Home Blog Page 2999

রোদ, তাপ, আদ্রতা ভাইরাসকে দুর্বল করে দেয়

0

সূর্যরশ্মি, তাপ এবং আর্দ্রতার সংস্পর্শে এলে করোনাভাইরাস দ্রুত দুর্বল হয়ে পড়ে বলে দাবি করেছেন একজন মার্কিন কর্মকর্তা। বৃহস্পতিবার তিনি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিক গ্রীষ্মের মাসগুলোতে করোনা মহামারি কম সংক্রামক হতে পারে।

ইউএস হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান উইলিয়াম ব্রায়ান বলেছেন, মার্কিন সরকারের গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, ভাইরাসটি বাড়ির অভ্যন্তরে এবং শুষ্ক পরিবেশে সবচেয়ে ভালভাবে বেঁচে থাকে এবং তাপমাত্রা, আর্দ্রতা বৃদ্ধি ও প্রখর সূর্যের আলোয় এটা দুর্বল হয়ে পড়ে, ফলে সংক্রামক ক্ষমতা হারায়।

হোয়াইট হাউসের এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘সরাসরি সূর্যের আলোতে ভাইরাস দ্রুত মারা যায়। তাদের এই গবেষণা আশা জাগাতে পারে যে করোনভাইরাসটি অন্যান্য শ্বাসকষ্টের ভাইরাসের মতো আচরণ করবে। যেমনটা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে দেখা যায়। সাধারণত উষ্ণ আবহাওয়ায় এই ভাইরাসগুলো কম সংক্রামক।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাস সেসব অঞ্চলেই বেশি ছড়িয়েছে, যেসব অঞ্চলে গড় তাপমাত্রা ৫ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস। আবার এসব এলাকায় আর্দ্রতাও কম। ফলে এটা ধারণা করা যায় যে করোনা ঋতু পরিবর্তনের সঙ্গে তার পথ পরিবর্তন করবে বা উষ্ণ অঞ্চলে কম মাত্রায় ছড়াবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনার বিষয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের এক অপ্রকাশিত গবেষণায় দেখা যাচ্ছে, অপেক্ষাকৃত বেশি ঠান্ডার সময় মৃত্যুর হার বেশি হয়েছে। এটা অবশ্য কম্পিউটার মডেলিংয়ের ওপর ভিত্তি করে করা হয়েছে।

তবে উল্টো চিত্রও দেখা গেছে, সিঙ্গাপুরের মতো উষ্ণ-আবহাওয়ার জায়গায়ও মারাত্মক প্রমাণিত হয়েছে করোনাভাইরাস এবং পরিবেশগত কারণগুলোর প্রভাব সম্পর্কে বিস্তৃত প্রশ্ন উত্থাপন করেছে। ফলে ট্রাম্প সরকারের এই গবেষণা কতটা নির্ভরযোগ্য সেটা বলার সময় এখনো আসেনি।

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনুসন্ধানগুলো সতর্কতার সাথে ব্যাখ্যা করা উচিত, তবে এর আগেও যে পরামর্শ দেওয়া হয়েছিল যে গ্রীষ্মে করোনভাইরাসটি কমতে পারে তার সপক্ষে প্রমাণের দাবি করেছেন তিনি। ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমি একবার উল্লেখ করেছি যে এটি উত্তাপ এবং আলোয় দূরে যায়। তবে এটার সঠিক প্রমাণ দরকার।

যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্য তাদের অর্থনীতির পুনরায় চালু করার এবং একই সঙ্গে মহামারিটির বিস্তার কমিয়ে আনার জন্য ভিন্ন পরিকল্পনা তৈরি করছে। জর্জিয়া এবং দক্ষিণ ক্যারোলিনা এই সপ্তাহে কিছু ব্যবসা-বাণিজ্য পুনরায় চালু করার অনুমতি দিচ্ছে। তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে যে, এই পদক্ষেপের ফলে আরো বেশি লোক মারা যেতে পারে, কারণ কতজন সংক্রমিত হয়েছে তা নির্ধারণ করার পর্যাপ্ত পরীক্ষা নেই।

ট্রাম্পের প্রশাসন বলেছে যে, সংক্রমণের হার দু’সপ্তাহ ধরে অবিচ্ছিন্নভাবে হ্রাস পেয়েছে তার প্রমাণ পাওয়া পর্যন্ত রাজ্যগুলোর অপেক্ষা করা উচিত।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, রাজ্যগুলোর উচিত হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা সুবিধাগুলো পুনরায় চালু করার অনুমতি দেওয়া, কিছু রাজ্যের গভর্নর করোনভাইরাস রোগীদের জন্য হাসপাতাল পরিষ্কার রাখতে অন্য রোগীদের চিকিৎসা বন্ধ করেছিলেন।

ট্রাম্প বলেছিলেন, আমেরিকানদের গ্রীষ্মের প্রথমদিকে সামাজিক দূরত্ব বজায় রাখা দরকার, যদিও কিছু রাজ্যের অগ্রগতির লক্ষণ দেখাচ্ছে।

ট্রাম্প কয়েকটি রাজ্যে সামাজিক-দূরত্বের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভকে উত্সাহিত করেছেন। তবে তিনি খুব দ্রুত বিধিনিষেধ তুলে নেওয়ায় জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পের সমালোচনাও করেছেন। তিনি বলেন, ‘আমি চাই যে জর্জিয়ার লোকেরা নিরাপদ থাকুক এবং আমি এই জিনিসটি আরো ছড়াক সেটা চাই না, তাই আপনি এমন কিছু করার সিদ্ধান্ত নেবেন না যা নির্দেশিকাতে নেই।’

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮ লাখ ৭৪ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪৯ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র- ফ্রেন্স২৪।

ভুলে তথ্য ফাঁস! যুক্তরাষ্ট্রের ওষুধ ‘রেমডেসিভির’ মানব পরীক্ষায় ব্যর্থ

0

যুক্তরাষ্ট্রের তৈরি করোনার পরীক্ষামূলক ওষুধ ‘রেমডেসিভির’গ্রহণকারী রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন বলে দাবি করেছিলেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। করোনা সারাতে বেশ কাজে আসবে রেমডেসিভির, এমন আশাই করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু ধাক্কাটা এল প্রথম পরীক্ষার পরেই। করোনা রোগীদের শরীরে রেমডেসিভির ওষুধের প্রথম ট্রায়াল ব্যর্থ হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টের সূত্র ধরে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, করোনা আক্রান্তদের এই ওষুধ খাইয়ে নাকি বিশেষ কোনও ফল দেখা যায়নি।

রেমডেসিভির ওষুধের নির্মাতা সংস্থা গিলেড সায়েন্স জানিয়েছিল ৫৫০০ রোগীর উপরে এই ওষুধের ক্লিনিকাল ট্রায়াল চলছে। সেই ট্রায়ালের রিপোর্ট সামনে আনেনি সংস্থা। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে এই ওষুধের ব্যর্থতার কথা সামনে চলে আসে। সূত্রের খবর, মানুষের শরীরে এই ওষুধের প্রভাব পর্যবেক্ষণ করছিলেন চীনের বিজ্ঞানীরা। সেখান থেকেই খবর আসে রেমডেসিভির করোনা আক্রান্তদের শরীরে তেমনভাবে কার্যকরী হয়নি। এই ওষুধ খাওয়ানোর পরেও রোগীদের সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যায়নি।

গবেষণার রিপোর্টে বলা হয়েছে, ২৩৭ জন রোগীর উপরে ট্রায়াল করে দেখা হয়েছে এই ওষুধ। ১৫৮ জনকে রেমডেসিভির খাইয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, বাকি ৭৯ জনকে ওষুধ খাওয়ানো হয়নি। দেখা গেছে, রেমডেসিভির যারা খেয়েছিলেন তাদের শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। আবার কয়েকজনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা গেছে।

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য এখন পর্যন্ত কোনও অনুমোদিত ওষুধ নেই। বিশ্বের বিভিন্ন দেশ কার্যকরী ওষুধ নিয়ে গবেষণা করছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথও বেশ কয়েকটি ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এরই একটি হলো রেমডেসিভির ওষুধ। গিলেড সায়েন্সেস-এর তৈরি এ ওষুধটি ইবোলার বিরুদ্ধে পরীক্ষা করা হলেও এতে সফলতা এসেছিলো খুবই কম। তবে বিভিন্ন পশুর শরীরে চালানো বেশ কয়েকটি পরীক্ষায় দেখা গিয়েছে কোভিড-১৯, সার্স ও মার্সসহ করোনাভাইরাস সংক্রান্ত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় এ ওষুধ কার্যকরী। ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, রেমডেসিভির ওষুধটির করোনায় কাজ করার সম্ভাবনা আছে।

২০১০ সালে এই অ্যান্টিভাইরাল ড্রাগ তৈরি করে গিলেড সায়েন্সস। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছিল, রেমডেসিভির নিউক্লিওটাইড অ্যানালগ। সার্স ও মার্স ভাইরাসের সংক্রমণ রুখতে কিছুটা হলেও কাজে এসেছিল এই ড্রাগ। চারজন করোনা আক্রান্ত রোগীর উপর এই ড্রাগের প্রভাব কার্যকরী হয়েছে বলেও দাবি করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। যদিও তখনই এই ওষুধ ব্যবহারে সবুজ সঙ্কেত দিতে পারেনি গিলেড সায়েন্সেস। পরে, নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে একটি গবেষণার রিপোর্টে বিজ্ঞানীরা দাবি করেন, রেমডেসিভির ভাইরাসের বৃদ্ধি ও বিস্তার আটকাতে পারে। ভেন্টিলেটর সাপোর্টে রাখা সঙ্কটাপন্ন রোগীদের উপরেও কাজ করতে পারে এই ড্রাগ।

সূত্র- চ্যানেল নিউজ এশিয়া।

করোনার জেরে ব্রিটেনের মসজিদ চিরদিনের জন্য বন্ধের শঙ্কা

0

করোনাভাইরাসের প্রকোপ শেষ হয়ে যাওয়ার পরেও যুক্তরাজ্যের কিছু মসজিদ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ব্রিটেনের মুসলিম কাউন্সিল বলেছে, যেসব মসজিদ জনগণের অর্থায়নে চলে এবং যেসব মসজিদে মানুষজন উপস্থিত হলে অর্থ সহায়তা করে, করোনাভাইরাসের কারণে সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব মসজিদ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে।

এদিকে রমজান মাস উপলক্ষে সচরাচর অন্য বছরে মসজিদে ব্যাপক মুসল্লির আগমণ ঘটে। করোনাভাইরাসের জেরে এ বছর মসজিদ একেবারে ফাঁকা।

ব্রিটেনের মুসলিম কাউন্সিলের সাধারণ সম্পাদক হারুন খান বলেছেন, মসজিদগুলো বড় ধরনের ধাক্কা পাবে। বেশিরভাগ মসজিদ চলে দাতব্য সংস্থার অর্থায়নে। এর বাইরে মুসল্লি থেকে শুরু করে সাধারণ জনগণের অর্থায়নে মসজিদগুলো পরিচালিত হয়।

তিনি আরো বলেছেন, এ দেশের বেশিরভাগ মসজিদে যেসব ইমাম এবং মুয়াযযিন আছেন, তাদেরকে বেতন দিতে হয়। অন্য কর্মচারীদের বেতনও দেওয়া হয় জনগণের দেওয়া অর্থ থেকে। এ বছর করোনাভাইরাসের জেরে মসজিদে দানের হার তলানিতে নেমেছে। বলা চলে, এটা বড় ধরনের সঙ্কটপূর্ণ মুহূর্ত। এ ধরনের সমস্যা এর আগে আসেনি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রমজান মাস উপলক্ষে মসজিদে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়। অন্য সময়ের তুলনায় নামাজ এবং অন্যান্য ইবাদতও বেড়ে যায়। কিন্তু বর্তমানে শারীরিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে সবাইকে। এছাড়া লকডাউনের প্রভাবে মসজিদে মুসল্লিদের উপস্থিতির ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। যা বহু বছর ধরে চলে আসা রীতি-নীতির ওপর প্রভাব ফেলবে।

যুক্তরাজ্যে দুই হাজারের বেশি মসজিদ আছে। অন্তত ৩০ লাখ মুসলিম এসব মসজিদে নামাজ আদায় করেন। বিশেষ করে রমজান মাসে এসব মসজিদে মুসল্লিদের উপস্থিতি বাড়ে।

ব্রিটেনের মসজিদ কল্যাণ সমিতির প্রধান সেলিম আহমেদ বলেন, এটা বিস্ময়ের হলেও মসজিদে আসাটা আমাদের সম্প্রদায়ের মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু আমরা দেশীয় আইন মেনে চলছি। রমজান মাসে সামাজিকভাবে একটা ভ্রাতৃত্ব তৈরি হয়। এখন সেটা বন্ধ আছে। ভবিষ্যতে সেই দূরত্ব আরো প্রকট আকার ধারণ করতে পারে।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ম্যাট হেনকক বলেন, এই রমজান মাসে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত আছেন, তারাও অন্য বছরের ন্যায় ধর্মীয় নিয়ম মানতে পারবেন না।

তিনি আরো বলেন, বাড়িতে অবস্থানের কারণে ব্রিটেনের সকল মুসলিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি যে, মুসলিমদের জন্য ইফতার, তারাবীহ ও রমজানের গুরুত্ব কতটা। একসঙ্গে মসজিদে নামাজ পড়ার গুরুত্বও জানি। রাতের নামাজ এবং ঈদের ব্যাপারেও জানি; তবে এই অভ্যাসে পরিবর্তন নিয়ে আসার জন্য ধন্যবাদ। আমি সবাইকে রমজান মোবারক বলতে চাই। আপনাদের ত্যাগের জন্য ধন্যবাদ।

সূত্র : স্কাই নিউজ

করোনা মোকাবেলায় বিশ্বকে একসঙ্গে লড়তে হবে : প্রধানমন্ত্রী

0

করোনাভাইরাসের ফলে সৃষ্ট সংকট সমাধানে বিশ্ববাসীকে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব আগে থেকেই জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করছে। এখন করোনাভাইরাস আমাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে। এই অবস্থায় একসঙ্গে লড়তে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের আয়োজনে ‘এনহ্যান্সিং রিজিওন্যাল কো-অপারেশন ইন সাউথ এশিয়া টু কমব্যাট কোভিড-১৯ রিলেটেড ইমপ্যাক্ট অন ইটস ইকোনোমিকস’ শীর্ষক এক ভার্চুয়াল সম্মেলনে গণভবন থেকে যোগ দিয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব সম্ভবত গত এক শ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। সুতরাং সবাই একসঙ্গে সঙ্কটের মোকাবিলা করা দরকার। প্রতিটি সমাজ থেকে সমন্বিত দায়িত্বশীলতা এবং অংশীদারিত্বমূলক মনোভাব প্রয়োজন।

তিনি বলেন, প্রতিটি সমাজকে ‘যৌথভাবে এবং অংশীদারিত্বের ভিত্তিতে’ এ সঙ্কট মোকাবেলায় উদ্যোগী হতে হবে। আর সেজন্য পাঁচ দফা সুপারিশও তিনি বিশ্বের সামনে তুলে ধরেছেন।

শেখ হাসিনা বলেন, বিশ্ব ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করছে। এখন, করোনা ভাইরাস আমাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে। বিশ্বায়নের বর্তমান পর্যায়ে একটি দেশকে পুরো বিশ্ব থেকে আলাদা রাখা সম্ভব নয় এবং এখানে বিচ্ছিন্নতার নীতি আর কাজ করবে না।

তিনি আরো বলেন, আমরা জানি না এই মহামারি কতদিন থাকবে। এটি ইতোমধ্যে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। অর্থনীতি, ব্যবসা ও সমাজের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে; ভয় এবং ট্রমা কাটাতে জনগণকে সহযোগিতা করতে হবে এবং গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে।

করোনাভাইরাস মহামারীর অভিঘাতে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি চারটি কার্যক্রম নিয়ে সরকারের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। এগুলো হলো- সরকারি ব্যয় বৃদ্ধি করা, আর্থিক সহায়তার প্যাকেজ, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা এবং বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা।

কিন্তু বর্তমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্বকে নতুন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে হবে মন্তব্য করে পাঁচ দফা সুপারিশ তিনি সম্মেলনে তুলে ধরেন।

দফাগুলো হলো…

প্রথমত : সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে দারিদ্র্য এবং বৈষম্য দ্রুত বাড়বে। গেলো এক দশকে আমরা আমাদের দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক দারিদ্র্যসীমা থেকে বের করে এনেছিলাম। তাদের অনেকে এখন আবার আগের অবস্থানে ফিরে যেতে পারে। সুতরাং, বিশ্বকে মানবকল্যাণ, বৈষম্য দূরীকরণ, দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা এবং কোভিড-১৯ এর আগের অর্থনৈতিক অবস্থায় ফিরিয়ে নিতে নতুন করে ভাবতে হবে।

দ্বিতীয়ত : আমাদের প্রয়োজন জি-৭, জি-২০ এবং ওইসিডির মতো সংগঠনগুলো হতে দৃঢ় ও পরিকল্পিত বৈশ্বিক নেতৃত্ব। জাতিসংঘ নেতৃত্বাধীন বহুপাক্ষিক ব্যবস্থাকেও এগিয়ে আসা উচিত। আমি অধ্যাপক সোয়াবকে (বিশ্ব অর্থনৈতিক ফোরোমের প্রতিষ্ঠাতা) প্রশংসা করছি। কারণ তিনি সংক্রামক রোগগুলোকে ২০২০ এর বৈশ্বিক ঝুঁকি সম্পর্কিত প্রতিবেদনে অন্যতম মুখ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন। সুতরাং, ফোরাম ও জাতিসংঘের উচিত সরকার এবং বিশ্ব ব্যবসাকে এ বিষয়ে একত্রিত করা এবং নেতৃত্ব দেওয়া।

তৃতীয়ত : আমরা ইতোমধ্যে বিশ্বব্যাপী ব্যবসা, কাজ ও উৎপাদনে পরিবর্তন প্রত্যক্ষ করেছি। কোভিড পরবর্তী সময়ে, নতুন নীতি, স্ট্যান্ডার্ড ও পদ্ধতি দেখবো। ইতোমধ্যে আমরা দেখছি সরবরাহ চেইনে থাকা বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডকে যথাযথ দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। সুতরাং, আমাদের এমন কৌশল ও বাস্তবমুখী সহায়তা ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন বাংলাদেশের মতো দেশগুলো টিকে থাকতে পারে।

চতুর্থত : অভিবাসী কর্মীরা বেকারত্বসহ অত্যন্ত কঠিন পরিস্থিতি পার করছেন। এটি দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছে। সুতরাং, বোঝা ও দায়িত্ব শেয়ার করার মতো আমাদের এমন একটি অর্থপূর্ণ বৈশ্বিক কৌশল ও পরিকল্পনা গ্রহণ করতে হবে।

পঞ্চম : এই মহামারির সময়ে আমরা কার্যকরভাবে বেশকিছু ডিজিটাল প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার করেছি। যেমন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মোবাইল ফোনের মাধ্যমে সংক্রমণ চিহ্নিত করা। ভবিষ্যতের প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন সেক্টরে এই রকম উদ্ভাবনীমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি।

পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে ছাড় দেব না : বাণিজ্যমন্ত্রী

0

দেশে আগের যেকোনো সময়ের তুলনায় নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের মজুদ অনেক বেশি। সরকাররের বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবিও আগের যেকোনো সময়ের তুলনায় বেশী শক্তিশালী। এবার অনেক বেশি পরিমাণ পণ্য নিয়ে সারা দেশে ট্রাক সেল করছে। এ ছাড়া বাজার নজরদারিতে সরকারের সব প্রতিষ্ঠান একযোগে বাজার করছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এবং বর্তমান কভিড-১৯ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ, রসুন ও আদাসহ সকল পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। এ মজুদের পরিমাণ চাহিদার তুলনায় বেশি। কোনো পণ্যের ঘাটতি হবার সম্ভাবনা বা কারণ নেই। কৃত্রিম উপায়ে কোনো পণ্যের সংকট সৃষ্টির চেষ্টা করা হলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

টিপু মুনশি বলেন, পবিত্র রমজান মাসের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ আগে থেকেই বাড়ানো হয়েছে। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দেশের চাহিদার তুলনার বেশী উৎপাদন করেছে। আমদানি পণ্য অনেক আগেই পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে সুষ্ঠু পণ্য পরিবহন এবং আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, কোনো পণ্যেরই সংকট নেই। মূল্য বৃদ্ধির সম্ভাবনা বা কারণ নেই। সকল পণ্য সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে গঠিত টাস্কফোর্স এবং বিভিন্ন কমিটিকে আরো তৎপর হয়ে কাজ করতে হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

রমজান উপলক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তুতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এমন কি ইউনিয়ন পর্যায়ে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা ও খেজুর সাশ্রয়ী মূল্যে ট্রাক সেলের মাধ্যমে বিক্রয় করছে। গত কয়েক বছরের তুলনায় টিসিবি এবার বেশি পরিমাণে পণ্য বিক্রয় করছে। প্রায় তিন হাজার ডিলার ট্রাকসেল করছে। ইতিমধ্যে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কিছু অনিয়ম ধরা পড়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নিয়েছে।

বাজার মনিটরিংয়ে সারা দেশে ৯০টি টিম নিয়মিত বাজার নজরদারি করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির কার্যক্রম মনিটরিং করার জন্য ঢাকাতে ৮টি এবং ৬৪ জেলায় জেলা প্রশাসকে মাধ্যমে স্থানীয়ভাবে মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সরকার অভিযান জোরদার করেছে।

করোনায় মারা গেলে সরকারি চাকুরেরা পাবেন ৫০ লাখ টাকা

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো সরকারি কর্মকর্তা মৃত্যুবরণ করলে ২৫-৫০ লাখ টাকা পাবেন। আর করোনা আক্রান্ত হলে পাবেন ৫-১০ লাখ টাকা। মাঠ পর্যায়ে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ যে কেউ সরকারি নির্দেশনা পালন করতে গিয়ে করোনা আক্রান্ত বা মৃত্যুবরণ করলে গ্রেড ভেদে এ টাকা পাবেন।

এপ্রিলের ১ তারিখ থেকে কার্যকর ধরে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের কেউ দায়িত্ব পালনকালে করোনায় মৃত্যুবরণ করে থাকলে তিনিও একই সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুবরণের জন্য ক্ষতিপূরণ বাবদ ব্যয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘করোনা (কভিড-১৯) সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ক্ষতিপূরণ’ সংক্রান্ত বরাদ্দকৃত খাত থেকে দেওয়া হবে। অর্থবিভাগ ক্ষতিপূরণের আবেদন প্রাপ্তির পর ক্ষতিপূরণের অর্থ প্রদানের সরকারি আদেশ জারি করবে। এ ক্ষতিপূরণ বর্তমান প্রচলিত অন্য যেকোনো প্রজ্ঞাপন/আদেশে বর্ণিত কর্মকালীন মৃত্যুবরণের ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা বা অনুদানের অতিরিক্ত হিসেবে দেওয়া হবে।

কোন গ্রেডে কত ক্ষতিপূরণ :

গ্রেডভেদে ক্ষতিপূরণ উল্লেখ করে এতে বলা হয়েছে, ১ম-৯ম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা। মারা গেলে পাবেন ৫০ লাখ টাকা। ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন সাড়ে ৭ লাখ টাকা। মারা গেলে পাবেন সাড়ে ৩৭ লাখ টাকা। ১৫-২০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাঁচ লাখ আর মারা গেলে ক্ষতিপূরণ পাবেন ২৫ লাখ টাকা। ২০১৫ এর বেতনস্কেল অনুযায়ী এ ক্ষতিপূরণ দেওয়া হবে।

ক্ষতিপূরণ পাওয়ায় কারা যোগ্য :

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এ সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এরা দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ সরাসরি আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধন্ত নেয়া হয়েছে।

ক্ষতিপূরণ পেতে মানতে হবে কয়েকটি ধাপ :

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তবে ক্ষতিপূরণ প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। বলা হয়েছে, করোনা ভাইরাস পজেটিভের ক্ষেত্রে করোনাভাইরাস পজেটিভের প্রমাণিক বা মেডিক্যাল রিপোর্টসহ স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপরে কাছে নির্দিষ্ট ফরমে ক্ষতিপূরণের দাবিনামা পেশ করবে। আর মৃত্যুবরণ করলে নির্দিষ্ট ফরমে মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীর স্ত্রী/স্বামী/ সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে বাবা/মা ক্ষতিপূরণের দাবি সংবলিত আবেদন নিয়ন্ত্রণকারী কর্তৃপরে কাছে পেশ করবে।

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আবেদনপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে অর্থ বিভাগে প্রস্তাব পাঠাবে।

দেশে ফিরে গেলেন আরো ১৭৭ ব্রিটিশ নাগরিক

0

করোনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেলেন ১৭৭ ব্রিটিশ নাগরিক। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ২৫ মিনিটে তাদের নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

কভিড ১৯ মহামরীর মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা নিজ দেশের ভাড়া করা বিভিন্ন এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে ফিরছেন। এ ছাড়া নিজেদের দেশের বিশেষ এয়ারক্রাফটে ঢাকা ছাড়েন ১৫৪ জন তুর্কি নাগরিক। গেল সপ্তাহে ১২৩ জন জার্মান নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে রওনা হন।

তার কয়েকদিন আগে ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন। জাপান দূতাবাসের চার্টার করা ফ্লাইটে দেশে ফেরেন দেশটির ৩২৫ জন নাগরিকও। আর দুই দফায় ৫৯১ জন মার্কিন নাগরিকও ছেড়েছেন ঢাকা। এ ছাড়া সপ্তানখানেক আগে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজে সে দেশের ২২৫ জন ও ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের ১৩৯ জন নাগরিক ফিরে যান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।

মসজিদে তারাবিহতে অংশ নিতে পারবেন ১২ মুসল্লি

0

আসন্ন রমজানে দেশের সব মসজিদে তারাবিহর নামাজ চালু থাকবে। তবে করোনা পরিস্থিতির কারণে এতে ইমাম, মুয়াজ্জিন, দুইজন হাফেজসহ সর্বমোট ১২ জন মুসল্লি অংশ নেবেন। এছাড়া ইফতার মাহফিলের নামে কোনো অনুষ্ঠান করা যাবে না।

বৃহস্পতিবার বিকালে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ শুক্রবার একটি সার্কুলার জারি করা হবে বলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সীমিত আকারে দেশের মসজিদগুলোতে তারাবিহ চালু থাকবে। প্রত্যেক মুসল্লি ঘর থেকে অজু করে আসবেন। অসুস্থ বা সন্দেহভাজন ব্যক্তিরা মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করবেন। তারাবিহতে সর্বোচ্চ ১২ জন মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।

একই বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এক বার্তায় জানান, করোনা সংক্রমণ পরিস্থিতিতে ১০ জন মুসল্লি ও দুইজন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদ সমুহে এশা ও তারাবিহর নামাজ আদায়ের সুযোগ থাকবে। এর সাথে ইতোপুর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারিকৃত মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবেনা। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ শুক্রবার একটি সার্কুলার জারি করবে।

সূত্র মতে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দেশের মসজিদগুলোকে মুসল্লি সংখ্যা সীমিত করা হয়। মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সমন্বয়ে পাঁচ ওয়াক্তের জামাতে সর্বোচ্চ পাঁচজন করে এবং জুমার জামাতে ১০ জন করে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়।

এর আগে মঙ্গলবার এক বিবৃবিতে ১৪টি শর্তে সুস্থদের জন্য মসজিদ উন্মুক্ত করে দেওয়ার দাবি জানায় কওমি মাদরাসার শীর্ষ সংস্থা আল হাইয়াতুল উলইয়া। বুধবার ওই সংস্থাটির প্রতিনিধিদলের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বৈঠক করেন। বৈঠক থেকে আলেমদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ফোনে মতবিনিময় করেন। সেই আলোচনায় মক্কা-মদিনায় মসজিদুল হারামাইনের আদলে রমজানে তারাবিসহ অন্যান্য নামাজের জামাতের অনুমতি দেয়ার বিষয়ে অনুরোধ জানান আলেমরা।

মসজিদে তারাবিহতে অংশ নিতে পারবেন ১২ মুসল্লি

0

আসন্ন রমজানে দেশের সব মসজিদে তারাবিহর নামাজ চালু থাকবে। তবে করোনা পরিস্থিতির কারণে এতে ইমাম, মুয়াজ্জিন, দুইজন হাফেজসহ সর্বমোট ১২ জন মুসল্লি অংশ নেবেন। এছাড়া ইফতার মাহফিলের নামে কোনো অনুষ্ঠান করা যাবে না।

বৃহস্পতিবার বিকালে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ শুক্রবার একটি সার্কুলার জারি করা হবে বলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সীমিত আকারে দেশের মসজিদগুলোতে তারাবিহ চালু থাকবে। প্রত্যেক মুসল্লি ঘর থেকে অজু করে আসবেন। অসুস্থ বা সন্দেহভাজন ব্যক্তিরা মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করবেন। তারাবিহতে সর্বোচ্চ ১২ জন মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।

একই বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এক বার্তায় জানান, করোনা সংক্রমণ পরিস্থিতিতে ১০ জন মুসল্লি ও দুইজন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদ সমুহে এশা ও তারাবিহর নামাজ আদায়ের সুযোগ থাকবে। এর সাথে ইতোপুর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারিকৃত মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবেনা। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ শুক্রবার একটি সার্কুলার জারি করবে।

সূত্র মতে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দেশের মসজিদগুলোকে মুসল্লি সংখ্যা সীমিত করা হয়। মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সমন্বয়ে পাঁচ ওয়াক্তের জামাতে সর্বোচ্চ পাঁচজন করে এবং জুমার জামাতে ১০ জন করে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়।

এর আগে মঙ্গলবার এক বিবৃবিতে ১৪টি শর্তে সুস্থদের জন্য মসজিদ উন্মুক্ত করে দেওয়ার দাবি জানায় কওমি মাদরাসার শীর্ষ সংস্থা আল হাইয়াতুল উলইয়া। বুধবার ওই সংস্থাটির প্রতিনিধিদলের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বৈঠক করেন। বৈঠক থেকে আলেমদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ফোনে মতবিনিময় করেন। সেই আলোচনায় মক্কা-মদিনায় মসজিদুল হারামাইনের আদলে রমজানে তারাবিসহ অন্যান্য নামাজের জামাতের অনুমতি দেয়ার বিষয়ে অনুরোধ জানান আলেমরা।

সরকারের যথাযথ উদ্যোগে একজন মানুষও না খেয়ে মরেনি

0

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোতে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মরেনি। এটাকে সরকারের সফলতা বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজে করোনাভাইরাসের সংক্রমণজনিত উদ্ভুত পরিস্থিতিতে সার্বিক কার্যক্রম সমন্বয় ও করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মোস্তফা কামাল উদ্দিন সভাপতিত্ব করেন।

সভায় মন্ত্রী, উপমন্ত্রী, জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ বৈঠকের পর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ড. হাছান মাহমুদ।

সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জ্যেষ্ঠ রাজনীবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা দীর্ঘ বৈঠক করে চট্টগ্রামে করোনা পরিস্থিতি সামাল দিতে একাধিক সিদ্ধান্ত নেন। তবে এসব সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বৈঠকের পর ড. হাছান মাহমুদ বলেন, করোনা সংকট মোকাবেলায় সরকারের কার্যকর উদ্যোগের কারণে বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। আমি মনে করি, এটাই সরকারের সফলতা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের কাছে ১৭ লাখ টন খাদ্য মজুদ ছিল। করোনা সংকট মোকাবেলায় এরই মধ্যে এক লাখ টন খাদ্য বিতরণ করা হয়েছে। আরো ছয় লাখ টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার গত কয়েক বছর ধরে ৫০ লাখ পরবারকে মাসে ৩০ কেজি করে চাল প্রতি কেজি ১০ টাকা হারে বছরের সাত মাস বিতরণ করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী আরো ৫০ লাখ পরিবারকে এর আওতায় আনার ঘোষণা দিয়েছেন। এর মাধ্য দেশের পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন। এর বাইরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা ধরনের ভাতা এবং ১৪৪টি কর্মসূচির মাধ্যমে আরো এক কোটি মানুষ সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে আছেন। অর্থাৎ প্রায় ছয় কোটি মানুষ- দেশের এক তৃতীয়াংশের বেশি মানুষ সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে আছে। এটি বিরল।

চট্টগ্রামের করোনা পরিস্থিতি সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনা পরিস্থিতি ঢাকা অঞ্চলের চেয়ে অনেক ভালো আছে। এই পরিস্থিতি রক্ষা করে যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত সুস্থ করে তুলতে পারি-সেই বিষয়ে সভায় আলোচনা হয়েছে। কিভাবে করোনা রোগীদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া যায়, ভবিষ্যতে রোগী আরো বাড়লে কিভাবে চিকিৎসা দেওয়া হবে, যারা ভালো আছেন তাদের কিভাবে সুরক্ষা দেওয়া যাবে এবং জীবন ও জীবিকা রক্ষাসহ সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।