Home Blog Page 2972

কাল জোহর থেকে মসজিদে নামাজ পড়া যাবে

0

আগামীকাল বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা যাবে।
শর্তসাপেক্ষে দেশের সব মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ ওয়াক্ত ও তারাবিহ নামাজ পড়া যাবে।
আজ বুধবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আগামীকাল জোহরের নামাজ থেকে সব মসজিদে সব ধরনের নামাজ পড়তে পারবেন মুসল্লিরা। তারাবিসহ সব নামাজ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

জামা-জুতা-ব্যাগ কিনতে টাকা পাবে ক্ষুদে শিক্ষার্থীরা

0

উপবৃত্তির পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য বছরের শুরুতে এক হাজার করে টাকা দেবে সরকার।

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির প্রকল্পের মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বাড়িয়ে মঙ্গলবার (৫ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি দেওয়া প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনী প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। সে অনুযায়ী প্রকল্পের মেয়াদ ২০২১ সাল পর্যন্ত চলমান থাকবে। সরকার করোনাকালীন প্রান্তিক জনগণের মধ্যে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত তৃতীয় ও চতুর্থ কিস্তির উবৃত্তির অর্থ একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী বছরের প্রথমেই প্রতি শিক্ষার্থীকে জামা, জুতা ও ব্যাগ কিনতে এক হাজার টাকা করে কিউ অ্যালাউন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে অাদেশে উল্লেখ করা হয়েছে।

আগামী ১৪ মের মধ্যে অবশ্যই গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ ছয় মাসের উপবৃত্তির অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণের জন্য সুবিধাভোগীদের তথ্য রূপালী ব্যাংক, শিউরক্যাশের পোর্টালে আপলোড করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

অাদেশে বলা হয়েছে, সরকার ঈদের আগেই উপবৃত্তির অর্থ সুবিধাভোগীদের মোবাইলে পাঠাতে ইচ্ছুক। সুবিধাভোগীদের প্রয়োজনীয় তথ্য ১৪ মের মধ্যে রূপালী ব্যাংকের পোর্টালে আপলোড করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে প্রাথমিকের প্রায় এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আটকে ছিল। রোজার ঈদের আগেই শিক্ষার্থীরা একসঙ্গে উপবৃত্তির ছয় মাসের টাকা পাবে।

প্রাথমিক শিক্ষার বিস্তার ও মান উন্নয়নে শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার। এ উপবৃত্তির ফলে প্রাথমিকে শিক্ষার্থী ভর্তি বাড়ার পাশাপাশি ঝরেপড়ার হারও অনেক কমেছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট

0

মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৪ অথবা ১৫ মে সেখান থেকে বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরবেন।

মঙ্গলবার (৫ মে) নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল অফিসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলসের বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয়ে কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনের উদ্যোগ গ্রহণ করেছে। এ ফ্লাইটটি আগামী ১৪ অথবা ১৫ মে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার সম্ভাবনা রয়েছে।

এর আগে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন, ডিসি এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক তাদের নিজ নিজ খরচে বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রত্যাশায় অত্র দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে।

ন্যূনতম সংখ্যক যাত্রীর টিকিট ক্রয় স্বাপেক্ষে ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে আগামী ১৪ অথবা ১৫ মে এ বিশেষ ফ্লাইট পরিচালনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সমন্বিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ফ্লাইটের প্রতিটি ইকোনমি ক্লাস (সুলভ শ্রেণী) টিকিটের মূল্য আনুমানিক ২ হাজার ২০০ মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

এ বিশেষ ফ্লাইটে নিজ খরচে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকরা আগামী ৮ মের মধ্যে ঢাকার Oryx Aviation Ltd.-এর অনলাইন পোর্টাল http://galaxyaviationbd.com/airticket/ এর মাধ্যমে রেজিস্ট্রেশন ও টিকিট ক্রয় করে ওই ফ্লাইটে আসন নিশ্চিত করতে পারবেন। রেজিস্ট্রেশন ও টিকিট ক্রয় সংক্রান্ত জিজ্ঞাসা ও সহযোগিতার জন্য সরাসরি Oryx Aviation Ltd.-এর ই-মেইল (usacharter@oryxaviation.com) অথবা হোয়াট্সঅ্যাপ ফোন নম্বরে (+৮৮০১৭১৩০৯৪৬৬৪) যোগাযোগ করা যেতে পারে। নিবন্ধিত ও টিকিট ক্রয়কৃত যাত্রীদের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত হবার পরই Oryx Aviation Ltd. ফিরতি ই-মেইল যোগে সব যাত্রী বরাবর ইস্যুকৃত টিকিট ও ফ্লাইট সংক্রান্ত ও অন্য তথ্যাদি পাঠাবে।

যে সমস্ত আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা নিজ খরচে ওই বিশেষ প্লেনযোগে বাংলাদেশে ফিরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তরে ই-মেইল পাঠিছেয়েন, সেসব আগ্রহী যাত্রীদের তালিকা অত্র দূতাবাস থেকে Oryx Aviation Ltd. বরাবর ইতোমধ্যে পাঠানো হয়েছে। তবে কেবলমাত্র দূতাবাসে এ ই-মেইল পাঠানোর মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে কোনো আগ্রহী যাত্রী এ বিশেষ ফ্লাইটে ভ্রমণের নিশ্চয়তা প্রাপ্ত হবেন না। ওই বিশেষ ফ্লাইটের আসন সংখ্যা সীমিত হওয়ায় Oryx Aviation Ltd.-এর অনলাইন ওয়েব পোর্টাল http://galaxyaviationbd.com/airticket/এর মাধ্যমে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে রেজিস্ট্রেশন সম্পন্ন ও টিকিট ক্রয় করেই ওই প্লেনে আসন নিশ্চিত করতে হবে।

কাতার এয়ারওয়েজের এ বিশেষ ফ্লাইটে শর্ত সাপেক্ষে নিজ খরচে বাংলাদেশে প্রত্যাবর্তন ইচ্ছুক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আটকে পড়া বাংলাদেশি নাগরিককে আগামী ৮ মের মধ্যে সরাসরি বাংলাদেশে Oryx Aviation Ltd. -এর (http://galaxyaviationbd.com/airticket/) পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন, টিকিট ক্রয় এবং ওই বিশেষ প্লেনে আসন সংরক্ষণের জন্য অনুরোধ করা হয়েছে।

মাদারীপুরে বিষ প্রয়োগে ১১ বানর হত্যা

0

মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় বিষ প্রয়োগ করে ১১টি বানরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি বানরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে বানরগুলোকে চরমুগুরিয়া গ্রামে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি বানরকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছে। দিনের কোনো একসময় এ ঘটনা কেউ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শত বছর ধরে মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় উন্মুক্তভাবে বিচরণ করে আসছে বানর প্রজাতি। মঙ্গলবার দিনের কোনো একসময় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১১টি বানর কেউ হত্যা করে। তবে কে বা কারা ঠিক কখন এ কাজটি করেছে তা জানা যায়নি।

মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, সন্ধ্যার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চরমুগুরিয়া গ্রামে গিয়ে দেখি স্থানীয়রা ১১টি বানরকে মাটি চাপা দিয়েছে। একটিকে অসুস্থ পাই। অসুস্থ বানরটিকে দ্রুত প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসি। বিষয়টি মাদারীপুর সদর থানাকে অবহিত করেছি।

তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করবো। প্রাথমিকভাবে ধারণা করছি, বানরগুলোকে কে বা কারা বিষ জাতীয় কিছু খাইয়ে হত্যা করেছে।

আমিরাতে আকাশচুম্বী শারজাহ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

0

সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় শহর শারজাহতে অবস্থিত আকাশচুম্বী ভবন শারজাহ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (৫ মে) রাতে এ আগুনের সূত্রপাত হয়।

সারজাহ ফায়ার সার্ভিসের মহাপরিচালক কর্নেল সামি আল নাকভি বলেন, শারজাহ টাওয়ারের ১১ তলায় রাত ৯টা ৪০মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল। কীভাবে আগুন লেগেছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, দমকল বাহিনী রাত ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আল নাকভি বলেন, দমকল বাহিনীর কুইক রেসপন্স টিমের সদস্যরা আশপাশের বাড়িগুলো থেকে লোকজন সরিয়ে নেওয়ায় তাদের জীবন রক্ষা করা গেছে।

এর আগে বিবিসি জানায়, শত শত অগ্নিনির্বাপণ কর্মী আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনের তীব্রতা ছিল অত্যন্ত বেশি। শতাধিক মেশিন দিয়ে পানি ছিটানো হয়। ব্যবহার করা হয় ড্রোন। শারজাহর এ টাওয়ারটি ৪৮তলা বিশিষ্ট।

করোনার ভ্যাকসিন হয়তো কোনো দিনই বের হবে না, আশঙ্কা হু’র

0

প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হতে চলেছে এখনও বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। কমপক্ষে ১০০টির বেশি ভ্যাকসিন ট্রায়ালের জন্য দেওয়া হয়েছে এবং কয়েকটির হিউম্যান ট্রায়ালও হয়েছে। কিন্তু করোনা ভাইরাস রোধে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বের হয়নি। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, করোনার ভ্যাকসিন হয়তো কোনো দিনই বের হবে না!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ভাইরাস বিশেষজ্ঞের মতে, কিছু ভাইরাস এখনো রয়েছে যাদের ভ্যাকসিন নেই। তাদের ভ্যাকসিন যেকোনো দিন বেরোবে তা আমরা এখন থেকেই বলতে পারি না। এ জিনিস করোনা ভাইরাসের ক্ষেত্রেও হতে পারে। ভ্যাকসিন যদি না বের হয় তাহলে সেটাই হবে পরিস্থিতির জন্য সবচেয়ে খারাপ অবস্থা। তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, এইডস রোগের জন্য কমপক্ষে ৩০ কোটি লোকের প্রাণহানি হয়েছে গত চার যুগ ধরে। কিন্তু এখনো এর কোনো ভ্যাকসিন বের হয়নি। একই ঘটনা ঘটতে পারে করোনা ভাইরাসের ক্ষেত্রেও।

তবে আশার খবর একটাই, ভ্যাকসিন আবিষ্কার করার আশা এখনও গবেষকরা ছেড়ে দেননি। যেহেতু করোনা ভাইরাস ডেঙ্গু বা এইচআইভির মতো বংশ বিস্তার করে নিজের গঠন বদল করে না, তাই এ রোগের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। যদিও সেই প্রক্রিয়াটা অনেকটাই দীর্ঘ। খুব শিগগির সেটা হওয়ার নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও আমেরিকার সংক্রামক ব্যাধির গবেষণার জন্য প্রসিদ্দ প্রতিষ্ঠানের এনআইএআইডির ডিরেক্টর আন্টনি ফোসির আশা, আগামী ১৮ মাসের মধ্যে করোনার ভ্যাকসিন চলে আসবে বাজারে।

দোকান-শপিংমলে ক্রেতা-বিক্রেতার মাস্ক পরা বাধ্যতামূলক

0

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে রোজা ও ঈদ সামনে রেখো ১০ মে থেকে সীমিতভাবে খুলে দেওয়া হচ্ছে সারাদেশে ব্যবসাকেন্দ্র, দোকানপাট ও শপিংমল। তবে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা।

ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দিয়ে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের মহাপরিচালক এবং আনসার ও ভিডিপির মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে।

মঙ্গলবার (৫ মে) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকার দেশের বিভিন্ন জেলা/উপজেলায় অভ্যন্তরীণভাবে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, শপিংমল আগামী ১০ মে থেকে সীমিত আকারে চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এতে বলা হয়েছে, হাট-বাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে। তবে ফুটপাতে বা প্রকাশ্য স্থানে হকার/ফেরিওয়ালা/অস্থায়ী দোকানপাট বসতে দেওয়া যাবে না।

প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

মাস্ক পরা ছাড়া কোনো ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবেন না। সব বিক্রেতা, দোকান কর্মচারীকে মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরতে হবে।

এজন্য প্রতিটি শপিংমল/বিপণিবিতানের সামনে সতর্কবাণী ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুঝুঁকি আছে’ সম্বলিত ব্যানার টাঙাতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিটি মেট্রোপলিটন এলাকা এবং জেলা শহরে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা আলোচনা করে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী জোন ভাগ করে দেবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আন্তঃজেলা,আন্তঃউপজেলা যোগাযোগ/জনগণের চলাচল কঠোর চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ এক উপজেলার লোক অন্য উপজেলায় এবং এক এক জেলার লোক অন্য জেলায় চলাচল করতে পারবে না।

রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবে বাড়ির বাইরে আসা যাবে না।

তবে জরুরি পরিষেবা, কৃষিপণ্য, খাদ্যসামগ্রী, রফতানি সামগ্রী, ওষুধ ইত্যাদি পরিবহন কাজে সড়ক ও নৌপথে যানবাহন চলাচল অব্যাহত থাকবে।

সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। আসন্ন ঈদের ছুটিতে সবাইকে নিজ নিজ এলাকা/কর্মস্থলে থাকতে হবে এবং আন্তঃজেলা/উপজেলা/বাড়িতে যাওয়ার ভ্রমণ থেকে নিবৃত্ত করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে স্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে ওই চিঠিতে।

মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস ছড়িয়েছে ইরানের একটি ফ্লাইট!

0

করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। কিভাবে এই মারণ ভাইরাস ছড়িয়েছে তা নিয়ে এখনো সন্দেহে বিজ্ঞানী ও গবেষকরা। এর মধ্যে জানা গেল ইরানের মাহান এয়ার নামে একটি এয়ারলাইনের ফ্লাইটের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। ওই ফ্লাইটের সাথে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীরও সম্পর্ক আছে বলে জানা গেছে।

ওই বিমানটি উড্ডয়ন নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইরান থেকে যাত্রী নিয়ে লেবানন এবং ইরাকে গিয়েছিল এবং এর ফলে দুটি দেশেই প্রথমবারের মতো কভিড-১৯ ভাইরাসে সংক্রমিত লোকের অস্তিত্ব সরকারিভাবে চিহ্নিত হয়। জানুয়ারি মাসের শেষ দিকে তেহরান সরকার চীনগামী বা চীন থেকে আসা সব বিমানের ওপর সরকারিভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

কিন্তু ফ্লাইট ট্র্যাকিং উপাত্ত থেকে দেখা যায় ইরান একটি মাত্র এয়ারলাইন, মাহান এয়ার সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল। তাদের বিমান সরাসরি চীন গিয়েছিল এবং বিবিসির তদন্তে বেরিয়ে এসেছে যে এই মাহান এয়ারের ফ্লাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস ছড়িয়েছিল। এই এয়ালাইনটির সাথে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সম্পর্ক আছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ।

মাহান এয়ারের কিছু সূত্র বলছে, কিছু কেবিন ক্রু বিমানের ভেতরে সংক্রমিত যাত্রী দেখে উদ্বেগ প্রকাশ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। বিবিসির তদন্তে আরও দেখা গেছে, মাহান এয়ারের বিমানে করে লেবানন এবং ইরাকে করোনাভাইরাস আক্রান্ত লোক নিয়ে যাওয়া হয়েছিল এবং এরপরই ওই দুটি দেশে প্রথমবারের মতো কভিড-১৯ আক্রান্ত লোকের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল।

মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই এখন করোনাভাইরাস সংক্রমণ কমবেশি ছড়িয়ে পড়েছে। ইরানে কভিড ১৯-এ আক্রান্ত হয় ৯৭ হাজার লোক এবং মারা যায় ৬ হাজারেরও বেশি।

পূর্ব চীন সাগরে চক্কর দিয়ে গেল যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর বিমান!

0

সারা বিশ্ব কাঁপছে করোনায়। এমন সময় চীন সাগরে নজরদারি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির এক বোমারু বিমান পূর্ব চীন সাগরে এসে চক্কর দিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বি-ওয়ানবি ল্যান্সার নামের ভয়ঙ্কর এক বোমারু বিমান পূর্ব চীন সাগরে এসে একটি সামরিক প্রশিক্ষণ শেষ করেছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়জিত মার্কিন বিমানবাহিনীর দপ্তর থেকে মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব চীন সাগরে ৩০ ঘণ্টার এক প্রশিক্ষণ মিশন শেষ করার পরে ৪ মে গুয়ামের আন্ডারসন বিমান ঘাঁটিতে বিমানটি ফিরে গেছে।

নাইনথ এক্সপেডিশনারি বোম্ব স্কোয়াড্রন বি-ওয়ানবি ল্যান্সারটি সফলতার সঙ্গে বিমান ঘাঁটিতে ফিরে গেছে। বিবৃতিতে বলা হয়েছে, বোম্বার টাস্কফোর্স মোতায়েনের (বিটিএফ) জন্য গুয়ামেতে এই বিমানটি মোতায়েন করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে এই অঞ্চলে বোম্বার টাস্কফোর্স মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বি-ওয়ানবি ল্যান্সার নামের ভয়ঙ্কর এই বোমারু বিমানটি গাইড ও আনগাইডেড উভয় ধরনের অস্ত্রই সবচেয়ে বেশি বহন করতে পারে। শূন্যে উড়তে পারে সবচেয়ে বেশি পরিমাণ মিসাইল নিয়ে। দুই হাজার পাউন্ড বহন করেও পাহাড়ি এলাকায় আক্রমণ করতে পারে। সুপারসনিক গতি বা শব্দের থেকেও বেশি গতিতে উড়ে শুত্রু পক্ষের ওপর হামলা চালাতে পারে। এটি একই গতিতে উড়ে প্রতিপক্ষের হামালাকে এড়িয়েও যেতে পারে।

এর আগে ২০১৭ সালের দিকে এই বিমান মোতায়েন করা হয়েছিল এই অঞ্চলে। রিপাবলিক কোরিয়া এয়ার ফোর্স ও জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় মিশন পরিচালনা করার জন্য মোতায়েন করা হয়েছিল এই বিমান। বিবৃতিতে বলা হয়, এই বিমানকে গুয়ামেতে ফিরে পেয়ে আমরা আনন্দিত। আমেরিকা ও তার সহযোগীদের যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত বোমারু বাহিনী।

করোনার মৃত্যুপুরী ভারত? ২৪ ঘণ্টায় ১৯৪ জনের মৃত্যুর রেকর্ড!

0

ভয়াবহ হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। গতকাল একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড দেখলো ভারত। দেশটিতে সোমবার মৃত্যুবরণ করেছেন ১৯৪ জন। মোট মৃত্যু বেড়ে এক হাজার ৫৮৩ জনে দাঁড়াল। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যাটা এক লাফে ৩ হাজার ৮৭৫ জন বেড়েছে। যা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। প্রশ্ন উঠছে তবে কি করোনার পরবর্তী মৃত্যুপুরী ভারত?

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৪৩৩। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এক দিনে মৃত্যুর হিসেবে এটাও সর্বোচ্চ। ফলে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৮। কিছুটা স্বস্তি এই, অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট ১২ হাজার ৭২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২৪৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, এই রাজ্যে মোট আক্রান্ত ১৪৫৪১। ফলে দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষে মহারাষ্ট্র। আবার, করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই রাজ্যেই। ৫৮৩ জন মারা গিয়েছেন এখনও পর্যন্ত। সুস্থ হয়েছেন ২৪৬৫ জন।

মহারাষ্ট্রের পরই আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। এখনও পর্যন্ত ৫৮০৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩১৯ জনের। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। মোট আক্রান্ত ৪৮৯৮ জন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। তবে পিছিয়ে নেই তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৩৫৫০। রাজস্থানে আক্রান্ত ৩০৬১, উত্তরপ্রদেশে ২৭৬৬ এবং মধ্যপ্রদেশে ২৯৪২ জন আক্রান্ত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী,পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১২৫৯। মৃতের সংখ্যা ১৩৩। সোমবার নবান্ন থেকে দেওয়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্ত ১২৫৯ জন। চিকিৎসার পর ছাড়া পেয়েছেন ২১৮ জন। রাজ্যে সোমবার পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯০৮। মুখ্যসচিব ওই দিন জানান, ১২৫৯ জন আক্রান্তের মধ্যে করোনার কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ জনের।

সূত্র- আনন্দবাজার।