Home Blog Page 2976

৭ মে থেকে সীমিত আকারে দোকানপাট খোলার সুযোগ

0

চলমান রমজান ও আসছে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আগামি ৭ মে থেকে সীমিত আকারে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

দেশে করোনা শনাক্তের হার যখন বাড়ার ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনি সরকারের তরফ থেকে ‘ব্যবসা-বাণিজ্যে’র স্বার্থে দোকান-পাট খোলার এমন সিদ্ধান্ত আসলো। তবে, স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে। কিন্তু ঢাকায় গণপরিবহন চলতে পারবে কিনা সে বিষয়ে কোনো পরিষ্কার নির্দেশনা নেই।

একইসঙ্গে জনসাধারণের চলাচলের সময়েও কিছুটা শিথিল করা হয়েছে। নতুন ছুটির সময় থেকে রাত ৮টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বিশেষ প্রয়োজন (চিকিৎসা, লাশ দাফন, জরুরি সেবার কাজ) ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। এর আগে সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা ছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এ আদেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, আগামি ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা সীমিত করা যেতে পারে।

এতে আরো বলা হয়েছে, ‘রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানা-পাট খোলা রাখা যাবে।’ তবে এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ বিষয়ে বলা হয়েছে, ‘ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে’।

বড় বড় শপিং কমপ্লেক্সগুলোর বিষয়ে বলা হয়েছে, ‘বড় শপিংমলগুলোর প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। দোকান-পাট ও শপিংমলগুলো অবশ্যই বিকেল ৫টারমধ্যে বন্ধ করে দিতে হবে।

অন্যদিকে এক জেলা থেকে অন্য জেলায় সাধারণ চলাচলের কঠোরতা বজায় থাকবে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীকে এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে আদেশে।

আদেশে সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত যান চলাচল উন্মুক্ত থাকবে। অন্যদিকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। দেশব্যাপী দোকানপাট খোলার অনুমতি দিলেও বড় শহরগুলোতে অভ্যন্তরীণ গণপরিবহণ চলালের বিষয়ে কিছু বলা হয়নি।

করোনায় আরো মৃত্যু ৫, নতুন শনাক্ত ৬৮৮

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৬৮৮ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮২ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে ১০ হাজার ১৪৩ জন।

আজ সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীরা সবাই পুরুষ। তাঁদের তিনজন ষাটোর্ধ, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন। এঁদের তিনজন ঢাকার, একজন সিলেটের এবং বাকি একজন ময়মনসিংহের। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৮২ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ২৬০টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৬৮৮ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন। এ পর্যন্ত ৮৭ হাজার ৬৯৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর গতকাল রবিবার (৩ মে) থেকে দেশের ৩৩টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৯০ জনকে। এ নিয়ে এ পর্যন্ত আইসোলেশনে আছেন এক হাজার ৬৩৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৯১ জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন এক হাজার ১৭৩ জন। সারা দেশে আইসোলেশন শয্যা রয়েছে ৯ হাজার ৬৩৮টি। এর মধ্যে ঢাকা মহানগরীতে তিন হাজার ৯৪৪টি এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে আছে পাঁচ হাজার ৬৯৪টি।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন দুই হাজার ৭৪২ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট এক লাখ ৯৫ হাজার ৩৩৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ২৮ হাজার ৫৪৮ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন এক লাখ ৫৩ হাজার ৪০১ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ৯৩৩ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে ৬১৫টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার ৯৫৫ জনকে সেবা প্রদান যাবে বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত ঢাকা শহর এবং ঢাকা বিভাগেই শনাক্তের সংখ্যা সর্বাধিক। ঢাকার পরে রয়েছে পর্যায়ক্রমে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ। ঢাকা বিভাগের মধ্যে সর্বাধিক শনাক্ত হয়েছে ঢাকা শহরে। আর ঢাকা শহরের পরই অবস্থান নারায়ণগঞ্জের। চট্টগ্রাম বিভাগের মধ্যে সর্বাধিক শনাক্ত হয়েছে কুমিল্লা, সিলেট এবং হবিগঞ্জে।

এ ছাড়া রংপুর বিভাগের রংপুর জেলায় এবং খুলনা বিভাগের যশোর জেলায় এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায়, বরিশাল বিভাগের বরিশাল জেলায় এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় সর্বাধিক শনাক্ত হয়েছে বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে ৬৯ হাজার ৮২৪টি। এসব কলে যারা কভিড-১৯ বিষয়ে পরামর্শ চেয়েছেন তাদেরকে সে পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে ৩৯ লাখ ৭৫ হাজার ৪৩৬ জনকে কভিড-১৯ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে ১৮ হাজার ৫৫৪ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। আর এ পর্যন্ত এ দুই মাধ্যমে ১৬ লাখ ৭৫ হাজার ৮২৬ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানো হয় বুলেটিনে।

মৃত্যু বেড়ে ১৮২, মোট শনাক্ত ১০১৪৩

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এনিয়ে মোট মারা গেলেন ১৮২ জন। এছাড়া একই সময়ে আরও ৬৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০,১৪৩।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬,২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।

গতকাল রবিবার বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৬৬৫ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৯,৪৫৫ জন। এ ছাড়া গতকাল আরও ২ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১,০৬৩ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সরকারের সঠিক পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত : তথ্যমন্ত্রী

0

মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় সঠিক পদক্ষেপ নেওয়ার কারণেই সরকার আজ বিশ্বব্যাপী প্রশংসিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে দেওয়া সংক্ষিপ্ত ভিডিওবার্তায় তিনি একথা বলেন।

করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বিশ্বব্যাপী এই সংকটের সময় মানুষের জীবন এবং জীবিকা রক্ষার লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রথম থেকেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের জীবন রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেসমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক প্রশংসিত হয়েছে।

করোনাভাইরাসের কারণে আজকে বিশ্ব অর্থনীতিতে যে বিরাট ঝাঁকুনি সৃষ্টি হয়েছে সেই সংকট মোকাবিলার কথা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন জানিয়ে ড. হাছান বলেন, অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবিকা রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, বিশ্ববিখ্যাত দি ইকনোমিস্ট পত্রিকায় সেগুলোর সঠিক পরিস্ফুটন হয়েছে।

এখন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ওপরে এমনকি ভারত, পাকিস্তান, চীনের চেয়েও এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক ভালো সেটিই দি ইকনোমিস্ট পত্রিকায় এসেছে ব্যাখ্যা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, কেউ প্রশংসা করুক আর না করুক এটিই হচ্ছে বাস্তবতা বলে উল্লেখ করেন তিনি।

ছুটি বাড়ল ১৬ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

0

ষষ্ঠ দফায় ছুটি বাড়ালো সরকার। সাধারণ ছুটি থাকছে ১৬ মে পর্যন্ত। আজ সোমবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত শনিবার ছুটির বিষয়টি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিল জনপ্রশাসন সংশ্লিষ্টরা। প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা আনুষ্ঠানিক সিদ্ধান্তে পরিণত হলো।

প্রজ্ঞাপনে ১৪ মে পরযন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ১৫ ও ১৬ সাপ্তাহিক ছুটি যুক্ত থাকবে। এতে করে দেশব্যাপী টানা ছুটি ৫৩ দিনে গড়ালো। এরই মধ্যে অবশ্য সীমিত আকারে গার্মেন্ট কারখানা খুলে দিয়েছে সরকার।

‘ঈদ-উল-ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না’। এমন বিধান রেখে ষষ্ঠ দফায় ছুটি বাড়ালো সরকার। সাধারণ ছুটি থাকছে ১৬ মে পর্যন্ত। নতুন ছুটি নতুন আরেকটি বিষয় যুক্ত করেছে সরকার। তা হলো- ‘রমজান, ঈদ এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা বিবেচনায় ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।’

দেশের ৬ কম্পানিকে ‘রেমডেসিভির’ উৎপাদনের অনুমোদন

0

করোনাভাইরাস চিকিৎসায় অ্যান্টিভাইরাল ড্রাগ ‘রেমডেসিভির’ এর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় হাঁটছে বাংলাদেশও। এরইমধ্যে দেশের ছয়টি ওষুধ কম্পানিকে রেমডেসিভির উৎপাদনের অনুমোদন দিয়েছে।

আজ রবিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান দেশের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে এ অনুমোদন দেন।

অনুমোদন পাওয়া ছয় কোম্পানি হলো- বেক্সিমকো, বিকন, এসকেএফ, ইনসেপ্টা, স্কয়ার এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

রেমডেসিভির বেশ কয়েকটি দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে থেকে করোনা ভাইরাসের সম্ভাব্য চিকিৎসা হিসেবে ব্যবহার হচ্ছে। বলা হচ্ছে, ওষুধটি করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয়।

এছাড়া নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, করোনা ভাইরাস আক্রান্ত এবং মারাত্মক লক্ষণযুক্ত ৫৩ জন রোগীর ক্ষেত্রে রেমডেসিভির শতকরা ৭০ ভাগ কার্যকর। কিন্তু এক চতুর্থাংশের কিডনি ও লিভারের জটিলতাসহ নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আমেরিকান কোম্পানির ওষুধ রেমডেসিভির মূলত সংক্রামক রোগ প্রতিরোধীই। এটি ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল।

করোনাভাইরাস : কেমন হবে লকডাউনের পর ভ্রমণের অভিজ্ঞতা

0

রৌদ্রস্নানার্থীদের আলাদা করে রাখা হয়েছে স্বচ্ছ প্লাস্টিকের পার্টিশন দিয়ে। বিমানে ওঠার আগে আপনার রক্ত পরীক্ষা করা হচ্ছে, গায়ে স্যানিটাইজার ছিটিয়ে আপনাকে জীবাণুমুক্ত করা হচ্ছে।
এগুলো শুনতে অস্বাভাবিক লাগতে পারে। কিন্তু অবস্থাটা এখন এমন যে- করোনাভাইরাসজনিত লকডাউন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে, যদিও কোভিড-১৯ ঠেকানোর কোন টিকা এখনো আবিষ্কার হয়নি।
ফলে এ অবস্থায় ভ্রমণকারীরা যেন নিরাপদে এবং স্বস্তিতে ছুটি কাটাতে যেতে পারেন, সে জন্য ট্রাভেল ইন্ডাস্ট্রির লোকেরা এখন থেকেই এ রকম পদক্ষেপের কথা ভাবতে শুরু করে দিয়েছেন।
অবশ্য এটা বলে রাখা দরকার যে আন্তর্জাতিক ভ্রমণ আবার কবে শুরু হবে তা এখনো বলা যাচ্ছে না।
কিন্তু যখনই শুরু হোক, কেমন হবে সেই লকডাউন-পরবর্তী যুগের ভ্রমণ? এখানে তুলে ধরা হচ্ছে তারই একটা সম্ভাব্য চিত্র।
এয়ারপোর্ট
লন্ডনসহ বিভিন্ন এয়ারপোর্টে ইতোমধ্যেই সামাজিক দূরত্ব বজায় রাখার নানা ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যে আছে যাত্রীদের মধ্যে সবসময় এক বা দুই মিটার দূরত্ব বজায় রাখা (যারা একসঙ্গে থাকেন তারা ছাড়া), পুরো এয়ারপোর্টজুড়ে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা এবং টার্মিনালগুলোতে যাত্রীদের সমানভাবে ছড়িয়ে রাখা – যাতে এক জায়গায় বেশি লোকের ভিড় না হয়।
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিরাপত্তা প্রশাসন (টিএসএ) বলছে, সিকিউরিটি স্ক্রিনিং-এর আগে ও পরে যাত্রীদের ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া উচিৎ।
তবে হংকং বিমানবন্দরে এখন যাত্রীদের পুরো শরীর জীবাণুমুক্ত করার একটি যন্ত্র পরীক্ষা করে দেখা হচ্ছে।
এ যন্ত্রটি থেকে একটি স্প্রে যাত্রীর গায়ে ছিটিয়ে দেয়া হবে, যা যাত্রীর ত্বক ও পোশাকে কোনো ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকলে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে তা মেরে ফেলবে।
হংকংয়ের এই এয়ারপোর্টে এ ছাড়াও রোবট পরীক্ষা করে দেখা হচ্ছে, যা স্বয়ংক্রিয়ভাবে ঘুরে ঘুরে পরিষ্কার করার কাজ করতে থাকবে। কোনো মাইক্রোবের উপস্থিতি টের পেলে আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে আঘাত হেনে তাদের ধ্বংস করবে।
এ রকম কিছু রোবট অস্থায়ী হাসপাতালে পরীক্ষা করে দেখা হয়েছে।
যেসব এয়ারপোর্টে ইলেকট্রনিক চেক-ইনের যন্ত্র আছে, সেগুলো ব্যবহার করতে যাত্রীদের উৎসাহিত করা হচ্ছে। বেশিরভাগ বিমানবন্দরেই বিভিন্ন ধরণের নির্দেশিকা সম্বলিত পোস্টার থাকবে। ইনট্রেপিড ট্রাভেলের প্রধান নির্বাহী জেমস থর্নটন বলছেন, চেকিংয়ের কড়াকড়ির জন্য আগামী দিনগুলোতে যাত্রীদের বিমানবন্দর পার হতে সময় বেশি লাগবে। হয়ত আমরা ইমিউনিটি পাসপোর্টের মতো কিছু চালু করা হচ্ছে এটাও দেখতে পাব।
এ বছর কিছু বিমানবন্দর যাত্রীদের গায়ের তাপমাত্রা মাপা শুরু করেছিল কিন্তু এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে – কারণ কিছু লোক ভাইরাস বহন করলেও তার দেহে কোন লক্ষণ দেখা যায় না।
এমিরেটস আরও এক কাঠি এগিয়ে দুবাই বিমানবন্দরে যাত্রীদের জন্য দ্রুত কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা করেছে, যাতে ১০ মিনিটের মধ্যে ফল জানা যায় বলে তারা বলছে।
বিমানের ভেতরের পরিবেশ
প্লেনের ভেতরে ফ্লাইট অ্যাটেনডেন্টদের হাসিমুখ আপনাকে কল্পনা করে নিতে হবে- কারণ তারা খুব সম্ভবত মাস্ক পরা থাকবে। আপনাকেও সম্ভবত মাস্ক পরে থাকতে হবে, ফলে আপনার হাসিমুখও তারা দেখতে পাবে না।
প্রধান বিমান সংস্থাগুলো তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থা উন্নত করছে, ফলে অন্তত একটা স্বস্তির ব্যাপার হবে যে আপনার ট্রে-টেবিল, সিটের হাতল, এবং সেফটি বেল্ট জীবাণুমুক্ত করা থাকবে।
কোরিয়ান এয়ার বলেছে যে তারা কেবিন ক্রুদের গাউন, গ্লাভস এবং আই মাস্ক দেবে। ফলে বিমানের ভেতর পিপিই পরা লোক দেখলে ভয় পাবেন না।
বেশিরভাগ এয়ারলাইন্সই বলছে, তারা বিমান পুরোপুরি যাত্রীভর্তি করবে না- আপাতত মাঝখানের সিটগুলো খালি রাখা হবে। ফলে বিমানসংস্থাগুলো হয় লোকসান দেবে, নয় তাদের টিকিটের দাম বাড়িয়ে দিতে হবে- এমন আশঙ্কা প্রকাশ করেছেন একজন পাইলট- নাম প্রকাশ না করার শর্তে।
গন্তব্যের চেহারা কেমন হবে?
ইতালির সমুদ্র সৈকতে গিয়ে এখন আপনি হয়তো দেখতে পাবেন যে যারা রৌদ্রস্নান করছেন- তাদের মাঝখানে স্বচ্ছ প্লাস্টিকের পার্টিশন দেয়া আছে।
পর্যটন সংক্রান্ত একটি গবেষণা ইনস্টিটিউটের উলফ সন্টাগ বলছেন, ইতালিতে এমন কিছু করার চিন্তাভাবনা চলছে।
তিনি বলছেন, ইউরোপের অনেক হোটেল চিন্তুা করছে, অতিথিদের এক রুম পর পর থাকতে দেয়া যায় কি না। তা ছাড়া ভূমধ্যসাগরীয় রিসোর্টগুলোতে সুইমিং পুল এখন খোলা যাবে না বলেই মনে হচ্ছে।
অনেক রেস্তোরাঁ পরিকল্পনা করছে, তাদের টেবিলগুলো আরও দূরে দূরে বসাতে। অনেকে হ্যান্ড স্যানিটাইজারের মজুত গড়ে তুলছে, কেউ বা বুফে খাবার বন্ধ রাখার কথা ভাবছে।
এথেন্সে মেডিসিনের অধ্যাপক নিকোলাওস সিপসাস বলেন, এটা ঠিক যে বুফে খাবার, সুইমিং পুল, সৈকত এবং বার – এগুলো এখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
ভবিষ্যতে কি ভ্রমণ একেবারেই বদলে যাবে?
হয়তো ভবিষ্যতে অনেকে আন্তর্জাতিক ভ্রমণ কমিয়ে দেবেন, ঘরে বসেই ছুটি কাটাবেন- যাকে বলা হবে ‘স্টে-কেশন’।
বৈশ্বিক মহামারির কারণে জাহাজ বা প্রমোদতরীতে ভ্রমণ, স্কি হলিডে, বা দীর্ঘ বিমান ভ্রমণ তাদের আকর্ষণ হারিয়ে ফেলতে পারে।
সন্টাগ বলছেন, দেশের ভেতরে বেড়াতে যাওয়ার পর লোকেরা হয়তো উপলব্ধি করবেন, সবসময় আপনার দূরে কোথাও বেড়াতে যাবার দরকার নেই।
আন্তর্জাতিক বিমান ভ্রমণ সমিতি বা আইএটিএর এক জরিপে ৬০ শতাংশ উত্তরদাতা বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসার পরেও তারা কোন ফ্লাইট বুক করার আগে দুমাস অপেক্ষা করবেন। আর ৪০ শতাংশ বলেন, তারা অপেক্ষা করবেন কমপক্ষে ৬ মাস।
বোয়িং কোম্পানি ইতোমধ্যেই কোভিড-১৯ সংকটে তাদের ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। তারা বলছে, বিমান ভ্রমণ আবার ২০১৯ সালের অবস্থায় ফিরতে অন্তত তিন বছর অর্থাৎ ২০২৩ পর্যন্ত সময় লাগবে।
ব্রিটিশ এয়ারওয়েজের মালিক কোম্পানি আইএজি বলছে, তারাও মনে করে অবস্থা আগের মত হতে বেশ কয়েক বছর লাগবে।
তথ্যসূত্র : বিবিসি

ভারতে সংক্রমণ ঠেকাতে মোবাইল অ্যাপ নিয়ে বিতর্ক

0

ভারতে করোনাভাইরাস মোকাবিলার লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনায় তৈরি একটি মোবাইল অ্যাপকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।
‘আরোগ্য সেতু’ নামে ওই অ্যাপটির ডাউনলোড ও ব্যবহার সব সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য কেন্দ্র গতকালই বাধ্যতামূলক ঘোষণা করেছে।
আর এর পরই বিরোধী নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন এই অ্যাপটি একটি ‘আধুনিক নজরদারির সিস্টেম’ ছাড়া কিছুই নয়।
এর আগেও ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন-সহ একাধিক সংস্থা এই অ্যাপটি কতখানি সুরক্ষিত, সে প্রশ্ন তুলেছিল।
রাহুল গান্ধীর অভিযোগ নস্যাৎ করে শাসক দল বিজেপি অবশ্য বলছে, তিনি অযথা মিথ্যা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর চেষ্টায় ভারত সরকার গত মাসের গোড়ার দিকে আরোগ্য সেতু নামে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছিল- যা এর মধ্যেই দেশের ৫ কোটিরও বেশি মানুষ ডাউনলোড করেছেন।
ভারতের ১১টি ভাষায় ব্যবহারযোগ্য এই অ্যাপটি একজনকে বলে দেয়, তার আশপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো কোভিড-আক্রান্ত রোগী আছেন কি না- অথবা তার শরীরে কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকরা ঠিক কী ধরনের পরামর্শ দিচ্ছেন।
ভারতে ন্যাশনাল ইনফর্মেটিকস সেন্টারের মহাপরিচালক ড. নীতা ভার্মার কথায়, ‘মূলত এই অ্যাপটি ভারতের নাগরিকদের নিজেদেরই একটা মূল্যায়ণ করার সুযোগ দিচ্ছে যে তাদের করোনাবাইরাস সংক্রমণের ঝুঁকি ঠিক কতটা। এর জন্য অ্যাপে তাদের কতগুলো প্রশ্ন করা হয়, তার উত্তরের ভিত্তিতে তাকে অ্যাসেস করা হয়, তার উপসর্গগুলো দেখা হয়, তার ভ্রমণের ইতিহাস দেখা হয় ইত্যাদি।’
গতকাল ভারত সরকার জানায়, তৃতীয় দফায় দেশে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর যে কর্মচারীরা সোমবার থেকে কাজে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে এই অ্যাপ ব্যবহার করতে হবে।
এর পরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করেন- এই অ্যাপটি একটি ‘সফিস্টিকেটেড সার্ভেইলেন্স সিস্টেম’, যা বেসরকারি সংস্থার কাছে আউটসোর্স করে দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, মহামারীর ভয় দেখিয়ে নাগরিকদের সম্মতি ছাড়াই তাদের ওপর এখানে নজরদারি চালানো হচ্ছে, ট্র্যাক করা হচ্ছে।
কংগ্রেসের সাইবার সেলের চেযারম্যান রোহন গুপ্তা জানান, এ অ্যাপে ক্লজ সিক্সে পরিষ্কার লেখা আছে, যদি আপনার তথ্য অনধিকৃতভাবে ব্যবহৃত হয়, সরকার তার জন্য দায়ী থাকবে না। আরে, আমরা অ্যাপের বিরুদ্ধে নই, কিন্তু আপনাকে তো উদ্দেশ্যটা পরিষ্কার করতে হবে?
তিনি বলেন, ‘সরকারকে তো জানাতে হবে এই আরোগ্য সেতু কীসের সঙ্গে সংযুক্ত, এই ডেটা সরকারের কোন বিভাগ ব্যবহার করতে পারবে, এটা স্বল্পমেয়াদি না কি দীর্ঘমেয়াদি অ্যাপ, না কি শুধু করোনার জন্যই – যে প্রশ্নগুলোর কোনও উত্তর নেই!’
ভারতে যেহেতু কোনো উপযুক্ত ডেটা প্রোটেকশন বা তথ্য সুরক্ষা আইন নেই, তাই এই ধরনের অ্যাপে নাগরিকদের তথ্য আদৌ কতটা নিরাপদ থাকবে গত কয়েক সপ্তাহে অনেক এনজিও-ই বারবার সে প্রশ্ন তুলেছে।
‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’ সেই সঙ্গেই বলেছে, ভারতের কোটি কোটি গরিব মানুষ, যাদের হাতে স্মার্টফোন নেই, এই অ্যাপ তাদের কোনও কাজেই আসবে না।
সরকারের মন্ত্রীরা ও শাসক দল বিজেপির শীর্ষ নেতারা অবশ্য এসব সমালোচনা গায়েই মাখছেন না।
বিজেপির জাতীয় মুখপাত্র রাজীবপ্রতাপ রুডির কথায়, ‘যারা আরোগ্য সেতু অ্যাপ নিয়ে সন্দেহ তৈরি করতে চাইছেন তাদের মনে করিয়ে দেব- দেশে তো ৩৩ কোটি গরিব মানুষের ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্টের তথ্যও কোনো না কোনো অ্যাপেই ধরা আছে। ৮ কোটি গরিব নারীকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া আছে, আয়ুষ্মান ভারত যোজনার সুফল পেয়েছেন ৫০ কোটি মানুষ।’
তিনি আরও বলেন, ‘তাদের তথ্য যদি সরকারের হাতে নিরাপদ থাকতে পারে, তাহলে আরোগ্য সেতু নিয়ে অসুবিধা কোথায়? অ্যাপ যারা ব্যবহার করছেন, তাদের কোনও সমস্যা নেই – আপত্তি শুধু রাজনীতিবিদদের?’
সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও দাবি করেছেন, আরোগ্য সেতুর ডেটা সুরক্ষা নিয়ে বিন্দুমাত্র চিন্তার কারণ নেই।
সরকার এটাও বুঝিয়ে দিয়েছে, বিরোধী দলগুলো বা নানা গবেষণা সংস্থার আপত্তি অগ্রাহ্য করেই তারা দেশজুড়ে আরোগ্য সেতু অ্যাপের প্রচার ও প্রসার চালিয়ে যাবে।
খবর বিবিসি

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু

0

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের ৮ জেলার কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স শুরু হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় গণভবনে এ ভিডিও কনফারেন্স শুরু হয়।
রংপুর বিভাগের জেলাগুলো হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করছে।
এর আগে শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ছয় দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৫৬টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তোরণের জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।
দেশে মার্চ মাসের ৮ তারিখ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন।

ভোলায় তোফায়েল আহমেদ এর পক্ষে খাদ্য সহায়তা প্রদান

0

করোনা সংকট মোকাবিলায় কর্মহীন, শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল রবিবার দুপুরে তার পক্ষ থেকে ভোলা পৌর সভার ১৫’শ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ভোলা পৌর সভার ৯টি ওয়ার্ডে এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক মো. সিরাজুল ইসলাম পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব জানায়, সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর নির্দেশে তার পক্ষে করোনা মোকাবিলায় কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ করে যাচ্ছি। যত দিন পর্যন্ত এই সংকট থাকবে তত দিন আওয়ামীলীগ এর নেতাকর্মীরা করোনায় কর্মহীনদের পাশে থাকবে বলেও জানান তিনি।
ইতিমধ্যে ভোলা সদর উপজেলায় তোফায়েল আহমেদ এর পক্ষে ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। যতদিন পর্যন্ত করোনা ভাইরাস থাকবে। ততদিন পর্যন্ত পর্যায় ক্রমে এই খাদ্য সহায়তা বিতরন করা হবে।