে যখন যেখানে প্রয়োজন, সেখানেই ত্রাণ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিজইনফেকশন চেম্বার প্রদানকারী সংগঠন ন্যাশনাল ইন্টারেস্ট অভ বাংলাদেশ-এনআইবির নির্বাহী সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও ডিআরইউ সহ-সভাপতি নজরুল কবীর।

ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, দৈনিক বর্তমানের জ্যেষ্ঠ প্রতিবেদক মোতাহার হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা

0

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশেপাশে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। এ সময় সতর্কতা সংকেত জারি করে সেনাবাহিনী। বুধবার তিনটি কাতিয়ুসা রকেট দিয়ে এ হামলা চালানো হয়েছে। ইরাকের সামরিক বাহিনীর তরফে ওই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা বাগদাদের পশ্চিমাঞ্চল থেকে একটি রকেট লঞ্চার উদ্ধার করেছেন। ওই রকেট লঞ্চারে টাইমার সেট করা ছিল। তবে এটি কোনো লক্ষ্যে আঘাত হানতে পারেনি। সে কারণে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

এর আগেও বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েক বার হামলার ঘটনা ঘটেছে। এছাড়া আগে বাগদাদে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও দফায় দফায় হামলা চালানো হয়েছে।

সূত্র- মেহের নিউজ।

প্রথম সফল করোনা ভ্যাকসিন তৈরির দাবি ইতালির

0

করোনায় কাঁপছে সারা বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবেলার জন্য গোটা বিশ্ব মরিয়া হয়ে ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেনের মতো বিভিন্ন দেশ চেষ্টা চালাচ্ছে নিরন্তর। আর এরই মধ্যে ইতালির বিজ্ঞানীরা দাবি করলেন, এই ভাইরাসে সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য তারা একটি ভ্যাকসিন তৈরি করেছেন। এই ভ্যাকসিন মানুষকে করোনা থেকে রক্ষা করবে।

দেশটির টাকিস নামে এক সংস্থা একটি করোনার ভ্যাকসিন তৈরি করেছে। এটি ইঁদুরে দেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। আর তার ফলে মানুষের কোষেও এটি কাজ করবে বলে মনে করা হচ্ছে। রোমের স্প্যালানজানি হাসপাতালে এই ভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে।

টাকিসের সিইও লুইগি অরিসিচিও জানিয়েছেন, এই প্রথম এমন একটি ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে যা মানবদেহে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম। এটি অত্যন্ত উন্নত পর্যায়ের। গ্রীষ্মের পরই মানবদেহে এর পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

করোনার এই ভ্যাকসিন ইঁদুরের শরীরে এরই মধ্যে প্রয়োগ করা হয়েছে। স্পালানজানি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি এখন পর্যন্ত বিশ্বে প্রথম ভ্যাকসিন যা করোনাকে প্রতিহত করার প্রমাণ দিয়েছে। আশা করা যায় যে এটি মানুষেরও কাজ করবে। এর একটি টিকা দেওয়ার পরে, ইঁদুরের দেহে অ্যান্টিবডিগুলো তৈরি শুরু হয়ে যায়। যা ভাইরাসগুলো মানুষের কোষগুলোতে সংক্রমিত হতে বাধা দিতে পারে বলে জানিয়েছেন অরিসিচিও।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতলি বেনেট দাবি করেছেন যে তারাও করোনার চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন। ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ একটি অ্যান্টিবডি তৈরি করেছে যা রোগীর শরীরের মধ্যেই করোনা রোগের ভাইরাসকে প্রতিহত করতে পারে।

২৬ বিলিয়ন ধার করতে যাচ্ছে সৌদি আরব, কাটা হবে বেসরকারি কর্মচারীদের বেতন

0

করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে। উৎপাদন বন্ধ তাই অর্থনীতির চাকাও অচল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কমেছে গেছে তেলের দাম। আর এই কারণে চরম ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব।

অর্থনীতি পুনরায় সচল করতে আরও ২৬ বিলিয়ন ডলার ধার করার কথা ভাবছে পারে সৌদি আরব। পাশাপাশি তেলের মূল্য কমে যাওয়ায় সরকারি ঘাটতি পূরণে রিজার্ভ থেকে ৩২ বিলিয়ন ডলার উত্তোলন করা হতে পারে। দেশটির অর্থমন্ত্রীর বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছেন, অতীতে সৌদি আরব আরও কঠিন সঙ্কট মোকাবেলা করেছে। করোনাভাইরাসের কারণে যে সঙ্কট তৈরি হয়েছে তা মোকাবেলা করার মতো সামর্থ্য তাদের রয়েছে।

এদিকে, করোনা সঙ্কট কাটিয়ে উঠতে ভ্রমণসহ নানা খাতে ব্যয় কমিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব। গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি কর্মচারীদের বেতন কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বলা হয়েছে, ছয়মাস শ্রমিকদের মূল বেতনের ৪০ ভাগ পর্যন্ত কমানো যেতে পারে। সেই সাথে কম্পানিগুলো থেকে কর্মীও ছাটাই করা হতে পারে।

আরো করোনা, আরো মৃত্যু? সমস্যা নেই, অর্থনীতি বাঁচাতে হবে:ট্রাম্প

0

সারা বিশ্ব জুড়ে চলছে করোনার প্রকোপ। এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। তবে এই সংকটজনক পরিস্থিতির মধ্যে জনগণের স্বাস্থ্যের তোয়াক্কা না করেই অর্থনীতি আবারো সচল করার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি মাস্ক উৎপাদন কারখানা পরিদর্শনে ট্রাম্প বলেন পরিস্থিতি যাই হোক দেশের অর্থনীতি আবারো সচল করা হবে। অর্থনীতি খুলে দেওয়ার সাথে করুন পরিণতি আসবে যুক্তরাষ্ট্রে এ বিষয় সম্মতি জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, অনেক মানুষ আক্রান্ত হবে এবং মারা যাবে কিন্তু তারপরও আমাদের অর্থনীতি চালু করতে হবে।

এদিকে কারখানা পরিদর্শনের সময় বিশেষ চশমা পরে থাকলেও মুখে মাস্ক পরেননি ট্রাম্প। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরতে বলা হলেও শুরু থেকেই এর কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করে আসছিলেন ট্রাম্প। দীর্ঘদিন পর হোয়াইট হাউস থেকে বের হলেও মাস্ক না পরার ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

এরই মধ্যে করোনাভাইরাস টাস্ক ফোর্স ভেঙ্গে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জের ধরে করোনাভাইরাস মোকাবেলার উদ্যোগে বিশেষজ্ঞ ডা. ডেবোরাহ বার্কস ও ডা. অ্যান্থনি ফাউসি যুক্ত থাকবেন কিনা প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা থাকবেন এবং অপর বিশেষজ্ঞ ও ডাক্তাররাও মাঠে থাকবেন।

সমালোচকদের মতে, নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে জনগণের স্বাস্থ্যকে তোয়াক্কা না করেই অর্থনীতি আবারো শুরু করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনার থাবায় অসহায় মার্কিন সরকার; থামছে না মৃত্যু মিছিল

0

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ কোনোভাবেই থামানো যাচ্ছে না। যাবতীয় কর্মকাণ্ড, লকডাউন, পিপিই-কিট সবকিছুর পরেও যুক্তরাষ্ট্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। থামছে না মৃত্যু মিছিল।

মঙ্গলবারেও দেশটিতে করোনার জেরে মৃত্যু হয়েছে ২৩৩৩ জন। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য এমনটাই বলছে।

গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৩৩ জনের মৃত্যুর ফলে মার্কিনমুলুকে ৭০ হাজার পেরিয়ে গেছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭০ হাজার ৯৬২ জনের। যে কোনও মুহূর্তে সংখ্যাটা ৭১ হাজার হতে পারে।

এখন পর্যন্ত মার্কিন মুলুকে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ৩৭ হাজারের বেশি মানুষ। এরমধ্যে ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়েছেন ২ লক্ষের বেশি মানুষ।

নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৫ হাজার ২০৪ জনের। এরপরেই রয়েছে নিউজার্সি। সেখানে আক্রান্ত ১লক্ষ ৩১ হাজার মানুষ। সেখানে মৃতের সংখ্যা ৮ হাজারের অধিক।

মঙ্গলবারের তথ্য অনুযায়ী এই শহর ভিত্তিক রিপোর্ট সামনে এসেছে।

সোমবার যুক্তরাষ্ট্রে মৃত্যুর রেকর্ড ছিল সর্বনিম্ন। হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান জানিয়েছিল সোমবার মৃত্যু হয়েছিল ১০১৫ জনের। সকলে ভাবছিলেন তবে কি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে আমেরিকার পরিস্থিতি? কিন্তু মঙ্গলবারের রিপোর্ট সে আশায় জল ঢেলে দিল।

এদিকে মৃত্যু মিছিলের মাঝেও শুক্রবার আমেরিকায় ১২ টিরও বেশি রাজ্যে খুলেছে রেস্তোরাঁ, দোকান ও অন্য ব্যবসা। নিজস্ব বাধানিষেধ মেনে অর্থনীতি উদ্ধার করতে চলেছে ব্যবসা।

ইউরোপে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড যুক্তরাজ্যে

0

ইউরোপে করোনায় সবচেয়ে বেশি মৃতের সংখ্যা যুক্তরাজ্যে। এখন পর্যন্ত ২৯ হাজার ৪২৭ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন দেশটিতে। এ পরিস্থিতিকে ভয়াবহ বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র‌্যাব এবং এর আগে এমন পরিস্থিতি তৈরি হয়নি বলেও বলছেন তিনি।

ইউরোপের মধ্যে এর আগে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ছিলে ইতালিতে। সেখানে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। এ বিষয়ে আন্তজার্তিক গণমাধ্যম বিবিসির পরিসংখ্যান প্রধান রবার্ট কফ বলছেন ইতালির চেয়ে দ্রুত গতিতে যুক্তরাজ্যে বেড়েছে মৃতের সংখ্যা। তবে জনসংখ্যার হিসেবে ইতালির চেয়ে শতকরা ১০ ভাগ জনগন বেশি যুক্তরাজ্যে।

জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। আর দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৩ জন। অপরদিকে যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন। তবে মোট আক্রান্তের সংখ্যা কম হলেও মোট মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য।

সারা বিশ্বে ৩৭ লাখ ২৭ হাজার ৯৯৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ লাখ ৫৮ হাজার ৩৫৪ জন।

ঈদ শপিংয়ে বসুন্ধরা সিটি খুলবে না

0

করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদ শপিংয়ে খুলবে না বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ঈদ বাজারে শপিং মলে ভিড়ে ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে। এই আশঙ্কা থেকেই ঈদকে ঘিরে শপিং মল না খোলার নির্দেশ দিয়েছেন তিনি।

এ বিষয়ে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব জানান, ‘বসুন্ধরা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। মানবতার কথা চিন্তা করেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি মানুষের পাশে করোনাভাইরাসের শুরু থেকেই বিভিন্নভাবে দাঁড়িয়েছেন। শপিং মল না খোলা তাঁর আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত।’]

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের হার দিন দিন বাড়ছে। আর এরই মধ্যে আগামী রবিবার থেকে শপিং মল ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্তে আরো অধিক হারে সংক্রমণ ও বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল মঙ্গলবার ঢাকায় করোনাভাইরাসসংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, দোকানপাট ও মার্কেট খুললে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে।

করোনাভাইরাস মহামারির মধ্যেই গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক ঘোষণায় আগামী রবিবার থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের পর স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯০

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮৬ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৯০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭১৯ জনে।
আজ বুধবার (৬ মে) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।