Home Blog Page 2983

টেকনাফের পোকা পঙ্গপাল নয়, আতঙ্কের কিছু নেই

0

টেকনাফে ঘাসফড়িংসদৃশ পোকা নিয়ে আতঙ্কের কিছু নেই জানিয়ে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এসব পোকা মরুভূমি থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপালজাতীয় কোনো পোকা নয়। ইতোমধ্যে কীটনাশক প্রয়োগ করে পোকাগুলো দমন করা হয়েছে।
শুক্রবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছুদিন আগে কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বরী গ্রামের কয়েকটি গাছে ঘাস ফড়িংয়ের মতো কিছু ছোট পোকার আক্রমণ দেখা দিলে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কক্সবাজারের উপ-পরিচালক ও স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কীটনাশক প্রয়োগ করে পোকাগুলো দমন করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি ঘাসফড়িংসদৃশ এসব পোকা আবারও দেখা দিলে কৃষি মন্ত্রণালয় এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্যোগ গ্রহণ করে। শুক্রবার সকালেই কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদদের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি দল টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) থেকেও পৃথক টিম রওনা দিচ্ছে। ঘাসফড়িংসদৃশ লোকাস্ট গোত্রের স্থানীয় এই পোকা শনাক্তকরণসহ আক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও ধ্বংসে এই টিম কাজ করবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের কক্সবাজারের উপ-পরিচালকের উদ্ধৃতি দিয়ে এতে আরও বলা হয়, গতকাল কীটনাশক স্প্রে করার পর গাছে থাকা পোকাগুলো মারা যায়। সেখানে আর কোনো জীবিত পোকা নেই। এই পোকা তেমন ক্ষতিকর নয় মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব পোকা মরুভূমি থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপালজাতীয় কোনো পোকা নয়। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো যাচ্ছে।

মৃত্যু বেড়ে ১৭০, মোট শনাক্ত ৮,২৩৮

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে মোট প্রাণ হারালেন ১৭০ জন। এছাড়া একই সময়ে ৫৭১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮,২৩৮।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১৪ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৪ জন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য অনলাইন বুলেটিনে আহবান জানানো হয়।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৫৬৪ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৭,৬৬৭ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৬৮। আর একই সময়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন ১০ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৬০ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়

করোনায় দেশে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২ জনের

0

করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭০ জনে। মৃতদের একজন পুরুষ এবং অপরজন নারী। একজন ঢাকার এবং আরেকজন ঢাকার বাইরের।

আজ শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দেশে নতুন ৫৭১ জনের করোনা শনাক্ত

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮,২৩৮।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য অনলাইন বুলেটিনে আহবান জানানো হয়।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৫৬৪ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৭,৬৬৭ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৬৮। আর একই সময়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন ১০ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৬০ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য

সম্মিলিত প্রয়াসে করোনার কালো মেঘ কেটে যাবে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিয়ে যেতে হবে।

আজ শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে এই সংকটে স্বাস্থ্যখাতের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠছে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, একথা যেমন সত্য, তেমনি আমাদের লড়াই সংগ্রাম করে বেঁচে থাকার ঐতিহ্য আছে আছে অভিজ্ঞতাও। সাহস হারানোর কোন কারণ নেই। আমাদের রয়েছে শেখ হাসিনার মতো সাহসী ও সৎ নেতৃত্ব। আমাদের সীমাবদ্ধতা আমরা অতিক্রম করে যাচ্ছি।

তিনি বলেন, টেস্টিং ক্যাপাসিটি বাড়ছে। বেসরকারি হাসপাতাল সম্পৃক্ত করা হচ্ছে। এখন উনত্রিশটি সেন্টার থেকে করোনা টেস্ট করা হবে। সবার সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ।

সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বিষয়ে টেস্টিং ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। সম্পৃক্ত করা হয়েছে ২৯টি বেসরকারি হাসপাতালকে।

এ সময় মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের শ্রমজীবী মানুষদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

মহান মে দিবস আজ

0

আজ শুক্রবার, মহান মে দিবস। প্রতি বছর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি এই দিনে পালন করা হতো। কিন্তু এ বছর প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দিবসটির সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এরপরও দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়া গণমাধ্যমগুলোও প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।

প্রসঙ্গত, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপযুক্ত মজুরি আর দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে বিক্ষোভ শুরু করেন ওই শহরের হে মার্কেটের শ্রমিকরা। কিন্তু আন্দোলনরত শ্রমিকদের দমাতে মিছিলে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। এতে ১১ শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত ও গ্রেপ্তার হন আরো বহু শ্রমিক। পরে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেপ্তারকৃত শ্রমিকদের মধ্যে ছয়জনকে ফাঁসি দেওয়া হয়। এতে বিক্ষোভ আরো প্রকট আকার ধারণ করলে সারাবিশ্বে আন্দোলন ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।

এরপর ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে ১ মে কে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর ১৮৯০ সাল থেকে বিশ্বব্যাপী পহেলা মে ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালন হয়ে আসছে।

নানা পথে ঢাকা ফিরছে মানুষ

0

পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে যোগ দিতে নানা পথে ঢাকায় ফিরছে মানুষ। অনেকেই পায়ে হেঁটে বহু মাইল পথ পেরিয়ে কর্মস্থলে আসছে।

আজ শুক্রবার সকাল থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে বিভিন্ন মহাসড়কে ও ঘাটে।

কড়াকড়ির কারণে মানুষ গণপরিবহনে যাতায়াতের সুযোগ পাচ্ছে না। এ কারণে পদ্মা নদীতে ফেরিতে পার হওয়া পরিবহনের সংখ্যা খুবই কম। লঞ্চ, স্পিডবোটও বন্ধ রয়েছে। তবে বিপুলসংখ্যক যাত্রী পার হচ্ছে ফেরিতে করে।

চলছে না দূরপাল্লার কোনো পরিবহন। তবে এরই মধ্যে পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প কারখানা খুলে দেওয়ার খবরে চাকরি বাঁচাতে ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকেই পায়ে হেটে বহু মাইল হেঁটে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে আসছে।

করোনায় আরেক পুলিশ সদস্যের মৃত্যু

0

করোনাভাইরাসে প্রাণ হারালেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত এসআই নাজির উদ্দিন (৫৫)। আজ শুক্রবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট চারজন পুলিশ সদস্যের মৃত্যু ঘটল।

মরহুমের নামাজে জানাজা আজ সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালের সুপার হাসান উল হায়দার গণমাধ্যমকে জানান, গত ২৫ এপ্রিল এসআই নাজির উদ্দিনের করোনা ধরা পড়ে। এছাড়া তিনি অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

করোনা মোকাবেলায় অনুকরণীয় কাজ করে চলেছে সেনা কল্যাণ সংস্থা

0

করোনাভাইরাস মোকাবেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শুরু থেকেই সেনাবাহিনীর মাধ্যমে ও নিজস্ব ব্যবস্থাপনায় নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছে সেনা কল্যাণ সংস্থা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে ৮০০০ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করেছে সংস্থাটি।

ইতোমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সেনা কল্যাণ সংস্থার ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশক্রমে এবং সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল সাজ্জাদুল হকের নেতৃত্বে সংস্থাটি শুরু থেকেই সরকার ও জনগণের পাশে দাঁড়ায় এবং অতি দ্রুততার সাথে সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতনসহ ৫ কোটি ১০ লক্ষাধিক টাকা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করে।

এছাড়াও আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টিন সেন্টারে বিভিন্ন ব্যবহার্য সরঞ্জামাদিসহ ১৫০ শয্যা প্রদান ও স্থাপন করে দেয়। করোনা ভাইরাসের প্রকোপে সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে পড়লে কর্মহীন শ্রমিকদের মাঝেও নিয়মিত ত্রাণ বিতরণ করছে সংস্থাটি। পাশাপাশি সেনা কল্যাণ সংস্থার আহবানে সাড়া দিয়ে বাংলালিংক, ওয়ালটন গ্রুপ, ফিনিক্স গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, মোংলা সিমেন্ট ফ্যাক্টরি ডিলার্স অ্যাসোসিয়েশনের মত দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, সেনা কল্যাণ সংস্থা বাংলাদেশে সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান। স্বাধীনতা পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই সংস্থাটি ‘সেনা কল্যাণ সংস্থা’ হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে সংস্থাটি সামরিক বাহিনী হতে অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারবর্গের কল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

চালু হচ্ছে জরুরি স্বাস্থ্যসেবা টেলিমেডিসিন সেন্টার

0

করোনায় ঘরবন্দী মানুষের জরুরী স্বাস্থ্য সেবা দিতে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উদ্যোগে চালু হচ্ছে টেলিমেডিসিন সেন্টার ‘আপনার ডাক্তার’।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জানান,‘পাশেই আছি সারাক্ষণ’- এই প্রতিপাদ্যকে ধারণ করে এ সেন্টারে বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়া হবে। দেশের খ্যাতনামা ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত এ সেন্টারের সেবা পেতে ফোন করতে হবে ০৯৬১১৫৫৫২২২ নম্বরে। সেন্টারের ফেসবুক পেইজেও যোগাযোগ করা যাবে।

সূত্র জানায়, এই উদ্যোগের সহ-উদ্যোক্তা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সহধর্মিনী ডা. জাহানারা আহসান। আর প্রধান সমন্বয়ক হিসেবে থাকবেন ডা. মো. আশরাফুজ্জামান সজীব। এছাড়া সহ-সমন্বয়ক ডা. ফাইম চৌধুরী সনি, ডা. খন্দকার মুস্তাক আদনান ও ডা. মমতাজুল হাসান শিমুল।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আরো জানান, বিশ্বজুড়ে করোনা মহামারি মোকাবিলায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সহায়তা করতে হবে। আর সে তাগিদ থেকেই এই সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের চাহিদাকে নির্ধারণ করে পরবর্তী সময়ে টেলিমেডিসিন সেন্টারের সেবার পরিধি বৃদ্ধি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী মুরাদ।

তিনি বলেন, করোনাভাইরাসের ভয়াল থাবা সারা পৃথিবীকে গ্রাস করে চলেছে। আমাদের বাংলাদেশও এই বিপদের বাইরে নয়। করোনা ভাইরাসের এই মহামারিতে জীবনের ওপর ঝুঁকি নিয়ে আমাদের দেশের চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষার জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন।

দূর্যোগের এই মুহুর্তে অন্য রোগের রোগীরাও তাদের চিকিৎসার জন্য প্রয়োজন অনুযায়ী চিকিৎসা কেন্দ্রে যেতে পারছেন না। আবার ঘরে থাকার কারণে সময়মত চিকিৎসকের পরামর্শও নিতে পারছেন না। তাই মহামারির এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পরিবার মানুষের সেবায় টেলিমেডিসিন প্রক্রিয়ার মাধ্যমে সঠিক চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করবেন। আর এটি হবে সম্পূর্ণ বিনা খরচে।