Home Blog Page 2978

৪ কোটির বেশি মানুষের কাছে ত্রাণ দিয়েছে সরকার

0

করোনাভাইরাস দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে এ পর্যন্ত চার কোটির বেশি মানুষকে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ দিয়েছে সরকার।

দেশের ৬৪টি জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত চার কোটি সাত লাখ ৪০ হাজার জনকে সহায়তা হিসেবে চাল দিয়েছে সরকার।

রবিবার সরকারের তথ্য বিবরণী থেকে আরও জানা যায়, ৯৮ লাখ ১৮ হাজার পরিবারকে চাল দেয়া হয়েছে মোট ৯৬ হাজার মেট্রিক টন। আর এখন পর্যন্ত চাল বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ২৪ হাজার মেট্রিক টন।

এছাড়াও ৫৩ লাখ ৬৮ হাজার পরিবারের দুই কোটি ৫৩ লাখ ২০ হাজার ব্যক্তির হাতে নগদ ৪৩ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকা তুলে দেয়া হয়েছে। এ খাতে এ পর্যন্ত বরাদ্দ হয়েছে দেয়া হয়েছে ৬৮ কোটি টাকা।

অন্যদিকে, শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া ১২ কোটি ৪৫ লাখ টাকার মধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে আট কোটি ৯২ লাখ ৬৩ হাজার টাকা। যা দুই লাখ ৭৫ হাজার পরিবারের মোট পাঁচ লাখ ৫৮ হাজার উপকারভোগী রয়েছে।

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কল-কারখানা খুলে দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

0

শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পোশাক কারখানা পরিচালনা করা যাবে বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ধাপে ধাপে (পর্যায়ক্রমে) তৈরি পোশাক ও বিভিন্ন শিল্প কারখানা খুলে দেওয়া হবে।
রোববার (০৩ মে) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।
এর আগে করোনা পরিস্থিতির মধ্যে কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু করতে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রতিটি কারখানার সার্বিক অবস্থা ও শ্রমিকদের স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করা হবে।
বৈঠকে স্বাস্থ্যবিধি মেনেই তৈরি পোশাক কারখানা খোলা রাখার তাগিদ দেওয়া হয়। শ্রমিকদের পরিবহন ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা করা এবং শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করারও সিদ্ধান্ত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বৈঠকের মূল বিষয় ছিল পোশাক শিল্প কারখানা কীভাবে আমাদের দেয়া স্বাস্থ্যবিধি পালন করবে। এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে মূল ফোকাস, যেটা আমরা উনাদের বলেছি, ফ্যাক্টরি চালাবেন সেখানে যেন তারা কিছু নিয়মনীতি মেনে চলেন। স্বাস্থ্যসেবাটা যাতে আমাদের শ্রমিকরা পায়। তারা যেখানে কাজ করবেন সেখানে মিনিমাম যাতে একটা স্পেস মেইনটেইন করে কাজ করেন। তাদের পরিবহনটা যাতে সঠিক হয়। পরিবহনের মাধ্যমে সবচেয়ে বেশি আক্রান্ত হয়।’
তিনি বলেন, ‘তাদের (শ্রমিক) থাকার জায়গা, খাওয়ার জায়গা- এগুলোর বিষয়ে যেন তারা গুরুত্ব দেন। একইসঙ্গে তাদের কোয়ারেন্টাইন সেন্টার করার তাগিদ দেয়া হয়েছে। শ্রমিকরা আক্রান্ত হলে যাতে কোয়ারেন্টাইন সেন্টারে রাখেন, সেই ব্যবস্থা যেন তারা করেন।’
ফ্যাক্টরিতে ঢোকার সময় শ্রমিকদের স্যানিটাইজেশনটা ভালোমতো করতে হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘করোনার তিনটি হটস্পট ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর- এ তিনটি স্থানকে ভালোভাবে দেখার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি। এখান থেকে কেউ যাতে বাইরে না যায় ও ভেতরে না ঢোকে। সেই বিষয়ে বেশি নজরদারি করার জন্য বলেছি।’
পোশাক কারখানা অধ্যুষিত ওই তিন এলাকায় মালিকদের করোনা পরীক্ষার সুযোগ তৈরি করার জন্য বলা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টেস্টের প্রয়োজন হলে তারা যাতে বেশি করে টেস্ট করতে পারেন। এ বিষয়টি তারা প্রতিপালন করবেন।’
এতে শিল্পসচিব, শ্রমসচিব, বাণিজ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি (পুলিশ মহাপরিদর্শক), এফবিসিসিআই সভাপতি, বিজিএমইএ সভাপতি, ডিসিসিআই সভাপতি, বিকেএমইএ সভাপতি, বিটিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৩০ এপ্রিল সংশ্লিষ্টদের চিঠি দিয়ে বৈঠকের অংশ নেওয়ার আমন্ত্রণ জানায় স্বাস্থ্য সেবা বিভাগ।

সিআইডি প্রধান হলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান

0

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে।

আজ রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন আরো চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে (চলতি দায়িত্বে) হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দপ্তরে (টিআর) বদলি করা হয়েছে।

অপরদিকে পুলিশ সদর দপ্তরের উপ পুলিশ মহাপরিদর্শক এসএম রুহুল আমিনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্বে ও সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনলাইন ক্লাস চালুর তাগিদ

0

নভেল করোনাভাইরাসের কারণে দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে অনলাইনে ক্লাস চালুর তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অধিভুক্ত দুই হাজার ২৬০টি কলেজে অনলাইন ক্লাস চালুর তাগিদ দিয়েছেন। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেশকিছু নির্দেশনাও প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে আহবান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক ভার্চুয়াল বৈঠকে এই আহ্বান জানানো হয়। এর প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অনলাইন ক্লাস চালু করতে নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় বলা হয়, যেসব কলেজের অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা রয়েছে তারা জরুরি ভিত্তিতে অনলাইন ক্লাস চালু করবে। যেসব কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস সুবিধা নেই, তাদেরকেও দ্রুত এই সুবিধার আওতায় আসতে নির্দেশ দেয়া হচ্ছে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরী করা মোবাইল অ্যাপস বা জুম সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন-লাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য বলা হচ্ছে। ইতোমধ্যে রাজশাহী কলেজসহ বেশ কয়েকটি কলেজ/প্রফেশনাল প্রতিষ্ঠান অন-লাইন ক্লাস শুরু করে দিয়েছে।

কভিড-১৯ ছড়িয়ে পড়ার পূর্ব পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে কোনো সেশনজট ছিল না। সেই ধারাবাহিকতা বহাল রাখতে লকডাউন শেষে পরীক্ষা অনুষ্ঠানের নিমিত্তে প্রতিটি শিক্ষার্থীদের নিজ নিজ ঘরে বসে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিতে বলা হচ্ছে। এই দুর্যোগ কাটিয়ে উঠার পর যেন একের পর এক পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে সকল প্রস্তুতি কলেজ ও শিক্ষার্থীদের থাকতে হবে। এক্ষেত্রে সেশনজট নিরসনে আগে যেমন আমরা ক্রাশ প্রোগ্রাম করে সফল হয়েছি।

শিক্ষার্থীদের মনে রাখা উচিত কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সিংহভাগ কারিকুলাম শিক্ষার্থীকে তার নিজ উদ্যোগে সম্পন্ন করতে হয়। এই মহামারী চলাকালীন শিক্ষার্থীদের ধৈয্য ও দ্বায়িত্বশীল আচরণ করতে হবে এবং নিজ নিজ বাড়িতে বসে তার কারিকুলাম অনুযায়ী পাঠগ্রহণ করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। ছুটি দীর্ঘায়িত হলে নতুন করে সেশনজটে না পড়তে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেয়ার জন্যে শিক্ষকদের কাজ করে যেতে হবে।

সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনাসমূহ বাস্তবায়নে বিশেষ সহযোগিতা কামনা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রকে এগিয়ে নেয় : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্রকে এগিয়ে নেওয়া এবং বহুমাত্রিক সমাজ বিনির্মাণে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ রবিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন।

‘গণমাধ্যমের স্বাধীনতা যেমন প্রয়োজন একইসাথে আমাদের সম্মিলিত দায়িত্বশীলতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা মনে করি, মুক্ত, স্বাধীন ও একইসাথে দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রকে এগিয়ে নেওয়া ও একটি বহুমাত্রিক সমাজ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সকল সাংবাদিক এবং গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ড. হাছান বলেন, ‘বাংলাদেশে সাংবাদিকরা এবং গণমাধ্যমের সাথে যারা যুক্ত আছেন তারা, এই বৈশ্বিক দুর্যোগ করোনো পরিস্থিতির মধ্যে অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। ইতমিধ্যেই আমাদের একজন সাংবাদিক বন্ধু হুমায়ুন কবীর খোকন দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মারা গেছেন।

তথ্যমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং একইসাথে যেসব সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করেন, মহান সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করেন।

হাছান মাহমুদ এ সময় পরিসংখ্যান দিয়ে বলেন, আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ এবং মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে। সেই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে।

তিনি বলেন, ২০০৯ সালে দৈনিক পত্রিকার সংখ্যা ছিল ৪৪৫টি, ২০২০ সালে এখন দৈনিক পত্রিকার সংখ্যা ১২৯৪টি। ২০০৯ সালে সাপ্তাহিক পত্রিকার সংখ্যা ছিল ২০৮টি, এখন সেটি ১২০৮টি।

ইলেকট্রনিক গণমাধ্যমের খতিয়ান দিয়ে ড. হাছান মাহমুদ জানান, রাষ্ট্রীয় টেলিভিশন ২০০৯ সালে ছিল ২টি, এখন রাষ্ট্রীয় টেলিভিশন ৪টি। বেসরকারি টেলিভিশন ২০০৯ সালের শুরুতে ছিল ১০টি। আর এখন ৪৫টি বেসরকারি টেলিভিশনের অনুমোদন দেওয়া হয়েছে। এফএম বেতার ২০০৯ সালে একটিও ছিল না। এখন ২৪টি এফএম বেতার কেন্দ্রের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগ সম্প্রচারে আছে। কমিউনিটি রেডিও ২০০৯ সালে একটিও ছিল না। এখন ৩২টি কমিউনিটি রেডিও অনুমোদন দেয়া আছে। এরমধ্যে অনেকগুলো সম্প্রচারে আছে।

তিনি বলেন, এই পরিসংখ্যানেই বলে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার গণমাধ্যমের অবাধ বিস্তৃতি এবং স্বাধীনতায় বিশ্বাস করে। সে কারণেই গত ১১ বছরে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে বলে জানান তিনি।

একদিনে আরও ১১৩ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

0

গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে রবিবার (৩ মে) পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ৮৫৪ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে শনিবার (২ মে) পর্যন্ত এ সংখ্যা ছিল ৭৪১ জন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, রবিবার পর্যন্ত যে ৮৫৪ জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে শনিবার (২ মে) সকাল পর্যন্ত মারা গেছেন ৫ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।
সর্বশেষ শনিবার (২ মে) সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের একজন সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে।
শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী লকডাউন বা এই ধরনের কড়াকড়ি আরোপ করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী নানা বাহিনী।
দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেকসময়ই পুলিশ নিজেদের সুরক্ষার চেয়ে জনগণের সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দেয়ার কারণে পুলিশের এত বেশি সদস্য আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা
বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা মন্তব্য করেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেকসময়ই পুলিশ নিজেদের সুরক্ষার চেয়ে জনগণের সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দেয়ার কারণে পুলিশের এত বেশি সদস্য আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, ‘পুলিশের ডিউটির ধরনটাই এ রকম যে মানুষের সংস্পর্শে না এসে দায়িত্ব পালন করা সম্ভব হয় না।’
খবর বিবিসি

অবশেষে ভাসানচরে প্রবেশ ঘটল রোহিঙ্গাদের

0

প্রথমবারের মতো একদল রোহিঙ্গাকে সাগর থেকে উদ্ধারের পর নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের এখবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন শনিবার রাত ২টা ৩৫ মিনিটে রোহিঙ্গাদের ওই দলটি ভাসানচরে পৌঁছায়।
এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুত রাখা ভাসানচরে রোহিঙ্গাদের প্রবেশ ঘটল।
এদিকে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের একটি ছোট দলকে শনিবার ভাসানচরে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও।
তবে ঠিক কতজন রোহিঙ্গাকে পাঠানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী সে সংখ্যা জানাতে পারেননি। কক্সবাজারের একটি সূত্র বলছে, প্রায় ৭০ জন রোহিঙ্গাকে সেখানে নিয়ে গেছে কোস্টগার্ড।
রোববার (৩ মে) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুক্রবার রাতে ছোট ছোট ডিঙি নৌকায় করে বেশ কিছু রোহিঙ্গা মিয়ানমার থেকে দালালদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয়দের মাধ্যমে কোস্টগার্ড তাদের আটক করে প্রথমবারের মতো ভাসানচরে পাঠানো হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘এটাই রোহিঙ্গাদের প্রথম কোনো দল, যাদের ভাসানচরে পাঠানো হলো। এদের খাদ্যসহ সবধরনের ব্যবস্থা আপাতত দেয়া হবে।’
রোহিঙ্গাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাগরে রোহিঙ্গা বোঝাই দুটি নৌকা ছিল। শুনেছিলাম একেকটিতে ২৫০-৫০০ জন করে রোহিঙ্গা। তখন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে এসব রোহিঙ্গাদের নেয়ার জন্য অনুরোধ করেন। আমরা নেব না জানিয়ে জাতিসংঘের আইন অনুযায়ী এই কোস্টাল অঞ্চলের দেশগুলোকেও দায়িত্ব নেয়ার আহ্বান জানাই। এরপর হঠাৎ করে আমরা জানলাম, ভাসতে থাকা নৌকা দুটি যা কখনোই আমাদের সীমানায় ছিল না, তারা কোথায় গেছে কেউ জানে না। পরবর্তীতে জানা গেল, তারা মিয়ানমারের সীমান্তে চলে গেছে। এরপর দেখা গেল দালালদের মাধ্যমে ডিঙি নৌকায় করে তারা বাংলাদেশে প্রবেশ করেছে।’
এভাবে নতুন কৌশলে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে মনে করেন ড. মোমেন।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা ও খাবার দেয়া হয়েছে। তাদের শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে , ভাসানচরে বেড়িবাধ নির্মাণ, ঘরবাড়ি, সাইক্লোন শেল্টারসহ অবকাঠামো উন্নয়নের করা হয়।
তবে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা সেখানে যেতে অসম্মতি জানায়।

জাতিসঙ্ঘের পক্ষ থেকেও বলা হয়, ভাসানচরে স্থানান্তরের আগে কারিগরি মূল্যায়ন শেষে রোহিঙ্গাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
ফলে সরকারের জোর চেষ্টা ও কয়েকদফা উদ্যোগ সত্বেও সেখানে একজন রোহিঙ্গাও পাঠানো সম্ভব হয়নি।

করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৬৫

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে।
আজ রবিবার (৩ মে) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৬৮টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন।
তিনি বলেন, আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও দুজন। তাদের একজনের বয়স ১১ থেকে ২০ বছর, অপরজন ষাটোর্ধ্ব। একজন নারায়ণগঞ্জের, অপরজন রংপুরের বাসিন্দা। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে।
নাসিমা সুলতানা বলেন, কাকে সুস্থ বলা যাবে, সেই নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। সে হিসেবে দেশে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে মোট ১০৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
শনিবার পর্যন্ত হাসপাতালে থাকা রোগীদের মধ্যে মোট ১৭৭ জনের সুস্থ হয়ে বাড়ি ফেরার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে থকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ লাখ। মৃতের সংখ্যা দুই লাখ ৪৪ হাজারেরও বেশি। তবে সোয়া ১১ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

সোমবার রংপুর বিভাগের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

0

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু হবে বলে রবিবার জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
রংপুর বিভাগের জেলাগুলো হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশন ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে।
এর আগে প্রধানমন্ত্রী ছয় ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের জেলাগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন।

৩৮৫ বন্দি মুক্তি পাচ্ছেন আজ

0

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কারাগারগুলোয় ভিড় কমাতে প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আজ রবিবার ৩৮৫ জন মুক্তি পাচ্ছেন। তিন থেকে ছয় মাস সাজা খাটা এসব বন্দিদের রবিবারই মুক্তি দিতে ইতোমধ্যে নির্দেশনা কারাগারগুলোতে পৌঁছেছে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, ‘আজকের মধ্যে দ্বিতীয় ধাপের ৩৮৫ জন বন্দি মুক্তি পাবেন বলে আশা করছি।’
ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী, তিন মাস ছয় মাস সাজাভোগকারী, তিন মাস পর্যন্ত সাজাভোগকারী বন্দিরা মহামারীর কারণে এ মুক্তির সুযোগ পাচ্ছেন।
সেই হিসেবে শনিবার প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী ১৭০ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। রবিবারসহ দুই ধাপে মুক্তি পাবেন ৫৫৫ জন বন্দি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী এসব বন্দিদের মুক্তির সময় জরিমানার অর্থ আদায় নিশ্চিত করতে বলা হয়েছে।
দেশে ৬৮টি কারাগারে ৯০ হাজারের মতো বন্দি রয়েছে, যা কারাগারগুলোর ধারণক্ষমতার কয়েকগুণ বেশি। কোভিড-১৯ অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা থাকে অত্যন্ত বেশি। সে জন্য বন্দির চাপ কমানোর উদ্যোগ নেয় সরকার।
শনিবার (২ মে) প্রথম দফায় মুক্তি পেয়েছে ১৭০ কয়েদি।