Home Blog Page 2980

করোনা : রাজধানীর নতুন ঝুঁকিপূর্ণ এলাকা কাকরাইল

0

দেশে করোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে রাজধানী ঢাকা। আর প্রায় প্রতিদিনই রাজধানীর নতুন নতুন এলাকায় শনাক্ত হচ্ছে করোনায় আক্রান্ত রোগী। গত এক সপ্তাহের মধ্যে রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নাম এসেছে কাকরাইলের। এ সময়ে এ এলাকায় শতাধিক নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ শনিবার (০২ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেওয়া তথ্যে এই চিত্র পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। নতুন করে সুস্থ হয়েছে তিন জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।
সারা দেশে আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি রাজধানীতে। এখানে মোট রোগীর ৫৬ দশমিক শূন্য তিন শতাংশ। যার মধ্যে ইতিমধ্যেই ৯৫ জনের মৃত্যু হয়েছে।
১ মে পর্যন্ত রাজধানীতে এখনো এককভাবে সবচেয়ে বেশি করোনা রোগী রাজারবাগ এলাকার। এ এলাকার ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় সবাই রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রান্ত পুলিশ সদস্য। এর পরেই রয়েছে কাকরাইল এলাকা। এ এলাকায় এখন পর্যন্ত ১৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অথচ গত ২৪ এপ্রিল এ এলাকায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ২৭ জন। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ এলাকায় করোনা রোগী বেড়েছে ১১০ জন।
রাজধানীতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছেন পুরান ঢাকা এলাকার। এখানে পাঁচ শতাধিক রোগী রয়েছে। পুরান ঢাকায় সবচেয়ে বেশি রোগী রয়েছে লালবাগে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় ৭৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি বংশালে ৫৬, চকবজারে ৩২, গেন্ডারিয়ায় ৪৫, মিটফোর্ডে ৩৮, ওয়ারিতে ৪১, চানখাঁরপুলে ৩১ জন করোনা রোগী রয়েছে।
বৃহত্তর মিরপুর এলাকায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এখন পর্যন্ত এ এলাকায় দুই শতাধিক করোনা রোগীর সন্ধান মিলেছে। মিরপুর-১ নম্বরে ৩২, ২ নম্বরে দুইজন, ৬ নম্বরে ৭ জন, ১০ নম্বরে ১৮ জন, ১১ নম্বরে ৩১ জন, ১২ নম্বরে ১৮ জন, ১৩ নম্বরে ৩ জন এবং ১৪ নম্বরে ৩৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
এছাড়া যাত্রাবাড়ীতে ৯৯ জন, বাড্ডায় ৪১, বাসাবো ৩৪, ধানমন্ডিতে ৩৮, হাজারীবাগে ৩৮, খিলগাঁওয়ে ৩৫, মালিবাগে ৫৮, গুলশানে ২৭, মগবাজারে ৪৩, জুরাইনে ৩২, মহাখালীতে ৬৮, মোহাম্মদপুরে ৮০, মুগদা ৬৯, পুরানা পল্টনে ২৭, নয়া পল্টনে ২৯, শাহবাগে ৫১, শ্যামলীতে ২৩, তেজগাঁও ৫০, স্বামীবাগে ৩১ ও উত্তরায় ৬৩ জনসহ প্রায় সব এলাকাতেই করোনা আক্রান্ত রোগী রয়েছে।

করোনার ক্রান্তিকালেও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

0

প্রাণঘাতি মহামারি নভেল করোনাভাইরাস মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সহায়ত দিতে ওয়াশিংটন প্রস্তুত আছে এমন দাবির মধ্যেই তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরান এবং ইরাকের যৌথ নাগরিক আমির দিয়ানাত এবং তার কম্পানি তাইফ মাইনিং সার্ভিসের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। আমির দিয়ানাত আমির আব্দুল আজিজ জাফার আলমতাজি হিসেবেও পরিচিত।

অর্থ মন্ত্রাণালয়ের ফরেন এসেট কন্ট্রোল দাবি করেছে যে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের জন্য রাজস্ব সংগ্রহসহ এ বাহিনীর অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগে দিয়ানাতকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা এবং মানি লন্ডারিং আইন লঙ্ঘন করার অভিযোগে দিয়ানাত এবং তার ব্যবসায়িক অংশীদার ইরানি নাগরিক কামরান লাজমিরির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন এক বিবৃতিতে দাবি করেন যে, ‘ইরানের সরকার তার নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং জন কল্যাণ বাদ দিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে।’ তবে ইরানি জনগণকে মানবিক সহায়তা দিতে আর্থিক এবং অলাভজনক প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ওয়াশিংটন কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আছে বলেও দাবি করেন মিউচিন।

ইরানের ওপর এমন সময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হল, যখন বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব চলছে এবং ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে তেহরান।

সূত্র- মেহের নিউজ।

ইরানে বিক্ষোভে অংশ নেয়ায় ছাত্রকে ৭৪ দোররা, ৬ বছর জেল

0

বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে এক ইরানি ছাত্রকে ছয় বছরের কারাদণ্ড এবং ৭৪টি দোররা মারার শাস্তি দেওয়া হয়েছে। জেনারেল কাশেম সোলেমানি নিহত হওয়ার পর ইসলামী রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি) সেনাদের গুলিতে ইউক্রেনীয় যাত্রীবাহী বিমান ভূপাতিতের ঘটনায় জানুয়ারিতে ওই বিক্ষোভ হয়।

বেশ কয়েকদিন অস্বীকার করে পরে আইআরজিসি ভুলক্রমে বিমানটিতে গুলি চালানো হয়েছে বলে দায় স্বীকার করে। ওই ঘটনায় বিমানের ১৭৬ আরোহীর সকলেই নিহত হয়।

শুক্রবার তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মোস্তফা হাশেমিজাদেহ টুইট করেছেন যে, ‘জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ৭৪টি দোররা মারার শাস্তি দেওয়া হয়েছে।’

একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আমির মোহাম্মদ শরীফী কয়েকদিন আগে বলেছিলেন যে, জানুয়ারির প্রতিবাদে অংশ নেওয়ার জন্য তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিমান ভূপাতিতের ঘটনায় তেহরানের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে জড়ো হয় এবং আইআরজিসির বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে।

গত সপ্তাহে, উত্তরের শহর আমোলের পাঁচ জনকে জানুয়ারিতে আইআরজিসির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মোট ৩০ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।

সূত্র- আল আরাবিয়া।

ভারতে করোনায় মৃতের ৬৫ শতাংশ পুরুষ

0

ভারতে কভিড-১৯ আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ। মৃতদের মধ্যে অন্তত অর্ধেক রোগী ষাটোর্ধ্ব। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত ৩০ এপ্রিল দুপুর পর্যন্ত করোনা সংক্রমণে মৃত ১,০৭৪ জনের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ। এর থেকেই স্পষ্ট, অতিমারিতে নারীদের তুলনায় বেশি বিপদে রয়েছেন পুরুষ রোগীরা।

গত ২২ এপ্রিল জার্নাল অউ দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এ প্রকাশিত গবেষণা বলছে, নিউইয়র্ক শহরের ১২টি হাসপাতালে ভর্তি হ্ওয়া ৫,৭০০ জন করোনা রোগীর মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং আইসিইউ বিভাগে ভর্তি ৩৭৩ জন রোগীর ৬৬.৫ শতাংশ পুরুষ।

দেখা গিয়েছে, তাঁদের সকলেরই ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির সমস্যা অথবা ওজনবৃদ্ধির মতো পুরনো অসুখ রয়েছে।

চিকিৎসকদের মতে, সংক্রমণে মৃতদের ৭৮ শতাংশ পুরনো শারীরিক ব্যাধিতে ভুগছিলেন এবং ৫১.২ শতাংশ ষাটোর্ধ্ব। আবার তাঁদের মধ্যে শতাংশ রোগীর বয়স ৬০ থেকে ৭৫ বছরের মধ্যে, এবং ৯.২ শতাংশ রোগী ৭৫ বছরের বেশি বয়সী।

সূত্র : হিন্দুস্তান টাইমস

অবশেষে জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

0

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে অবশেষে জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার ২১ দিন পর প্রথমবার দেখা গেল তাকে। আজ শনিবার শানচোন সার কারখানা উদ্বোধনের জন্য ফিতা কাটেন তিনি। ওই সময় কিম জং উনের বোন কিম ইয়ো জং উপস্থিত ছিলেন।

তিন সপ্তাহ পরে কিম জং উনের জনসম্মুখে আসা এবং ফিরেই যে জায়গাটি পরিদর্শন করেছেন সেটা বেশ তাৎপর্যপূর্ণ। কিমের হঠাৎ অন্তর্ধানে দেশটির পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এমনকি তাঁর মৃত্যু হলে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ কাদের হাতে যাবে সেটা নিয়ে প্রশ্নও উত্থাপিত হয়েছিল।

রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ শনিবার জানিয়েছে, কিম রাজধানী পিয়ংইংয়ের উত্তরে সানচন শহরে ডিপিআরকে নামের একটি ফসফ্যাটিক সার কারখানার ফিতা কেটে উদ্বোধন করেছেন। যদিও তাঁর এই পরিদর্শন সফরটি হিসাবে বলা হয়েছে। তবে এই কারখানাটির দ্বিমুখী ব্যবহারের সুবিধার কারণে কয়েক বছর ধরে এটি উচ্চ-স্তরের মনোযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়া সম্ভবত খাদ্য এবং পারমাণবিক অস্ত্রের উৎপাদন বাড়ানোর জন্য এটি ব্যবহার করতে পারে বলে ধারণা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের।

উত্তর কোরিয়ার ফসফ্যাটিক সারের দরকার আছে। তবে সেই প্রক্রিয়ার আড়ালে কিভাবে সহজেই ইউরেনিয়াম সমৃদ্ধ করা যায় সেটা নিয়ে মন্টেরির মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণা সহযোগী মার্গারেট কেরি গত মাসে একটি গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করেছেন।

সেখানে বলা হয়েছে যে, ফার্টিলাইজার প্ল্যান্ট কিমকে কৃষিক্ষেত্রে সাহায্যের মাধ্যমে উত্তর কোরিয়ার অর্থনীতি বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি ফসফরিক অ্যাসিড থেকে ইউরেনিয়াম উত্তোলনে সহায়তা করতে পারে। উত্তর কোরিয়ার বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকায় গোপনে তার পারমাণবিক কর্মকাণ্ড করার সুযোগ পায়।

ডিপিআরকেতে যে এই জাতীয় কাজ পরিচালিত হতে পারে সে বিষয়টি স্পষ্ট। কারখানাটিতে বার্ষিক যে বিপুল পরিমাণে হলুদ রঙের ইউরেনিয়াম উৎপাদন করতে পারবে সেটা যতেষ্ট উদ্বেগের। কারখানাটিতে সার উৎপাদনের পাশাপাশি পারমাণবিক ওয়ারহেডের তৈরিতে এই বিপুল পরিমাণ ইউরোনিয়াম কাজে লাগাতে পারে এমন সম্ভাবনা যতেষ্ট রয়েছে বলে অনুমান কেরির।

কিমের নেতৃত্বে উত্তর কোরিয়া তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের কর্মসূচি বিকাশের জন্য অগ্রগতি অর্জন করেছে। বৈশ্বিক নিষেধাজ্ঞা সত্বেও নিজস্ব প্রযুক্তিতে কোরিয়া প্রয়োজনীয় অস্ত্র উৎপাদন করতে সক্ষম।

এর আগে জানুয়ারিতে কিম প্ল্যান্টটি পরিদর্শন করেছিলেন বলে উপগ্রহ চিত্রে দেখা যায়। এটি ২০১৭ সাল কারখানাটির নির্মাণকাজ শুরুর পর থেকে গত তিন বছরে কিম সরকারের শীর্ষ দুই কর্মকর্তা বেশ কয়েকবার এটি পরিদর্শন করেছেন। সার কারখানায় তাঁদের এই পরিদর্শন যতেষ্ট তাৎপর্য বহন করে। যদিও কেরির গবেষণাপত্রে এমন প্রমাণ নেই যে, উত্তর কোরিয়া ফার্টিলাইজার প্ল্যান্টটি পারমাণবিক কর্মসূচির অংশ হিসাবে তৈরি করেছে।

সীমিত পরিসরে ফ্লাইট চালু হতে পারে ৮ মে থেকে

0

উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণের পর পুরো উড়োজাহাজ, প্রত্যেকটি আসন সংক্রমণমুক্ত করতে হবে। দূরত্ব বাজায় রাখতে অন্তত ৩০ শতাংশ আসন খালি রাখতে হবে। প্রত্যেকটা যাত্রীকে নতুন মাস্ক ও গ্লাভস সরবরাহ করতে হবে। ইনফ্লাইট খাওয়া-দাওয়া বন্ধ রাখতে হবে। এমন বেশ কিছু শর্তে আবারো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বিমানবন্দর ও বিমানসংস্থাগুলো।

করোনাভাইরাসের কারণে ৪৭ দিন বন্ধ থাকার পর ৮ মে থেকে সীমিত পরিসরে বিমান চালুর অনুমতি দিতে পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে বিমান সংস্থাকে।

জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, যদি আমাদের দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয় এবং আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেই তাহলে ৮ মে থেকে আমরা বিমান চলাচল শুরু করতে চাই। তবে সেটি হবে সীমিত পরিসরে এবং প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে। আমরা এয়ারলাইনস এবং বিমানবন্দরগুলোকে এ ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি।

তিনি বলেন, আমরা এয়ারপোর্ট এবং বিমান সংস্থাকে কিছু বিধিনিষেধ দিয়েছি। এর মধ্যে আছে-এয়ারলাইনসগুলোকে এবং বিমানবন্দরগুলোকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। যাত্রী আসা থেকে শুরু করে বিমানের ভেতর পুরো ছিটে যাত্রী নিতে পারবে না। একটা এয়ারপোর্টে ডমেস্টিকে তিনটি প্লেন একসাথে যাওয়ার সক্ষমতা আছে। একটি প্লেন যাওয়ার ৪৫ মিনিট পর পরবর্তী প্লেনের যাত্রী আসবে। প্রত্যেকটি উড়োজাহাজ অবতরণের পর সংক্রমণমুক্ত করাসহ বেশ কিছু সুরক্ষা নীতি বাস্তবায়ন করতে হবে। এগুলো কিভাবে করতে হবে তার বিস্তারিত নীতিমাল করেছি।

ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল উভয় গন্তব্যই উন্মুক্ত করার পরিকল্পনা জানিয়ে বেবিচকের প্রধান আরো বলেন, আন্তর্জাতিক গন্তব্যে যারা আমাদের অনুমতি দেবে সেই সব দেশে আমরা ফ্লাইট চালাবো। আগামী ৩ মের মধ্যে এটা চূড়ান্ত করবো। ইউএস-বাংলা যেহেতু চীনে ফ্লাইট পরিচালনা করছে, তাদের প্রয়োজনীয় ইকুইপমেন্ট আছে। আমরা অন্যদেরকেও বলেছি, এগুলো সংগ্রহ করার জন্য।

দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ৭ মে পর্যন্ত বন্ধ রেখেছে বিমানচলাচলের নিয়ন্ত্রক সংস্থা বেবিচক। করোনাভাইরাসের কারণে প্রথমে ২১-৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। এ সময়সীমা কয়েক দফায় বাড়িয়ে ৭ মে করা হয়েছে। প্রায় দেড় মাসের বেশি সময় ফ্লাইট বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিমান সংস্থাগুলো। অন্যদিকে বেবিচকেরও আয় কমে গেছে।

বেবিচকের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘সব রকমের সুরক্ষানীতি মেনে একমাত্র আমরাই চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। আমাদের সৌভাগ্য যে, এই ফ্লাইটে আমাদের কোনো কেবিন ক্রু কিংবা কোনো সহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হননি। এমনকি কোনো যাত্রীও সংক্রমিত হয়েছে বলে আমরা জানতে পারিনি। গত নভেম্বর থেকে উড়োজাহাজ সংক্রমণমুক্ত রাখতে যা ইকুইপমেন্ট, জনবল দরকার তা আমরা নিশ্চিত করেছি। ডমেস্টিকেও আমরা এটা নিশ্চিত করবো।’

তিনি বলেন, ফ্লাইট উড্ডয়নের আগে সয়ংক্রিয় ইনফ্রারেড থার্মেমিটারে সব যাত্রীকে পরীক্ষা করা হবে। এ ছাড়া যাত্রীদের মাস্ক, গ্লাভস সরবরাহ এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে ফ্লাইটে বসানো হবে। প্রতিটি উড়োজাহাজ অবতরণের পর প্রতিটি সিট জীবানুমুক্ত করা হবে। এমনকি বাসগুলোকেও প্রতিবার জীবানুমুক্ত রাখা হবে।

ট্রাভেল এজেন্সিগুলো বলছে, অভ্যনন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় আগামী ৭ মে পর্যন্ত বেবিচকের নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে তারা ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের টিকিট বিক্রি করছেন। এয়ারলাইনসগুলোও তাদের টিকিট বিক্রি ও ফ্লাইট শিডিউল খোলা রেখেছেন। তবে সরকারি সিদ্ধান্তে ফ্লাইট বন্ধ থাকলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

বেবিচক সূত্রে জানা গেছে, ফ্লাইট চালুর ক্ষেত্রে কী কী ঝুঁকি আছে, একই সঙ্গে ফ্লাইট বন্ধ থাকায় এয়ারলাইনসগুলোর বর্তমান ও ভবিষ্যৎ কতটা ক্ষতি হচ্ছে সেগুলো পর্যালোচনা করে দেখছে বেবিচক। তবে পুরো বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

কৃষি প্রণোদনা নিয়ে কোন দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা : কৃষিমন্ত্রী

0

কৃষি প্রণোদনা নিয়ে কোন অনিয়ম-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে মন্তব্য করে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি বলেছেন, করোনা পরিস্থিতিতে বর্তমানের কৃষি উৎপাদন ধারা অব্যাহত রাখতে এবং উৎপাদন বাড়াতে ভবিষ্যতের ফসলের উপর অত্যন্ত গুরুত্ব দেয়া হচ্ছে। আউশের জন্য বীজ ও সার প্রভৃতি প্রণোদনা বিনামূল্যে সারাদেশে কৃষকের কাছে সরবরাহ করা হয়েছে। পাটবীজ ও তিলের বীজ দেয়া হয়েছে। গ্রীষ্মকালীন শাকসবজির জন্যও প্রণোদনা দেয়া হচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে ৫০০০ কোটি টাকার ৪% সুদে ঋণ প্রণোদনা ঘোষণা দেয়া হয়েছে। এর সাথে কৃষিখাতে ৯০০০ কোটি টাকার ভর্তুকি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সার্বিক কৃষিখাতের ক্ষতি কাটিয়ে উঠতে ১৪,৫০০ কোটি টাকার কৃষিঋণ ৯% সুদের স্থলে মাত্র ৪% সুদে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব প্রণোদনা বিতরণে কোন অনিয়ম-দুর্নীতি হলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কৃষিমন্ত্রী শনিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও বর্তমান পরিস্থিতি’ শীর্ষক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) করোনার কারণে বিশ্বের তিন কোটি মানুষের অনাহারে মৃত্যু হতে পারে বলে যে আশঙ্কা করছে, তার প্রভাব বাংলাদেশে পড়তে পারে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, বোরোর বাম্পার ফলন হয়েছে। জমিতে যে ফসল আছে তা যদি সঠিকভাবে ঘরে তোলা যায়, তবে আশা করা যায়, বাংলাদেশে আগামী ৭-৮মাসের মধ্যে খাদ্যের কোন ঘাটতি হবে না। বরং কিছু খাদ্য উদ্বৃত্ত থাকতে পারে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান, তানভীর হাসান ছোট মনির, মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলার সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো: আলমগীর, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রাজ্জাকসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে টাঙ্গাইলে করোনা প্রতিরোধ ও সীমিত পর্যায়ে রাখা, এবং সরকারি গাইডলাইন মেনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সঠিক ও সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ নিয়ে আলোচনা করা হয়।

কৃষিমন্ত্রী আরও বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে। খাদ্য সংকট বা দুর্ভিক্ষের আশঙ্কাও করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বার বার কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিচ্ছেন। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর আহ্বান জানাচ্ছেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী কৃষি মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কাজ করে যাচ্ছে। যাতে করে বাংলাদেশে খাদ্য সংকট না হয়,বরং বিশ্বের খাদ্য সংকটেও যাতে করে বাংলাদেশ সহযোগিতা করতে পারে, ভূমিকা রাখতে পারে।

২৬০০ পরিবারকে ত্রাণ দিলেন পরিবেশমন্ত্রী

0

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দুই হাজার ৬০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। মৌলভীবাজারে নিজ নির্বাচনী এলাকা বড়লেখা এবং জুড়ী উপজেলায় আজ শনিবার দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের বাড়িতে বাড়িতে প্রতি পরিবারে আট কেজি চাল, তিন কেজি আলু ও এক কেজি ডাল দেওয়া হয়। বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পরিবেশমন্ত্রীর সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় করেন।

খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে অনলাইনে যুক্ত হয়ে বিত্তবানদের উদ্দেশ্যে পরিবেশ মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একই সঙ্গে চলমান থাকায় অসহায় মানুষদের বেশি করে সাহায্য করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এখনই সুযোগ।

সরকারের পাশাপাশি নিজ নিজ ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের গরিব মানুষকে সাধ্যমতো সহায়তা করার জন্য স্থানীয় বিত্তবানদের প্রতি আহবান জানান পরিবেশমন্ত্রী।

করোনাভাইরাস মোকাবিলায় অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার আহ্বানও জানান পরিবেশমন্ত্রী।

এর আগে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার তিন হাজারের বেশি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রায় ৪ কোটি মানুষের কাছে পৌঁছেছে সরকারি ত্রাণ

0

করোনাভাইরাসের মত দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারাদেশে প্রায় চার কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১ মে পর্যন্ত এক লাখ ২৪ হাজার মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ করা হয়েছে এবং বিতরণ করা হয়েছে ৯২ হাজার ৩৪১ মেট্রিক টন। বিতরণকৃত চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৩ লাখ ৩৮ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ৩ কোটি ৯৫ লাখ জন।

সারাদেশের ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ টাকা প্রায় ৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে নগদ সাহায্য হিসেবে বরাদ্দ করা হয়েছে ৫২ কোটি ১৭ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে ৪১ কোটি ৬৯ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৫১ লাখ ৭৭ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা প্রায় দুই কোটি ৪২ লাখ জন।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১১ কোটি ৯৫ লক্ষ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৮ কোটি ৪২ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা দুই লাখ ৬৩ হাজার এবং লোক সংখ্যা প্রায় পাঁচ লাখ ২৬ হাজার জন।

চেন্নাই থেকে দেশে ফিরলেন আরো ১৬৭ বাংলাদেশি

0

ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়ে আটকা পড়া আরো ১৬৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার দুপুরে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ফ্লাইটটি দুপুর ২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দে অবতরণ করে। আগতদের মধ্যে ১৬৪ জন প্রাপ্তবয়স্ক ও ৩ জন শিশু। তারা সবাই ভারত থেকে স্বাস্থ্যসনদ নিয়ে এসেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে স্ক্রিনিং শেষে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে ২৫ এপ্রিল চেন্নাই শহরে আটকা পড়া ১৬৬ বাংলাদেশিকে দেশে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তার আগের দিন চেন্নাই থেকে ১৬৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।