Home Blog Page 2991

রোজা রাখছেন অমুসলিম ব্রিটিশ এমপি পল ব্রিস্টো, ইসলামকে বুঝতে চান

0

করোনাভাইরাসের মহামারির মধ্যে এবার ভিন্ন আবহে শুরু হলো রোজার মাস পবিত্র রমজান। যুক্তরাজ্যে শুক্রবার থেকে শুরু হয়েছে রোজা। ইসলাম ধর্মালম্বীরা সাধারণত রমজান মাসে রোজা রাখেন। কিন্তু এবার ইসলামকে আরো ভালোভাবে বোঝতে রোজা রাখছেন যুক্তরাজ্যের অমুসলিম এমপি পল ব্রিস্টো।

ইংল্যান্ডের পিটারবারোরের কনজারভেটিভ পার্টির সাংসদ পল ব্রিস্টো টুইটারে ভিডিওর মাধ্যমে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, রমজান হলো উপাসনার সময়। রমজানের প্রথম সপ্তাহে আমিও রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি।

ব্রিটিশ এই সাংসদ বলেন, রমজানের প্রথম সপ্তাহে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুসলমান নই। তবে আমার শহর পিটারবারোতে বসবাসরত আনুমানিক ২০ হাজার মুসলমানের সঙ্গে এই অভিজ্ঞতা নিতে চাই। এটি একই প্রবণতা যা আমাকে লেন্টের জন্য চকলেট ছেড়ে দিতে হয়েছিল। আমি ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে চাই।

করোনার কারণে যুক্তরাজ্যে চলছে লকডাউন। এসময়ে রোজা রাখার ও রোজার সময় উপাসনা করার জন্য কিভাবে নিজেদের পরিচালনা করতে হবে; সেই বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে দেশটির মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)।

যুক্তরাজ্যজুড়ে অনেকগুলো মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম চালু করেছে। এরই মধ্যে ইমামরা তাদের সম্প্রদায়ের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে মিশে মনোবল বৃদ্ধির করার চেষ্ট করছেন। গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রভাবশালী সেলিব্রিটিরা ‘রমজানএটহোম’ নামের একটি ক্যাম্পেইন পরিচালনা করছেন। তাতে মুসলমানদের এই রমজানে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তারা।

সূত্র: মিডিলইস্ট মনিটর।

বাঙালি তরুণী অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন গবেষক দলে

0

চারদিকে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গেছেন। লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখনো কোনো ধরনের ওষুধ বা ভ্যাকসিন উদ্ভাবন করা সম্ভব হয়নি। তবে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষক দল করোনার টীকা আবিষ্কারের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছেন। আর সেই দলের অন্যতম সদস্য কলকাতার বাসিন্দা বাঙালি নারী চন্দ্রা দত্ত।

অক্সফোর্ডে বসবাসারী ৩৪ বছরের চন্দ্রা কোয়ালিটি অ্যাসিউরেন্স ম্যানেজার হিসেবে কাজ করছেন। গত বৃহস্পতিবার মানব শরীরের পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে এই ভ্যাকসিন। হিউম্যান ট্রায়ালে উত্তীর্ণ হয়ে গেলে এই ভ্যাকসিন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে সাধারণের জন্য পাওয়া যাবে। করোনা ভ্যাকসিন টিমের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন চন্দ্রা।

কলকাতার গলফ গার্ডেনের বাসিন্দা চন্দ্রা গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। তারপর হেরিটেজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোজি নিয়ে পড়াশোনা করে ২০০৯ সালে বায়ো টেকনোলজিতে এমএসসি পড়তে যুক্তরাজ্যে চলে যান তিনি। আর এখন করোনার ভ্যাকসিন খোঁজা সেই দলের সঙ্গে কাজ করছেন।

সূত্র: এই সময়।

অক্টোবরের মধ্যেই ভারতের বাজারে আসবে করোনার ভ্যাকসিন!

0

করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন এই মারণ রোগে। কিন্তু কোনো ধরনের ওষুধ কিংবা ভ্যাকসিন উদ্ভাবন করা সম্ভব হয়নি এখনো। তবে আশার কথা শোনাল সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। তাদের দাবি, সব ঠিক থাকলে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভারতে করোনার ভ্যাকসিন উৎপাদন শুরু হয়ে যাবে।

সংস্থাটি জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ভারতে তারা কভিড ভ্যাকসিন তৈরি করবে। আর পরিকল্পনা মাফিক কাজ এগোলে আগামী অক্টোবরের মধ্যেই ভারতের বাজারে এই মারণ ভাইরাসের টিকা চলে আসবে বলেও আশ্বস্ত করেছে তারা।

করোনার টিকার অপেক্ষায় পথ চেয়ে আছে গোটা বিশ্ব। ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত এই মারণ রোগ থেকে মুক্ত হওয়ার কোনো আশা নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের প্রধান। এমন এক সময়ে বিভিন্ন মহলে আশা জাগিয়ে ভ্যাকসিন তৈরির লক্ষ্যে এরই মধ্যে বেশ কয়েক দাপ এগিয়ে গিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। মানব শরীরে এর ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। অক্সফোর্ডের এই গবেষণায় বিশ্বের যে সাতটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে তার মধ্যে অন্যতম ভারতের সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ডের গবেষকদের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে চলেছেন পুনের এই সংস্থার বিজ্ঞানীরাও।

সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডক্টর হিলের সঙ্গে আমাদের দল কাজ শুরু করেছে। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ভ্যাকসিন উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আমাদের প্রত্যাশা। এর পরে প্রাথমিকভাবে প্রথম ছয় মাসের মধ্যে আমরা ৫০ লক্ষ ডোজ উৎপাদন করতে পারব। এর পরে বাড়িয়ে মাসে এক কোটি ডোজ করোনা ভ্যাকসিন উৎপাদন করার সক্ষমতা আমরা অর্জন করব।

আদর পুনাওয়ালা আরো বলেন, মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগে সব ধরনের মানদণ্ড সফলভাবে শেষ হলে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে ভারতের বাজারে করোনার প্রতিষেধক চলে আসবে বলে আমাদের প্রত্য়াশা। আগামী দুই থেকে তিন সপ্তাহ পরে আমরা এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারব বলে আশা করা যায়।

পিপিই নেই বলতে বলতে ৫ তলার জানালা দিয়ে মাটিতে; দুর্ঘটনা না মৃত্যুচেষ্টা?

0

চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই করোনাভাইরাস কালো থাবা বসিয়েছে। রাশিয়াতেও ছড়িয়ে পড়েছে করোনা। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস রোগীদের চিকিত্সার জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামের অভাব রয়েছে দেশটিতে।

সুরক্ষামূলক সরঞ্জামের অভাবের বিষয়টি ফোনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর সময় পাঁচতলার উপর থেকে জানালা দিয়ে পড়ে গেছেন এক নারী ডাক্তার! তবে তিনি পড়ে গেছেন নাকি নিজেই ইচ্ছা করে লাফ দিয়েছেন সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ডা. ইলিনা নেপম্ন্যাশচায়া তার হাসপাতালে করোনাভাইরাস রোগীদের চিকিত্সার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। গত শনিবার তিনি ডাক্তার এবং নার্সদের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের ‘তীব্র ঘাটতি’র ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাচ্ছিলেন ফোন কলের মাধ্যমে। কিন্তু হঠাৎ করেই তিনি পাঁচতলার উপর থেকে পড়ে যান। ওই সময় রাশিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলের স্বাস্থ্য বিভাগের প্রধানের সঙ্গে কথা বলছিলেন তিনি।

ক্রাসনোয়ারস্ক রিজিওনাল হাসপাতালের প্রধান এই নারী ডাক্তার। তার হাসপাতালের আরো একটি বিল্ডিং করোনা হাসপাতালে রূপান্তরিত করার বিরোধিতা করছিলেন। মূলত ডাক্তার ও নার্সদের পিপিইর তীব্র ঘাটতি ও সঠিক প্রশিক্ষণের অভাব রয়েছে বলেই তিনি এই বিরোধিতা করছিলেন। সম্ভবত এই পরিস্থিতির হতাশা থেকেই এই কাজ করে থাকতে পারেন তিনি।

বর্তমানে ওই হাসপাতালেই তিনি ভর্তি। বাঁচার জন্য লড়াই করছেন তিনি। তবে স্বাস্থ্য কর্মকর্তারা তার বেঁচে থাকার সম্ভাবনা সম্পর্কে কথা বলতে রাজি হননি। পাঁচতলার উপর থেকে পড়ে গেছন নাকি নিজেই লাফ দিয়েছেন; সেই বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যেই। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

ক্রাসনোয়ারস্ক অঞ্চলের স্থানীয় সরকারের উপপ্রধান আলেক্সি পোডকোরিতোভ বলেন, এই ঘটনায় অনেক কিছুরই ধারণা করা যেতে পারে। তবে তার মধ্যে কিছু বাজে চিন্তা ভাবনা ছিল। তার নিজ কক্ষের জানালা দিয়ে ঝাঁপিয়েও পড়তে পারেন তিনি। এটি হতে পারে। কারণ এখন বসন্তকাল চলে, তার ওপর আবার কিছু চাপ রয়েছে, পরিবারের কিছু সমস্যাও রয়েছে। কিন্তু আসলে কি হয়েছিল তা বলা কঠিন। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।

কিম ‘জীবিত ও সুস্থ’, দাবি দক্ষিণ কোরিয়ার

0

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ‘জীবিত ও সুস্থ’ আছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান উপদেষ্টা মুন চুং-ইন আজ সোমবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

চুংয়ের আরও দাবি, এই মুহূর্তে কিম রয়েছেন উত্তর কোরিয়ার উনসানের একটি রিসর্টে। দেশের পূর্ব প্রান্তের ওই রিসর্টে গত ১৩ এপ্রিল থেকেই নাকি কিম রয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, ‘কোনো রকমের সন্দেহজনক বিষয়ও সেখানে নজরে আসেনি।’

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে বিশ্ব জুড়েই শুরু হয়েছে জল্পনা। হংকংয়ের একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, মারা গেছেন উত্তর কোরিয়ার শাসক কিম। মার্কিন সংবাদমাধ্যম অবশ্য সে দাবি না করলেও জানিয়েছে, মধ্য তিরিশের শাসকের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারের পর তিনি অসুস্থ। সেই সঙ্গে কিম যে উনসানে রিসর্টে রয়েছেন, সে সম্ভাবনার কথাও তুলে ধরেছে একটি মার্কিন ওয়েবসাইট।

উত্তর কোরিয়ায় নজরদারির জন্য তৈরি ‘৩৮ নর্থ’ নামের ওই ওয়েবসাইটের দাবি, গত ২১ এপ্রিল উনসানে একটি বিশেষ ট্রেন পৌঁছায়। ২৩ তারিখ পর্যন্ত তা সেখানে ছিল। মার্কিন উপগ্রহ চিত্রে তা ধরাও পড়েছে, কিম এবং তার পরিবার যে বিশেষ ট্রেনটিতে সফর করেন সেটিই উনসানে গিয়েছে। ফলে উনসানের একটি রিসর্টে কিমের থাকার সম্ভাবনা আরও প্রবল হয়েছে।

গত ১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং-উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়।

সূত্র: সিএনএন।

করোনার দুঃসময়ে সিরিয়ায় বিমান হামলা চালাল ইসরায়েল

0

করোনার এই দুঃসময়ের মধ্যেও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তহাতে ইসরায়েলের আক্রমণ মোকাবেলা করেছে। ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকশে নিষ্ক্রিয় করে দিয়েছে তারা। সিরিয়ার সরকারের বার্তা সংস্থা সানা এই তথ্য জানিয়েছে।

সানা জানিয়েছে, কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়া হয়। আজ সোমবার সকালে এই হামলা চালানো হয়। আক্রমণটি করা হয়েছিল প্রতিবেশী লেবাননের আকাশসীমা থেকে। লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল এই হামলা চালিয়েছে।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে অনেক বার হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান ও হিজবুল্লাহদের সমর্থন করে এমন অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে দেশটি। ২০ এপ্রিল পামিরা মরুভূমির কয়েকটি লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছিল ইসরালের পক্ষ থেকে। তখন তিন জন সিরিয়ান যোদ্ধা এবং তিন জন বিদেশি যোদ্ধা নিহত হন। সিরিয়ান হিউমান রাইটস অবসেরভেটরি গ্রুপ এই তথ্য জানায়।

সিরিয়ায় ইসরায়েল বিমান হামলা চালালেও স্বীকার করেছে খুব সময়েই। দেশটির পক্ষ থেকে বলা হয়, সিরিয়ার ভেতরে ইরানের শক্তী কার্যকর হতে দেবে না। তাই তারা হামলা চালায়।

চীনের সঙ্গে ২৬৫ মিলিয়ন ডলারের চুক্তি সৌদির, করোনা টেস্ট বাড়বে

0

করোনা মোকাবেলায় চীন থেকে চিকিৎসা সামগ্রী ক্রয়ের জন্য দুইশ ৬৫ মিলিয়ন বা ২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে সৌদি আরব। গতকাল রবিবার দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে সৌদি আরবে দৈনিক ৬০ হাজার করোনাভাইরাস পরীক্ষা সম্ভব হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এই চুক্তির আওতায় চীন থেকে ছয়টি পরীক্ষাগার ও পাঁচশ বিশেষজ্ঞের সহায়তা নেবে সৌদি আরব। বিশাল পরিমাণ টেস্ট কিট আমদানিও করবে। এর ফলে দৈনিক ৬০ হাজার করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে দেশটিতে। চীন থেকে পাঁচশ টেস্ট কিট বিশেষজ্ঞও সৌদি আরবে এসে স্থানীয় টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবেন। সৌদি আরবের ন্যাশনাল ইউনিফায়েড প্রকিউরম্যান্ট কম্পানি ও চীনের বেইজিং জিনোম ইনস্টিটিউটের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সৌদি আরবে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার আরও কয়েকটি সংস্থার কাছ থেকে করোনা পরীক্ষার কিট কিনেছে। যার পরিমাণ ছিল ১৪ দশমিক ৫ মিলিয়ন। আর এবার চীন থেকে কিনতে যাচ্ছে বিপুল পরিমাণ করোনা পরীক্ষার কিট।

সৌদি আরবে ১৭ হাজার পাঁচশ ২২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন একশ ৩৯ জন। করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই নানা পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। করোনার বিস্তার ঠেকাতে দেশটির মসজিদে জমায়েত বন্ধ ও সারাদেশে কারফিউ জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে মক্কা ছাড়া বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ কিছুটা স্তগিত করেছে সৌদি আরব।

সূত্র: দ্য ন্যাশনাল।

করোনাভাইরাস রোধে বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রম

0

করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ বিমানবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

বিমানবাহিনীর পক্ষ থেকে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এর কর্তৃপক্ষের নিকট মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এবং হ্যান্ড গ্লাভস সহ চিকিৎসা সহায়ক সামগ্রী হস্তান্তর করেন।

করোনাভাইরাসের কারণে উদ্ভুত এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সমাজের নিম্ম আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঘাঁটি বঙ্গবন্ধু ও এর পাশ্ববর্তী এলাকার নিম্ম আয়ের জনগণের মাঝে আজ সোমবার উপযুক্ত প্যাকেটের মাধ্যমে চাউল, ডাল, তৈল, পেয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে। সামাজিক দুরত্ব বজায় রেখে বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ এই সাহায্য বিতরণ করেন।

জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

স্বাস্থ্যবিধি মেনে বিদ্যুতায়ন সংশ্লিষ্ট প্রকল্প দ্রুত বাস্তবায়ন করুন

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শতভাগ বিদ্যুতায়ন সংশ্লিষ্ট প্রকল্প দ্রুত বাস্তবায়ন করুন। স্বাস্থ্যবিধি মেনেই প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ ও মন্ত্রণালয়ের শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে ও আনুষঙ্গিক অন্যান্য কাজে যে পরিমাণ রাজস্ব প্রয়োজন তা জরুরি ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়কে অভিহিত করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আজ সোমবার তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও কম্পানির সাথে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও অগ্রগতি সভায় বক্তব্যকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় উৎপাদন হ্রাস পাওয়া বা সময়মতো বিল না পাওয়ায় আগামীতে সংস্থাসমূহের যে রাজস্ব ঘাটতি হবে তার একটি পুঙ্খানুপুঙ্খ চিত্র প্রয়োজন। তা নিয়ে সরকার ও দাতা সংস্থার সাথে আলোচনা করা যেতে পারে। ইতিমধ্যে বিশ্বব্যাংক প্রকল্পে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। বিদ্যুৎ বিভাগ বিনিয়োগ বা জিওবি খাতে ৮৭টি, প্রকল্প সহযোগিতা খাতে ১১টি ও নিজস্ব অর্থায়নে ৬টিসহ মোট ১০৪ টি প্রকল্প বাস্তবায়ন করছে। মার্চ ২০২০ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অর্থিক ৬১.৭০% ও ভৌত ৬২.৪০% অগ্রগতি হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কিত ভার্চুয়াল এই সভায় অন্যান্যদের মাঝে বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এবং দপ্তর ও কম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।

করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেছেন মাইক পম্পেও

0

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। একই সঙ্গে তিনি আমেরিকানদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতারও প্রশংসা করেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কভিড-১৯ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর লেখা চিঠি ড. মোমেনকে হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকার ওপর কভিড-১৯ এর বিরূপ প্রভাব, বিশেষ করে রপ্তানি আদেশ প্রত্যাহারের কারণে এ দেশের তৈরি পোশাক শিল্পের ওপর প্রভাব তুলে ধরেন। তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের জন্য সুবিধা প্রত্যাশা করেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়াকে বাংলাদেশ সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। খুনি রাশেদ চৌধুরীকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠাতে তিনি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। রাষ্ট্রদূত মিলার এ ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান। মার্কিন রাষ্ট্রদূত এ ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী কভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের কৌশলগুলো তুলে ধরেন। এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।