Home Blog Page 2993

মে মাসে বাংলাদেশ থেকে করোনার বিদায়: সিঙ্গাপুরের গবেষণা

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশ থেকে আগামী ১৯ মে’র মধ্যে ৯৭ শতাংশ এবং ৩০ মে’র মধ্যে ৯৯ শতাংশ বিলীন হয়ে যাবে। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) এর ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকেরা এমন আভাস দিয়েছেন। সেইসঙ্গে গবেষকদের পূর্বাভাস, আগামী ১৫ জুলাই’র মধ্যে বাংলাদেশ থেকে এই ভাইরাস পুরোপুরি বিলীন হয়ে যাবে।

গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন, ২৯ মে’র মধ্যে বিশ্ব থেকে করোনাভাইরাস ৯৭ শতাংশ দূর হবে এবং পুরোপুরি ভাবে বিলীন হবে এই বছরের ৮ ডিসেম্বরের মধ্যে। গতকাল রবিবার এসইউটিডি’র ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব নিজস্ব ওয়েবসাইটে ১৩১টি দেশের করোনাবিষয়ক এই তথ্য তুলে ধরে।

এছাড়া এসইউটিডির পূর্বাভাসে বলা হয়েছে, ভারতে করোনার সংক্রমণ ২১ মে’র মধ্যে ৯৭ শতাংশ কমে যাবে। যুক্তরাষ্ট্রে ১১ মের মধ্যে ৯৭ শতাংশ কমে যাবে এবং ইতালিতে ৭ মে’র মধ্যে কমবে ৯৭ শতাংশ সংক্রমণ।

সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক সার মডেল দিয়ে ১৩১টি দেশের করোনা প্রাদুর্ভাবে কখন শেষ হবে তা পর্য়বেক্ষণ করেছে। ভাইরাসটি বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য, সব মিলিয়েই গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন, বাংলাদেশ থেকে ভাইরাসটির পুরোপুরি বিদায় নিতে ১৫ জুলাই পর্যন্ত সময় গড়াতে পারে। সারা বিশ্ব থেকে করোনা পুরোপুরি বিদায় নিতে পারে ৮ ডিসেম্বরের মধ্যে। করোনার বিদায়ের দিনক্ষণের বিষয়ে এমন পূর্বাভাস এটাই প্রথম।

এদিকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ লাখ । এতে মারা গেছে ২ লাখের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

‘সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে স্কুল-কলেজ’

0

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস মোকাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, স্কুলসহ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান একটিও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকতে পারে। দেখা যাক করোনাভাইরাস পরিস্থিতি কী হয়। যখন এটি থামবে তখন আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলব।

আজকের ভিডিও কনফারেন্সে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজনৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জিদের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নিয়ে মত‌বি‌নিময় করছেন।

এর আগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

করোনা জয় করে কাজে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

0

করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এ আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সুস্থ হয়েছেন আগেই, এবার তিনি কাজে ফিরতে যাচ্ছেন। শনিবার রাতে স্কাই নিউজ জানিয়েছে, সোমবার থেকে ডাউনিং স্ট্রিটে ফিরছেন তিনি।

হাসপাতাল ছাড়ার পর থেকে বাড়িতেই বিশ্রাম করছিলেন জনসন। দুইদিন আগে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছিলেন, এখনও বরিসের কাজে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে শিগগিরই তিনি কাজে ফিরবেন।’

শনিবার স্কাই নিউজ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শের ওপর ভিত্তি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারেন। এতে আরও বলা হয়, ‘শুক্রবার চেকার্সে তিনি উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানককের সাথেও দেখা করবেন তিনি এবং তার স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসবেন।’

মার্চের শেষের দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এক সপ্তাহের বেশি সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর ৫ এপ্রিল (রবিবার) লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ১২ এপ্রিল (রবিবার) হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

সূত্র- স্কাই নিউজ।

করোনামুক্ত উহান, নেই কোন রোগী

0

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের শুরুটা হয়েছিল চীনের উহান শহরে। তবে প্রাণঘাতী এই ভাইরাস এখন বিশ্বজুড়ে তাণ্ডব চালালেও উৎস শহর উহান করোনামুক্ত। শহরটিতে করোনা রোগীর সংখ্যা পুরোপুরি শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং গণমাধ্যমকে বলেন, ‘২৬ এপ্রিল পর্যন্ত সর্বশেষ খবর হচ্ছে, উহানে করোনা রোগীর সংখ্যা শূন্য। এর জন্য উহান ও সারাদেশের স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রচেষ্টাকে ধন্যবাদ।’

সরকারি হিসাব অনুসারে, উহানে এ পর্যন্ত ৪৬ হাজার ৪৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা গোটা চীনে মোট রোগীর প্রায় ৫৬ শতাংশ। উহানে মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন, যা চীনে মোট মৃত্যুর প্রায় ৮৪ শতাংশ।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮৩ হাজার ৯০৯ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন। শনিবার নতুন করে ১১ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল চীনা কর্তৃপক্ষ।

করোনা মহামারির কারণে গত জানুয়ারি মাসের শেষ দিকে লকডাউন নির্দেশনা জারি করা হয় উহানসহ গোটা হুবেই প্রদেশে। বন্ধ করে দেয়া হয় সবধরনের যান, কলকারখানা, বিমান চলাচল। জরুরি নিত্যপণ্য কেনা ছাড়া বাইরে বের হওয়ায় দেয়া হয় কড়া নিষেধাজ্ঞা।

মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি লকডাউন তুলে নিয়েছে উহান কর্তৃপক্ষ। তবে বহিরাগতদের এখনও পরীক্ষা ছাড়া শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। কারণ, বাকি অঞ্চলগুলোতে সংক্রমণ কমে গেলেও উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে রাশিয়াফেরত নাগরিকদের মাধ্যমে করোনা রোগীর সংখ্যা বাড়ছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস।

৫ কোটি মানুষের ‘ই্মিউনিটি টেস্ট’ করবেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা!

0

যুক্তরাজ্য সরকার অনুমোদিত একটি ‘ম্যাস র‌্যাপিড টেস্টিং কনসোর্টিয়াম’ শুরু করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা এটাকে ইমিউনিটি টেস্টের ক্ষেত্রে এক যুগান্তকারী মূহুর্ত বলে দাবি করেছেন। এই প্রকল্পে ৫ কোটি মানুষের ইমিউনিটি টেস্ট করা হবে।

রবিবার ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সরকার ৫ কোটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষার উদ্যোগ নিয়েছে। সেখানে দেখা হবে যে কারো করোনভাইরাস হয়েছে কি-না।

কনসোর্টিয়ামের বিজ্ঞানীরা বলেছেন যে, জুনের মধ্যে ১০ লাখ পিনপ্রিক টেস্ট কিট পাওয়া যাবে, যার প্রতিটির জন্য ১০ ডলার ব্যয় হবে এবং ২০২১ সালের মধ্যে ৫ কোটি মানুষের ইমিউনিটি পরীক্ষা করা হতে পারে।

রক্তের একটি ছোট্ট নমুনা নিয়ে এই পরীক্ষা করা হবে। মাত্র ২০ মিনিটের মধ্যে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। পরীক্ষাগুলোতে সংক্রামিত রোগীদের রক্ত ​​বিশ্লেষণ করে ফলাফল তৈরি করা হবে। এমনকি যাদের মাঝে কোন লক্ষণ নেই তাদেরও এই পরীক্ষায় করোনা সনাক্ত হবে।

টেস্টিং কনসোর্টিয়ামের প্রধান জোনাথন অ্যালিস রবিবার বলেছেন, ‘মানুষের যেসব ক্ষেত্রে অ্যান্টিবডি রয়েছে সেগুলোর শতভাগ আমরা বাছাইয়ের কাছাকাছি। এখন এটির উৎপাদন প্রক্রিয়া কিভাবে বাড়ানো যায় সেটাই প্রশ্ন।’

স্বাস্থ্যমন্ত্রী লর্ড বেথেল বলছিলেন, ‘আমাদের নির্মাতারা কিভাবে কভিডের চ্যালেঞ্জের মোকাবেলায় দুরন্ত গতিতে এগিয়ে চলেছে এটি তার একটি দুর্দান্ত গল্প, এবং আমি আশাবাদী যে এই পণ্যটি এই ভয়াবহ রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে প্রভাব ফেলবে।’

একটি সরকারী সূত্র বলছিল, ‘এটি গেম চেঞ্জার হতে পারে – ভাইরাসকে আরো জোরালোভাবে ফিরে আসা প্রতিরোধ করতে এটা একটি যুগান্তকারী মুহূর্ত।’

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৩১৯ জনের।

সূত্র- লন্ডন লাভস বিজনেস।

করোনার ভ্যাকসিন নেওয়া সেই নারী সুস্থ, মৃত্যুর খবর মিথ্যা

0

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছিলেন ড. এলিসা গ্রানাটো। তিনি বর্তমানে সুস্থ আছেন। অক্সফোর্ডে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম পরীক্ষায় সর্বপ্রথম অংশ নিয়েছেন তিনি। আর তিনি মারা গেছেন বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে। কিন্তু বিবিসি বলছে সোশ্যাল মিডিয়ার ওই সব খবর গুজব।

বিষয়টি নিশ্চিত করেছেন বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা ফারগাস ওয়ালশ। তিনি বলেন, ‘ড. এলিসা গ্রানাটো ভালো আছেন, সুস্থ আছেন।’ ড. গ্রানাটোর সাথে আজ রবিবার সকালে স্কাইপে তার কয়েক মিনিট কথাও হয়। সে সময় ওই ভ্যাকসিন ভলান্টিয়ার, যিনি পেশায় একজন মাইক্রোবায়োলজিস্ট; জানান, তিনি খুবই ভালো আছেন। আজকের সুন্দর রোদ উপভোগ করছেন তিনি।

ড. গ্রানাটো জানান, তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে অনলাইন গ্রুপচ্যাট করেছেন, এবং তাদের আশ্বস্ত করেছেন যে কোথাও তার মৃত্যুর খবর দেখলে তারা যেন ঘাবড়ে না যান।

শনিবার একটি ওয়েবসাইট থেকে তার মৃত্যুর গুজব ছড়ায়। অক্সফোর্ড ভ্যাকসিন কর্মসূচির প্রধান প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড মানবদেহে এই ভ্যাকসিন পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, এই ধরনের গুজব এই প্যানডেমিক মোকাবেলায় চেষ্টায় সমস্যা তৈরি করবে। এমন গুজব ছড়াতে দেওয়া যায় না।

ড. গ্রানাটো ইউরোপে প্রথম ব্যাক্তি, যার দেহে প্রথম পরীক্ষামুলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাকে টিকা দেওয়া হয় বৃহস্পতিবার বিকালে। আজ রবিবার সকালে ভ্যাকসিন সেন্টারে গবেষকরা তাকে পরীক্ষা করেন এবং তার শরীর থেকে রক্তের নমুনা নিয়েছেন।

ভারতে নতুন ভাইরাস আতঙ্ক, ১৯০০ শূকরের মৃত্যু

0

করোনা মহামারির মাঝে ভারতে ছড়িয়েছে নতুন ভাইরাস আতঙ্ক। রহস্যজনক এই ভাইরাসে এরই মধ্য ১৯০০ শূকর মারা গেছে, তাই শূকরের মাংস কেনা-বেচা বন্ধ করেছে আসাম সরকার। আসামের অ্যানিম্যাল হাসব্যান্ডারি, ভেটিরিনারি এণ্ড এগ্রিকালচার মন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, ‘ভাইরাস সংক্রমণে বহু শূকরের মৃত্যু হয়েছে এবং মোট ১৯৬৪টি মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ছ’য় জেলায় এই ঘটনা দেখা গেছে।’

তিনি আরো বলেছেন, ‘আমাদের ভেটিরিনারি ডাক্তাররা মৃত শূকরদের নমুনা সংগ্রহ করেছেন এবং তা ভুপালের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিসিজেজ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন আমরা রিপোর্টের অপেক্ষা করছি। কিন্তু এক্ষুনি আমাদের সরকার শূকরের মাংস কেনা-বেচা ও বণ্টন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’

আসামের মন্ত্রী এই প্রসঙ্গে আরও বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে রাজ্য। খতিয়ে দেখা হচ্ছে ঠিক কতটা ভাইরাস এখনো পর্যন্ত ছড়িয়েছে। যে ছয় জেলা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের মধ্যে রয়েছে বিশ্বনাথ, ধীমাজি, ডিব্রুগড়, লাখিমপুর, সিভাসাগর এবং জোরহাট।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল শনিবার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে ছিলেন অ্যানিম্যাল হাসব্যান্ডারি, ভেটিরিনারি দফতরের বিজ্ঞানিরাও। বৈঠকটি হয় গুয়াহাটির ব্রহ্মপুত্র গেস্ট হাউসে। এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে কিভাবে মুক্তি পাওয়া যায় সে বিষয়টিও দেখতে বলা হয়েছে।

তবে মূলত যেসব কৃষকরা শূকর পালনের সঙ্গে যুক্ত তাদের দিকে তাকিয়ে এই বিষয়ে দ্রুত ব্যবস্থার নির্দেশ দিয়েছে আসাম সরকার।

সূত্র- কলকাতা ২৪।

বাহরাইন থেকে আসা ১৩৮ বাংলাদেশি কোয়ারেন্টিনে

0

বাহরাইন থেকে দেশে ফিরেছেন ১৩৮ জন বাংলাদেশি শ্রমিক। তারা সবাই দেশটিতে অবৈধভাবে বসবাসসহ শ্রম আইন লঙ্ঘনের দায়ে সাজাপ্রাপ্ত।

সম্প্রতি বিশেষ ক্ষমায় তাদের জেল থেকে মুক্তি দিয়েছে বাহরাইন সরকার। এরপর তাদের নিয়ে রবিবার বিকাল ৫টা ৪০ মিনিটে গাল্ফ এয়ারের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

কূটনৈতিক সূত্র জানায়, করোনার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিজ নিজ জেলখানা ও ডিটেনশন সেন্টারগুলো খালি করার অংশ হিসাবে আজ ১৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বাহরাইন। তারা আগেই মুক্তি পেয়েছিলেন। রবিবার তাদের উড়োজাহাজে তোলা হয়েছে।

মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় ১৫০ বাংলাদেশির দণ্ড কমিয়ে মুক্তি দেওয়া হলেও স্বাস্থ্য পরীক্ষা বিশেষ করে কভিড-১৯ এর উপসর্গ থেকে সম্পূর্ণ মুক্ত ১৩৮ জনকে বিমানে তোলা হয়েছে। বাকীদের যখন সময় হবে তখন দেশে পাঠানো হবে বলে জানান তিনি।

এদিকে গত শুক্রবার মাস্কাটের জেলে থাকা ২৮৮ জন বাংলাদেশিকে স্পেশাল ফ্লাইটে ঢাকায় পাঠিয়ে দেয় ওমান সরকার।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বাহরাইনে শ্রমিক হিসেবে তারা কাজ করতেন। অবৈধভাবে দেশটিতে বসবাস করায় বাহরাইন সরকার তাদের দেশে পাঠিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে বাহরাইন থেকে ১৩৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

বিমান বন্দরের হেলথ ডেস্ক সূত্র জানায়, ১৩৮ জনের কভিড-১৯ সংক্রমণ নেই মর্মে সার্টিফিকেট আছে। তাই তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, বাহরাইনে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২৬৩৩ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৪৫ জন।

করোনা মোকাবেলায় স্থানীয় সরকারের আরো ৫২ কোটি টাকা বরাদ্দ

0

করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, ত্রাণকার্য পরিচালনা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো ৫২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আজ রবিবার স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত জিও জারি করা হয়।

এর মধ্যে ৪৯২টি উপজেলা পরিষদের জন্য ২৪ কোটি ৪৫ লাখ, ৬১টি জেলা পরিষদের জন্য ১৬ কোটি, ১২টি সিটি করপোরেশনের জন্য ৬ কোটি ৮০ লাখ এবং ‘খ’ ও ‘গ’ শ্রেণির ১৩৮টি পৌরসভার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

এর আগে গত ২৫ মার্চ করোনা সংক্রমণ মোকাবেলায় ১২টি সিটি কর্পোরেশন, ৩২৮টি পৌরসভা ও ৪৯২টি উপজেলা পরিষদের জন্য সর্বমোট ৩৩ কোটি ২ লাখ টাকা বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছিল।

প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ সেল

0

ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম তদারকিতে উপ-সচিব ও নিম্ন পদের কর্মকর্তাদের সমন্বয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠন করছে সরকার। এ সেল গঠনের জন্য কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে আজ রবিবার চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ‘গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগ এবং সংস্থার সঙ্গে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম মনিটরিং করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গত বছরের ন্যায় দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।’

এ কার্যক্রমে সার্বিক সমন্বয়র জন্য সকল মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের নাম পাঠানোর বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়।

সকল মন্ত্রণালয় ও বিভাগ থেকে উপ-সচিব ও এর নিম্ন পদমর্যাদার কর্মকর্তাদের নামের তালিকা আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইলে (depu2@mopa.gov.bd) সফট কপি পাঠানোর জন্য চিঠিতে বলা হয়।