Home Blog Page 2973

করোনা ঠেকাতে পারে এমন এন্টিবডি তৈরি করেছে ইসরায়েল

0

মানুষের শরীরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে খুঁজে বের করে পাল্টা হানা দিয়ে মেরে ফেলতে পারে এমন এন্টিবডি তৈরি হয়েছে ইসরায়েলে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এমনটাই দাবি করছেন। তার দাবি, করোনা চিকিৎসায় এযাবৎ সবচেয়ে তাৎপর্যপূর্ণ আবিষ্কার এই এন্টিবডি।

সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট বলেন, এক ক্লোনবিশিষ্ট এই এন্টিবডি তৈরি করেছে ইসরায়েল ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল রিসার্চ। করোনাভাইরাসের বাহকের শরীরে এই এন্টিবডি প্রবেশ করালে, তা খুঁজে বের করে প্রতিহত করবে ভাইরাসকে।

ইসরায়েল ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল রিসার্চের ডিরেক্টর সুমেল সাপিরা বলছেন, এই এন্টিবডি তৈরির ফর্মুলা তারা পেটেন্ট করছেন। এর পরে আন্তর্জাতিক কোনো সংস্থাকে এই এন্টিবডি তৈরি করার জন্য অনুমতি দেওয়া হবে।

ইসরায়েলে করোনা গবেষণায় প্রথম থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই জাতীয় জৈব গবেষণা সংস্থা- ইসরায়েল ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল রিসার্চ। করোনা থেকে আরোগ্য লাভ করা রোগীর শরীরের রক্ত পরীক্ষা, ভ্য়াকসিন অনুসন্ধান, পাশাপাশি চালিয়ে গেছেন সংস্থার গবেষকরা।

সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, এই এক কোষবিশিষ্ট প্রোটিনটি প্রাথমিকভাবে তৈরি হয়েছে করোনা থেকে সেরে ওঠা রোগীর একটি কোষ থেকে। ফলে এর শক্তি বহু কোষবিশিষ্ট এন্টিবডির থেকে অনেক গুণ বেশি।

এদিকে, গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। সারা বিশ্বের একশ ৮৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে এই মারণ ভাইরাস। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপ সবচেয়ে বেশি করোনায় ক্ষতিগ্রস্ত। করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বের প্রায় দুই লাখ ৪৮ হাজার মানুষ মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন প্রায় তিন দশমিক ৫৩ মিলিয়ন মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক দশমিক ১৩ মিলিয়ন মানুষ।

সূত্র: জেপোস্ট।

করোনা চিকিৎসায় ২০০০ চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

0

করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (৪ মে) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের আলোকে তাদের বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনগণকে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা প্রদান করতে হবে। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সেবা প্রদানকালীন তার কর্মদক্ষতা সন্তোষজনক কিনা, চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে।

আগামী ১২ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য প্রার্থীদের নির্দেশ দেয়া হয়েছে।

নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং সাময়িক নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

এরআগে গত ৩০ এপ্রিল তাদের সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। ওই দিন সিনিয়র স্টাফ নার্স পদে পাঁচ হাজার ৫৪ জনও নিয়োগের সুপারিশ করে কমিশন।

৩৯ তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদ স্বল্পতায় ক্যাডার পদ না পাওয়াদের মধ্য হতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে দুই হাজার জনকে নিয়োগের সুপারিশ করা হয়।এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পিএসসির কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছিল।

পিএসসির সুপারিশের মাত্র চার দিনের মাথায় এতো দ্রুত নিয়োগের নজির জনপ্রশাসনে নেই। তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন পরে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত ব্যক্তি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হলে নিয়োগ বাতিল হবে। বাংলাদেশের নাগরিক নন, এমন কোনো ব্যক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলেও নিয়োগ বাতিল হবে।

নিয়োগকৃত প্রার্থীকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকারি নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শেষে তাকে তার চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরুপ স্থির করবে সেরুপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাকে দুই বছর শিক্ষানবিশ হিসাবে কাজ করতে হবে।

চাকরিতে যোগদানকালে তাকে যোগদানপত্রের সাথে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্টাম্পে এই মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে তিনি নিজের বা পরিবারের অন্যান্য সদস্যের জন্য কোন যৌতুক নিবেন না এবং দিবেন না।

পিএসসি জানায়, ৩৯তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন আট হাজার ১০৭ জন প্রার্থীর মধ্য হতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগের জন্য যথাযথ বিধি-বিধান অনুসরণ করে ২ হাজার জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়।

এই বিসিএসে উত্তীর্ণ এমবিবিএস/সমমানের ডিগ্রিধারী ৮ হাজার ১০৭ জন প্রার্থীর মধ্য হতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে সুপারিশ প্রদানের জন্য সরকারি কর্মচারী হাসপাতাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে নন-ক্যাডার মেডিকেল অফিসার/সহকারী রেজিস্ট্রারের ৫৬৪টি পদে পিএসসির গত ১২ ফেব্রুয়ারির সুপারিশ বাতিল করা হয়েছে।

এসব দপ্তরে ৫৬৪টি নন-ক্যাডার মেডিকেল অফিসার/সহকারী রেজিস্ট্রার পদে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নতুন চাহিদার ভিত্তিতে ৩৯তম বিসিএসের নন-ক্যাডার পদের জন্য কমিশনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে পরবর্তীতে যথাযথ বিধি বিধান অনুসরণ করে নতুন করে প্রার্থী নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানায় পিএসসি।

৩৯তম বিসিএস থেকে এরআগে ৪ হাজার ৭২১ জন চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়েছিল।

বিশ্বে আড়াই লাখ ছাড়ালো করোনায় মৃত্যু

0

বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা মহামারিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ৯৯ জনের।

মঙ্গলবার (০৫ মে) বাংলাদেশ সময় রাত ২টা নাগাদ ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩৬ লাখ ২৮ হাজার ৭৯১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৮৪ হাজার ১৯ জন।

এই মুহূর্তে শরীরে করোনা ভাইরাস বহন করছে অন্তত ২১ লাখ ৯৩ হাজার ৬৭৩ জন। এর মধ্যে এখন গুরুতর জটিলতা নিয়ে চিকিৎসাধীন আছে ৪৯ হাজার ৯০০ জন যা মোট সক্রিয় আক্রান্তের মাত্র ২ শতাংশ। আর মৃদু লক্ষণ নিয়ে কোয়ারেন্টিনে আছেন ২১ লাখ ৪৩ হাজার ৭৭৩ জন যা সক্রিয় আক্রান্তের প্রায় ৯৮ শতাংশ।

তবে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৬২ হাজার ৯১৯ জন এবং মৃত্যুর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৭১২ জন।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩০ মে পর্যন্ত

0

দেশে নভেল করোনাভাইরাস প্রতিরোধে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা যাবে না বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ করা হয়েছে। তবে ইতিমধ্যে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন কালের কণ্ঠকে বলেন, সরকার ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিক্ষাপঞ্জি অনুসারে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা সচিব আরো বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

ইতিমধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

অনলাইনে পরীক্ষা ও ভর্তির বাধা কাটল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অনলাইনে পরীক্ষা গ্রহণ এবং ভর্তিতে বাধা কাটলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে সকলেই একমত হন। তবে অনলাইনে কিভাবে পরীক্ষা গ্রহণ ও ভর্তি করা হবে সে ব্যাপারে আগামী সপ্তাহে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেই গাইডলাইন অনুযায়ী অনলাইনে ক্লাস ও পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে।

বৈঠক শেষে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, আমরা আগে চিন্তা করেছিলাম ঈদের পর বিশ্ববিদ্যালয়গুলো খুলতে পারবো। এজন্য তাদেরকে শুধু অনলাইনে ক্লাস নিতে বলেছিলাম। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খুলতে আরো দেরি হতে পারে। এজন্য তারা অনলাইনে কিভাবে ক্লাস ও পরীক্ষা চলমান রাখতে পারে সে ব্যাপারে আমরা একটি গাইডলাইন প্রকাশ করব। এর ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র চলমান সেমিস্টারের জন্য অনলাইনে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলবে।

আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক এএসএমম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন।

বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে সবকিছুই অনলাইনে হবে। সে বিষয়ে সরকারি বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটিতে সষ্ট পরিস্থিতি, লেখাপড়ার ক্ষয়ক্ষতি, ভবিষ্যতে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকের উপর ভিত্তি করে ইউজিসি আগামী সপ্তাহে একটি নির্দেশনা জারি করবো। এতে ছুটি দীর্ঘায়িত না হলে ক্যাম্পাসভিত্তিক বর্তমান কাঠামোর আলোকে ব্যবস্থার লেখাপড়া, পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চালানো এবং দীর্ঘায়িত হলে কী করতে হবে সে ব্যাপারে বলা থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, অনলাইনে লেখাপড়া চালিয়ে নেয়ার জন্য কী করা যায় সে ইতিমধ্যে ডিনদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা শিগ্রই একটি প্রতিবেদন দেবেন। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবধরনের আর্থিক অবস্থার শিক্ষার্থীরা লেখাপড়া করে। তাই চাইলে অনলাইনে লেখাপড়ার ব্যবস্থা করা যায় না।

ইউজিসির পক্ষ থেকে বলা হয়, ৬/৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ক্লাস নেয়ার সক্ষমতা আছে। বাকিদের এই অবকাঠামো ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে। বর্তমানে ৫৬ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ বা আংশিক পাঠদান অনলাইনে পরিচালনা করছে।

বৈঠকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাস চালানো, ভর্তি ও পরীক্ষা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। এছাড়া দুর্বল বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক সহযোগিতার জন্য স্বল্পসূদে ঋণের ব্যবস্থা করতে ইতিপূর্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আবেদনের বিষয়টিও তোলা হয়। এছাড়া বৈঠকে শিক্ষক-কর্মকর্তাদের বেতন পরিশোধের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তাগিদ দেয়া হয়।

সমিতির সভাপতি শেখ কবির বলেন, শিক্ষামন্ত্রীর আগামী দিনের সব কার্যক্রম অনলাইনে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত থাকতে বলেছেন।

আদালতে সাধারণ ছুটি বাড়ল ১৪ মে পর্যন্ত

0

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতে সাধারণ ছুটি ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে পরের দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ল। এই ছুটি বাড়িয়ে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি জারি করা হয়েছে।

গত ২৪ মার্চ এক আদেশে দেশের সকল আদালতে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি সাথে মিলিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছিল। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সাধারণ ছুটি কয়েক দফা বাড়িয়েছে। সর্বশেষ ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় সুপ্রিম কোর্ট প্রশাসনও সরকারের সঙ্গে তালমিলিয়ে আদালতের ছুটির মেয়াদ বাড়াল।

দ্রুত ছড়াচ্ছে করোনা; বাংলাদেশ এখন ৩৭তম!

0

বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। গতকালই মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৭৮৬ জন। গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার ৯৮ জন বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০৯২৯ জন। যা বিশ্বে ৩৭তম! আক্রান্তের দিক দিয়ে দক্ষিণ কোরিয়াকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় শীর্ষ তিনটি স্থান দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র (১,২১২,৯৫৫ জন), স্পেন (২৪৮,৩০১ জন) এবং ইতালি (২১১,৯৩৮ জন)। মৃত্যুর দিক দিয়েও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৬৯, ৯২৫ জন। স্পেনে মারা গেছে ২৫,৪২৮ জন এবং ইতালিতে ২৯,০৭৯ জন। চার এবং পাঁচ নম্বরে থাকা যুক্তরাজ্য আর ফ্রান্সের মৃতের সংখ্যা যথাক্রমে ২৮,৭৩৪ জন এবং ২৫,২০১ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৮৩ জন। প্রতিবেশী ভারতে আক্রান্ত ৪৬,৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১,৫৭১ জনের। যদিও করোনার লক্ষণ নিয়ে প্রতিদিনই বাংলাদেশে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটছে, সেগুলো পরীক্ষা না হওয়ার কারণে হিসাবে ধরা যাচ্ছে না। আর স্বল্প পরীক্ষাতেও যে পরিমাণ করোনা আক্রান্ত রোগী ধরা পড়ছে, সেটা রীতিমতো আশংকার। এর মাঝেই দোকানপাট-শপিং মল খুলে দেওয়ার ঘোষণা এসেছে। আজ মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় হাজার হাজার মানুষ এবং ভিড় দেখা গেছে।

একটি পরিসংখ্যান দিলেই বাংলাদেশে আক্রান্তের গ্রাফ যে বাড়ছে তার প্রমাণ পাওয়া যাবে। গতকাল সোমবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬,৩১৫টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৬৮৮ জন। এর আগে গত রবিবার বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৬৬৫ জন। গত শনিবার নতুন শনাক্ত হয়েছিলেন ৫৫২ জন আর গত শুক্রবার সনাক্ত হন ৫৭১ জন। এই পরিসংখ্যান মোটেও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না।

দোকানপাট খুলে দিলে সংক্রমণ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

0

করোনা ভাইরাসের টেস্টের সংখ্যা এবং পরীক্ষার স্থান আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠকের আগ মুহূর্তে এ তথ্য জানান মন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের টেস্টের সংখ্যা এবং পরীক্ষার স্থান আরও বাড়ানো হবে। বঙ্গবন্ধু মেডিকেলেও টেস্টের সক্ষমতা বাড়ানো হবে।

গার্মেন্টস, দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার বিষয়ে বিশেষজ্ঞদের প্রস্তাবনা ও পরামর্শ সরকারের কাছে শিগগিরই জমা দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দোকান পাট ও গার্মেন্টস খুলে দেয়ায় সংক্রমণ আরো বাড়তে পারে বলেও আশঙ্কা তার।

করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ভিড়

0

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মঙ্গলবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকামুখী যাত্রীদের ভিড়। গার্মেন্টস কর্মীদের পাশাপাশি দোকান পাট খোলার ঘোষণায় এই সংশ্লিষ্ট মানুষজনও আসতে শুরু করেছে। জীবনের ঝুকি নিয়ে ফেরিতে গাদাগাদি করে বিভিন্ন বিপনী বিতানসহ নানা ধরনের ব্যবসায়ীরা গন্তব্যে যাচ্ছেন।

শিমুলিয়া ঘাটে এসে কোন গণপরিবহন না পাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অটোরিক্সা, পিকাপভ্যান, মোটর সাইকেল, ইয়েলো ক্যাব, সিএনজি, মাইক্রোবাস সহ ছোটছোট যানবাহনে ভেঙ্গে ভেঙ্গ বিকল্প পথে ঢাকায় ঢুকছেন।

মাওয়া নৌ পুলিশ ফাাঁড়ি ইনচার্জ কর্মকর্তা সিরাজুল কবির জানান, সকাল থেকে শত শত ঢাকামুখী যাত্রী ফেরি পার হয়ে শিমুলিয়া ঘাটে এসে গন্তব্যে যাচ্ছে। তবে আজ নানা শ্রেণি পেশার মানুষকে ঢাকায় যেতে দেখা গেছে। মার্কেটের প্রহরী, দোকানের কর্মচারী, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, চাকুরীজীবিসহ সকল শ্রেণি পেশার মানুষকেই ঢাকায় ছুটতে দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, বর্তমানে ৬টি ফেরি নৌরুটে চলাচল করছে। তবে রাতের বেলায় পণ্যবাহী ট্রাকগুলো পারাপারের জন্য একটু বেশী সংখ্যক ফেরি রাখা হয়েছে। ফেরিতে করেই শত শত ঢাকামুখী যাত্রী পারাপার হচ্ছে।

হাওরের ৯০ শতাংশ ধান কাটা শেষ : কৃষিমন্ত্রী

0

করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউনের মধ্যে দেশের হাওর অঞ্চলের ৯০ দশমিক ০২ শতাংশ ধান কৃষকরা কেটে ইতোমধ্যে ঘরে তুলেছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ।
আজ মঙ্গলবার সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি হাওরের ধানা কাটা পরিস্থিতির এ সবশেষ তথ্য তুলে ধরেন।
কৃষিমন্ত্রী বলেন, হাওর অঞ্চলে এবার ৪ লাখ ৫৪ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৯০৬ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। হাওরে আবাদ হওয়া ধানের ৯০ দশমিক ০২ শতাংশ কাটা শেষ হয়েছে।
সারাদেশে আবাদ হওয়া ২৫ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সমতল ভূমির ধান কাটাও শেষ হবে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ধান কাটা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছিলেন। আগাম বন্যায় কোনো কোনো বছর হাওরের ধান নষ্ট হয়, এবার তা হয়নি; আবহাওয়া পুরো অনুকূলে ছিল।
হাওর অঞ্চলের ধান কাটার কাজে সাড়ে তিন লাখ কৃষক নিয়োজিত আছে বলেও জানান কৃষিমন্ত্রী। জনপ্রতিনিধি, বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ধান কাটায় কৃষককে বিভিন্নভাবে সহযোগিতা করায় তাদের তিনি ধন্যবাদ জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া- এই সাতটি জেলায় শুধু হাওরে ৪ লাখ ৫৪ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন। এ লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ আসবে হাওর অঞ্চল থেকে।