Home Blog Page 2996

খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

0

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

মন্ত্রী আজ শনিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনায় ঢাকা দক্ষিণ সিটির এক কর্মকর্তার মৃত্যু

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার হাসপাতালে মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ ধরা পড়ে।

শুক্রবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন সন্ধ্যায় হাসপাতালেই তার মৃত্যু হয় বলে দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় সাংবাদিকদের জানান।

তিনি বলেন, মিল্লাতুল ইসলামের মধ্যে করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। শনিবার রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।

রিপোর্ট আসার আগেই শুক্রবার ঢাকার বনানী কবরস্থানে মিল্লাতুল ইসলামকে দাফন করা হয় জানান তিনি।

ঢাকা ছাড়লেন আরো ১৭১ ব্রিটিশ নাগরিক

0

বাংলাদেশে অবস্থানরত আরো ১৭১ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। এ নিয়ে মোট ৫০৫ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছাড়লেন।

আজ শনিবার দুপুর ৩টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার আরো ১৭৭ জন ব্রিটিশ দেশ ছেড়েছেন।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে উড়োজাহাজ চলাচলে বিধিনিষেধের কারণে বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরার জন্য কোনো বাণিজ্যিক ফ্লাইট নেই। তাই একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন।

এ ছাড়া আগামীকাল রবিবার আরো একটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজের এসব ফ্লাইটে শুধুমাত্র দেশটির নাগরিকরাই ঢাকা ছাড়বেন। এর আগে গত ২১ এপ্রিল প্রথম দফায় ১৫৭ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছাড়েন।

পাঁচ দিনে ৮৩৩ জনকে দেশে আনল ইউএস-বাংলা

0

ভারতের চেন্নাইয়ে চিকিৎসায় গিয়ে লকডাউনের কারণে আটকে পড়া মোট ৮৩৩ জনকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এর মধ্যে আজ শনিবার চেন্নাই থেকে পঞ্চম ধাপে পাঁচ জন শিশুসহ মোট ১৬৬ জন আটকে পড়া বাংলাদেশিকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট দুপুর ২টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। চেন্নাই থেকে বাংলাদেশিদের দেশে ফিরে আনতে এটিই ছিল ইউএস-বাংলার শেষ ফ্লাইট।

বিমান সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘এ নিয়ে পাঁচ ফ্লাইটে চেন্নাই থেকে মোট ৮৩৩ জনকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।’

বিমানবন্দর সূত্র জানায়, যারা ফিরেছেন তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। হজ ক্যাম্পে স্ক্রিনিংয়ের পর তাদের প্রয়োজন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এদিকে লকডাউনে আটকে পড়া ১৬৩ জন বাংলাদেশি নাগরিক দিল্লি থেকে দেশে ফিরেছেন। শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা।

ইসরায়েলি জনগণকে বাঁচাতে ফের চুরি করেছে ‘মোসাদ’!

0

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সবচেয়ে প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম বিভিন্ন দেশ থেকে চুরি অথবা জোর খাটিয়ে ইসরায়েলে নিয়েছিলেন দেশটির দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ। এবার আবারো একই ধরণের কাজ করেছে কুখ্যাত এই সংস্থাটি। হাহাকারের এই সময়ে বেশি দাম দিয়ে হোক কিংবা প্রতারণার মাধ্যমেই হোক- অন্য দেশের কাছ থেকে ছিনিয়ে মেডিক্যাল সরঞ্জাম ইসরায়েলে নিয়েছে মোসাদ। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চ্যানেল ১২ এর খবরে বলা হয়েছে, মোসাদ ইসরায়েলে আরো বিপুল পরিমাণ করোনভাইরাস সরঞ্জাম সরবরাহ করেছে। নতুন সরবরাহ করা এসব সরঞ্জামের মধ্যে রয়েছে, পিসিআর কিটস সহ আরো এক হাজার করোন ভাইরাস পরীক্ষার সরঞ্জাম। এছাড়া আরো রয়েছে, ভেন্টিলেটর, হ্যান্ড স্যানিটাইজিং জেল তৈরির ফ্লাস্ক, দক্ষিণ কোরিয়ার রিএজেন্টস, টেস্ট করার জন্য ব্যবহৃত একটি মেডিকেল পণ্য এবং ভারত থেকে এইচআইভি ওষুধ যা বর্তমানে করোনভাইরাস রোগীদের পরীক্ষামূলক চিকিৎসা হিসাবে ব্যবহৃত হচ্ছে।

চ্যানেল-১২ আরো বলেছে, মোসাদ ৪৭টি ভিন্ন ভিন্ন ওষুধ এবং অ্যানেসথেটিকস কেনার বা অন্য যে কোন উপায়ে অর্জন করার বিষয়ে কাজ করছে। বর্তমানে ইসরায়েলে এই ওষুদ ও সরঞ্জামগুলোর অভাব রয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মোসাদকে বিদেশ থেকে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করার দায়িত্ব দিয়েছে ইসরায়েল। মোসাদ পরিচালক ইয়োসি কোহেন জাতীয় সুরক্ষা ইউনিট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একটি বিশেষ কমান্ড কেন্দ্রের প্রধান। এই সংস্থাটি এখন পর্যন্ত বিপুল পরিমাণে ভেন্টিলেটর, ১০ লাখ এন-৯৫ মাস্কসহ এক কোটিরও বেশি মেডিক্যাল সরঞ্জাম ইসরায়েলে নিয়েছে।

করোনার ভয়াবহ প্রাদুর্ভূত স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু উন্নত দেশ মাস্ক ও করোনা পরীক্ষার বিভিন্ন কিটের জন্য হা-পিত্যেশ করছে। অথচ মোসাদ ইসরায়েলের জন্য এরই মধ্যে লাখ লাখ পিস মাস্ক ও কিট সংগ্রহ করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমকেও মোসাদের কর্মকর্তারা জানিয়েছেন, এসব মাস্ক ও কিটের আমদানি নিশ্চিত করা হয়েছে। তবে কোথা থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানাননি তারা।

সূত্র- জেরুজালেম পোস্ট।

মোট মৃত্যু বেড়ে ১৪০, শনাক্ত ৪৯৯৮

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪,৯৯৮।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল শুক্রবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৫০৩ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৪,৬৮৯ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৪ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৩১। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১১২ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনায় আরো প্রাণহানি ৯, নতুন শনাক্ত ৩০৯

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৩০৯ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে চার হাজার ৯৯৮ জন।

আজ শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বসুন্ধরা হাসপাতালের শেষ পর্যায়ের কাজ চলছে

0

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাকে (আইসিসিবি) অস্থায়ী হাসপাতালে পরিণত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। হাসপাতালের অবকাঠামো স্থাপনের মূল কাজ শেষে এখন আনুসঙ্গিক কাজ চলছে। চলতি এপ্রিল মাসেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আইসিসিবি ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করে যাচ্ছে। কাজ শেষ হলে এটিই হবে করোনা চিকিৎসায় দেশের সবচেয়ে বড় হাসপাতাল।

আজ শনিবার সকালে নির্মাণাধীন হাসপাতাল চত্বরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার কর্মকর্তাগণ কাজের অগ্রগতি তুলে ধরেন। এসময়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম বলেন, ‘গত ১৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর পর ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এখানে সবধরনের সরঞ্জাম চলে এসেছে। এখন শুধু সেট করবো। এই মাসের মধ্যে হাসপাতালটি চালু করার যে লক্ষ্যমাত্রা ছিল, আমরা সেই লক্ষ্যমাত্রার মধ্যেই আছি। বাকি সব সুবিধা পেলে আর হাসপাতাল চালাতে অসুবিধা হবে না। ১ হাজার ২শ বেড এখানে চলে এসেছে। বাকি ৮০০ বেডও চলে আসবে।’

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসিম উদ্দিন বলেন, ‘শুক্রবার পর্যন্ত ৭৫০ বেড বসানো হয়েছে। আশা করছি আজ শনিবারের মধ্যে আরও ৫০০ বেড বসানো হয়ে যাবে। ২০১৩ বেডের হাসপাতাল বাস্তবায়নের পথে। বেড চালু রাখার জন্য সার্পোটিং সরঞ্জামগুলোও একই সঙ্গে স্থাপন করা হচ্ছে। বেড বসানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের কাজও শেষ হবে বলে আশা করছি। আমরা ২৭-২৮ এপ্রিল কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েই পরিশ্রম করছি। সেভাবেই কাজ চলছে।’

সরেজমিন হাসপাতালের বিভিন্ন অংশে ঘুরে দেখা যায়, হাসপাতাল স্থাপনের মূল অবকাঠামো স্থাপনের কাজ শেষ হয়েছে। রোগীদের শয্যা, চিকিৎসক ও সেবিকাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। রোগীদের জন্য মানসম্মত টয়লেট, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপনের কাজও প্রায় শেষ। দুই হাজার ১৩ শয্যার অস্থায়ী হাসপাতালের প্রায় অর্ধেক শয্যা ইতোমধ্যে বসানো হয়েছে। বাকি শয্যাগুলো বসানোর কাজ দুই একদিনের মধ্যেই শেষ হবে। আর প্রয়োজন দেখা দিলে এই অস্থায়ী হাসপাতালটিকে পাঁচ হাজার শয্যায় উন্নিত করার সুযোগ রাখা হচ্ছে।

করোনাভাইরাস প্রার্দুভাবে দেশের বিপদে এগিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দেওয়ার পাশাপাশি সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা। এর পর প্রধানমন্ত্রীর সম্মতিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল আইসিসিবি পরিদর্শন করে। পরে এখানে অস্থায়ী হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। আইসিসিবির সুবিশাল চারটি কনভেনশন হল ও একটি এক্সপো জোনে দেশের অন্যতম বৃহৎ হাসপাতাল স্থাপনের কাজ বাস্তবায়ন করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যত দিন এই মহামারি থাকবে এবং সরকারের যত দিন ব্যবহারের প্রয়োজন হবে তত দিন আইসিসিবি ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

কিট হস্তান্তর করল গণস্বাস্থ্য,

0

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কাছে করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ কিট হস্তান্তর করা হয়। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য করোনাভাইরাস টেস্টিং কিট সরকারের কাছে হস্তান্তরের কথা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিল না সরকারের কোনো প্রতিষ্ঠান।

কিট হস্তান্তর অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদেরকে সিডিসি কনফার্ম করেছিল আসবে, একমাত্র তারাই এসেছে। সিডিসিকেই আমরা দিয়ে দেব। বাকিদেরকে আমরা কালকে সরকারিভাবে প্রত্যেকের অফিসে পৌঁছে দেব। আমাদের দুঃখ, আপনাদের সামনে হস্তান্তর করতে পারছি না।

ডা. জাফরুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন, ওষুধ প্রশাসনের মহাপরিচালক (ডিজি) আমাকে জানিয়েছেন, আজকে তাঁরা আসতে পারবেন না। জানি না, আজকে তাঁরা কেন আসতে পারলেন না। মন্ত্রীকেও (স্বাস্থ্যমন্ত্রী) আমরা তিন দিন আগে এই অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ জানিয়েছিলাম। উত্তর পাইনি। মন্ত্রী এখন অত্যন্ত ব্যস্ত মানুষ। হতেই পারে। কারণে-অকারণে অনেক ব্যস্ত আছেন, লেনদেনের ব্যাপারও হয়তো আছে।

ডা. জাফরউল্লাহ আরো বলেন, আমরা আর্মি প্যাথলজি ল্যাবরেটোরিকেও আমন্ত্রণ করেছিলাম। তাঁরা অনুমতি পাননি বলে আসতে পারবেন না। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমএসইউ) চেয়ারম্যান ফোন করে আমাকে জানিয়েছেন, তিনি অসুস্থ, তাই আসতে পারলেন না।

শুরুতেই অনুষ্ঠানস্থলে প্রদর্শিত মুক্তিযুদ্ধে নিয়াজীর আত্মসমর্পণের ছবিকে উদ্দেশ্য করে ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, ‘এটি হচ্ছে সেই ঐতিহাসিক ছবি যা সাক্ষ্য দেয় আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। শত্রুকে পর্যুদস্ত করেছিলাম। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। আজ থেকে ৪৮ বছর আগে আমরা বিজয় অর্জন করেছিলাম। ঠিক একইভাবে আমরা আজ এক মহাশক্তির বিরুদ্ধে আমাদের পদক্ষেপ এগিয়ে যাচ্ছে। এই শত্রুকে দেখা যায়নি চোখে। কিন্তু এটি সারা পৃথিবীর অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য- সবকিছুকে পর্যুদস্ত করে দিচ্ছে। এর বিরুদ্ধে গণস্বাস্থ্য কেন্দ্র’র বিজন কুমার শীল তাঁর চারজন সহকারীকে নিয়ে একটি সরল পদ্ধতি উদ্ভাবন করেছেন।

ডা. জাফর উল্লাহ বলেন, মুক্তিযুদ্ধ আমাদেরকে সাহস যুগিয়েছে। আমাদেরকে উদ্ভাবনী শক্তি যুগিয়েছে। যেমন মুক্তিযুদ্ধের মধ্যেই আমরা স্থাপন করেছিলাম বাংলাদেশ হাসপাতাল। ৪৮০ শয্যার সেই হাসপাতালে চিকিৎসক ছিলেন মাত্র চারজন। মাত্র চার সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে সেখানে আমাদের অনেক নারী সেবিকার দায়িত্ব পালন করেছিলেন। একইভাবে এবারের করোনাভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশ জয়ী হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পঙ্গপাল ধেয়ে আসছে ভারত ও বাংলাদেশের দিকে!

0

বাংলাদেশ যখন করোনাভাইরাস মোকাবেলায় ব্যস্ত তখন ধেয়ে আসছে আরেকটি ভয়াবহ বিপদ। যে আশঙ্কা ইতিপূর্বেও করা হয়েছিলো। ভারতের হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগর অতিক্রম করে একদল পঙ্গপাল সরাসরি ভারত উপদ্বীপের কৃষিজমিতে নেমে পড়তে পারে। এরপরই যাবে বাংলাদেশের দিকে।

ওই প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের বিরুদ্ধে ভারত যখন প্রাণপণে লড়ে যাচ্ছে তখন দেশটির দিকে ধেয়ে আসছে আরেকটি ভয়াবহ বিপদ। এ গৃষ্মেই ভারতের কৃষি জমিগুলোতে হামলে পড়তে পারে পঙ্গপাল। সরকারি সূত্র জানায়, দুই ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। একটি হচ্ছে চলমান করোনাভাইরাসের বিরুদ্ধে আর অন্যটি হচ্ছে পঙ্গপালকে প্রতিরোধ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে।

ওই সূত্রটি জানায়, হর্ন অব আফ্রিকা থেকে একদল পঙ্গপাল গতিপথে মরু অঞ্চলের আরেকদলের সঙ্গে যুক্ত হয়ে হানা দিচ্ছে। এদের একটি ঝাঁক ইয়েমেন, বাহরাইন, কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব এবং পাকিস্তান হয়ে ভারতে হানা দিচ্ছে। এরা ভারতের পাঞ্জাব, হরিয়ানাসহ আরো কয়েকটি এলাকায় ঢুকছে। অন্যদলটি ভারত মহাসাগর অতিক্রম করে সরাসরি ভারত উপদ্বীপের কৃষিজমিতে নেমে পড়তে পারে। এরপরই যাবে বাংলাদেশের দিকে। উভয় ঝাঁকের সম্মিলিত হামলায় ভারতের খাদ্য নিরাপত্তা সংকটে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির নীতি নির্ধারকরা।

গত ২১ এপ্রিল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, মরুর পঙ্গপাল যারা এ বসন্তে পূর্ব আফ্রিকা, ইয়েমেন ও দক্ষিণ ইরানে হানা দিয়েছে। আফ্রো-এশীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্যও তারা বড় হুমকি হয়ে উঠতে পারে।
বাংলাদেশেও আক্রমণ হতে পারে পঙ্গপালের। এ আশঙ্কা ইতিপূর্বে দেশের কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে করা হয়েছিলো। যেহেতু পঙ্গপালের বৈশিষ্ট্য হচ্ছে বাতাসের উষ্ণতার গতি অনুযায়ী চলাফেরা করে এবং এক জায়গার খাবার ফুরালেই নতুন জায়গার খোঁজ করে, সে কারণে কৃষি অধিদপ্তরের আশঙ্কা ওরা বাংলাদেশেও হানা দিতে পারে।

উদ্ভিদবিজ্ঞানীদের কাছে ইংরেজি লোকাস্ট নামে পরিচিত এই পঙ্গপাল। বাংলায় এর নাম পতঙ্গ, এটি এক জাতের ঘাসফড়িঙ। স্বভাবে কিছুটা লাজুক প্রকৃতির ইঞ্চি খানেক দৈর্ঘ্যের এই পতঙ্গ, খাবারের জন্য নিজ প্রজাতির বিপুল সংখ্যক সদস্যের সঙ্গে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়।
সাধারণত একেক ঝাঁকে কয়েক লাখ থেকে এক হাজার কোটি পতঙ্গ থাকতে পারে। তখন একে পঙ্গপাল বলে। পঙ্গপাল যখন ফসলের ক্ষেতে আক্রমণ করে, তখন তা একজন কৃষকের জন্য রীতিমত দুঃস্বপ্নের বিষয় হয়ে ওঠে।

একটি পূর্ণ বয়স্ক পঙ্গপাল প্রতিদিন তার ওজনের সমপরিমাণ খাদ্য খেতে পারে। যে অঞ্চলে তারা আক্রমণ করে, সেখানে খাদ্য শেষ না হওয়া পর্যন্ত তারা অন্য অঞ্চলে যায় না।
এফএও বলছে, এক বর্গকিলোমিটার আকারের পঙ্গপাল এক সঙ্গে যে খাবার খায় তা দিয়ে ৩৫ হাজার মানুষকে এক বছর খাওয়ানো সম্ভব। একটি বড় পঙ্গপাল দিনে ১২০ মাইল পর্যন্ত জমির ফসল খেয়ে ফেলতে পারে। কেবল খাবারই খায় না তারা, একই সঙ্গে প্রজননের কাজটিও করে।

সূত্র: দ্যা হিন্দু